#সাতরঙা_প্রজাপতি
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
[পর্ব:১১]
সকাল পেরিয়ে দুপুর। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। এদিকে শোভনের জ্বরও কমে এসেছে প্রায়। রাউফুন খানের কথামতো তখনি শোভনের মাথায় পানি ঢেলেছে জ্যোতি। জোর করে অল্প কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। তাতেই জ্বর কমে গেছে।কপালে হাত রেখে শুয়ে আছে শোভন।
জ্যোতি স্বামীর উদ্দেশে বলল,"কড়া করে চা বানিয়ে আনব? খেলে ভালো লাগবে।"
"দরকার নেই।"
মন খারাপ করে বসে পড়ল জ্যোতি। কপাল থেকে হাত সরিয়ে চোখ মেলে স্ত্রীর দিকে তাকাল শোভন। প্রশ্ন করল,"চা খাব না বলেছি বলেও মন খারাপ হয়েছে তোমার?"
"এটা কী মন খারাপ করার মতো কোনো কারণ?"
"তাহলে মুখ এমন করে রেখেছো কেন?"
"এমনি।"
তার বিপরীতে কিছু বলল না শোভন। খানিকক্ষণ বাদে জ্যোতি বলল,"কাল যদি আপনাকে ভেজার জন্য জোর না করতাম তাহলে হয়তো আজ এমনটা হতো না। আমার জন্যই আপনি অসুস্থ হয়ে পড়লেন।"
স্ত্রীর কথায় দীর্ঘশ্বাস ফেলল শোভন। অনেক কষ্টে শোয়া থেকে উঠে বসলো। বলল,"তুমি কী জন্ম থেকেই এমন? নাকি বিয়ের হাওয়া গায়ে লেগে এমন হয়েছো?"
"বিয়ের আবার হাওয়াও আছে? কেমন দেখতে সেটা?"
আশ্চর্য হলো শোভন। সিদ্ধান্ত নিলো, এই মেয়ের সঙ্গে এই মুহূর্তে সে কোনো কথাই বলবে না। স্বামীর থেকে কোনো উত্তর না পেয়ে পূর্বের ন্যায় হতাশ মুখে বসে রইল জ্যোতি। মোবাইলের রিংটোন বাজতেই বসা থেকে উঠে মোবাইলের কাছে চলে গেল। কথা বলবে না ভেবেও বাধ্য হয়েই শোভন প্রশ্ন করল,"কে কল দিয়েছে?"
"মা।"
"ওহ।"
মোবাইল নিয়ে বারান্দায় চলে এলো জ্যোতি। কল রিসিভ করে সালাম দিলো। অপরপাশ থেকে সালামের জবাব নিয়ে রাউফুন খান প্রশ্ন করলেন,"শোভনের জ্বর সেরেছে, বউমা?"
"পুরোপুরি সারেনি, বাবা। তবে এখন উনি ভালোই আছেন।"
"ওহ, এটা জানার জন্যই ফোন করেছিলাম। রাতেও কিন্তু জ্বরের ওষুধ খাইয়ে দিও ওকে।"
"আচ্ছা। আপনার ছেলের সঙ্গে কথা বলবেন, বাবা? মোবাইল দেবো উনার কাছে?"
অপ্রস্তুত হয়ে গেলেন রাউফুন খান। আমতা আমতা করে বললেন,"প্রয়োজন নেই। রাখি তাহলে। শুনো, আমি যে কল দিয়েছিলাম তা আবার শোভনকে বলতে যেও না।"
সঙ্গে সঙ্গে কল কেটে দিলেন রাউফুন খান। জ্যোতি কিছুটা অবাক হলো। খান বাড়ির সবার সঙ্গে সবার সম্পর্কগুলো অনেক সুন্দর, মজবুত থাকলেও শোভনের সঙ্গে আনোয়ারা বেগম বাদে বাকি সবার সম্পর্ক কেমন যেন নড়বড়ে। কিন্তু কেন এমন? প্রশ্নের উত্তর খুঁজে পায় না জ্যোতি। কাউকে জিজ্ঞেস করতেও ভয় লাগে, যদি কেউ রাগ করে? ঘরে এলো জ্যোতি। শোভন শুয়ে আছে।
দ্বিধান্বিত কণ্ঠে শোভনের উদ্দেশে বলল,"একটা প্রশ্ন করব আপনাকে?"
"করো।"
"আপনার বাবার সঙ্গে কী আপনি কথা বলেন না? কিছু হয়েছে আপনাদের মধ্যে?"
মুখভঙ্গি বদলালো শোভনের। সরু দৃষ্টিতে তাকাল স্ত্রীর দিকে। তার এমন চাহনিতে ভেতরে ভয় কাজ করা শুরু করে দিলো জ্যোতির। শুকনো ঢোক গিলে বলল,"না মানে এমনিই জিজ্ঞেস করেছি। কখনো কথা বলতে দেখিনি তো।"
শোভন প্রত্যুত্তর করল না। জ্যোতি আবারো বলল, "বাবা-মায়ের মনে কখনো কষ্ট দিতে নেই। যদি কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে মিটিয়ে নেওয়া উচিত।"
শোভন পাল্টা প্রশ্ন ছুঁড়ল,"দুপুরে খেয়েছিলে?"
দুদিকে মাথা নাড়াল জ্যোতি। শোভন বলল,"আমি কী ছোটো বাচ্চা যে আমার কাছে সারাদিন বসে থাকতে হবে? নিজের খাওয়া-দাওয়া সব বিসর্জন দিতে হবে?"
"তার থেকে কম কীসের?"
দীর্ঘশ্বাস ফেলল সে। বলল,"সন্ধ্যা নামছে। গোসলও তো করোনি মনে হচ্ছে। যাও গোসল করে এসে খেয়ে নাও। নইলে নিজেরও শরীর খারাপ হবে।"
জ্যোতি মাথা নাড়িয়ে সেখান থেকে প্রস্থান করল। হুট করে শোভনের এমন জ্বর হওয়ায় চিন্তায় পড়ে গিয়েছিল সে। যার কারণে নাওয়া-খাওয়া ভুলে বসে ছিল স্বামীর শিয়রে। বাথরুমে ঢুকতে গিয়েও ফিরে এলো জ্যোতি। আবারো বলল,"আরেকটা প্রশ্ন ছিল।"
"কী?"
বলতে গিয়েও কিছু একটা ভেবে থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল,"না কিছু না।"
জিজ্ঞেস করেও লাভ নেই, তার থেকে সঠিক কোনো উত্তর যে পাবে না জ্যোতি বুঝে গেছে। তাই মনের কথা মনেই চেপে রেখে গোসল করতে চলে গেল। জ্যোতির অসম্পূর্ণ কথাতেও যেন কোনো ভ্রুক্ষেপ নেই শোভনের। নেই কোনো আগ্ৰহ। সে নিজের মতো বসে আছে দেওয়ালের দিকে দৃষ্টি স্থির করে। কিছু একটা ভেবে বিছানা ছেড়ে উঠে গেল শোভন। চার্জ থেকে মোবাইল খুলে নিয়ে আবারো বিছানায় এলো।
গোসল শেষে ভেজা কাপড় বারান্দায় মেলে দিয়ে রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়াল জ্যোতি। পেছন থেকে শোভন ডেকে বলল,"যাচ্ছো কোথায়?"
"রান্নাঘরে।"
"কেন?"
"কেন আবার? রান্না করতে হবে না? রাতে খাব কী?"
"এখন আর রান্নার প্রয়োজন নেই, এদিকে এসো।"
ভ্রু জোড়া কুঁচকে নিলো জ্যোতি। বলল,"বললেই হলো? আপনার জ্বর এখনো পুরোপুরি সারেনি। রাতে খাবার খেয়ে ওষুধ খেতে হবে।"
"তোমায় কে বলল আমি রাতে না খেয়ে থাকার চিন্তা ভাবনা করেছি? আমি তো শুধু তোমার কষ্টটা কমিয়ে দিলাম।"
"কীভাবে?"
"অনলাইনে খাবার অর্ডার দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাই রান্নাঘরে যেতে নিষেধ করেছি।"
"টাকা থাকলে মানুষের খেয়ে-দেয়ে আর কাজ থাকে না। কীভাবে অপচয় করবে সেই চিন্তায় মশগুল থাকে। ধুম করে অনলাইনে খাবার অর্ডার করে দিলেন? কে জানে তারা ঠিকভাবে সবকিছু পরিষ্কার করে রান্নাবান্না করে কিনা।"
"সেদিন এসব ভাবনা কোথায় ছিল? আসার পর তো ঠিকই বাইরের খাবার খেলে।"
"সেদিন তো রান্নার মতো ঘরে কিছুই ছিল না। তাই তো বাধ্য হয়ে ওসব খেয়েছিলাম।"
"আজকেও মনে মনে ভাবো ঘরে কিছু নেই।"
শোভনের সঙ্গে যে এই মুহূর্তে কথায় পারবে না সে বুঝে গেল। চুপচাপ বিছানার একপাশে এসে বসলো। শোভন বিছানা ছেড়ে আবার উঠল। জ্যোতি শুধাল,"এ মা উঠছেন কেন?"
"তোমায় বলব কেন?"
"তো কাকে বলবেন?"
"কাউকে বলব না।"
শোভন হেঁটে আলমারির কাছে চলে গেল। পোশাক নিয়ে বাথরুমে ঢুকলো।
কিছুক্ষণ বাদে কলিংবেল বাজার শব্দ পাওয়া গেল। জ্যোতি যেতে চাইলেও তাকে থামিয়ে দিয়ে নিজেই দরজা খুলতে চলে গেল শোভন। ডেলিভারি বয় এসেছে খাবার নিয়ে। খাবারের প্যাকেট নিয়ে বিল পেমেন্ট করে দরজা আটকে দিলো শোভন। টেবিলে খাবার রাখলো। জ্যোতি এসে বলল,"বসুন আপনি। আমি বাড়ছি।"
শোভন চুপ করে চেয়ার টেনে বসলো। দুটো প্লেটে খাবার বেড়ে একটি প্লেট শোভনের দিকে এগিয়ে দিলো জ্যোতি। মজা করে বলল,"খেতে পারবেন নাকি তখনকার মতো খাইয়ে দিতে হবে?"
শোভন মাথা তুলে জ্যোতির দিকে তাকাল। থমথমে গলায় জবাব দিলো,"তোমার ইচ্ছে হলে খাইয়ে দিতেই পারো। তাতে আমার কোনো আপত্তি নেই।"
অপ্রস্তুত হলো জ্যোতি। লজ্জায় মাথা নুইয়ে নিলো। দৃষ্টি সরিয়ে নিয়ে নীরবে খেতে লাগলো। জ্যোতির এমন মুখভঙ্গিতে মুচকি হাসল শোভন। খাওয়া শেষে ঘরে এসে বিছানায় শুয়ে রইল। জ্যোতি কাজ শেষ করে ঘরে এলো।
_______
অসুস্থতার কারণে একদিন অফিস যেতে পারেনি শোভনের। আজ তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো। অফিসে প্রবেশ করতেই আজ সবাইকে কিছুটা আনন্দিত মনে হলো। সবার হাতে একটি ইনভাইটেশন কার্ড।
তনিমা শোভনকে ডেকে পাঠাল। শোভন ভেতরে প্রবেশ করতেই একই ধরনের একটি ইনভাইটেশন কার্ড তার হাতে ধরিয়ে দিয়ে বলল,"আগামীকাল আমার জন্মদিন। সেই উপলক্ষ্যে আমার বাবা-মা পার্টির আয়োজন করেছেন। আমিও আর তাদের মুখের উপর না করতে পারলাম না।"
কার্ডটি গ্ৰহণ করল শোভন। তনিমা পুনরায় বলল,
"কাল সন্ধ্যায় পার্টির আয়োজন করা হয়েছে। আশা রাখছি সবার মতো আপনিও উপস্থিত হবেন সেখানে।"
"জ্বি, চেষ্টা করব।"
"উঁহু, চেষ্টা করলে তো হবে না, মি. শোভন। আপনাকে আসতেই হবে। আমি অপেক্ষা করব।"
"জ্বি, ম্যাম।"
স্থানটি ত্যাগ করার জন্য পেছন ঘুরে দরজার দিকে পা বাড়াল শোভন। পেছন থেকে তনিমা বলল,"ও হ্যাঁ, একা একা এলে কিন্তু হবে না। পুরো পরিবার নিয়ে আসবেন।"
"পুরো পরিবার কেন?"
অপ্রস্তুত হলো তনিমা। আমতা আমতা করে বলল, "সাত মাস হলো অফিসে জয়েন করেছি। আপনাদের সবার সঙ্গে তো ভালো একটা সম্পর্কই গড়ে তুলতে পারলাম না। তাই ভাবলাম এই পার্টির মাধ্যমে যদি চেনা জানা আরও গভীর হয়। পরিবারসহ এলে খুশি হব। বাকিদেরও কিন্তু এ কথাই বলেছি।"
"ওহ, আচ্ছা নিয়ে আসব।"
খুশি হলো তনিমা। শোভন সেখান থেকে চলে গেল। আজ হঠাৎ করেই খুব মন খারাপ হলো জ্যোতির। ইচ্ছে করছে কান্না করতে। অনেকদিন হলো মাকে দেখে না সে। এইতো কিছুক্ষণ আগেই ভাবির নাম্বারে কল দিয়েছিল। বেশ কিছুক্ষণ কথাও বলেছে, মায়ের সঙ্গেও কথা বলতে চেয়েছিল। কিন্তু জায়েদা খাতুনের অবস্থা আগের থেকেও করুণ। আগে যা একটু কথা বলতে পারতেন, এখন যেন তাও পারেন না। ভিডিও কলে যে মাকে একটু দেখবে তার জো নেই। সম্পার কাছে বাটন ফোন। শ্বশুরবাড়িতে থাকলে এতদিনে হয়তো বেশ কয়েকবার মাকে দেখে আসতে পারত, কিন্তু এখন! এখন তো সে চেয়েও তা পারছে না। গালে হাত দিয়ে মুখখানি ভার করে বসে রইল জ্যোতি।
রাতে শোভন বাড়ি ফিরল। স্ত্রীর মুখায়ব দেখে বুঝতে পারলো কিছু একটা হয়েছে। হাতমুখ ধুয়ে বিছানায় এসে বসলো। শুধাল,"কী হয়েছে তোমার?"
নীরব রইল জ্যোতি। শোভন আর ঘাঁটলো না স্ত্রীকে। কয়েক মিনিট বাদে জ্যোতি নম্র স্বরে বলল,"আমার না মাকে খুব দেখতে ইচ্ছে করছে। নিয়ে যাবেন আমায় মায়ের কাছে? একবার দেখেই না হয় চলে আসব।"
ভ্রু কুঁচকে নিলো শোভন। জ্যোতি দুঃখ নিয়ে বলল,
"ভাবির সঙ্গে কথা হয়েছে। কথা বলে মনে হলো মা অনেক অসুস্থ। নিয়ে যাবেন আমায়?"
প্রত্যুত্তরে না বলতে পারলো না শোভন। সময় নিয়ে বলল,"হুম, নিয়ে যাব।"
অধরে হাসি ফুটে উঠল। প্রশ্ন করল,"কবে?"
"পরশু অফিস থেকে ছুটি এনে না হয় যাব।"
"আচ্ছা।"
শোভন একটি শপিং ব্যাগ স্ত্রীর কোলের উপর রাখলো। জ্যোতি তার দিকে তাকাতেই শোভন বলল,"এটা তোমার জন্য।"
ব্যাগটি খুলে দেখলো জ্যোতি। ভেতরে একটি শাড়ি আর হিজাব। শোভন জিজ্ঞেস করল,"পছন্দ হয়েছে?"
"হ্যাঁ, শাড়িটা খুব সুন্দর। কিন্তু হঠাৎ শাড়ি কেন?"
"কাল একটা ইনভাইটেশন আছে। তাই নিয়ে এলাম। এমনিতে শাড়িতে কিন্তু তোমায় মন্দ লাগে না।"
কথাটা বলেই উঠে গেল শোভন। জ্যোতি সেখানেই ঠাঁই বসে রইল। বিড়বিড় করে বলল,"হুহ, সেদিন তো ঠিকই বললেন শাড়িতে আমায় ভালো লাগে না। এখন আবার ঢং করে অন্য কথা বলছেন? পাল্টিবাজ।"
_______
একদিন পার হলো। আজ তনিমার জন্মদিন।জন্মদিনের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে। ছোটখাটো নয়, বরং বড়সড় আয়োজন করা হয়েছে সেখানে। জ্যোতির শাড়ি পরা প্রায় শেষের দিকে। কিন্তু শেষে একটি ঝামেলায় পড়ে গেল। কুচিটাই ঠিক করতে পারছে না সে। একবার ভাবল, শোভনকে বলবে। কিন্তু পরমুহূর্তেই ভেতরে জড়তা কাজ করল।
ঘরের বাইরে থেকে ডাক এলো,"হয়েছে তোমার?"
জ্যোতি কী করবে বুঝতে পারছে না। শেষে জড়তা দূরে ঠেলে দরজার ছিটকিনি খুলে দিলো। শোভন ভেতরে প্রবেশ করল। কিছু বলার জন্য অগ্ৰসর হতেই জ্যোতি নিচু স্বরে বলে উঠল,"একা একা কুচিটা ঠিক করতে পারছি না। কুচিটা কী একটু ধরবেন?"
শোভন চুপচাপ কিছুক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে রইল। তারপর প্রশ্ন করল,"তাহলে সেদিন কীভাবে শাড়ি পরলে?"
"পাশের ফ্ল্যাটের ভাবি সাহায্য করেছিলেন।"
"ওহ।"
জ্যোতি চোখ তুলে তাকাল। বলল,"ধরবেন না?"
"হ্যাঁ, কোথায় ধরতে হবে?"
জ্যোতি হাত দিয়ে দেখিয়ে দিলো। শোভন কুচিটা ধরে রাখলো। কুচি ঠিক হতেই সরে দাঁড়াল। জ্যোতি মাথায় হিজাব বেঁধে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে শোভনের দিকে ফিরল। বলল,"হুম আমি তৈরি। এবার চলুন।"
শোভন কিছু বলল না। এগিয়ে এলো জ্যোতির দিকে। জ্যোতি ভ্রু কুঁচকে নিলো। শোভনের তাতে ভ্রুক্ষেপ নেই। ড্রেসিং টেবিলের উপর থেকে একটি টিস্যু নিলো হাতে। তারপর স্ত্রীর কাছে গিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে দিলো। চমকে গেল জ্যোতি। শোভন বলল,"এবার ঠিক আছে, চলো।"
চলবে _____
(কপি সম্পূর্ণ নিষিদ্ধ।)