👻 ভুতের রিসোর্ট
প্রথম পর্ব: অজানা গন্তব্য
সন্ধ্যার অন্ধকার নামতেই চার বন্ধুর গাড়ি এসে থামল এক নির্জন পাহাড়ি রাস্তার সামনে।
গাড়ির ব্রেক ফেল হওয়ায় তারা তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারল না।
আরশ বলল, "ভয় পাওয়ার কিছু নেই। পাশে একটা রিসোর্ট দেখা যাচ্ছে।"
মায়া জানালার বাইরে তাকিয়ে অবাক হয়ে বলল, "এত নির্জন জঙ্গলের মধ্যে রিসোর্ট! এখানে মানুষজন থাকে নাকি ভূতেরা থাকে?"
তিশা রিসোর্টের দিকে তাকিয়ে বলল, "বাহ! খুব মজা! এটা কি সত্যিই ভূতের রিসোর্ট?"
রাফি ভয়ে ঢোক গিলে বলল, "তোরা মজা করিস না! আমার কিন্তু মনে হচ্ছে, এই রিসোর্টে ঢুকলে আর জীবিত ফিরে আসতে পারব না!"
আরশ রাগী কণ্ঠে বলল, "তোরে এবার চুপ করতে হবে। দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না। আগে দেখতে হবে রিসোর্টে কেউ আছে কি না।"
মায়া বলল, "জায়গাটা আমার মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না!"
আরশ স্বাভাবিকভাবে বলল, "তোর তো কোনো কিছুই স্বাভাবিক মনে হয় না। তুই যেখানেই যাস, সেখানেই ভূত খুঁজিস!"
তিশা হেসে বলল, "আচ্ছা, তোরা ঝগড়া থামা! আগে রিসোর্টে গিয়ে দেখি থাকার কোনো ব্যবস্থা আছে কি না। ভূত থাকলে তার সঙ্গেও পরিচয় করে নেব!"
রাফি বলল, "ভাই, দেখ, তোরা মজা করিস না!"
আরশ বিরক্ত হয়ে বলল, "তুই কি সারাজীবন এমন ভীতুর মতোই থাকবি? চল, আমার পেছনে পেছনে আয়।"
চার বন্ধুর পরিচয়:
আরশ—ছয় ফুট দুই ইঞ্চি লম্বা। দেখতে সুদর্শন, স্বভাবে একটু রাগী এবং সাহসী। কোনো বিপদেই সহজে ভয় পায় না। বন্ধুদের মধ্যে সে-ই সবচেয়ে বেশি দায়িত্ব নেয়।
রাফি—ছয় ফুট লম্বা। দেখতে সুদর্শন হলেও স্বভাবে ভীষণ ভীতু। ভূতের নাম শুনলেই তার অবস্থা খারাপ হয়ে যায়। তবে মজার কথা বলতে তার জুড়ি নেই।
মায়া—পাঁচ ফুট দুই ইঞ্চি। মিষ্টি চেহারা, সুন্দর চোখ এবং কোমর ছাড়িয়ে যাওয়া ঘন কালো চুল। স্বভাবে চঞ্চল, বুদ্ধিমতী এবং রহস্যের প্রতি প্রচণ্ড আগ্রহী।
তিশা—পাঁচ ফুট এক ইঞ্চি। মায়াবী চেহারা, মিষ্টি হাসি আর প্রাণবন্ত স্বভাবের অধিকারী। একটু দুষ্টু, একটু পাগলাটে। তার কথাবার্তায় সব সময় হাসির পরিবেশ তৈরি হয়।
চারজন রিসোর্টের বড় লোহার গেটের সামনে এসে দাঁড়াল। গেটের ওপর ধুলো জমা একটি পুরোনো সাইনবোর্ডে লেখা— নিশিরাত রিসোর্ট।
নামটি দেখে সবাই একটু ভয় পেয়ে গেল।
রাফি কাঁপা কাঁপা গলায় বলল, "নামটাই যখন এমন ভয়ংকর, ভেতরে না জানি কী অপেক্ষা করছে! আমার মনে হয় আমাদের এখান থেকে ফিরে যাওয়াই ভালো!"
আরশ রাগী কণ্ঠে বলল, "এত রাতে কোথায় যাব? এর থেকে ভালো একটা রাতেরই তো ব্যাপার। এখানেই থেকে যাব।"
তিশা মায়ার দিকে তাকিয়ে বলল, "হ্যাঁ, ভূতের সঙ্গে তোর প্রেম হবে!"
মায়া রাগী চোখে তাকিয়ে বলল, "বেশি হাসিস না, রাত হলে সবার আগে তুই-ই ভয়ে আমার পেছনে লুকাবি!"
আরশ বলল, "এবার ভেতরে চলো।"
চারজন রিসোর্টের ভেতরে প্রবেশ করতেই পেছন থেকে বিকট শব্দে লোহার গেটটি বন্ধ হয়ে গেল!
গেটের একটু দূরে একজন লোক বসে ছিল। সে ছিল রিসোর্টের পাহারাদার।
আরশ লোকটির কাছে গিয়ে বলল, "চাচা, এখানে কি রিসোর্টের কোনো ম্যানেজার আছেন?"
পাহারাদার বলল, "হ্যাঁ, ভেতরে যান স্যার।"
আরশ জিজ্ঞেস করল, "আচ্ছা, আপনাদের রিসোর্টটা জঙ্গলের পাশে কেন?"
পাহারাদার বলল, "এই জঙ্গলটাই আমাদের রিসোর্টের আসল সৌন্দর্য স্যার। তবে রাতের বেলা এই জঙ্গলের দিকে না যাওয়াই ভালো।"
রাফি জিজ্ঞেস করল, "কেন?"
পাহারাদার চারদিকে একবার তাকিয়ে নিচু গলায় বলল, "কারণ, এই জঙ্গলে রাতের বেলা এমন কিছু দেখা যায়, যা দেখার পর মানুষ আর আগের মতো থাকে না!"
মায়া শান্তভাবে জিজ্ঞেস করল, "কী দেখা যায় চাচা?"
পাহারাদার বলল, "সেটা আমি বলতে পারব না মা। তবে একটা কথা মনে রেখো, রাত বারোটার পর ১৩ নম্বর কক্ষের দরজার সামনে কখনো যেও না!"
তিশা হাসতে হাসতে বলল, "কেন চাচা? সেখানে কি ভূত আছে নাকি?"
পাহারাদারের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল।
সে গম্ভীর কণ্ঠে বলল, "কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। ওই কক্ষ নিয়ে হাসি-ঠাট্টা করবেন না।"
মায়া খুশি হয়ে বলল, "সত্যি! রহস্য? এবার তো রহস্য উদঘাটন আমি করেই ছাড়ব!"
আরশ বলল, "তোর রহস্য সমাধানের শখটা এবার একটু কমা। আগে থাকার ব্যবস্থা করি।"
সবাই চুপ হয়ে গেল। আরশ ধীরে ধীরে রিসোর্টের ভেতরে ঢুকল।
কাউন্টারে একজন লোক বসে ছিল। আরশ তার কাছে গিয়ে বলল, "দুটো রুম কি আছে?"
লোকটি বলল, "রুম তো আছে স্যার, তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে রাতের বেলা কিছু অদ্ভুত ঘটনা ঘটে!"
মায়া জিজ্ঞেস করল, "কী ঘটনা?"
লোকটি বলল, "ম্যাডাম, এসব ঘটনা শুনলে হয়তো আপনারা ভয় পেয়ে যাবেন।"
মায়া বলল, "আমি ভয় পাব?"
লোকটি মুচকি হেসে বলল, "বেশ তো ম্যাডাম! তবে রাত হলে বুঝতে পারবেন।"
তিশা বলল, "তাহলে কি কান দিয়ে, মুখ দিয়ে দেখা যায় নাকি?"
লোকটি হেসে ফেলল।
তিশা বলল, "সেটা দেখা যাবে!"
লোকটি তাদের হাতে দুটি চাবি দিয়ে বলল, "দ্বিতীয় তলায় এগারো ও বারো নম্বর রুম।"
আরশ জিজ্ঞেস করল, "আচ্ছা আঙ্কেল, একটা কথা বলুন তো। বাইরের চাচাটাও ১৩ নম্বর রুমের কথা বলল, আপনিও বলছেন। আসলে ১৩ নম্বর রুমে আছেটা কী?"
লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, "তেরো নম্বর রুমে কী আছে, সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। তবে যারা সেই রুমের দরজা খুলেছে, তাদের জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে!"
আরশ বলল, "ঠিক আছে, এবার আমরা চারজন এই রহস্যের উদঘাটন করেই এখান থেকে যাব।"
মায়া খুব খুশি হয়ে গেল।
মায়া বলল, "ইয়েস! অবশেষে একটা মজার অভিযান পাওয়া গেল!"
লোকটি বলল, "যা ইচ্ছা আপনাদের, তবে সাবধান থাকবেন।"
আরশ কোনো কথা না বাড়িয়ে সবাইকে নিয়ে রুমের দিকে গেল।
মায়া ও তিশা ১১ নম্বর রুমে গেল এবং আরশ আর রাফি ১২ নম্বর রুমে।