বায়জিদের বাবা দেলোয়ার মির্জা ছেলেকে মাত্র চৌদ্দ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছিলেন। দেখতে দেখতে কেটে গেছে চৌদ্দটি বছর। আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মির্জা বাড়িতে ফিরছে পরিবারের বড় ছেলে।
ছেলের আগমন উপলক্ষে বাড়িটিকে সাজানো হয়েছে অপরূপ সাজে। কল্পনা বেগম ছেলের ঘর গোছাতে ব্যস্ত, অন্যদিকে ছোট চাচি মরিয়ম ও তাঁর একমাত্র মেয়ে ইমা রান্নাঘরে নানা পদের খাবার তৈরিতে ব্যস্ত। দেলোয়ার মির্জা, তাঁর ছোট ভাই রফিকুল মির্জা এবং ইমার দুই সন্তান রাকিব ও তনু বায়জিদকে আনতে বিমানবন্দরে গেছেন।
বিকেল চারটা বেজে ত্রিশ মিনিট। বায়জিদদের গাড়ি এসে থামল মির্জা ম্যানরের বিশাল ফটকের সামনে। ফটক পেরিয়ে চোখে পড়ল সুসজ্জিত বাগান, শ্বেতপাথরের ফোয়ারা আর রাজকীয় স্থাপত্যে নির্মিত সুবিশাল প্রাসাদটি। বাড়ির প্রতিটি কোণে যেন ছড়িয়ে রয়েছে আভিজাত্যের ছোঁয়া।
ভেতরে প্রবেশ করতেই কল্পনা বেগম ছেলেকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত কণ্ঠে বললেন,
— বাবা! কত বছর পর তোকে দেখছি। কত দিন গুনেছি, কবে তুই ফিরবি!
— হয়েছে আম্মু, আর কাঁদতে হবে না। তোমার কান্না দেখতে কি আমার ভালো লাগে বলো? বাড়ির সবার সঙ্গে পরে কথা বলব। আগে রুমে গিয়ে ফ্রেশ হতে চাই।
— হ্যাঁ, যা বাবা।
বায়জিদ নিজের ঘরে গিয়ে লাগেজগুলো রেখে গোসল করতে চলে গেল। পনেরো মিনিট পর নিচে নামতেই ছোট বোন রোদর্শী ছুটে এসে বলল,
— ভাইয়া, আমি তোমার সঙ্গে খাব বলে এখনো খাইনি। চলো তাড়াতাড়ি!
— হ্যাঁ, চল রোদ।
খাবার টেবিলে দেলোয়ার মির্জা ছেলেকে জিজ্ঞেস করলেন,
— কাল বিশ্ববিদ্যালয়ে যাবি, নাকি আরও কিছুদিন পরে? আর আমি এখনো বলছি, ব্যবসার কাজে যোগ দে।
— ব্যবসার ব্যাপারটা ভেবে জানাব। আর বিশ্ববিদ্যালয়ের কথা বললে, কালই যাব।
— ব্যবসার ব্যাপারে আমাকে রাতেই জানাতে হবে।
বায়জিদ সম্মতিসূচক মাথা নাড়ল।
খাওয়া শেষে সবাই হলঘরে বসে গল্প করছিল। এমন সময় বায়জিদ দুটি লাগেজ নিয়ে হাজির হলো। একটিতে পরিবারের সবার জন্য উপহার, অন্যটিতে রোদর্শীর জন্য রাখা ছিল একগাদা চকলেট ও দুটি সুন্দর জামা। উপহারগুলো পেয়ে রোদর্শীর আনন্দ যেন আর ধরে না।
ঠিক তখনই বাড়িতে উপস্থিত হলো বায়জিদের ছোটবেলার বন্ধু ও প্রতিবেশী মাহিম। দুজনের পরিবারের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি ব্যবসায়িক সম্পর্কও রয়েছে। মাহিম এগিয়ে এসে বন্ধুকে জড়িয়ে ধরল। বায়জিদ যুক্তরাষ্ট্রে থাকার সময়ও মাহিম প্রায়ই তাদের বাড়িতে আসত এবং ফোনে দুজনের নিয়মিত কথা হতো।
দীর্ঘদিন পর বন্ধুকে কাছে পেয়ে দুজনেই আনন্দে মেতে উঠল। কিছুক্ষণ পর বাইক নিয়ে বেরিয়ে পড়ল তারা।
রাতের খাবারের জন্য একটি রেস্তোরাঁয় বসেছে দুজন। মাহিম ওয়েটারকে খাবারের অর্ডার দিতে ব্যস্ত, আর বায়জিদ কথা বলছে তার প্রেমিকা নূরের সঙ্গে। নূর দেখতে অত্যন্ত সুন্দরী। ধবধবে গায়ের রং, কাঁধ ছুঁয়ে থাকা চুল আর বিত্তশালী পরিবারের একমাত্র সন্তান সে।
— মনে হয় আর যুক্তরাষ্ট্রে যাওয়া হবে না।
— তো কী হয়েছে? দেশে থাকলে প্রতিদিন দেখা করতে পারব।
— তাও ঠিক।
কিছুক্ষণ কথা বলার পর ফোন রেখে দিল বায়জিদ।
বন্ধুর সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে রাত নয়টা তেতাল্লিশ মিনিটে বাড়ি ফিরল তারা। বাড়িতে ফিরে পরিচ্ছন্নতার প্রতি নিজের স্বভাবসুলভ দুর্বলতার কারণে আবারও গোসল সেরে নিচে নেমে এল বায়জিদ।
ছেলেকে দেখেই দেলোয়ার মির্জা প্রশ্ন করলেন,
— কী ভাবলি?
— পড়াশোনার পাশাপাশি ব্যবসার দায়িত্বও সামলাব।
ছেলের সিদ্ধান্তে সন্তুষ্ট হলেন দেলোয়ার মির্জা। এরপর পরিবারের সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্পে মেতে রইল। রাত গভীর হলে একে একে সবাই যে যার কক্ষে ফিরে গেল। দীর্ঘ চৌদ্দ বছর পর মির্জা বাড়িতে ফিরে এল বায়জিদ; যেন তার আগমনে বাড়িটিও ফিরে পেল বহুদিনের হারানো প্রাণচাঞ্চল্য।পরদিন সকাল।
সকালের স্নিগ্ধ আলোয় ঘুম ভাঙল বায়জিদের। নিত্যদিনের কাজ সেরে নিচে নেমে এল সে। বসার ঘরে পা রাখতেই চোখে পড়ল, রোদর্শী, তনু আর রাকিব সোফায় বসে টেলিভিশন দেখছে। বায়জিদ এগিয়ে গিয়ে তাদের পাশে বসে ছোট বোনকে উদ্দেশ্য করে বলল,
— কিরে রোদ, সকাল সকাল টেলিভিশন দেখছিস? পড়াশোনা নেই?
— আরে ভাইয়া, আমাকে তো এখনো স্কুলেই ভর্তি করানো হয়নি!
বায়জিদ কিছুটা অবাক হয়ে বলল,
— তোর তো সাত বছর হয়ে গেছে। এখনো স্কুলে ভর্তি করানো হয়নি কেন?
— বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকে, আর মা-ও বাড়ির কাজ নিয়ে ব্যস্ত। আমাকে স্কুলে ভর্তি করানোর সময়ই কারও হয়ে ওঠে না।
কথাটা শুনে বায়জিদ কিছুক্ষণ ছোট বোনের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর স্নেহভরা কণ্ঠে বলল,
— আচ্ছা, আমি কাল তোকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব।
ভাইয়ের কথা শুনে রোদর্শীর মুখ আনন্দে ঝলমল করে উঠল।
কিছুক্ষণ তাদের সঙ্গে কাটিয়ে বায়জিদ চলে গেল বাড়ির বাগানে। সেখানে গিয়ে দেখল, তার দাদি সাজেদা বেগম একমনে পান চিবোচ্ছেন। বায়জিদ এগিয়ে গিয়ে দাদির পাশে বসতেই তিনি মুখ খুললেন,
— বিয়া-শাদি করবি না? নাকি আমি মইরা যাওয়ার পর বিয়া করবি?
দাদির কথা শুনে বায়জিদ মৃদু হেসে বলল,
— আরে দাদু! এসব কী বলছ? আমি এখনো পড়াশোনা করছি, তা ছাড়া আমার বয়সও তো কম।
— আটাশ বছরের ধামড়া তুই! তোর আবার বয়স কম কই? আমাগো জামানায় তো জন্মের পরপরই বিয়া দিয়া দিত!
— দাদু, এটা তোমাদের জামানা নয়। এখন সময় অনেক বদলে গেছে।
— হ! আর কইতে হইবো না। তুই ক, বিয়া করবি কি না? যা, আমার সামনে থেইকা হারামজাদা!দাদির বকুনি খেয়ে মৃদু হেসে বাড়ির ভেতরে প্রবেশ করল বায়জিদ। ভেতরে এসে দেখল, সকালের নাশতা প্রস্তুত। পরিবারের সবাই খাবার টেবিলে বসে আছে। নাশতা শেষে বায়জিদ নিজের ফোনটি হাতে নিয়ে মাহিমকে কল করল।
— বাসায় আয়।
— কেন?
— ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, ভর্তি হতে।
— আচ্ছা, আসছি।
কিছুক্ষণের মধ্যেই মাহিম উপস্থিত হলো। এরপর দুজন বাইক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিল। সকালের স্নিগ্ধ বাতাসে তাদের যাত্রা শুরু হলো, আর বায়জিদের মনে নতুন দিনের এক অজানা প্রত্যাশা জাগল। সামনে অপেক্ষা করছে নতুন অভিজ্ঞতা।