বিকেল ৫টা ৩০ মিনিট | রাফিনের অফিস
— তুই নিশ্চিত, জায়গাটা নিরাপদ?
আবির ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলল,
— পুরোপুরি নিরাপদ বলব না। তবে আমি আগেই লোকেশনটা চেক করেছি। গুদামের আশপাশে কয়েকটা ক্যামেরা আছে। সমস্যা হচ্ছে, সেগুলোর ফুটেজ গত দুই দিন ধরে বন্ধ।
রাফিন ঘড়ির দিকে তাকাল।
— কেউ ইচ্ছা করেই বন্ধ করেছে।
— আমারও তাই মনে হচ্ছে।
রাফিন ফোন বের করে জিছাকে কল করল।
— তুমি রেডি?
— হ্যাঁ। তুমি কোথায়?
— অফিসে। তোমাকে নিতে আসছি।
— আমি নিজেই যেতে পারব।
— জিছা, এটা নিয়ে তর্ক কোরো না। আমি আসছি।
ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস শোনা গেল।
— ঠিক আছে।
কল কেটে আবির বলল,
— একটা কথা বলব?
— বল।
— তুই কি খেয়াল করেছিস, জিছাকে নিয়ে এখন তুই আগের চেয়ে অনেক বেশি চিন্তা করিস?
রাফিন ফাইল বন্ধ করে বলল,
— ওর সঙ্গে আমার পরিবারের পুরোনো ঘটনার যোগ আছে। চিন্তা করাটাই স্বাভাবিক।
আবির মুচকি হাসল।
— অবশ্যই। একদম ব্যবসায়িক চিন্তা!
রাফিন চোখ তুলে তাকাতেই আবির হাসি থামিয়ে দিল।
— আচ্ছা, আচ্ছা। চল।
সন্ধ্যা ৬টা | পুরোনো গুদাম
পুরোনো গুদামের সামনে গাড়ি থামল।
চারপাশ প্রায় অন্ধকার। দূরে রাস্তার বাতিগুলো মিটমিট করে জ্বলছে। বাতাসে ধুলোর গন্ধ।
জিছা গাড়ি থেকে নেমে চারপাশে তাকাল।
— জায়গাটা এত নির্জন কেন?
রাফিন বলল,
— অনেক বছর ধরে বন্ধ।
আবির তাদের পেছনে এসে দাঁড়াল।
— আমি বাইরে থাকছি। তোমরা ভেতরে যাও। কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে।
রাফিন মাথা নাড়ল।
জিছা একটু এগিয়ে গিয়ে বলল,
— তুমি কি মনে করো, সত্যিই ফাহাদ চৌধুরী এখানে আসবেন?
— জানি না।
— তাহলে আমরা এখানে এসেছি কেন?
রাফিন তার দিকে তাকাল।
— কারণ কেউ আমাদের এখানে আসতে বলেছে। আর যে মানুষটা এতদিন ধরে আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে, তাকে এবার সামনে আসতে হবে।
দুজন গুদামের ভেতরে ঢুকল।
ভেতরে পুরোনো যন্ত্রপাতি, ভাঙা চেয়ার আর ধুলোমাখা কাঠের বাক্স পড়ে আছে।
হঠাৎ জিছার চোখ পড়ল দেয়ালের পাশে রাখা একটি টেবিলের ওপর।
— রাফিন, ওটা দেখো।
টেবিলের ওপর একটি খাম রাখা।
রাফিন খামটা খুলল।
ভেতরে একটি চিঠি।
“তোমরা সত্য জানতে চেয়েছ। কিন্তু সত্য জানার আগে নিজেদের পরিবারকে প্রশ্ন করো। বিশেষ করে আথার রহমানকে।”
জিছা চিঠিটা পড়ে অবাক হয়ে গেল।
— আমার বাবাকে কেন?
রাফিন উত্তর দেওয়ার আগেই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এল।
— কারণ তোমার বাবা অনেক কিছু জানেন, জিছা।
দুজন একসঙ্গে ঘুরে দাঁড়াল।
অন্ধকারের ভেতর থেকে একজন মধ্যবয়সী মানুষ সামনে এগিয়ে এলেন।
রাফিনের চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল।
— চাচা?
লোকটি কিছুক্ষণ রাফিনের দিকে তাকিয়ে রইলেন।
তারপর ধীরে বললেন,
— অনেক বড় হয়ে গেছিস, রাফিন।
রাফিন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না।
— ফাহাদ চৌধুরী?
লোকটি মাথা নাড়লেন।
— হ্যাঁ। আমি ফাহাদ।
জিছা অবাক হয়ে দাঁড়িয়ে রইল।
সতেরো বছর ধরে নিখোঁজ থাকা মানুষটা তাদের সামনে!
রাফিন কয়েক পা এগিয়ে গেল।
— এত বছর কোথায় ছিলেন আপনি?
ফাহাদ দীর্ঘশ্বাস ফেললেন।
— অনেক দূরে।
— কেন? আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন কেন?
ফাহাদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
— কারণ তখন আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না।
রাফিনের কণ্ঠ কঠিন হয়ে উঠল।
— এটা কোনো উত্তর নয়।
— জানি।
— আপনার জন্য বাবা এত বছর কষ্ট পেয়েছেন। পরিবার ভেবেছে আপনি মারা গেছেন। আর আপনি কোথাও লুকিয়ে ছিলেন?
ফাহাদ মাথা নিচু করলেন।
— তোর রাগ করার অধিকার আছে।
জিছা এবার সামনে এগিয়ে এল।
— আপনি কি জানেন, আপনার নিখোঁজ হওয়ার সঙ্গে আমার বাবার কী সম্পর্ক?
ফাহাদ জিছার দিকে তাকালেন।
— জানি। আর সেই কারণেই তোমার এখানে আসা উচিত হয়নি।
জিছা বিরক্ত হলো।
— সবাই আমাকে একই কথা বলে! কেউ কিছু বলবে না, শুধু সাবধান থাকতে বলবে। আমি আর এসব শুনতে চাই না।
ফাহাদ তার দিকে তাকিয়ে বললেন,
— তোমার বাবা তোমাকে রক্ষা করতে চেয়েছিলেন।
— কিসের থেকে?
ফাহাদ উত্তর দেওয়ার আগেই গুদামের বাইরে গাড়ির শব্দ শোনা গেল।
রাফিন সতর্ক হয়ে উঠল।
— কে এসেছে?
ফাহাদ দ্রুত বললেন,
— তোমাদের এখানে থাকা উচিত নয়।
সন্ধ্যা ৬টা ২৫ মিনিট | গুদামের পেছনের অংশ
আবির ফোনে রাফিনকে কল করল।
— রাফিন, বাইরে একটা গাড়ি এসেছে। নম্বরপ্লেটটা পরিষ্কার দেখা যাচ্ছে না।
রাফিন ফোন কানে নিয়ে বলল,
— তুই কোথায়?
— গুদামের সামনের দিকে। মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করেছে।
ফাহাদ অস্থির হয়ে বললেন,
— তোমরা চলে যাও। এখনই।
রাফিন তার দিকে তাকাল।
— আপনি আমাদের সঙ্গে যাবেন।
— পারব না।
— কেন?
ফাহাদ একটু থেমে বললেন,
— কারণ যারা আমাকে এত বছর খুঁজছে, তারা এখনো থামেনি।
জিছা অবাক হয়ে বলল,
— কারা তারা?
ফাহাদ উত্তর দিলেন না।
ঠিক তখনই গুদামের দরজার কাছে কারও পায়ের শব্দ শোনা গেল।
রাফিন জিছাকে নিজের পাশে থাকতে বলল।
একজন লোক ভেতরে ঢুকে চারপাশে তাকাল।
তার হাতে একটি ফোন।
লোকটি কাউকে মেসেজ পাঠাল—
“তারা সবাই এক জায়গায়।”
রাফিন দূর থেকে লোকটিকে দেখে ফেলল।
— কে ওখানে?
লোকটি সঙ্গে সঙ্গে ঘুরে বাইরে চলে গেল।
রাফিন তাকে অনুসরণ করতে এগোতেই ফাহাদ তার হাত ধরে থামালেন।
— না, রাফিন!
— ছাড়ুন!
— ওরা চায় তুই রাগের মাথায় ভুল করিস। এখন ওদের পেছনে যাস না।
রাফিন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল।
জিছা ফাহাদের দিকে তাকিয়ে বলল,
— আপনি আমাদের সব সত্যি বলবেন। আজই।
ফাহাদ ধীরে মাথা নাড়লেন।
— বলব। কিন্তু এখানে নয়।
রাত ৮টা | রাফিনের গাড়ি
গাড়িতে নীরবতা।
রাফিন গাড়ি চালাচ্ছে। জিছা সামনের সিটে বসে জানালার বাইরে তাকিয়ে আছে।
কিছুক্ষণ পর জিছা বলল,
— তুমি কি আমাকে একটা কথা বলবে?
— বলো।
— তুমি কি আগে থেকেই জানতেই ফাহাদ চাচা জীবিত?
— না।
— তাহলে উনি তোমার সঙ্গে এত বছর যোগাযোগ করেননি কেন?
রাফিন স্টিয়ারিংয়ে হাত শক্ত করল।
— সেটাই জানতে চাই।
জিছা একটু থেমে বলল,
— আমার বাবার নাম বারবার আসছে। তুমি কি মনে করো, বাবা কোনো ভুল করেছেন?
রাফিন তার দিকে তাকাল।
— প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না।
— কিন্তু তুমি নিজের বাবাকেও প্রশ্ন করছ।
— কারণ আমি সত্য জানতে চাই। পরিবার বলে কাউকে প্রশ্ন করা বন্ধ করে দিতে পারি না।
জিছা মৃদু হাসল।
— এই কথাটা ভালো বলেছ।
রাফিন কোনো উত্তর দিল না।
কিছুক্ষণ পর সে বলল,
— আজ ভয় পেয়েছিলে?
জিছা জানালার বাইরে তাকিয়েই বলল,
— একটু।
— তাহলে পরেরবার একা কোথাও যাবে না।
জিছা এবার তার দিকে তাকাল।
— তুমি থাকলে ভয়টা একটু কম লাগে।
কথাটা বলেই সে আবার জানালার দিকে তাকাল।
রাফিনের মুখে অল্প হাসি ফুটে উঠল।
— তাহলে আমি থাকব।
জিছা এবার কিছু বলল না।
রাত ৯টা | রহমান ম্যানশন
জিছা বাড়ি ফিরতেই আথার রহমান বসার ঘর থেকে উঠে দাঁড়ালেন।
— তুমি কোথায় ছিলে?
— বাইরে।
— কার সঙ্গে?
— রাফিনের সঙ্গে।
আথারের মুখের ভাব বদলে গেল।
— তুমি কি পুরোনো গুদামে গিয়েছিলে?
জিছা থমকে গেল।
— তুমি জানলে কীভাবে?
আথার কিছুক্ষণ চুপ করে রইলেন।
— আমি তোমাকে নিষেধ করেছিলাম এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করতে।
জিছা এবার বাবার সামনে দাঁড়াল।
— বাবা, তুমি ফাহাদ চৌধুরীকে চেনো?
আথার চোখ সরিয়ে নিলেন।
— হ্যাঁ।
— তিনি জীবিত।
আথার এবার সরাসরি মেয়ের দিকে তাকালেন।
— তুমি তাঁর সঙ্গে দেখা করেছ?
— হ্যাঁ।
আথার সোফায় বসে পড়লেন।
জিছা বাবার সামনে বসে বলল,
— বাবা, সতেরো বছর আগে আসলে কী হয়েছিল?
আথার কিছুক্ষণ নীরব থেকে বললেন,
— তোমার বয়স তখন খুব কম ছিল। এসব তোমাকে বলার প্রয়োজন মনে করিনি।
— এখন আমি বড় হয়েছি। সত্যিটা জানার অধিকার আমার আছে।
আথার মেয়ের দিকে তাকালেন।
— ফাহাদ নিখোঁজ হওয়ার আগের রাতে আমার সঙ্গে দেখা করেছিল। সে বলেছিল, ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কাগজ তার হাতে এসেছে। সেই কাগজে এমন কিছু মানুষের নাম ছিল, যাদের প্রকাশ্যে আসা উচিত ছিল না।
— কারা তারা?
আথার উত্তর দিলেন না।
জিছা এবার বলল,
— বাবা, তুমি কি সেই মানুষদের একজন?
আথার চমকে উঠলেন।
— জিছা!
— আমি শুধু প্রশ্ন করেছি।
আথার কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থেকে বললেন,
— তুমি যা ভাবছ, বিষয়টা তেমন নয়।
জিছা উঠে দাঁড়াল।
— তাহলে সত্যিটা বলো।
কিন্তু আথার চুপ করে রইলেন।
রাত ১০টা | চৌধুরী ম্যানশন
রাফিন নিজের ঘরে বসে ছিল। ফাহাদের সঙ্গে দেখা হওয়ার পর থেকে তার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে।
হঠাৎ ফোনে একটি মেসেজ এল।
Unknown Number: “আপনার চাচাকে খুঁজে পেয়েছেন। এবার নিজের বাবার অতীত খুঁজুন।”
রাফিন সঙ্গে সঙ্গে নম্বরটিতে কল করল।
ফোন বন্ধ।
ঠিক তখনই আবিরের কল এল।
— রাফিন, একটা নতুন তথ্য পেয়েছি।
— বল।
— Raze Organization-এর পুরোনো ডিরেক্টরির মধ্যে একটা নাম পেয়েছি। সতেরো বছর আগে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন একজন ব্যক্তি।
— কে?
আবির কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল,
— আথার রহমান।
রাফিন চোখ বন্ধ করল।
— নিশ্চিত?
— নথিতে তাঁর নাম আছে। তবে তিনি সরাসরি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না, সেটা এখনো পরিষ্কার নয়।
রাফিন ফোনটা শক্ত করে ধরল।
— আরেকটা কাজ কর। ফাহাদ চাচার বর্তমান যোগাযোগের সব তথ্য বের কর।
— চেষ্টা করছি।
কল কেটে রাফিন জানালার পাশে গিয়ে দাঁড়াল।
তার মনে এখন একটাই প্রশ্ন—
আথার রহমান কি সত্যিই শুধু একজন ব্যবসায়িক অংশীদার ছিলেন, নাকি এই পুরো ঘটনার পেছনে তাঁরও কোনো ভূমিকা আছে?
রাত ১১টা | জারিফের অ্যাপার্টমেন্ট
জারিফ সোফায় বসে ফোনে কারও সঙ্গে কথা বলছিল।
— হ্যাঁ, ওরা ফাহাদের সঙ্গে দেখা করেছে।
ওপাশ থেকে প্রশ্ন এল,
— ফাহাদ কী বলেছে?
— খুব বেশি কিছু বলেনি।
— রাফিন কি সন্দেহ করছে?
জারিফ মুচকি হাসল।
— রাফিন এখন সবাইকে সন্দেহ করছে। এটাই তো আমাদের দরকার।
ওপাশের মানুষটি বলল,
— জিছাকে নিয়ে কী পরিকল্পনা?
জারিফ কিছুক্ষণ চুপ থেকে বলল,
— জিছাকে আমার ওপর বিশ্বাস করাতে হবে। রাফিনকে ওর কাছ থেকে দূরে সরাতে পারলেই অর্ধেক কাজ শেষ।
— সাবধানে থেকো। রাফিনকে হালকাভাবে নেওয়ার ভুল কোরো না।
জারিফ হেসে বলল,
— আমি জানি। এবার ওর সবচেয়ে দুর্বল জায়গাটাতেই আঘাত করব।
কল কেটে সে ফোনের গ্যালারি খুলল।
সেখানে রাফিন ও জিছার ক্যাফেতে বসে থাকার একটি ছবি।
ছবির দিকে তাকিয়ে জারিফ ধীরে বলল,
— দেখা যাক, শেষ পর্যন্ত কে কাকে হারায়।
চলবে...