ফন্ট সাইজ:
থিম:
চাতক চিত্তে চৈত্রমাস

পর্ব 1

লেখক: ইনায়া আফরিন অপি

"ফজু মিয়া, দা-টা নামাও! এক্ষুনি দা-টা নামাও কইতেছি!"

দোয়েলের কণ্ঠের তীক্ষ্ণ চিৎকারে ফজু মিয়ার হাতের দা মাঝ আকাশেই থেমে গেল।

এক মুহূর্তের জন্য যেন পুরো উঠোন স্তব্ধ হয়ে গেল।

চৈত্রের শেষ দুপুরের তীব্র রোদে হক বাড়ির বিশাল মাটির উঠোনটা সাদা আগুনের মতো ঝলসে উঠেছে। শুকনো মাটির ওপর কোথাও কোথাও পুরোনো গোবরের লেপের দাগ, কোথাও ঝরে পড়া কাঁঠালপাতা, আবার কোথাও শুকনো খড়ের সরু আঁশ বাতাসে উড়ে এসে জমে আছে। উঠোনের একপাশে বহু বছরের পুরোনো মাটির দেয়াল, যার গায়ে রোদের তাপে মাটির রং আরও গাঢ় হয়ে উঠেছে। সেই দেয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা বুনো ডুমুরগাছ। তার কয়েকটি শুকনো ডালে দুপুরের ঘুম ভেঙে কয়েকটা চড়ুই পাখি বসেছিলো। দোয়েলের চিৎকারে তারা একসঙ্গে ডানা ঝাপটে উড়ে গেছে।

ফজু মিয়া দা-টা নামিয়ে ফেললেও তার মুখে এখনও এমন একটা ভয়ার্ত ভাব, যেন দা হাতে থাকার অপরাধে তাকে এখনই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

সে শুকনো গলায় বলল,

—"আমি তো... বাবুজির কওয়া মতো..."

—"বাবুজি কে?"

দোয়েল এক পা এগিয়ে গেল।

তার পায়ের নূপুরের ক্ষীণ শব্দটা উত্তপ্ত উঠোনের নিস্তব্ধতায় অদ্ভুত স্পষ্ট হয়ে উঠলো।

—"কথা কও! বাবুজি কে?"

ফজু মিয়া এবার চোখ তুলে পাশের দিকে তাকালো।

সেখানে দাঁড়িয়ে আছে ‘আয়মান হাওলাদার’।

দুপুরের রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেও লোকটার মুখে কোনো অস্থিরতা নেই। যেন তার সামনে কোনো ঝগড়া না বরং একেবারে সাধারণ কোনো কথাবার্তা চলছে। হালকা নীল সুতির ফুলহাতা শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো। কপালের কাছে চুল সামান্য এলোমেলো। কাঁধে কালো রেক্সিনের ব্যাগ। পায়ের বাটা স্যান্ডেলে রাস্তাঘাটের ধুলোর পুরু আস্তরণ। তার এক হাতে ভাঁজ করা নকশা। অন্য হাতে ধরা ছোট্ট ধাতব গজফিতা। দোয়েলের চোখ গিয়ে প্রথমেই থামল সে গজফিতার ওপর। তারপর আয়মানের মুখে।

—"উনি।"?

ফজু মিয়া কাঁপা গলায় বলল।

—"আয়মান সাব।"

দোয়েল এবার ধীরে আয়মানের দিকে ফিরল। তার মুখের রং রোদের তাপে এমনিতেই লাল হয়ে ছিলো। এখন রাগে সেটা আরও গাঢ় হয়ে উঠেছে। কপালের ওপর আলগা হয়ে আসা চুলের গোছাটা বাতাসে নড়ছে। কিন্তু সে হাত তুলে সরানোরও প্রয়োজন বোধ করে না উল্টো সরাসরি প্রশ্ন করল,

—"আপনি দা আনাইছেন?"

আয়মান কিছুক্ষণ সামনে দাঁড়ানো জীবন্ত কিশোরী তরুনী দোয়েলের দিকে তাকায়। তারপর বলল,

—"না।"

দোয়েলের ভুরু কুঁচকে গেল।

—"না?"

—"দা আনার কথা আমি বলিনি।"

—"তাইলে ফজু মিয়া দা নিয়া দাঁড়ায়া আছে ক্যান?"

আয়মান শান্ত স্বরে বলল

—"আমি ওনাকে বলেছিলাম ডালটা দেখে নিতে।"

—"দা নিয়া?"

—"দা উনি নিজে এনেছেন কি না, সেটা আমি জানি না।"

দোয়েল এবার ফজু মিয়ার দিকে তাকাল।

ফজু মিয়া সঙ্গে সঙ্গে দা-টা নিজের পেছনে লুকিয়ে ফেলল।

—"আমি তো ভাবছিলাম..."

—"তুমি কিছু ভাববা না।"

দোয়েলের ধমকে ফজু মিয়া চুপ করে গেলো।

উঠোনের বারান্দায় এখন হুঁকোর নল হাতে বসে থাকা ফজলুল হক সাহেবও ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। বয়স্ক মানুষ। গায়ের ওপর পাতলা সাদা পাঞ্জাবি, নিচে সাদা লুঙ্গি। মাথার চুল প্রায় পুরোপুরি সাদা হয়ে গেছে। চোখের কোণে বয়সের অসংখ্য রেখা। কিন্তু মুখে চিরচেনা শান্ত ভাব।

তিনি জানেন দোয়েল এই গলায় কথা বললে এখন তাকে থামানো সহজ নয়।

তবু চেষ্টা করতেই হবে।

তিনি লাঠিটা হাতে তুলে বারান্দার কাঠের খুঁটি থেকে সরে দাঁড়ালেন।

—"দোয়েল মা..."

—"তুমি চুপ করো মামা।"

ফজলুল হক থেমে গেলেন।

—"আগে আমার কথা শুন।"

—"তোমার কথা আমি পরে শুনমু। আগে এই মানুষটা কী করতে আইছে, সেটা কওন দরকার।"

আয়মান তখনও নীরব। দোয়েল এবার তার সামনে এসে দাঁড়াল। দুজনের মধ্যে দূরত্ব খুব বেশি না। দোয়েলের চোখে সরাসরি রাগ। আয়মানের চোখে স্থিরতা। কয়েক মুহূর্ত কেউ কিছু বলল না। দূরে কোথাও একটা শালিক ডাকল। তারপর শুকনো বাতাস এসে কাঁঠালগাছের পাতাগুলো একসঙ্গে নড়িয়ে দিল। পাতার ঘর্ষণে খসখসে শব্দ উঠল। দোয়েল সেই শব্দের মধ্যেই বলল,

—"আপনি এই গাছ কাটতে আসছেন?"

আয়মান বলল,

—"গাছ কাটতে আসিনি।"

—"ডাল কাটতে?"

—"সেটাও আমার উদ্দেশ্য নয়।"

—"তাইলে?"

আয়মান তার হাতে থাকা নকশাটা খুলে ধরল।

—"আপনি যদি আমাকে দু মিনিট কথা বলার সুযোগ দেন, তাহলে বুঝিয়ে বলতে পারি।"

দোয়েল ঠোঁট বাঁকিয়ে বলল,

—"আমার উঠোনে দাঁড়াইয়া আমার গাছের সামনে দাঁড়াইয়া আমাকে আবার আমারেই বুঝাইবেন?"

—"আপনার গাছ বলেই তো ব্যাখ্যা করছি।"

—"আপনার সরকারি কাগজে আমাগো গাছের হিসাব থাকে?"

—"না।"

—"তাইলে ওই কাগজ দেখাইয়া লাভ কী?"

—"গাছের হিসাব নেই। রাস্তার হিসাব আছে।"

—"রাস্তা?"

—"জি।"

আয়মান নকশাটা একটু সামনে ধরল।

—"এই যে মূল কাঁচা রাস্তা।"

দোয়েল তাকাল না।

—"আমি রাস্তা দেখি।"

—"দেখেছেন?"

—"প্রতিদিন দেখি।"

—"তাহলে এটাও নিশ্চয়ই দেখেছেন, কাঁঠালগাছের এই ডালটা রাস্তার দিকে অনেকটা ঝুঁকে গেছে।"

দোয়েল সঙ্গে সঙ্গে বলল,

—"ঝুঁকে গেছে তো গেছে।"

—"সামনের সপ্তাহে কালভার্টের কাজ শুরু হবে।"

—"হোক।"

—"ভারী মালামাল আসবে।"

—"আসুক।"

—"বড় ট্রাক আসবে।"

—"ট্রাকের জন্য আমার গাছ কাটতে হবে কেন?"

আয়মান বলল,

—"গাছ কাটতেই হবে এমন কথা আমি বলছি না।"

দোয়েলের কণ্ঠে একটু থেমে যাওয়ার পরেও রাগ কমল না।

—"আপনি কী বলছেন, সেটাই তো বুঝতেছি না।"

আয়মান মৃদু স্বরে বলল,

—"আমি বলছি, ডালটা না কাটলে ট্রাকটা রাস্তার এই অংশ দিয়ে ঢুকতে পারবে না।"

—"ট্রাক ঢুকতে না পারলে অন্য রাস্তা আছে।"

—"আছে।"

—"তাইলে সেই রাস্তা দিয়া যাক।"

—"সেটা প্রায় তিন মাইল ঘুরে।"

—"ঘুরুক।"

—"সময় বেশি লাগবে।"

—"লাগুক।"

—"মালামাল পৌঁছাতে দেরি হবে।"

—"হোক।"

আয়মান একটু থামল। বিরক্ত হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। হয়তো মনে মনে হচ্ছে বিরক্ত। নিজের ভদ্রতা বজায় রেখে আয়মান আবার বললো

—"আপনি সবকিছুর উত্তরে ‘হোক’ বলছেন।"

দোয়েল বলল,

—"কারণ আমার গাছের ক্ষতি করার অধিকার কারও নাই।"

আয়মানের চোখ এবার কাঁঠালগাছটার দিকে গেল গাছটা সত্যিই বিশাল বড়। মোটা কাণ্ডের গায়ে বহু বছরের ক্ষতচিহ্ন। কোথাও বাকল উঠে গেছে, কোথাও শুকনো শ্যাওলা। কাণ্ডের নিচের দিকে ছোট ছোট গর্ত, হয়তো কোনো একসময় পিঁপড়ের বাসা। ওপরের ডালগুলো ছড়িয়ে গিয়ে এমনভাবে মাথার ওপর ছায়া তৈরি করেছে যে দুপুরের তীব্র রোদেও গাছটার নিচে একটা শীতল অন্ধকার জমে আছে। গাছের ডালে কয়েকটি কাঁচা কাঁঠাল ঝুলছে। একটার গায়ে ছোট্ট ফাটল। সেখান থেকে দুধের মতো সাদা আঠা শুকিয়ে নিচে নেমে এসেছে। আয়মান গাছটার দিকে তাকিয়ে বলল,

—"আমি বুঝতে পারছি, গাছটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ।"

দোয়েল তৎক্ষণাৎ বলল,

—"না। আপনি বুঝেন নাই।"

আয়মান তার দিকে তাকাল।

—"কেন?"

দোয়েল একটু থেমে বলল,

—"গাছটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। গাছটা আমাদের পরিবারের মানুষের মতো।"

কথাটা বলে সে নিজেই কয়েক মুহূর্ত চুপ করে রইল ফজলুল হকও মাথা নিচু করলেন। টুনি এতক্ষণ বারান্দার দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছে। সে আস্তে করে শিমুলের দিকে তাকাল। শিমুলের হাতে এখনও আধখাওয়া কাঁচা আম। সে এবার আমটায় কামড় দিল না। দোয়েল গাছটার দিকে তাকিয়ে বলল,

—"এই গাছটা আমার মা লাগাইছিল।"

আয়মানের চোখে এবার সামান্য পরিবর্তন এলো।

—"আপনার মা?"

—"হ।"

—"কত বছর আগে?"

—"আমার জন্মেরও আগে।"

—"তাহলে..."

দোয়েল তাকে থামিয়ে দিল।

—"নানু জানে।"

সে বারান্দার দিকে তাকাল।

সেখানে কাঠের খাটিয়ায় বসে থাকা সুফিয়া বেগম এতক্ষণ ধরে চুপচাপ সব শুনছিলেন। বয়সের ভারে তার শরীর নুয়ে এসেছে। সাদা চুলগুলো মাথার পেছনে খোঁপা করে বাঁধা। কপালে গভীর ভাঁজ। পরনে ধুতি-সদৃশ সাদা শাড়ি, যার পাড় বহুদিনের ব্যবহারে প্রায় বিবর্ণ। দোয়েল বলল,

—"নানু, তুমি কও।"

সুফিয়া বেগম ধীরে ধীরে উঠে বসলেন।

—"কী কইব বোইন?"

—"এই গাছের কথা।"

বৃদ্ধা কিছুক্ষণ গাছটার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীর গলায় বললেন,

—"তোর মা গাছটা লাগাইছিল বর্ষার সময়।"

দোয়েল চুপ রইলো। নানি বললেন,

—"তখন তুই পেটে।"

আয়মানও মন দিয়ে শুনছে। সুফিয়া বেগম বললেন,

—"তোর মা তখন নতুন বউ ছিলো তোর দাদাদের। ওবাড়ি থেকে এই বাড়িতে আইসা খুব বেশি দিন হয় নাই। বাড়ির দক্ষিণ কোণের জমিটা তখন খালি ছিলো। একদিন বৃষ্টি থামার পর দেখি, হাতে ছোট্ট একটা কাঁঠালের চারা নিয়া দাঁড়ায়া আছে।"

দোয়েলের চোখ গাছটার দিকে চলে গেল।

—"আমি জিগাইছিলাম, ‘এইটা কই পাইছস?’

তোর মা হাসতে হাসতে কইছিল,

—‘আম্মা, এইডা লাগাইমু। একদিন এই গাছের ছায়ায় আমার পোলা মাইয়া বইব।’"

—"তখন তো তুই দুনিয়াতেই আসস নাই।"

দোয়েলের ঠোঁট কাঁপল। সে কিছু বলল না। সুফিয়া বেগম আবার বললেন,

—"গাছটা লাগাইয়া তোর মা প্রতিদিন পানি দিতো। বৃষ্টি থাকলে পানি দিত না। কিন্তু বৃষ্টি থামলেই মাটির কলসি নিয়া আসত। কতদিন দেখছি, নিজের দুপুরের ভাত খাওনের আগেও গাছটার গোড়ায় পানি দিছে।"

ফজলুল হক নিচু গলায় বললেন,

—"আমিও মনে করতে পারি।"

সুফিয়া বেগম তার দিকে তাকালেন।

—"তুইও তো তখন ছোট।"

—"ছোট আছিলাম, কিন্তু মনে আছে।"

দোয়েল হঠাৎ বলল,

—"আমার মা কেমন ছিল?"

প্রশ্নটা এত হঠাৎ এল যে সবাই চুপ হয়ে গেল। সুফিয়া বেগম দীর্ঘক্ষণ নাতনির দিকে তাকিয়ে রইলেন।

—"তোর মায়ের মতো ছিল।"

দোয়েল মৃদু হাসল।

—"এইটা কী উত্তর নানি?"

—"তোর মতোই জেদি ছিল।"

শিমুলের মুখে হাসি ফুটে উঠল। দোয়েল চোখ রাঙিয়ে তাকাল। শিমুল সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করল। দোয়েল তার ফুপাতো বোন। বোনকে বেশ ভয় পায় শিমুল।
সুফিয়া বেগম বললেন,

—"তয় তোর মায়ের রাগ ছিল কম। তুই বেশি রাগ করস।"

ফজলুল হক হেসে বললেন,

—"ওর মায়ের রাগ ভিতরে আছিল। এই মাইয়ার রাগ বাইরে।"

দোয়েল বলল,

—"তোমরা সবাই মিলে আমারে নিয়ে বসছ নাকি?"

টুনি মৃদু হেসে বলল,

—"আমরা তো সত্যি কথাই কইতেছি।"

দোয়েল তার দিকে তাকাল।

—"তুইও?"

—"হ।"

—"তুইও আমার বিরুদ্ধে?"

টুনি কাছে এসে দোয়েলের হাত ধরল।

—"তোমার বিরুদ্ধে না আপা। তোমার পাশে।"

দোয়েল একটু থেমে গেল। টুনি বলল,

—"কিন্তু তুমি ভুল করলে তো কইতেই হইব।"

দোয়েল হাতটা সরিয়ে নিল না। আয়মান এই দৃশ্যটা নীরব দর্শক হয়ে দেখছে। তারপর সে ধীরে বলল,

—"গাছটা থাকবে।"

দোয়েল তাকাল।

—"কী?"

—"গাছটা থাকবে।"

—"কিন্তু রাস্তা?"

—"রাস্তার ব্যবস্থা অন্যভাবে করা যাবে।"

ফজলুল হক বললেন,

—"সত্যি কও বাবাজি?"

—"জি।"

—"তাতে অসুবিধা হবে না?"

—"হবে।"

দোয়েল বলল,

—"তাইলে?"

—"অসুবিধা হলেই তো অন্যের স্মৃতি নষ্ট করে সুবিধা নিতে হবে না।"

কথাটা শুনে দোয়েল আর কিছু বলল না। তার মুখের রাগ ধীরে ধীরে সরে গিয়ে দ্বিধা এসে বসতে লাগল।
সে প্রথমবার আয়মানকে ভালো করে দেখল। লোকটা আসলে কেমন? তার চোখে কি সত্যিই কোনো অহংকার নেই? নাকি সে অভিনয় করছে? দোয়েল সিদ্ধান্তে পৌঁছাতে পারল না।

ফজলুল হক এবার আয়মানের কাছে এসে বললেন,

—"বাবাজি, তুমি কষ্ট কইরো না। মেয়েটা একটু এমন।"

দোয়েল সঙ্গে সঙ্গে বলল,

—"আমি কী এমন?"

—"তুই চুপ কর।"

—"তুমি আমাকে চুপ করতে কও কেন?"

—"কারণ আমি বড়।"

—"বড় হলেই সব কথা ঠিক হয়?"

—"না।"

—"তাইলে?"

ফজলুল হক হেসে বললেন,

—"তাইলে তুইও সবসময় ঠিক না।"

শিমুল আবার হেসে ফেলল। দোয়েল এবার তার দিকে তাকিয়ে বলল,

—"তুমি বাড়ির ভেতর যাও বুবু।"

—"কেন?"

—"যাও।"

—"কিন্তু...আচ্ছা যাচ্ছি।"

সে দুই পা এগিয়ে আবার থামল।

—"বুবু?"

—"কী?"

—"কাঁচা আমটা নিবা?"

দোয়েল তাকিয়ে রইল।

—"না।"

—"নিশ্চিত?"

—"হ।"

—"তাইলে আমি খাই।"

—"খা।"

শিমুল আমে কামড় দিলো। টুনি হাসতে হাসতে বলল,

—"এই ছেলেটার চিন্তা শুধু আম আর অঙ্ক।"

শিমুল বলল,

—"আর আয়মান ভাই।"

দোয়েল চেঁচিয়ে উঠল,

—"শিমুল!"

হক বাড়ির উঠোনে দীর্ঘদিন পর যেন হাসির একটা ক্ষীণ ঢেউ বয়ে গেল।

কিন্তু দোয়েল হাসল না। সে কাঁঠালগাছের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল,

—"আপনি সত্যিই গাছটা কাটবেন না?"

আয়মান বলল,

—"না।"

—"আপনার ওপর যদি চাপ আসে?"

—"দেখা যাবে।"

—"আপনি যদি চাকরি নিয়ে সমস্যায় পড়েন?"

আয়মান একটু হেসে বলল,

—"একটা গাছ বাঁচানোর জন্য চাকরি যাবে না।"

—"আপনি নিশ্চিত?"

—"না।"

দোয়েল ভুরু কুঁচকাল।

—"তাইলে?"

—"আমি শুধু যতটুকু আমার দায়িত্ব, ততটুকু করব।"

দোয়েল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল,

—"আপনি সবসময় এমন শান্ত থাকেন?"

আয়মান বলল,

—"কেমন?"

—"এমন।"

—"কী রকম?"

—"কেউ এত রাগ করে আপনার সঙ্গে কথা কইতেছে, আর আপনি এমনভাবে কথা কইতেছেন যেন কিছুই হয় নাই।"

আয়মান একটু ভেবে বলল,

—"সব রাগের উত্তর রাগ দিয়ে দিতে হয় না।"

—"কেন?"

—"তাহলে রাগটা বড় হয়ে যায়।"

দোয়েল আর কিছু বলল না। তার চোখ আবারও নেমে গেলো।

এতক্ষণ ধরে এক কোণে দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছিলেন দোয়েলের নানি সুফিয়া বেগম।

তিনি লাঠিতে ভর দিয়ে ধীর পায়ে আয়মানের সামনে এসে দাঁড়ালেন।

—"বাবা আয়মান..."

—"জি নানু?"

—"আমার নাতনিটার কথায় কিছু মনে কইরো না।"

—"না।"

—"ও এমন না।"

আয়মান মৃদু হেসে বলল,

—"আমি জানি।"

—"কী জানো?"

—"উনি রাগ দেখায়, কারণ ওনার ভেতরে ভয় আছে।"

—"তুমি বুঝছ?"

—"কিছুটা।"

বৃদ্ধার চোখ ছলছল করে উঠল।

—"খুব ছোটবেলায় ওর মা-বাপ একসাথে এক রাতে নিখোঁজ হইয়া যায়।"

আয়মান চুপ করে শুনল।

—"সেই রাতের পর থেইকা মাইয়াডা আর আগের মতো নাই।"

—"আমি বুঝতে পারছি।"

—"আমরাই বুকে আগলায়া রাখছি। আদর দিয়া একটু বেশিই মাথায় তুলছি।"

—"সেটা দরকার ছিল।"

সুফিয়া বেগম আয়মানের দিকে তাকিয়ে রইলেন। আয়মান বলল,

—"যার মাথার ওপর ছায়া থাকে না, সে নিজের জন্য একটা ছায়া বানায়। কারও সেটা রাগ, কারও জেদ।"

বৃদ্ধার চোখ বেয়ে এবার সত্যিই পানি গড়িয়ে পড়ল।
আয়মান তার চশমাটা খুলে পকেটে রাখল।

নানির কুঁচকে যাওয়া হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত বিনীতভাবে মাথা নোয়াল।

—"না নানু, আপনি একদমই চিন্তা করবেন না। আমি একটুও কিছু মনে করিনি। আসলে আমি বিশ্বাস করি, যার মা-বাবা থাকে না, এই দুনিয়ায় তার রাগটাই তার শেষ সুরক্ষাকবচ। নিয়তির চাবুক থেকে নিজেকে আড়াল করতে এবং সমাজ যখন তাকে ছিঁড়ে খেতে আসে তখন সে এই রাগের দেয়াল তোলে নিজেকে ডাকতে। আমি ওনার ভেতরের সেই রক্তক্ষরণটা... সেই নির্মম কষ্টটা স্পষ্ট দেখতে পাচ্ছি।"

খোলা জানালার পাশে দাঁড়িয়ে থাকা দোয়েল নিঃশব্দে চোখ নামিয়ে ফেলল। ‘রাগটাই সুরক্ষাকবচ।’ কথাটা তার বুকের মধ্যে এমনভাবে এসে লাগল, যেন বহুদিনের বন্ধ দরজায় কেউ ভেতর থেকে প্রথমবার কড়া নেড়েছে। সে ধীরে ধীরে কাঠের পিঁড়িতে বসে পড়ল। তার হাতের আঙুলগুলো কাঁপছে। কেন কাঁপছে, সে জানে না চোখের কোণে পানি জমেছে। সে সেটা মুছে ফেলল। তারপর খুব আস্তে জানালার বাইরে তাকাল। আয়মান তখন নানির হাত ছেড়ে ব্যাগ কাঁধে তুলছে। দোয়েল জানে না কেন, কিন্তু তার মনে হলো লোকটা আজ তার সম্পর্কে এমন কিছু জেনে ফেলেছে, যা এত বছরেও সে কাউকে বলতে পারেনি।

.

বিকেল একটু গড়িয়ে গেছে। চৈত্রের তাপ এখন আর আগের মতো নির্মম না। সূর্যটা পশ্চিম আকাশের দিকে হেলে পড়েছে। ভৈরব নদীর ওপরের আলো বদলে গিয়ে তামাটে হয়েছে। নদীর ওপারের চরগুলো ধীরে ধীরে ছায়ায় ঢেকে যাচ্ছে। আয়মান ভাঙা সাঁকোটার ওপর দাঁড়িয়ে নিজের খাতার পাতায় ম্যাপের কিছু কারেকশন করছে। সাঁকোটার কয়েকটা কাঠের তক্তা নড়বড়ে। পা রাখলে নিচ থেকে কড়কড় শব্দ ওঠে। সাঁকোর নিচ দিয়ে নদীর জল ধীরগতিতে বয়ে যাচ্ছে। কোথাও কোথাও জলের ওপর কচুরিপানা জমে আছে। বাতাস এলে কচুরিপানাগুলো একসঙ্গে সরে গিয়ে আবার ধীরে ধীরে জায়গা বদলাচ্ছে। আয়মান একটা রেখা টানল। তারপর থামল। খাতার পাশে একটা ছোট্ট পেন্সিলের টুকরো রেখে সে দূরের রাস্তার দিকে তাকাল। আজ দুপুরে যে গাছের জন্য এত ঝামেলা হলো, সে গাছটা এখন দূর থেকে কেবল একটা কালো ছায়ার মতো দেখা যাচ্ছে।
আয়মানের মনে হলো, কোনো কোনো গাছের মূল্য তার কাঠের দামে মাপা যায় না। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটা শব্দ হলো। পাতা নড়ল। আয়মান মাথা তুলল। কুদ্দুস বেরিয়ে এলো। কোমরে গামছা, পরনে ময়লা সাদা পাঞ্জাবি। মুখে একটা কৃত্রিম হাসি।

—"হাওলাদার সাব।"

আয়মান বলল,

—"জি?"

—"একটু কথা আছিল।"

—"বলুন।"

কুদ্দুস চারপাশে তাকাল। নদীর ওপারের দিকে চোখ গেলো। তারপর সাঁকোর নিচে তাকাল।

—"এখানে একটু দাঁড়াইতে পারি?"

—"আপনি দাঁড়িয়েই আছেন।"

কুদ্দুস ঠোঁট কামড়ে বিচ্ছিরি ভাবে হাসলো তারপর বলল

—"আপনে রসিক মানুষ।"

আয়মান প্রতুত্তরে কিছু বলল না। কুদ্দুস একটু কাছে এসে বলল,

—"আমাগো মাতব্বর সাহেবের সঙ্গে তো আপনার দেখা হইছে?"

—"হয়েছে।"

—"উনি আপনারে পছন্দ করছেন।"

—"ভালো কথা।"

—"আপনের কাজের প্রশংসাও করছেন।"

—"ধন্যবাদ।"

—"তবে একটা ছোট সমস্যা আছে।"

আয়মান বলল,

—"কী সমস্যা?"

কুদ্দুস কোমর থেকে একটা মোটা খাম বের করল।

—"এইটা।"

আয়মান খামের দিকে তাকাল না।

—"কী আছে?"

—"আপনের জন্য।"

—"কেন?"

—"আপনের উপকারের জন্য।"

—"আমি বুঝতে পারছি না।"

কুদ্দুস খামটা আরও কাছে ধরল।

—"মাতব্বর সাহেব কইছে, কালভার্টের ম্যাপের দাগটা একটু এদিক-ওদিক ঘুরাইয়া ওই হক বাড়ির ফসলি জমির ওপর দিয়া নিলে কাজটা অনেক সহজ হয়।"

আয়মান এবার তার দিকে তাকাল।

—"হক বাড়ির জমি?"

—"হ।"

—"কেন?"

—"রাস্তা সোজা হইবো।"

—"রাস্তা সোজা করার জন্য অন্যের জমি লাগবে?"

—"জমি তো জমিই।"

—"কার?"

কুদ্দুস চুপ করল। আয়মান বলল

—"কার জমি?"

—"হক বাড়ির।"

—"তাহলে তাদের অনুমতি আছে?"

কুদ্দুস এবার বিরক্ত হলো।

—"সব কাজ কি অনুমতি নিয়া করতে হয়?"

—"সরকারি জমি না হলে হয়।"

—"আপনে বেশি নিয়মের কথা বলেন।"

—"আমার কাজই নিয়ম মানা।"

কুদ্দুস খামটা সামনে ধরল।

—"আগে এইটা রাখেন।"

—"না।"

—"দেখেন অন্তত।"

—"দেখার দরকার নেই।"

—"ট্যাকা আছে।"

—"জানি।"

—"অনেক ট্যাকা।"

—"তবুও না।"

কুদ্দুসের মুখের হাসি মিলিয়ে গেল।

—"শহরের মানুষজন খুব সোজা কথা বোঝে না।"

আয়মান বলল,

—"আমি খুব ভালোভাবেই বুঝছি।"

—"তাইলে বুঝেন, এই ট্যাকা নিলে আপনার লাভ।"

—"আর না নিলে?"

কুদ্দুস ধীরে ধীরে বলল,

—"ক্ষতি।"

আয়মান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল। তারপর খাতাটা বন্ধ করল।

—"কুদ্দুস ভাই, ম্যাপের কাগজের দাগটা নদীর পানির মতো সোজা চলে। ওটাকে বাঁকানোর ক্ষমতা বা কলম কোনোটাই আমার নেই। এই খামটা যেভাবে এনেছেন ঠিক সেভাবেই ফেরত নিয়ে যান। নতুবা পরের বার আমি সরকারি আইনের ভাষা ব্যবহার করতে বাধ্য হব।"

কুদ্দুসের চোখ শক্ত হয়ে গেল। সে খামটা পকেটে পুরে ফেলল।

—"শহরের বাবুরা নদীর ওপরের শান্ত পানিটাই দেখে, নিচের ঘূর্ণিপাক দেখে না।"

আয়মান চুপ।

—"নদীর পানি যখন বান ডাকে তখন বড় বড় গাছপালাও ভাইসা যায় সাব।"

সে এতটুকু বলে আরও কাছে আসে আবার বলে

—"একটু বুইঝা পা ফেলেন। নাইলে এই রূপদিয়ার মাটিতেই পইড়া থাকতে হইব।"

আয়মানের চোখ এবার স্থির হয়ে গেল।

—"আপনি আমাকে হুমকি দিচ্ছেন?"

কুদ্দুস চুপ।

—"যদি দেন, তাহলে কথাটা পরিষ্কার করে দিন।"

কুদ্দুস মুখ ঘুরিয়ে নিল।

—"আমি তো আপনার ভালোর লাইগাই কইলাম।"

—"আমার ভালো আমি বুঝব।"

—"সবাই নিজের ভালো বুঝে না সাব।"

—"সেটা ঠিক। তাই অন্যের ভালো নষ্ট করে নিজের ভালো করতে চাই না।"

কুদ্দুস দাঁতে দাঁত চেপে বলল,

—"বুঝলাম।"

—"ভালো।"

—"দেখা যাইব।"

কুদ্দুস হনহন করে চলে গেল। ঝোপের ভেতর ঢোকার আগে একবার পেছনে তাকাল। আয়মান তখনও সাঁকোর ওপর দাঁড়িয়ে। তার হাতে সরকারি নকশা।
চোখ নদীর দিকে। মুখে কোনো ভয় নেই।

.

হক বাড়ির জানালার পাশে এখনও দোয়েল বসে।
বিকেলের আলো এসে তার মুখের একপাশে পড়েছে।
কাঁঠালগাছের পাতার ছায়া জানালার কাঠের ফাঁক দিয়ে তার গালে ছোট ছোট ছোপ ফেলেছে। সে জানে না কেন আজকের দিনটা তার কাছে এত অদ্ভুত লাগছে। সকালে এই গাছটা ছিল শুধু গাছ। দুপুরে হয়ে গেল মায়ের স্মৃতি। তারপর এক অপরিচিত মানুষ এসে সেই স্মৃতিকে সম্মান করল। আর এখন তার মনে হচ্ছে, আয়মান হাওলাদারকে সে যতটা ভেবেছিল, মানুষটা হয়তো ততটা নয়। কিন্তু সে নিজেকে বোঝাল, ‘মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করতে নেই।’ তারপর নিজের মনেই আরেকটা প্রশ্ন উঠল ‘তাহলে এতক্ষণ ধরে তার কথাগুলো মনে পড়ছে কেন?’ দোয়েল বিরক্ত হয়ে মাথা ঝাঁকাল। জানালার বাইরে তাকাল। ভৈরব নদীর ওপারে সূর্য ডুবে যাচ্ছে। আকাশের তামাটে রং ধীরে ধীরে ফিকে হচ্ছে। পাখিরা ঘরে ফিরছে। দূরে কোনো বাড়ি থেকে ধোঁয়া উঠছে। কেউ সন্ধ্যার রান্না চড়িয়েছে। কোথাও কলসির মুখে পানি ঢালার শব্দ। কোথাও গরু গোয়ালে ঢোকানোর ব্যস্ততা। দিনের কোলাহল ধীরে ধীরে সন্ধ্যার গাম্ভীর্যে ঢুকে যাচ্ছে। দোয়েল হাত বাড়িয়ে জানালার কাঠে আঙুল রাখল। তারপর বাইরে কাঁঠালগাছটার দিকে তাকিয়ে খুব আস্তে বলল,

—"তুমি থাকবা, আম্মুর স্মৃতি হয়ে।"

তারপর একটু থেমে যেন নিজের অজান্তেই যোগ করল,

—"কেউ কাটতে পারব না।"

কিছুক্ষণ পর সে আবার বলল,

—"উনিও কাটবে না।"

এই ‘উনি’ শব্দটা মুখে আসতেই দোয়েল নিজেই থমকে গেল। তারপর বিরক্ত হয়ে নিজের কপালে হাত ঠেকাল।

—"আমি আবার ওনার কথা ভাবতেছি ক্যান?"

বাইরে বাতাস উঠল। কাঁঠালগাছের পাতাগুলো একসঙ্গে দুলে উঠল। পাতার ফাঁক দিয়ে শেষ বিকেলের আলো এসে উঠোনের মাটিতে ছায়ার নকশা আঁকল। সেই ছায়ার ভেতর দিয়েই দূরে কোথাও আয়মান হাওলাদারের পায়ের শব্দ মিলিয়ে গেল। দোয়েল জানে না। দুপুরে যে মানুষটাকে সে ‘ভুঁইফোড় লোক’ বলে তাড়িয়ে দিতে চেয়েছিল, তার শান্ত দুটো চোখে সে নিজের বহু বছরের লুকানো কষ্টের ছায়া দেখতে শুরু করেছে। আয়মানও জানে না যে গাছটাকে সে একটি সরকারি নকশার বাধা হিসেবে দেখতে এসেছিলো সেটাই আজ তার সামনে একটি পরিবারের ইতিহাস খুলে দিয়েছে। আর ভৈরব নদী? সে সব দেখল। সব শুনল। তারপরও নিজের মতো করে বয়ে চলল। বহু পুরোনো এই নদী জানে মানুষের জীবনে কিছু কিছু পরিচয় খুব সামান্য একটি কথার মধ্য দিয়েই শুরু হয়। কখনো একটি গাছকে কেন্দ্র করে। কখনো একটি ভুল বোঝাবুঝি দিয়ে। কখনো বা এমন একটি বাক্য দিয়ে

‘যার মা-বাবা থাকে না, এই দুনিয়ায় তার রাগটাই তার শেষ সুরক্ষাকবচ।'

চৈত্রের সে বিকেল ধীরে ধীরে সন্ধ্যায় মিশে গেল। হক বাড়ির পুরোনো দালানে আলো জ্বলল। উঠোনের কাঁঠালগাছের ছায়া আরও গাঢ় হলো। ভৈরবের ওপারে সূর্যের শেষ রেখাটুকুও হারিয়ে গেল। কিন্তু দুপুরের সেই কথাগুলো দোয়েলের রাগ, নানির কান্না, ফজলুল হকের দীর্ঘশ্বাস, টুনির নরম গলা, শিমুলের অযথা হাসি, আয়মানের শান্ত উত্তর আর কুদ্দুসের নিচু স্বরের হুমকি সবকিছু যেন সে পুরোনো উঠোনের বাতাসে অদৃশ্যভাবে থেকে গেল। সেদিনের মতো রূপদিয়া আবারও শান্ত হয়ে গেল। শুধু শান্ত হলো না কয়েকটি মানুষের অন্তর!

~চলবে?

#চাতক_চিত্তে_চৈত্রমাস.
#সূচনা_পর্ব.
#ইনায়া_আফরিন_অপি.

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন