ফন্ট সাইজ:
থিম:
যে চোখে পদ্ম ফোটে

পর্ব 1

লেখক: সানজিদা খানম স্বর্ণা

“শুনলাম,আপনার বড় মেয়েটি নাকি অন্ধ?”

আচানক এহেন প্রশ্ন শুনে বেশ হকচকিয়ে গেলেন নিয়াজ সাহেব। বিব্রতবোধের স্পষ্ট ছাপ দেখা গেল উনার মুখো ভঙ্গিমায়। সম্মুখে বসে থাকা ভদ্রমহিলা প্লেট থেকে আরেকটা পেয়ারার খন্ড তুলে নিলেন হাতে। ফর্সা গোলগাল মুখশ্রী উত্তরের অপেক্ষায় উদগ্রীব হয়ে আছে। নিয়াজ সাহেব একবার এলোমেলো দৃষ্টিতে নজর বুলালেন পুরো কক্ষে। না। এই প্রশ্নে নতুনত্ব কিছু নেই। হরহামেশাই এখানে-ওখানে এই প্রশ্নের সম্মুখীন হন তিনি। তবে আজকের পরিস্থিতি ভিন্ন। ছোট মেয়ে রুচিকে দেখতে এসে বড় মেয়ের অন্ধত্ব নিয়ে সরাসরি এমন প্রশ্নবাণ তিনি আশা করেননি। উনার বিব্রতবোধটা ক্রমেই যেন ক্রোধে রূপান্তরিত হলো। কিন্তু কন্যার পিতার অভদ্র হওয়া চলে না। সুতরাং শান্তস্বরে উত্তর দিতে হয়,
“জী।”

উত্তর শুনে তিনি অল্প হাসেন। নিয়াজ সাহেব অপ্রতিভ হন। রাগে শরীর জ্বলে যায় উনার। বড় মেয়ে অন্ধ শোনার পরে এমন হাসির মানে কি? অন্ধত্বটা কি খুব খুশির কিছু? মন খারাপের বিন্দুমাত্র প্রকাশ নেই মহিলাটির মাঝে। তবুও কয়েকটা কড়া কথা শুনাতে পারেন না তিনি। ওই ভদ্রতা নামক শব্দে শক্তপোক্ত বাঁধন দেওয়া লাগে রাগটাকে। ভদ্রমহিলার কৌতুহল বাড়ে,
“এই জন্যই বুঝি বিয়ে দিতে পারছেন না?”

নিয়াজ সাহেব চাপা দীর্ঘশ্বাস ফেলেন। ধৈর্য বস্তুটি বরাবর বেশীই উনার। ধৈর্যের বাঁধ সহজে ভাঙে না। তবুও ধাক্কা তো লাগে। সেই ধাক্কা সামলে জবাব দেন,
“আসলে পছন্দমতো ছেলে পাচ্ছি না।”
“পাবেনই বা কি করে? কে জেনে শুনে ওই অন্ধ মেয়েকে বিয়ে করবে?”

নিয়াজ সাহেব উদ্যোগ নেন কিছু কড়া কথা শোনানোর। তাঁর বাড়ির ড্রয়িংরুমে বসে উনার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কটুক্তি করার দুঃসাহস দেখাচ্ছে এই ভদ্রমহিলা।

নিয়াজ সাহেব বড় মেয়েটিকে অত্যাধিক স্নেহ করেন। আর করবেনই না কেন? বিয়ের সাত বছর কেটে যাবার পরেও সন্তান হচ্ছিল না উনাদের। মমতাজ বেগম সন্তান কামনায় চোখের জলে নাকের জলে ভাসাতেন। এখানে ওখানে ছুটতেন। কবিরাজ, ডাক্তার, হুজুর, মোল্লা কিছুই বাদ রাখেননি তিনি। পানি পড়া, তাবিজ-কবচ সব বিশ্বাস করেছেন অন্ধের মতো। কিন্তু কিছুতেই যখন কিছু হলো না তখন সংসারে শুরু হলো অশান্তি। সব কথাতেই ঝগড়া ঝামেলা। অতিষ্ঠ হয়ে নিয়াজ সাহেব অন্ধকার দেখতে লাগলেন চোখে। সেই অন্ধকারে আলোর দিশারি হয়ে ছুটে এল একটা ভ্রুণ। মা হবার সংবাদে শান্ত জলধির মতো স্থির হয়ে গেলেন মমতাজ বেগম। সংসারে ফিরল সুখ। উনার বড় মেয়ের জন্ম হলো রাত দুটোর সময়। গ্রামের বাড়িতে। গ্রামে তখনো বিদ্যুৎ পৌঁছায়নি। ডেলিভারির জন্য সেখানেই নেওয়া হয়েছিল মমতাজ বেগমকে। ঘুটঘুটে অন্ধকারে ঘরের বাহিরে অপেক্ষা করছিলেন নিয়াজ সাহেব। হঠাৎ একটা শিশুর কান্নায় আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠল। নিয়াজ সাহেব আনন্দে লাফিয়ে উঠেছিলেন সেদিন। মনটা ছটফট করে ওঠল বাচ্চাটাকে দেখার জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে যখন বাচ্চাটাকে উনার কোলে দেওয়া হলো তখন উনার হাঁত কাঁপছিল। উনি প্রদীপের ক্ষীণ আলোয় দেখতে পেলেন একজোড়া সুন্দর চোখ নিয়ে একটা শিশু পিটপিট করে তাকাচ্ছে। চোখজোড়া দেখেই নিয়াজ সাহেব মুগ্ধ হয়ে গেলেন। এতো সুন্দর চোখ? কি মায়াবী! তৎক্ষনাৎ নিয়াজ সাহেবের মনে হলো এই মেয়ের নাম দেবেন সুনয়না। কিন্তু হায় ভাগ্য!

নিয়াজ সাহেব স্মৃতিচারণ শেষে দীর্ঘশ্বাস ছাড়েন। স্মৃতিগুলো বড় জীবন্ত। হুটহাট মনে পরে। এবং তখনই মনটা ভার হয়ে যায়। আহা, তাঁর কি সুন্দর মেয়েটা!

নিয়াজ সাহেব চুপ করে আছেন দেখে ভদ্রমহিলা অন্য সুর ধরেন,
“তা ছোট মেয়েকে নিয়ে আসুন। সেই কখন থেকে বসে আছি। খুব বেশী সাজগোজের প্রয়োজন নেই। আমার ছেলে আবার এতো সাজগোছ পছন্দ করে না।”

নিয়াজ সাহেব তাকালেন ভদ্রমহিলার ছেলের দিকে। ছেলেটা মোটামুটি সুদর্শন। তবে ভদ্রতায় খামতি আছে। পায়ের ওপর পা তুলে জমিদারি স্টাইলে বসেছে সোফায়। যেন সেই এই সাম্রাজ্যের রাজা। আর বাকীরা প্রজা। মায়ের কথা শুনে ছেলেটা বেকুবের মতো হাসলো। নিয়াজ সাহেবের অসহ্য লাগল সেই হাসি। এই পাত্রপক্ষকে কোথা থেকে ধরে আনল মমতা? যাকে তাকে মেয়ের জামাই করার জন্য পা-গ-ল হয়ে যায়। এখন যদি উনি এই অভদ্রোচিত লোকদের কড়া কিছু বলেন তবেই মমতাজ অশান্তি শুরু করবে। ঘটনার সূত্রপাত যেহেতু বড় মেয়ে রিচিকে নিয়ে সেহেতু মমতাজ বেগমের সব রাগ ক্ষোভ গিয়ে জমা হবে ওর উপর। নিয়াজ সাহেব চান না মেয়েটাকে কষ্ট দিতে। বাধ্য হয়েই সয়ে যান কটু কথাগুলো। অতঃপর হাঁক দিয়ে ডাকেন,
“মমতা? এই? রুচিকে নিয়ে আসো।”

মমতাজ বেগম আদরের ছোট মেয়েটাকে নিয়ে বসার ঘরে আসেন। রুচির গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা। সাধারণ গড়ন। গরপরতা আর পাঁচটা বাঙালি মেয়েদের তুলনায় বেশ খানিকটা লম্বা। শাড়ি পরে তাকে চমৎকার দেখাচ্ছে। আকর্ষণীয় দেহের বাঁকে বাঁকে নজর বুলালো পাত্রটি। ভদ্রমহিলা স্নেহের স্বরে বলল,
“বসো।”

উনার ইঙ্গিতকৃত স্থানের দিকে একবার তাকাল রুচি। নিজের ছেলের পাশের বসার ইঙ্গিত দিয়েছেন তিনি। রুচি সেখানে বসল না। সে বসল বাবার পাশে। ভদ্রমহিলা বেশ কিছুক্ষণ খুঁটিয়ে দেখল তাকে। এক পর্যায়ে উঠে এসে মাথার ওড়না সরিয়ে চুলের খোঁপা খুলে দিল। একগাছি লম্বা কালো চুল ছড়িয়ে পরল রুচিতার পিঠের ওপর। ঘটনাটি ঘটল দ্রুত। রুচিতা আপত্তি করার সময়ও পেল না। তবে বিরক্ত হলো ভীষণ। আজকালকার যুগেও কেউ এভাবে হাটের গরুর মতো পাত্রী দেখে নাকি? ভদ্রমহিলা একটু টেনে টেন দেখল রুচির চুলগুলো। ব্যাথায় চোখমুখ কুঁচকে ফেলল রুচি। নিয়াজ সাহেব বিরক্ত হয়ে বললেন,
“কি করছেন?”
“চুল দেখছি। চুলের গোড়া বেশ শক্ত। সহজে চুল পরবে না। কি বলুন তো, প্রায়ই দেখা যায় বিয়ের আগে মেয়ের মাথা ভর্তি চুল। বিয়ের পর হঠাৎ করেই সব চুল ঝরে যায়। আর বাচ্চা হবার পর তো কথাই নেই। চুল পরে মাথা ফাঁকা। সেজন্য শুরুতেই চুলের গোড়া পরীক্ষা করে নেওয়া ভালো।”

বলতে বলতে রুচির মাথায় কোনো রকম একটা খোঁপা করে দিয়ে ওড়না তুলে দিলেন মাথায়। অত:পর বসলেন গিয়ে নিজের স্থানে। নিয়াজ সাহেব বিরক্ত হলেন ভীষণ। মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে রইলেন তিনি। ভদ্রমহিলা সোফায় বসে প্রশ্ন করল,
“নাম কি তোমার?”
“রুচি।”

বিনয়ের সহিত জবাব দিল সে। ভদ্রমহিলার ভ্রুঁতে সামান্য কুঞ্চন দেখা দিল। কৌতুহলী হয়ে প্রশ্ন ছুঁড়ল,
“শুধু রুচি? অদ্ভুত নাম!”

না। ওর নাম শুরু রুচি নয়। পুরো নাম তাহমিনা আফরিন রুচি। তবে ভদ্রমহিলা যেই নামটাকে অদ্ভুত জ্ঞান করেছেন সেই নামটাই তার বিশেষ পছন্দ। সেজন্য কেউ নাম জিজ্ঞেস করলে সেটাই বলে সে। ছোট নাম। বলতে সুবিধা। তাছাড়া রুচি নামে একটা চানাচুর চানাচুর ভাব আছে। শুনলেই মাথার ভেতর একটা গানের সাথে সাথে কিছু চরণ বেজে ওঠে। ওই যে—

আমারও পরাণও যাহা চায়,
তুমি তাই..
তুমি তাই গো…
মোটা গাঁথিয়া,বাদাম ও মুখরোচক সব উপাদান,
রুচি চানাচুর অরজিনাল মিক্স,
চানাচুরের আসল স্বাধ।

তাছাড়া রুচি চানাচুর পছন্দও করে। ঝাল ঝাল চানাচুর দিয়ে মুড়ি মাখা খাওয়ার আনন্দই আলাদা। রুচিতা ঠোঁট জোড়া প্রসারিত করে হাসলো। বলল,
“জ্বি।”

কেন যেন ভদ্রমহিলাকে নিজের পুরো নাম বলতে ইচ্ছে করল না তার। শুরুতেই তার নাম সম্পর্কে মহিলা বিরূপ মন্তব্য করেছে। চুল নিয়ে টানাটানি করেছে। তাছাড়া এই বিয়ে করার কোনো ইচ্ছে রুচির নেই। আপুর বিয়ের আগে তার বিয়ে হবে এটা ভাবাই তো ভীষণ কুৎসিত ব্যাপার। তবুও মায়ের জোড়াজুড়িতে পাত্রপক্ষের সামনে বসতে হয় তাকে। মায়ের এই জবরদস্তি বিষয়টি তার যে কি ভীষণ বিরক্ত লাগে। সে একবার তাকাল মায়ের দিকে। মমতাজ বেগম মেয়ের দিকে কড়া চোখে তাকালেন। দাঁত কটমট করলেন। উনার কড়া চোখ এবং কটমট করা ভঙ্গির স্থায়িত্ব ন্যানো সেকেন্ড। তিনি মেয়ের ডুবিয়ে দেওয়া নৌকার হাল ধরেন আহ্লাদিত কন্ঠে,
“আরে না আপা। ওর পুরো নাম তাহমিনা আফরিন রুচি।”
“তাই বলুন। আজকালকার মেয়েদের যা নাম! বাপরে। যাই হোক, আপনার বড় মেয়ের নাম কি?”
“ওর নাম রিচি।”

মমতাজ বেগম সহাস্যে উত্তর দিলেন। রুচি বলল,“আপার পুরো নাম জানতে চাইবেন না?”
“মানে?”
“না। আপনাদের তো আবার পুরো নাম না জানলে চলে না।”

ভদ্রমহিলা অসন্তুষ্ট দৃষ্টিতে তাকালেন। অনিচ্ছায় প্রশ্ন করলেন,
“তোমার আপার পুরো নাম কি?”
“সুনয়না আফরিন রিচি।”

হঠাৎই ভদ্রমহিলা শব্দ করে হেসে ওঠলেন। ব্যাঙ্গের খাদ মেশানো একটু পরিহাস ধরণের হাসি হেসে বলেন,
“কানা ছেলের নাম আবার পদ্মলোচন!”

নিয়াজ সাহেব উঠে দাঁড়ালেন। সাথে উঠে দাঁড়াল রুচিও। মমতাজ বেগম করুণ দৃষ্টিতে তাকাল স্বামীর দিকে। চোখের ইশারায় বোধহয় শান্ত থাকতে বললেন তিনি। কিন্তু নিয়াজ সাহেব অগ্রাহ্য করে সেই ইশারা। দাঁড়িয়ে গম্ভীর কন্ঠে বললেন,
“আপনারা এখন আসুন প্লিজ।”

ভদ্রমহিলা হকচকিয়ে যান। থতমত খেয়ে তাকান নিয়াজ সাহেবের দিকে। নিয়াজ সাহেব খুবই স্বাভাবিক ভঙ্গিতে ইশারায় দরজার দিকে ইঙ্গিত করলেন। ভদ্রমহিলা এবং উনার ছেলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে উঠে দাঁড়াল। থমথমে গলায় ভদ্রমহিলা প্রশ্ন ছুঁড়েন,
“মানে?”
“মানেটা খুব সহজ। আপনার ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দেব না। সুতরাং আপনারা আসতে পারেন।”

ভদ্রমহিলা আরেকদফা অবাক হন। উনার মুখের ভাব দেখে মনে হয়—পাত্রপক্ষকে সরাসরি প্রত্যাখ্যান করার মতো ঘটনা পৃথিবীতে আগে বোধহয় ঘটেনি। অন্তত উনি তেমন কিছু জানেন না। মুখ ভার করে মমতাজ বেগমের দিকে তাকিয়ে বললেন,
“এটা আবার কেমন অভদ্রতা, আপা?”

মমতাজ বেগম হড়বড়িয়ে কিছু বলতে যাচ্ছিলেন। ম্যানেজ করতে চাইছিলেন ঘটনাটা। কিন্তু নিয়াজ সাহেব সেই সুযোগ দিলেন না। তিনি ক্রুদ্ধ কন্ঠে বলেন,
“আপনাদের সাথে এতোক্ষণ অনেক ভদ্রতা দেখিয়েছি। দুঃখিত আর পারছি না। আসলে কি বলুন তো অভদ্র লোকেদের সাথে ভদ্রতা করা চলে না। শেষে গিয়ে নিজেদের আত্মসম্মান খোয়াতে হয়।”
“আমরা অভদ্র?”

ভদ্রমহিলার কন্ঠে ফুটে ওঠে মাত্রাতিরিক্ত বিস্ময়। যেন বিশ্বাস করতে পারেন না কথাটা। নিয়াজ সাহেব দীর্ঘশ্বাস মুক্ত করেন আলগোছে। অত:পর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলেন,
“আমার বাড়িতে দাঁড়িয়ে যে বা যারা আমার মেয়ে সম্পর্কে কটুক্তি করতে পারে তাদের আমি ভদ্র মানুষের কাতারে ফেলতে পারছি না।”

“আমি কি ভুল কিছু বলেছি?”

মুখশ্রী থেকে বিস্ময় সরে গিয়ে ভদ্রমহিলার কন্ঠে ভেসে আসে প্রশ্ন। নিয়াজ সাহেব অত্যন্ত শান্ত কন্ঠে জবাব দেন,
“না। আপনি ঠিকই বলেছেন। আমারই ভুল। যাকে তাকে বাড়ির ভেতরে প্রবেশ করার সুযোগ দিয়েছি। ভুলটা যেহেতু আমার সেহেতু শুধরানোর দায়িত্বও আমার।”

একটু থেমে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিয়ে তাকিয়ে নিয়াজ সাহেব বলেন,
“শোনো বাবা,আমার ছোট মেয়ের পাত্র হিসাবে তোমাকে আমার ঠিক পছন্দ হয়নি। তুমি প্লিজ নিজের মাকে নিয়ে চলে যাও।”

বাক্যের সমাপ্তি দিয়ে নিয়াজ সাহেব আর দাঁড়ালেন না সেখানে। বড় বড় পা ফেলে চলে গেলেন ভেতরে। রুচিও পিছু নিল বাবার। এখানে তার দম বন্ধ হয়ে আসছে।

মততাজ বেগম আসহায়ের মতো তাকালেন পাত্রপক্ষীয় লোকজনের দিকে। নিয়াজ সাহেবের ঠান্ডা স্বরের সামনে আর কিছু বলার এখতিয়ার উনার নেই। মনটা বিষণ্ণ হলো উনার। শরীরের প্রতিটি অঙ্গে ছড়িয়ে পড়ল রাগের বহ্নিশিখা। শুধুমাত্র বড় মেয়েটির জন্য ছোট মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। কয়েকটা কড়া কথা না শুনালে শান্তি লাগবে না।

•
শুভ্র মেঘের ভেলায় ছেঁয়ে আছে আকাশ। শ্রাবণ মাস। শ্রাবণ মাসের আলাদা একটা সৌন্দর্য আছে। এ মাসে হুটহাট বৃষ্টি হয়। এই দেখা যাচ্ছে তীব্র রোদের ঝংকারে জনজীবন অতিষ্ঠ, আবার পরক্ষণেই আকাশ গর্জন করে ওঠে। অবিরাম বর্ষণে ভিজিয়ে দেয় চারিদিক। রিচির তখন ইচ্ছে করে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে। শুধু কি তাই? উহু। তার ইচ্ছে করে দুই হাত দুপাশে ছড়িয়ে দিয়ে অবিরত চরকির মতো ঘুরতে। ২৪ বছর বয়সী একজন অত্যন্ত রূপবতী তরুণী দুই হাত ছড়িয়ে ঝুম বৃষ্টির মাঝে চড়কির মতো ঘুরছে— দৃশ্যটি নিশ্চয়ই খুব সুন্দর? রিচি জানে না। লোকে তো তাকেও সুন্দর বলে। রুচি প্রায়ই বলে,
“আপা শোনো, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হচ্ছো তুমি। মাঝে মাঝে তোমাকে দেখে আমার হিংসে হয়। আল্লাহ আমাকে তোমার মতো সুন্দর করে কেন পৃথিবীতে পাঠালো না?”

রিচি তখন হাসে। তার হাসিও সুন্দর। এই সুন্দর হাসির জন্যই রুচি তাকে ডাকে শুচিস্মিতা বলে। রিচির কাছে সবটাই বাড়াবাড়ি মনে হয়। সৌন্দর্যের সঠিক সংজ্ঞা জানে না রিচি। তার কাছে সবই ঘন কালো অন্ধকার। এই অনিন্দ সুন্দর পৃথিবী দেখার মতো সৌভাগ্য তার নেই। সে অন্ধ। পঞ্চ ইন্দ্রিয়ের একটায় যদি কোনো খামতি থাকে সৃষ্টিকর্তা হয়তো অন্য ইন্দ্রিয়গুলো আরও প্রখর করে সেই খামতি পূরণ করে দেন। সেই ইন্দ্রিয়ের প্রখরতার কারণেই ছাদে আসার সাথে সাথে ভ্রু কুঁচকে যায় রিচির। বাড়িতে আজ রুচিকে দেখার জন্য মেহমান এসেছে। এমন দিনগুলোতে রুচির ঘরের বাহিরে বের হওয়া বারণ। লোকজনের সামনে মমতাজ বেগম প্রায়ই এড়িয়ে যেতে চান নিজের বড় মেয়ের কথা। এমন একটা ভাব করেন যেন উনার একটাই মেয়ে। রিচি মায়ের মনোভাব বুঝতে পারে। এবং নিজেকে বন্দীও করে রাখে ঘরে। কিন্তু আর তার ইচ্ছে করছে না। কারণ আকাশে মেঘ ডাকছে। মেঘের গুড়ুম গুড়ুম শব্দ তার খুব প্রিয়। প্রিয় ডাক শুনে ঘর ছেড়ে ছাদে উঠে এসেছে রিচি। অন্ধ বলে যে বাড়ির ভেতর চলাফেরা করতে তার অসুবিধা হয় তেমনটা নয়। এই বাড়ির প্রতিটি কোণ চেনে রিচি। বাড়ির প্রতিটি আনাচে-কানাচে কোনো বাধা ছাড়াই সে ঘুরে বেড়াতে পারে। অন্যরা যেই বিষয়গুলো খেয়ালও করে না সেই বিষয়গুলোও মনযোগ দিয়ে খেয়াল করে রিচি। খেয়াল মানে ওই অনুধাবন আরকি। এই অনুধাবন শক্তি অধিক প্রখর তার। নয়তো নিচতলায় সিঁড়ির কাছটায় যে দেয়াল থেকে পলেস্তারা খসে পরেছে সে কথা কে কবে বলে দিয়েছে তাকে? হয়তো কেউ খেয়ালই করেনি। রিচি করেছে। এবং সেই সাথে খেয়াল করেছে বাবা-মায়ের ঘরের ভাঙা কাঁচের জানালাটাও। ওইতো সেদিন বৃষ্টির সময় ঘরের থাই জানালাটা বন্ধ করতে গিয়ে একটা হাত দিয়ে একটা ফাটলের অস্তিত্ব খুঁজে পেল রিচি। সুতরাং তার অন্য ইন্দ্রিয়ের প্রখরতা নিয়ে সন্দেহ প্রকাশ চলে না।

তবে এই অসময়ে ছাদে অচেনা পুরুষ কেন? হ্যাঁ। রিচি একটা পুরুষালি গন্ধ পাচ্ছে। গন্ধটা পরিচিত নয়। এ বাড়িতে পুরুষ বলতে একমাত্র নিয়াজ সাহেব। উনার গায়ের গন্ধ রিচি খুব করে চেনে। সময়ে অসময়ে বাবার পরিহিত কাপড় হাতে নিয়ে বুকে চেপে সে বুক ভরে শ্বাস নেয়। কি যে শান্তি লাগে! কিন্তু এই লোকটা কে? অচেনা মানুষের গায়ের গন্ধ পেয়ে ভড়কে গেল রিচি। শুধু যে গায়ের গন্ধ আসছে তা নয়। সাথে আসছে সিগারেটের তীব্র গন্ধ। রিচি আতঙ্কিত স্বরে বলল,
“কে? কে এখানে?”

তার দৃষ্টি শূণ্যে। এতোক্ষণ একমনে সিগারেট ফুঁকতে থাকা লোকটা পেছন ফিরে তাকাল। দেখতে পেল ছাদের সিঁড়ির দরজার সামনে একটা রূপবতী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার গায়ের রঙ অত্যাধিক ফর্সা। গোলগাল মুখ। তীক্ষ্ণ নাক। গোলাপি রঙের ঠোঁট জোড়া। যুক্ত ভ্রু যুগল এবং সবচেয়ে আকর্ষণীয় মেয়েটির দু চোখ। নিজের সুন্দর চোখদুটো মেলে মেয়েটি তাকিয়ে আছে উদাসভাবে। তার চোখে কি আতঙ্ক খেলা করছে? সে কি ভয় পেয়েছে? সুন্দরী তরুণীরা খুব দ্রুত ভয় পায়। অনভ্যস্ত কোনো দৃশ্য, বা মানুষের উপস্তিতি তারা নিতে পারে না। এই মেয়েটিও কি সেরকম?

মেয়েটার পরণে গাঢ় গোলাপি রঙের কুর্তি। গলায় পাতলা সাদা ওড়না ঝুলানো। পায়জামাও সাদা। আপাদমস্তক মেয়েটিকে দেখল লোকটা। কেন যেন মনে হলো মেয়েটার পছন্দের রঙ গোলাপি। অবশ্য অধিকাংশ বাঙালি মেয়েদের পছন্দের রঙ গোলাপি। প্রিয় ফুল গোলাপ। খানিকটা এগিয়ে এল সে। রিচি অধৈর্য হয়ে ওঠেছে। উদাস দৃষ্টি পিটপিট করে ফের প্রশ্ন ছুঁড়ে,
“কথা বলছেন না কেন? শুনছেন?”

লোকটা টের পায় মেয়েটার কন্ঠ কাঁপছে। মেয়েটা কি ভয় পাচ্ছে? ভারিক্কি স্বরে উত্তর দেয়,
“জী, আমার নাম আপেল মাহমুদ।”

রিচির কাছে নামটা নতুন লাগে। এই নতুন নামের একটা অচেনা পুরুষ তাদের বাড়ির ছাদে কি করছে? কে উনি? পাত্রপক্ষীয় লোকজন নয়তো? সম্ভাবনা প্রবল। অপ্রস্তুত হয় রিচি। এখানে আসাটা তার ভুল হয়েছে। লোকসমাগম এড়িয়ে চলাই অন্ধ মানুষের জন্য শ্রেয়। রিচি ছোট করে বলে,
“ওহ।”

বলেই সে ফিরে যেতে নেয়। ঘুরে দাঁড়ায় সিঁড়ির দিকে। একটা হাত হাতলে রেখে নামতে নেয় সে। কিন্তু পারে না। পেছন থেকে ভেসে আসে পুরুষালি প্রশ্নোধ্বনি,
“চলে যাচ্ছেন?”

রিচি পা থামায়। সে যে চলে যাচ্ছে এটা তো দেখাই যাচ্ছে। প্রশ্ন করার কি আছে? লোকটা তো তার মতো অন্ধ নয় নিশ্চয়ই? রিচি মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়,
“হ্যাঁ।”
“একটু থাকুন।”

আপেল মাহমুদের কন্ঠে আবদারের সুর। প্রায় মিনিট দুয়েক আগে পরিচিত একটা মেয়ের কাছে এহেন আবদার কি শোভনীয়? রিচি বুঝতে পারে না। তবুও কোথায় যেন আটকায় সে। লোকটার রাশ গম্ভীর কন্ঠে কি? নয়তো সে ঘুরে দাঁড়ায় কেন? কেন আবার এগিয়ে যায় সামনের দিকে? ছাদের প্রতিটি কোণ রিচির পরিচিত। সুতরাং এগিয়ে যেতে সমস্যা তেমন হয়না। কণ্ঠধ্বনি অনুসরণ করে সামনে এগোয় সে। এবং নিজের অনুধাবন শক্তি প্রয়োগ করে লোকটার থেকে যথেষ্ট দুরত্ব রেখেই দাঁড়ায়। আপেল মাহমুদ দাঁড়িয়ে আছে ছাদের বাম পাশে। রিচি কন্ঠ শুনে লোকটার বয়স অনুমান করার চেষ্টা করে। বয়স খুব বেশী হবার কথা নয়। কারণ লোকটার নাম বেশ আধুনিক। হয়তো লোকটা তার পরিবারের বড় ছেলে। দেখতে সুদর্শন। গলুমলু টাইপের। বাবা-মা আহ্লাদ করে ছেলের নাম রেখেছেন আপেল।

রিচি চুপ করে আপেল মাহমুদের সম্মুখে দাঁড়িয়ে আছে। তার চোখ জোড়ার উদাসহীন দৃষ্টি নিবদ্ধ আছে শূণ্যে। তার কি কিছু বলা উচিত? কিন্তু কি বলবে? অচেনা এই লোকটা তাকে কোন উদ্দেশ্যে এখানে থাকতে বলেছে সে জানে না। সিগারেটের গন্ধে তার অসহ্য লাগছে। বিরক্তির একটা হালকা ছাপ ছড়িয়ে পড়ল তার চোখেমুখে।

আপেল খেয়াল করল সেটা। সে একবার নিজের হাতে থাকা সিগারেটের শেষাংশটার দিকে তাকাল। এরপর মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলল। অপরাধীর স্বরে বলল,
“আ’ম সরি। কিছু মনে করবেন না। আসলে আমি সিগারেট খাওয়ার জন্যই ছাদে এসেছিলাম। আপনি কি খুব বেশী বিরক্ত হয়েছেন?”

রিচির মনে হলো লোকটার কথা কেমন যেন জড়িয়ে যাচ্ছে। লোকটা বোধহয় বিব্রতবোধ করছে। আচ্ছা এটা কি পাত্র? পাত্রী দেখতে এসে সিগারেট খাচ্ছে এটা দেখে ফেলায় সে লজ্জিত হচ্ছে। রিচি বলল,
“এজন্য ডেকেছেন?”
“উহুঁ।”

অসম্মতি জানায় আপেল। সে এই মেয়েটাকে কেন ডেকেছে জানে না। কারণ নেই কোনো। কিন্তু মেয়েটা যখন চলে যাচ্ছিল তখন কেমন যেন খালি খালি লাগছিল তার। উনত্রিশ বছরের এই জীবনে এরপূর্বে কখনো এমনটা হয়নি। কোনো মেয়েকে নিয়ে তৈরি হয়নি এতোটা শূণ্যতার বোধ। এই অনুভূতি নতুন। সে আরেকবার তাকাল মেয়েটার দিকে। এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা। তার দৃষ্টি মেঝেতে। তার পর্যবেক্ষণের মাঝেই মেয়েটি পশ্ন করল,
“আপনি কি পাত্র?”
“না,না। আমি পাত্রের কাজিন।”
“ওহ।”

ছোট করে বলে রিচি। আপেল অমায়িক কন্ঠে বলে,
“আপনি কে?”
“আমি রুচির ব…”

বলতে গিয়েও থেমে যায় রিচি। আমি রুচির বোন এই তথ্যটি পাত্রপক্ষীয় লোকের সামনে প্রকাশ করা অন্যায় হবে। প্রতিবার মা যেখানে এই তথ্য গোপন করতে চায় সেখানে এই তথ্য প্রকাশ করাটা বোকামি। আত্মসম্মানবোধ বিসর্জন দেওয়ার কাজটা স্বেচ্ছায় কখনো করেনে রিচি। সে কথাটা সম্পূর্ণ করল না। একটু থেকে শুরু থেমে বলল,
“আমার নাম রিচি।”
“আপনার বোনের নাম বুঝি রুচি?”
“জী।”
“বাহ! রিচি-রুচি নাম দুটো সুন্দর তো!”
“থ্যাঙ্কিউ।”

রিচির কন্ঠে উচ্চারিত হয় কৃতজ্ঞতার বার্তা। মুখে লেপ্টে থাকা বিরক্তিকর ভাবটা এতোক্ষণে বিলীন হয়েছে। আপেল তা দেখে। স্নিগ্ধ সুন্দর একটা মুখ। সে জিজ্ঞেস করল,
“আপনার নাম শুধু রিচি?”
“জী।”

সামান্য মিথ্যে বলল রিচি। তার একটা তিন শব্দের বড় নাম আছে। কিন্তু সেটা গর্বের কিছু নয়। যেই নাম প্রশংসার চেয়ে অবজ্ঞার যোগান দেয় বেশী —সেই নাম সে কাউকে জানাতে চায় না। কিন্তু সে না চাইলেও কিছু করার নেই। বাবা লোকজনের সামনে মহা সমারোহে তাকে ডাকে,
“নয়ন। এই নয়ন…”

রিচি তখন লজ্জিত হয়। ভীষণ লজ্জিত। সে টের পায় লোকজন কৌতুকের দৃষ্টিতে তাকে দেখছে। তার তখন মন খারাপ লাগে। সুতরাং যখন বাবার আড়ালে এই মিথ্যে টুকু সে প্রচার করতে পারে তখন খুব শান্তি লাগে। সুখ সুখ অনুভূতি হয়। রিচির ছোট্ট নাম শুনে হয়তো কিছু বলতে যাচ্ছিল আপেল কিন্তু বাঁধ সাধলো তার ফোনটা। তীব্র আওয়াজ করে বেজে উঠল সেটা। কথায় ছেদ পড়ল তখন। পকেট থেকে ত্রস্ত হাতে ফোন বের করল আপেল। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে গমগমে কন্ঠ ভেসে এল,
“এখুনি ওই বাড়ি থেকে বেরিয়ে আয়, আপেল।”

আপেল মাহমুদের ভ্রু দ্বয় কুঞ্চিত হয়। বেরিয়ে আয় মানে কি? তারা কি চলে গেছে নাকি? সন্দেহভাজন কন্ঠে সে শুধায়,
“মানে? তোরা কোথায়?”
“মানে পরে বলব। এখুনি বেরিয়ে আসতে বলেছি, আয় তুই।”

আপেল কিছু বলার পূর্বের কলটা কেটে গেল। সে বিস্ময় নিয়ে একবার তাকাল ফোনের দিকে। এরপর তাকাল রিচির দিকে। মুখটা পাংশুটে বর্ণ ধারণ করল তখন। মেয়েটা নিজের সুন্দর চোখ জোড়া মেলে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কি সুন্দর গল্প করছিল তারা! এই ফোনটা একটু পরে করলে কি হতো? মনটা বিষণ্ণ লাগে আপেলের। সে গুছিয়ে রিচিকে কিছু বলতে চাচ্ছিল বোধহয়। ফের কল এল। রিসিভ করল আপেল। ওপাশ থেকে রাগান্বিত কন্ঠ স্বরে ভেসে এল,
“কই তুই?”
“আরে এমন করছিস কেন? আসছি,দাঁড়া।”
“এতোক্ষণ লাগে আসতে?”

আপেল জবাব দিল না। কল কেটে দিল। রিচি কান সজাগ রেখে ঘটনা বোঝার চেষ্টা করছে। লোকটাকে কেউ ফোন করে চলে যাবার কথা বলল মনে হলো। কে ফোন করেছে? পাত্রপক্ষীয় কোনো লোক? হয়তো। লোকটা কি চলে যাবে? রিচি কৌতুহল অনুভব করছে বেশ। আপেল এগিয়ে এসে দাঁড়ালো রিচির সামনে। দুজনের মাঝে এক হাত দুরত্ব এখন। রিচি অনুধাবন করছে লোকটা তার অতি নিকটে। এতো নিকটে আসার কি কারণ? অসৎ কোনো উদ্দেশ্য? রিচি বুঝতে পারে না। সে শুনতে পায় মন খারাপ করিয়ে দেওয়া এক টুকরো প্রশংসা। আপেল মাহমুদ মুগ্ধ কন্ঠে বলছে,

“মিস রিচি, আপনার চোখ খুব সুন্দর। একদম ফুটন্ত পদ্মফুলের মতো।”

•

বাড়ির নাম অপেক্ষা। গাজীপুর সদরে দোতলার একটা পুরনো বাড়ি। নিয়াজ সাহেব পৈত্রিক সূত্রে বাড়িটি পেয়েছেন। নিয়াজ সাহেবের বাবা ছিলেন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা। বিরাট জ্ঞানীগুণী মানুষ। উনার দুই ছেলে। বড় ছেলে মিজান এবং ছোট ছেলে নিয়াজ। ভদ্রলোকের নাম নওয়াজ সিদ্দিক। উনার বড় ছেলে মিজান পড়াশোনায় দুর্দান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে সে স্নাতকোত্তর ডিগ্রি লাভের আশায় পাড়ি জমাল আমেরিকা। এরপর সেখানেই চাকরি,বিয়ে, সংসার। মিজান দেশে আসেনা বহু বছর। মৃত্যুর আগ পর্যন্ত নওয়াজ সিদ্দিক ছেলের জন্য অপেক্ষা করেছেন। কিন্তু ছেলে আসেনি। মৃত্যুর পর অবশ্য একবার এসেছিল। তাও সেটা বছর পনেরো আগে। বাবার কবরের পাশে বসে কেঁদেছিল আর বলেছিল,
“স্যরি বাবা। তোমাকে শেষবারের মতো চোখের দেখাটাও দেখতে পারিনি।”

সেই কান্না দেখে অবশ্য সান্ত্বনা দেয়নি নিয়াজ সাহেব। বরং মুখ কালো করে বলেছে,
“এখন কেঁদে কি হবে? বেঁচে থাকতে তো একবারও আসতে পারোনি। শুধু শুধু এই কুমিরের কান্নার কি অর্থ?”

কুমিরের কান্না? বাবার জন্য সন্তানের চোখের জলকে এভাবে অবমাননা করা কি সমীচীন? মোটেও না। তবে সেই অসমীচীন কাজটা খুব স্বাভাবিকভাবেই করেছিল নিয়াজ সাহেব। এবং সেই কথার প্রেক্ষিতে মিজান বলেছিলেন, “এমন অভদ্রের মতো কথা বলছিস কেন নিয়াজ? বাবার জন্য আমার খারাপ লাগছে না?”

“না। লাগছে না। যদি লাগতো তবে তুমি আরও আগেই দেশে আসতে। বিদেশ বিভূঁইয়ে পরে থাকতে পারতে না। যে ব্যক্তি বেঁচে থাকতে একবার চোখের দেখা দেখতে আসতে পারোনি। সেই ব্যক্তি মরার পরে এতো দরদ উথলে উঠছে কেন তোমার?”

ছোট ভাইয়ের স্পর্ধা দেখে অবাক না হয়ে পারে না মিজান সাহেব। তিনি বুঝতে পারেননি সেগুলো নিয়াজ সাহেবের অভিমানের কথা। বুঝতে পারেননি বলেই তো একদিনের ব্যবধানে ফের দেশ ত্যাগ করেছিলেন তিনি। নওয়াজ সিদ্দিক বরাবর বড় ছেলেকে বেশী স্নেহ করতেন। হয়তো এর একটা কারণ ছেলেটা পড়াশোনায় অত্যাধিক ভালো। নিয়াজ সাহেব তেমনটা নয়। উনি পড়াশোনায় ছিলেন এভারেজ স্টুডেন্ট। পড়াশোনা শেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা চাকরি জুটে গেল উনার। এবং সেই চাকরিটা বহাল তবিয়তে এখনো করছেন। বেতনের টাকায় সংসার ভালো ভাবেই চলে যায়। তাছাড়া মৃত্যুর আগে নওয়াজ সিদ্দিক নিজের সমস্ত স্থাবর আস্থাবর সম্পত্তি ছোট ছেলের নামে লিখে দিয়ে গেছেন। শেষ বয়সের পেনশনের টাকায় এই বাড়িটি তৈরি করেছেন তিনি। এটা ছাড়াও ঢাকায় উনার আরেকটা বাড়ি আছে। ওটা ভাড়া দেওয়া।

জীবনের শেষের একটা অংশ নওয়াব সিদ্দিক কাটিয়েছিলেন এই বাড়িতে। সুন্দর ছিমছাম একটা বাড়ি। বাড়ির সামনের একপাশে বাগান। অন্যপাশে একটা শানবাঁধানো পুকুর। সেই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করতেন তিনি। এবং অবসরে বরশি দিয়ে ধরতেন সেই মাছ। সেসব বহু পুরনো কথা। তখনো গাজীপুর সদর এতোটা শহর হয়ে ওঠেনি। এরপর ধীরে ধীরে গাজীপুর হয়ে ওঠলো একটা শহর। এখন আর বাড়ির সামনের পুকুরে মাছ চাষ হয়না। কে করবে এতোসব ঝামেলা? বরং মমতাজ বেগমের ইচ্ছে শুকনো মৌসুমে এই পুকুরটা ভরাট করে ফেলা। ভরাট করার পর কি হবে সেটা এখনো উনি ঠিক করেননি। আর করবেনই বা কি করে? নিয়াজ সাহেবের কানের কাছে ক্রমাগত ঘ্যানঘ্যান করেও তো কিছু হচ্ছে না। নিয়াজ সাহেব পুকুর ভরাট করর উঠলেই এড়িয়ে যান। কে জানে উনার হয়তো ইচ্ছে —বাবার তৈরি করা এই পুকুরটা যুগ যুগ ধরে এখানে থেকে যাক।

পুকুরের পাড় ঘোঁষে লাগানো হয়েছে অনেকগুলো সুপারি গাছ। গাছগুলো ঘিরে আছে পুকুরটাকে। তার ওপর চারপাশে বাঁশের কঞ্চি দিয়ে যত্ন করে ঘিরে দেওয়া হয়েছে পুকুরটাকে। এই অপূর্ব ব্যবস্থা করেছেন নিয়াজ সাহেব। আদুরে বড় মেয়েকে সুরক্ষা দেবার ব্যবস্থা এটা। তবে যাই হোক। বাঁশের বেড়া দেওয়া পুকরটিকে দেখতে সুন্দর লাগে। শান বাঁধানো ঘাটে পানিতে পা ডুবিয়ে বসে আছে রুচি। পুকুরের পানি পরিষ্কার। সে পানিতে নিজের ছায়া দেখতে পাচ্ছে। তার ভীষণ মন খারাপ। একটু আগে মা আপাকে ভীষণ কড়া কড়া কথা শুনিয়েছে। বিয়ে ভেঙে যাবার পেছনে নাকি সম্পূর্ণ দায় আপার। মায়ের এমন অযৌক্তিক আচরণের প্রায়ই এই বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছে করে রুচির। সে একা যাবে না। নিয়ে যাবে আপাকেও। তার প্রানপ্রিয় আপা। তারা এ বাড়ি ছেড়ে গিয়ে একা একা ভালো থাকবে। সুখে থাকবে। মাঝে মাঝে রাত জেগে গল্প করবে। আবার কোনো কোনো দিন ভূতের গল্প শুনে আপাকে জড়িয়ে ধরে ঘুমাবে। সে রান্না করবে আপা তাকে সাহেব করে দেবে৷ কিংবা প্রচন্ড মন খারাপের সময় একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদবে। অবশ্য রুচির মনে হয় এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে কোনো মন খারাপ আপাকে স্পর্শ করতে পারবে না। রুচি কতবার যে এসব চিন্তা করে ব্যগ গুছিয়েছে! কিন্তু শেষ অবধি তার পরিকল্পনা সফল হয়নি। আপা তাকে সঙ্গ দেয়নি। এজন্য মাঝে মাঝে আপার ওপরেও রাগ হয় তার। রুচি গাল ফুলিয়ে বসে রইল। মায়ের এতো কড়া কথা কি করে সহ্য করে আপা? তার কি মন খারাপ হয়না? কেমন নির্বিকার চিত্তে বসে থাকে। যেন সে শুধু চোখেই অন্ধকার দেখে তেমনটা নয়। সে বোধহয় কানেও কালা। একসময় একা একা অভিযোগের পসরা সাজাতে সাজাতে ক্লান্ত হয়ে পড়েন মমতাজ বেগম। তখন রিচি শান্তস্বরে বলে,
“মা, চা খাবে? এককাপ আদা চা? তোমার বোধহয় মাথা ধরেছে।”

কি আশ্চর্য ধৈর্য!
রুচির তখন বলতে ইচ্ছে করে,
“আপা, তুমি এতো নির্লজ্জ কেন? এতো কথা শোনার পরেও তুমি মায়ের মাথা ব্যথা নিয়ে চিন্তা করছো? তুমি কি পা-গ-ল?”

কিন্তু সে কিছুই বলে না। দেখে মায়ের কান্ড। মমতাজ বেগম তখন দুই আঙুল দিয়ে কপালের দুই পাশ চেপে ধরে জবাব দেন,
“নিয়ে আয়। শোন, আদা বেশী করে দিবি।”

আপা নিশ্চিন্ত মনে চা করতে যায়। ভীষণ ভালো চা বানাতে পারে সে। রান্নাঘরের প্রতিটি খুঁটিনাটি তার মুখস্ত। নিয়াজ সাহেব কিচেন র‍্যাকের ডিজাইন এমন ভাবে করিয়েছেন যাতে তার এই দৃষ্টিশক্তিহীন মেয়েটির কোনো সমস্যা না হয়। এবং রান্নাঘরের যেই স্থানে যেই জিনিসটা থাকার কথা সেটার একচুল এদিক-ওদিক সহ্য করেন না তিনি। এই বিষয়ে তিনি দারুণ কঠিন। সুতরাং রিচির রান্নাঘরে এসে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পরতে হয়না। সে জানে কোথায় গ্যাসের চুলা, কোথায় চায়ের পাতিল,কোথায় চিনি-চা পাতা, কোথায় পানির কল। সবটা সে জানে। এবং জানে বলেই গুছিয়ে চা বানাতেও পারে। তার হাতের চা ভালো হয়।

শুধু যে চা ভালো হয় তেমনটা নয়। রুচির মনে হয়, আপা যা করে সেই সব কিছুই ভালো। তার এই ভালো আপাটার সাথে সবচেয়ে বেশী অন্যায় করে তার মা। রুচি মায়ের থেকেও বেশী আপাকে ভালোবাসে। সে একা একা বিরবির করে বলল,
“আচ্ছা আপা,তুমি এতো বোকা কেন?”
“একা একা বসে আমার নামে দুর্নাম করছিস?”

পরিচিত কন্ঠে প্রশ্ন শুনে রুচি পেছন ফিরে তাকাল। রিচি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিজের অবলম্বন হাতের লাঠিটাকে ফেলে দিয়েছে নিচে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আপা? অনেকক্ষণ নিশ্চয়ই? রিচির মুখ হাসি হাসি। রুচি উঠে দাঁড়াল। এগিয়ে গিয়ে হাত ধরল রিচির। বলল,
“এসো। কিছুক্ষণ বসো আমার সাথে।”
“ঘরে চল। এখানে বসে কি হবে?”

দ্বিরুক্তি প্রকাশ করে রিচি। রুচির মনে ধরে না আপার প্রস্তাব। সে জোর করে রিচিকে টেনে নিয়ে এল। বলল,
“এসো তো। কি সুন্দর পুকুর! তোমার ভালো লাগবে।”
“মোটেও না।”
“কেন ভালো লাগবে না কেন?”

গাল ফুলিয়ে অভিমানী স্বরে প্রশ্ন করে রুচি। তার ভীষণ খারাপ লাগে। পাশ থেকে একটা মাটির চাকা তুলে নিয়ে ছুঁড়ে ফেলে পানিতে। শান্ত পুকুরের জল তরঙ্গ তুলে ছুটে যায় এখান থেকে ওখানে। রুচি গাল ফুলিয়ে তাই দেখে। রিচি শান্তস্বরে বলে,
“তোর মতো এতো সহজে কোনোকিছু ভালো লাগে না আমার।”
“তুমি সব বিষয়ে এতো উদাসহীন কেন বলো তো?”
“কি জানি!”

দীর্ঘশ্বাসের সাথে একরাশ হতাশা মুক্ত করে রিচি। রুচি বিরক্তি মাখা কন্ঠে আওড়ায়,
“আপা, তুমি কি জানো,পৃথিবীর সবচেয়ে বোকা মেয়েটি হচ্ছো তুমি।”
“আর বুদ্ধিমান মেয়েটি হচ্ছিস তুই।”

এই প্রশংসা শুনে অবশ্য খুশি হতে পারে না রুচি। কারণ এই প্রশংসাটুকু মিথ্যে। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মেয়েটি মোটেও সে নয়। তবে আপার থেকে খানিকটা বুদ্ধি বেশী তার। রিচির কথার কোনো প্রতিত্তর না কতে সে আরেকটা মাটির চাকা খুঁজে আশেপাশে। রিচি আচমকা প্রসঙ্গ বদলায়,
“আজ তোকে দেখতে কয়জন মানুষ এসেছিল রে?”
“তিনজন। কেন?”
“না। এমনি।”
“সবাই কি মেয়ে মানুষ?”

জেনেও না জানার ভান করে রিচি। ইচ্ছে করেই সে কৃত্রিম কোতুহল দেখায়। ছাদে ভারিক্কি কন্ঠের সেই ছেলেটা কেমন দেখতে সেটা জানতে তার বড় ইচ্ছে করছে। ইচ্ছের বেগ উশৃংখল। নিজের কাছে অকারণ এই কৌতুহল অনুভব করার কারণও স্পষ্ট নয়। রুচি অস্বীকৃতি জানিয়ে বলে,

“আরে না। দুজন যুবক ছেলে এবং একজন মহিলা। তুই জানিস আপা, মহিলাটা খুব খাইস্টা। মন চাচ্ছিল, মুখের ওপর কিছু কড়া কথা শুনিয়ে দেই। নেহাৎ ভদ্রতায় বাঁধলো। কিন্তু বাবা ভদ্রতার তোয়াক্কা করেনি। ইচ্ছেমতো শুনিয়ে দিয়েছে। অপমানিত হয়ে মা ছেলে বেরিয়ে গেল। কিন্তু ওদের সাথে যে আরেকটা ছেলে এসেছিল সে থেকে গিয়েছিল আমাদের বাসায়। ওয়াশরুমের কথা বলে সেই ছাদে উঠে গিয়েছিল। একটু পর দেখলাম ছাদ থেকে নেমে হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে।”

থামল রুচি। ঢোক গিলে ফের বলল,
“আমার ধারণা বেরিয়ে যাবার পর ওদের এই ছেলেটার কথা মনে পড়েছিল। পরে হয়তো ডেকে নিয়েছেন।”
“ওহ! তো যে ছেলে দেখতে এসেছিল, ওই ছেলের নাম কি?”
“আফিম না গা-ঞ্জা কে জানে? আমার ঠিক মনে নেই।”

ভ্রু কুঁচকায় রিচি। আফিম? গাঁ-ঞ্জা! এসব নেশার দ্রব্যে। মানুষের নামের সাথে এগুলোর সম্পর্ক থাকতে পারে তা তার জানা ছিল না। সে সন্দেহভাজন কন্ঠে বলে,
“দূর! আফিম আবার কারো নাম হয় নাকি?”
“কেন হবে না? হতেও পারে ওই মহিলার স্বামী নেশাখোর। নেশার দ্রব্যকে তিনি এতোটাই ভালোবাসেন যে নিজের ছেলের নাম রাখলেন আফিম। হতে পারে না? বলো তুমি।”

নিজের যুক্তির বাহার দেখেই নিজেই যেন মুগ্ধ হয় রুচি। বিতার্কিক বা যুক্তিবিদ হিসাবে তার ভবিষ্যত উজ্জ্বল। সে যেন দিব্য চোখে তা দেখতে পাচ্ছে। মনটা আনন্দে ঝলমল করে ওঠে। তার সেই ঝলমলানি দেখে না রিচি। হাত ধরে বলে,
“এ্যাই রুচি, যেই ভদ্রলোক ছাদে গিয়েছিল উনি দেখতে কেমন রে?”
“কেন?”

রুচির প্রশ্নে সামান্য হকচকিয়ে যায় রিচি। জানতে চাওয়া কি খুব ভুল হয়েছে? কৌতুহল দমাতে পারেনি সে। যেই লোকটা তার চোখের এতো প্রশংসা করল—সে ঠিক দেখতে কেমন? লোকটা হয়তো জানেও না মেয়েটি অন্ধ। জানলে ওভাবে বলতো না। রুচি বলল,
“কি ভাবছো আপা?”
“কিছু না। তুই বল না, উনি কেমন দেখতে?”
“দেখতে যেমনই হোক। ওদের ব্যাবহার অত্যন্ত কুৎসিত। তুমি বারবার ওদের কথা বলো না তো আপা। আমার অসহ্য লাগছে।”

ঝংকার দিয়ে ওঠে রুচির কন্ঠ। কন্ঠের উত্তাপ প্রমাণ করে সে পাত্রপক্ষের ওপর বেজায় বিরক্ত। যেন রাগে শরীর জ্বলছে তার। রিচি চুপ করে থাকে। আচ্ছা, লোকটা কি কখনো জানতে পারবে? যেই সুন্দর চোখদুটোর প্রশংসা করেছেন তিনি সেই চোখদুটো তুলে রিচি তাকে দেখতে পায়নি। কোনোদিন পাবে না।

#যে_চোখে_পদ্ম_ফোটে
[সূচনা]
#সানজিদা_খানম_স্বর্ণা

[প্রথম পর্বে সকলে রেসপন্স করবেন, প্লিজ।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন