#কোনো_এক_শ্রাবণে[দ্বিতীয় অধ্যায়]
লেখনীতে #মেহরিমা_আফরিন
(৩৮)
গাড়িতে বসেই নবনীতা অস্থিরতা শুরু করল।বারবার প্রশ্ন করে যাচ্ছিল,'কোথায় যাচ্ছি আমরা?কি কাজ?বলুন না।'
আরহাম বিরক্ত হয়ে বলল,'একটু চুপ থাকবে তুমি?কখন থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছ।তোমার ঘ্যান ঘ্যানে অতিষ্ঠ হয়ে মোতাহের এক্ষুনি এক্সিডেন্ট করে ফেলবে।'
নবনীতা সাথে সাথে চুপসে গেল।মন খারাপ করে জানালার দিকে মুখ ঘুরিয়ে আরহামের দিকে পিঠ করে বসল।আরহাম ক্লান্তিতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল।আবার রাগ হয়ে গেল নাকি?সে সামান্য এগিয়ে এসে নবনীতার ডান হাতের কবজি চেপে ধরল।ধরার সাথে সাথেই নবনীতা হাত ছাড়িয়ে নিল।
আরহাম একটু ঝুঁকে তার কাছে এলো।কানের কাছে গিয়ে ফিসফিস করল,'গাড়িতে কিন্তু মোতাহের আছে।তুমি কি চাও তার সামনেই আমি তোমার কোমর চেপে ধরি?'
নবনীতা আঁতকে উঠে পাশ ফিরে।দ্রুত ডানে বায়ে মাথা নাড়ে।এক লাফে আরহামের পাশাপাশি এসে বসে।আড়চোখে একবার তাকে দেখেই বিড়বিড় করে বলে,'সেটা করলে কি একা আমার মানহানি হবে?'
'না আমারও হবে।সেজন্যই তো করলাম না।'
আরহাম চুলে হাত দিয়ে সেগুলোকে টেনে টেনে একটু সেট করল।তারপরই হাত ঘড়িতে সময় দেখে হাই তুলতে তুলতে বলল,'চারটা তিন বাজে।যেতে যেতে সাড়ে পাঁচটা তো বাজবেই।'
তার ধারণা কে ভুল প্রমাণ করে দিয়ে গাড়িটা পাঁচটার কিছু সময় পরেই সাভারে তার কাঙ্ক্ষিত গন্তব্যে গিয়ে পৌঁছাল।আরহাম খানিকটা চমকে উঠে বলল,'কি ব্যাপার! এতো দ্রুত আসলাম কীভাবে?'
নবনীতা চোখ পাকিয়ে বলল,'আসবেনই তো।ভিআইপি ট্রানজিট ইউজ করলে সবাই সব জায়গায় সময়ের আগেই যায়।আপনি জানেন,এই আপনার একটা গাড়ির জন্য কতোগুলো গাড়িকে বসিয়ে রাখা হয়েছে?'
আরহাম কলার ঠিক করতে করতে বলল,'সো হোয়াট?এখন আবার বলো না যে এটাও অন্যায়।অবশ্যই আমরা ভিআইপি।নরমাল মানুষ আর আমরা কি এক কাতারে পড়ি নাকি?নরমাল মানুষের শত্রু হয় হাতে গোনা।আর আমাদের তো শত্রুর অভাব নাই।আমাদের এমন এক্সট্রা সিকিউরিটিতে থাকতে হয় সবসময়।এসব মেইনটেইন করেই পলিটিশিয়ানদের চলতে হয়।'
নবনীতা অন্যদিকে ফিরে ভেঙচি কাটে।বিদ্রুপ করে বলে,'আপনারা যে খুব ভালো মানুষ।এজন্যই শত্রুর অভাব নাই।'
'এ্যাই তুমি কি বললে?'
নবনীতা জিভ কাটল।গাড়ি থেকে বের হতে হতে হড়বড় করে জবাব দিলো,'না তো।কিছু তো বলি নাই।'
গার্ডরা গাড়ি থেকে নেমে ঠিকঠাক অবস্থানে দাঁড়াতেই আরহাম আর নবনীতা গাড়ি থেকে নেমে এলো।নবনীতা সামনে তাকাতেই দেখল তারা একটা চাইল্ড হোমের সামনে দাঁড়িয়ে আছে।
চাইল্ড হোমের সামনের মূল ফটকে গোটা গোটা অক্ষরে লিখা 'বাটারফ্লাইজ অরফানেজ হোম'।নবনীতা মন দিয়ে নামটা পড়ল।তারপরই আরহামের সাথে পা মেলাতে মেলাতে বলল,'বাটারফ্লাই কেন?'
আরহাম ঠোঁট উল্টে বলল,'কে জানে! বাবা দিয়েছে এই নাম।আই হ্যাভ নো আইডিয়া ডার্লিং।'
'এটা আপনার বাবার তৈরি চাইল্ড হোম?'
'জ্বী।আমরা শুধু জনগণের টাকা মারি না।মাঝে মাঝে আমরা নিজেদের টাকায় জনগণের জন্য করিও।বুঝেছেন?'
আরহামের ভাবসাব দেখেই নবনীতা মুখ খিঁচিয়ে বলল,'হয়েছে হয়েছে।অমন ভালো রাজনীতিবিদ আপনার বাবার সময়টাতেই ছিল।এখনের গুলা সবই টাউট বাটপার।'
আরহাম দুই দিক দেখে দাঁতে দাঁত চেপে চাপা স্বরে বলল,'তাই নাকি?তা কি টাউটারি বাটপারি করেছি আমি?'
সে থামল।পরমুহূর্তেই দাম্ভিকতা দেখিয়ে বলল,'শোনো মেয়ে! আমরা জনগণের টাকা মেরে বড়লোক হয়নি।উই আর রিচ ফ্রম রুটস।খানদানি বড়লোক আমরা।বনেদি পরিবার বোঝ?বনেদি পরিবার থেকে বিলং করি আমরা।আমার দাদা,পরদাদা,পরদাদার পর দাদা-সবাই বড়লোক।আমরা রাজনীতি করি শখের বশে,ক্ষমতার আশায়।নয়তো রাজনীতিতে আমাদের আর কোনো কাজ নেই।জনগণের টাকা মা'রার প্রশ্নই আসে না।অলরেডি যা সম্পদ আছে,পরবর্তী চৌদ্দ প্রজন্ম বসে বসে খেতে পারবে।'
নবনীতা চোখ উল্টে একবার তাকে দেখে।যদিও সে ভুল কিছু বলে নি।বিয়ের পরে নবনীতা আরহামের অগোচরে তার শ্বশুরকে নিয়ে টুকটাক গবেষণা করেছে।রাজনীতিবিদ মানুষ।স্বভাবই নবনীতা কৌতূহলী ছিল এই নিয়ে।তবে তার গবেষণার ফলাফল তার অনুমানের চেয়েও ভালো এসেছে।শেখ আজিজ হোসেন সত্যিকার অর্থেই সৎ এবং নিষ্ঠাবান রাজনীতিবিদ ছিলেন।তাছাড়া রাজনীতিতে আসার আগেই তিনি ব্যবসায় প্রচুর নাম কুড়িয়েছেন।নবনীতার মাঝে মাঝে মনে হয় সে তাকে বাস্তবেও কোনো এক সময় দেখেছিল।অসম্ভব কিছু তো না।তাদের বাড়িতে প্রায়শই বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা আসতো তার বাবার সাথে দেখা করতে,কথা বলতে।আজিজ হোসেন তাদের মাঝে একজন হলেও হতে পারেন।
সে চুপচাপ আরহামের পাশাপাশি হেঁটে ভেতরে প্রবেশ করল।চারদিকে চোখ বুলিয়ে পুরো নিচতালা দেখে নিল।নিচ তালায় মূলত বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল রুমের ব্যবস্থা করা হয়েছে কয়েকটা।একেবারে দক্ষিণ দিকে বড়োসড়ো একটা রান্নাঘর।সেখানে সবার জন্য এটা সেটা রান্না করা হয়।দোতালা আর তিনতালায় বাচ্চারা থাকে।চারতালা পাচতালা স্টাফদের রুম আর অফিস রুম।
আরহাম ভেতরে এসেই নবনীতাকে বলল,'আমি চার তালায় যাচ্ছি।এসব বাচ্চাকাচ্চার ঘ্যানঘ্যানানি ভালো লাগে না আমার।তুমি তো নিচেই থাকবে তাই না?'
