ফন্ট সাইজ:
থিম:
সাবিলে-রব।

পর্ব 1

লেখক: নওরিন।🥀

Writing
সাবিলে রব
পর্ব – ১
ডায়েরি ৫/৬/২০২....
আমার আম্মু বড্ড অদ্ভুত একজন মহিলা!
তাকে হাসতে দেখা যায় না বললেই চলে। কথাও বলেন খুব সীমিত। হ্যাঁ, ব্যাপারটা অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে। কিন্তু আমার কাছে বড্ড অপছন্দের।
আমার এই পনেরো বছরের জীবনে কখনো বাবার সঙ্গে তাঁকে হাসিমুখে কথা বলতে দেখিনি। সবসময় কেমন যেন বিষণ্ণ হয়ে থাকেন। তাঁর এই বিষণ্ণতার কারণ জানতে চেয়েছি বহুবার, কিন্তু কোনো উত্তর পাইনি।
সকালবেলা ঘুম থেকে উঠেই আম্মুকে রান্নাঘরে পাওয়া যায়। কখনো বারান্দার গাছগুলোতে পানি দিচ্ছেন, কখনো ঘরের এদিক-ওদিক গোছগাছ করছেন। কাজের ফাঁকে জানালার পাশে দাঁড়িয়ে দূরের আকাশটার দিকে তাকিয়ে থাকেন। মাঝে মাঝে মনে হয়, তিনি আকাশ দেখছেন না, বরং আকাশের ওপারে ফেলে আসা কোনো স্মৃতি খুঁজছেন।
আমার অবশ্য এসব ভাবার কথা নয়। কিন্তু মানুষটাকে দেখলে কেমন যেন লাগে!
বাবা বাড়িতে থাকলে দু-একটা প্রয়োজনীয় কথা ছাড়া তাঁদের মধ্যে তেমন কোনো কথাবার্তা হয় না। অথচ একই ছাদের নিচে কত বছর ধরে তাঁরা একসঙ্গে আছেন! ব্যাপারটা আমার কাছে আজও অদ্ভুত লাগে।
লেখালেখির শখটা অবশ্য মায়ের কাছ থেকেই পাওয়া। ছোটবেলায় দেখতাম, তিনি মাঝে মাঝে খাতায় কী যেন লিখতেন। জিজ্ঞেস করলে বলতেন, কিছু না। তারপর খাতাটা বন্ধ করে রেখে দিতেন।
একদিন তিনি আমাকে বলেছিলেন—
— মা, তোমার যদি এমন কোনো অনুভূতি থাকে, যা মুখে বলতে পারো না! কিংবা এমন কোনো প্রশ্ন থাকে, যা কাউকে করতে পারো না। অথবা কখনো যদি দুঃখের দহনে জ্বলো, তবে মনের কথাগুলো লিখে রেখো। দেখবে, মন অনেকটাই শান্ত হয়ে যাবে।
সবসময় তো আর সবাই থাকবে না আমাদের অযথা কিংবা প্রয়োজনীয় কথাগুলো শোনার জন্য।
আমি অবাক হয়ে সেদিন প্রশ্ন করেছিলাম—
— কেন থাকবে না? তুমি তো আছোই আমার জন্য!
তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলেন—
— পরিস্থিতি সর্বদা এক থাকে না! হ্যাঁ, হয়তো এমনও দিন আসবে, যখন তোমার কথা শোনার মানুষ থাকবে, কিন্তু...
— কিন্তু কী?
তিনি কিছুক্ষণ নীরব থেকে বলেছিলেন—
— কিন্তু তখন তুমি কথা বলার আগ্রহটাই হারিয়ে ফেলবে।
সেদিন মায়ের কথাগুলো আমার মাথার ওপর দিয়ে চলে গিয়েছিল। কথাগুলোর ভেতরে লুকিয়ে থাকা ভারটা বুঝিনি। ভেবেছিলাম, হয়তো এমনিই বলেছেন।
কিন্তু আজ বুঝেছি। সত্যিই বুঝেছি।
গত কয়েকদিন ধরে মায়ের কথাগুলো বারবার মনে পড়ছে। বিশেষ করে বিকেলবেলা। যখন পশ্চিম আকাশে সূর্যটা ডুবে যেতে থাকে, চারপাশে কেমন একটা নীরবতা নেমে আসে। আম্মু তখন প্রায়ই বারান্দায় বসে থাকেন। তাঁর সামনে এক কাপ চা পড়ে থাকে, কিন্তু কখনো কখনো চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেলেও তিনি তাতে চুমুক দিতে ভুলে যান।
কী ভাবেন এত?
কাউকে কি মনে পড়ে তাঁর?
নাকি এমন কোনো স্মৃতি আছে, যা ভুলতে চেয়েও ভুলতে পারেননি?
নানার বাড়িতে পাওয়া তাঁর সেই পুরোনো ডায়েরিটা না পেলে হয়তো কোনোদিন জানতেই পারতাম না—আমার এই চুপচাপ, বিষণ্ণ মায়ের ভেতরেও একসময় কত কথা ছিল! তিনিও একসময় বড্ড বেশি কথা বলতেন, হাসতেন। হয়তো স্বপ্নও দেখতেন!
ডায়েরিটার কথা মনে পড়লেই সেদিনের কথা মনে পড়ে।
নানার বাড়ির পুরোনো ঘরটায় ঢুকেছিলাম একটা বই খুঁজতে। ঘরটা বেশ অগোছালো ছিল। কাঠের পুরোনো আলমারি, ধুলোমাখা বাক্স, দেয়ালে ঝুলে থাকা কয়েকটা বিবর্ণ ছবি—সব মিলিয়ে কেমন যেন অন্যরকম একটা পরিবেশ।
জানালার একপাশ দিয়ে বিকেলের আলো ঘরে ঢুকছিল। পুরোনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা ডায়েরি চোখে পড়ে। মলাটটা বেশ পুরোনো, কয়েক জায়গায় রং উঠে গেছে। প্রথম পাতাটা খুলতেই পরিচিত একটা নাম চোখে পড়েছিল।
আম্মুর নাম!
বিশ্বাস করো, সেদিন আমার বিস্ময়ের সীমা ছিল না। যে মানুষটাকে কখনো নিজের মনের কথা বলতে দেখিনি, তাঁরও যে এত কথা জমে থাকতে পারে, তা ভাবতেই পারিনি।
কয়েকটা পাতা পড়েছিলাম। কিন্তু পুরোটা পড়ার আগেই ডায়েরিটা রেখে আসতে হয়েছিল। পরে আবার পড়ব ভেবেছিলাম। অথচ আর পড়া হলো না।
বহুবার খুঁজেছি। ঘরের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত, পুরোনো বাক্স থেকে আলমারি—কোথাও পাইনি। নানার বাড়িতেও খোঁজ নিয়েছি। কিন্তু ডায়েরিটার কোনো হদিস মেলেনি।
কখনো কখনো মনে হয়, ডায়েরিটাও বুঝি মায়ের মতোই কোনো এক গোপন অভিমানে আমার কাছ থেকে লুকিয়ে আছে।
তবে মাকে দেখলেই একটা কথা খুব স্পষ্ট মনে হয়—
'বহু ঝড় যখন একই গাছের ওপর দিয়ে বয়ে যায়, তখন গাছটা একসময় না চাইতেও নুয়ে পড়ে।'
আমার মা-ও কি তেমন কোনো গাছ?
যে গাছের ওপর দিয়ে একের পর এক ঝড় বয়ে গেছে, অথচ আমি কোনোদিন সেই ঝড়ের শব্দটুকুও শুনতে পাইনি?
জানি না!
মাঝে মাঝে মনে হয়, মায়ের নীরবতার আড়ালে এমন কোনো গল্প লুকিয়ে আছে, যার প্রতিটি পাতা পড়ার সাহস হয়তো আমার কোনোদিনই হবে না।
তবে একটা ব্যাপার ইদানীং আমাকে বেশ ভাবাচ্ছে। মায়ের পুরোনো ছবিগুলো দেখলে তাঁকে একেবারেই অন্যরকম মনে হয়। ছবির মানুষটা যেন আমার চেনা মানুষটির সঙ্গে মেলে না। সেই হাসিমুখ, চোখেমুখে একরাশ প্রাণচাঞ্চল্য—সবকিছু কেমন অচেনা লাগে।
কখনো মায়ের পাশে বসে ছবিগুলো দেখাতে ইচ্ছে করে। জিজ্ঞেস করতে ইচ্ছে করে, এই মানুষটা কে? এত হাসতেন কীভাবে? কী এমন হয়েছিল যে, আজ তাঁর মুখে হাসিটুকুও দেখা যায় না?
কিন্তু শেষ পর্যন্ত কিছুই জিজ্ঞেস করা হয় না।
তবু একটা প্রশ্ন ইদানীং আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে—
কী এমন ঘটেছিল তাঁর জীবনে, যার ক্ষত এত বছর পরও শুকায়নি?
কেনই বা তিনি নিজের এতগুলো কথা একটা ডায়েরির পাতায় বন্দী করে রেখেছিলেন?
আর সবচেয়ে বড় কথা, কী এমন লুকিয়ে আছে সেই হারিয়ে যাওয়া ডায়েরির পাতাগুলোতে, যা আমার মায়ের হাসিটাকে চিরদিনের জন্য কেড়ে নিয়েছে?
হয়তো কোনো একদিন সব প্রশ্নের উত্তর পাব।
কিন্তু ভয় হয়, সেই উত্তরগুলো জানার পর আমার চেনা মাকে কি আর আগের মতো করে দেখতে পারব?
চলবে..... 🖤
( বানান ভুল হবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন