'সাত বার প্রত্যাখান পাওয়া এক অসহায় প্রেমিকা লিখছি,
প্রিয়তম নির্জন ভাই,
শুরুতেই জানাই,যে লাল বালতি দিয়ে আপনি আমার মাথায় ময়লা দূর্গন্ধযুক্ত পানি ফেলেছিলেন সেই বালতি সমপরিমাণ ভালোবাসা। আমি বর্তমানে একজন জনম দুঃখিনী, হতভাগা অসহায়, নিরুপায়, ফকির বিশেষ প্রেমিকা হয়ে পৃথিবীতে বেঁচে আছি শুধু মাত্র আপনার জন্য। বিলুপ্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।সাত বার প্রত্যাখান পত্র পাওয়ার পর আটবারের বার আবার লিখতে বসেছি।আমার মতো এতো চেষ্টা রবার্ট ব্রুস ও হয়তো করতো না যদি না সে মাকড়সার দেখা পেতো। আমার ভালোবাসা কি অদৃশ্য সুগন্ধবিহীন যে চোখে দেখা যায় না অনুভব করা যায় না, আপনি বলুন তো?
আপনার প্রত্যাখান পেতে পেতে আমার সাফল্যর পিলার ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে।প্রেমে সফল হওয়ার দোয়া পড়েও কাজ হচ্ছে না এখন আর। দুদিন আগে কলেজে থেকে ফেরার পথে আপনাকে দেখলাম টঙের দোকানে, এগিয়ে ও গেলাম এক বুক আশা নিয়ে।অথচ্ আপনি কি করলেন কলা খেয়ে খোসাটা ছুঁড়ে মারলেন আমার দিকে।এই নিয়ে বান্ধবীমহলে হলাম অপমানে আধা সিদ্ধ।
১ বছর ৩মাস হলো আপনার পিছনে ঘুঘু পাখির মতো উড়ছি,চাতক পাখির মতো পথ চেয়ে থাকছি,কোকিল পাখির মতো মিষ্টি সুরে ডাকছি তাতেও আপনার মন নামক পাথর গলাতে পারছি না।কোন ইস্পাতে গড়া আপনার মন বলবেন প্লিজ?
তবে আমি শর্মী এক কথার মানুষ। হাল আমি ছাড়ছি না, পথ থেকেও আমি দূর হচ্ছি না।আপনার স্বৈরাচারী মন পতন না ঘটানো পর্যন্ত আমার আন্দোলন চলছে চলবেই।
ইতি
আপনার অপ্রিয়তমা
শর্মী
বিকালের মিষ্টি রোদে জানালার পাশে বসে তিনবার রিভাইজ দেওয়া শেষ হলো চিঠিখানা।
-"আমি কিন্তু এবার সত্যি চলে যাবো শর্মী কর্মী"
-"রিদু ভাই আমার আর একটাবার চেক করে নেই দাঁড়া।"
গরমের পালাবদল শেষে শহরে হালকা শীত আসতে শুরু করছে মাত্র।মৃদু বাতাসের দোলায় জানালার রঙিন পর্দাগুলো উড়ছে বাধাহীনভাবে। তারই একপাশে সাদা কালো অস্থির মন নিয়ে শর্মী চোখ বুলিয়ে যাচ্ছে তার লেখা চিঠিটাতে।আগের চিঠিটাতে বানান ভুলের কারণে তাকে লজ্জাবতী ফুল হতে হয়েছে।যার কারণে নির্জন ভাইয়ের বেয়াদব বন্ধু প্রান্ত ভাই ডেকে বলেছিলো,
" শর্মী গোপন খবরের সূত্রে জানতে পারলাম তুমি নাকি বানান টানান কিছুই পারো না । অ আ ঠিকমতো না চিনেই অনার্সে উঠে গিয়েছো।ছিঃ ছিঃ আমাদের ভাষা শহিদদের অপমান কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি তোমাকে বাংলা বর্নমালা বই কিনে দিবো। নিয়ম করবে পড়বে ঠিক আছে।"
ইশশ্ কি লজ্জা!
শর্মী লজ্জাবতী ফুল হতে চায় আর না সে হতে চায় কলাবতী ফুল।নির্জন ভাইয়ের কলাবতী ফুল সে।
বিরক্তির চরম সীমায় পৌঁছে আছে রিদু।কপাল কুঁচকে রাগের বহিঃপ্রকাশ করলেও এসবে কোনো পাত্তাই দিচ্ছে না সামনে দাঁড়নো অকর্মা ব্যক্তিটি।
-"হয়ে গেছে এই নে।প্লিজ এইবার একটু ভালো করে দিস যাতে কাজ হয়।"
রিদু দীর্ঘ শ্বাস ফেলে চিঠিখানা হাতে নেয়।উলটে পালটে দেখে সাদা কাগজ লেখা চিঠির এপিঠ ওপিঠ।
-"আমার পেমেন্ট টা আগে দিয়ে দে।বাদ বাকি হিসাব পরে হবে।"
শর্মী কাঁধ সমান চুলগুলো হেয়ার ব্যান্ড দ্বারা বেঁধে নেয় আলতো করে।অতঃপর স্টাডি টেবিলের উপরে রাখা ব্যাগটা থেকে দুশো টাকার চকচকে নোট বের করে রিদুর সামনে ধরে,
-"এই নে আজকের একশো টাকা সহ অগ্রিম আরো একশো টাকা।"
রিদুর মাঝে মাঝে ভাবতে কষ্ট হয় তার এই উজবুক বোনটা তার বড় চাচার মেয়ে।যে চাচার ভয়ে সারা কাজিন মহল ভয়ে কাঁপে, কেউ মাথা তুলে কথা বলার সাহস পায় না অথচ তারই ঘরে এতো বড় গলদের রাজত্ব।
"-তুই তাহলে নিজেও শিউর এইবারো কাজ হবে না যার কারনে অগ্রিম দিয়ে রাখছিস। এই তোর ভালোবাসার বিশ্বাস? "
শর্মী নিস্তেজ ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়ে। সিলিং ফ্যানের দিকে নিষ্পলক চেয়ে থাকতে থাকতে বলে,
"প্রেম ভালোবাসা না বলে কয়ে আসতে বেশি পছন্দ করে ।নির্জন ভাইয়ের প্রেমের বাড়ি হয়তো একটু বেশিই দূরে তাই আমার এতো খরচা করতে হচ্ছে। এখুনি পৌঁছানেরও কোনো সম্ভবনা নেই তাই। আর বিশ্বাসের কথা বলছিস? আমি পরীক্ষার সময় নিজেকে যেমন বিশ্বাস করি ফেল আমি করবোই, ঠিক তেমনিভাবে বিশ্বাস করি আমার ভালোবাসায় সফল আমি হবোই।
রিদু একপলক চেয়ে চিঠিখানা পকেটে পুরে কলেজ ব্যাগটা কাঁধে চাপিয়ে নেয়।
"-তোর সাথে ব্যবসায় নেমে আমার লাভ লোকসান কিছুই হচ্ছে না বোন।এই ১০০ টাকা আমার কলেজে দেরি হওয়ার জন্য জরিমানা দিতেই যাবে।"
রিদুর দুঃখে দুঃখিত হওয়ার বদলে শর্মী নিজের দুঃখের ঝুড়ি খুলে বসে।
-"তোর তো শুধু জরিমানাতে লস আর আমার যে পুরো জীবনটাই লসের খাতায় হাজিরা দিতে দিতে শেষ হচ্ছে সে বেলায়?"
শর্মীর কথায় রিদু আর কোনো প্রতিত্তুর করে না।পাগল খেপিয়ে লাভ নেই আর। ঝড়ের বেগে রুম থেকে বের হয়ে যায় সে।আজ ১ বছর হলো এই ব্যবসায় নিয়োজিত আছে। এতোদিনে ১০০ টাকা জমিয়ে জমিয়ে সে গাড়ি বাড়ি সব করে ফেলতে পারতো।অথচ সেসবের তো কোনো বালাই নেই উল্টো তারই আবার মহাজনকে ধার দিতে হয় মাঝে মধ্যে।
একদিক দিয়ে টাকা আসলে চারদিক থেকে টাকা চলে যায়।
শর্মী কোলবালিশ টা কাছে টেনে দুঃখের সাগরে পাড়ি জমায়।মনে মনে আওড়ায়,
"নির্জন ভাই আমার দেউলিয়া হতে বেশি সময় নেই আর। শুধু মাত্র এই চিঠির ভাড়া জোগাতে গিয়ে প্রত্যেক ঈদে ঢাকা শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্ত আত্নীয় বাড়ি সালামির জন্য দৌড়াই। ঈদ আসলে সবাই আমাকে " সালামি শর্মী" বলে ডাকে।এ ব্যাথা আমি কোথায় লুকাবো?"
----------------------------------
কুয়াশায় মোড়ানো শীতের সকালে সূর্য মামার দেখা পেতে বেশ সময় লাগছে।ঠান্ডা সকালে তাই ঘুমিয়েও বেশ আরাম।নরম কম্বলে গরম আবেশে ঘুমে বিভোর হয়ে আছে শর্মী।হঠাৎ চিরপরিচিত কন্ঠস্বরে অবিরাম ডাক তার ঘুমটার বারোটা বাজিয়ে ছাড়ে।চোখ মুখ কুঁচকে কানে হাত দিয়ে উঠে পড়ে।
-"শর্মী কলেজের দেরি হয়ে যাচ্ছে উঠে পড়ো।সারাদিন তো ষাঁড়ের মতো ঘুমাও তারপরেও এতো ঘুম আসে কোথায় থেকে তোমার?"
মায়ের কর্কশ ধ্বনিতে বেশ বিরক্তিবোধ করে শর্মী।পড়াশোনায় সে কাঁচা তেঁতুলের মতো টক।ফেল করে করে জর্জরিত হয়ে কোনমতে অনার্সে উঠেছে।তাহার এই ফেল বিষয়ক দক্ষতার কথা দুনিয়ার সবাই জানে। তারপরও পড়াশোনায় কেন এতো জোর জবরদস্তি করে বুঝে না সে।
হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডাইনিং এ বসে পড়ে শর্মী।সামনে তাকিয়ে দেখতে পায় পাউরুটিতে জ্যাম মেখে আনমনে গিলে যাচ্ছে তারমতোই গুণোধর ফেল্টুস ভাই স্বপ্ন। ক্লাস সেভেনের হাফ ইয়ারলি এক্সামএ দুটো সাবজেক্টে সে বিশেষভাবে অকৃতকার্য হয়েছে।এই নিয়ে শর্মী একটু দুশ্চিন্তায় আছে।কেননা বাবা এখন ব্রেকফাস্ট করতে এসে তাদের আমলনামা নিলামে তুলবে।ভাইয়ের ফেলের খবর শুনে ওকে তো বকবেই সাথে সেও ফ্রি।
কিছু সময় পার হতেই মশিউর সাহেব ধীর গতিতে ব্রেকফাস্ট টেবিলে আসেন।চেয়ার টেনে বসে পড়লে তাজনীন বেগম গরম চা নিয়ে আসে সামনে।চশমা চোখে দিয়ে একপলক দুই ছেলে মেয়ে কে পরোখ করে নেন তিনি।
শর্মী স্বপ্ন মাথা নিচু করে নাস্তা করার তালে আছে। বাবার আগমনে খরগোশের গতিতে নাস্তা খাওয়া থেমে কচ্ছপের গতিতে পরিণত হয়েছে।তাকাবার সাহস নেই যেনো আর।
"আমার সম্মানীয় কৃতিধর মা বাবা মাথা তুলে নাস্তা করুন।এমনভাবে মাথা নিচু করে থাকলে ঘাড় থেকে মাথা খসে পড়বে।বুঝতে পেরেছি আপনাদের মধ্যে কেউ একজন ফেলের সম্মানে নতুন করে ভূষিত হয়েছেন। কে হ'য়েছেন নিজ দায়িত্বে বলে ফেলুন।"
মশিউর সাহেবের গম্ভীর স্বরে কথা শুনে হালকা কেশে উঠে স্বপ্ন।খাওয়া থামিয়ে ধীরে ধীরে বাপের পানে মাথা তুলে তাকায় সে।
মশিউর সাহেব দীর্ঘ শ্বাস ফেলেন। তাজরীন বেগমের দিকে তাকিয়ে বলেন,
"প্রত্যেক ফ্যামিলিতে ছেলে মেয়ের মধ্যে একজন গাধা হলে অপরজন হয় বিদ্যাসাগর।পৃথিবীর ইতিহাসে শুধু মাত্র আমার পরিবারেই দুটো গাধা ছেলে মেয়ের জন্ম হয়েছে।এদের দুজনকে ভবিষ্যতের জন্য ১০০০ ওয়াটের বাতি জ্বলালেও অধিক অন্ধকারের কারণে তা জ্বলবে না।
এক কাজ করি তাজরীন, একজনকে আমার ব্যবসায় কর্মচারী হিসেবে নিয়োগ দেই আরেকজনকে তুমি রহিমার কাজে নিয়োগ দাও।"
তাজরীন বেগম হতাশাপূর্ণ দৃষ্টিতে দুই ছেলে মেয়ের দিকে চায়।সে নিজে বাংলা সাহিত্য মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেছেন।তার পেটে এমন দুটো গর্দভ ছেলে মেয়ে কেমন করে হলো।
"খালাম্মা... ও খালাম্মা গো... এই দেইখ্খা যান কি পাইছি।"
রহিমা বানু ঝাড়ু হাতে গলা ফাটিয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসেন ডাইনিং টেবিলের কাছে।শ্বাস প্রশ্বাস তার উর্ধগতিতে।
তাজরীন বেগম রহিমার কাজ দেখে কপাল চাপড়ানোর জোগাড়।
"তোমাকে কতবার বলেছি রহিমা ঝাড়ু হাতে খাবার টেবিলে আসবে না। তোমাকে এতো করে বললেও বোঝো না কেন?"
রহিমা বানু তাজরীন বেগমের কথা কোনো পাত্তা দেয় না।সে সবসময় নিজের মন মর্জি মতো চলতে পছন্দ করে। এই বাড়ির অঘোষিত কর্ত্রী সে।মশিউর সাহেব বাদে বাকি তিনজনকে সে গ্রাহ্যই করে না।
"ও খালাম্মা... সর্বনাশ হইয়া গেছে।সব শ্যাষ হইয়া গেছে রে...."
রহিমার বিলাপে সবার খাওয়া থেমে বোকা বনে যায়। হঠাৎ কি এমন হলো!!
মশিউর সাহেব ধমকে উঠেন,
"রহিমা তুমি কি হয়েছে বলবে দয়া করে?"
রহিমা একটু থেমে পুনরায় বিলাপের সুরে বলে,
"ও খালু জান রে,,,ঝাড়ু দেওয়নের সময় শর্মী আপার খাটের নিচে থাইকা এক্কান চিডি পাইছি। চিডিতে কি লেখ্খা আছে হেইডাও আমি তিনবার পড়ছি।"
তাজরীন বেগম শর্মীর পানে একবার চেয়ে রহিমাকে জিজ্ঞেস করে,
"কি লেখা আছে চিঠিতে?"
-"আকাশে বাতাসে স্বপনে সায়রে আপনাকেই খুঁজে বেড়াই নির্জন ভাই।"
রহিমার সুরে সুরে উচ্চারণ করা শব্দ শর্মীর কানে বিষের মতো লাগছে।হাত পা কাঁপতে কাঁপতে চক্ষু লজ্জায় তার মরি মরি অবস্থা। ইশশ্ আবার লজ্জাবতী ফুল হতে হলো তাকে।তার কপালে কি কলাবতী ফুল গাছ লেখা নেই?
নিজেকে একরকম ধাতস্থ করে মাথা নিচু করে অস্ফুট স্বরে আওড়ায়,
"এইটা চিঠি না রহিমা আপা বাংলা ব্যাকরণের ভাবসম্প্রসারণের হেডলাইন এটা।"
#সুতোকাঁটা_রঙিন_ঘুড়ি
#মাহরিণ_তৃণ
#পর্ব_০১
#চলবে