ফন্ট সাইজ:
থিম:
মন কেমনের দিনে

পর্ব 1

লেখক: সানজিদা খানম স্বর্ণা

“এই যে শুনছেন! আপনি সারাক্ষণ আমার দিকে হা’ করে তাকিয়ে থাকেন কেন?”

পুরুষালি কন্ঠে উদ্ভট প্রশ্নটি শুনে চমকে উঠলাম আমি। প্রচণ্ড বিরক্তি নিয়ে পেছনে ফিরে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম অচানক। সম্মুখের মানুষটিকে দেখে একরাশ লজ্জার অনুভূতি ছড়িয়ে পড়ল আমার সর্বাঙ্গে। হাঁটু কাঁপতে লাগল অস্বাভাবিক রকম। সদ্য যৌবনা কিশোরী প্রেমিকের সামনে যেমন নতজানু হয়ে দাঁড়িয়ে থাকে, আমিও দাঁড়িয়ে রইলাম তদ্রূপ। ছেলেটা আবার গম্ভীর গলায় উচ্চারণ করল,

“এক্সকিউজ মি! হ্যালো মিস…”

তার কন্ঠস্বর আমার কান অবধি পৌঁছাল না। পাঁচতলা বিল্ডিংয়ের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে দরদর করে ঘামতে লাগলাম আমি। ছেলেটা দাঁড়িয়ে আছে আমার থেকে কয়েক হাত দূরে। তার গায়ের কড়া পারফিউমের গন্ধে আমার চেতনা অবশ হয়ে গেল। সিঁড়ির বাঁকে থাকা ছোট্ট জানালাটি দিয়ে একমুঠো স্বচ্ছ রোদ এসে পড়ে মানুষটার মুখে। কপালের ওপর আধিপত্য ছড়িয়েছে এলোমেলো চুলগুলো। তাঁর সুগঠিত ভ্রু, তীক্ষ্ণ নাক, পাতলা ধাতব ফ্রেমের চশমার আড়ালে লুকিয়ে থাকা গম্ভীর দুটো চোখ আমাকে অমোঘ আকর্ষণে নির্নিমেষ তাকিয়ে থাকতে বাধ্য করল যেন। আমি তাকিয়ে রইলাম অপলক। পূর্বে কখনো ছেলেটাকে এত কাছ থেকে দেখার সুযোগ হয়নি। সেই ক্ষতির পরিমাণ যেন পুষিয়ে নিতে চাইল আমার লোভী মন।

বেশ অনেকগুলো দিন আগে এই যুবক ছেলেটিকে হৃদয়দান করে ফেলেছি আমি। এত দিন দূর থেকে বেশ পরিণত বয়সের মনে হলেও এখন তেমনটা মনে হচ্ছে না। বাচ্চা একটা ছেলে। বয়স উনিশ-বিশ হবে হয়তো। ঠোঁটের ওপর সদ্য গজানো গোঁফের মিহি রেখা ছেলেটার মুখে এনে দিয়েছে কৈশোর পেরোনোর কোমল আভাস। নিজের পাতলা ঠোঁট নেড়ে সে আবারও বিরক্তিভরা কন্ঠে উচ্চারণ করল,

“হ্যালো…”

আমার ভীষণ রকম অস্বস্তি হলো। ঘটনাটা মাস তিনেক আগের। পড়াশোনার সুবাদে বাড়ি ছেড়ে রাজশাহী শহরে এসে এই বাসায় উঠেছি আমি। ছোটবেলা থেকে ভীষণ রকম ঘরকুনো আমার একা থাকার অভিজ্ঞতা সেই প্রথম। রুমমেট মেয়েটা আমার থেকে চার বছরের সিনিয়র। ওর অনার্স ফাইনাল ইয়ার।

পড়াশোনা নিয়ে ভীষণ রকম ব্যস্ত থাকে সে। অথচ আমি সারাদিন ফ্রি থাকি। প্রথম বর্ষ তাই পড়াশোনার তেমন প্যারা নেই। সারাদিন খাই-দাই, ঘুমাই, রিলস দেখি, বারান্দা জুড়ে পায়চারি করি রাতভর। আর মাঝে মাঝে বাড়িতে ফোন করে কান্নাকাটি করি। আম্মা আমাকে সান্ত্বনা দেয়,

“একটু মানিয়ে নাও, রেশমী। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করো না।”

মন যাতে কোনোভাবেই খারাপ না হয় সেজন্য একদিন অনলাইনে বেশ অনেকগুলো উপন্যাসের বই অর্ডার করে ফেললাম। তিন দিনের মাঝেই একগাঁদা বই এসে পৌঁছাল আমার দোয়ারে। অতঃপর আমার দিনগুলো কাটতে লাগল বইয়ের পাতায় ডুব দিয়ে। তিন তলার বারান্দায় বসে আমি নিয়মিত প্রেমের গল্প পড়ি, আর আমার অবচেতন মনে আফসোসের ধ্বনি বাজে। নির্লজ্জ মনটা প্রতিনিয়ত ধিক্কারের সুরে বলে,

“উফফ, কলেজ জীবন পার করে ভার্সিটিতে এসেও তোর একটা প্রেমিক নেই! এই জীবন রেখে কী করবি তুই? তুই বাপু কলাগাছের সাথে ফাঁস দিয়ে মরে যা!”

বলা বাহুল্য মনের ধিক্কারকে খুব একটা গুরুত্ব দিই না আমি। ছাত্রী হিসেবে স্কুল-কলেজে খুবই সুনাম ছিল আমার। পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরিজীবী ধরে বিবাহ করে ফেলব, এই হলো ভবিষ্যৎ পরিকল্পনা। কিন্তু কথায় বলে না, মানুষের মন আর আকাশের রঙ পাল্টায় দ্রুত। বাস্তবিকই আমার মনের রঙ দ্রুত পালটে গেল। পালটে গেল সেদিন থেকে, যেদিন আমি দেখেছিলাম এক সুন্দর সুদর্শন যুবককে। তিন তলার বারান্দায় বসে উদাস আমি বইয়ের পাতা উল্টাচ্ছিলাম অকারণে। বই পড়ায় মন বসছিল না। বিরক্তি জেঁকে ধরেছিল মনের প্রতিটি কোণে। আলস্য কাটিয়ে তিন তলা থেকে নিচে তাকাতেই গেটের কাছে মানুষটাকে দেখেছিলাম আমি।

একটা অপরিচিত যুবক ছেলে আমার সম্পূর্ণ মনোযোগ নিজের দিকে টেনে নিয়েছিল হুট করেই। আমি জানি না কেন ছেলেটার দিকে আমি নিষ্পলক তাকিয়ে রইলাম দীর্ঘক্ষণ। যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ আমার চোখের দৃষ্টি এদিক-অদিক হলো না। ছেলেটা দৃষ্টির আড়াল হওয়ার পরেই আমার বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হলো। সেই অনুভূতিটাকে প্রেম-ভালোবাসার কাতারে ফেলতে পারলাম না যদিও। তবে অনুভব করলাম মানুষটা আমার ক্লান্তি শুষে নিয়েছে। আমার মনটা এখন ভালো, ভীষণ রকম ভালো। সেই থেকে শুরু। আমি প্রতিদিন বিকেলে বারান্দায় বসে ‘চাশমিশ’ ছেলেটাকে দু'চোখ ভরে দেখি। দেখি আর মুগ্ধ হই। নিঃসন্দেহে ছেলেটা রুচিশীল। ওর পরনের টি-শার্ট, পলো, শার্ট-প্যান্ট সবই খুব হালকা রঙের। দেখতে দেখতে আরও আবিষ্কার করি, ছেলেটা পরিপাটি থাকতে পছন্দ করে।

