ফন্ট সাইজ:
থিম:
তুমি কারো নও

পর্ব 1

লেখক: মিশু (মোহনা)

সূচনা পর্ব
#তুমি_কারো_নও
#লেখিকা_মিশু ( মোহনা)

-----

“এই মেয়ে! তুই কে? ছাদে আসার অনুমতি কে দিয়েছে তোকে, হ্যাঁ?”

তাসিফা ভয়ে পেছন ফিরে তাকাল। হঠাৎ পেছন থেকে ভেসে আসা গম্ভীর কণ্ঠস্বর শুনে বুকের ভেতরটা ধক করে উঠল।

-"জবাব দিচ্ছিস না কেন?"
সামনের লোকটার দিকে তাকিয়ে তাসিফা থমকে গেল। দেখতে এত সুন্দর একটা ছেলে, অথচ ব্যবহারটা একেবারে কুকুরের মতো।

কিছুটা সাহস সঞ্চয় করে তাসিফা বলল,
-"আমি এই বাসার ভাড়াটিয়া। আমি কি ছাদে আসতে পারব না? আর আপনার ব্যবহার এত বাজে কেন? অপরিচিত মানুষের সঙ্গে কেউ এভাবে কথা বলে?"

কথাটা শুনে ছেলেটার রাগ যেন আরও বেড়ে গেল। তাকে কেউ জ্ঞান দিক, এটা সে একদমই সহ্য করতে পারে না।
-"হেই ইউ! জাস্ট শাট আপ! এই ছাদে শুধু আমি থাকি। পাশের ফ্ল্যাটটা আমার। সো, এখানে শুধু আমার রাজত্ব চলবে, অন্য কারও না।"

কথাটা শুনে তাসিফার মুখ ফসকে বেরিয়ে গেল,
-"ছাদ কি আপনার বাপের?"

কথাটা শুনে ছেলেটা খ্যাক করে উঠল।
-"শাট আপ! এই জুয়িন শিকদারের সঙ্গে মুখে মুখে তর্ক করার ফল কিন্তু তোকে পেতে হবে।"

বলেই সে তাসিফার হাত ধরে টেনে ছাদ থেকে বের করে দিল।

তাসিফা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার সঙ্গে ঠিক কী ঘটে গেল, সেটাই যেন বুঝে উঠতে পারছে না। মনে মনে জুয়িন নামের ছেলেটাকে ইচ্ছেমতো গালমন্দ করতে লাগল সে।

এদিকে তাসিফাকে ছাদ থেকে বের করে দিয়ে জুয়িন নিজের ফ্ল্যাটে ফিরে গেল। ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হতে হবে তাকে।

আসলে সকাল সকাল ঘুম ভাঙার পর থেকেই জুয়িনের মেজাজ খারাপ ছিল। ফ্রেশ হয়ে একটু ব্যায়াম করার জন্য ছাদে এসেছিল সে। কিন্তু ছাদে পা রাখতেই তার চোখে পড়ল, একটা মেয়ে তার ফুলগাছগুলোর কাছে দাঁড়িয়ে ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে।

ব্যস! মুহূর্তেই জুয়িনের মেজাজ তুঙ্গে উঠে গেল।

নিজের জিনিসে অন্য কেউ হাত দিক, এটা সে একদমই সহ্য করতে পারে না। আর সেই রাগটাই ঝেড়ে ফেলল মেয়েটার ওপর। একেবারে কুকুরের মতো খ্যাক খ্যাক করে উঠল।

তবে মেয়েটার ভীতু চোখ দুটো তার কাছে কেমন যেন লেগেছিল। কেন, তা অবশ্য জুয়িন নিজেও জানে না।

-----

জুয়িন বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে এল। এরপর বাইকে চড়ে ভার্সিটির উদ্দেশে বেরিয়ে গেল।

তাসিফা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখল। জুয়িনকে চোখের আড়াল হতেই মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলল,
-"আমি আবারও ছাদে যাব। তখন দেখব, তুই কী করিস, খাটাশ লোক!"

বলেই হনহন করে নিজের ঘরে ফিরে এল তাসিফা। রাগে তার কান-মাথা গরম হয়ে আছে। সকাল সকাল এমন একটা মানুষের পাল্লায় পড়তে হবে, তা সে স্বপ্নেও ভাবেনি।

হঠাৎ ড্রয়িংরুম থেকে ভেসে এল পরিচিত কণ্ঠস্বর,
-"তাসিফা আম্মু? কোথায় আপনি, আম্মাজান?"

বাবার ডাক শুনে তাসিফা আর এক মুহূর্তও দেরি করল না। দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িংরুমে চলে এল।

সেখানে দেখল, তার বাবা আলমগীর আলম খবরের কাগজ পড়তে পড়তে চায়ে চুমুক দিচ্ছেন।

মেয়েকে দেখে তিনি সস্নেহে ডাকলেন,
-"এসো আম্মু, আমার পাশে বসো।"

তাসিফা বাবার পাশে গিয়ে বসল। আলমগীর আলম সকাল থেকে বাসায় ছিলেন না। নতুন একটা ব্যবসা শুরু করেছেন, সেটার কাজ সামলাতেই বাইরে যেতে হয়েছিল তাঁকে।

মেয়েকে পাশে বসিয়ে আলমগীর আলম তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন।
-"তাসিফা, মা আমার, কাল থেকে তো তোমার ভার্সিটি লাইফ শুরু। সামনে অনেক দূর যেতে হবে তোমাকে। অনেক বন্ধু-বান্ধবী হবে, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। তবে সবসময় ভালো বন্ধু বেছে নেবে, কেমন? আর জীবনটাকে বোরিং করে ফেলবে না। শুধু পড়াশোনা আর পড়াশোনা করলে চলবে? পড়াশোনার পাশাপাশি একটু চিলও করতে হবে। বুঝেছ, মা?"

বাবার কথা শুনে তাসিফার চোখ চকচক করে উঠল। উত্তেজিত কণ্ঠে বলল,
-"বাবা, জানো, আমি ভীষণ এক্সাইটেড! ছোটবেলা থেকেই আমার শখ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। অবশেষে আমার সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে!"

মেয়ের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখে আলমগীর আলমের মুখেও তৃপ্তির হাসি ফুটে উঠল। মেয়ের স্বপ্ন পূরণ হতে চলেছে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে একজন বাবার কাছে।

ঠিক তখনই রান্নাঘর থেকে হাতে খুন্তি নিয়ে বেরিয়ে এলেন আয়রা বেগম। বাবা-মেয়েকে পাশাপাশি বসে গল্প করতে দেখে বিরক্তির সুরে বললেন,
-"বাপ আর মেয়ে, দুজনই এক! সারাদিন বসে বসে গল্প করো। আর এদিকে আমি কাজ করতে করতে মরে যাচ্ছি।"

স্ত্রীর কথা শুনে আলমগীর আলম হেসে ফেললেন।
-"আরে, শান্ত হও আয়রা, আমার মেয়েকে বকবে না। ও এখনো ছোট। ওসব কাজটাজ ওকে করতে হবে না।"

আয়রা বেগম এবার আরও রেগে গেলেন।
-"তা জামাইয়ের বাড়িতে গেলে তোমার মেয়ে কী করবে, শুনি? তাসিফার বাপ?"

আলমগীর আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন,
-"তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তাসিফার মা। আমার মেয়ে সব সামলে নেবে।"

স্বামীর কথা শুনে আয়রা বেগম কিছু একটা বলতে যাচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে পোড়া গন্ধ ভেসে এল।

-"হায় হায়! আমার রান্না!"
বলেই তিনি খুন্তি হাতে দ্রুত রান্নাঘরের দিকে ছুটলেন। যাওয়ার সময় স্বামীকে একবার ঝাড়ি দিতেও ভুললেন না।

আলমগীর আলম স্ত্রীর কাণ্ড দেখে মিটিমিটি হাসতে লাগলেন। আর তাসিফা বাবার দিকে তাকিয়ে হেসে ফেলল।

বাবা-মেয়ের হাসিতে ড্রয়িংরুমটা আবারও মুখর হয়ে উঠল।

----

জুয়িন ভার্সিটিতে ঢুকেই সোজা ক্লাসরুমে চলে গেল।

ক্লাসে ঢুকতেই বরাবরের মতো মেয়েদের চোখ আটকে গেল তার ওপর। কেউ আড়চোখে তাকাচ্ছে, কেউ আবার সরাসরি হা করে চেয়ে আছে। কিন্তু জুয়িনের সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। নিজের জগতে নিজেই থাকতে পছন্দ করে সে। এসব ব্যাপারে তার কোনো আগ্রহ নেই, আর অন্যদের নজর কাড়ার জন্য সময়ও নষ্ট করতে চায় না।

বন্ধুদের কাছে এসে ধপ করে তাদের পাশে বসে পড়ল জুয়িন।

সিয়াম গলা খাঁকারি দিয়ে কবিতা আবৃত্তি শুরু করল,
-"গরু খায় ধান, তুমি আমার জান!"

জুয়িন বিরক্ত চোখে তার দিকে তাকাল।

রিদ সিয়ামের পিঠে চাপড় মেরে বলল,
-"শালা, তুই তো কবিতার বারোটা বাজিয়ে দিলি।"

সিয়াম খেঁকিয়ে উঠল,
-"তো তুই তো সেটাও পারিস না।"

দুজনের বাগ্‌বিতণ্ডা দেখে জুয়িনের বিরক্তি আরও বেড়ে গেল। সে ধমক দিয়ে উঠল,
-"শাট আপ, ইয়ার!"

সঙ্গে সঙ্গে দুজনের মুখ বন্ধ হয়ে গেল।

কয়েক সেকেন্ড চুপচাপ থাকার পর রিদ একটু ঝুঁকে ফিসফিস করে বলল,
-"মামা, তুমি এত চটে আছ কেন?"

সিয়াম দাঁত বের করে হেসে বলল,
-"দোস্ত, জুয়িনকে লাল পানি দে। তাহলে ঠান্ডা হয়ে যাবে।"
কথাটা বলে নিজেই হাসতে লাগল।

রিদ বিরক্ত হয়ে তার দিকে তাকাল।
-"বা*ল, চুপ কর তো! জুয়িন, এবার বলো, কী হয়েছে?"

জুয়িন বিরক্তির সঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সকালবেলার পুরো ঘটনা খুলে বলল, কীভাবে ছাদে গিয়ে একটা মেয়েকে নিজের ফুলগাছের ফুল ছুঁয়ে দেখতে দেখে তার মেজাজ বিগড়ে গিয়েছিল, আর কীভাবে মেয়েটার সঙ্গে তর্কে জড়িয়ে শেষ পর্যন্ত তাকে ছাদ থেকে বের করে দিয়েছিল।

সব শুনে রিদ আর সিয়াম কিছুক্ষণ হেসে নিল।

-----

বিকেলের দিকে তাসিফা বেলকনিতে এসে দাঁড়াল। বাইরের আবহাওয়াটা দারুণ সুন্দর। আকাশজুড়ে বৃষ্টির আগমনী আভাস, সঙ্গে হালকা বাতাস। বৃষ্টি নামার ঠিক আগের এই সময়টা তাসিফার ভীষণ পছন্দের।

এমন আবহাওয়ায় হাতে একটা উপন্যাস আর এক কাপ চা থাকলে তো কথাই নেই! বই পড়তে পড়তে চায়ে চুমুক দেওয়ার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি খুঁজে পায় সে।

তাই আর দেরি না করে ঝটপট রান্নাঘরে গিয়ে পাঁচ মিনিটের মধ্যেই এক কাপ চা বানিয়ে ফেলল। তারপর চায়ের কাপ আর পছন্দের উপন্যাসটা নিয়ে চলে এল বেলকনিতে।

বেলকনিতে একটা টেবিল ও চেয়ার রাখা আছে। তাসিফা সেখানেই বসে পড়ল। বাইরে থেকে আসা হালকা বাতাসে তার খোলা চুলগুলো মৃদু দুলছে।

হাতে হুমায়ূন আহমেদের লেখা "দিঘির জলে কার ছায়া গো" উপন্যাসটি। এক হাতে বই, অন্য হাতে চায়ের কাপ। চায়ে চুমুক দিতে দিতে মনোযোগ দিয়ে বইয়ের পাতা উল্টাচ্ছিল তাসিফা। বেশ ভালোই কাটছিল সময়টা।

হঠাৎ নিচ থেকে বাইকের বিকট হর্নের শব্দ ভেসে এল। তাসিফার মনোযোগ ছুটে গেল বই থেকে। বিরক্ত হয়ে নিচের দিকে তাকাল সে।

আর তাকিয়েই তার মেজাজ বিগড়ে গেল।

নিচে দাঁড়িয়ে থাকা বাইকটা আর তার চালককে চিনতে একটুও অসুবিধা হলো না। ছাদের সেই জুয়িন, সেই খ্যাক খ্যাক করা, রাগী, বেয়াদব ছেলেটা।

তাসিফা বিরক্তিতে মুখ বাঁকিয়ে কিছুটা জোরে বলল,
-"এই মিয়া! এত জোরে হর্ন কেন বাজাচ্ছেন?"

জুয়িন ভ্রু কুঁচকে ওপরের দিকে তাকাল। তিনতলার বেলকনিতে বসে থাকা মেয়েটাকে চিনতে তার একটুও অসুবিধা হলো না। সকালে ছাদে যার সঙ্গে ঝগড়া হয়েছিল, এ তো সেই মেয়ে।

জুয়িনের ঠোঁটের কোণে বিরক্তির ছাপ ফুটে উঠল।
-"সো হোয়াট? হর্ন আর কীভাবে বাজায়? ডাফার!"
কথাটা বলেই সে আর ওপরের দিকে তাকাল না। বাইকের হ্যান্ডেলে হাত রেখে ধীরে ধীরে গ্যারেজের ভেতরে ঢুকে গেল। বাইকটা নির্দিষ্ট জায়গায় পার্ক করে নামল সে। এরপর হেলমেটটা হাতে নিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটের দিকে পা বাড়াল।

এদিকে বেলকনিতে বসে তাসিফা তখনো নিচের দিকে তাকিয়ে আছে। জুয়িনের এমন নির্লিপ্ত আচরণ দেখে তার রাগ যেন আরও বেড়ে গেল।

"এই লোকটা শুধু আমাকেই কেন অপমান করে? আমি কি ওর সঙ্গে ঝগড়া করার জন্য বসে আছি নাকি?"
মনে মনে কথাগুলো আওড়াতে আওড়াতে মুখ ভেঙচি দিল তাসিফা।

বিরক্তিতে বইটা বন্ধ করে টেবিলের ওপর রেখে দিল সে। কিছুক্ষণ আগেও যে আবহাওয়াটা তার কাছে এত সুন্দর লাগছিল, এখন আর সেটার দিকেও মন দিতে ইচ্ছে করছে না। হাতে থাকা চায়ের কাপটা ঠোঁটের কাছে নিতেই এক চুমুক খেল তাসিফা।

কিন্তু আশ্চর্য! চা-টাও যেন বিস্বাদ লাগছে আজ। সব দোষ ওই খাটাশ লোকটার।

#চলবে
(আসসালামু আলাইকুম। এটি আমার লেখা প্রথম গল্প। আশা করি, গল্পটি আপনাদের ভালো লাগবে। আপনাদের মতামত জানাতে লাইক ও কমেন্ট করবেন এবং পরবর্তী পর্বগুলোর সঙ্গে থাকতে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন