ফন্ট সাইজ:
থিম:
পত্রবন্দি আপোষ

পর্ব 1

লেখক: সোফিয়া সাফা

পঁচিশ বছর বয়সে আমার বিয়ে ঠিক হলো মায়ের বান্ধবীর পঙ্গু ছেলের সঙ্গে। শুধু পঙ্গুই নয়, এর আগে একবার বিয়েও হয়েছিল তার। কিন্তু কোনো এক ভয়াবহ দুর্ঘটনায় নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারানোর পর, তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। অথচ আজ সবকিছু জেনেশুনেও আমাকে সেই মানুষটিকেই বিয়ে করতে হচ্ছে। কী-ই বা করার ছিল আমার? এছাড়া আর কোনো উপায়ও তো নেই।

দেখতে শুনতে আমি সুন্দরী নই; বংশের কলঙ্ক বলা চলে। কেননা, আমাদের বংশের সবার গায়ের রং যেখানে ফর্সা, সেখানে আমার চাপা গায়ের রংটা যেন একেবারেই বেমানান। ভাগ্যিস, আমার মুখের আদলটা ফুপির মতো হয়েছে! নয়তো আমার শরীরে যে এই বংশেরই রক্ত বইছে, তা কেউ বিশ্বাসই করত না।

তালুকদার বংশের আকাশছোঁয়া নামডাক থাকা সত্ত্বেও আমাকে আমাদের সমকক্ষ কোনো পরিবারে পাত্রস্থ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। অবশ্য এর জন্য দায়ী আমার গায়ের এই কালো রং—যেটাকে সবাই ভদ্রতার মোড়কে ‘শ্যামলা’ বলে অভিহিত করে সান্ত্বনা দিতে চায়। কিন্তু আমি সান্ত্বনার জালে জড়াতে পছন্দ করি না। আমি বরং একে কালো বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি কালো। এটাই সত্যি। সুন্দর শব্দ দিয়ে এই বাস্তবতাকে ধামাচাপা দেওয়ার কোনো মানেই হয় না।

আমার একটা হিল্লে করার চিন্তায় পুরো পরিবার অস্থির হয়ে উঠেছিল। কিন্তু সবার সম্মিলিত চেষ্টার পরও ফলাফল ছিল শূন্য। কতবার যে সবকিছু প্রায় ঠিকঠাক হয়ে এসেছিল! অথচ পাত্রপক্ষ আমাকে সামনাসামনি দেখার পরই তাদের সব উৎসাহে ভাটা পড়ত। চাইলেই কোনো গরিব ঘরে আমার বিয়ে দিয়ে এই ঝামেলার ইতি টানা যেত। কিন্তু প্রতিবারই তাতে বাধা হয়ে দাঁড়াতেন আমার মা-জননী। গরিব ঘরে আমার বিয়ে দেওয়ার ব্যাপারে তার ছিল ঘোর আপত্তি। তার একটাই দাবি—বংশের অন্য মেয়েদের যেমন সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেওয়া হয়েছে, আমাকেও তেমনই কোনো সম্ভ্রান্ত পরিবারের ঠিকানায় পাঠাতে হবে।

এদিকে আমার বাবা তার সহধর্মিণীকে বড্ড ভালোবাসেন। তাই স্ত্রীর কথার ওপর কথা বলার সাহস বা সাধ্য—কোনোটাই তার নেই। বাবা আমাকে কতটা ভালোবাসেন, তা আমি আজও মেপে উঠতে পারিনি। তবে ছোট ভাইকে তিনি মাথায় তুলে রাখতেই পছন্দ করেন। হয়তো ওর গায়ের রংও বংশের অন্য সবার মতো ফর্সা বলেই।

আমার ভাই আমার চেয়ে মাত্র দুই বছরের ছোট। আমার বিয়ে ঝুলে থাকার কারণে সবচেয়ে বেশি ভোগান্তি বোধহয় ওকেই পোহাতে হচ্ছে। ওর ভাষ্যমতে, আমার বিয়ে আটকে থাকার কারণেই নাকি ও ওর প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে বাবা-মাকে পাঠাতে পারছে না।

বাবার সামনে ভাইকে আমি কখনো সংযত থাকতে দেখিনি। আজ অবধি ও যে কয়টা সম্পর্কে জড়িয়েছে, সবকটার খবরই বাবার নখদর্পণে। আগেরগুলো নিছক সময় কাটানোর জন্য হলেও, এবারের সম্পর্কটা বেশ পাকা। সেই মেয়েকেই জীবনসঙ্গী করবে বলে ও পণ করে ফেলেছে। শুধু পারছে না আমাকে ঘাড় থেকে নামিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে।

আমাকে কুপ্ররামর্শ দিয়ে কতবার যে প্রেম করার তাগিদ দিয়েছে, তার কোনো হিসেব নেই। কিন্তু প্রতিবারই আমি ওর পরামর্শগুলো সন্তর্পণে এড়িয়ে গেছি। ওইসব প্রেম-ভালোবাসা আমার কম্ম নয়। এ যে অসম্ভব! ছেলেদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহসটুকুও যে নেই আমার।

তবে এমন নয় যে, জীবনে কাউকেই ভালো লাগেনি বা কারও প্রেমে পড়িনি। জীবনের এক গোধূলি লগ্নে আমি খুব ঘটা করে প্রেমে পড়েছিলাম একজনের। তখন আমার কিশোরী মনে জাত-কুল বা বাহ্যিক রূপের বিচার করার মতো বোধবুদ্ধি ছিল না। আমি ভাবতাম, কাউকে ভালোবাসার জন্য শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট। সেই ভুল ভেঙে গিয়েছিল বড়োই করুণভাবে।

সেদিন নিজের সমস্ত লজ্জার মাথা খেয়ে যাকে প্রেম নিবেদন করেছিলাম, সেই লোকটাই আমাকে বুঝিয়ে দিয়েছিল ভেদাভেদ কাকে বলে। খুব রুক্ষভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর আর কোনোদিন কাউকে নিয়ে তেমনভাবে ভাবার সাহস পাইনি। সত্যি কথা বলতে, তারপর থেকে আর কাউকে ভালোও লাগেনি। মনে হতো, সেই লোকটার নিষ্ঠুরতা ভোলা সম্ভব নয়। অন্য কারো দিকে তাকালে সেই ক্ষতটা তাজা হবে শুধু, কোনো উপশম মিলবে না।

সময় গড়িয়ে গেল। এইচএসসি দেওয়ার পরপরই পরিবারের সবার মধ্যে আমাকে বিয়ে দেওয়ার মাথাব্যথা দেখা দিল। আমিও নিয়মিত পাত্রপক্ষের সামনে সঙ সেজে বসতে বসতে ত্যক্ত-বিরক্ত হয়ে উঠলাম। কেউ আমাকে কোনোদিন জিজ্ঞেসই করত না, পাত্রকে আমার পছন্দ হয়েছে কি না। সবাই শুধু পাত্রপক্ষের আমাকে পছন্দ হয়েছে কি না, সেটাই জানার জন্য উদগ্রীব হয়ে থাকত।

শেষমেষ নেতিবাচক সংবাদ পেয়ে আমার দিকে একবার অবজ্ঞাভরা চোখে তাকাতে ভুলত না। প্রত্যেকের চোখে জমে থাকা বিতৃষ্ণা দেখতে দেখতে ক্লান্ত হয়ে উঠতাম আমি। জীবনের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করল।

অতঃপর পঁচিশের কোঠায় এসে যখন পাত্রপক্ষের আমাকে দেখতে আসা প্রায় বন্ধের পথে, ঠিক তখনই সম্বন্ধ নিয়ে হাজির হলেন মায়ের বান্ধবী। সবাই যেন আকাশের চাঁদ হাতে পেলো এই প্রস্তাবে। মায়ের মুখেও হাসি ফুটল। তার বান্ধবী বলে কথা। ফিরিয়ে কীভাবে দেবে? হোক না ছেলে চলাফেরা করতে অক্ষম, হোক না ডিভোর্সি। তাতে কী? সম্ভ্রান্ত পরিবারের তো! এটাই তো মায়ের কাছে ম্যাটার করে। আসলে, তারা আমাদের চেয়েও কয়েক গুণ বেশি প্রভাবশালী ছিলেন।

মায়ের এই বান্ধবী বিয়ের পরপরই স্বামীর সঙ্গে লুক্সেমবার্গে থিতু হয়েছিলেন। শেষবার দেশে এসেছিলেন আট বছর আগে, নিজের মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে। সেইবার আমরাও তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তারপর আর দেশে আসেননি তারা।

এবার হঠাৎ কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই তিনি আর তার স্বামী এসে হাজির হলেন আমাদের বাড়িতে। তাদের আগমনে আমার মা তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন! পরে জানাজানি হলো, তারা মূলত এসেছেন আমাকেই দেখতে। আমাকে তারা কোনো সাজসজ্জা ছাড়াই, একেবারে সাদামাটা অবস্থায় দেখলেন।

আমাকে কিছুক্ষণ দেখে মায়ের বান্ধবী, মিসেস আম্বিয়া বেগম, মিষ্টি হেসে আমার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে বললেন, “পত্রকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে রে, শরিফা! তোদের কোনো আপত্তি না থাকলে, আমি ওকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই।”

কথাটা শুনে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম আমি। গলায় চাপা পড়া কোনো একটা কিছু বড্ড অশান্তি দিচ্ছিল। তবুও তাকিয়ে থাকা ছাড়া আর কিছু বলতে পারলাম না।

আমার মা হতবাক হয়ে প্রশ্ন করলেন, “এসব কী বলছিস, আম্বিয়া? তোর একমাত্র ছেলে আপোষের তো বিয়ে হয়ে গেছে। পত্রকে আবার কীভাবে তোর পুত্রবধূ বানাবি?”

“শোন শরিফা, আমি সব কথা তোকে বলে উঠতে পারিনি। হয়েছে কী, বিয়ের কয়েক মাসের মধ্যেই আমার ছেলের ডিভোর্স হয়ে গেছে। আমি জানি, নিজের ডিভোর্সি ছেলের জন্য পত্রের মতো অবিবাহিতা মেয়ের হাত চাওয়াটা একটু অসম প্রস্তাব। তবে তুই ভেবে দেখ, পত্রকে আমি একেবারে নিজের মেয়ের মতোই আদর-যত্নে রাখব।”

আমার মা কিছু বলতে যাবেন, তার আগেই মিস্টার আশরাফ খন্দকার শান্ত দৃষ্টিতে নিজের স্ত্রীর দিকে তাকালেন। আম্বিয়া বেগম হয়তো চোখের ইশারায় তাকে থামতে বলেছিলেন, কিন্তু তিনি সেই নিষেধের তোয়াক্কাই করলেন না। গম্ভীর গলায় বলে উঠলেন, “আরও একটা জরুরি কথা আপনাদের জানানো দরকার।”

আমার বাবা থম মেরে বসে থাকলেও এবার একটু নড়েচড়ে বসলেন। বললেন, “হ্যাঁ, বলুন।”

আশরাফ খন্দকার বললেন, “আমার ছেলে হুইলচেয়ার ছাড়া এক পাও চলতে পারে না। একটা মারাত্মক দুর্ঘটনায় ওর কোমরের নিচের অংশের স্নায়ুগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে।”

একথা শুনে আমার মায়ের চোখ বড় বড় হয়ে গেল। শাড়ির আঁচলে মুখ চেপে বললেন, “তুই আমাকে এই ব্যাপারেও কিছু বললি না?”

আম্বিয়া বেগম ব্যাখ্যা করলেন, “তুই শুধু শুধু চিন্তা করবি তাই বলিনি। আর বছর কয়েক ধরে তো আমাদের নিয়মিত কথা হয় না।”

আমার বাবার পাশে বসে থাকা বড় কাকা এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন। এবার একটু ইতস্তত করে প্রশ্ন করলেন, “একটা বিষয়ে জানতে চাইছিলাম। আপনাদের ছেলের কোমরের নিচের অংশের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে বললেন। ও কি একেবারেই পা দুটো অনুভব করতে পারে না? আর দৈনন্দিন শারীরিক প্রয়োজনগুলোই বা কীভাবে সামলায়?”

আশরাফ খন্দকার বললেন, “কোমরের নিচ থেকে ওর দুই পায়ে অনুভূতি নেই, হাঁটাচলার ক্ষমতাও হারিয়েছে। তবে দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো ও নিজেই সামলে নিতে পারে।”

কাকা কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, “বুঝলাম। কিন্তু বিয়ের পর স্বাভাবিক দাম্পত্য জীবন... মানে, এই শারীরিক অবস্থায় কীভাবে…?”

প্রশ্নটা শুনে আম্বিয়া বেগম একটু অস্বস্তিতে নড়েচড়ে বসলেন। তবে আশরাফ খন্দকার বেশ স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, “না, আলহামদুলিল্লাহ। ওই দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। দুর্ঘটনায় ওর হাঁটাচলার ক্ষমতা ও পায়ের অনুভূতি নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে পরিচালনা করার সক্ষমতা রয়েছে বলেই আমরা ওর বিয়ে করানোর উদ্যোগ নিয়েছি। তাছাড়া এ ব্যাপারে আমার ছেলের কোনো দুর্বলতা থাকলে ও নিজেও বিয়েতে রাজি হতো না।”

কাকা আর কিছু বললেন না। এদিকে এতোগুলো বিষয়ে একসাথে অবগত হয়েও আমার ভেতরে তেমন কোনো আলোড়ন উঠল না।

আমার মা কিছুটা রাগান্বিত হলেও মুখে কিছু বললেন না। শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম একটা ছেলের জন্য নিজের মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছে—এই ভাবনাটা যেন সমসময়ের জন্য বিষিয়ে তুলেছিল তার মন।

আমার বাবা এবার একটু গম্ভীর হয়ে জানতে চাইলেন, “ছেলেটা কি আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না?”

আম্বিয়া বেগম নিজেই মলিন হেসে উত্তর দিলেন, “সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শুধু শরীরের চিকিৎসা করলেই তো হবে না। ওর একটা মানসিক আশ্রয়ের দরকার। আমার পূর্ণ বিশ্বাস, পত্র মা আমার ছেলের সেই আশ্রয় হয়ে উঠবে। অবশ্য সবকিছু নির্ভর করছে আপনাদের ওপর…”

আমার মা আর নিজেকে সামলে রাখতে পারছিলেন না। তার মুখ থেকে কিছু একটা বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। কিন্তু বাবা তার আগেই শান্ত গলায় বললেন, “আপনারা এত দূর থেকে এসেছেন। আজকের দিনটা আমাদের এখানে থাকুন। আমরা এই বিষয়ে আলোচনা করে আপনাদের জানাব।”

বাবার কথাটা শুনে আমি শূন্য চোখে কেবল তাকিয়ে রইলাম মানুষটার দিকে। অজান্তেই দাঁতের নিচে পিষ্ট হচ্ছিল আমার নিচের ঠোঁট।

আম্বিয়া বেগম উঠে দাঁড়ালেন, “না ভাইজান, এই কথার ওপর এখানে থাকা সম্ভব হবে না। আপনারা ভেবেচিন্তে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। যদি আপনাদের উত্তর ‘না’ হয়, তাহলে আমার মনে হয় না আমাদের আর কখনো দেখা হবে। এমন একটা অসম প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যাত হওয়া আমাকে অবাক না করলেও শরিফার সামনে দাঁড়ানোর ক্ষমতাটুকু নিঃশেষ করে দেবে অবশ্যই।”

অতঃপর তারা চলে গেলেন। আমার মা রাগে গজরাতে গজরাতে বললেন, “হুহ! এখন এসেছে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। যখন ছেলে সুস্থ-সক্ষম ছিল, তখন তো আমার মেয়েকে চোখেই পড়েনি। এখন মনে পড়ল আমার একটা মেয়ে আছে?”

আমার বাবা সান্ত্বনার সুরে বললেন, “ওনাদের ছেলে কীভাবে বিয়ে করেছে, তা তো আমাদের অজানা নয়, শরিফা। ওনারা কি আর ছেলেকে বিয়ে করিয়েছেন? ছেলেটাই তো নিজ পছন্দে বিয়ে করেছিল। ভেবে দেখো, আম্বিয়া তোমার বহুকালের পুরোনো বান্ধবী। তার ওপর এতটাই ধনী যে কোনো কিছুরই অভাব নেই। মেয়ে আমাদের ভালো থাকবে। পত্রর সেবাযত্ন পেলে দেখবে, ছেলেটাও একদিন সুস্থ হয়ে উঠবে।”

বাবা-মায়ের এসব কথাবার্তা আমার সহ্য হলো না। আমি চলে গেলাম নিজের ঘরে। রাত হতে না হতেই টের পেলাম, মা প্রায় বিয়েতে রাজি হয়ে গেছেন। এর পেছনে বাবার কিংবা যৌথ পরিবারের বাকি সদস্যদের কতটুকু ভূমিকা ছিল, তা জানার বিন্দুমাত্র আগ্রহও আমার মনে জাগেনি।

আমার আর কী? আমাকে কেউ কি জিজ্ঞেস করেছে, এই বিয়েতে আমার মত আছে কি না? করেনি তো। আর করবেও না, এটা নিশ্চিত। হলোও তাই। মাত্র তিন দিনের মাথায় পাকা কথা হয়ে গেল। ঠিক হলো, ঘরোয়া পরিবেশেই বিয়েটা সম্পন্ন হবে।

বিয়েটা খুব জাঁকজমকপূর্ণ না হলেও, ওনারা কোনো আয়োজনেই কমতি রাখলেন না। বিয়েতে আমাকে লাল টুকটুকে শাড়ির বদলে গোলাপি রঙের শাড়ি দেওয়া হলো। হয়তো তাদেরও মনে হয়েছিল, লাল রংটা আমার কালো ত্বকের সঙ্গে বেমানান লাগবে। শাড়ির সঙ্গে দৈনন্দিন পরার জন্য কাপড়চোপড় আর গহনাগাটিও ছিল। সবকিছু দিয়ে একেবারে যেন মুড়িয়ে দিলেন আমাকে।

বিয়েটা পরানো হলো আমাদের ড্রয়িংরুমে। আমার পাশেই, হুইলচেয়ারে বসানো হয়েছিল তাকে। অথচ আমরা কেউ কারো দিকে তাকালাম পর্যন্ত না। তাকানোর প্রয়োজনও পড়েনি। আমি তাকে কখনো দেখিনি, এমন নয়। কিন্তু আটবছর আগে সেভাবে তাকাইনি তার দিকে।

বিয়ে পড়ানো শেষে আংটি পরানোর সময় তিনি যখন আমার হাত ধরলেন, অজান্তেই আমার ঠোঁট দাঁতের নিচে চাপা পড়ল। তার ফর্সা হাতের পাশে আমার হাতটা অস্বস্তিকর রকমের কালো দেখাচ্ছিল। মানতেই হবে, আগের চেয়েও ফর্সা হয়েছেন তিনি। আমার চোখদুটো সেই দ্যুতিতে ধাঁধিয়ে যাওয়ার আগেই পলক ফেলে মুখ ফিরিয়ে নিলাম। ভুল করেও আর তার দিকে চোখ ফেরাইনি।

চলবে…

#পত্রবন্দি_আপোষ (পর্ব: ০১)
#সোফিয়া_সাফা

[রাইটিং ব্লক কাটাতে গিয়ে লিখে ফেলেছিলাম। পুরোটা লেখা শেষ। এখন আপনাদের রেসপন্স এর ওপর ভিত্তি করে পরবর্তী পর্ব আসবে।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন