সুখের_নেশায়
লেখিকাঃআসরিফা_সুলতানা_জেবা
পর্ব___১১+১২
চৈত্রিকা ধপ করে বসে পড়ল বিছানায়। চোখে জল। টলমল চক্ষু নিয়ে মিমের দিকে তাকাল। ধরা গলায় বললো,
' তাহাফ ভাই কবে এসেছে?উনি না মিশনে গিয়েছিলেন? '
' জিজ্ঞেস করি নি আপু। একটু আগেই এসেছে। প্রায় দশ মিনিট হবে। এখন কি করবি?আমার মনে হচ্ছে তাহাফ ভাইয়ার সাথে তোর বিয়েটা হয়ে যাবে।'
চৈত্রিকার অন্তঃস্থলে কম্পন ছড়িয়ে দেয় মিমের কথাগুলো। বিয়ে!এই পর্যন্ত কতগুলো পাত্রের সামনে যেতে হয়েছে? মাত্র একজনের সামনেই তো। তবুও মা-বাবার জোড়াজুড়ি তে। চৈত্রিকা সেদিন মনপ্রাণে চেয়েছিল পাত্রপক্ষ তাকে রিজেক্ট করুক। অপমানিত হওয়ার পরও চৈত্রিকার ভীষণ শান্তি পেয়েছে রিজেক্ট হওয়ার ফলে। কিন্তু এখন!তাহাফ কখনও রিজেক্ট করবে না তাকে। কখনও না। কারণ টা চৈত্রিকার ভালো করেই জানা।
' এখন কি করবি আপু?সাফারাত ভাইকে মনের কথা বলে দে।'
মিমের কথায় চৈত্রিকার চক্ষু কোটর হতে বেরিয়ে আসার উপক্রম। প্রতুত্তরে কিছু বলতে নিলে ফাহমিদা বেগম হুড়মুড়িয়ে রুমে ঢুকলেন। হাতে একটা নীল রঙের তাঁতের শাড়ি। বিছানায় রেখে তড়তড় করে বলে উঠলেন,
' শাড়ি টা পড়ে নে চৈত্র। তাড়াতাড়ি করিস।'
চৈত্রিকা এক পলক বিছানার দিকে চেয়ে চোখ সরিয়ে নিল। দৃষ্টি নিবদ্ধ করল মায়ের দিকে। ছোট্ট করে বললো,
' কেন আম্মু?'
' তাহাফের আব্বু-আম্মু অপেক্ষা করছে। জলদি কর।'
মায়ের নির্লিপ্ত ভঙ্গিমা দেখে হতবাক চৈত্রিকা। ভিতরে ভিতরে অশান্তি বয়ে যাচ্ছে তার। দম বন্ধ হয়ে আসছে। ফাহমিদা তাড়া দিয়ে বেরিয়ে যেতেই বসে পড়ল মেঝেতে। মিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। মিম নড়েচড়ে উঠল। বোনের মুখে কষ্টের প্রতিফলন স্পষ্ট। আমতা আমতা করে বললো,
' সাফারাত ভাইকে আমি সবটা বলি আপু?নাম্বার আছে তোমার কাছে?আমি উনাকে বুঝিয়ে বলব তুমি উনাকে ভালোবাসো।'
' তোমার বোনকে কি তোমার কাছে ছেঁচড়া মনে হয়?সাফারাত আমাকে ভালোবাসলে অবশ্যই বলত। যে বাসে না তাকে যেচে গিয়ে বিরক্ত করার মানে হয় না।'
কথাগুলো বলে আর এক মুহুর্তও স্থির থাকল না চৈত্রিকা। এলোমেলো পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। মিম পরিষ্কার আঁচ করতে পারে তার বোনের কথার ভাঁজে লুকিয়ে আছে তীব্র অভিমান। সাফারাতের প্রতি নয়। নিজের প্রতি। নিজের প্রতি অভিমান ক'জন করে!কিন্তু চৈত্রিকার মনে নিজের জন্যই অভিমানের পাহাড়। ভালোবাসা প্রকাশ করতে না পারার ক্রোধ।
.
.
নীল শাড়ি টা পড়ে চৈত্রিকা জানালার কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়ের কথামতো শাড়ি তো পরিধান করে নিয়েছে কিন্তু মনটা পড়ে আছে সাফারাতের কাছে। ছুটে যেতে ইচ্ছে করছে। বাবা-মা,বোন সবার মায়া ত্যাগ করে শুধু সাফারাতের বুকে লুটিয়ে পড়তে স্পৃহা জাগছে মনে। পৃথিবীর সব থেকে স্বার্থপর মানুষটা যদি হতে পারত তবে বোধহয় সবচেয়ে সুখী ব্যক্তির নাম হতো চৈত্রিকা। বুক ছিন্ন ভিন্ন করে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। চৈত্রিকার দ্বারা সম্ভব নয় পৃথিবীর সব থেকে স্বার্থপর মানুষটা হয়ে উঠা। পদধ্বনি কর্ণে পৌঁছাতেই উদাস মনে ঘাড় কাত করে চাইল চৈত্রিকা। ফাহমিদার মুখে বিস্তর হাসি। মায়ের মনে প্রশান্তি ছুঁয়ে যাওয়া হাসির প্রেক্ষিতে মৃদু হাসি ফুটিয়ে তুলল অধর কোণে।
' মাশাল্লাহ! তোকে তো খুব সুন্দর লাগছে মা। এখন চল। বসার ঘরে অপেক্ষায় সবাই। '
ফাহমিদা চৈত্রিকার মাথায় ঘোমটা টেনে দিলেন। মন ভরে দেখলেন মেয়েকে। হাত ধরে বাহিরে নিয়ে যেতে উদ্যত হওয়া মাত্র চৈত্রিকা মায়ের হাত ধরে আঁটকে দিল। তাৎক্ষণিক ফাহমিদা প্রশ্ন সূচনা চাহনি নিক্ষেপ করলেন। ভ্রুঁ কুঁচকে তাকালেন চৈত্রিকার পানে।
' কি হয়েছে চৈত্র?'
চৈত্রিকা তৎক্ষনাৎ জবাব দিতে পারল না। অনেক ভেবেছে সে। কিন্তু কোনো রকমেই নিজেকে অন্যের বউ হিসেবে কল্পনা করতে পারে নি। হৃদযন্ত্রের অনুভূতির নিকট বাজে ভাবে হেরে বসেছে।তাছাড়া পরিবারের দায়িত্ব তার উপর।
' কিছু বলছিস না কেন?'
' আমি বিয়ে নামক ভেজালে জড়াতে চাই না আম্মু। তাহাফ ভাইদের ফিরিয়ে দাও।'
বিস্ফোরিত নয়নে চাইলেন ফাহমিদা। চৈত্রিকাও নিরলস ভাবে তাকিয়ে আছে। মা'কে বলতে পারছে না সাফারাত কে ভালোবাসে। কোন মুখে বলবে!ভালো তো সে বাসে, সাফারাত না। ফাহমিদা উত্তেজিত সুরে প্রশ্ন ছুঁড়লেন,
' কেন চাস না?'
নিশ্চুপ,নিস্তেজ চৈত্রিকা!বলার মতো শব্দের অভাব পড়েছে তার কাছে। হকচকানো বন্ধ করে ধাতস্থ কন্ঠে বললো,
' আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কি হবে আম্মু?বাবার অবস্থা ভালো না। '
' তোমাকে আর আমাদের চিন্তা করতে হবে না। বিয়ে করতেই হবে তোমাকে। তাহাফ খুব ভালো ছেলে। '
' কিন্তু! '
' কোনো কিন্তু না চৈত্র। আমি আর চাই না তুই এভাবে আমাদের জন্য ধুকে ধুকে জীবন পাড় কর। মা হিসেবে আমি আমার মেয়েকে কারো বউ রূপে দেখতে চাই। আমার মেয়ের সুখের সংসার দেখতে চাই।'
' সংসার হলেই যে আমি সুখী হবো এমনতো নয় আম্মু। ব্যতিক্রমও তো হতে পারে। হতে পারে দুঃখ আমার জন্য চিরকাল থাকবে। '
ফাহমিদা বিচলিত কন্ঠে বললেন,
' এমন কিছুই হবে না। সুখই আসবে তোর জীবনে। তাহাফের বাবা যখন তোর হাত চেয়েছে তাহাফের জন্য তোর বাবার কাছে।তোর বাবা কি বলেছে জানিস?'
চৈত্রিকা চাতক পাখির ন্যায় স্থির চেয়ে রইল বাবার জবাব কি ছিল তা শুনার নিমিত্তে। ফাহমিদা মেয়ের অস্থিরতা বাড়তে দিলেন না। বললেন,
' বলেছে- তুই যা সিদ্ধান্ত নিবি তা-ই হবে। আমি জানি তুই হ্যাঁ বললে তোর বাবা খুশি হবে। উনার সম্মান টা নষ্ট করিস না মা।আমি তোকে বধূ বেশে দেখতে চাই। '
বাবার উত্তর শুনে খুশি হলেও সেই খুশি স্থায়ী হলো না বেশিক্ষণ। সম্পূর্ন উবে গেল মায়ের শেষ বাক্যে। প্রত্যেক বাবা-মা চায় সন্তান সুখে থাকুক। চৈত্রিকা জানে,ফাহমিদা চায় তার পরিপূর্ণ সংসার জীবন দেখতে। কিন্তু!চৈত্রিকার বুক ভারি হয়ে আসতে লাগল ক্রমশ। জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল সে এক মিনিটের মাথায়। মনে পাথর চেপে বললো,
' বাহিরে চলো আম্মু।'
ফাহমিদা মেয়ের দিকে গভীর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
' তোর জীবনে কেউ আছে চৈত্র?কাউকে পছন্দ করিস তুই? '
কয়েক মুহুর্তের জন্য হৃদযন্ত্রের ক্রিয়া থমকে গেল চৈত্রিকার। পরক্ষণেই সংকোচন -প্রসারণ হতে লাগল দ্রুত গতিতে। পছন্দ? পছন্দ নয় বরঞ্চ সবটুকু ভালোবাসা নিজের দখলে নিয়েছে সাফারাত অজান্তেই। চৈত্রিকার নিকট সাফারাত এখন শুধুই রাতের আকাশের চাঁদের মতো,যা ধরা ছোঁয়ার বাহিরে। চোখ দুটো বুঁজে নিল চৈত্রিকা। তটস্থ কন্ঠে আওড়ালো একটা মিথ্যে বাক্য,
' না আম্মু।'
.
.
সোফার এক কোণে শ্যামলা বর্ণের একটা ছেলে বসে আছে। মাথার চুলগুলো ছোট ছোট। চৈত্রিকা সবাইকে সালাম দিয়ে আঁড়চোখে ছেলেটার দিকে তাকাল। চোখে চোখ পড়ে গেল দু'জনের। চৈত্রিকা দ্রুত চোখ সরিয়ে আনল। তাহাফের বাবা বিলম্ব না করে বলে উঠলেন,
' যেহেতু চৈত্রিকা বিয়েতে রাজি। আমরা আর দেরি করব না ভাবী। আজকেই ওকে আংটি পড়িয়ে যাব। আর পরের মাসে তাহাফ ছুটি পেলে তখন শুভ কাজ টা সেড়ে ফেলব। তাহাফ আংটি টা পড়িয়ে দাও চৈত্রিকার আঙ্গুলে।'
চৈত্রিকার হাত মুঠো করে রেখেছে। সাহস পাচ্ছে না বাড়িয়ে দেবার। লজ্জা পাচ্ছে ভেবে ফাহমিদা আস্তে করে বললেন,
' হাত টা বাড়া।'
ধীরগতিতে হাত টা এগিয়ে দিল চৈত্রিকা তাহাফের দিকে। তাহাফ স্মিত হাসল। আলতো করে হাত টা স্পর্শ করল। আঁকড়ে ধরে আংটি টা পড়িয়ে দেয় আঙ্গুলে। নিঃসংকোচে বলে উঠল,
' আন্টি আপনাদের আপত্তি না থাকলে আমি চৈত্রর সাথে কিছু কথা বলতে চাই।'
' চৈত্র তাহাফ কে নিয়ে যা। এখানে তো আমরা কথা বলছি। মিমের ঘরে নাহয় তোর ঘরে নিয়ে যা।'
কিছু না বলে উঠে দাঁড়াল চৈত্রিকা। তাহাফও উঠে দাঁড়াল। পিছু পিছু রুমে এলো। দূরে হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা চৈত্রিকার দিকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললো,
' তোমাকে আগের চেয়েও বেশি সুন্দর লাগছে চৈত্র। '
' কেন করছেন এসব?'
ক্রুদ্ধ চোখে তাকিয়ে কাঠ কাঠ গলায় প্রশ্ন করে চৈত্রিকা। তাহাফ এতে আরো খুশি হয় যেন। উত্তরে সহজ সরল ভাষায় বললো,
' ভালোবাসি। ভালোবাসার কারণ টা কি বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য যথেষ্ট নয় চৈত্র? '
' আমি তো আপনাকে ভালোবাসি না তাহাফ ভাই। একদমই বাসি না। একবছর আগেও আপনি যখন আমাকে বলেছিলেন ভালোবাসেন তখন সরাসরি না করে দিয়েছি। তারপরও এসবের কোনো মানে হয় না।'
তাহাফ চৈত্রিকার কাছাকাছি এসে দাঁড়াল। খুব কাছাকাছি। হকচকিয়ে দুই পা পিছিয়ে গেল চৈত্রিকা। হাতে টান অনুভব করল। শক্ত করে হাতের মুঠোয় চেপে ধরেছে তাহাফ। তাহাফের স্পর্শে চৈত্রিকা স্বাচ্ছন্দ্যবোধ করতে পারছে না। ঘৃণায় ভরে যাচ্ছে মন। হাত ছাড়ানোর প্রয়াস করতেই তাহাফ গভীর ও গাঢ় করে বাঁধন। হাতের আংটি টা কে লক্ষ্য করে বললো,
' তুমি আজ থেকে আমার চৈত্র। এই আংটি টা তারই সাক্ষী।'
' একটা আংটি দ্বারা আমি আপনার হয়ে যাব না তাহাফ ভাই। আমার মন যেদিন চাইবে সেদিনই আমি আপনার হবো সম্পূর্ণ রূপে। কিন্তু আমার মন কখনও চাইবে না। মায়ের খুশির জন্য রাজি হলেও,আপনাকে আমার হাত ধরার অধিকার অথবা অনুমতি কোনোটাই আমি দেই নি।'
তাহাফ কে তিক্ত কথাগুলো শুনিয়ে হাত টা ছাড়িয়ে আনল চৈত্রিকা। মেয়েটার এমন ব্যবহারে তাহাফ রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। দাঁতে দাঁত চেপে বললো,
' বউকে স্পর্শ করতে স্বামীর অনুমতির প্রয়োজন নেই। বর্তমানে তুমি আমার বাগদত্তা। কয়েকদিন বাদে বউ হবে৷ তখন তোমার এসব বলার মুখ আমি রাখব না। মাইন্ড ইট।'
চৈত্রিকা দমে যায় নি তাহাফের রূঢ় আচরণে। তাহাফ কে তার একটুও সহ্য হচ্ছে না। একটুখানিও না। মৃদু চিৎকার করে বলে উঠল,
' বেরিয়ে যান আমার রুম থেকে। এখুনি বেরিয়ে যাবেন।'
তাহাফের চোখ লাল হয়ে এলো। ঠাটিয়ে চড় মারতে ইচ্ছে করছে তার সামনে দাঁড়ানো মেয়েটা কে। হাত দু'টো মুঠো করে চলে যেতে নিয়েও থেমে গেল। নজর আটকালো ফুলদানিতে। যেখানে কতগুলো শুকনো জারবেরা পড়ে আছে স্থির। বাঁকা হাসল তাহাফ। ঘাড় ফিরিয়ে বললো,
' তোমার কি জারবেরা পছন্দ চৈত্র? '
চৈত্রিকা কটমট চোখে চেয়ে উত্তর দিল,
' না।'
' আমার পছন্দ। ভীষণ পছন্দ। '
কথাটা শেষ করে দ্রুত গতিতে প্রস্থান করে তাহাফ। চৈত্রিকা বাকরুদ্ধ!নির্নিমেষ দৃষ্টি মেঝেতে রেখে মিনমিন স্বরে বলে উঠল,
' আমি মনে প্রাণে দোয়া করি -আপনি যেন সেই মানুষ টা না হন। শুকনো এই জারবোরার মালিক টা ভিন্ন হোক। তবুও আপনি নয়।'
চলবে,,,
সুখের_নেশায়
পর্ব___১২
ক্লান্ত দুপুর। মাথার উপর কাঠফাটা রোদ নিয়ে মিম হেলেদুলে হেঁটে চলেছে। কলেজের জন্য নির্ধারিত সাদা ইউনিফর্ম টা ঘামে ভিজে লেপ্টে আছে দেহে। কপালে বিন্দু বিন্দু ঘাম। বড্ড অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। হাঁটছে আর কিছু সময় পর পর টিস্যু দিয়ে ব্যস্ত হাতে ঘাম মুছে চলেছে। কিছু দূর হতে একটা ভারি কন্ঠ শোনা গেল।
' এই মেয়ে!'
পা দুটো থেমে গেল মিমের। কিন্তু পিছনে তাকালো না। আশেপাশে চোখ বুলিয়ে দেখে রাস্তায় অনেক মানুষের চলাচল। এই মেয়ে বলে কে ডাকল বা কাকে সম্বোধন করল কিছুই বুঝতে পারছে না। তাই না দাঁড়িয়ে থেকে পুনরায় হাঁটতে শুরু করে। নয়ত রোদে পুড়ে শুঁটকি হতে সময় নিবে না সমস্ত শরীর। পূর্বের ন্যায় আবারও কানে ভেসে আসে।
' এই মেয়ে!'
তবে এবারের ডাকটা আগের থেকে জোরে ছিল। কন্ঠে ছিল তেজ। মিম পিছনে ফিরে তাকালো। দেখল দিহান গাড়ির পাশে দাড়িয়ে অনবরত ডেকে যাচ্ছে এই মেয়ে বলে। ঠোঁটে স্মিত হাসি। দিহান যে তাকে এমন করে ডাকছে তাতে কোনো সন্দেহ নেই। দিহান এগিয়ে আসছে না। অলসের মতো দাড়িয়ে চেয়ে আছে। বাধ্য হয়ে মিম হেঁটে এল কিছুটা কাছাকাছি। অবিশ্রান্ত নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করল,
' কি হয়েছে? এভাবে ছাগলের মতো ম্যা ম্যা করছেন কেন?'
দিহান ভ্রুঁ কুঁচকে তাকাল। কপট রাগ দেখিয়ে বললো,
' কি আমি ছাগলের মতো ডাকি?'
' অবশ্যই। ছাগলের ডাকও আপনার ডাক থেকে সুন্দর। '
' যত বড় মুখ নয় তত বড় কথা। দেখতে পিচ্চি অথচ বেয়াদবি তে সেরা।'
মনে চেপে রাখা রাগ তড়তড় করে বেড়ে উঠল মিমের। চোখ রাঙিয়ে বললো,
'আমি বেয়াদব?আর আপনি ভালো? আপনার মা ভালো তাই না?ভালো মানুষ যে অন্যদের আঘাত করে কথা বলে তা তো জানতাম না। আর আমি পিচ্চি অথবা এই মেয়ে না। আমার নাম মিম। কল মি মিম।'
মিমের কথার ধাঁচে যে তীব্র রাগ সেদিনের জন্য, তার মায়ের চৈত্রিকা কে অপমান করার জন্য তা অনায়সে ধরে ফেলল দিহান। মুখে হাসি ফুটিয়ে বললো,
' তো তোমার নাম মিম,ডিম। রাইট?'
' ডিম???হু ইজ ডিম?আপনাদের বাসায় ডিমের অভাব পড়েছে। রাস্তাঘাটে ডিম খুঁজতে বের হয়েছেন। তাই তো আমার নাম কে ডিমের সাথে গুলিয়ে ফেললেন। এটা শহর। গ্রাম নয় যে পুকুর পাড়ে অথবা ঝোপঝাড়ে হাঁস-মুরগি ডিম পাড়বে।'
মিমের রোষপূর্ণ কন্ঠের উপহাসে দিহান মনে মনে বললো,
' ধানিলংকা। আম্মুর এই মেয়েকেই পছন্দ করতে হলো?জীবন ছাড়খাড় করে দিবে একদম। '
মিম দিহানের কোনোরূপ প্রতিক্রিয়া দেখতে না পেয়ে তেতে উঠে বললো,
' কিসের জন্য ডেকেছেন?আবার এই রোদে দাঁড় করিয়ে রেখে মাথা গরম করে দিচ্ছেন। অসহ্য তো আপনি!'
' অসহ্য কেই সহ্য করতে হবে তোমার।'
' কি?'
' কিছু না। গাড়িতে উঠো। বাসায় পৌঁছে দিব।'
' নো নিড। আমার দু'টো পা আছে। '
' দু'টো পা আছে তা আমিও দেখতে পাচ্ছি। আমারও দু'টো হাত আছে। যেতে না চাইলে টেনে হিঁচড়ে গাড়িতে উঠাবো নয়ত কোলে তুলে।'
দিহানের কথা কর্ণপাত হতেই মিমের চক্ষুজোড়া বড় বড় হয়ে গেল। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। নাক ফুলিয়ে বললো,
' অসভ্য লোক।'
' আই নো। চলো এখন। নয়ত রোদে কালো হয়ে যাবো। পড়ে তো কালো বলে রিজেক্ট করে দিবা।'
দিহানের অকপটে সগতোক্তি তে মিমের রাগের মাত্রা বেড়ে দ্বিগুণ। এই সুদর্শন ছেলেটা কে তার একটুও ভালো লাগে না। দেখলেই মস্তিষ্কে রাগ চাপে। দিহান কে সম্পূর্ণ অগ্রাহ্য করে হাঁটতে শুরু করল। দিহান উঁচু আওয়াজে বলে উঠল,
' থামো বলছি। কিছু রাস্তা গিয়ে তো বেহুঁশ হয়ে যাবে। শরীরের যা অবস্থা। মনে হয় না খাবার খাও। পরে কিন্তু আমি তোমাকে নিয়ে যেতে পারব না। তাই ভালো ভালোই বলছি ফিরে এসে গাড়িতে বসো। সবে তো কলেজ থেকে বের হলে। আরো এক ঘন্টার রাস্তা তোমার বাসায় যেতে। নয়ত কোলে নেওয়ার জন্য আমি একদম প্রস্তুত।'
মিম পা দু'টো থামিয়ে দিয়ে বললো,
' ভালো হয়ে যান। এতে রাস্তা ঘাটে জুতা পে/টা খাও/য়ার হাত থেকে বেঁচে যাবেন।'
' কেউ জিজ্ঞেস করল বলব পিচ্চি টা আমার বউ হতে চায়। জোর করে আমার কোলে উঠেছে। তখন লোকে জুতা পে/টা নয়।বরং লাজুক লাজুক হাসি হাসবে।'
মিথ্যে মিথ্যে অপবাদ শুনে হতবুদ্ধি মিম। শরীর টা বড্ড ক্লান্তিতে ভরপুর। মাথা ব্যাথা করছে। গাড়ি করে যাওয়ার জন্য চৈত্রিকা ভাড়া দিয়েছিল। কিন্তু সেই টাকা বাচিয়ে হেঁটে বাসায় যায় আজকাল মিম। সে চায় না আরাম আয়েশে বোনের অক্লান্ত পরিশ্রমের টাকা নষ্ট হোক। মন তো বলছে দিহানের কাছ থেকে লিফট নিয়ে নিতে। কিন্তু রাগ টা যে কমছে না। দিহান বড় বড় পা ফেলে কাছে এলো। গলার স্বর নরম করে বললো,
' চলো। তর্ক অন্যদিন করো। আজ তোমাকে অসুস্থ দেখাচ্ছে। '
সত্যিই শরীর টা খারাপ লাগছে। কথা না বাড়িয়ে মিম গাড়িতে গিয়ে বসল। দিহান কে কেন যে ভালো মনে হলো এক মুহুর্তের জন্য। পরমুহূর্তেই ওর মায়ের কথা মনে বিষ ঢেলে দিল। মিমের কাছে দিহান অপছন্দের মানুষ কেবলই তার মায়ের চৈত্রিকা কে কষ্ট দেওয়ার অপরাধে। ড্রাইভিং সিটে বসে দিহান একটা পানির বোতল এগিয়ে দেয়। মিম এক পলক তাকিয়ে বিনা বাক্যে বোতল টা হাতে নিয়ে নিল। কয়েক ঢোক পান করে রেখে দিল গাড়িতে। কিছু একটা ভেবে প্রশ্ন ছুড়ল দিহানের দিক।
' আপনি তো মনে হয় সামনে কোথাও যাচ্ছিলেন। আবার আমার জন্য উল্টো যাচ্ছেন কেন?'
' অফিসে যাচ্ছিলাম। কলেজ গেইটের দিকে নজর পড়তেই দেখলাম তুমি হেঁটে যাচ্ছো। কিছুটা সিক মনে হচ্ছিল। ভাবলাম বাসায় পৌঁছে দেই।'
মিম আর কোনো কথা বলল না। চুপ করে মাথা হেলিয়ে দিল সিটে। দৃষ্টি বাহিরের দিকে। ইট পাথর কোলাহলের ভিড় চারপাশে। সবুজ গাছপালার দুস্থিতি পড়েছে যেন। মাঝে মাঝে এক দু'টো দেখা যায়। মিমের ভালো লাগে না এই শহর৷ এই শহরের এতো কোলাহল।
চৈত্রিকা গেইটের সামনে দাঁড়িয়ে আছে বিষন্ন মন নিয়ে। ভিতর জুড়ে প্রলয় হচ্ছে। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে খুব। বাবা-মার মুখের দিকে চেয়ে বুকে পাথর তো চেপেছে কিন্তু এখন কোনো রকমেই শান্তি পাচ্ছে না। শেষ কবে শান্তি অনুভব করেছিল মনে আছে চৈত্রিকার। ওই গভীর রাতে রিকশায় পাশাপাশি বসে সাফারাতের সাথে কাটানো সময়টা ছিল সুখের,শান্তির।
চৈত্রিকা বাড়িওয়ালার জন্য অপেক্ষা করেছিল এতক্ষণ গেইটের কাছে। তিনি রেগুলার একবার আসেন এ বাড়িতে। একটু আগেও এসেছিলেন। চৈত্রিকা ভেবেছিল আজ হয়ত ওদের বাসা থেকে তাড়িয়ে দেওয়া হবে৷ কিন্তু তার চিন্তা নিঃশেষ করে দিয়ে বাড়ির মালিক জানান-তার যখন মন চায় ভাড়া দিলে হবে। নিস্তব্ধ হয়ে যায় চৈত্রিকা এ কথা শুনে। যেই লোক গতকাল অব্দি থ্রে/ট দিয়েছে ভাড়া না পেলে ধা/ক্কা দিয়ে বের করে দিবে,সেই লোকই বলছে যখন ইচ্ছে দিলেই হবে। কথাটা ঠিক হজম করতে পারে নি চৈত্রিকা। কিছু জিজ্ঞেস করার আগে বাড়িওয়ালা তাড়া দেখিয়ে প্রস্থান করে। তখন থেকেই ঠাঁই দাড়িয়ে আছে সে। টিউশনির সময়ও হয়ে এসেছে। গেইটের সামনে একটা গাড়ি থামতেই ভ্রুঁ কুঁচকে তাকাল। দরজা খুলে বেরিয়ে এলো মিম। তা দেখে চৈত্রিকার অবাকতা যেন আকাশচুম্বী। অপরপাশ হতে দিহানও বেরিয়ে এসেছে। আচমকা বোন কে দেখে মিম অপ্রস্তুত হয়ে পড়ে। ভাব ঠিক চুরি করে ধরা পড়ে যাওয়ার অবস্থা। চৈত্রিকা স্বাভাবিক কন্ঠে প্রশ্ন করল,
' দিহান ভাইয়ার সাথে আসলি যে?তোকে অসুস্থ মনে হচ্ছে। '
' তার জন্যই তো তোমার বোন কে জোর করে নিয়ে এলাম। আমার গাড়ি করে আসতে রাজি হচ্ছিল না।'
সহজ গলায় বললো দিহান। চৈত্রিকা ঠোঁট ছড়িয়ে প্রতুত্তর করে,
' ধন্যবাদ ভাইয়া। মিম বাসায় যা।'
মিম মাথা দুলিয়ে চলে গেল। দিহান সেদিক থেকে নজর সরিয়ে চৈত্রিকার দিকে চেয়ে বললো,
' স্যরি চৈত্রিকা। আমার মায়ের ব্যবহারের জন্য দুঃখিত আমি।'
চৈত্রিকা অস্বস্তিতে পড়ে গেল তৎক্ষনাৎ। দিহান হুট করে এমন বলে বসবে ভাবে নি সে। তড়িঘড়ি করে বলে উঠল,
' স্যরি বলার প্রয়োজন নেই। আমার আন্টির প্রতি কোনো রাগ নেই। '
এতটুকু বলে ক্ষীণ শ্বাস ফেলল। থেমে থেকে দ্বিধান্বিত চাহনি নিয়ে বললো,
' সাফারাত সন্ধ্যায় বাসায় থাকে ভাইয়া?'
' থাকে। তোমার জন্য চব্বিশ ঘণ্টাই ফ্রী।'
' জ্বি?'
' কিছু না। চলে যেও। আসি আমি।'
কথাটা বলে দিহান গাড়িতে উঠে পড়ল। চৈত্রিকা ডুবে গেল ভাবনায়। সাফারাতের বাসায় দ্বিতীয় বার পা রাখবে কি-না তা ভেবে।
_________________
একটা মেয়ে দাঁড়িয়ে আছে গেইটের কাছে। দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। সন্ধ্যে বেলার আবছা রক্তিম আলোয় পিছন দিকটা অস্পষ্ট। চৈত্রিকা থম মেরে রইল। মেয়েটাকে ঢুকতে দিচ্ছে না তাকে দিবে তো!নাকি আবার অপমান করবে?কাছাকাছি যেতেই দেখতে পেল মেয়েটা দারোয়ান কে থ্রে/ট দিচ্ছে। চাকরি খে/য়ে দিবে বলে রাগ দেখাচ্ছে। কন্ঠে তেজ,অহংকার। দারোয়ান বলছে-- সাফারাত স্যার আপনারে ঢুকতে দিতে নিষেধ করছে ম্যাম। আপনে চইলা যান। মেয়েটা ত্যাড়ামি করে পাল্টা বলে উঠল-
'আমার মামার বাড়ি আমাকে ঢুকতে দিবি না। দেখে নিব তোদের। সাফারাত নিজেই আমাকে নিবে। জাস্ট ওয়েট এন্ড সি।'
মেয়েটা সাপের মতো ফুঁসতে ফুঁসতে গাড়িতে উঠে চলে গেল। এবার চেহারাটা স্পষ্ট দেখতে পেল চৈত্রিকা। এটা তো তাকে থাপ্পড় দেওয়া সেই মেয়েটা। এ বাড়ির সদস্যই তো মনে হয়েছিল। কিন্তু তাকে ঢুকতে দিতে নিষেধ কেন করল সাফারাত!অবাক ব্যাপার। চৈত্রিকা মাথা না ঘামিয়ে গেইটের কাছে যেতেই দারোয়ান গেইট খুলে দিল। জিজ্ঞেস অবধি করল না কিছু। এটাই চৈত্রিকাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। চমকপ্রদ দৃষ্টিতে গুটি গুটি পায়ে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটা গম্ভীর স্বর কর্ণগোচর হতেই মৃদু কেঁপে উঠল পুরো দেহ।
' ভিতরে ঢুকে সোজা সিঁড়ি বেয়ে বাম দিকের প্যাসেজওয়ে ধরে কর্ণারের রুমে চলে আসবেন । আপনাকে কেউ আটকাবে না।'
চৈত্রিকা চোখ তুলে তাকাল উপরের দিকে। সাফারাত বারান্দায় দাঁড়িয়ে আছে। কানে মোবাইল। বুঝতে পারছে না তাকে বললো নাকি অন্য কাউকে। সাফারাত যেন তার দ্বিধান্বিত চাহনি বুঝে গেল। কান থেকে মোবাইল সরিয়ে চৈত্রিকার উদ্দেশ্যে বললো,
' আপনাকেই বলছি চৈত্র। '
চলবে,,,!
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)