#বুকপকেটের_বিরহিণী
পর্ব: ৩৯
(৪৭)
এই শহরে বৃষ্টির আবহাওয়া চলছে। দিন নেই রাত নেই, ঝপঝপিয়ে আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। কখনো মৃদু গর্জনে আকাশ ডাকছে কখনো বা তুমুল গর্জনে ফেটে পড়ছে। কখনো আবার ঝকঝকে সোনালি রোদ্দুর হাসছে।
আজকের দিনটি সোনালি রোদ্দুর হাসার দিন। ঝকঝকে এক সূর্য উঠেছে চকচকে হাসি নিয়ে। বুক ফুলিয়ে সেই সূর্য দাঁড়িয়ে আছে ঠিক আকাশের মাঝ বরাবর। গরমও পড়েছে অতিরিক্ত। বিন্দুর শরীরে অবনতি এতটাই বাজে পর্যায়ে হয়েছে যে বিন্দুর কোনো বোধ নেই। হুট করেই কাউকে চিনতে পারছে না। আবার চিনতে পারলেও কথা বলছে না। কখনো বা রেগে যাচ্ছে হুটহাট। দু’দিন আগেও হুতুমের মাথা ফাটিয়ে ফেলেছে। তা-ও নিচ তালার এক মহিলার প্রশ্নের বাণে অতিষ্ঠ হয়ে ছুটে এসে এটা ওটা ছুঁড়তে গিয়ে দুর্ঘটনাবশত হুতুমের গায়ে পড়ে যায়। এবং মাথাটা ফেটে যায়। র ক্তা র ক্তি কাণ্ড! হীরণ এসে দেখে তো আহম্মক বনে যায়। বিন্দুর আব্বুও এসব দেখে দেখে গুরুতর অসুস্থ হয়ে যাচ্ছিলেন। তাই অবশেষে একটি স্বাস্থ্য কেয়ার কমপ্লেক্সে হীরণ বিন্দুর আব্বুকে পাঠিয়ে দেয়। বিন্দুর যে অবস্থা, কাউকে ওর সামনে রাখা নিরাপদ না। দেখা যায় হুট করেই কী না কী করে বসবে!
বিন্দুর অবস্থা অবনতি হচ্ছিল বিধায় আবারও সামিনা কায়সারের কাছে নিয়ে যায় হীরণ। কিন্তু ডাক্তারের এক কথা। এই পরিবেশে থাকলে বিন্দুর মানসিক অবস্থা খারাপ বৈ ভালো হবে না। এদিকে করবীর কেইস কোর্টে উঠে গিয়েছে। প্রথমদিন তো বিন্দুকে পেশ করা যায়নি। বিন্দুর অবস্থার জন্য কেইস একবিন্দু আগায়নি। তার উপর কোনো উকিল পাওয়া যায়নি। অবশ্য উকিল ঠিক করার চেয়ে বিন্দুকে নিয়েই বেশি ছুটতে হয়েছে হীরণের। একা মানুষ কোনদিকেই বা যাবে?
আজকে ঝলমলে সূর্যের মতন বিন্দুরও মন মেজাজে খানিকটা উন্নতি দেখা গেল। হীরণ বাসায় এসে দেখল বিন্দু ভাত রান্না করেছে। হুতুমকে নিজের হাতে গোসল করিয়ে সুন্দর জামাকাপড় পরিয়েছে। বিন্দুর এমন আকাশ-পাতাল পরিবর্তনে হীরণ যেন বেজায় চমকে যায়। বোকা স্বরে বলল, ‘বিন্দু! তুই ঠিক হয়ে গিয়েছিস?’
বিন্দু তখন চুল আঁচড়াচ্ছিল। হুট করে হীরণের কণ্ঠ পেতেই বুকে থুতু দিল। ভয় পেয়েছে বেশ। হীরণ এগিয়ে এলো। ব্যস্ত স্বরে শুধাল, ‘ভয়ে পেয়েছিস?’
বিন্দু কিছু বলল না। কেবল আবদার করল, ‘আইজ আপার কাছে যামু, হীরণ ভাই। ম্যালাদিন হইছে আপারে দেহি না।’
এই সব কথাই হীরণের কাছে অবাস্তব লাগছে। বিন্দুর মানসিক অবস্থা গুরুতর খারাপ। তার মাঝে হুট করে এই আবদার যেন বড়ো সমস্যার সৃষ্টি করছে। কিন্তু তবুও হীরণ দ্বিমত পোষণ করল না। কেবল বলল, ‘নিজেকে ঠিক রাখতে পারবি তো?’
বিন্দুর হাত থেমে যায় এমন প্রশ্নে। ঘাড় ঘুরায় যন্ত্রের মতন। বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে বলে, ‘আমি কতটা পাষাণ তাই না বলো?’
হীরণ দু’কদম এগিয়ে আসে। বিন্দুর মাথায় হাত দিতে গিয়েও দেয় না। যদি বিন্দু ভয় পায় আবার! কেবল স্বান্তনার কণ্ঠে বলে, ‘কে বলেছে তুই পাষাণ?’
‘আমি নিজেই জানি, হীরণ ভাই। আপা আমার লাইগ্যা কত যন্ত্রণা ভোগ করতাছে অথচ আমি কিচ্ছুই করতে পারতাছি না। খালি দিন দিন পাগলের মতন কইরা তোমাগোরে জ্বালাইতাছি। হীরণ ভাই, হেইদিন আপারে আইতে কওয়া আমার অন্যায় ছিল। আপারে আইতে না কইলে এত সমস্যা হইতো না। আপা আমার লাইগ্যাই এমন ফাইস্যা গেলো।’
‘ভাগ্য ছিল, বিন্দু।’
‘হীরণ ভাই, আমার ভাইগ্যেই ক্যান এমন থাহে? আমার মতন অসুন্দর, বিদঘুটেই ক্যান আমার ভাইগ্যটারে হইতে হইলো?’
হীরণ চোখ রাঙায়। এমন কথা বলতে নিষেধ করে। বিন্দুকে উত্তেজিত দেখা যায়। কেমন যেন লাগে। তবুও করবীকে দেখার বায়না পূরণ করার জন্য তাকে নিয়ে ছুটে পুলিশ স্টেশন।
থানায় বেজায় কোলাহল। খু নির আসামীর সাথে দেখা করতে হলে বড়ো অফিসারের নির্দেশ লাগে। হীরণ সেটাও জোগাড় করে আনে। তারপর হুতুম, বিন্দুরে নিয়ে ঢুকে থানায়। করবীর চোখ-মুখ ভেঙে এসেছে। অযত্নের ছাপ পড়েছে মেয়েটার মুখে। যেই সুন্দর রক্তকরবী একসময় যুবকদের বুকের উত্তাল ঢেউ ছিল, সেই সৌন্দর্যতা আজ ফুরিয়ে আসার পথে প্রায়। ফর্মা চামড়ায় কত দাগ পড়ে গিয়েছে এতগুলো দিনে। চোখের নিচে কালচে গাঢ় রেখা। কিন্তু এতদিন পর বিন্দুকে দেখে সেই ক্লান্ত চোখ জোড়া যেন হেসে উঠল। ছুটে এসে লোহার বড়ো বড়ো শিক গলিয়ে ছুঁয়ে দেয় বিন্দুর মুখমন্ডল। হুতুমের মুখমন্ডল। এই আনন্দ যেন বহু যুগ পর তার জীবনে এসেছে হামাগুড়ি দিয়ে। আপন মানুষের মুখ যেন এই জীবনে বড়ো মূল্যবান জিনিস।
কেঁদে দিল বিন্দু। আপার কারগারের বাহিরে থাকা দুই হাতে চেপে হাউমাউ করে কেঁদে উঠল সে। কাঁদতে কাঁদতে তার চিরপরিচিত বিলাপও যুক্ত করল,
‘আপা, আমারে মাফ কইরো আপা। তোমারে এত দুঃখ দেওয়ার মতন অপরাধ আমি করছি, আপা। আমারে মাফ কইরো।’
করবীও কাঁদল। বিন্দুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ‘কাঁদছিস কেন বো কা? তুই আমাকে কোথায় দুঃখ দিলি? বরং তুই ছিলিস বলে আমি নিজেকে সুখী দাবী করতে পারি। এমন বো কা কথা কেউ বলে?’
বিন্দু মানতে চায় না আপার সেই স্বান্তনা। হাউমাউ করে চিৎকার করতে করতে বলে, ‘আমারে ক্ষমা কইরো, আপা। আমার এক ভুলে তোমার জীবনডা শেষ। আপা আমার উপর অভিমান রাইখো না। আর কেউ না জানলেও তুমি তো জানো তোমারে আমি কতখানি ভালোবাসি? আমার উপর অভিমান কইরো না গো।’
তাদের এই কান্নাতেই লোক জড়ো হয়ে যায়। হীরণও মুখ চেপে কান্না সংবরণের চেষ্টা করে। তাদের জীবনটা যে এমন হওয়ার কথা ছিল না। এটা এলোমেলো, এতটা নষ্ট হওয়ার কথা ছিল না। তবে কেন এমনটা হলো? রুবীর কপালে কেন দুঃখ নামল স্রোতের মতন? বিন্দুই বা কেন এত কষ্ট পেল?
ভীড়ের মাঝে একজন কনস্টেবল বলে উঠল, ‘আরে এটা সেই মেয়েটা না যার সাথে আশরাফুল ইসলাম খারাপ কাজ করছিলো? এর জন্যই তো পরে খু ন হয়। নাকি?’
বিন্দুর কান্না হঠাৎ থেমে যায়। মাথা চাড়া দিয়ে উঠে সেই দৃশ্য। মুহূর্তেই নরম বিন্দুর রঙ পাল্টে ধারণ করে এক পাগলাটে বিন্দুর রূপ। খ্যাক করে উঠে সে, ‘কে, কে বলল? হ্যাঁ? কে?’
সকলের চোখের সামনেই বিন্দুর অগাধ পরিবর্তন ঘটে। অতি উত্তেজনায় মেয়েটা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে। করবীর কাছে সবটাই নতুন। তাজ্জব বনে হীরণের দিকে তাকাতেই বিন্দুর আসল অসুস্থতার কথা হীরণ বিশ্লেষণ সহকারে জানায়। থম মেরে যায় করবী। ব্যাকুল নয়নে তাকিয়ে থাকে কেবল। তারপর কী যেন ভাবে। টানা টানা চোখে তাকিয়ে কঠিন স্বরে বলে, ‘একটা কথা রাখবে, মাস্তান?’
হীরণ চমকায়। করবীর কণ্ঠস্বর অন্যরকম। অপরিচিত।
করবী আবার বলে, ‘রাখবে?’
‘কী?’
খুব আড়ালে করবী একটি অন্যায় আবদার করে বসে। করবী স্বার্থপর হয় আপন মানুষদের জন্য। হীরণ কথা রাখতে চায় না। কিন্তু করবী অটুট। নিজেকে বড়ো অসহায় লাগে হীরণের। এই ক্ষণটা পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে ইচ্ছে হয় তার। কিন্তু পারে না। তারপর……
জীবনের গতিপথ বদলে যায় অদৃশ্য এক সম্পর্কের বাঁধনে। সবসময় কী রক্তের সম্পর্কই সব? মোটেও না। আত্মার সাথে আত্মার সম্পর্ক যে বড়ো তা রক্তকরবীরা না থাকলে পৃথিবী জানতো? জানতো না।
#চলবে