ফন্ট সাইজ:
থিম:
ছবির পেছনের লেখা

পর্ব 1

লেখক: Jannatul Naim

> ছবির পিছনে লেখা <

## পর্ব : ১ ##

ঢাকায় বৃষ্টি নামলে শহরটা একসঙ্গে অনেক রকম শব্দ করতে থাকে।

বনানীর ভেজা রাস্তায় গাড়ির চাকা পানি ছিটিয়ে এগিয়ে যায়। বাসের হর্ন, রিকশার ঘণ্টি আর ছাতার নিচে দাঁড়ানো মানুষের তাড়াহুড়োর কথা—সব মিলিয়ে সন্ধ্যাটা কেমন ছড়ানো-ছিটানো লাগে। রাস্তার আলো বৃষ্টির পানিতে ভেঙে পড়ে। কাচের ওপাশ থেকে তাকালে মনে হয়, পুরো শহরটাকে কেউ পুরোনো ছবির মতো ঝাপসা করে দিয়েছে।

নায়রা শিকদারের কাছে পুরোনো ছবির গন্ধ সব সময় একটু অন্য রকম।

ভেজা কাগজের গন্ধ নয়, ধুলো বা কাঠের গন্ধও নয়—বরং এমন একটা গন্ধ, যা তাকে নিয়ে যায় এমন সব জায়গায়, যেখানে সে বহু বছর যায়নি। কোনো কোনো ছবি হাতে নিলেই তার মনে পড়ে যায় কারও হাসি। কোনো ছবির ভাঁজে আটকে থাকে পুরোনো ঝগড়ার কথা। আর কিছু ছবির পিছনে লেখা থাকে এমন কথা, যা ছবির মানুষগুলো সামনে দাঁড়িয়ে কখনো বলেনি।

সেদিন সন্ধ্যায় বনানীর ক্যাফেতে বসে নায়রা এসবের কিছুই ভাবতে চায়নি। সে চেয়েছিল শুধু চুপচাপ বসে থাকতে।

তার সামনে রাখা কফির কাপ ঠান্ডা হয়ে এসেছে। নায়রা কাপের দিকে তাকিয়ে ছিল, যেন ওখান থেকে কোনো উত্তর বেরিয়ে আসবে। টেবিলের অন্য পাশে বসা তার বড় ভাই মেহরাব শিকদার ফোল্ডার খুলে কাগজ দেখছিল। মা রাবেয়া শিকদার জানালার দিকে মুখ করে বসেছিলেন। তাঁর দৃষ্টি কাচের ওপারের রাস্তায়, কিন্তু নায়রা বুঝতে পারছিল—মা আসলে রাস্তা দেখছেন না।

তারা তিনজন একসঙ্গে বসেছে অনেক দিন পর।

এর কারণও আনন্দের কিছু নয়।

তাদের বাবা, ইমতিয়াজ শিকদার, মারা গেছেন তিন মাস আগে। তাঁর মৃত্যুর পর উত্তরা সেক্টর চার-এর পুরোনো বাড়িটি বন্ধ পড়ে আছে। বাড়িতে কেউ থাকে না; মাঝেমধ্যে মেহরাব গিয়ে বাড়িটি দেখে আসে, বাড়ির বিষয় কথা উঠলে তার মা এড়িয়ে যান। এখন সেই বাড়ি বিক্রি করার প্রস্তাব এসেছে।

মেহরাবের মতে, বাড়ি বিক্রি করাই বুদ্ধিমানের কাজ।
মায়ের মতে, সেটা নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয়।
নায়রার নিজের মত কী, সে এখনো বুঝে উঠতে পারেনি।

“এই প্রাথমিক মূল্যায়নটা দেখো,” মেহরাব বলল। ফোল্ডার থেকে একটা কাগজ বের করে সে মায়ের দিকে এগিয়ে দিল। “বাড়িটা এখনই বিক্রি করতে বলছি না। আগে দামটা জানা থাকুক। তার পরে সিদ্ধান্ত নেওয়া যাবে।”

মা কাগজটা নিলেন না। “তোমার বাবা বাড়িটা বিক্রির কথা শুনতেই চাইতেন না।”

“বাবা আর নেই, মা।”

“জানি।”

মেহরাব এবার নায়রার দিকে তাকাল। “তুমি কী বলো?”

নায়রা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, “বাড়িটা বিক্রি করার আগে অন্তত একবার বাড়িটি দেখা উচিত।”

“কী দেখতে চাও?”

“জানি না।”

“তা হলে না-জেনে বাড়িটা রেখে দিলে কী লাভ?”

“আমি বাড়িটা রেখে দিতে বলিনি। বলেছি, দেখার আগে সিদ্ধান্ত নেওয়া উচিত না।”

মেহরাবের মুখে বিরক্তির ছায়া ফুটে উঠল। “আমরা তো কালই যাব।”

“কাল কেন? আজই যেতে পারি।”

“এই বৃষ্টির মধ্যে?”

“বৃষ্টি হলে কী সমস্যা?”

“তোমার সঙ্গে কথা বলা মুশকিল,” মেহরাব বলল.

“তুমি এমনভাবে কথা বলো যেন সবকিছুর সিদ্ধান্ত তুমি আগেই নিয়ে ফেলেছ।”

“সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় নেই।”

নায়রা উত্তর দিল না। তার চোখ আবার চলে গেল জানালার বাইরে। বৃষ্টির রেখার মধ্যে একটা রিকশা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। রিকশার যাত্রী মাথা নিচু করে বসে আছে, দুই হাত দিয়ে ব্যাগ আঁকড়ে ধরে। নায়রার মনে হলো, সে যেন ওই দৃশ্যটা আগেও কোথাও দেখেছে—একই বৃষ্টি, একই রাস্তা, একইভাবে মাথা নিচু করে বসে থাকা কেউ একজন।

মুহূর্তের মধ্যে অনুভূতিটা হারিয়ে গেলো।

কিন্তু বাড়িটার কথা উঠলে এমন হয়।যেনো কোনো কোনো দৃশ্য, শব্দ বা গন্ধ হঠাৎ পুরোনো একটা স্মৃতির দরজা খুলে দেয়। দরজার ওপাশে কী আছে, নায়রা দেখতে পায় না। সে শুধু বুঝতে পারে, কিছু একটা সেখানে আছে।

“বাবা মারা যাওয়ার আগে কোনো কথা বলেছিলো কী মা?” নায়রা মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। “বাড়ি নিয়ে? কাগজপত্র নিয়ে?”

মা এবার কাগজটা নিলেন, কিন্তু পড়লেন না। “বলেছিলেন, পড়ার ঘরের আলমারির কাগজগুলো যেন ফেলে না দিই।”

“কোন কাগজগুলো?”

“জানি না।”

“দেখেছ?”

“না।”

“তাহলে কাল সেগুলো আগে দেখতে হবে।”

মা কাগজটা টেবিলে রেখে দিলেন। “ওই ঘরে এখন যাওয়ার দরকার নেই।”

“কেন?” নায়রা জিজ্ঞেস করল।

মা তার দিকে তাকালেন। চোখে ক্লান্তি, কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। “আমি বলেছি, এখন দরকার নেই।”

“কোনো বিশেষ কারণ আছে?”

“সব কথার বিশেষ কারণ থাকতে হয় না নায়রা।”

এই উত্তর নায়রার পছন্দ হলো না। সে মাকে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু মেহরাব চোখের ইশারায় তাকে থামতে বলল।

সেই ইশারাটাই যেন আরেকটা প্রশ্ন হয়ে দাঁড়াল।

**কেন থামতে বলছে?**

নায়রার মনে পড়ল তার আপির কথা।

আদিবা শিকদার ছিল তার বড় বোন। নায়রার চেয়ে দুই বছরের বড়। ছোটবেলায় দুজন একই ঘরে ঘুমাত। রাতে ঘুমানোর সময় আদিবা তাকে গল্প বলত—কখনো সত্যি, কখনো নিজের বানানো। তার গল্পের শেষটা নায়রা আগে থেকে বুঝে ফেললে আদিবা রাগ করত। বলত, “শেষটা আগে জানলে গল্পের মজাই থাকে না।”

একদিন আদিবা একটা পুরোনো পারিবারিক ছবি নায়রার হাতে দিয়ে বলেছিল, “ছবির সামনে যা দেখা যায়, সবাই সেটাই দেখে। আসল কথা থাকে পিছনে।”

নায়রা তখন হেসে বলেছিল, “ছবির পিছনে আবার কী কথা?”

আদিবা একটা পেন্সিল দিয়ে ছবির পিছনে ছোট করে কিছু লিখেছিল। নায়রা সেটা পড়তে পারেনি। আদিবা ছবিটা নিজের কাছে রেখে দিয়েছিল।

এগারো বছর আগে আদিবা নিখোঁজ হওয়ার পর থেকে নায়রা সেই ছবিটার কথা আর মনে করেনি।

“নায়রা?” মেহরাবের ডাকে সে বাস্তবে ফিরে এল।

“কী?”

“তুমি কোথায় হারিয়ে গেলে?”

“কোথাও না।”

কথাটা বলে নায়রা বুঝল, উত্তরটা সত্যি নয়।

আদিবা বাড়ি ছেড়ে যাওয়ার দিনটা তাকে ঠিকমতো মনে নেই। পরিবারে বলা হয়েছিল, সে কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। ঘর থেকে কিছু কাপড়ও নাকি গায়েব হয়েছিল। মা বলেছিলেন, আদিবা নিজের সিদ্ধান্তে গেছে। বাবা খুব কম কথা বলেছিলেন। মেহরাবও বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইত না।

কিন্তু নায়রা মনে করতে পারে, সেই সময় বাড়িতে ঝগড়ার শব্দ হতো। দরজা বন্ধ হতো। মা কাঁদতেন। এক রাতে করিডরের বাতি নিভে গিয়েছিল, আর নায়রা অন্ধকারে কারও পায়ের শব্দ শুনেছিল।

সেই রাতের পরের অংশটা তার মনে নেই।

দরজায় কেউ টোকা দিয়েছিল কি না, সে জানে না।

আদিবা তার ঘরে এসেছিল কি না, সেটাও মনে পড়ে না।

“ মা, আপি চলে যাওয়ার আগে তোমাদের কোনো ঝগড়া হয়েছিল?” নায়রা জিজ্ঞেস করল।

মা কাপের হাতল ধরে থাকা আঙুল শক্ত করলেন।

মেহরাব কাগজের দিকে চোখ নামাল।

“ হঠাৎ কেন এই কথা?” মা বললেন।

“কারণ বাড়ির কথা হচ্ছে। আপির কথা না বলে বাড়ির কথা বলা যাচ্ছে না।”

“আদিবা নিজের সিদ্ধান্তে চলে গিয়েছিল।”

“ওটা তুমি বলো। আমি জানতে চাই, যাওয়ার আগে কী হয়েছিল?”

“যা হওয়ার ছিল, হয়ে গেছে।”

“কিন্তু আমার কিছুই মনে নেই।”

“তখন তুমি ছোট ছিলে।”

“সতেরো বছর বয়সে আমি ছোট ছিলাম মা?”

রাবেয়া শিকদার নীরব রইলেন।

তাদের টেবিলের চারপাশে ক্যাফের সাধারণ শব্দ চলতে থাকল। পাশের টেবিলে কেউ ফোনে কথা বলছিল; দূরে কাপ রাখার শব্দ হলো। বাইরে বৃষ্টির গতি আরও বেড়েছে। ঠিক সেই সময় ক্যাফের দরজা দিয়ে একজন লোক ভেতরে ঢুকল।

লোকটির গায়ে ধূসর জ্যাকেট। হাতে কালো ছাতা। ভেজা চুল কপালে লেগে আছে। সে প্রথমে কাউন্টারের দিকে তাকাল, তারপর পুরো ক্যাফেতে চোখ বুলিয়ে নিল।

তার দৃষ্টি নায়রার ওপর এসে থামল।

নায়রা তাকিয়ে রইল।

লোকটি তাকে চিনেছে—এমন একটা অনুভূতি হলো। তবে লোকটির মুখে পরিচিতির হাসি ছিল না। বরং সে যেন নিশ্চিত হতে চাইছিল, ছবিতে দেখা মানুষটি এই নায়রাই কি না।

কয়েক মুহূর্ত পর সে কাউন্টারের কাছে গিয়ে কর্মচারীর সঙ্গে কথা বলল। তারপর ছোট্ট বাদামি একটা খাম রেখে বাইরে চলে গেল। বেরোনোর সময় সে আর একবার নায়রার দিকে তাকাল।

খামটা তাদের টেবিলে পৌঁছাতে বেশি সময় লাগল না।

“নায়রা শিকদারের জন্য,” কর্মচারী বলল।

মেহরাব সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল। “কে দিয়ে গেছে?”

“একজন ভদ্রলোক। বেশি কিছু বলেননি।”

নায়রা খামটা নিজের দিকে টেনে নিল। তার নামের বানান ঠিক। হাতের লেখা পরিপাটি, কিন্তু সে চিনতে পারল না।

“এখানেই খুলবে?” মেহরাব জিজ্ঞেস করল।

“হ্যাঁ।”

খামের মুখে আঠা লাগানো ছিল না। ভেতর থেকে বেরোল একটা পুরোনো ছবি। ছবির কাগজের প্রান্ত হলদেটে। এক কোণায় ভাঁজ, আর মাঝ বরাবর সরু একটা আঁচড়।

নায়রার বুকের ভেতরটা কেমন করে উঠল।

ছবিটা উত্তরা বাড়ির সামনের উঠোনে তোলা। পুরোনো টব, বারান্দার রেলিং, সিঁড়ির পাশে সেই সরু জানালা—সবই সে চিনতে পারল। ছবিতে বাবা, মা, মেহরাব আর নায়রা দাঁড়িয়ে আছে। পেছনে বাড়ির দরজা আধখোলা।

আদিবা নেই।

ছবিটা দেখেই মায়ের হাত থেমে গেল। মেহরাবের মুখের পেশি শক্ত হলো।

“এই ছবিটা আগে দেখেছ?” নায়রা জিজ্ঞেস করল।

“না,” মেহরাব বলল।

“মা?”

“না।”

“তাহলে তোমরা দুজনেই কেন এমন তাকিয়ে আছ?”

“পুরোনো ছবি,” মেহরাব বলল। “এটা দেখে চমকে যাওয়ার কী আছে?”

নায়রা ছবিটা একটু কাছে টেনে নিল। সামনে থেকে দেখলে অন্য কোনো অস্বাভাবিক কিছু বোঝা যায় না। শুধু ছবির বাঁদিকের জানালার কাচে অস্পষ্ট একটা ছায়া। যেন কেউ পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে আছে।

ছবির পিছনে তারিখ লেখা—**১৫ আগস্ট, ২০১৫**।

নায়রার হাত স্থির হয়ে গেল।

আদিবা নিখোঁজ হয়েছিল ওই সময়েই।

ছবির পিছনে তারিখের নিচে লেখা ছিল—

**“আদিবা পালায়নি। তাকে চলে যেতে বাধ্য করা হয়েছিল।”**

মা খুব আস্তে বললেন, “এটা বন্ধ করো।”

“কী বন্ধ করব?”

“ছবিটা সরিয়ে রাখো।”

“কেন?”

“নায়রা, বাড়ি গিয়ে কথা বলব।”

“এখনই বলো।”

“এখানে নয়।”

“কোথায় বলবে? বাড়ির সেই ঘরে, যেটার কাগজ দেখতে তোমরা চাইছ না?”

মেহরাব এবার ছবিটার দিকে হাত বাড়াল। “দেখি।”

নায়রা ছবিটা তাকে দিল না। “তুমি কি জানো, কে লিখেছে?”

“না।”

“তুমি কি জানো, আপিকে চলে যেতে বাধ্য করা হয়েছিল?”

“না।”

“তাহলে তোমার মুখে ‘না’ কথাটা এত সহজে আসছে কীভাবে?”

মেহরাব উত্তর দেওয়ার আগেই পাশের টেবিল থেকে একটা চেয়ার সরানোর শব্দ হলো। তাদের পাশেই এতক্ষণ একা বসে থাকা লোকটি উঠে দাঁড়িয়েছে। সে লম্বা, গাঢ় নীল শার্টের হাতা গোটানো, চোখে ক্লান্তি। টেবিলে একটা ক্যামেরার ব্যাগ রাখা ছিল। নায়রা তাকে আগে লক্ষ করেনি।

লোকটি তাদের দিকে এগিয়ে এল।

“দুঃখিত,” সে বলল, “কথায় কান পাতার ইচ্ছা ছিল না। কিন্তু ছবিটা দেখার পর চুপ করে থাকা কঠিন।”

“আপনি কে?” মেহরাব জিজ্ঞেস করল।

“আরমান ভুঁইয়া।”

লোকটি পরিচয়পত্র দেখাল। সে সাংবাদিক। নায়রা তার পরিচয়পত্রে নামটা পড়ল, তারপর আবার ছবির দিকে তাকাল।

“আপনি এই ছবিটা চেনেন?” নায়রা জিজ্ঞেস করল।

“ছবিটাকে নয়। ছবির পিছনে থাকা চিহ্নটাকে।” আরমান ছবির দিকে তাকাল, কিন্তু ছোঁয়ার চেষ্টা করল না। “নিচের কোণে দেখুন।”

নায়রা ছবিটা আলোয় ধরল। নিচের কোণে খুব ম্লান করে লেখা ছিল—**এস. আর.**

“এটা কী?” সে বলল।

“আমার বড় ভাইয়ের কাজের চিহ্ন,” আরমান বলল। “সায়েম ভুঁইয়া। সে ফটোসাংবাদিক ছিল।”

মেহরাব হঠাৎ বলল, “আপনার ভাইয়ের সঙ্গে আমাদের পরিবারের কী সম্পর্ক?”

“সেটাই জানতে চাইছি।”

“আপনি এখানে কাকতালীয়ভাবে বসেছিলেন?”

“আমি জানতাম আপনারা এখানে আসবেন।”

“কীভাবে?”

“যে লোকটা খামটা দিয়ে গেল, তাকে আমি অনুসরণ করছিলাম।”

“আপনি আমাদের অনুসরণ করছেন?”

“আমি ছবিটাকে অনুসরণ করছি।”

“আপনি কি জানেন, এ ছবিতে আপনার ভাইয়ের কাজের চিহ্ন কিভাবে আসলো?”

“না। তাই জানতে চাই।”

আরমানের গলায় নাটকীয়তা ছিল না। সে যেন এমন কিছু বলছে, যা বহুবার নিজের কাছে বলেছে। নায়রা তার চোখের দিকে তাকাল। সেখানে কৌতূহল ছিল, ক্লান্তি ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল সাবধানতা।

“আপনার ভাই কোথায়?” নায়রা জিজ্ঞেস করল।

আরমান কিছুক্ষণ চুপ করে রইল।

“আমার ভাইয়া এগারো বছর আগে মারা গেছে।”

“কীভাবে?”

“পুলিশ বলেছিল, দুর্ঘটনা।”

“আপনি বিশ্বাস করেননি?”

“না।”

“কেন?”

“যে রাতে সে মারা যায়, তার ক্যামেরায় তোলা শেষ ছবিগুলোর একটা ছিল এই বাড়ির।”

নায়রার আঙুল ছবির কোণ চেপে ধরল।

“আপনি বলতে চাইছেন, আমার বোনের নিখোঁজ হওয়া আর আপনার ভাইয়ের মৃত্যুর মধ্যে সম্পর্ক আছে?”

“আমি জানি না সম্পর্ক আছে কি না। কিন্তু একই রাতে দুটো ঘটনা ঘটেছিল। আর দুটো ঘটনার সঙ্গে এই ছবি আছে।”

মা উঠে দাঁড়ালেন। “আমরা যাচ্ছি।”

নায়রা মায়ের দিকে তাকাল। “মা—”

“এখনই।”

“তুমি আরমানকে চেনো?”

“না।”

আরমানের দৃষ্টি একবার রাবেয়া শিকদারের মুখে গেল। মুহূর্তের জন্য তার চোখে চিনে ফেলার মতো কিছু ফুটে উঠল। তারপর সে চোখ নামিয়ে নিল।

নায়রা সেটা লক্ষ করল।

“আপনি আমার মাকে চেনেন?” সে জিজ্ঞেস করল।

“না,” আরমান বলল।

“তাহলে তাকালেন কেন?”

“আমি তাকিয়েছিলাম?”

“হ্যাঁ।”

“হয়তো আপনার ভুল হয়েছে।”

নায়রা ছবিটা খামে ঢুকিয়ে ব্যাগে রাখল। “আপনার কাছে আর কোনো তথ্য থাকলে, সরাসরি বলুন।”

“এখানে নয়।”

“তাহলে কোথায়?”

“যেখানে আপনার পরিবার আপনাকে সব কথা জানতে দেবে।”

মেহরাব চেয়ার সরিয়ে দাঁড়াল। “আপনি সীমা ছাড়াচ্ছেন।”

“আমি শুধু প্রশ্ন করেছি।”

“আমরা উত্তর দিতে বাধ্য নই।”

“আমি জানি।”

আরমান আর কিছু বলল না। সে নিজের টেবিলে ফিরে গেল। কিন্তু যাওয়ার আগে নায়রার দিকে তাকিয়ে বলল, “আপনার বোনের নিখোঁজ হওয়ার রাতটা মনে করার চেষ্টা করবেন। বিশেষ করে রাত বারোটার পর।”

“কেন?”

“কারণ আপনার মনে না থাকলেও, ওই রাতের একটা অংশ আপনি দেখেছিলেন।”

নায়রা উত্তর দেওয়ার আগেই সে চলে গেল।

ক্যাফে থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়াতেই নায়রা বুঝল, তার হাত ঠান্ডা হয়ে গেছে। মা দ্রুত গাড়ির দিকে হাঁটছেন। মেহরাব একটু পেছনে, ফোনে কারও সঙ্গে কথা বলছে।

“তুমি লোকটাকে বিশ্বাস করো?” মেহরাব জিজ্ঞেস করল।

“না।”

“ভালো।”

“তুমি তাকে চেনো?”

“না।”

“তাহলে এত তাড়াতাড়ি ‘ভালো’ বললে কেন?”

মেহরাব উত্তর দিল না।

গাড়িতে উঠে নায়রা খামটা আবার খুলল। ছবির পিছনে এবার চোখে পড়ল লেখার নিচে ছোট করে আঁকা একটা চিহ্ন—**৪/০৭**। সংখ্যাটার চারপাশে পেনসিল দিয়ে গোল দাগ টানা হয়েছে।

“এটা কি বাড়ির ঠিকানা?” নায়রা বলল।

“জানি না,” মেহরাব উত্তর দিল।

“তুমি আজ অনেক কিছুই জানো না ভাইয়া।”

“তুমি যদি সবকিছুকে সন্দেহ করো, আমি কী বলব?”

“সত্যিটা।”

গাড়ি চলতে শুরু করল। বৃষ্টির শব্দ ছাদের ওপর পড়ে গাড়ির ভেতরটাকে ভরে দিল। নায়রা জানালার বাইরে তাকিয়ে রইল। তার ফোনে তখনও কোনো বার্তা আসেনি। তবু বুকের ভেতর একটা অস্থিরতা বাড়ছিল।

বাড়িতে পৌঁছে মা নিজের ঘরে চলে গেলেন। মেহরাব নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নায়রা একা বসে রইল বসার ঘরের অন্ধকারে। ছবিটা টেবিলে রাখা; তার ওপর ঘরের আলো পড়ছে।

কিছুক্ষণ পর সে ছবিটা আবার হাতে তুলে নিল।

বাবার মুখে কোনো হাসি নেই। মায়ের চোখ ছবির ক্যামেরার দিকে নয়—একটু পাশে। মেহরাবের মুখে সেই একই চাপা অস্বস্তি, যা আজ ক্যাফেতে দেখেছে।

আর নায়রা?

ছবিতে তার বয়স সতেরো। সে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। কিন্তু তার চোখে এমন একটা ভয়, যার কথা সে মনে করতে পারছে না।

ফোনটা কেঁপে উঠল।

অচেনা নম্বর থেকে বার্তা:

**“আরমান শিকদারকে বিশ্বাস কোরো না।”**

নায়রা বার্তাটা আবার পড়ল।

আরেকটি বার্তা এল।

**“সায়েমের মৃত্যু নিয়ে সে সত্যি বলছে না।”**

তারপর আর কিছু দেখা গেল না।

ঠিক তখনই বন্ধ পড়ার ঘরের দরজার ওপাশ থেকে একটা শব্দ হলো।

টক।

নায়রা নিঃশ্বাস আটকে গেলো।

দরজাটা বন্ধ। ভেতরে কেউ থাকার কথা নয়।

কিছুক্ষণ পর আবার শব্দ হলো।

টক।

তারপর তৃতীয়বার—

টক।

নায়রার হাত থেকে ছবিটা পড়ে গেল।

সে জানত না কেন, কিন্তু তার মনে হলো—এগারো বছর আগে যে রাতে আদিবা হারিয়ে গিয়েছিল, সেই রাতটা শেষ হয়নি।

চলবে............🖋️🖋️🖋️

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন