ফন্ট সাইজ:
থিম:
নিশীথলগ্ন

পর্ব 1

লেখক: জান্নাতুল ফেরদৌস

কে ওখানে?
কে? কথা বলছো না কেন?
কে দৌড়ে গেল?

স্ক্রিপ্টের পাতায় লেখা সংলাপগুলো পড়তেই মেজাজ বিগড়ে গেল মেহেরিনের। বিরক্তিতে কপালে কয়েকটা ভাঁজ পড়ল। হাতে থাকা স্ক্রিপ্টটা আরেকবার উল্টেপাল্টে দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল।

এগুলো আবার কেমন সংলাপ! সে কি এখানে ভূতের সঙ্গে লুকোচুরি খেলতে এসেছে, নাকি কোনো প্রেমের নাটকে অভিনয় করতে এসেছে?

মনে মনে কয়েকবার লেখককে গালমন্দ করে মেহেরিন স্ক্রিপ্টটা বন্ধ করে দিল।

— ধুর! এসব কী লিখেছে!

পাশের সিটে বসে থাকা তার ম্যানেজার রায়হান মোবাইল থেকে মুখ তুলে তাকাল।

— কী হয়েছে ম্যাম?

মেহেরিন বিরক্ত মুখে স্ক্রিপ্টটা তার দিকে এগিয়ে দিল।

— এই যে দেখো! এই ডায়ালগগুলো পড়ে শোনো তো একবার। কে ওখানে? কথা বলছো না কেন? কে দৌড়ে গেল? ভুত কি আমার সঙ্গে প্রেমের আলাপ সারতে আসবে? আমার দ্বারা এসব ন্যাকামি হবে না ভাই!

রায়হান স্ক্রিপ্টের পাতায় চোখ বুলিয়ে মৃদু হাসল।

— ম্যাম, এটা তো হরর ফিল্ম।

— সো হোয়াট? হরর ফিল্ম বলে কি মাথামুণ্ডুহীন সংলাপ দিতে হবে? ভূত দেখলেই কি মানুষ একই কথা তিনবার করে জিজ্ঞেস করবে? একটু বাস্তবসম্মত কিছু লেখা যায় না?

— কিন্তু ম্যাম, গল্পের শুরুতেই তো আপনাকে একটু ভীতু দেখানোর কথা...

— আমাকে ভীতু দেখাবে? মেহেরিন চৌধুরী সানাকে?

কথাটা বলে নিজেই ঠোঁট বাঁকিয়ে হাসল সে।

— ভাই, অভিনয় করি বলে সবকিছু মেনে নিতে হবে, এমন কোনো চুক্তি তো করিনি। চরিত্রের প্রয়োজনে ভয় পাব, কাঁদব, চিৎকার করব। কিন্তু তাই বলে অযথা ন্যাকামি কেন করব?

রায়হান এবার একটু গম্ভীর হলো।

— ম্যাম, আপনি একবার পরিচালক স্যারের সঙ্গে কথা বলে দেখুন। সবকিছু তো এখনই পরিবর্তন করা সম্ভব না।

— তাহলে পরিচালককে বলো স্ক্রিপ্টটা আবার পড়তে। আর লেখককে বলো, ভূতকে দিয়ে প্রেমের প্রস্তাব দেওয়ানোর কোনো পরিকল্পনা থাকলে আমাকে যেন আগে থেকে জানিয়ে রাখে।

রায়হান এবার হাসি আটকে রাখতে পারল না।

— ম্যাম, আপনি না!

— আমি কী? সত্যি কথাই তো বলছি।

কিছুক্ষণ পর রায়হান আবার বলল,

— দেখুন ম্যাম, সব সেটআপ হয়ে গিয়েছে। ক্যামেরা, লাইট, লোকেশন, আর্টিস্ট সবাই অপেক্ষা করছে। আমরা এখন পৌঁছালেই শুটিং শুরু হবে। এত দূর এসে আবার স্ক্রিপ্ট পরিবর্তন করানো একটু কঠিন হয়ে যাবে।

মেহেরিন কোনো উত্তর দিল না। বিরক্ত মুখে গাড়ির জানালার কাচ নামিয়ে বাইরে তাকাল।

সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করেছে। আকাশের বুকজুড়ে কালচে মেঘের আস্তরণ। রাস্তার দুপাশে সারি সারি গাছ, মাঝেমধ্যে দু-একটা ছোট দোকান আর দূরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাড়িঘর। শহরের ব্যস্ততা অনেক আগেই পেছনে ফেলে এসেছে তারা।

সেই বিকেল চারটা থেকে গাড়িতে বসে আছে মেহেরিন। গন্তব্য শহর থেকে বেশ খানিকটা দূরের একটি গ্রাম। নাম ফুলনগর।

নামটা অবশ্য তার বেশ পছন্দ হয়েছে। ফুলনগর! নাম শুনলেই মনে হয়, পুরো গ্রামজুড়ে বুঝি ফুলের বাগান ছড়িয়ে আছে। অথচ গ্রামের প্রকৃত রূপ কেমন, তা এখনো তার জানা নেই।

— আর কত দূর রায়হান?

— আর মিনিট চল্লিশেক লাগতে পারে ম্যাম। রাস্তা একটু খারাপ।

— ওহ গড! চার ঘণ্টার বেশি হয়ে গেল। একটা শুটিং করতে এসে মনে হচ্ছে দেশ ভ্রমণে বের হয়েছি।

— আসলে লোকেশনটা একটু ভেতরের দিকে। পরিচালক স্যার নিজেই জায়গাটা পছন্দ করেছেন।

— পরিচালক স্যারকে বলো, পরেরবার কোনো গ্রহে শুটিংয়ের পরিকল্পনা করলে যেন আমাকে আগে থেকে জানিয়ে রাখেন। আমি সেই অনুযায়ী অক্সিজেন সিলিন্ডার নিয়ে বের হব।

রায়হান হেসে ফেলল।

— ম্যাম, আপনি আজকে বেশ মুডে আছেন দেখছি।

— মুডে? আমার মুডের অবস্থা এখন এমন যে কেউ সামনে এসে কথা বললে তাকেও স্ক্রিপ্টের মতো এডিট করে দিতে ইচ্ছে করবে।

কথা শেষ করে আবার বাইরে তাকাল মেহেরিন।

গাড়ির সামনের হেডলাইটের আলোয় রাস্তার দুপাশের দৃশ্যগুলো ভেসে উঠছে। কোথাও ঘন বাঁশঝাড়, কোথাও বিশাল পুরোনো গাছ। মাঝেমধ্যে রাস্তার পাশ দিয়ে দু-একজন মানুষ হেঁটে যাচ্ছে। তাদের পরনে সাধারণ গ্রাম্য পোশাক।

মেহেরিনের কৌতূহল হলো।

— আচ্ছা, ফুলনগরে কি সত্যিই অনেক ফুলের বাগান আছে?

রায়হান মাথা নাড়ল।

— ঠিক জানি না ম্যাম। তবে পরিচালক স্যার বলছিলেন, গ্রামটা নাকি বেশ সুন্দর। চারদিকে গাছপালা, পুরোনো জমিদারবাড়ি, একটা বড় দীঘি আর অনেক পুরোনো স্থাপনা আছে।

— জমিদারবাড়ি?

— জি। আমাদের শুটিংও নাকি ওই বাড়ির আশপাশেই হবে।

মেহেরিন একটু সোজা হয়ে বসল।

— বাহ! তাহলে তো জায়গাটা মন্দ না। পুরোনো জমিদারবাড়ি, হরর ফিল্ম, রাতের শুটিং। সব মিলিয়ে বেশ জমজমাট আয়োজন!

— আপনি তো একটু আগেই হরর ফিল্ম নিয়ে বিরক্ত হচ্ছিলেন।

— সেটা স্ক্রিপ্ট নিয়ে। জায়গা নিয়ে তো কিছু বলিনি।

রায়হান মুচকি হাসল।

মেহেরিন এবার নিজের ব্যাগ থেকে ফোন বের করল। বেশ কয়েকটি মিসড কল জমেছে। পরিচিত কয়েকজনের মেসেজও এসেছে। সে দ্রুত সেগুলোর উত্তর দিতে লাগল।

এই মেহেরিন চৌধুরী সানা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। খুব ছোট বয়স থেকেই অভিনয় জগতে তার পদার্পণ। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও নিজের মেধা, পরিশ্রম আর অভিনয়দক্ষতায় খুব অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছে সে।

বর্তমানে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। নাটক, সিনেমা, বিজ্ঞাপন—সব জায়গাতেই তার সরব উপস্থিতি। সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে অসংখ্য ভক্ত। তার হাসি, পোশাক, কথাবার্তা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের ছোটখাটো ঘটনাও ভক্তদের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।

তবে পর্দার মেহেরিন আর বাস্তবের মেহেরিনের মধ্যে বেশ পার্থক্য রয়েছে।

পর্দায় তাকে যতটা নম্র, শান্ত আর মিষ্টি স্বভাবের চরিত্রে দেখা যায়, বাস্তবে সে ঠিক ততটাই স্পষ্টভাষী, আত্মবিশ্বাসী এবং কিছুটা জেদি। নিজের পছন্দ-অপছন্দের ব্যাপারে কোনো আপস করতে পছন্দ করে না। অন্যায় বা অযৌক্তিক কিছু দেখলে মুখের ওপর বলে দেওয়ার অভ্যাসও আছে তার।

আর একটা ব্যাপার, মেহেরিন ভয় পেতে একদম পছন্দ করে না। অন্তত নিজের মুখে সে এমনটাই দাবি করে।

হঠাৎ গাড়ির গতি কিছুটা কমে এলো।

— কী হলো? গাড়ি থামাচ্ছ কেন?

ড্রাইভারের পাশ থেকে রায়হান সামনে তাকিয়ে বলল,

— মনে হচ্ছে সামনে রাস্তা আটকে আছে।

— কেন? আবার কী হলো?

— দেখছি ম্যাম।

গাড়ির সামনের কাচ দিয়ে তাকিয়ে মেহেরিন দেখতে পেল, রাস্তার একপাশে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের পাশে একটা ভ্যানগাড়ি। সম্ভবত কোনো সমস্যা হয়েছে।

ড্রাইভার গাড়ি একটু পাশে সরিয়ে ধীরে এগিয়ে গেল।

হঠাৎ রাস্তার পাশ থেকে একজন বয়স্ক লোক এগিয়ে এলেন। গাড়ির জানালার কাছে এসে তিনি ভেতরে উঁকি দিলেন।

— আপনারা কি ফুলনগর যাচ্ছেন বাবা?

রায়হান জানালা নামিয়ে উত্তর দিল,

— জি চাচা। ফুলনগর গ্রামে যাব। আর কত দূর?

লোকটা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল। তারপর বলল,

— বেশি দূর না। এই রাস্তা ধরে সোজা গেলেই পাবেন। তবে...

লোকটার কথা থেমে গেল।

রায়হান জিজ্ঞেস করল,

— তবে কী চাচা?

বৃদ্ধ লোকটি একবার রাস্তার দিকে, আরেকবার গাড়ির ভেতরের মানুষগুলোর দিকে তাকালেন।

— রাত হয়ে গেছে। আপনারা কি আগে কখনো ওই গ্রামে গেছেন?

— না। প্রথমবার যাচ্ছি। আমাদের শুটিং আছে।

শুটিংয়ের কথা শুনে লোকটার মুখের অভিব্যক্তি কিছুটা বদলে গেল।

— শুটিং?

— জি।

লোকটা আর কিছু বললেন না। শুধু মাথা নেড়ে সরে দাঁড়ালেন।

গাড়ি আবার চলতে শুরু করল।

মেহেরিন এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিল। এবার বিরক্ত কণ্ঠে বলল,

— আচ্ছা, এরা কি সবাই এমন? একটা প্রশ্ন করলে অর্ধেক উত্তর দিয়ে চুপ হয়ে যায় কেন?

রায়হান হেসে বলল,

— গ্রামের মানুষ একটু অন্যরকম হয় ম্যাম।

— অন্যরকম মানে?

— মানে, শহরের মানুষের মতো এত কথা বলে না।

— হুম! সেটা তো বুঝতেই পারছি।

মেহেরিন আবার ফোনের দিকে মনোযোগ দিল।

কিছুক্ষণ পর হঠাৎ তার চোখ পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা পুরোনো সাইনবোর্ডে।

অস্পষ্ট অক্ষরে লেখা—

ফুলনগর গ্রামে আপনাকে স্বাগতম।

সাইনবোর্ডটার নিচে ছোট ছোট কিছু অক্ষরও ছিল। কিন্তু গাড়ি দ্রুত এগিয়ে যাওয়ায় সেগুলো পড়া সম্ভব হলো না।

মেহেরিন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল।

— রায়হান!

— জি ম্যাম?

— আমরা কি ফুলনগরে ঢুকে গেছি?

— মনে তো হচ্ছে।

— তাহলে পরিচালককে ফোন দাও। বলো, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব।

রায়হান ফোন বের করতেই গাড়ির ভেতরে হঠাৎ নেটওয়ার্ক চলে গেল।

— ধুর! এখানে নেটওয়ার্কও নেই!

মেহেরিন বিরক্ত হয়ে ফোনটা ব্যাগে রেখে দিল।

— চমৎকার! একদম চমৎকার জায়গা বেছে নিয়েছে সবাই।

বাইরে তখন অন্ধকার আরও ঘন হয়েছে। রাস্তার দুপাশে ঘরবাড়ি দেখা গেলেও মানুষের আনাগোনা বেশ কম। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল।

মেহেরিন এবার স্ক্রিপ্টটা হাতে তুলে নিল। অন্তত সময়টা কাজে লাগানো যাক।

পাতা উল্টাতে উল্টাতে গল্পের পরবর্তী অংশে চোখ আটকে গেল তার।

সেখানে লেখা_

........ চলমান

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন