অসমাপ্ত মায়াকাব্য
দ্বিতীয় পর্ব: নীরবতার ওপারে
সকালটা অন্য দিনের মতোই ছিল। জানালার ফাঁক দিয়ে মিষ্টি রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। অথচ সাদিয়ার মনটা আজ কেমন যেন অস্থির।
আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে নিজের প্রতিচ্ছবির দিকে তাকাল সে। মুখে সেই চিরচেনা রাগী ভাব, চোখে একরাশ অভিমান। কিন্তু মনের ভেতর যে কত প্রশ্ন জমে আছে, তা কেউ জানে না।
— আপু, আর কতক্ষণ? দেরি হয়ে যাচ্ছে!
ছোট বোনের ডাকে হুঁশ ফিরল সাদিয়ার।
— আসছি তো! এত চিৎকার করার কী আছে?
সাদিয়ার কথায় ছোট বোন মুখ বাঁকিয়ে চলে গেল। মেয়েটার রাগ যে কত দ্রুত ওঠে, সেটা বাড়ির সবাই জানে।
অন্যদিকে আব্দুল্লাহর সকালটাও শুরু হয়েছিল কিছুটা অগোছালোভাবে। হাতে ফোন নিয়ে বসে আছে সে। বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছে, আবার ফোনটা রেখে দিচ্ছে। একটা মেসেজ লেখার ইচ্ছা হচ্ছে, কিন্তু সাহস হচ্ছে না।
কিছু মানুষকে মনের কথা বলা এত কঠিন কেন?
আব্দুল্লাহ নিজেও জানে না।
মাদ্রাসায় পৌঁছেই সাদিয়া বান্ধবীদের সঙ্গে গল্পে মেতে উঠল। হাসাহাসি, দুষ্টুমি, খুনসুটি—সবকিছুতেই সে সবার আগে। কিন্তু হঠাৎ করেই তার হাসিটা থেমে গেল।
কারণ দূরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চোখে পড়েছে তার।
আব্দুল্লাহ!
ছেলেটা কারও সঙ্গে কথা বলছিল। কিন্তু সাদিয়াকে দেখতেই তার কথার মাঝখানে সামান্য বিরতি পড়ল। চোখাচোখি হতেই সাদিয়া দ্রুত অন্যদিকে তাকিয়ে নিল।
— কী রে, কী দেখছিস?
বান্ধবীর প্রশ্নে সাদিয়া বিরক্ত হয়ে বলল,
— কিছু না। তোর কি সবকিছুতেই প্রশ্ন করতে হয়?
বান্ধবী মুচকি হেসে বলল,
— বুঝেছি, কিছু একটা তো আছেই!
— বেশি বুঝতে আসিস না। চুপচাপ থাক!
কথাটা বললেও সাদিয়ার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল।
ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর আব্দুল্লাহ একটা কাগজে কয়েকটা কথা লিখল। অনেকক্ষণ কাগজটার দিকে তাকিয়ে থেকে শেষ পর্যন্ত সেটা ভাঁজ করে রাখল।
তারপর আবার খুলে পড়ল।
‘তুমি কি জানো, তোমার রাগের আড়ালেও একটা সুন্দর মন লুকিয়ে আছে? তোমাকে বিরক্ত করতে ভালো লাগে, কারণ তোমার রাগী মুখটা দেখলে অদ্ভুত এক শান্তি পাই। কিন্তু কখনো কখনো ভয় হয়, যদি একদিন তুমি সত্যিই দূরে চলে যাও!’
লেখাটা পড়ে আব্দুল্লাহ নিজেই মৃদু হাসল।
কিন্তু কাগজটা সাদিয়ার কাছে পৌঁছানোর সাহস হলো না।
ছুটির সময় সাদিয়া বান্ধবীদের সঙ্গে বের হচ্ছিল। হঠাৎ পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এল।
— সাদিয়া!
পায়ের গতি থেমে গেল তার। পেছনে তাকিয়ে দেখল আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে।
— কী?
— একটু কথা ছিল।
— বলো।
আব্দুল্লাহ কিছুক্ষণ চুপ করে থেকে বলল,
— তুমি সবসময় এত রাগ করে থাকো কেন?
সাদিয়া ভ্রু কুঁচকে বলল,
— তোমার কী সমস্যা? আমি রাগ করব, না হাসব, সেটা কি তোমাকে জিজ্ঞেস করে করতে হবে?
আব্দুল্লাহ হেসে ফেলল।
— না, তবে তোমাকে হাসতে দেখলে ভালো লাগে।
কথাটা শুনে সাদিয়া কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর মুখ ঘুরিয়ে বলল,
— আজব ছেলে একটা!
এই বলে সে চলে গেল। কিন্তু কয়েক পা এগিয়ে গিয়েও একবার পেছনে তাকাল। আব্দুল্লাহ তখনো দাঁড়িয়ে ছিল।
সেদিন বিকেলে বাড়ি ফিরে সাদিয়া বারান্দায় বসে আকাশ দেখছিল। বিকেলের আকাশে মেঘ জমেছে। বাতাসে কেমন একটা অচেনা অনুভূতি।
হঠাৎ ফোনে একটা মেসেজ এল।
অপরিচিত কোনো নম্বর নয়। পরিচিত নামটাই স্ক্রিনে ভেসে উঠল।
আব্দুল্লাহ।
মেসেজে লেখা,
‘আজ তোমার সঙ্গে একটু বেশি কথা বলতে ইচ্ছে করছিল। কিন্তু তুমি তো কথাই শুনতে চাও না।’
সাদিয়া মেসেজটা পড়ে হাসল। তারপর ইচ্ছা করেই কিছুক্ষণ কোনো উত্তর দিল না।
প্রায় দশ মিনিট পর লিখল,
‘তোমার এত কথা বলার কী আছে?’
ওপাশ থেকে উত্তর এল,
‘সব কথা কি আর বলা যায়?’
সাদিয়া এবার আর উত্তর দিল না। ফোনটা পাশে রেখে আকাশের দিকে তাকিয়ে রইল।
সে জানত না, এই ছোট ছোট কথাগুলো একদিন তার জীবনের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।
আর আব্দুল্লাহ?
সে জানত, সাদিয়া সহজে কাউকে নিজের মনের কাছে আসতে দেয় না। তার রাগ আছে, অভিমান আছে, জেদ আছে। কিন্তু সেই জেদের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে বুঝতে তার কোনো তাড়াহুড়ো নেই।
কারণ কিছু সম্পর্কের নাম দিতে হয় না। কিছু অনুভূতি নীরবেই বেঁচে থাকে।
তবে তাদের গল্পে যে আরও অনেক অজানা অধ্যায় অপেক্ষা করছে, তা কেউই জানত না।
সেদিন রাতেই সাদিয়ার ফোনে আরেকটি মেসেজ এল।
‘একটা কথা জিজ্ঞেস করব? সত্যি করে উত্তর দেবে?’
সাদিয়া লিখল,
‘আগে প্রশ্ন করো।’
কয়েক মুহূর্ত পর উত্তর এল—
‘কখনো কি আমার জন্য তোমার মন খারাপ হয়?’
সাদিয়া স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। উত্তরটা তার জানা ছিল, কিন্তু মুখে স্বীকার করার মতো সাহস তখনো হয়নি।
সে শুধু লিখল,
‘ঘুমাও। অনেক রাত হয়েছে।’
আব্দুল্লাহ মেসেজটা পড়ে বুঝল, এই ছোট্ট উত্তরের মধ্যেও হয়তো অনেক না বলা কথা লুকিয়ে আছে।
কিন্তু সাদিয়া জানত না, আগামী দিনের একটি ঘটনা তাদের এই নীরব সম্পর্কের সব হিসাব বদলে দিতে চলেছে ,,
রাত গভীর হলে সাদিয়া আবার ফোনটা হাতে নিল। আব্দুল্লাহর মেসেজটা বারবার পড়তে লাগল। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠলেও কাউকে বুঝতে দিতে চাইল না সে।
হঠাৎ বান্ধবীর ফোন এল।
— কী রে, ঘুমাসনি এখনো?
— না, তুই বল।
— আব্দুল্লাহ কি তোকে ম্যাসেজ দিয়েছিল,
সাদিয়া বিরক্তির ভান করে বলল,
— তোদের আর কোনো কাজ নেই?
বান্ধবী হেসে বলল,
— আছে তো! কিন্তু তোদের গল্পটা দেখতে বেশি ভালো
লাগে।
সাদিয়া কিছু না বলে ফোন রেখে দিল। জানালার বাইরে তাকিয়ে মনে মনে ভাবল, কিছু মানুষ সত্যিই অদ্ভুত! চাইলেও যাদের এড়িয়ে চলা যায় না।
আর কিছু গল্পের শেষটা হয়তো লেখা থাকে না, শুধু অপেক্ষা করে নতুন কোনো শুরু করে
আর সেই অপেক্ষার নামই হয়তো ভালোবাসা, যার শেষ আজও অজানা রয়ে গেছে,,