প্রথম দিকে শুধু পোশাকটাই খেয়াল করতাম। কোন শার্টের সঙ্গে কোন রঙের প্যান্ট পরেছে, পায়ে কী রঙের জুতো, জুতোর ফিতেটাই বা কীভাবে বাঁধা—এমন তুচ্ছ বিষয় ছিল আমার প্রধান লক্ষ্যবস্তু। অদ্ভুত ব্যাপার হলো, ছেলেটাকে নিয়ে আমি প্রতিদিন নতুন কিছু আবিষ্কার করি। আর প্রতিদিনই মনে হয়, ছেলেটাকে নিয়ে জানার মতো বুঝি আরও কিছু বাকি আছে। ক্রমশই ছেলেটা আমার অভ্যাসে পরিণত হলো। আমার বিকেলগুলো কেটে যেতে লাগল ওকে দেখার অপেক্ষায়। ঘড়ির কাঁটা বিকেলের দিকে এগোলেই আমি অকারণে বারান্দায় গিয়ে বসে থাকি। কখনো বা হাতে তুলে নিই বই কিংবা মোবাইল। অথচ মন পড়ে থাকে নিচের রাস্তায়। একজন চাশমিশকে দেখতে দেখতে যাপিত দিনগুলো কেটে যাচ্ছিল বেশ। এবং মনে মনে বেশ বুঝেছিলাম, আই অ্যাম ইন লাভ!

দেখতে দেখতে একটা নাম না জানা ছেলেকে ভালোবেসে ফেলেছি আমি। অবশ্য নাম জানার চেষ্টাও করিনি কখনো। সাময়িক আবেগ ভেবে হেয় করেছি অনুভূতিকে। তাছাড়া ছোটবেলা থেকেই আমি ভীষণ রকম লাজুক রমণী। স্বেচ্ছায় কোনো ছেলের সাথে কথা বলতেও অস্বস্তি হয়। সেই লাজুক মেয়ের ভাগ্যে কিনা হঠাৎ এই বিপর্যয়! বিনা মেঘে বজ্রপাত বোধহয় একেই বলে। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে হলো। শুকনো ঢোক গিললাম বার কয়েক। অবশ্য এই প্রশ্নের পর আমাদের প্রেম ‘হলেও হতে পারে’ নামক ক্ষীণ সম্ভাবনাটা মস্তিষ্কে নাড়া দিল একবার।

আশা ও আনন্দ, লজ্জা ও বেদনায় উদ্বেল হয়ে ওঠা বুকটাকে স্থির করে শরীর টানটান করে দাঁড়ালাম। আমার ধারণা ছিল আমরা সমবয়সী, সেই বিশ্বাস থেকেই সূচনাটা ‘তুমি’ সম্বোধনে হতে পারত। কিন্তু ছেলেটা ‘আপনি’ দিয়ে শুরু করেছে বিধায় আমিও দীর্ঘ একটা নিশ্বাস ফেলে গম্ভীর মুখে প্রশ্ন করলাম,

“আমাকে বলছেন?”

আমার সবিস্ময় প্রশ্নে একটু যেন থতমত খেল ছেলেটা। অবশ্য মুহূর্তের ব্যবধানে কাটিয়েও উঠল হতচকিত ভাব। গম্ভীর অবয়বে কোনো রূপ পরিবর্তন না এনে বলল,

“এখানে আপনি ছাড়া অন্য কেউ আছে বুঝি? আমি তো দেখতে পাচ্ছি না, আপনি পাচ্ছেন?”

প্রশ্নের সাথে সাথে সামনে-পেছনে, আশেপাশে দৃষ্টি বোলাল ছেলেটা। ভাব দেখে শরীর জ্বলে গেল আমার। ভ্রু কুঁচকে কঠিন গলায় বললাম,
“না, দেখতে পাচ্ছি না।”
“গুড। আপনি তো খালি চোখেও খুব সুন্দর স্পষ্ট দেখতে পান।”

ছেলেটার চোখেমুখে বুদ্ধির বিদ্যুৎদীপ্তি, বাচনভঙ্গিতে চূড়ান্ত সপ্রতিভতা। ভ্রু নাচিয়ে একপ্রকারের ব্যঙ্গই যেন করল আমাকে। বুকের মাঝে অপমান তোলপাড় করে ওঠে হঠাৎ। থমথমে মুখে উচ্চারণ করি,

