নিশির ডাক
লেখিকা: জান্নাতুল নাঈমা
পর্ব ১
রাত তখন ঠিক বারোটা।
চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরোনো বাড়িটার দিকে তাকালে মনে হয়, বাড়িটার ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে। বাড়ির সব জানালা বন্ধ, আর মূল দরজায় ঝুলছে মরচে ধরা তালা। অথচ প্রতি রাতে ঠিক বারোটার সময় দোতলার একটি জানালায় রহস্যময় আলো জ্বলে ওঠে।
গ্রামের মানুষ বলে, ওই বাড়িতে এক ভয়ংকর ভূত থাকে!
কেউ তার মুখ দেখেনি। যারা দেখেছে বলে দাবি করেছে, তারা আর কখনো ওই বাড়ির সামনে যায়নি।
কিন্তু এসব কথা বিশ্বাস করে না রুহান।
রুহান শহরে বড় হয়েছে। ভূতপ্রেতের গল্প শুনলে সে হেসে উড়িয়ে দেয়। এবার বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এসেছে।
তার সঙ্গে আছে আসফি, আদনান, সাফওয়ান, নিহান, আরিশ, মেহরিন, নাওরিন ও ইরা।
সন্ধ্যায় সবাই উঠানে বসে গল্প করছিল।
হঠাৎ আদনান বলল,
—তোরা কি গ্রামের ওই পুরোনো বাড়িটার কথা শুনেছিস?
সাফওয়ান হেসে বলল,
—কোন বাড়ি?
—যে বাড়িতে নাকি ভূত থাকে!
নিহান সঙ্গে সঙ্গে বলে উঠল,
—ভূত আবার সত্যি হয় নাকি? সবই মানুষের বানানো গল্প।
আসফি চুপচাপ বসে ছিল। এবার সে মুখ তুলে বলল,
—সবকিছু চোখে দেখা যায় না, নিহান।
রুহান হেসে আসফির দিকে তাকাল।
—তুমি তাহলে ভূত বিশ্বাস করো?
—হ্যাঁ।
—কখনো দেখেছ?
আসফি মাথা নাড়ল।
—না। কিন্তু আমার দাদির কাছে শুনেছি, কিছু আত্মা মৃত্যুর পরও নিজেদের পুরোনো জায়গা ছেড়ে যেতে পারে না।
রুহান মুচকি হেসে বলল,
—আজ রাতেই ওই বাড়িতে যাব। দেখি, ভূত আমাদের সঙ্গে দেখা করতে আসে কি না!
সবাই প্রথমে আপত্তি করলেও শেষ পর্যন্ত আদনান, সাফওয়ান আর আরিশ তার সঙ্গে যেতে রাজি হলো।
আসফি বারবার নিষেধ করল।
—রুহান, আমার খুব খারাপ লাগছে। আজ রাতে ওখানে যেয়ো না।
রুহান হেসে বলল,
—ভয় পেয়ো না। কিছু হবে না।
কিন্তু সে জানত না, এই রাতের পর তার জীবনে আর কিছুই আগের মতো থাকবে না।
### রাত ১২টা ১৫ মিনিট
চার বন্ধু টর্চ হাতে পুরোনো বাড়িটার সামনে এসে দাঁড়াল।
বাড়ির চারপাশে বিশাল গাছ। শুকনো পাতার ওপর দিয়ে হাঁটতেই মড়মড় শব্দ হচ্ছিল।
হঠাৎ বাড়ির ভেতর থেকে শোনা গেল—
ঝনঝন... ঝনঝন...
যেন কেউ পায়ের নূপুর পরে হাঁটছে।
আদনান থেমে গেল।
—তোরা শুনেছিস?
সাফওয়ান গলা শক্ত করে বলল,
—হয়তো কোনো প্রাণী।
ঠিক তখনই দোতলার জানালায় একটা সাদা অবয়ব দেখা গেল।
লম্বা চুল মুখের ওপর ছড়িয়ে আছে। সাদা কাপড় বাতাস ছাড়াই দুলছে।
আরিশ কাঁপা গলায় বলল,
—ওটা... ওটা কে?
রুহান টর্চের আলো জানালার দিকে ফেলল।
অবয়বটা মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল।
পরক্ষণেই বাড়ির বিশাল দরজাটা নিজে থেকেই খুলে গেল।
ক্যাঁচচচচ...
ভেতর থেকে বরফশীতল বাতাস বেরিয়ে এল।
আদনান ফিসফিস করে বলল,
—রুহান, চল ফিরে যাই।
কিন্তু রুহান এগিয়ে গেল।
—কে আছেন ভেতরে?
কোনো উত্তর নেই।
চারজন বাড়ির ভেতরে ঢুকল।
চারদিকে ধুলা, মাকড়সার জাল আর ভাঙা আসবাব। দেয়ালে ঝুলছে কয়েকটি পুরোনো ছবি।
হঠাৎ রুহানের টর্চের আলো একটি ছবির ওপর পড়ল।
ছবিতে সাদা শাড়ি পরা এক তরুণী দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অস্বাভাবিক কালো।
ছবির নিচে লেখা—
নিশি, ১৯৯৮।
সাফওয়ান ছবিটার দিকে তাকিয়ে বলল,
—নিশি কে?
কথাটা শেষ হতেই ওপরতলা থেকে একটা মেয়ের হাসি ভেসে এল।
হি... হি... হি...
তারপর সিঁড়ির ওপর ধীরে ধীরে দেখা গেল দুটি সাদা পা।
কেউ একজন সিঁড়ি দিয়ে নামছে।
কিন্তু তার মাথাটা নিচের দিকে ঝুলে আছে, আর লম্বা চুল মেঝে ছুঁয়ে যাচ্ছে।
আদনান ভয়ে পেছাতে গিয়ে পড়ে গেল।
—আল্লাহ! ওটা মানুষ নয়!
অবয়বটা সিঁড়ির মাঝখানে এসে থেমে গেল।
তারপর অস্বাভাবিকভাবে মাথাটা ঘুরিয়ে চারজনের দিকে তাকাল।
মুখের জায়গাটা ফ্যাকাশে। চোখের কোটরে কোনো আলো নেই।
সে ধীরে ধীরে বলল,
—আমার বাড়িতে... কে ঢুকেছিস?
কেউ উত্তর দিতে পারল না।
হঠাৎ ঘরের সব দরজা-জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল।
ধপ! ধপ! ধপ!
রুহান দরজার দিকে দৌড় দিল। কিন্তু দরজা খুলল না।
পেছন থেকে মেয়েটির কণ্ঠ ভেসে এল—
—রুহান...
সে থমকে গেল।
—আমার নাম জানলে কীভাবে?
ভূতটা এবার মেঝে থেকে কয়েক ইঞ্চি ওপরে উঠে এল।
তারপর বলল,
—আমি তোকে অনেক দিন ধরে চিনি।
রুহানের হাত থেকে টর্চ পড়ে গেল।
অন্ধকারের মধ্যে ভূতটি একেবারে তার সামনে এসে দাঁড়াল।
—তোর জন্মের রাতেই তোকে আমি দেখেছিলাম।
রুহান কাঁপা গলায় বলল,
—আপনি কী চান?
ভূতটি মুখ বাঁকিয়ে হাসল।
—তোকে নয়... আমি চাই তোর সঙ্গে আসা মেয়েটাকে।
রুহানের চোখ বড় হয়ে গেল।
—কোন মেয়ে?
ভূতটি ফিসফিস করে বলল,
—আসফি।
ঠিক তখনই রুহানের মোবাইলে আসফির ফোন এল।
কল ধরতেই ওপাশ থেকে আসফি চিৎকার করে উঠল—
—রুহান! জানালার বাইরে কে একটা দাঁড়িয়ে আছে! ও আমার ঘরের ভেতরে ঢুকার চেষ্টা করছে!
তারপর ফোনের ওপাশে ভেসে এল সেই একই ভয়ংকর হাসি।
হি... হি... হি...
কল কেটে গেল।
রুহান পেছনে তাকাল।
সিঁড়ির ওপর দাঁড়িয়ে থাকা ভূতটি আর নেই।
কিন্তু দেয়ালে টাঙানো ছবির ভেতরের মেয়েটির মুখ বদলে গেছে।
এখন ছবিতে নিশির পাশে দাঁড়িয়ে আছে আসফি।
আর ছবির নিচে নতুন করে ফুটে উঠছে রক্তের মতো লাল অক্ষর—
“আগামী অমাবস্যায় আসফি আমার হবে।”
রুহান হতবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে রইল।
ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল—
“পালিয়ে যা,,রুহান...যদি পারিস!”
চলবে...
______
নিশির ডাক
লেখিকা: জান্নাতুল নাঈমা
পর্ব ২
রাত তখন ১২টা ৩২ মিনিট।
পুরোনো বাড়ির ভেতরে দাঁড়িয়ে থাকা রুহানের হাত-পা ঠান্ডা হয়ে গেছে। দেয়ালে টাঙানো ছবিতে আসফির মুখ দেখে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না, কয়েক মিনিট আগেও যে ছবিতে শুধু নিশি ছিল, সেখানে এখন আসফি কীভাবে এল!
—রুহান! কী দেখছিস? পালা এখান থেকে!
আদনানের চিৎকারে রুহানের ঘোর কাটল।
সে ছবিটার দিকে শেষবার তাকিয়ে দরজার দিকে ছুটল। আশ্চর্যজনকভাবে এবার দরজাটা খুলে গেল। চার বন্ধু প্রাণপণে দৌড়ে বাড়ির বাইরে চলে এল।
কিন্তু বাইরে এসে রুহান দেখল, আকাশে মেঘ জমেছে। চারদিকে কুয়াশা। যে রাস্তা দিয়ে তারা এসেছিল, সেই রাস্তাটা যেন কোথাও হারিয়ে গেছে।
নিহান হাঁপাতে হাঁপাতে বলল,
—আমরা কি ঠিক জায়গাতেই আছি?
আরিশ চারদিকে তাকিয়ে ফিসফিস করল,
—ওই দেখ!
রাস্তার পাশে একটা পুরোনো কুয়োর কাছে সাদা পোশাক পরা একজন দাঁড়িয়ে আছে।
রুহান এবার আর থামল না। সে দৌড়াতে শুরু করল।
ঠিক তখনই তার ফোন বেজে উঠল।
আসফি!
রুহান দ্রুত কল ধরল।
—আসফি! তুমি কোথায়? তোমার কিছু হয়েছে?
ওপাশ থেকে কোনো উত্তর এল না। শুধু কান্নার শব্দ।
—আসফি, কথা বলো!
কিছুক্ষণ পর মেয়েলি কণ্ঠ শোনা গেল।
—রুহান... আমি তোমার ঘরে।
রুহান থমকে দাঁড়াল।
—আমার ঘরে মানে?
—জানালার পাশে দাঁড়িয়ে আছি। তুমি কখন আসবে?
রুহানের বুকের ভেতর ধক করে উঠল।
—তুমি তো নিজের বাড়িতে!
ওপাশের কণ্ঠটা হঠাৎ বদলে গেল।
—আমি কি বলেছি, আমি আসফি?
তারপর বিকট হাসি।
খট!
কল কেটে গেল।
রুহান চিৎকার করে ফোনটা নামিয়ে নিল।
আদনান জিজ্ঞেস করল,
—কী হয়েছে?
রুহান কাঁপা গলায় বলল,
—ওটা আসফি ছিল না!
রাত ১টা ১০ মিনিট
আসফি নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় বসে আছে। কিছুক্ষণ আগেও জানালার বাইরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সে।
মেয়েটার মুখ ছিল তার নিজের মতোই।
শুধু চোখ দুটো কালো।
আসফি ভয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করল।
হঠাৎ ঘরের বাতিটা নিভে গেল।
চারদিকে অন্ধকার।
তারপর—
টক... টক... টক...
দরজায় তিনবার টোকা পড়ল।
—আসফি, মা... দরজা খোল।
এটা তার মায়ের কণ্ঠ।
আসফি দরজার দিকে তাকাল।
—মা?
বাইরে থেকে উত্তর এল,
—হ্যাঁ মা, দরজাটা খোল।
আসফি দরজার কাছে দাঁড়িয়ে রইল। কণ্ঠটা তার মায়ের মতো হলেও তার মা তো এখানে নেই,,কোথায় যেন অস্বাভাবিক কিছু একটা আছে।
সে ধীরে ধীরে জিজ্ঞেস করল,
—মা, তুমি এখন কোথায় আছ?
কয়েক মুহূর্ত কোনো উত্তর এল না।
তারপর দরজার ওপাশ থেকে সেই কণ্ঠ ভেসে এল,
—দরজা খোল, তাহলেই দেখতে পাবি।
আসফির বুকের ভেতরটা কেঁপে উঠল। সে হাত বাড়িয়েও দরজার ছিটকিনি খুলল না।
কারণ এবার সে স্পষ্ট শুনতে পেল, দরজার ওপাশে তার মায়ের কণ্ঠের সঙ্গে আরেকটি কণ্ঠ মিশে আছে।
একটা খসখসে, অস্বাভাবিক কণ্ঠ।
—তোর সঙ্গে একটু কথা আছে। দরজা খোল।
নাহলে আমি নিজেই ডুকব!
আসফি পিছিয়ে এল।
পরমুহূর্তে দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা ঘরের ভেতরে ঢুকতে শুরু করল।
ধোঁয়াটা ধীরে ধীরে জমাট বাঁধল।
তারপর তৈরি হলো একটা মানুষের অবয়ব।
লম্বা চুল। সাদা পোশাক। মাটিতে না ছুঁয়ে থাকা পা।
নিশি!
আসফি চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না।
নিশি তার দিকে এগিয়ে এল।
—তুই রুহানকে ভালোবাসিস?
আসফির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল।
সে কোনো উত্তর দিল না।
নিশি হেসে উঠল।
—ওকে বাঁচাতে চাইলে, ওকে আমার কাছ থেকে দূরে রাখিস।
আসফি কাঁপতে কাঁপতে বলল,
—তুমি কে? আমার কাছে কী চাও?
নিশির মুখ মুহূর্তে বিকৃত হয়ে গেল।
—আমি সেই মেয়ে, যাকে এই গ্রামের মানুষ জীবিত অবস্থায় মাটির নিচে চাপা দিয়েছিল!
ঘরের দেয়াল কেঁপে উঠল।
আসফি চোখ বন্ধ করে ফেলল।
তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল।
চোখ খুলে দেখল, ঘরে কেউ নেই।
শুধু আয়নার ওপর আঙুল দিয়ে লেখা—
“রুহানকে জিজ্ঞেস করিস, তার মা কেন আমাকে মেরেছিল।”
আসফি বাকরুদ্ধ হয়ে গেল।
রুহানের মা?
কিন্তু রুহানের মা তো বহু বছর আগে মারা গেছেন!
একই সময়ে, পুরোনো বাড়িতে
রুহান অবশেষে বাড়ি ফিরে এল। তার বন্ধুরা তাকে ঘিরে বসে আছে।
কেউ কথা বলছে না।
হঠাৎ রুহানের ঘরের জানালায় একটা ছায়া দেখা গেল।
আদনান ভয়ে বলল,
—আবার এসেছে!
রুহান জানালার দিকে তাকাল।
বাইরে নিশি দাঁড়িয়ে আছে।
তার হাতে একটা পুরোনো পুতুল।
নিশি পুতুলটাকে জানালার কাচের সঙ্গে ঠেকিয়ে দিল।
রুহান দেখল, পুতুলটার মুখ অবিকল তার নিজের মতো।
তারপর নিশি ঠোঁট নাড়ল।
কাচের ওপাশ থেকে কোনো শব্দ শোনা গেল না। তবু রুহান স্পষ্ট বুঝতে পারল, সে কী বলছে।
“তোর মায়ের কাছে আমার একটা হিসাব বাকি আছে।”
পরমুহূর্তে জানালার কাচে ফাটল ধরল।
ঘরের সব আলো নিভে গেল।
আর অন্ধকারের মধ্যে একটা শিশুর কান্না ভেসে এল।
রুহান ধীরে ধীরে বিছানার নিচে তাকাল।
সেখানে একটা ছোট্ট মেয়ে বসে আছে।
তার মুখে মাটি লেগে আছে। চোখ দুটো ফাঁকা।
মেয়েটি রুহানের দিকে তাকিয়ে বলল—
“ভাইয়া, আমাকে কবর থেকে বের করো...”
রুহান চিৎকার করে উঠল।
কিন্তু তার চিৎকারের আগেই মেয়েটা অদৃশ্য হয়ে গেল।
বিছানার নিচে পড়ে রইল শুধু একটা পুরোনো কাগজ।
কাগজটা খুলতেই রুহান দেখল, সেখানে লেখা—
“নিশিকে যে রাতে হত্যা করা হয়েছিল, সেই রাতে তোর জন্ম হয়েছিল।”
রুহান কাগজটা হাতে নিয়ে স্থির হয়ে বসে রইল।
তাহলে কি তার জন্মের সঙ্গে নিশির মৃত্যুর কোনো সম্পর্ক আছে?
আর আসফির ঘরে যে ভূত এসেছিল, সে কি সত্যিই নিশি?
নাকি এই বাড়িতে নিশির চেয়েও ভয়ংকর কেউ রয়েছে?
চলবে...