"আমাকে তো আপনি বিয়ের শুরু থেকেই সহ্য করতে পারেন না। ভালোবাসেনও না আমাকে। তাই আমি আর এই নামের সম্পর্কে থাকতে পারছি না। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন।"
কথাগুলো বেশ শান্ত এবং দৃঢ় কণ্ঠে বলে নৌশি।হাসপাতালে একজন পেশেন্টের গুরুত্বপূর্ণ হার্ট সার্জারি ফেলে নৌশির জরুরি তলবে বাড়িতে ছুটে এসেছে রুদ্রিক। অথচ বাসায় ফিরে নৌশির মুখে এমন কথা শুনে মুহুর্তেই রুদ্রিকের মেজাজ মুহূর্তেই বিগড়ে যায়। সামনেই নৌশি দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। হাতে আবার একটা লাগেজ! লাগেজটা দেখেই রুদ্রিকের রাগ দ্বিগুণ বেড়ে যায়। মেয়েটার সাহস এত বেড়ে গেছে? ইদানীং কিছু বলে না বলে কি সাহসের মাউন্ট এভারেস্ট ছুঁয়ে ফেলেছে?
রুদ্রিক নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। এক পা এগিয়ে নৌশির বাহু শক্ত করে চেপে ধরে টান দিয়ে নৌশিকে কাছে এনে দাঁতে দাঁত পিষে বলে,
— তোমার এই কথা শোনার জন্য আমি জরুরি কাজ ফেলে এসেছি?
নৌশি রুদ্রিকের চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলে,
— এটাও জরুরি! আপনার জন্য না হোক,আমার জন্য অনেক জরুরি! এভাবে আমি পুরোটা জীবন কাটাতে পারবো না।
রুদ্রিকের চোয়াল শক্ত হয়ে আসে।
— আমি কি তোমার কাছে একবারো জানতে চেয়েছি তুমি থাকবে কি না? তোমাকে থাকতে হবে। আমি যেভাবে রাখবো, সেভাবেই থাকবে। তোমার মর্জি দেখার সময় আমার নেই।
— দেখতে হবে আমার মর্জি! আমি সারাটা জীবন ভালোবাসা ছাড়া একটা অমানুষের সাথে সংসার করবো না! যার আমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা নেই তার সাথে সংসার করে যাওয়ার ইচ্ছাও নেই। তাছাড়া আপনার তো আমার প্রতি মায়াও নেই। তো সারাজীবন কওভাবে থাকবো আমি আপনার সাথে?!
— তুমি থাকতে বাধ্য। প্রতিবারের মতো কতবার বলতে হবে? তোমাকে আমি ভালোবেসে আনিনি, আনিনি, আনিনি!
নৌশিও দমে না। একই দৃঢ়তা নিয়ে বলে,
— আমি বাধ্য না। আপনি থাকুন আপনার বাধ্যতা নিয়ে। আমি গেলাম আমার ফ্যামিলির কাছে ফিরে। ফ্যামিলি ছেড়ে ভালোবাসাহীন সম্পর্কে থাকার কোনো মানে নেই।
রুদ্রিক এবার রাগে গর্জে উঠে,
— কোথায় যাবে তুমি? ঠ্যাং ভাঙবো আমি তোমার, নৌশি!
বলতে বলতেই ফট করে চোখ খুলে উঠে বসে রুদ্রিক।কিন্তু সামনে কেউ নেই! রুদ্রিক দ্রুত এদিকসেদিক তাকায়। তারপর পুরো রুমে একবার চোখ বুলিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। পাশে নৌশি হাতপা ছড়িয়ে দিব্যি ঘুমাচ্ছে। রুদ্রিকের চিৎকারে নৌশির ঘুমে সামান্য ব্যাঘাত ঘটলেও নৌশি চোখ না খুলেই বিরক্ত স্বরে বিড়বিড় করে বলে,
— এখন আবার কি করেছি? ঘুমালেও শান্তি দেয় না অস্ট্রেলিয়ান গাইটাহহহ্!
রুদ্রিক বলদের মতো কিছুক্ষণ পুরো রুমের দিকে তাকিয়ে থাকে। তারপর নিজের দিকে তাকায়। তারমানে এতক্ষণ যা দেখছিলো সবই স্বপ্ন ছিলো! অথচ সবকিছু একদম বাস্তব মনে হচ্ছিল। রুদ্রিক সামনের দেয়ালঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল নয়টা বাজে। ঘাড় এদিকসেদিক করে আড়মোড়া ভেঙে এবার পাশে শুয়ে থাকা নৌশির দিকে তাকায়।
দশটায় কলেজ। অথচ নৌশির এখনো ওঠার নাম নেই! ঘুমানোর ধরনটাও একেবারে যাচ্ছেতাই। মাথা বালিশে রাখার বদলে বিছানার একদম মাঝখানে, হাত দুুইটা দুইদিকে ছড়িয়ে আর পা দুইটা বেরিয়ে আছে বাইরের দিকে। মুখ আবার কম্ফোর্টার দিয়ে ঢাকা অথচ পুরো শরীরে কম্ফোর্টার নেই। স্বভাবে যেমন ভদ্রতার ছিটেফোঁটা নেই, ঘুমের মধ্যেও কোনো শৃঙ্খলা নেই!
রুদ্রিক আস্তে করে নৌশির হাত ঠেলে ডাকে,
— নৌশি, উঠো। নয়টা বাজে।
ঘুমের মধ্যেই রুদ্রিকের কন্ঠ কানে যেতেই নৌশির মেজাজ বিগড়ে যায়। এমনিতেই একটু আগে চিৎকার করে তার ঘুম ভাঙিয়েছে, এখন আবার ডেকে সময় বলছে! নয়টা বাজে তাতে তার কি? সকালের ঘুমে কেউ বিরক্ত করলে নৌশির মেজাজ মাত্রাতিরিক্ত খারাপ হয়। নৌশি চোখ খুলে রুদ্রিকের দিকে চোখ ছোট ছোট করে কুঁচকে তাকিয়ে ফুঁসতে ফুঁসতে রুদ্রিকের বাহুতে একটা ধাক্কা মেরে উল্টে থাকা শরীরটা সোজা করে বালিশে মাথা রেখে আবার শুতে শুতে বিরক্ত গলায় বলে,
— সমস্যা কি আপনার! শয়তান বেডা দুই দুইবার ঘুম ভাঙাইছে! শান্তিতে ঘুমাতে দিতেছে না।
রুদ্রিক হতভম্ব হয়ে যায়। তাকে ধাক্কা মারলো কেন? সে তো ভালোর জন্য কলেজে যেতে ডাক দিয়েছে। রুদ্রিক কয়েক সেকেন্ড নৌশির দিকে তাকিয়ে থেকে ভাবে ঘুমের মধ্যে মানুষের হুঁশজ্ঞান থাকে না তাই হয়তো এমন করেছে। যদিও অন্য সময় হলে রুদ্রিকের নৌশিকে দুইটা থাপ্পড় দিতে ইচ্ছা করতো কিন্তু আপাতত এমন কোনো ইচ্ছা হয় না।
রুদ্রিক ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে,
— কলেজ যাবে না তুমি?
নৌশি ঘুমের ঘোরেই উত্তর দেয়,
— না।
— কেন?
— ঘুমাবো আমি।
রুদ্রিক আর কিছু বলে না। আজ রুদ্রিকের অফ ডে।সপ্তাহের একদিন সোমবার, যেদিন তার ডিউটি থাকে না। তাই রুদ্রিকও আর কথা না বাড়িয়ে আবার ঘুমানোর জন্য শুয়ে পড়ে। রুদ্রিক পাশ ফিরে শুয়েছে মাত্র তখনি নৌশির ফোন বেজে ওঠে। রুদ্রিক ফিরে তাকায় নৌশির দিকে। নৌশির কোনো হেলদোল নেই। ফোন বেজেই চলেছে, অথচ মেয়েটা দিব্যি ঘুমাচ্ছে। রুদ্রিকের বিরক্তি ধরে যায় কলের শব্দে। তাই বিরক্তি নিয়ে বলে,
— এই, তোমার কি কানে সমস্যা? তোমার কল আসছে, শুনতে পাও না?
রুদ্রিকের ডাকে ঘুমের ব্যাঘাত ঘটতেই নৌশির কানে ফোনের রিংটোনটা পৌঁছায়। চোখ সামান্য খুলে ফোনটা হাতে নেয়। তারপর কানে লাগিয়ে চোখ বন্ধ রেখেই ঘুমজড়ানো কন্ঠে বলে,
— হ্যালো?
ওপাশ থেকে সাবা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে,
— তুই এখনো ঘুমিয়ে আছিস?
— হ্যাঁ।
— আজ কলেজ আসবি না?
— না।
— মানে কি? তুই কালকে রাতে বলেছিস তুই আসবি তাই তো আমিও কলেজের জন্য রওনা দিয়েছি।
নৌশি ভ্রুক্ষেপ করে না। চোখ বন্ধ রেখেই ঘুম জড়ানো কন্ঠে বলে,
— আমার বাসায় চলে আয়।
— না। তুই কলেজে আয়। ঘুম থেকে উঠ তাড়াতাড়ি।
নৌশি চোখমুখ কুঁচকে বলে,
— না। আজকে ভালো লাগছে না।
ওপাশ থেকে সাবা আবার বলে,
— আজকে কলেজে ক্লাস টেস্ট আছে। আলভী স্যার নিবে। যে পরীক্ষা দিবে না তার গার্ডিয়ান ডাকাবে।
সাবার কথা শুনে নৌশি নির্বিকার কণ্ঠে বলে,
— ডাকলে ডাকুক!
সাবা বুঝতে পারে নৌশিকে কারোর ভয় দেখিয়েই আনা যাবে না। তাই এবার সাবা মন খারাপ করে বলে,
— প্লিজ দোস্ত! জাস্ট প্রথম ক্লাসে এক্সাম দিয়ে তারপর কলেজ বাঙ্ক দিয়ে দিবো। কিন্তু আজকে আয়। প্লিজ!
এবার আর নৌশি মানা করতে পারে না। কিন্তু নিজের শখের ঘুম বিসর্জন দিতে হবে ভেবেই নৌশির কান্না আসে। চোখ বন্ধ রেখেই মুখটা কাঁদো কাঁদো করে বিরক্তি নিয়ে বলে,
— আচ্ছা।
বলেই কল কেটে দেয়। তার মনকে শত বুঝিয়ে ঘুম থেকে উঠার সিদ্ধান্ত নেয়। চোখ খুলে। প্রথমে সবকিছু ঝাপসা দেখলেও কয়েক সেকেন্ডেই দৃষ্টি পরিষ্কার হয়। পাশে তাকিয়ে দেখে, রুদ্রিক আবার শুয়ে পড়েছে। নৌশি রুদ্রিকের পিঠে ঠেলে ডাকে,
— এই? উঠুন। কলেজে দিয়ে আসুন আমাকে।
রুদ্রিক উল্টো দিকে ফিরে শুয়ে ছিল। নৌশির কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়।
— বললে না যাবে না?
নৌশি উঠে বসে বলে,
— এখন যাবো।
রুদ্রিক খোঁচা মেরে বলে,
— কলেজে গিয়ে কি হবে? ক্লাস তো করো না। চুরামি করে চলে আসো।
নৌশি বিরক্ত হয়ে বলে,
— আমার পড়ালেখা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না।
রুদ্রিক এবার উঠে বসে। শরীর থেকে কম্ফোর্টার সরিয়ে বিছানা থেকে নামতে নামতে বলে,
— জাস্ট ফেইল করে দেখো, গ্রামে খামারির সাথে বিয়ে দিয়ে দিবো। তারপর সারাদিন গোবর পরিষ্কার করবে!
নৌশি ভ্রু তুলে প্রশ্ন করে,
— আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন?
রুদ্রিক ঘুরে তাকিয়ে দাঁত চেপে বলে,
— থাপ্পড় মেরে গাল লাল করবো!
নৌশি ঠোঁটের কোনে শয়তানি হাসি ফুটিয়ে বলে,
— তাহলে আপনি থেকেই আরেক বিয়ে করাবেন? আমার আপত্তি নেই। শুধু সুন্দর দেখে করায়েন।
রুদ্রিক দাঁত কিড়মিড় করে বলে,
— তোমার সাথে কথা বললে আমার রক্ত টগবগ করে!
নৌশি মুখ বাঁকিয়ে বলে,
— তো কথা তো আপনিই বাড়াচ্ছেন! আপনাকে বলেছি কলেজে দিয়ে আসতে, আপনি এত আজাইরা কথা বলছেন কেন?
রুদ্রিক একবার ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে তারপর বলে,
— তাড়াতাড়ি রেডি হও। সাড়ে নয়টা অলরেডি বাজছে!
বলেই রুদ্রিক ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। নৌশি ফট করে ঘড়ির দিকে তাকায়। সত্যিই তো, সাড়ে নয়টা বাজতে আর বেশি দেরি নেই অলরেডি ৯টা ১৭ মিনিট বাজে। ব্যাস! মুহূর্তেই নৌশির ঘুমের সমস্ত অলসতা উধাও। লাফ দিয়ে বিছানা থেকে নামে। এদিকে রুদ্রিক ওয়াশরুমে ঢুকতে যাচ্ছিল কিন্তু তার আগেই নৌশি পেছন থেকে ধাক্কা দিয়ে রুদ্রিককে সরিয়ে নিজে এক ছুটে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আকস্মিক ধাক্কায় রুদ্রিক পড়ে যেতে নিচ্ছিলো।
কোনোমতে নিজেকে সামলে পেছনে তাকিয়ে দেখে, এই কান্ডের হোতা প্রতিবারের মতো কুকামের মাস্টার নৌশি! রাগ করতে গিয়েও আর করে না রুদ্রিক। এই মেয়ের এসব প্রতিদিনের কাজ। রুদ্রিক এসে আবার বিছানায় বসে অপেক্ষা করতে থাকে নৌশির বের হওয়ার। মিনিট পাঁচেক পর নৌশি ওয়াশরুম থেকে বের হতেই রুদ্রিক ভেতরে ঢুকে যায়। নৌশি তড়িঘড়ি করে কলেজের ড্রেস বের করে পরতে শুরু করে। জামা বদলে পায়জামা পরতে যাবে তখনি ওয়াশরুমের দরজা খোলার শব্দ পায়। শব্দটা কানে যেতেই নৌশির আত্মা শুকিয়ে যায়। জোরে চিৎকার করে উঠে,
— এই! এখন একদম বের হবেন না!
নৌশির এমন চিৎকারে রুদ্রিক ভয় পেয়ে যায়। কি হয়েছে বুঝে ওঠার আগেই আবার দরজা বন্ধ করে দেয়। এদিকে নৌশি দ্রুত পায়জামা পরে নিয়ে বলে,
— এবার বের হন।
রুদ্রিক ওয়াশরুম থেকে বের হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে,
— এভাবে চেঁচালে কেন?
নৌশি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলে,
— কলেজ ড্রেস পরছিলাম।
রুদ্রিক এই বিষয় নিয়ে আর কিছু বলে না। নৌশি চুল আঁচড়াতে আঁচড়াতেই রুদ্রিককে তাড়া দেয়,
— তাড়াতাড়ি কাপড় পাল্টান। দেরি হয়ে যাচ্ছে।
রুদ্রিক স্বাভাবিক কন্ঠে বলে,
— আমি রেডিই। চলো তুমি।
নৌশি এবার রুদ্রিকের দিকে ভালো করে তাকায়। পরনে কালো টি-শার্ট আর সাদা ট্রাউজার। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে,
— এভাবেই যাবেন?
— হ্যাঁ। জাস্ট তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসবো।
— হাসপাতালে যাবেন না?
— আজ সোমবার।
রুদ্রিকের কথায় নৌশির মনে পড়ে, সোমবার তো রুদ্রিকের অফ ডে। তাই আর কিছু বলে না। দ্রুত চুল আঁচড়ে নেয় নৌশি। রুদ্রিক সোফা থেকে কলেজ ব্যাগটা কাঁধে তুলে নিয়ে নৌশিকে সাথে করে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নৌশি সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নিচে নামে। নিচে নেমে রুদ্রিককে ডাইনিং রুমের দিকে যেতে দেখে পেছন থেকে জিজ্ঞেস করে,
— ওদিকে কই যাচ্ছেন?
রুদ্রিক থেমে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করে,
— ব্রেকফাস্ট করবে না?
— দেরি হয়ে গেছে। খাবো না। একটু পরে এসেই তো পড়বো।
— দাঁড়াও এখানে।
বলেই রুদ্রিক ডাইনিংয়ের দিকে চলে যায়। কিন্তু নৌশি তো আর কারোর কথা শুনে এক জায়গায় দাঁড়িয়ে থাকার মেয়ে না। রুদ্রিক কি করতে গিয়েছে তা দেখার জন্য সেও পেছন পেছন যায়। ডাইনিংয়ে গিয়ে রুদ্রিক দুইটা ব্রেড নেয়। সেগুলোতে পিনাট বাটার লাগিয়ে টিস্যু দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেয়। তারপর ঘুরে দাঁড়াতেই দেখে, দরজার কাছেই নৌশি দাঁড়িয়ে আছে। রুদ্রিক এগিয়ে এসে টিস্যুতে মোড়ানো ব্রেড দুইটা নৌশির হাতে দিয়ে বলে,
— চলো।
তারপর নৌশি রুদ্রিকের পেছন পেছন হাঁটতে থাকে।বাইরে এসে নৌশি দাঁড়িয়ে থাকে। রুদ্রিক গাড়ি বের করতে গেছে। কিছুক্ষণের মধ্যেই রুদ্রিকের গাড়ি এসে নৌশির সামনে থামে। রুদ্রিক ভেতরে বসেই নৌশির দিকটার দরজা খুলে দেয়। নৌশি উঠে বসতেই রুদ্রিক গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলতে শুরু করলে নৌশি একটা ব্রেডের টিস্যুর মোড়ক খুলে ব্রেডে কামড় দেয়। মুখের খাবার চিবোতে চিবোতেই একবার রুদ্রিকের দিকে তাকায়। তারপর নিজের হাতে থাকা ব্রেডটা রুদ্রিকের দিকে বাড়িয়ে দিয়ে বলে,
— আপনিও তো খেয়ে আসেননি। নিন, খান।
রুদ্রিক একবার নৌশির বাড়িয়ে দেওয়া ব্রেডটার দিকে তাকায়। তারপর চোখ তুলে নৌশির দিকে তাকায়। পরক্ষণেই দৃষ্টি ফিরিয়ে সামনের রাস্তায় তাকিয়ে বলে,
— উঁহু, খাবো না। তুমি খাও।
নৌশি হাত ফিরিয়ে নেয়। তারপর বাম হাতে টিস্যুতে মোড়ানো অন্য ব্রেডটা রুদ্রিকের দিকে এগিয়ে দিয়ে বলে,
— নিন, এটা খান। আমি কামড় দিইনি এটাতে।
রুদ্রিকের স্টিয়ারিংয়ে থাকা হাতটা হঠাৎ থেমে যায়। রুদ্রিক দৃষ্টি ঘুরিয়ে নৌশির দিকে তাকায়। নৌশি একদম শান্তভাবে বাম হাত বাড়িয়ে ব্রেডটা ধরে রেখেছে রুদ্রিকের দিকে। রুদ্রিক কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে তারপর শান্ত গলায় নৌশির ডান হাতে থাকা অর্থাৎ নৌশির বাইট দেওয়া ব্রেডটার দিকে ইশারা করে বলে,
— ওটা দাও।
নৌশি সাথে সাথে বাম হাতের ব্রেডটা সরিয়ে ডান হাতের ব্রেডটা এগিয়ে দেয়। রুদ্রিক সামান্য ঝুঁকে নৌশির বাইট দেওয়া জায়গাতেই বাইট বসিয়ে কিছুটা ব্রেড মুখে নিয়ে খেতে থাকে। নৌশিও আবার রুদ্রিকের বাইট দেওয়া জায়গায় বাইট বসিয়ে ব্রেড মুখে নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে চিবোতে চিবোতে বলে,
— ভালো করেছেন আমার বাইট দেওয়া ব্রেডটা খেয়েছেন! নইলে ওই ব্রেডটা খেলে আপনার গলায় আমার হাত কবজি পর্যন্ত ঢুকিয়ে ব্রেডটা বের করতাম। জীবনের বাঁচা বেঁচে গেছেন!
রুদ্রিক কয়েক মুহূর্ত চুপচাপ নৌশির দিকে অত্যন্ত শান্ত মুখে তাকিয়ে থাকে এমন কথা শুনে। এক মুহূর্তের জন্য রুদ্রিকের মনে হয়েছিলো মেয়েটা এমনিতে যতই ফাজিল, শয়তান, বদমাইশ হোক ওর ভেতরে হয়তো একটু হলেও ভালো মানুষি আছে। কিন্তু না, তার সেই ধারণার ওপর এক বালতি ময়লা পানি ঢেলে দিয়েছে নৌশি। মেয়েটা এমন কেন? সবকিছুতেই গুন্ডামি, বদমাইশি। এই মেয়ের কাছ থেকে ভালো কিছু আশা করাটাও তার দোষ।
রুদ্রিক একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় জিজ্ঞেস করে,
— তাহলে দিলে কেন? যদি ওটা খেলে এমনই করবে ভেবে থাকো?
নৌশি ঠোঁট বাঁকিয়ে বলে,
— আমি আপনাকে চেক মারছিলাম, যে আমি ব্রেডে বাইট দিয়েছি বলে আপনি খেতে মানা করছিলেন কি না।
— ঘুম থেকে উঠেই শয়তানি শুরু করে দিছো?
— আমি ঘুম থেকে উঠছি মানে তো আমার ভেতরের শয়তানও জেগে উঠছে, তাই না? ওটা তো আর ঘুমিয়ে থাকবে না!
বলেই জোরে হেসে উঠে নৌশি। রুদ্রিক আবার গাড়ি চালানোর দিকে মনোযোগ দেয়। নৌশি হাসি থামিয়ে ব্রেডটা আবার রুদ্রিকের দিকে বাড়িয়ে বলে,
— নিন, খান।
— না আর খাবো না।
— আরেক কামড় খান। নয়তো পানিতে পড়বেন।
— সমস্যা নেই, আমি সাঁতার জানি।
— আপনার যে ওজন, সাঁতার জানলেও ডুববেন।
— আমার ওয়েট পারফেক্ট আছে।
— আচ্ছা, নিন। বুঝছি। নেন, খান।
— না, খাবো না।
নৌশির এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ফুঁসে উঠে নিজেই ব্রেডে কামড় বসিয়ে বিরক্ত স্বরে বলে,
— আদর করে কিছু সাধলে কুড়কুড়ানি উঠে যায়। আর জীবনেও সাধমু না কিছু খাইতে!
নৌশিকে এমন চটে যেতে দেখে রুদ্রিকের বুকে আনচান করে উঠে। নৌশি তার উপর রাগ করে থাকলে তার বুকের শান্তি মিলিয়ে যায়। সে অন্য কিছুতে মনোযোগ দিতে পারে না। এখন যেমন ড্রাইভিংয়ে মনোযোগ দিতে পারছে না।নৌশি সামনে রাস্তার দিকে তাকিয়ে ফুঁসছে। রুদ্রিক একবার ভাবে বলে বসবে, দাও ব্রেড? খাবো আমি? কিন্তু পরক্ষণেই নিজের ইগোর কথা মনে পড়ে। না এমন করলে তার ম্যানস্ ইগো হার্ট হবে। আবার ভাবে, নৌশি তো ভূষণ রেগে গেছে! যতক্ষণ না নৌশির রাগ কমবে ততক্ষণ সে শান্তি পাবে না। এভাবে প্রায় দুই মিনিট নিজের সাথে যুদ্ধ করে শেষমেশ ইগোর বারোটা বাজিয়ে বলে,
— দাও। খাচ্ছি।
নৌশি রাগী চোখে রুদ্রিকের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয়,
— দিবো না। লাগবে না খাওয়া।
রুদ্রিক এবার নরম শান্ত গলায় সাফাই দেওয়ার সুরে বলে,
— আমি সবটা খেয়ে ফেললে তুমি খাবে কি? আমি তো বাসায় গিয়ে খেতে পারবো। তাই খাইনি।
নৌশি কোনো উত্তর দেয় না। রাগে বোম হয়ে বসে থাকে।রুদ্রিক আর কথা না বাড়িয়ে বাম হাত বাড়িয়ে নৌশির ডান হাতটা ধরে ব্রেডটা নিজের দিকে নিয়ে আসে। তারপর তাতে বাইট দিয়ে বলে,
— যার জন্য না খেয়ে রাখলাম, সে-ই রেগে বোম হয়ে গেছে, খেলাম না কেন?
নৌশি সাথে সাথে তেজি কন্ঠে বলে,
— এখন খাচ্ছেন কেন? মানা করেছি না খেতে?
রুদ্রিক নরম স্বরে বলে,
— তুমি রেগে আছো তাই।
— আমি রেগে থাকলে আপনার কি?
রুদ্রিক খুব আস্তে বিড়বিড় করে বলে,
— আমারই তো সব! শুধু বুঝতে দিই না তোমায়।
কিন্তু কথাটা নৌশির কানে পৌঁছায় না। তাই নৌশি আবার জিজ্ঞেস করে,
— কি?
রুদ্রিক দ্রুত কথা পাল্টে বলে,
— কিছু না। এসে গেছি আমরা।
নৌশি সামনের দিকে তাকিয়ে দেখে, সত্যিই কলেজে এসে গেছে। নৌশি গাড়ির দরজা খুলে নামতে যাবে তখনি রুদ্রিক নৌশির হাত ধরে থামিয়ে দেয়। নৌশি অবাক হয়ে তাকাতেই রুদ্রিক বলে,
— আগে খেয়ে নাও।
নৌশি রুদ্রিকের হাতে থাকা ঘরিতে সময় দেখে বলে,
— পাঁচ মিনিট অলরেডি লেইট।
রুদ্রিক শান্ত গলায় বলে,
— দশ মিনিট লেট হোক কিন্তু না খেয়ে যেতে পারবে না।
নৌশি আস্তে করে বলে,
— স্যার বকবে!
রুদ্রিক জোর গলায় বলে,
— এমন সাহস কারোর নেই। তারপরও যে বকবে, তার নাম বলবে। আমি দেখে নিবো।
নৌশি ঠোঁট চেপে হাসি আটকে দুষ্টুমি করে বলে,
— বেল্ট দিয়ে মারবেন?
রুদ্রিক গম্ভীর মুখে বলে,
— জানে মারব!
— কেন?
— বকবে কেন তোমাকে?
— বকেন তো আপনিও!
রুদ্রিক থেমে ধীর কন্ঠে প্রশ্ন করে,
— আমি আর অন্য কেউ কি সেম?
নৌশি মুচকি হেসে বলে,
— তার মানে আপনি নিজ জবানে স্বীকারোক্তি দিচ্ছেন, আপনি অন্যদের মতো না? স্পেশাল?
রুদ্রিক সামান্য ঝুঁকে নৌশির চোখে চোখ রেখে বলে,
— আমার স্বীকারোক্তিতে কি প্রমাণ হয় আমি স্পেশাল কি না! যার জন্য স্পেশাল তার স্বীকারোক্তিই তো আসল!
নৌশি রুদ্রিকের চোখে চোখ রেখে মুগ্ধ কন্ঠে বলে,
— এই জবানে স্বীকারোক্তি দিলে?
— হুমমম?
কয়েক মুহূর্ত স্থির হয়ে নৌশির চোখের দিকে তাকিয়ে থাকে রুদ্রিক। রুদ্রিকের চোখে অদ্ভুত এক কোমলতা। চারপাশের সবকিছু ভুলে সে হারিয়ে গেছে কোনো এক অনুভূতির অতলে। কিন্তু হঠাৎই নিজের হুঁশ ফিরে পায় রুদ্রিক। কি করছে সে? অনুভূতির স্রোতে ভেসে গিয়ে কতটা এগিয়ে যাচ্ছে! না, নিজেকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সামনের মানুষটা যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে তার আর রক্ষা নেই। প্রবাদ আছে না, তরমুজ ছুরির ওপর পড়ুক কিংবা ছুরি তরমুজের ওপর, ক্ষতি তরমুজেরই হয়। রুদ্রিকের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমনি। তাই দ্রুত নিজেকে সামলে নিয়ে আবার নিজের সিটে সোজা হয়ে বসে রুদ্রিক। তারপর সমস্ত অনুভূতি আড়াল করে সংক্ষিপ্ত করে বলে,
— খাও।
বলেই রুদ্রিক পেছনের সিট থেকে মিনারেল ওয়াটারের একটা বোতল নিয়ে এনে নৌশির সামনে রাখে। নৌশির মনটা মুহূর্তে ফুরফুরে হয়ে উঠে। কয়েক সেকেন্ড আগের সেই সুন্দর মুহূর্তটার ভালোলাগা এখনো মনের আনাচেকানাচে মিশে আছে। রুদ্রিকের সাথে ছোট ছোট দুষ্টুমি, চোখে চোখ রেখে তাকিয়ে থাকা আর মাঝেমধ্যে অনুভূতির অজান্তেই ভেসে আসা আবেগমাখা মুহূর্তগুলো নৌশির ভীষণ প্রিয়। ঠোঁটজুড়ে প্রশস্ত হাসি ফুটিয়ে নৌশি খেতে থাকে।
খাওয়া শেষ করে পানির বোতল খুলতে যাবে তখনি রুদ্রিক নৌশির হাত থেকে বোতলটা নিয়ে ঢাকনাটা মোচড় দিয়ে খুলে দেয়। নৌশি কোনো কথা না বলে বোতলে ঠোঁট লাগিয়ে পানিটুকু খায়। পানি খাওয়া শেষে ঢাকনা লাগিয়ে বোতলটা ব্যাগে ঢোকাতে নিতেই রুদ্রিক হাত বাড়িয়ে বোতলটা নিয়ে বলে,
— এটা নিতে হবে না।
নৌশি অবাক হয়ে জিজ্ঞেস করে,
— ক্লাসে পানি পিপাসা লাগলে?
রুদ্রিক পেছন থেকে আরেকটা বোতল বের করে। সেটার ঢাকনাও মোচড় দিয়ে একবার খুলে আবার লাগিয়ে নৌশির দিকে বাড়িয়ে দিয়ে বলে,
— ওটাতে অল্প পানি। এটা নাও।
— এত পানি লাগবে না। কিছুক্ষণের ক্লাস। অল্প পানি হলেই হবে।
— থাকুক না ওটা।
রুদ্রিকের কথায় নৌশি আর আপত্তি করে না। রুদ্রিক নৌশির দিকটায় ঝুঁকে গাড়ির দরজা খুলে দেয়। বোতলটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে রুদ্রিককে বিদায় জানায়।
— গেলাম।
— হুমম।
নৌশি ঘুরে সামনে এগোতে গিয়েও হঠাৎ থেমে যায়। তারপর আবার ফিরে তাকায় রুদ্রিকের দিকে। রুদ্রিক প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকাতেই নৌশি নিচু স্বরে বলে,
— সাবধানে যাবেন।
রুদ্রিক স্মিত হেসে বলে,
— আচ্ছা।
নৌশি মুচকি হেসে আবার ঘুরে দাঁড়ায়। তারপর ঠোঁট হাসি নিয়েই এগিয়ে কলেজের গেটের ভেতর চলে যায়। রুদ্রিক ততক্ষণ গাড়িতে বসে তাকিয়ে থাকে নৌশির দিকে, যতক্ষণ না নৌশি কলেজের ভেতরে ঢুকে তার চোখের আড়াল হয়ে গেল। এরপর দৃষ্টি নামিয়ে তাকায় নৌশির ঠোঁট লাগানো পানির বোতলটার দিকে। হাত বাড়িয়ে বোতলটা তুলে নেয়। ঢাকনা খুলে নৌশির ঠোঁট লাগিয়ে খাওয়া অবশিষ্ট পানিটুকু নিজের ঠোঁট লাগিয়ে খেয়ে শেষ করে ফেলে। তারপর কি যেন ভেবে আনমনেই হেসে উঠে।প্রচন্ড তৃষ্ণা লেগেছিল। তবে সেটা জলের তৃষ্ণা ছিল না। যে তৃষ্ণা ছিল সেটা পানিটুকু খেয়ে মিটে গেছে!
চলবে?
#তবুও_তোমার_প্রেমে_আমি_পড়েছি
#লেখনীতেঃ_অধরা_মিনহা
#পর্ব_১৯