নবনীতা জোরে জোরে উপরনিচ মাথা নাড়ে।প্রয়োজনের চেয়েও উঁচু স্বরে বলে,'অবশ্যই অবশ্যই।'
আরহাম হালকা করে ধমক দিয়ে বলল,'আস্তে কথা বলো।মেয়ে মানুষ এতো জোরে কথা বলে?'
নবনীতা মুখের উপর একহাত রাখল।কন্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলল,'সরি সরি।আর হবে না।'
আরহাম হনহনিয়ে ধুপ ধাপ পা পেলে উপরে চলে গেল।যাওয়ার আগে গার্ড একজন কে ডেকে বলল,'তোমার ম্যামের আশেপাশেই থেকো।'
যদিও আজ সে খুব বেশি চিন্তিত না সিকিউরিটির বিষয়ে।এই এলাকা পুরোটাই তার নিয়ন্ত্রণে।এখানে ঝামেলা বাধানোর মতো দুঃসাহস কেউ করবে না।
সে যেতেই নবনীতা হাঁফ ছেড়ে বাঁচল।এই লোক সাথে থাকলেই সারাক্ষণ তাকে অবজেকশনের উপর রাখে।এর চেয়ে সাথে না থাকাই ভালো।
সে শাড়ির কুচি সামলে দোতালায় উঠে।দোতালায় আসতেই বাচ্চাদের চিৎকার চেঁচামেচি আর ছুটোছুটির আওয়াজে তার মন ভালো হয়ে গেল।সে ছুটে গেল ভেতরের দিকে।
দোতালায় মোট ষোলো টা রুম।প্রতিটা রুমে ছয়টা করে খাট।প্রতি খাটে দুই জন ঘুমায়।নবনীতা একে একে সবগুলো ঘরে উঁকি দিলো।কিছু কিছু ঘর একদম ফাঁকা।কিছু ঘরে আবার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মানুষ।বাচ্চারা সব নানারকমের খেলায় ব্যস্ত।কেউ আবার আরামে হাত পা ছড়িয়ে ঘুমুচ্ছে।
নবনীতা একটা ঘরে উঁকি দিয়েই বেড়ালের মতো গলায় ডাকল,'ম্যাও ম্যাও।কেউ কি আছে?'
ঘরভর্তি বাচ্চারা ঘাড় ঘুরিয়ে তাকে দেখে।নবনীতা এতোগুলো মিষ্টি মুখ একসাথে দেখেই হেসে ফেলল।অনেক গুলো উৎসুক চোখ অবাক হয়ে আগাগোড়া তাকে পরোখ করে যাচ্ছিল।নবনীতা ধীর পায়ে ভেতরে এলো।উচ্ছ্বাস মাখা কন্ঠে বলল,'আমি বসি তোমাদের সাথে?কি খেলছ তোমরা?'
বাচ্চারা শুরুতে একটু কপাল কুঁচকায়।এতো বড়ো মেয়ে তাদের সাথে খেলবে?সে খেলা জানে?তারা কেউ শুরুতে তার কথা গায়ে মাখল না।ইশারায় বোঝাল এতো বড়ো মেয়ের সাথে তারা খেলবে না।
নবনীতা শাড়ির আঁচলটা কোমরে গুজে এগিয়ে আসতে আসতে বলল,'কি হলো?পছন্দ হয়নি আমাকে?'
.
.
.
.
শুভ্রার কেমিস্ট্রি প্রাইভেট থাকে বিকেলে।সে বাড়ি থেকে বেরিয়ে একটু সামনে যেতেই টয়োটার কালো গাড়িটা ঠিক তার সামনে এসে থামল।সে প্রথমে একটু চমকাল।তারপরই চট করে গাড়ির মালিককে চিনে নিল।আরিশ গাড়ির গ্লাস নামিয়ে তাকে দেখে বলল,'শুভ্রা! ভাইয়া কি এখনো তোমাদের বাসায়?'
শুভ্রা মাথা নাড়ল।নম্র স্বরে বলল,'না ভাইয়া।ভাইয়া তো আরো আগেই বের হয়েছে আপাই কে সাথে নিয়ে।'
ভাইয়া?কেন যেন ডাকটা মনঃপুত হলো না আরিশের।সে কিছুটা মনঃক্ষুন্ন হলো।গমগমে স্বরে বলল,'ওহ আচ্ছা।ভাইয়ার সাথে একটা কাজ ছিল।'
বলেই সে দ্রুত গাড়ির গ্লাস তুলল।শুভ্রা মাথার ওড়না টেনে ঠিকঠাক মতো দিয়ে চুপচাপ সামনে এগিয়ে গেল।এই বড়লোক এলাকায় রিকশা চলে না।রিকশার জন্য তাকে অনেকটা পথ হাঁটতে হয়।একটু সামনে যেতেই কালো গাড়িটা আবার তার পাশাপাশি এসে থামল।শুভ্রা কৌতূহলী হয়ে পাশ ফিরল।আরিশ গাড়ির গ্লাস নামিয়ে নিরেট স্বরে বলল,'এসো তোমায় ড্রপ করে দেই।'
তার কন্ঠ কিছুটা অন্যরকম শোনাল।তার চোখ দু'টো রোদচশমার আড়ালে লুকানো।তার অভিব্যক্তি শুভ্রা ঠিক মতো বুঝতে পারছে না।সে জোরপূর্বক সামান্য হেসে বলল,'না না ভাইয়া।আমি চলে যেতে পারব।আপনি কেন আবার ঝামেলা করছেন?'
'আমি তোমাকে বলেছি আমার ঝামেলা হচ্ছে?' অত্যন্ত ঠান্ডা গলায় প্রশ্ন করল আরিশ।
শুভ্রা থতমত খেয়ে তার দিকে তাকাল।কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে উঠে বসল।তার কেমিস্ট্রি প্রাইভেটে যেতে সময় লাগে প্রায় আধঘন্টার মতো।ঝিগাতলায় তার কোচিং সেন্টার।আরিশ ঠিক তার কোচিং-এর সামনে এসে ব্রেক কষল।শুভ্রা আশ্চর্য হয়ে বলল,'আপনি কেমন করে জানলেন আমার কোচিং এই বিল্ডিংয়েই?'
আরিশের মন চাইল নিজেই নিজেকে কতোক্ষণ জুতোপেটা করতে।তার কি মাথায় ন্যুনতম বুদ্ধি নেই?সে কোন বুঝে গাড়িটা ঠিক জায়গা মতো এনে থামাল?সে কতোক্ষণ দুই হাত কচলায়।শেষে আমতা আমতা করে বলল,'না মানে এই এলাকায় তো খুব বেশি বিল্ডিং নেই।যেই কয়টা আছে সবই মানুষের থাকার বাসা।এটা দেখে মনে হলো কোচিং থাকলে এটাতেই থাকবে।তাই আরকি।অন্য কিছু না।'
শুভ্রা কিছু একটা বুঝে ফেলার মতো করে মাথা নাড়ল।তারপরই আরিশকে একটা ধন্যবাদ আর কৃতজ্ঞতা সরূপ একগাল হাসি উপহার নিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে এলো।সে নামতেই আরিশ কতোক্ষণ স্টিয়ারিংয়ে মাথা ঠুকল।ভাইয়া ঠিকই বলে।তার মতো গর্দভ আর ব্রেইনলেস এই শহরে কমই আছে।
কোচিং সেন্টারের দরজায় তালা ঝুলানো দেখতেই কপালে ভাঁজ পড়ল শুভ্রার।সে দারোয়ান চাচার কাছে এগিয়ে এসে বলল,'চাচা কোচিং এর দরজা এখনো খুলেননি কেন?সময় তো হয়ে গেছে।'
দারোয়ান লোকটা হাই তুলতে তুলতে অলস ভঙ্গিতে বলল,'লোকমান স্যার আজ পড়াবেন না।কলেজের জরুরি মিটিংয়ে আটকে গেছে।বলেছে আজকের ক্লাস কালকে হবে।'
শুভ্রা চোখ বড় বড় করে বলল,'কালকে হবে মানে?এই কথা আগে জানাবে না স্যার?'
'আমি কি জানি?আমাকে বলল যারা যারা আসবে তাদের জানিয়ে দিতে।'
শুভ্রা মন খারাপ করে বলল,'ধ্যাত।স্যার সবসময় এমন করে।আমাদের তো দূর থেকে আসতে হয়।একটু আগে জানালে ক্ষতি কি?'
সে বিক্ষিপ্ত মেজাজে কোচিং সেন্টার থেকে বেরিয়ে বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়াল।আরিশ মাত্রই তার গাড়ি স্টার্ট দিয়েছিল।শুভ্রাকে বিল্ডিংয়ের সামনে দেখেই সে দ্রুত গ্লাস নামিয়ে চমকে উঠে বলল,'কি ব্যাপার?তুমি নেমে আসলে কেন?'
শুভ্রা এগিয়ে যায়।বিরক্ত হয়ে বলে,'আর বলবেন না ভাইয়া।আজ নাকি স্যার পড়াবেন না।দারোয়ান চাচা এইমাত্র জানাল আমাকে।'
আরিশ মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল,'ওহ আচ্ছা।ব্যাপার না।চলো তোমাকে আবার বাড়ি পৌঁছে দেই।'
শুভ্রা ব্যস্ত ভঙ্গিতে হাত নাড়ল।তাড়াহুড়ো করে বলল,'না না ভাইয়া।প্লিজ।আপনাকে আর কষ্ট করতে হবে না।'
আরিশ শীতল চোখে তাকে দেখে।তারপরই মাত্রাতিরিক্ত ঠান্ডা কন্ঠে বলে উঠে,'সমস্যা নেই।উঠো।'
শুভ্রা বোকা বোকা হেসে গাড়িতে উঠে বসল।সিটবেল্ট বাঁধতে বাঁধতে বলল,'আসলে আমার না গাড়ি ভালো লাগে না।সেজন্য চড়তে চাই না।'
'গাড়ি ভালো লাগে না?স্ট্রেঞ্জ! তাহলে কি ভালো লাগে?'
'রিকশা।আমি,আপাই আর চিত্রা মাসের শুরুতে আপাই বেতন পেলে রিকশা তে করে ঘুরতাম।ঐ কথায় আছে না?রিকশার মতো শৌখিন যান আর একটিও নেই।আমাদেরও হয়েছে সেই অবস্থা।রিকশার মতো মজা আর কিছুতেই পাই না।'
আরিশ গাড়ি চালানোর ফাঁকে একবার তাকে দেখল।সে শান্তভাবে কথা বলতে পারে না।কথা বলার সময় অনবরত দুই হাত নাড়ে।এটা অবশ্য আরিশের ভালোই লাগে।সে একগাল হেসে বলল,'তা অবশ্য ঠিক।রিকশায় চড়ার মজাই আলাদা।'
রবীন্দ্র সরোবরের সামনে এসেই আরিশ তার গাড়ির গতি কমালো।চোখ থেকে সানগ্লাসটা খুলে পাশ ফিরে শুভ্রাকে দেখেই বলল,'আইসক্রিম খাবে শুভ্রা?'
শুভ্রার মন চাইছিল জোরে জোরে দশবার উপরনিচ মাথা নেড়ে বলতে,'হ্যাঁ ভাইয়া।অবশ্যই খাবো।কেন খাব না?এক্ষুণি কিনে আনুন।'
কিন্তু সেটা সম্ভব না।আপাইয়ের দেবরকে এমন করে বলাটা ভালো দেখায় না।সে মাথা নেড়ে বলল,'না ভাইয়া,খাব না।'
বলার পরেই সে মনে মনে দোয়া করল,'আল্লাহ প্লিজ।আবার যেন খাওয়ার জন্য সাধে।প্লিজ আল্লাহ!'
আরিশ আবারো বলল,'খাও না।এদিকে একটা আইসক্রিম পাওয়া যায়।খুব মজা।তুমি খেলে আমিও একটা খেতাম।'
শুভ্রা মিনমিনে স্বরে কোনোরকমে বলে,'না না ভাইয়া।দরকার নেই।'
ভেতরে ভেতরে সে ভীষণ চটে আছে।সে মনে মনে দাঁত কিড়মিড় করে বলল,'এতো খাওয়ানোর ইচ্ছে হলে বাইরে গিয়ে কিনে আন না বাপ।এতোবার জিজ্ঞেস করছিস কেন?গিয়ে দু'টো কিনে আনলেই তো পারিস।'
আরিশ সিটবেল্ট খুলতে খুলতে সহজ গলায় বলল,'দাঁড়াও আমি দু'টো নিয়ে আসছি।'
শুভ্রা সাথে সাথে নিজের মুখ চেপে ধরে।কি সর্বনাশ! এই লোকটি অন্তর্যামী নাকি?তার মনের কথা শুনে নিল নাকি কোনোভাবে?কি ভয়ানক ব্যাপার সেপার!
আরিশ কয়েক মিনিট বাদেই দুই হাতে দুই আইসক্রিম নিয়ে ফিরল।গাড়িতে বসেই একটা আইসক্রিম শুভ্রার দিকে বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল,'খেয়ে দেখ তো কেমন?'
শুভ্রা একটু খেয়েই বলল,'ভীষণ ভালো।'
বিনিময়ে আরিশ কেবল প্রশস্ত হাসল।সে হাসিমুখেই টুকটাক কথা বলতে বলতে আইসক্রিম খাওয়া শেষ করল।শুভ্রা তার আইসক্রিমটা শেষ হতেই পাশ ফিরে ঝলমলে হেসে বলল,'থ্যাংক ইউ ভাইয়া।আইসক্রিম টা সত্যিই অনেক মজা।'
মুহূর্তেই মুখের হাসি মিলিয়ে গেল আরিশের।সব তো ঠিকই ছিল।মাঝখানটায় এই ভাইয়া এলো কোথা থেকে?এতো সুন্দর সুন্দর কথার মাঝে এই ভাইয়াটা কোথা থেকে ঢুকে পড়ল?সে দ্রুত গাড়ি স্টার্ট দেয়।মেজাজ যা একটু ফুরফুরা হয়েছিল,এক ভাইয়া শব্দে সব ভেস্তে গেল।
***
আরহাম হিসাবের খাতায় দ্রুত চোখ বুলায়।বাবার মৃ'ত্যুর পর সে ই চাইল্ড হোমের সবকিছু দেখাশোনা করে।তার বাবার খুব শখের প্রতিষ্ঠান এটি।এই চাইল্ড হোমের অসংখ্য বাচ্চাকে তিনি নিজে পরম স্নেহে মানুষ করেছেন।তার উপার্জনের একটা বিরাট অংশ তিনি চাইল্ড হোমের উন্নয়নের জন্য ব্যয় করেছেন।আরহাম সপ্তাহে কিংবা মাসে একবার হলেও এখানে আসে,সবকিছু তদারকি করে যায়।
হঠাৎই তার আজ মনে হলো তার বউ প্রচন্ড বাচ্চা পাগল।এমন জায়গায় সবচেয়ে বেশি আনন্দ নবনীতাই পাবে।তাই সে আজ তাকে এখানে নিয়ে এসেছে।বাচ্চাকাচ্চার প্যা পু কিভাবে একটা মানুষের কাছে আনন্দের হতে পারে আরহাম জানে না।তার বাবারও এসব পছন্দ ছিল।তার বউয়েরও এসব পছন্দ।মাঝখানটায় তারই এসব আদিখ্যেতা ভালো লাগে না।নিজের উপর সে নিজেই হতাশ।বাবা তার আদর্শ।অথচ বাবার ভালো কোনো বৈশিষ্ট্যই তার ভেতর নেই।
নিচ থেকে বাচ্চাদের কোলাহল শোনা যাচ্ছে।সেই আওয়াজ সময়ের সাথে পাল্লা দিয়ে তিড়তিড় করে বাড়ছে।আরহাম বিরক্ত হয়ে ফাইল থেকে চোখ সরায়।তিরিক্ষি মেজাজে ধমকে উঠে,'কি শুরু করেছে এই বাচ্চাগুলো?এটা কি চিড়িয়াখানা?কেউ এদের থামাও।'
তার কথা শুনেই চাইল্ড হোমের একজন স্টাফ খানিকটা অপ্রস্তুত হয়ে বলল,'আসলে স্যার।ম্যাডামই বাচ্চাদের নিয়ে নিচে নেমেছে খেলার জন্য।আমরা তাই কিছু বলিনি।'
আরহাম সাথে সাথে হাতের ফাইলটা টেবিলে রেখে উঠে দাঁড়ায়।দ্রুত পায়ে হেঁটে যায় রুমের খোলা জানালার দিকে।জানালার ধারে একহাত রেখেই নিচে উঁকি দেয়।দেখতে পায় নবনীতা ছোট ছোট বাচ্চাদের নিয়ে চাইল্ড হোমের সামনের বিরাট মাঠটায় কি যেন খেলছে।কিছুক্ষণ দেখতেই সে বুঝল খেলাটার নাম কানামাছি।নবনীতা এ'মাথা ঐ'মাথা ছুটছে আর একটু পর পর খিলখিল করে হাসছে।বাচ্চারাও তার পিছু পিছু ছুটছে।কেউ আবার আধো আধো বুলিতে তাকে ডাকছে।এই দৃশ্য দেখতেই আরহামের ঠোঁটে হাসি ফুটল।কি চমৎকার দেখাচ্ছে তাকে! কি অভূতপূর্ব এই দৃশ্য! নবনীতা এক পর্যায়ে হাঁপাতে হাঁপাতে ঘাসের উপর শুয়ে পড়ল।তারপরই দু'টো ঘাসফুল ছিঁড়ে হাতের মুঠোয় নিল।আরহাম বুকে হাত বেঁধে সে দৃশ্য দেখল।মেয়েটা কি জানে যে সে নিজেই একটা ফুল?
আরহাম চুপচাপ সমস্ত কাজ ফেলে নিচে নেমে এলো।নামতেই দেখল বাচ্চারা মিলে খিলখিল করে হাসতে হাসতে নবনীতার চোখ বেঁধে দিচ্ছে।নবনীতা হাসিমুখ করে বলছে,'আস্তে আস্তে।এতো জোরে কেউ বাঁধে?মাথা ব্যথা হয়ে যাবে আমার।'
তার চোখ বাঁধার পরে একটা বাচ্চা তিন আঙুল সামনে তুলে বলল,'বলো তো কয়টা আঙুল সামনে?'
নবনীতা আন্দাজে বলল,'উমম,তিনটা।'
সাথে সাথে বাচ্চাগুলো চেঁচিয়ে উঠল।হাত পা ছুড়ে বলল,'তুমি চিটিং করেছ।হবে না হবে না।'
নবনীতা কপাল চাপড়ে হতাশ হয়ে বলল,'আরে বাবারে চিটিং করলে কি ঠিকটা বলতাম?না দেখে বলেছি বলেই তো ঠিকটা বলে ফেলেছি।'
বাচ্চারা তার কথা বিশ্বাস করল না।তারা আরো শক্ত করে তার চোখ বাঁধলো।শেষটায় যখন নিশ্চিত হলো সে আসলেই চোখে দেখছে না তখন দুই তিন পাক ঘুরিয়ে তাকে এক ধাক্কা দিয়ে সামনে ছেড়ে দিলো।এই মেয়েটাকে তাদের ভীষণ ভালো লেগেছে।মেয়েটা কতো সুন্দর করে তাদের সাথে খেলা করছে! সে তাদের বলেছে আজ রাতেও সে এদিকে থাকবে।রাতভর লুকোচুরি খেলবে।ইশশ! ভাবতেই তো আনন্দ হচ্ছে তাদের!
নবনীতা দুই দিকে হাত ছড়িয়ে হাতড়ে হাতড়ে আনমনে এদিক সেদিক ছুটে যায়।বাচ্চারা তাকে একটু ছুয়েই অন্যদিকে ছুটে পালায়।আরহাম একটু একটু করে তার দিকে এগিয়ে যায়।একপর্যায়ে একেবারে তার মুখোমুখি গিয়ে দাঁড়ায়।নবনীতা তার আশেপাশে কারো অস্তিত্ব টের পেতেই সাথে সাথে শক্ত করে জাপ্টে ধরল তাকে।ধরতেই তার মুখের হাসি গায়েব হলো।সে একহাত আরহামের পিঠে রেখেই খানিকটা বিচলিত হয়ে বলল,'কে?'
আরহাম তার একহাত নবনীতার শাড়ি গলিয়ে তার কোমরে গিয়ে রাখল।নবনীতা আঁতকে উঠে কাঁপা স্বরে বলল,'আরহাম?'
আরহাম অতি সন্তর্পণে তার শাড়িটা কোমর থেকে পিঠ পর্যন্ত তুলে দিলো।নিজেদের দূরত্ব আরো বেশি কমিয়ে নিয়ে গম্ভীর মুখ করে বলল,'আমি ছাড়া তোমায় আর এমন করে কে ধরবে পরী?অবশ্যই এটা আমি।'
নবনীতা লজ্জাবতী গাছের মতো মিইয়ে গিয়ে অতিশয় ক্ষীণ কন্ঠে বলল,'ছাড়ুন না।বাচ্চারা দেখছে তো।'
আরহাম গা ছাড়া ভাব নিয়ে বলল,'দেখুক।আমার কি?বউকে ধরা কি কোনো পাপ নাকি?'
চলবে-