“মানে? কী বলতে চান স্পষ্ট করে বলুন।”
“না মানে, তিন তলা থেকে আমাকে দেখতে খুব অসুবিধা হয় বলে তো মনে হয় না। চোখ ভালো না থাকলে এত দূর দেখা সম্ভব হতো না…”

ছেলেটা যেন রসিকতা করল আমার সাথে। কিন্তু মুখের রেখায় বা কন্ঠে সেই হাস্যরসের রসদ খুঁজে পেলাম না আমি। বরং সরল মুখখানিজুড়ে স্পষ্ট বিরাজমান একরাশ রূঢ়তা। স্থলিত অসহায় দৃষ্টিতে ওই কঠিন মুখের দিকে তাকিয়ে থাকি আমি।

ছেলেটা আবার বলে,
“শুনুন মিস, এভাবে কোনো ভদ্র মেয়ে একটা ছেলের দিকে তাকিয়ে থাকে না। আপনাকে বুঝতে হবে আপনার অপলক দৃষ্টির কারণে বিপরীত মানুষটা হয়তো অস্বস্তি বোধ করছে।”

আমার দেহের ভেতর বোধহয় ভূমিকম্প হয়। লজ্জায় রাঙা হয়ে ছেলেটার সামনে থেকে নিশ্চিহ্ন হওয়ার উপায় খুঁজি মনে মনে। পাগলপ্রায় হয়ে চঞ্চল দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে খুঁজি অন্য কোনো মানুষের অস্তিত্ব। একজন হোক বা একাধিক, কেউ এলেই যেন এই অস্বস্তিকর পরিবেশ থেকে মুক্তি মিলবে আমার। ঘনঘন দৃষ্টি ফেলে আমি আঁতিপাঁতি করে খুঁজি রক্ষাকর্তা কাউকে। ছেলেটা আবার বলল,
“কাউকে খুঁজছেন?”

আমি চমকে তার দিকে তাকালাম। ভ্রু জোড়া কিঞ্চিৎ কুঞ্চিত করে ক্ষীণ স্বরে উচ্চারণ করলাম—
“জি?”
“আপনাকে উদ্ধার করার জন্য কাউকে খুঁজছেন মনে হলো।”

মৃদু হাসির সঙ্গে জবাব দিল ছেলেটা। আমি মুখ কালো করে বললাম,
“আমি কাউকে খুঁজছি না।”
“তাহলে?”

রাগে আমার শরীর জ্বলে গেল। ‘তাহলে?’ ঢং দেখলে বাঁচি না। শালা অসভ্য, ফাজিল! নাটক দেখলে গা জ্বলে যায়। আমি তো সামান্য তাকিয়েই দেখেছি। নির্লজ্জের মতো তো প্রেমপত্র প্রদান করিনি। তবে এই সিন ক্রিয়েট করার মানে কী? অসহ্য!

একটা ফাজিল ধরনের ছেলেকে তিন মাস ধরে মনে মনে ভালোবেসেছি ভেবেই নিজের গালে কষিয়ে থাপ্পড় দিতে ইচ্ছে করল। কী পরিমাণ অসভ্য হলে সামান্য তাকিয়ে থাকার অপরাধে কেউ এমনভাবে অপমান করতে পারে?

অপমানের ভার বইতে আমার কষ্ট হচ্ছে। চোখে জোরপূর্বক দখল নিতে চাইছে জলকণার দল। নিজেকে সামলে চোখ-মুখ খিঁচিয়ে বিরক্তিভরা কন্ঠে জবাব দিলাম,
“আপনি এমন অভদ্রের মতো আমাকে জেরা করছেন কেন?”

“কারণ আপনি গত প্রায় তিন মাস ধরে আমাকে জেরা করছেন চোখ দিয়ে।”

আমি ফোঁস করে নিশ্বাস ফেলে জোর দিয়ে প্রতিবাদ করে উঠলাম সাথেই সাথেই,
“এক্সকিউজ মি! আপনি আমাকে অকারণ ব্লেইম দিচ্ছেন। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে থাকি? কোনো প্রমাণ আছে? নিজেকে কি হৃতিক রোশন মনে করেন নাকি মশাই? আশ্চর্য!”

ছেলেটা অদ্ভুত ভঙ্গিমায় হাসল। ঠোঁটের কোণের ওই রহস্যময় হাসি দেখে আমার সমস্ত আত্মবিশ্বাস হাওয়াই মিলিয়ে গেল হুট করে। পালানোর পথ খুঁজলাম আমি। জবাবের অপেক্ষা না করে দ্রুত ঘুরে দাঁড়িয়ে ধুপধাপ পা ফেলে এগোতে লাগলাম সিঁড়ির ধাপ। পেছনে আসতে আসতে সে আবার ডাকল,
“এই যে...”

আমি জবাব দিলাম না। আরও দ্রুত এগিয়ে যেতে লাগলাম সিঁড়িগুলো। উড়ে চলে যেতে পারলে বোধহয় ভালো হতো। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতাম।

বেয়াদব ছেলেটা আবার বলল,
“আমার দিকে অমন করে তাকিয়ে থাকবেন না, বুঝেছেন? বিকেলে বারান্দায় না আসাটাই উত্তম।”

ধৈর্যের বাঁধ ভাঙল আমার। ঘুরে দাঁড়িয়ে চোখ গরম করে একবার তাকালাম। অতঃপর তীব্র তাচ্ছিল্যের সহিত উচ্চারণ করলাম,
“কেন, বারান্দাটা কি আপনার বাপের? মাসে মাসে ছয় হাজার টাকা ভাড়া দিয়ে থাকি কি কোথায় যাব না যাব, কাউকে সেটার কৈফিয়ত দেওয়ার জন্য? শুনুন, আপনার এত ইনসিকিউরিটি হলে মেয়েদের মতো বোরকা পরে বের হবেন। পাগল-ছাগল যত সব...”

আমার ঝাঁঝালো স্বরে ছেলেটা সামান্য বিচলিত হলো না। এতক্ষণের ভীরু ভীরু ভাবটা এবার সম্পূর্ণ ত্যাগ করে স্থির কন্ঠে প্রশ্ন করল,
“আপনি আমার কথা শুনবেন না?”

জেদ জন্ম থেকে আমার অস্থিমজ্জায় বাসা বেঁধেছে। অচেনা কারো আদেশ বিনা প্রশ্নে মেনে নেওয়ার মেয়ে আমি নই। আমার ভেতরটা বিদ্রোহ ঘোষণা করল।

উদ্যতভাবে জবাব দিলাম,
“না, কেন আপনার শুনব? কে আপনি? হু আর ইউ?”

ভ্রু জোড়া সামান্য ওপরে তুলে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তাকাল অসহ্য ছেলেটা। এতক্ষণে সে লম্বা লম্বা পা ফেলে আমার পাশাপাশি এসে গিয়েছে। গা ছাড়া ভঙ্গিতে মুচকি হেসে টেনে টেনে উচ্চারণ করল,
“ও-কে!”

এক মুহূর্ত থেমে আমার চোখে চোখ রাখল কৌতুকের দৃষ্টিতে। মুখের সেই অসহ্য হাসিটা আরও চওড়া করে নিচু স্বরে আওড়াল,

“তো মিস, আজকের পর থেকে আমি যদি নিচ থেকে বারবার আপনার দিকে তাকাতে শুরু করি, সেটার দায় কিন্তু সম্পূর্ণ আপনার।”

#মন_কেমনের_দিনে [সূচনা]
#সানজিদা_খানম_স্বর্ণা

—প্রথম পর্বে সকলকে মতামত দেবার অনুরোধ রইল। পেইজের রিচ হঠাৎ করেই অনেক ডাউন হয়ে গিয়েছে। মাত্র আট পর্বের ছোট গল্প হবে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন