#বাউন্ডুলে_বৃত্তান্ত
ছদ্মনাম : #মারিয়াম_ফুল
[ পর্ব সংখ্যা : ০৭]
লেখিকা : Maria Mira
আলিয়া বেগম রাজিয়ার এই রূঢ় রূপ দেখে সহ্য করতে পারলেন না। তিনি বিরক্তি আর সমবেদনা মিশিয়ে বলে উঠলেন, “কী করতাছ রাজিয়া? কোন কথা কোনদিক দিয়া লইয়া যাইতাছ...!”
এমনকি নাজিফাও নাওয়ালকে এমন আকুপাকু করতে দেখে বলল, “ও মা, দিয়া দাও না গুঁড়ো দুধ... ওর তো তাপ আইছে শরীরে!”
রাজিয়া মেয়ের কথা শুনে, দুধের কোটোটা ঝনঝন করে নাওয়ালের দিকে সামান্য ঠেলে দিয়ে বলল, “আমি কি কারোরে না করছি খাইতে? খাও... কিন্তু খাইলে তো তার দাম-দর লাগে! আর কত মাগনা খাইবো?”
নাওয়াল সেই গুঁড়ো দুধের কৌটোর দিকে আর একপলকও তাকাল না। তার পিঠে তখন কালশিটে পড়া দাগের চেয়েও বড় এক আঘাত এসে লেগেছে। অবুঝ শিশুটি থরথর করে কাঁপতে কাঁপতে দাদির শাড়ির খুঁটটা আঁকড়ে ধরে চুপচাপ আঁধারের দিকে মুখ ফিরিয়ে দাঁড়াল...
দরজার ওপাশে রান্নার উনুনের ভাপ আর তপ্ত ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে যা ঘটে গেল, তার প্রতিটি ফোঁটা নিজের চোখে পান করেছে নুহাস। রাজিয়ার সেই নির্মম কথাগুলো যেন একেকটি জ্বলন্ত অঙ্গার হয়ে এসে সরাসরি বিঁধেছিল তার বুকের গভীর প্রদেশে। মাথার ভেতর কেবল একটা কথাই ড্রামের গম্ভীর গংয়ের মতো অবিরাম বেজে চলেছে “না বল আম্মু... লাগবে না, লাগবে না! আমাল আব্বাকে কিতু বলো না... আব্বা তো অসুস্থ...”
আজ যদি সে একটু তাড়াতাড়ি বাড়ি না ফিরত, তবে হয়তো এমন একটা দৃশ্য তার চোখে পড়তই না। অথচ এমন ঘটনা যে তার সন্তানের সঙ্গে নিত্যদিন ঘটে, তা তার অজানাই থেকে যায়।প্রতিদিনের মতো আজও তার ফেরার কথা ছিল অনেক রাতে। হাটের কোলাহল, জুয়ার আসর আর দিনভর নানা ব্যস্ততা সেরে রাতের গভীর অন্ধকারে, যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখনই ঘরে ফেরে সে। কিন্তু আজ কী এক অদ্ভুত অদৃশ্য টানে যেন একটু আগেই ফিরে এসেছিল। এসে দাঁড়িয়েছিল নিজেদের উঠানে। আর নিজের অজান্তে, চোখে পড়ে গেল এমন এক দৃশ্য যে দৃশ্যের সাক্ষী হয়তো হওয়ার কথাই ছিল না তার।
আলিয়া বেগম দরজার দিকে চোখ ফেরাতেই দেখলেন, নুহাস লুঙ্গিতে গিঁট দিতে দিতে উনানের দিকে এগিয়ে আসছে। তাকে এভাবে এগিয়ে আসতে দেখে তাঁর বুকের ভেতরটা ধক করে উঠল। মনে মনে প্রমাদ গুনলেন তিনি আজ বুঝি আর রক্ষে নেই! এই বুঝি বাড়ির উঠোনেই এক মহা কুরুক্ষেত্র বেধে বসে! ছোট নাওয়াল দাদির চোখের সেই শঙ্কার ভাষা বুঝতে পেরে ধীর পায়ে একটু পিছিয়ে এল। তখনই সে খেয়াল করল, ঠিক তার ঠিক পেছনেই পাথরের মতো দাঁড়িয়ে আছে নুহাস।
নুহাস যেন নিজের সব বাকশক্তি হারিয়ে ফেলেছে। ওইটুকু একটা অবুঝ শিশুর প্রতি তার এই অবহেলা, এত রূঢ়তা অথচ সে নিজে ভেতর থেকে আজ কতটা ক্ষতবিক্ষত। রান্নাঘরের চৌকাঠে দাঁড়িয়ে সে তো নিজের চোখেই দেখল, কেমন করে তার অবহেলিত সন্তানটি একমুঠো গুঁড়ো দুধের জন্য হাত বাড়িয়ে অপমানিত হলো।
নুহাসের হাতে একটা কাগজের মোড়ানো ব্যাগ ছিল।সেই মোড়কটি সে আরও শক্ত করে চেপে ধরল হাত দিয়ে। চাপে কাগজটি খসখস শব্দ তুলে মুচড়ে গেল।
নাওয়াল ভয়ে ভয়ে মাথাটা একবারে বুক পর্যন্ত নামিয়ে ফেলল। সে কি কাঁদছে? না, একদম না। নিত্যদিনের এই লাঞ্ছনা আর অপমান সইতে সইতে সে যেন কান্নার করাও ভুলে গেছে।চোখের কোণে সামান্য জল জমলেও তা আর গাল বেয়ে নামার কোনো সাহস
পায় না।
আলিয়া বেগম কাচুমাচু গলায় একটু সামনে ঝুঁকে বলে উঠলেন, “কখন আইলি, আব্বা ?"
"এইটা বড় কথা তো না আম্মা , কখন আইলাম।কও... আইয়া কী কী দেখলা?”
আলিয়া বেগম এই কথার কোনো জবাব দিলেন না। রাজিয়া উনুনের ধার থেকে মনে মনে এক অজানা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল।যদি নুহাস কোনো কথা বলে বসে! কিন্তু নুহাস কিচ্ছু বলল না রাজিয়াকে। সে নির্বাক দৃষ্টিতে শুধু নাজিফাকে ডাক দিল।"এদিকে আয় নাজিফা"
নাজিফা মায়ের পাশ থেকে ভয়ে ভয়ে এগিয়ে এল। চাচাকে সামনে পেয়ে সে একটু জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। নুহাস অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ না করে তার দিকে হাত বাড়িয়ে কাগজে মোড়ানো প্যাকেটটি খুলে ভেতর থেকে একটা মচা বের করে দিল। নাজিফার হাতে সেটি তুলে দেওয়ার পরও প্যাকেটের ভেতর বেশ কয়েকটি জিনিস অবশিষ্ট রয়ে গেল।নুহাস বলল,
“এইডা খোল তো...”
নাজিফা আর এক মুহূর্তও অপেক্ষা করল না। মাটিতে বসে মচাটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এল দুটো নতুন জামা। “ছোট আব্বু , এইডার ভেতর কী মানে কার জামা ?”জিজ্ঞাসা করল নাজিফা।
“ঘরের ভেতর নিয়ে দেখিস... একটা তোর আর আরেকটা হইতে ... তোর ভাই নিহালের...”
নাজিফা, নিহাল কিংবা বাড়ির অন্য বড় কেউ এক ফোঁটাও বিশ্বাস করতে পারল না যে এই জামাগুলো নুহাস তাদের জন্য কিনে এনেছে। কারণ অতীতে তো দূরের কথা, কোনো দিন কোনো পরিস্থিতিতে সে নিজ থেকে ঘরের কাউকে কিচ্ছু কিনে দেয়নি!
আর নাওয়ালের প্রতি নুহাসের অনন্ত উদাসীনতা আর নিষ্ঠুরতার ইতিহাস এতই দীর্ঘ যে, সে নিজে থেকে নাওয়ালের জন্য কিছু নিয়ে আসবে এমন ভাবনা তো দূরের কথা, মাথার কোণেও আসছে না নাওয়ালের।
সে শুধু ভাবছে তার বাবা তার, চাচাতো ভাই বোনের জন্য নতুন কাপড় এনেছে। তার আপু ভাইয়া আজকে খুব খুশি হবে।
ঠিক তখনই,
নুহাস পাথরের মতো দাঁড়িয়ে এক হাতে থাকা প্যাকেটটা ধরে রেখে অন্য খালি হাতটা ছোট্ট নাওয়ালের দিকে বাড়িয়ে দিল। নাওয়াল তার বাবার হাতের দিকে তাকিয়ে রইল।বুঝতে পারল না কেনো তার বাবা হাত এগিয়ে দিয়েছে তার সামনে। কিন্তু পরমুহূর্তেই নুহাসের গলার ভেতর থেকে চাপা একটা স্বর ভেসে এল, “এদিকে আয়...”
ছোট নাওয়াল ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বাবার দিকে এগিয়ে গেল। সে বুঝতেই পারছিল না বাবার হাতটা সে ধরবে কি ধরবে না; তবুও বাপের ছায়ার টানে সে থরথর করে কাঁপতে থাকা একটা আঙুল দিয়ে নুহাসের কনিষ্ঠ আঙুলটা আলতো করে ছুঁল।
উনুনের চারপাশের দমবন্ধ করা পরিবেশ থেকে পা বাড়িয়ে নুহাস ছেলেকে নিয়ে নিজের ঘরের দিকে চলল। উঠানে থাকা কুপির আলোয় দেখা গেল, একটা ছোট শরীর আর একটা লম্বা অবয়ব ধীর পায়ে হেঁটে বাড়ির উঠান পেরিয়ে নিজেদের ঘরের দিকে যাচ্ছে।
পেছন থেকে রাজিয়া রাগে কটমট করতে করতে বিড়বিড় করে উঠল, “নয়া নয়া প্রেম জাগছে ছেলের প্রতি! আনতেছে তো আমার জামাইয়ের টেকা...!”
আলিয়া বেগম তখন রাজিয়া বেগমকে বলেন,ওর নিজের টাকায় ওতো আনতে পারে, বৌমা।
"হারাম টাকা আম্মা... ওই টাকায় আনলে তো আমি আমার বাচ্চাদের পরতে দিমুনা "
নুহাস যেতে যেতে সব কথাই শুনলো, কিন্তু কোন কথার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। এই জামাগুলো কি নাদিমের দেওয়া টাকার কেনা? না! নাদিম কেবল নুহাস আর নাওয়ালে খাবার খরচের টাকাটাই দেয়, এই জিনিসগুলোর জন্য সে এক পয়সাও দেয়নি। নুহাসের নিজের যুক্তি খুব পরিষ্কার সে জুয়া খেলে টাকা কামাই করুক বা যাই করুক, তাতে কার কী? টাকাটাই আসল!টাকা হারাম না টাকা আরাম, তার কাছে।
ঘরের অন্ধকার ফুঁড়ে ভেতরে ঢুকল নুহাস।
ছেলেকে বিছানার পাশে বসিয়ে সে প্রথমে তার হাত-পায়ের ক্ষতের দিকে তাকাল, তারপর তার মুখের দিকে। ফরসা রং, তবে সে ফরসা অবিকল কুহেলিকার মতো নয় অন্যরকম এক ফ্যাকাশে স্বচ্ছতা। নুহাসের হঠাৎ মনে পড়ে গেল দুবাইয়ের সেই দিনগুলোর কথা।
তখন সে একটা কোম্পানিতে কাজ শুরু করে কেবল একটু থিতু হয়েছে। ঠিক তার এক মাস আগে কুহেলিকা চিঠিতে লিখেছিল তার সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসছে। দুবাই থেকে বেলতলী গ্রামের দূরত্ব তখন যোজন যোজন সেখানে সরাসরি টেলিফোন করার কোনো সহজ উপায় ছিল না, দূরের কোনো পোস্ট অফিস বা বাজারের লোকের মাধ্যমে চিঠির আদান-প্রদান হতো। সেবারও ঠিক তেমনই একটা চিঠি এসে পৌঁছেছিল তার হাতে।
দুবাইয়ের একটা জীর্ণ কামরার ফিরে যখন সে ক্লান্তি মুছছিল, তখনই কেউ একজন এসে তার হাতে একটা খাম গুঁজে দিয়ে বলেছিল, “এই নে নুহাস, তোর বাড়ি থেকে চিঠি আইছে।”
সে কী বুকভরা আগ্রহ নিয়ে চিঠিটা খুলেছিল! সে ভেবেছিল তার কুহেলিকা নিজের হাতে মনের সব কথা লিখে পাঠিয়েছে। কিন্তু খাম খুলতেই গোছানো হস্তাক্ষরগুলো দেখে তার বুকটা ফাঁকা হয়ে গিয়েছিল। ওটা কুহেলিকার লেখা ছিল না; ওটা ছিল নাদিমের হাতের লেখা খুব পরিপাটি, শোধিত ভাষায় লেখা:
“তোমার স্ত্রী সন্তান প্রসবের সময় মা""রা গেছে। কালক্ষেপণ না করে দ্রুত দেশে ফিরে এসো। তুমি এক পুত্রসন্তানের পিতা হয়েছ।”
চিঠির তারিখের দিকে তাকিয়ে সে দেখেছিল তারিখটা ছিল ১১ নভেম্বর, ২০০১। সেদিন নুহাসের মাথা কাজ করেনি। সে বিশ্বাসই করতে পারেনি এমন অবলীলায় একটা মানুষ চিরতরে হারিয়ে যেতে পারে! কিন্তু সেটাই তো সত্য হয়েছিল। সে কোনো কালক্ষেপণ না করে মাত্র পাঁচ দিনের মাথায় দেশে ছুটে এসেছিল। সে শুধু ভেবেছিল একবার শেষবারের মতো কুহেলিকার মুখটা দেখবে। কিন্তু মানুষ কি আর মৃত মানুষকে আটকে রাখতে পারে? কুহেলিকাকে সে আর দেখতে পায়নি।
দেশে আসার পর জানতে পেরেছিল, আরো ১৫ দিন আগে কুহেলিকা কে দাফন করা হয়েছে।
তারপর সেই দিন, রুপা একটা ছোট্ট নকশিকাঁথার ভেতর মুড়ে একটা পুতুলের মতো নবজাতককে তার কোলে বাড়িয়ে দিয়েছিল। যার গায়ের রং ছিল দুধের মতো ফর্সা, অবিকল কুহেলিকার মতো! কিন্তু সেদিন শোকে আর অভিমানে নুহাস ধিক্কার দিয়ে উঠেছিল
“এই বাচ্চাকে? এই বাচ্চাকে জন্ম দিয়ে গিয়ে আমার আদরের বউটা মইরা গেল! এই বাচ্চারে আমি কেমনে আপন কইরা নিমু? ওরে আমি ঘৃণা করি। দুনিয়ায় আসার লগে লগে আমার বউরে মাইরা ফালাইছে। ওরে আমি গ্রহণ করমো না। ”
সেদিনের সেই অবচেতন ঘৃণা আর ক্ষোভের স্মৃতি আজ আবার তার বুকের ভেতর আছড়ে পড়ল। অতীতে হারিয়ে যাওয়া মনটাকে টেনে হিঁচড়ে বর্তমানে ফিরিয়ে এনে নুহাসের গলার স্বরটা আরও বুজে এল। সে বিছানার পাশে হাঁটু মুড়ে নিচু হয়ে বসল নাওয়ালের মুখোমুখি। একদৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকাল। তার গলার ভেতর থেকে খসখসে শব্দ বেরিয়ে এল,
“আল্লাহ তোরে কী দিয়া বানাইছে রে? তোর একটুও কষ্ট লাগে না? আমি তো তরে একটুও মায়া করি না। একটা বারও তো তুই রাগ হয়না আমার উপর ! তুই এত বেহায়ার মতো আমার লাইগা এত পাগল কেন? হাসা ক তো, তোর কোনো কষ্ট নাই ?”
ছোট্ট নাওয়ালকে এর আগে কেউ কোনো দিন এমন প্রশ্ন করেনি। কষ্টের আলাদা কোনো সুন্দর শব্দ আছে কি না, তা ওই পাঁচ বছরের শিশুটা বোঝে না। কিন্তু এতক্ষণ না কাদলেও তার চোখের কোণ দুটো ছলশল করে উঠল। ওই জল গড়িয়ে পড়ার উপক্রম হয়েও যেন চোখের পাতাতেই আটকে রইল। তার শ্বাস-প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হতে শুরু করল। নাওয়াল কে কিছু বলতে না দেখে নুহাস আবার বলল,
“কথা কস না কেন? আমি তোরে কিচ্ছু জিগাই... ক কইতাছি ক !”
"আম্ম...আম্ম" কথা বলতে পারে না ছোট্ট নাওয়ার। কান্নায় গলা জড়িয়ে আসছে তার।
নুহাস যেনো পাগলের মতো হয়ে গেছে । এই পাগলামি তার কাছে নতুন কিছু নয় অতীতে কুহেলিকাকে পাওয়ার জন্য সে কম পাগলামি করেনি; কিন্তু সেদিনের সেই উন্মাদনার চেয়ে আজকের এই অনুভূতিটা বড্ড আলাদা, বড্ড দহনজ্বালা জড়ানো। নুহাসের বড় বড় হাত দুটো ধীরে ধীরে এগিয়ে গেল নাওয়ালের নরম গালের দিকে। চোখের কোণ থেকে গড়িয়ে পড়া সেই ছোট্ট জলের ফোঁটাটা সে নিজের আঙুলের ডগায় মুছে দিল।ছোট নাওয়াল বাবার এই স্পর্শে কেঁপে উঠে ফিসফিস করে বলে উঠল,
“মনি বলেতে... আম্মা নাকি জান্নাতের পাখি হয়েতে! আমিও একদিন জান্নাতের পাখি হব, আব্বা... তখন আমাল আর কোনো কষ্ট থাকবে না...!আমার কোন কষ্ট নাই, আব্বা। ”
নুহাস একেবারে স্থবির হয়ে গেল। সে যত দেখছে, ততই অবাক হচ্ছে। জান্নাতের পাখি? পাঁচ বছরের একটা শিশু এমন গুছিয়ে মৃ""ত্যুর কথা, জান্নাতের কথা কীভাবে বলে! নুহাস এবার আর থাকতে না পেরে নাওয়ালের ছোট্ট হাতটা নিজের শক্ত মুঠোয় খপ করে ধরে ফেলল। হাতটা ছোঁয়া মাত্রই সে টের পেল শিশুর শরীরটা প্রবল জ্বরে পুড়ে খাক হয়ে যাচ্ছে!
“ও অভাগা... এমন মায়া লাগাইয়া কথা কস কেন ? আজ যদি তোর মা বাইচ্চা থাকত... তুই মা পাইতি, বাপ পাইতি! তোর মা আমার লগে বেঈমানি কইরা চইলা গেছে... আমারে খালি হুমকি দিত বাপের বাড়ি চইলা যামু। কিন্তু সে তো বাপের বাড়ি না, একেবারে দুনিয়া ছাড়ে চইলাই গেল...!”
বাবার মুখে মায়ের কথা শুনে নাওয়াল এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। আবার হাতের সেই ক্ষতে টান পড়ায় সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল
“আব্বা, হাত ছালো... হাত... আমার হাতে বড় ব্যথা পাই আব্বা... ছালো!”
নুহাসের হাতটা আলগা হয়ে এল। সে খেয়াল করল, তার হাতের শক্ত চাপে নাওয়ালের কনুইয়ের ছাল-ছ্যাঁচড়ানো ক্ষতটা আবার একটু লালচে হয়ে উঠেছে। ছেলের প্রতি রাগ আর ভেতরে জমে থাকা এক অজানা মায়ার টানে তার বুকটা কেমন যেন ফাঁকা হয়ে আসছে। কিন্তু তার পুরুষালি মস্তিষ্ক এখনো এই নতুন অনুভূতিটার গভীরতা পুরোপুরি গ্রহণ করতে পারছে না কুহেলিকা চলে যাওয়ার পর থেকে সে তো কোনো দিন নাওয়ালকে এত কাছ থেকে দেখেনি! দেখলেও আজ এই মুহূর্তে নাওয়ালের প্রতিটি অবুঝ কথা আর মুখের প্রতিটি ভাঁজ তার বুকের ভেতর পাহাড়সমান পাথর হয়ে চেপে বসছে। সে চোখ দিয়ে ইশারা করল বিছানার ওপর রাখা কাপড়ের প্যাকেটটা খোলার জন্য।
ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে নাদিমের গলা ভেসে এল
“ওই নুহাস! কই তুই? দরজা খুল। ”
নুহাস চমকে উঠে সোজা হয়ে দাঁড়াল। দরজার দিকে এক পা বাড়িয়ে দিতে দিতে সে চাপা গলায় নাওয়ালের উদ্দেশে বলল, “ প্যাকেটে জামা আছে, জামাটা পইরা লও তো দেখি...!”
তারপর দরজাটা খুলে দিল, দরজার কপাট ঠেলে বাইরে আসতেই নুহাস দেখতে পেল, উঠানের আবছা আঁধারে নাদিম দাঁড়িয়ে আছে। দুই হাত পিঠের পেছনে জড়ো করা, মুখাবয়বে এক কঠিন গাম্ভীর্য। দুই ভাইয়ের মাঝে সচরাচর কোনো দিন দীর্ঘ আলাপ জমে না। যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই কথা।এমনকি সেই সামান্য প্রয়োজন মেটাতে গেলেও এক অপরকে অপক্ষায় রাখতে হয়। নুহাস ঘরে ফেরে রাত গভীরে, আর নাদিম সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে ঘরে ফিরেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। একই ভিটায় পাশাপাশি দুটি ঘর, অথচ দুজনের মাঝে যোজন যোজন পথ।
নাদিম নিস্পৃহ চোখে ছোট ভাইয়ের দিকে তাকাল। দীর্ঘদেহী, চওড়া ছাতির এক সক্ষম পুরুষ নুহাস; কিন্তু আগের সেই সুঠাম, গা-গতরের স্বাস্থ্যের তেজ এখন আর নেই। চুলগুলো অযত্নে রুক্ষ, কোনো শ্রী নেই।
নাদিম নিজের গলার থমথমে ভাবটা বজায় রেখে গম্ভীর গলায় বলল, “তুমি নিজের কথা কিছু চিন্তা করছ? তোমার জীবন এভাবে যাইব সারাদিন?”
নুহাস কোনো উত্তর দিল না। দরজার চৌকাঠে হাত রেখে নীরব থেকে দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে রাখল।
নাদিম এবার নিজের গলার স্বর কিছুটা নামিয়ে, চেপে রাখা বিরক্তি নিয়ে বলল,“আম্মারে আমি আর খাওয়াইতে পারুম না, নুহাস... আম্মারে তুমি নাও।”
নুহাসের কণ্ঠ থেকে ভেসে এল এক নিরাসক্ত ও শান্ত স্বর,“তুমি কইতাছ... উনুন আলাদা করনের কথা?”
নাদিম মুহূর্তকাল চুপ করে রইল। একটা নিঃশ্বাস ছেড়ে মাটির দিকে তাকিয়ে বলে উঠল, “হ, কইতাছি। আমার ওপর ঋণের বোঝা। রুপার বিয়ের ঋণ, নয়া ঘর হইতাছে ওইটার ঋণ... ঘরের কাজ বন্ধ আছিল, এখন ঘরের কাজ দুদিন পর শুরু অইব। সিলেটের নিয়মকানুন তো জানা আছে।মেয়ে বিয়ে দিলে অনেক কিছু দিতে হয়।রুপারও দেওন লাগবো সামনে রোজা রমজানের মাস। রমজান মাসে ইফতারি, ঈদের সময়ে উপহার...”
হিসাবের হিসাব কষে নাদিম আবার বলে চলল,
" রুপা আমাগো ছোট বোন। খালি একলা আমি দিতে পারতাম না,তোমারও দেওন লাগবো। এখন থাইকা কাজকাম করো... একটা বিয়া-শাদী করো।”
বড় ভাই হয়ে ছোট ভাইকে আবার সংসার পাতার কথা বলতে নাদিমের নিজের ভেতরেও একধরনের অস্বস্তি আর লজ্জা কাজ করছিল। তবু পরিস্থিতির চাপে পড়ে সে কথাটা না বলে পারল না। কিন্তু প্রতিক্রিয়াটা মোটেও ভালো হলো না। কথাটা শোনামাত্রই নুহাসের মেজাজ এক লহমায় চড়ে গেল। কড়া চোখে তাকিয়ে সে গর্জে উঠল,“তোমারে কইছি আমার বউ লাগবো? আমি কইছি? হ, এখন থাইকা আমি নিয়া নিমু আমার কাছে ...”
নাদিম একটু সামলে নিয়ে বলল,“ঠিক আছে, বিয়া করিও না। কিন্তু সাত দিন সময় দিলাম তোমারে, তোমার পাকঘর আলাদা করো।”
নুহাস ঘোর বিরক্তিতে ঘরের ভেতরে চলে যাওয়ার জন্য এক পা বাড়াল। চলতে চলতেই খসখসে গলায় বলল,
“আচ্ছা, অইবোনে...”
নুহাসের এমন দায়িত্বহীন বাউন্ডুলেপনা দেখে নাদিমের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে চাইল। সে পেছন থেকে উঁচু গলায় হাঁক ছাড়ল, “তোমার লগে আমার খাতা-কলমে বয়ন লাগবো! তোমার কাছে আমি পাঁচ লাখ টাকা পাই...”
নুহাসের পা জোড়া একদম থমকে গেল। সে পেছনে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে শুধাল,“কিসের পাঁচ লাখ?”
“রাজিয়ার বাপের বাড়ির টাকা আর বিদেশে যাইতে দিছিলাম ওই টাকা...”বলল নাদিম।
নুহাস আর এক মুহূর্তও দাঁড়াল না। সশব্দে ঠাস করে ঘরের ভারী কাঠের কপাট দুটো বন্ধ করে দিল। সেই বন্ধ দরজার ওপাশ থেকেই তার সংক্ষিপ্ত জবাব ভেসে এল, “দুই বছরের মাথায় দিয়া দিমু...!”
নুহাস তরতড় করে দরজার খিল এঁটে দিল ঠিকই, কিন্তু কপাটের ওপারে রয়ে যাওয়া নাদিমের ছলছল করে ওঠা চোখ দুটো সে খেয়াল করতে পারল না। কত বড় বাধ্যবাধকতা আর অসহায়তায় তাকে যে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, তা কেবল নাদিম জানে।
রাতের থমথমে আঁধারে বারান্দার দাওয়ায় বসে পড়ল নাদিম। তার চোখের কোণে জমতে থাকা জল আর আটকে রইল না, টুপটুপ করে গড়িয়ে পড়ল গালে। বাবার মৃত্যুর সময়টার কথা আজ বড় বেশি মনে পড়ছে। বাবা মা"'রা যাওয়ার সময় নাদিমের কাছে দুটি ভাই-বোনের দায়িত্ব তুলে দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, ওদের যেন কখনো পর না করে, আগলে রাখে।
উঠানের কোণে থাকা কাঠের খুঁটিতে কপাল ঠেকিয়ে দিল নাদিম। ভেতর থেকে যেন এক টুকরো হাহাকার উপচে আসছে। তার দ্বারা কি সত্যিই মা, ভাই আর ওই মা-হারা নিষ্পাপ বাচ্চাটাকে এভাবে পর করে দেওয়া সম্ভব? না, কখনো সম্ভব নয়।
নাদিম বিড়বিড় করে আকুল গলায় বলে উঠল,
“আব্বা... আমারে মাফ কইরা দিও, আব্বা... সংসারে রোজ রোজ অশান্তি, আব্বা! তোমার পোলা সংসারের কোনো দায়িত্ব লইতাছে না। ওই মা-মরা পোলাডারে কত কষ্ট দিতাছে! ওর ওপর ভাত-কাপড়ের দায়িত্ব না আইলে ও কোনো দিন ঠিক হইতো না... ভাববো মাথার ওপর ভাইয়ের ছায়া আছে...”
স্মৃতির কোঠা ফুঁড়ে পুরোনো দিনগুলো একে একে ভেসে উঠতে লাগল নাদিমের চোখের সামনে। তখন তারা উনুনের পাশের ছোট ঘরটাতে ঘুমাত। মাটির মেঝেতে বিছানো বিছানায় শুয়ে থাকত তিনজন
তাদের বাবা আর দুই ভাই। আর মাথার ওপরে টাঙানো কাঠের খাটিয়ায় মা শুতেন দুই বোনকে নিয়ে।
আট বছরের ছোট্ট নুহাস, তার চেয়ে মাত্র তিন বছরের বড় ভাই নাদিমকে কত আদরে ডাকত “ও ভাইজান, ভাইজান! তুমি ২০ টা পাইল দিবা পাখা দিয়া, তারপর আমি দিমু...!” নাদিম ঠিকই দিত কিন্তু নুহাস বিশটা পাখার বাতাস গোনাই শেষ করতে পারত না
মাঝপথেই ঘুমিয়ে কাদা হয়ে যেত, নয়তো ঘুমানোর ভান ধরে পড়ে থাকত!যাতে তাকে বাতাস করতে না হয়।
অথচ সেই আদরের ছোট ভাই আজ আর তাকে ‘ভাইজান’ বলে ডাকে না। কুহেলিকা চলে যাওয়ার পর থেকে নুহাস যেন দুনিয়ার সব সম্পর্ক, সব মায়ামমতা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে।
নাদিমের মনটা সবচেয়ে বেশি হু-হু করে ওঠে ছোট ভাতিজা নাওয়ালের জন্য। নিষ্পাপ ওই শিশুটার প্রতি তার বুকভরা মায়া কারণ ওই অবুজ মুখের দিকে তাকালেই সে নিজের প্রয়াত বাবার আদল দেখতে পায়। অথচ আজ নিজের ছোট ভাইয়ের এই কাণ্ডজ্ঞানহীন উচ্ছন্নতা আর বাউন্ডুলে স্বভাব দেখে বড় ভাই নাদিমের নিরুপায় দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার রইল না।
[আমি থাকছি শহরে, তার উপর সিলেটি🥴। গ্রামের
ভাষা আমার আসে না। তাই দুঃখিত...। জানাবেন আজকের পর্ব কেমন লাগলো। যেহেতু পেজের রিচ নাই, এটাই সবাই কমেন্ট করবেন। আর ভুলগুলো বলে দিবেন ]