তুই কি আমার হবি
লেখক: রেহনিকা
পর্ব: ১
"ওই জুনিয়র, বড় ভাইদের সালাম না দিয়ে যাও কই?"
রোদ ঝলমলে সকাল। ঢাকার অভিজাত এলাকার অন্যতম সেরা প্রাইভেট ইউনিভার্সিটির বিশাল সবুজ মাঠের পাশের পিচঢালা রাস্তা দিয়ে দ্রুতপায়ে হেঁটে যাচ্ছিল নুসাইবা কায়সার সানা। ভারী ও কর্কশ এই কণ্ঠস্বর কানে যেতেই সানার পা দুটো হঠাৎ থমকে গেল। পরনে ছিমছাম একটা কালো সুতির কুর্তি, কাঁধে ব্যাকপ্যাক, চুলগুলো উঁচু করে পনিটেইল করা—আর চোখেমুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ভাব। পাশে হাঁটছিল তার সমবয়সী কাজিন নাবিদ কায়সার সাকিব এবং বান্ধবী ইবা।
মাঠের ঠিক মাঝামাঝি কৃষ্ণচূড়া গাছের ছায়ায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে একদল সিনিয়র ছাত্র। নতুন ব্যাচের স্টুডেন্টদের দেখে র্যাগিং করার উদ্দেশ্যে পথ আটকে দাঁড়িয়েছে তারা।
নাবিদ কিছুটা অস্বস্তি নিয়ে সানার হাত টেনে ফিসফিস করে বলল, "সানা, চল তো! ওরা সিনিয়র, প্রথম দিনেই অযথা ঝামেলায় জড়ানোর দরকার নেই।"
ইবাও ভয়ে ভয়ে মাথা নেড়ে সায় দিল। কিন্তু সানা কারো অন্যায় হুকুম মেনে নেওয়ার পাত্রী নয়। সে ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকাল।
দলের মাঝখানে দাঁড়িয়ে থাকা দীর্ঘদেহী ছেলেটার নাম রাফসান। ঢাকার এক বিত্তশালী পরিবারের ছেলে হওয়ায় ক্যাম্পাসে সে নিজেকে বেশ দাপুটে সিনিয়র হিসেবে জাহির করে বেড়ায়। তার পাশে দাঁড়ানো আরও চার-পাঁচজন সাঙ্গপাঙ্গ বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে।
রাফসান বাঁকা হেসে সানার দিকে কয়েক পা এগিয়ে এল। সানার আপাদমস্তক তীক্ষ্ণ চোখে তাকিয়ে চরম অশালীন ও বাজে ইঙ্গিতপূর্ণ সুরে বলল, "কী ব্যাপার সুন্দরী, কানে কি তালা লেগেছে নাকি? ভার্সিটির রুলস জানো না? নতুন ব্যাচে তো দেখছি এবার বেশ জম্পেশ মাল এসেছে! ফার্স্ট ইয়ারে উঠেই এত দেমাগ কিসের?"
রাফসানের মুখ থেকে এমন নোংরা ও বাজে কথা শোনামাত্রই সানার শরীরের রক্ত যেন মুহূর্তেই মাথায় উঠে গেল! মাঠের আশপাশ দিয়ে হেঁটে যাওয়া অন্য স্টুডেন্টরাও চমকে দাঁড়িয়ে পড়ল। নাবিদের মুখটা রাগে লাল হয়ে গেল, সে সামনে এগোতে নিলেই সানা হাত তুলে নাবিদকে থামিয়ে দিল।
সানা বাঁকা হেঁসে এগিয়ে গিয়ে বললো,"সুন্দরীও বলবেন আর দেমাগ দেখবেন না, তা কি করে হয় ভাই...য়া..।"শেষের ভাইয়া শব্দটা একটু টেনে টেনে-ই বললো।
রাফসান বোদহয় মজা পেলো সানার কথায়। সে আরেকটু এগিয়ে এসে বাজে ইঙ্গিত করে বললো,"বাব্বাহ্ কি তেজ,তা এই তেজ কি সব জায়গায় থাকে?"
রাফসানের বাজে ইঙ্গিত বুঝতে পেরে সানার এবার সত্যি রাগ হলো তবে ঘাবড়ালো না রাফসানের চোখের দিকে আগুন দৃষ্টিতে তাকাল। শান্ত কিন্তু ভীষণ তীক্ষ্ণ ও ধারালো গলায় জবাব দিল, "প্রথমত, সালাম দেওয়ার মতো সম্মান অর্জন করতে হয়, রাস্তার বখাটেদের মতো দাঁড়িয়ে থাকলে সালাম পাওয়া যায় না। আর দ্বিতীয়ত, মুখ সামলে কথা বলুন, নাহলে এই নোংরা মুখ আর মুখের ভাষা চিরতরে বদলে দেব।"
বন্ধুদের সামনে এবং পুরো মাঠের স্টুডেন্টদের সামনে এভাবে অপমানিত হওয়ায় রাফসানের ইগোতে ভীষণভাবে লাগল। রাফসান রাগে ফুঁসতে ফুঁসতে সানার একদম সামনে এসে দাঁড়াল। দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, "তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করিস? জানিস আমি কে? আজ তোকে বোঝাব রাফসান কী জিনিস!"
সানাও দমবার পাত্র নয়। সে এক পা পিছিয়ে না গিয়ে রাফসানের চোখের দিকে তাকিয়ে পাল্টা বলল, "কেন আপনি জানেন না আপনি কে? আর আপনি কে সেটা জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আর অসভ্যতা করলে তার জবাব কীভাবে দিতে হয়, সেটা আমার খুব ভালো জানা আছে। রাস্তা ছাড়ুন, অযথা ময়লা-আবর্জনার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না ।"
সানার এমন মুখের ওপর জবাবে রাফসানের মেজাজ মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সানাকে থামানোর জন্য হাত বাড়িয়ে সানার মুখ চেপে ধরে!
আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অবিশ্বাস্য ঘটনাটি!
সানার মুখ ধরার সাথে সাথেই ওর চোখের মণি জ্বলে উঠল। নাবিদ বা ইবা কিছু বোঝার আগেই সানা বিদ্যুৎগতিতে নিজের বাঁ হাত দিয়ে রাফসানের কব্জিতে এমন এক প্রচণ্ড মোচড় দিল যে রাফসান যন্ত্রণায় বিকট আর্তনাদ করে উঠল! হাত ছাড়িয়ে নিয়েই সানা কোনো সময় নষ্ট না করে রাফসানের পেটে সজোরে এক লাথি বসাল। রাফসান তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে মাঠের ঘাসের ওপর আছড়ে পড়ল।
নিজেদের লিডারকে এভাবে মাটিতে লুটিয়ে পড়তে দেখে রাফসানের এক বন্ধু সানার দিকে তেড়ে এল। সানা এক মুহূর্ত দেরি না করে নিজের কাঁধের ভারী ব্যাকপ্যাকটা ঘুরিয়ে সজোরে ছেলেটার মাথায় আঘাত করল। আঘাত পেয়ে ছেলেটা মাথা চেপে ধরে বসে পড়ল।
ওদিকে মাটিতে পড়ে থাকা রাফসান রাগে অন্ধ হয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই সানার চোখ পড়ল পাশে পড়ে থাকা ক্যাম্পাস সংস্কারের কাজে ব্যবহৃত একটা মোটা কাঠের বাটামের ওপর। সানা চোখের পলকে সেটা তুলে নিয়ে রাফসানের পিঠে, কাঁধে আর পায়ে পরপর কয়েক ঘা সজোরে বসিয়ে দিল! প্রতিটি আঘাতে রাফসান যন্ত্রণায় কুঁকড়ে উঠছে, তার কপাল ও ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করেছে।
পুরো ক্যাম্পাস মাঠ তখন পিনপতন নীরবতায় স্তব্ধ! আশপাশের শত শত শিক্ষার্থী হাঁ করে তাকিয়ে আছে—কেউ বিশ্বাসই করতে পারছে না, সদ্য ভর্তি হওয়া এক অষ্টাদশী মেয়ে ক্যাম্পাসের ত্রাস রাফসানকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করে দিচ্ছে!
নাবিদ আর ইবা দৌড়ে এসে কোনোমতে সানাকে টেনে সরিয়ে ধরল। রাফসানের বাকি বন্ধুরা ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা অর্ধচেতন ও রক্তাক্ত রাফসানকে ধরাধরি করে তুলল। অবস্থা বেগতিক দেখে তারা দৌড়ে ভার্সিটির মেইন গেটের বাইরে নিয়ে গিয়ে একটি গাড়িতে তুলে সরাসরি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের দিকে ছুটল।
সানা হাঁপাতে হাঁপাতে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে নিল। চোখেমুখে তখনো রাগের আগুন জ্বলছে। হাসপাতালের দিকে ছুটে যাওয়া রাফসানের বন্ধুদের উদ্দেশ্যে শীতল গলায় বলল, "এরপর কোনো মেয়েকে বাজে কথা বলার বা গায়ে হাত দেওয়ার আগে আজকের এই মারের কথা মনে রাখবি!"
ঘটনার পর যেন কিছুই হয়নি, এমন নির্বিকার ভঙ্গিতে নাবিদ ও ইবাকে সাথে নিয়ে নিজের ডিপার্টমেন্টের ক্লাসরুমে গিয়ে বসল সানা। তবে পুরো ক্লাসের স্টুডেন্টরা সানার দিকে এক অদ্ভুত বিস্ময় আর সমীহের দৃষ্টিতে তাকাচ্ছিল। মাঠের খবর যে ইতিমধ্যেই পুরো ক্যাম্পাসে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
ক্লাস শুরু হওয়ার ঘন্টাখানেক পর,তকন ২য় পিরিয়ড চলে ক্লাসরুমের দরজায় এসে দাঁড়ালেন ভার্সিটির একজন পিওন। তিনি ভেতরে তাকিয়ে ক্লাস নেওয়া প্রফেসর নিয়াজ খানের অনুমতি নিয়ে বললেন, "স্যার, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট নুসাইবা কায়সার সানাকে একটু ডিপার্টমেন্ট হেড প্রফেসর মাহমুদ স্যারের রুমে যেতে বলা হয়েছে।"
নামটা শুনতেই নাবিদ আর ইবা ভয়ে মুখ চাওয়াচাওয়ি করল। কিন্তু সানার চেহারায় কোনো ভয়ের লেশমাত্র নেই। প্রফেসর অনুমতি দিতেই সে শান্তভাবে বই-খাতা গুছিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল এবং পিওনের পেছন পেছন প্রফেসরের রুমের দিকে এগোল।
প্রফেসর মাহমুদের বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সানা কিছুটা অবাক হলো। প্রফেসরের সামনের সোফায় গম্ভীর অথচ প্রশান্ত মুখে বসে আছেন ওর বাবা নাঈম কায়সার!
ঢাকা শহরের ব্যবসা-বাণিজ্য ও অভিজাত মহলে কায়সার ফ্যামিলি-কে সবাই এক নামেই চেনে। অত্যন্ত প্রভাবশালী, বনেদি এবং সম্মানিত এই পরিবারের কথা প্রফেসর মাহমুদ নিজেও খুব ভালোভাবে জানেন। তাই সানাকে দেখেই প্রফেসর মাহমুদ বেশ বিনয়ী ও আন্তরিক স্বরে বললেন, "এসো সানা, ভেতরে এসো। তোমার বাবার সাথেই এতক্ষণ কথা হচ্ছিল।"
সানা বাবার পাশে গিয়ে দাঁড়াল। প্রফেসর মাহমুদ নাঈম কায়সারের দিকে তাকিয়ে পুরো ঘটনাটি খুলে বললেন, "মি.নাঈম আপনাকে তো সব বললাম-ই, আমাদের ডিসিপ্লিনারি কমিটি পুরোপুরি সানার পক্ষেই আছে, কারণ অন্যায়টা ওই ছেলেই শুরু করেছিল।"
সব কথা শান্তভাবে শোনার পর নাঈম কায়সার মেয়ের দিকে ফিরলেন। কণ্ঠে স্নেহ আর গর্ব মিশিয়ে জিজ্ঞেস করলেন, "কী রে মা, স্যার যা বললেন সব ঠিক? তোর কোথাও লাগেনি তো?"
সানা বাবার চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, "না বাবা, আমার কিচ্ছু হয়নি। ও অসভ্যতা করছিল, তাই উচিত শিক্ষা দিয়েছি। আর এই বিষয়ে এখন আর কথা বলতে চাই না, বাড়িতে গিয়ে পরে আরও কথা হবে।"
মেয়ের এমন স্পষ্ট ও সাহসী জবাবে নাঈম কায়সারের মুখে এক চওড়া গর্বিত হাসি ফুটে উঠল! তিনি প্রফেসর মাহমুদের দিকে ফিরে বললেন, "বুঝলেন মি.মাহমুদ, মেয়ে আমার একেবারে বাঘিনী অন্যায় সহ্য করতে পারে না।" প্রফেসর মাহমুদ কিছু বললেন না শুধু মাথা নাড়িয়ে হাসলেন। নাঈম কায়সার উঠে দাঁড়ালেন এবং প্রফেসর মাহমুদের সাথে হাত মিলিয়ে বললেন, "ধন্যবাদ প্রফেসর। রাফসানের পরিবার যদি কোনো ঝামেলা করার চেষ্টা করে, তবে সরাসরি আমাকে জানাবেন। কায়সার ফ্যামিলির মেয়ের দিকে আঙুল তোলার সাহস কারো হবে না নিশ্চয়ই।"
প্রফেসরের রুম থেকে বাবা ও মেয়ে একসাথে বেরিয়ে এল। করিডোরে এসে নাঈম কায়সার মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে গভীর মমতায় বললেন, "শোন মা, তুই ঠিক যেভাবে আছিস, সারাজীবন ঠিক এমনই থাকবি। অন্যায়ের সামনে কখনো মাথা নত করবি না, আর কখনো কাউকে ভয় পাবি না। তোর পেছনে তোর বাবা আর তোর চাচারা সবসময় ঢাল হয়ে দাঁড়িয়ে আছি।"
বাবার কথায় সানার মনটা ভরে গেল। সে মুচকি হেসে মাথা নাড়ল, "আচ্ছা বাবা, তুমি চিন্তা কোরো না। তুমি এখন অফিসে যাও, আমি ক্লাসে যাচ্ছি।"
নাঈম কায়সার মেয়েকে বিদায় দিয়ে ভার্সিটির মেইন গেটের দিকে এগোলেন নিজের অফিসের উদ্দেশ্যে, আর সানা বুকভরা শ্বাস নিয়ে আবারও নিজের ক্লাসরুমের দিকে পা বাড়াল।
চলবে.....