বিজয়া দশমীর সন্ধ্যা।
শৈলেন বাড়ি ঢুকিয়াই উচ্চ স্বরে ডাকিল মা! মা!
দ্বিতল হইতে উত্তর আসিল এখানে আমি। ঘটে আর তুলসী তলায় প্রণাম করে উপরে উঠে আয় বাবা!
ঘটে প্রণাম করিবার জন্য শৈলেনের কোন আগ্ৰহ দেখা গেল না। সরাসরি উঠিয়া মা ও বৌদিকে প্রণাম করিয়া মাতার অঙ্ক - সমীপে উপবেশন করিল।
মা জিজ্ঞাসা করিলেন ঘটে প্রণাম করেছিস?
এই জ্যান্ত ঘট দুটো থাকতে মাটির ঘটে আগে প্রণাম করব? এইবার যাচ্ছি; কিন্তু কই আশীর্বাদ তো করলে না মা?
রুদ্ধ কণ্ঠে মাতা কহিলেন এ হতভাগীর আশীর্বাদ ও যে শাপ হয়ে দাঁড়ায় বাবা!
তিনি পার্শ্বস্থা পুত্রবধূর দিকে চাহিলেন। দুই ফোঁটা চোখের জল বারণ মানিল না গণ্ড বাহিয়া পড়িল। মাতার লুপ্তপ্রায় বেদনায় আঘাত পড়িয়াছে ভাবিয়া শৈলেন অপ্রতিভ হইল, প্রসঙ্গান্তর আনিবার জন্য বলিয়া উঠিল কিন্তু বৌদির ও তো একটা আশীর্বাদ করা উচিত ছিল।কি বলো মা?
ওর আশীর্বাদ তো তোর জন্যেই তোলা রয়েছে, আদায় করে নে! পালাস নে যেনো, একটু মিষ্টি জল না খেয়ে বাড়ী থেকে বেরুতে নেই। বলিতে বলিতে মা কক্ষান্তরে চলিয়া গেলেন।
বৌদিকে উদ্দেশ্য করে শৈলেন বলিল কি বৌদি, কি আশীর্বাদ করছ বলো।ডাঃ যে। চুপ করে রইলে যে?
অচিরে বিধবা বৌদি মৃদু কণ্ঠে কহিলেন এই আশীর্বাদ করছি, ভাই যেন আসছে বার তোমাদের জোড়ের প্রণাম পাই।
শৈলেনের মুখ গম্ভীর হইয়া গেল। বলিল এটা আশীর্বাদ না অনুরোধ। আচ্ছা বৌদি, বিয়ের ব্যাপারটা তোমরা এত উঁচুতে তোল কেন?
মৃদু হাসিয়া বৌদি বলিলেন সময় হলে নিজের মনকেই জিজ্ঞেসা করো, উত্তর পাবে। ভাল কথা বসন্ত ঠাকুরপোর মাকে প্রণাম করতে যেয়ো নইলে কাল তিনি মার সঙ্গে ঝগড়া করতে আসবেন।
কিন্তু সেখানে যেতে হলে উপোস দিয়ে যাওয়াই ভাল, কারণ খাওয়ার ব্যাপারে ক্রটি দেখালে মাসিমার মুখ ভার হয়,আর অম্লান বদনে সমস্ত উজাড় করে আমার পেট ভার হয়। সুতরাং আমি উভয় সংকটে পড়ি আর কি!
না না,যা পার একটু মিষ্টি মুখ করো,নইলে তিনি কিন্তু খুব দুঃখ করবেন। আচ্ছা গেলেই তো প্রতিমা তোমায় প্রণাম করবে, তুমি তখন তাকে কি বলে আশীর্বাদ করবেন?
বৌদি কৌতুকপূর্ণ দৃষ্টিতে দেবরের মুখের দিকে চাহিলেন। মাথায় হাত বুলাইতে বুলাইতে শৈলেন বলিল টিকি তো নেই; থাকলে তাতে একটা ফুল বেঁধে দিয়া দিব্যি ভট্টাচার্য প্রথায় জাঁকালো একটা আশীর্বাদ করে আসতাম।
কি রকম জাঁকালো শুনিই না?
বৌদির মুখে সেই কৌতুক মাখা হাসি।
মুখখানিকে যথাসাধ্য গম্ভীর করিয়া শৈলেন বলিল এই যেমন,আয়ুম্মতী হও মনস্কামনা সিদ্ধ হোক, ইত্যাদি।
শেষেরটিতে যে আইনের প্যাঁচ রয়ে গেল ভাই।
বলিয়া বৌদি মৃদু হাসিয়া উঠিলেন,
বলিলেন তার মনস্কামনা যদি তোমাকেই পাওয়া হয় তাহলে তো গুটি পোকার মত নিজে নিজের ফাঁদে জড়িয়ে পড়বে।
গাম্ভীর্য অক্ষুণ্ন রাখিয়াই শৈলেন বলিল তা হলে তখন বলব, সুশীলে ! প্রার্থয়ম্ব বরান্তরম্।হাসি চাপিয়া বৌদি বলিলেন। কিন্তু সে যদি তার এই বরটিকেই আঁকরে ধরে থাকে?
কথাটির প্রচ্ছন্ন অর্থ শৈলেনের খেয়ালে আসিল না, বলিল তাহলে জোর করে ছাড়িয়ে দিতে হবে।
হাত দিয়ে, না দু পায়ে ঠেলে? বৌদি হাসিয়া উঠিলেন।
শৈলেন এবারে সম্যক বুঝতে পারিয়া বিষম লজ্জিত হইয়া পড়িল, বলিল। ছিঃ বৌদি, একটা ভদ্রলোকের মেয়ের সম্বন্ধে এরকম আলোচনা করাটাও যে পাপ।
বৌদির হাস্য চঞ্চল মুখ খানি স্বাভাবিক হইয়া গেল , বলিলেন। পাপ না পুণ্যি, তা কি আর আমি বুঝিনে ভাই? বুঝি! কিন্তু পাপটা যে সেই ষোল আনা করে বসেছে ,তাই পাপের কথা না বলে পাপীর কথাই বলছিলাম।
সন্দেহের দৃষ্টিতে বৌদির মুখের প্রতি চাহিয়া শৈলেন প্রশ্ন করিল
সে পাপী, তার মানে?
মানে খুব সোজা।সে তোমাকে চায়, একেবারে নিজের করে চায়; আর সেটা আমি মেয়ে মানুষ কিনা,তাই ধরতে পেরেছি। না ভাই ঠাকুরপো, তুমি আর অমত কোরো না, মার ও মত আছে । কাজটা হলে সবাই খুশি হবেন।
শৈলেন বলিল উপন্যাস পড়ে পড়ে মেয়েগুলোর মাথা খারাপ হয়ে গেল দেখছি। কিন্তু বৌদি, বসন্তকে আমি আপন ভাইয়ের চেয়ে কম দেখিনে, প্রতিমা ও তো আমার ' '
বাধা দিয়ে বৌদি বলিলেন প্রতিমা তোমায় সর্বস্ব।থামো ল
দিকি,আর ভীষ্মগিরি ফলাতে হবে না।আজ বছরকার দিনে ঝগড়া না করে আর ছাড়বে না দেখছি। মা খাবার আনতে গিয়েই রইলেন।
বলিয়া বৌদি দ্রুত ঘর হইতে নিষ্কান্ত হইয়া গেলেন; বলিয়া গেলেন ভাল ছেলেটির মত এক মিনিট অপেক্ষা করো।যে পালায় সে আমার মরা মুখ দেখবে।
দরজার ওপাশেই মা খাবার হাতে দাঁড়াইয়া ছিলেন । দেবর ও ভ্রাতৃজয়ার মধ্যে তাহার মনের মত প্রসঙ্গটি চলিতেছিল বলিয়া পুত্রের অভিমত শুনিবার জন্য তিনি সেখানে অপেক্ষা করিতেছিলেন। পুত্রবধূর কাছে আসিতেই তিনি খাবারের ডিসখানি তাহার হাত দিয়া বলিলেন এই নাও মা, শৈলকে দিয়ে এসো আমি সরবৎ তৈরি করে আনছি।
বৌদি কক্ষে প্রবেশ করিয়া দেখিলেন,মৌন দেবরটি ছাদের কোন্ কোন্ স্থানে শিল্প চাতুর্য আছে,বোধহয় তাহাই নিরূপণে ব্যস্ত । হাসিয়া বলিলেন। ওগো ঋষিঠাকুর ছাদের মধ্যে কোথাও ভাঙ্গা ফুটো পাবে না বরং একজনের মনের মধ্যে কতটা ভাঙ্গন লেগেছে,তাই পরখ করে এস গে। নাও চটপট এটুকু খেয়ে ফেল দিকি আগে ।
শৈলেন একবার খাবারের দিকে আর একবার দেবাচ্ছনার জন্য আহূত বেল ফুলের মত পবিত্র বৌদির দিকে চাহিল।
বৌদি বলিলেন শীগগির খেয়ে ফেল দিকি। আমার দিকে চেয়ে থাকলে ক্ষিদে বাড়বে বই ত কমবে না । বলিয়া তিনি যেন চমকাইয়া উঠিলেন, এইরূপ পরিহাসই যে কিছুদিন আগেও আর একজনের সহিত করিতেন তাহার রক্তকমলের মত মুখখানি ম্লান হয়ে গেল। সরবৎ আনিবার অছিলায় তিনি বাহির হইয়া গেলেন।
কিছুক্ষণ পরে মা সরবৎ লইয়া ঘরে ঢুকিয়া দেখিলেন খাবার তখন ও অস্পৃশ্য রহিয়াছে এবং পুত্র যেন ধ্যানস্থ অশ্রুসিক্ত। মৃদু কণ্ঠে ডাকিলেন শৈল!
মা । বলিয়া শৈলেন অতর্কিতে তাহার মুখের দিকে চাহিল। মাতা বলিলেন আজকের দিনে চোখের জল ফেলছিস্ কেন বাবা? খাবার মুখে দে। জননীর আদেশ বোধহয় শৈলেনের কানে প্রবেশ করিল না। সে চিন্তার সূত্র হইতে বলিল আচ্ছা মা, দাদা মরবেনই যদি, তবে বিয়ে করে গেলেন কেন?
প্রশ্নটি তাহার কাছে যেমন জটিল, তাহার মাতার নিকট ও তেমনি; তাই উত্তরের অপেক্ষা না করিয়াই বলিল, হ্যাঁ মা,বসন্তদের বাড়ি না গেলে মাসীমা দুঃখ করবেন?
মৃত পুত্রের প্রসঙ্গ মাতাকে তখন বহু দূর লইয়া গিয়াছিল। আত্মবিস্মৃতভাবে কহিলেন কি বলছিস?
শৈলেন তাহার কথার পুনরুক্তি করিল! মাতা বলিলেন না না,তা কি হয়? না? না গেলে রাগ করবেন যে।
জলযোগ শেষ করিয়া শৈলেন উঠিয়া পড়িল।হুক্ হইতে ছড়িগাছটি লইতে লইতে বলিল ফিরতে আবার একটু দেরী হতে পারে। রাত্তিতে আর কিছু খাব না মা!
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান