ফন্ট সাইজ:
থিম:
~~শেষ_পর্যন্ত_তুমি~~

পর্ব 5

লেখক: নাঈমা জান্নাত

অফিসে ইফরাদের সামনে মাথা নিচু করে বসে আছে সাইফা। ভয়ে কোনো প্রশ্ন করার সাহসটুকুও যেন পাচ্ছে না সে।

অন্যদিকে, ইফরাদও একদম নীরব। চেয়ারে হেলান দিয়ে বসে অত্যন্ত মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে সাইফাকে।

ইফরাদের এমন নীরবতায় সাইফার ভয় যেন আরও বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে ভেতরে ভেতরে বিরক্তও হচ্ছে সে।

মনে মনে বিড়বিড় করে বলল—

'এই লোকটা কিছু বলছে না কেন? এভাবে চুপচাপ বসিয়ে রাখার জন্যই কি আমাকে ডেকেছে?'

দীর্ঘ নীরবতা ভেঙে হঠাৎ ইফরাদ বলে উঠল—

— তোমাকে চাকরিটা দেওয়া সম্ভব হচ্ছে না।

কথাটা শুনেই সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকাল সাইফা। মুহূর্তেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। চোখের কোণে জমে উঠল অশ্রু। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল—

— কি... কিন্তু কেন স্যার?

ইফরাদ গম্ভীর কণ্ঠে বলল—

— এই চাকরিটা পেতে হলে তোমাকে আরও পড়াশোনা করতে হবে। তাছাড়া, তুমি এখনো অনেক ছোট। চাকরি করার মতো বয়স তোমার হয়নি।

কথাগুলো শুনে সাইফার চোখের পানি যেন আর বাঁধ মানতে চাইল না। সে কিছুটা সামনের দিকে ঝুঁকে আকুল কণ্ঠে বলে উঠল—

— স্যার, প্লিজ! আমাকে একটা সুযোগ দিন। আমার এই চাকরিটা ভীষণ দরকার। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। এতটা নির্দয় হবেন না, স্যার। আপনি আমাকে যত কাজ দেবেন, আমি বিনা বাক্যে সবকিছু করব। কথা দিচ্ছি, কখনো আপনাকে নিরাশ করব না।

কথাগুলো বলতে বলতে সাইফার কণ্ঠ ভারী হয়ে এল। তার চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো এবার গড়িয়ে পড়ার অপেক্ষায়।

সাইফার কথাগুলো শুনে ইফরাদের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। তবে তার গম্ভীর মুখাবয়বে সেই হাসির কোনো ছাপই প্রকাশ পেল না।

কিছুক্ষণ সাইফার দিকে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলল—

— Okay! তোমাকে আমি এক মাস সময় দিচ্ছি। এই এক মাসে নিজেকে প্রমাণ করতে হবে তোমাকে।

কথাটা শুনে যেন মুহূর্তেই সাইফার মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। চাকরিটা পাওয়ার একটা সুযোগ অন্তত সে পেয়েছে! আনন্দে চোখের পানি মুছে মৃদু হাসল সে।

এরপর কৃতজ্ঞতাভরা কণ্ঠে বলে উঠল—

— Thank you, sir! আমি নিজেকে প্রমাণ করব। কথা দিচ্ছি, আপনাকে কখনোই নিরাশ করব না।

ইফরাদ কোনো উত্তর দিল না। শুধু গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল সাইফার দিকে।

এরপর ইফরাদ টেবিলের ওপর রাখা কয়েকটি কাগজ তুলে সাইফার সামনে এগিয়ে দিল। গম্ভীর কণ্ঠে বলল—

— এই নাও, এটা এক মাসের এগ্রিমেন্ট পেপার। এই এক মাসের মধ্যে যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারো, তাহলে এই এগ্রিমেন্ট বাতিল করে তোমাকে পার্মানেন্ট করে দেওয়া হবে। আর যদি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হও, তাহলে এগ্রিমেন্টের মেয়াদ শেষ হওয়ার পর নিজের রাস্তা নিজেকেই দেখে নিতে হবে।

সাইফা কোনো কথা না বলে কাগজগুলো হাতে নিল। আশ্চর্যের বিষয়, এগ্রিমেন্টে কী লেখা আছে, তা একবার পড়ে দেখারও প্রয়োজন মনে করল না সে। এমনকি কাগজগুলোর ওপর চোখ বুলিয়ে নেওয়ারও চেষ্টা করল না। সরাসরি সাইন করে ফাইলটা ইফরাদের দিকে এগিয়ে দিল।

আত্মবিশ্বাসী কণ্ঠে বলল—

— আমি আপনার সব শর্তে রাজি, স্যার। এই নিন, আপনার এগ্রিমেন্টে সাইন করে দিয়েছি। আমি নিজেকে প্রমাণ করবই। এই এগ্রিমেন্ট বাতিল করে পার্মানেন্ট চাকরি পাওয়াই হবে আমার প্রথম লক্ষ্য। আর আমি জানি, আমি সেটা পারবই।

সাইফার এমন আত্মবিশ্বাসী কথা শুনে ইফরাদের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল।

সে মনে মনে আগেই জানত, সাইফা এগ্রিমেন্ট পেপার না পড়েই সাইন করে দেবে।

কাগজগুলো হাতে নিয়ে ইফরাদ সাইফার দিকে তাকিয়ে বলল—

— এতটা আত্মবিশ্বাস! দেখা যাক, কী করতে পারো। কাল থেকে জয়েন করবে। রোহান তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে।

— ঠিক আছে, স্যার।

মৃদু হেসে সম্মতি জানাল সাইফা। এরপর আর দেরি না করে কেবিন থেকে বেরিয়ে গেল সে।

ইফরাদ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সাইফার চলে যাওয়ার পথের দিকে। সাইফা কেবিন থেকে বেরিয়ে যেতেই তার ঠোঁটে আবারও সেই রহস্যময় বাঁকা হাসি ফুটে উঠল।

চেয়ারে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করল সে।

তারপর আপনমনে বিড়বিড় করে বলল—

— বোকা পাখি!

পরের দিন...!

সাইফা যথাসময়েই অফিসে এসে পৌঁছেছে। রোহান তাকে অফিসের কাজগুলো বুঝিয়ে দিয়েছে। আজ সাইফার প্রথম কর্মদিবস। নতুন পরিবেশ, নতুন মানুষ আর নতুন দায়িত্ব—সবকিছুই তার কাছে বেশ অপরিচিত।

প্রথম দিন হওয়া সত্ত্বেও ইফরাদ তাকে কোনো ধরনের ছাড় দেয়নি। বরং ইচ্ছে করেই একের পর এক অতিরিক্ত কাজের দায়িত্ব চাপিয়ে দিচ্ছে।

সাইফা বিষয়টা বেশ ভালোভাবেই বুঝতে পারছে। ইফরাদ যে ইচ্ছে করেই এমনটা করছে, তা বুঝতে তার খুব একটা কষ্ট হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয়, সে এ নিয়ে কোনো অভিযোগ করেনি।

কারণ, বর্তমানে সাইফার একটাই লক্ষ্য—এই অফিসে নিজের যোগ্যতা প্রমাণ করে স্থায়ীভাবে চাকরিটা নিশ্চিত করা।

ইফরাদ যতই কাজের চাপ দিক, যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি করুক, সাইফা সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়।

প্রয়োজন হলে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, তবুও পিছু হটবে না সে।

দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। অফিসের প্রায় সবাই দুপুরের খাবার শেষ করে আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে।

কিন্তু সাইফার যেন সেদিকে কোনো খেয়ালই নেই। একের পর এক ফাইল নিয়ে কাজ করে যাচ্ছে সে। মাঝে মাঝে ক্লান্তিতে চোখ দুটো বন্ধ হয়ে আসছে, তবুও নিজেকে সামলে নিচ্ছে।

ঠিক তখনই রোহান তার ডেস্কের সামনে এসে দাঁড়াল।

— সাইফা, তোমার কাজ শেষ হয়েছে?

সাইফা ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই উত্তর দিল—

— না, ভাইয়া। আরেকটু বাকি আছে।

— এত কাজ একসঙ্গে দিয়েছে তোমাকে?

এবার সাইফা মৃদু হেসে বলল—

— সমস্যা নেই। ধীরে ধীরে সব শেষ করে ফেলব।

রোহান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল—

— প্রথম দিনেই এত চাপ নেওয়ার দরকার নেই। কোনো সমস্যা হলে আমাকে জানিয়ো।

— জি, অবশ্যই।

কথাটা বলেই আবার কাজে মনোযোগ দিল সাইফা।

অন্যদিকে নিজের কেবিনের কাচের দেয়ালের আড়াল থেকে পুরো দৃশ্যটাই লক্ষ করছিল ইফরাদ।

ইফরাদের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। চোখে-মুখে খেলা করল দুষ্টুমির আভাস।

নিজের মনেই বিড়বিড় করে বলল—

— So sorry, babygirl! এটা তোমার punishment। আমার সামনে আসতে এতটা দেরি করার জন্য, এইটুকু শাস্তি তো তোমাকে পেতেই হবে!

কিছুক্ষণ পর একজন স্টাফ খাবারের একটি বক্স হাতে সাইফার ডেস্কের সামনে এসে দাঁড়াল।

— ম্যাম, আপনার জন্য।

সাইফা কাজ থেকে চোখ তুলে স্টাফের দিকে তাকাল। কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল—

— আমার জন্য? কে পাঠিয়েছে?

— দুঃখিত ম্যাম, আমি জানি না। একজন এসে আপনার কথা বলে খাবারটা আপনার কাছে পৌঁছে দিতে বলেছেন। তাই নিয়ে এসেছি।

কথাটা বলেই স্টাফ চলে গেল।

সাইফা কিছুটা অবাক হয়ে খাবারের বক্সটার দিকে তাকিয়ে রইল। তারপর বক্সটা হাতে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করল। বক্সের ওপরেই ছোট্ট একটি চিরকুট রাখা।

কৌতূহল নিয়ে চিরকুটটা হাতে তুলে খুলল সে।

তাতে সুন্দর করে লেখা—

"সময়মতো খেয়ে নিও চাঁদ। কাজ করতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে যেও না।"

চিরকুটটা পড়ে সাইফা কিছুক্ষণ চুপ করে রইল।

মনে মনে ভাবতে লাগল, কে পাঠিয়েছে খাবারটা? আর না জেনেশুনে এই খাবার খাওয়াটা কি ঠিক হবে? তবে ক্ষুধাও পেয়েছে ভীষণ। শেষ পর্যন্ত আর বেশি কিছু না ভেবে খাবারের বক্সটা খুলে ফেলল সাইফা। খাবার দেখে আর নিজেকে সামলে রাখতে পারল না। ধীরে ধীরে খেতে শুরু করল সে।

নিজের কেবিনে বসেই কাচের দেয়াল দিয়ে সাইফার দিকে তাকিয়ে ছিল ইফরাদ। সাইফাকে খাবারের বক্স খুলে বেশ তৃপ্তি নিয়ে খেতে দেখে তার চোয়াল শক্ত হয়ে এলো।

কিন্তু তার রাগের আসল কারণ খাবার খাওয়া নয়, বরং কে সেই খাবার পাঠিয়েছে, সেটাই!

সাইফা একবারও জানতে চাইল না খাবারটা কে পাঠিয়েছে। কোনো প্রশ্ন ছাড়াই বেশ তৃপ্তি নিয়ে খেয়ে চলেছে সে।

দৃশ্যটা দেখে ইফরাদের রাগ যেন আরও বেড়ে গেল। রাগে হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে ফেলল । নিজেকে সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হলো।

হঠাৎ উঠে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে দেয়ালে ঘুষি মারল ইফরাদ।

হাত থেকে অযরে রক্ত ঝরছে।

কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। চোখেমুখে তখনও তীব্র রাগের ছাপ।

দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল—

— কে পাঠিয়েছে খাবারটা?

চলবে..!!
শেষ_পর্যন্ত_তুমি
লেখিকা নাঈমা জান্নাত

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন