'মামু,আজকে শিউর মাম্মা পাপার ডি র্ভোস হয়ে যাবে। বিশ্বাস না হলে তুমি কাগজে কলমে লিখে রাখতে পারো। টু হান্ড্রেড পার্সেন্ট শিউর।'
'ইউ স্টুপিড,শাট আপ। ডি ভোর্স কখনো একদিনে হয় না। এটা লং প্রসেসের ব্যাপার স্যাপার। এখন পর্যন্ত তারা সিদ্ধান্তেই আসতে পারছে না কি করবে আর তুই বলছিস আজকে ডি ভোর্স হয়ে যাবে? ভেড়া কোথাকার।'
হাই পনিটেল করে চুল বাঁধা ফর্সা বালিকাটির মুখ কুঁচকে যায়। টেলিফোনের অপর পাশে থাকা মামুর উপর খানিকটা বিরক্ত হয়ে বলে,'তুমি বিশ্বাস করতে চাইছ না কেন মামু? আমি কি বাচ্চা? বানিয়ে বানিয়ে বলছি?'
ইস্কান্দার মির্জা ভাগ্নীর কথা শুনে থমথমে গলায় বলেন,'ক্লাসে ফোরে পড়িস তুই লিলু। নিজেকে বড় বলতে লজ্জা করছে না? এত অধঃপতন। অবশ্য হবেই তো,তোর বাপ তো একটা গরুচোর। গরুচোরদের কি কোনো শিষ্টাচার থাকে নাকি। আর গরু চোরের ছোট মেয়ে হয়ে তোর কথা আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। মিলুকে ফোনটা দে..'
'মামু,আমি গরু চোরের ছোট মেয়ে হলে মিলু তো গরু চোরের বড় মেয়ে।'
'সো হোয়াট। আমি ইস্কান্দার মির্জা বড়দের সম্মান করতে পছন্দ করি। গরু চোরের বড় মেয়ের থেকে তথ্য নিয়ে আমি নিশ্চিত হতে চাই।'
লিলি কানে টেলিফোন চেপে পিছু ঘুরে তাকায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই বাঁধতে থাকা বালিকার দিকে তাকিয়ে বলে,'ঢেঁড়স, মামু তোর সাথে কথা বলবে।'
মিলি টাই বাঁধা থামিয়ে আয়নার মধ্যে দিয়ে ভ্রু বাঁকিয়ে তাকায়। কিয়ৎসেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে শুকনো ঢোক গিলে লিলির কাছে এগিয়ে আসে। কন্ঠ নামিয়ে নামিয়ে বলে,'ইসু মামু?'
'হু।'
মিলি আশেপাশে তাকিয়ে ফোনটা কানে নিয়ে বলে,'বলো মামু্।'
ইস্কান্দার সাহেব চায়ের কাপে লম্বা চুমুক টেনে আয়েশি ভঙ্গিতে বলেন,'কি করে মিলু, তোর গরু চোর বাপ নাকি ডি ভোর্স দিতে রাজি হয়েছে আপাকে?'
'রাত থেকে শুধু ঝগড়াই চলছে। মাম্মা বলেছে পাপাকে ডি ভোর্স এবার শিউর দিবেই দিবে।'
'তোরা কি এক্সাইটেড বিষয়টা নিয়ে?'
মিলি লিলির দিকে তাকায় এক পলক। লিলির মুখে উৎফুল্ল ভাব দেখে ঠোঁট চেপে বলে,'করলা,বেশি এক্সাইটেড মামু। আমি একটু কম।'
'কেন কেন? তুই কম কেন?'
মিলি একটু ভাবুকচিন্তে বলে,'পাপা মাম্মার ডি ভোর্স হলে আমি কাকে বেছে নিব কনফিউশনে আছি।'
ইস্কান্দার সাহেব চায়ের কাপে শেষ চুমুক দিতে গিয়ে থমকে যান। আশ্চর্যান্বিত কন্ঠে বলেন,'এটা নিয়ে কনফিউশনের কি আছে? অবশ্যই তুই তোর মাম্মার কাছে থাকবি। লিলু তো ওর গরু চোর বাপকে চুজ করেছে। তুই তোর মাম্মাকে চুজ কর। নাকি দুই ভেড়া একসাথে মাছির মতো দলবেঁধে তোর গরু চোর বাপের চারপাশে ভনভন করবি?'
মিলি মামুর কথা শুনে বুঝদার ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে,'নো মামু, আমরা কখনোই একসাথে থাকব না। লিলু হচ্ছে একটা গোবর মাছি। সবসময় আমার চারপাশে ভনভন করে ডিস্টার্ব করে। টুইন হওয়ার কারণে বিনা অপরাধে ওর মার আমাকে খেতে হয়। অনেক প্রব্লেমে পড়তে হয়। আই ওয়ান্ট টু রিলিফ।'
'ভেরি গুড,লিলুকে ফোনটা দে।'
মিলি কান থেকে ফোনটা নামিয়ে লিলির দিকে বাড়িয়ে দেয়। লিলি ফোনটা কানে নেওয়া মাত্র বলে উঠে,'আমিও একসাথে থাকতে চাই না মামু। মিলু হচ্ছে গু মাছি। সবসময় আমার চারপাশে ভনভন করে ডিস্টার্ব করে। ওর জন্য আমাকেও মার খেতে হয়। আই ওয়ান্ট টু রিলিফ।'
ইস্কান্দার সাহেব দুজনের মতামত পেয়ে খুশি হয়ে যান। সন্তুষ্টচিত্তে বলেন,'ভেরি গুড ডিসিশন। আমিও চাই না তোরা দুই ভেড়া একসাথে থাক। তুই তোর গরু চোর বাপের কাছে থেকে গরু চোর বিদ্যা অর্জন কর,আর মিলু আপার কাছে থেকে বাঁচাল বিদ্যা অর্জন করুক। ভবিষ্যতে দুই ভেড়া অপদার্থ হিসেবে বাপ মায়ের মুখ ম্লান করবি।'
লিলি মামুর কথা শুনে কি বলবে বুঝতে পারে না। ঘড়ির দিকে তাকিয়ে বলে,'তুমি মানুষটা বিরক্তিকর হলেও মজার আছ মামু। এখন স্কুলের সময় হয়ে যাচ্ছে,পরে কথা হবে বাই।'
ইস্কান্দার সাহেবকে কথা বলার সুযোগ না দিয়েই লিলি টেলিফোনটা নামিয়ে ঠোঁট উল্টে দীর্ঘ শ্বাস ঝাড়ে। কোমরে দুহাত চেপে মিলির দিকে তাকিয়ে বলে,'তোর জন্য সিম্প্যাথি মিষ্টি কুমড়া, মামুর মতো বিরক্তিকর মানুষকে তোর সহ্য করতে হবে।'
মিলি ঝটপট ব্যাগ গুছাতে গুছাতে বলে,'তোর জন্যও সিম্প্যাথি মিষ্টি আলু। পাপার ধমক তোর সহ্য করতে হবে।'
' পাপার ধমক!! এটা কোনো ব্যাপার হলো নাকি? আই উই'ল ম্যানেজ ইট।'
'মি টু।'
দুবোন। প্রণন্দ্রিতা আহসান মিলি, অতন্দ্রিতা আহসান লিলি। কোনো এক বসন্ত বিকেলে এভারকেয়ার হসপিটালে কিছুটা নীরবেই দুবোন ধরণীতে আসে। হিসেব মত, মাত্র এক মিনিটের ছোটবড় তারা। দুজনেই বর্তমানে ক্লাস ফোরে অধ্যয়নরত। তবে ক্লাস এক হলেও স্কুল তাদের ভিন্ন। এক স্কুলে তাদের পোষায়নি। দুষ্টুর শিরোমণি হওয়ার কারণে আলাদা স্কুলে অ্যাডমিশন করাতে বাধ্য হতে হয়েছে তাদের বাবা মাকে।
সকাল আটটা। ঝড়োবেগে রুমে প্রবেশ করে নীলাঞ্জনা। আসা মাত্র চড় বসিয়ে দেয় সোজা লিলির গালে। গলা চড়িয়ে বলে,'ডিম খাবে না ঠিক আছে, তাই বলে ফেলে দিবে কেন? প্রত্যেকদিন তোমার ব্রেকফার্স্ট নিয়ে ঝামেলা না করলেই নয় মিলু?'
লিলি আহম্মকের মতো মাম্মার দিকে তাকিয়ে থাকে। গালে হাত দিয়ে স্বাভাবিক কন্ঠে বলে,'আমি আজকে ডিম খেয়েছি মাম্মা। মিলু খায়নি। আর আমি মিলু নয়,লিলু। ইউনিফর্ম দেখেও বুঝতে পারছ না?'
নীলাঞ্জনা খানিক সেকেন্ডের জন্য থমকায়। গাঢ় নজর বুলিয়ে দেখে সত্যি সে ভুলে করে ফেলেছে। এটা তো লিলু,মিলু নয়।
অবশ্য এই ভুল নিত্যদিনের। বিগড়ে যাওয়া মাথাটা শান্ত করার প্রয়াসে বলে,'তো তুমি সামনে দাঁড়িয়ে আছ কেন? মিলু...'
মিলু আগাম অশনিসংকেত টের পেতেই নিজেকে বাঁচাতে তার ফর্মে চলে যায়। কপালে হাত দিয়ে বলে উঠে,'মাম্মা, আমার শরীরটা ভালো না। রাতে জ্বর এসেছিল। তাই ডিম খেতে ইচ্ছে করেনি।'
মেয়ের জ্বরের কথা শুনে খানিকটা দমে যায় নীলাঞ্জনা। এগিয়ে এসে মেয়ের কপালে হাত দিয়ে পরীক্ষা করে সে। কিয়ৎসেকেন্ড পর কপাল কুঁচকে বলে,'কোথায় জ্বর? টেম্পারেচার তো নরমাল।'
মিলি ঠোঁট কামড়ে বলে,'মাম্মা ভিতরে জ্বর। কপালে এসে এখনও পৌঁছায়নি। একটু পর এসে যাবে শিউর। আই ফিল ভেরি উইক।'
মেয়ের কথা বিশ্বাস করবে কি করবে না ভেবে পায় না নীলাঞ্জনা। কারণ দুটো মেয়েই তার সেরা নাটকবাজ। নাটকীয় দক্ষতা ভীষণ হাই। রাত থেকে তৌহিদের সাথে ঝগড়া করতে গিয়ে তার মাথা খারাপ হয়ে গেছে। মন মেজাজ ভীষণ খারাপ। তাই আর সে বেশি ঘাঁটে না। ভারী কন্ঠে বলে,'স্কুলে কি তাহলে যেতে চাও?'
'না গেলে তুমি রাগ করবে একারণে যাচ্ছি।'
মিলুর নাটক দেখে দাঁত কিড়মিড় করে ব্যাগ গোছাতে থাকে লিলি। বেহুদা চড়টা খেলো সে। অথচ যার চড় খাওয়ার কথা সে এখন প্রিন্সেস ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করছে। অসহ্য!!!
"বেশি খারাপ লাগলে বাসায় রেস্ট করো। যাওয়ার দরকার নেই স্কুলে।'
'সমস্যা নেই মাম্মা পারব যেতে।'
'শিউর?'
'শিউর।'
নীলাঞ্জনা আর কথায় বাড়ায় না। তার অফিসের সময় হয়ে এসেছে। যাওয়া পথে লিলির দিকে এক পলক তাকিয়ে ছোট করে বলে,'সরি..'
লিলি উত্তর দেয় না। নিজকাজে মত্ত থাকে সে। মাম্মা পাপার এসব সরি ডালভাত। একটু পরেই দু'জনে ঝগড়া করে মাথা নষ্ট করে আবার ভুলে যাবে কে মিলি আর কে লিলি।
'আমার অ্যাক্টিং লেভেল এত স্ট্যান্ডার্ড,মাই গড। ভাবতেই প্রাউড ফিল হচ্ছে। আচ্ছা পটল,বড় হয়ে আমার কি অ্যাক্টিস হওয়া উচিত বল তো?'
লিলি ফুল রেডি হয়ে আয়নায় নিজেকে এক ঝলক দেখে নিতে নিতে মিলির দিকে তাকিয়ে বলে,'নাইস ট্রাই, বাট ইয়োর অ্যাক্টিং ইজ টেরিবল,বেগুন। মাম্মা বুঝতে পেরেছে তুমি অ্যাক্টিং করছ৷ বাট মারটা আগেই আমাকে দিয়ে ফেলেছে জন্য তোমাকে কিছু বলল না।'
'নো,মাম্মা বুঝতে পারেনি,কনফিউশনে ছিল। তুমি আমার অ্যাক্টিং স্কিলটা দেখে জেলাস ফিল করছ জন্য এসব বলছ লাউ।'
লিলি ঠোঁট উল্টে বলে,'ওকে,বুঝতে পেরেছি। অস্কার তোমার জন্য অপেক্ষা করছে শিম। লেট'স গো।'
*****
সকাল সাড়ে নয়টা। ঢাকার ব্যস্ত সড়কের পাশ দিয়ে সারিবদ্ধ গাছের ছায়া পেরিয়ে গাড়ি চলছে সানশাইন ব্রাইট ইন্টারন্যাশনাল স্কুল এর উদ্দেশ্য। এটা লিলির স্কুল। আর এখান থেকে কয়েক কিলোমিটার দূরে গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল একাডেমি মিলির স্কুল।
ড্রাইভিং সিটে বসে আছেন তৌহিদ আহসান। পরনে তার ফর্মাল গেটআপ, চোখে সানগ্লাস। পাশে আজকে বসেছে লিলি। পিছন সিটে মিলি আর নীলাঞ্জনা।
নীরবতায় মুখর পুরো গাড়ি। তৌহিদ আর নীলাঞ্জনার মধ্যে কথা বন্ধ। গত রাত থেকে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে। অবশ্য ঝগড়াটা নতুন কিছু নয়। দিনকে দিন তাদের দাম্পত্য জীবনের অশান্তি জটিল হয়ে উঠছে। ছোটখাটো বিষয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত,কোনো কিছুতেই দুজনের মতের মিল হচ্ছে না। এমনকি সম্পর্কটা আর টেনে নেওয়া সম্ভব কি না, সেই আলোচনাও এখন তাদের মধ্যে চলে এসেছে।
তবে সন্তানদের সামনে দুজনেই যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে। যদিও সেই চেষ্টা খুব একটা সফল হয় না। ঝগড়া শুরু হলে দু'জনেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
মূল ফটকের সামনে গাড়ি থামতেই লিলি দরজা খুলে নেমে পড়ে। তৌহিদ এক পলক মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন,'কোনো দুষ্টমি করবে না।'
'ওকে।'
'গুড গার্ল হয়ে থাকবে।'
'ওকে।'
'এন্ড টিচারদের কথা শুনবে,ক্লাসে মনোযোগ দেবে।'
লিলি দরজা বন্ধ করতে করতে মাথা নাড়িয়ে বলে,'ওকে পাপা।'
তৌহিদ দীর্ঘশ্বাস ফেলেন। এই দুই মেয়েকে প্রতিদিন স্কুলে নামিয়ে দেওয়ার সময় এগুলো রিমাইন্ডার দিতেই হয়। এবং প্রতিদিনই তারা এমনভাবে সম্মতি জানায়, যেন পৃথিবীর সবচেয়ে বাধ্য সন্তান দুটো তারাই। তবে বাস্তবে ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত।
'বাই মাম্মা.. বাই মিলু।'
মিলি হাত নেড়ে বলে,'বাই, লিলু।'
নীলাঞ্জনাও মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসেন। লিলি সবাইকে টাটা দিয়ে স্কুলের দিকে এগিয়ে যায়।
সানশাইন ব্রাইট ইন্টারন্যাশনাল স্কুল শহরের অন্যতম প্রিমিয়াম শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের প্রশস্ত লবিতে ঢুকতেই চোখে পড়ে রঙিন ডিজিটাল ডিসপ্লে। কোথাও দিনের ক্লাস রুটিন, কোথাও শিক্ষার্থীদের অর্জনের তালিকা। দেয়ালজুড়ে শিক্ষার্থীদের আঁকা ছবি, বিজ্ঞান প্রকল্প, বিভিন্ন দেশের পতাকা আর শিক্ষামূলক পোস্টার। একপাশে বিশাল লাইব্রেরি কর্নার। যেখানে জানালার পাশে বসে অনেক শিক্ষার্থী বইয়ের পাতা উল্টাচ্ছে,গল্পগুজব করছে।
করিডরগুলো বেশ প্রশস্ত। প্রতিটি শ্রেণিকক্ষের ভেতরে স্মার্ট বোর্ড, প্রজেক্টর, রঙিন শিক্ষাসামগ্রী, ছোট ছোট বুকশেলফ। পাশাপাশি বসার জন্য সুন্দরভাবে সাজানো ডেস্ক, যেখানে ছেলে মেয়েদের কম্বাইন্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট। কোথাও দুজন মিলে কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে তো কোথাও আবার তিন চারজন মিলে হাসাহাসিতে ব্যস্ত।
সকালের এই সময়টায় পুরো স্কুল প্রাণ ফিরে পায়। কচি কাঁচাদের হৈ হুল্লোড়ে মুখর হয়ে উঠে চারপাশ। লিলি সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠে। নিজ শ্রেণিকক্ষে ঢুকতেই পরিচিত কয়েকজনের কণ্ঠ ভেসে আসে,
'লিলিইই।'
'গুড মর্নিং লিলি।'
'গুড মর্নিং এভ্ররিওয়ান।'
লিলি হাত নেড়ে সবার অভিবাদনের উত্তর দেয়। তার মধ্যে অস্বাভাবিক রকমের উচ্ছ্বাস নেই, আবার বিরক্তিও নেই। নিজের মতো থাকতে পছন্দ করে। ক্লাসের সবচেয়ে বাচাল মেয়েদের একজন হয়েও মাঝেমধ্যে এমন নির্লিপ্ত ভাব ধরে বসে থাকে, যেন পৃথিবীর কোনো কিছুতেই তার কিছু যায় আসে না।
লিলিদের ক্লাসে ছেলে মেয়ে মিলিয়ে মোট পঁয়ত্রিশ জন শিক্ষার্থী। প্রত্যেকের বসার জায়গা নির্দিষ্ট নয়। প্রতিদিন নিজেদের পছন্দমতো জায়গা বেছে নেওয়ার সুযোগ আছে।
সবাই সবার মতো বসে পড়লেও লিলি আজকে কোথায় বসবে সেটা নিয়ে পড়ে ভাবনায়। চারপাশে চোখে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে হঠাৎ জানালার পাশের একটা ডেস্কে চোখ আটকে যায় তার।
একটা নতুন ছেলে। এর আগে তাকে কখনো দেখা যায়নি। পরনের স্কুল ইউনিফর্ম দেখে অবশ্য বোঝা যাচ্ছে সে আজকেই প্রথম এসেছে। ছেলেটা একা একা বসে খাতায় কী যেন লিখছে। মাথাটা সামান্য নিচু। কপালের ওপর নেমে আসা ঘন কালো চুল। পরিপাটি চেহারা, চোখের পাতায় অদ্ভুত এক স্থিরতা। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। চেহারায় শিশুসুলভ কোমলতা থাকলেও বসার ভঙ্গিতে কেমন একটা গাম্ভীর্য।
অন্যদের মতো এদিক সেদিক তাকাচ্ছে না। কারও সঙ্গে কথা বলার চেষ্টাও করছে না। নিজের জগতে ডুবে আছে।
লিলি গভীর মনোযোগে বেশ কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে। অতঃপর ঠোঁট উল্টে ছেলেটার পাশের ডেস্কের দিকে এগিয়ে যায় সে। ব্যাগটা নামিয়ে চেয়ারে বসে পড়তেই পাশ ফিরে তাকিয়ে প্রফুল্লচিত্তে বলে,'নিউ কামার?'
ছেলেটা কলম থামিয়ে মাথা নেড়ে বলে,'হুম।'
'নেম?'
ছেলেটা চোখ তুলে তাকায়। শান্ত গলায় বলে,'অদ্রিত। ইউর নেম?'
'লিলি।'
'ওকে।'
'আগে কোন স্কুলে ছিলে?'
'ওয়েস্টব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে।'
'ট্রান্সফার?'
'হুম।'
লিলি কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। ব্যাপারটা কী?
সে একটা প্রশ্ন করলে ছেলেটা একটা শব্দে উত্তর দেয়। নিজ থেকে কিছু বলে না। ক্লাসে সবাই তো তার মতোই বাচাল। কেউ কথা বলতে শুরু করলে থামানোর উপায় থাকে না। অথচ এই একটা ছেলে যেন কথা বলার জন্য আলাদা করে শব্দ বরাদ্দ করে রেখেছে।
লিলি মনে মনে বিরক্ত হয়। এত গম্ভীর হওয়ার কী আছে!!
নির্দিষ্ট সময় হতেই ক্লাসে প্রবেশ করেন ম্যাথ টিচার মিস সামিয়া। হাসিমুখে সবার উদ্দেশ্য হাত নেড়ে বলেন,'গুড মর্নিং, এভরিওয়ান।'
একসঙ্গে সবাই উত্তর দেয়,'গুড মর্নিং,মিস।'
মিস সামিহা সবার সাথে কুশল বিনিময় করে নাম প্রেজেন্ট শুরু করেন। একে একে সবার নাম প্রেজেন্ট শেষ হতেই উপস্থিতির খাতা বন্ধ করে সাবলীল কন্ঠে বলেন,'আজ আমাদের সঙ্গে নতুন একজন বন্ধু যোগ দিয়েছে। তোমরা সবাই নিশ্চয়ই ওকে দেখেছ। ওর নাম ইমতিয়াজ ইলহান অদ্রিত। ও আজ থেকে আমাদের ক্লাসের অংশ। আমি চাই, তোমরা সবাই ওকে সুন্দরভাবে ওয়েলকাম করো। নতুন জায়গায় মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। সো, বি ফ্রেন্ডলি।'
কয়েকজন একসঙ্গে হাততালি দিয়ে উঠে। কেউ কেউ সুর টেনে বলে, 'ওয়েলকাম, অদ্রিত।'
'হাই, অদ্রিত।'
'হ্যালো।'
মিস অদ্রিতকে কিছু বলতে বলে সবার উদ্দেশ্য। অদ্রিত উঠে দাঁড়ায়। হাত দুটো স্বাভাবিকভাবে শরীরের পাশে রেখে মৃদু ঠোঁট প্রসারিত করে বলে,'হ্যালো এভরিওয়ান। আই অ্যাম অদ্রিত। হোপ উই ক্যান বি গুড ফ্রেন্ডস। থ্যাংকিউ।'
কথা শেষ করে বসে পড়ে সে। মিস সামিহার সাথে সাথে ক্লাসের অনেকেই বেশ অবাক হয় অদ্রিতের এত ছোট করে নিজের পরিচিতি পর্ব সাড়াতে। লিলি পাশ থেকে ফিসফিস করে বলে,
'ইউ আর ভেরি ফর্মাল।'
অদ্রিত শুনেও কোনো জবাব দেয় না। পরিচয় পর্ব শেষ হতেই মিস সামিহা ক্লাসে মনোযোগী হন। স্মার্ট বোর্ডে কয়েকটি অঙ্ক তুলে দিয়ে বলেন, 'ওকে,আজ আমরা একটু প্র্যাকটিস করব। সবাই খাতা বের করো। আমি বোর্ডে যে অঙ্কগুলো দিয়েছি, সেগুলো সমাধান করবে। দেখি কে আগে শেষ করতে পারে।'
লিলি ব্যাগ থেকে খাতা বের করে। বক্স খুলে একটা কলম বের করে বোর্ডের দিকে তাকিয়ে অঙ্কের রাশি তোলার প্রস্তুতি নেয়। কিন্তু পাশের ডেস্কে হুট করে চোখ যাওয়াতে চমকে যায় সে।
চোখ দুটো বড় বড় করে অবাক কন্ঠে বলে,'এটা কিভাবে সম্ভব?'
অদ্রিত ইতিমধ্যে অঙ্কের অর্ধেক শেষ করে ফেলেছে। খুব স্বাভাবিকভাবে বসে সে একবার বোর্ডের দিকে তাকাচ্ছে তো একবার খাতার দিকে তাকিয়ে হিসাব করছে।
কোনো তাড়াহুড়ো নেই, কোনো কপাল কুঁচকানো নেই। যেন অঙ্কগুলো তার কাছে একেকটা খেলনা। যেখানে ক্লাসের বাকি সবাই আঙুল গুনে বা অনেক সময় নিয়ে অংক কষছে, সেখানে সে একদৃষ্টিতে খাতার দিকে তাকিয়ে চোখের পলকে সব নামিয়ে দিচ্ছে।
'ও মাই গড..ম্যাজিক জানো তুমি?'
অদ্রিত কলম থামিয়ে তাকিয়ে বলে,' হোয়াই?'
'এত ফাস্ট কীভাবে?
'ক্যাপাসিটি।'
লিলি চোখ সরু করে তাকিয়ে থাকে। জবাবে কিছু বলে না।
অদ্রিত আবার খাতার দিকে মনোযোগ দেয়। কিছুক্ষণের মধ্যেই সে খাতা নিয়ে মিসের কাছে যায়। এদিকে মিস সামিহা নিজেও এত দ্রুত আর সঠিক উত্তরগুলো দেখে বেশ অবাক হন। উৎফুল্ল কন্ঠে বলেন,'এক্সিলেন্ট, অদ্রিত..। তুমি তো বেশ দ্রুত সমাধান করেছ। সবগুলো উত্তরও সঠিক। ওয়েল ডান মাই বয়।'
ক্লাসের প্রথম দিনেই নতুন ছেলের এমন কাণ্ড দেখে সবাই রীতিমতো হতবাক। ম্যাম অদ্রিতের অনেক প্রশংসা করেন। কিন্তু অদ্রিতের অভিব্যক্তি দেখে উৎফুল্লভাব বোঝার উপায় নেই। লিলি মনে মনে ভাবে, এমন ব্রিলিয়ান্ট সে হলে তো পুরো স্কুল মাথায় তুলে ফেলত। আর এই ছেলেটা নির্বিকার মুখে চুপচাপ বসে আছে?
কয়েক ঘণ্টা কেটে যায়। সায়েন্স ক্লাসে নিধি ম্যাম সবাইকে ক্লাস টেস্টের জন্য প্রিপ্রারেশন নিতে বলতেই সবাই খাতা কলম নিয়ে রেডি হয়। এদিকে লিলি আকাশ থেকে পড়ে। ক্লাস টেস্ট? আজকে ক্লাস টেস্ট হওয়ার কথা ছিল? সে জানে না কেন? অবশ্য না জানাটা অস্বাভাবিক কিছু না। স্কুলের ডায়েরিতে কী লেখা আছে, কোন দিন কোন পরীক্ষা, কখন কী জমা দিতে হবে এসব বিষয়ে তার আগ্রহ সীমিত। খুব একটা গায়ে লাগায় না।
মিস প্রশ্নপত্র দিয়ে যেতেই লিলি হাতে নিয়ে নজর বুলায়। সবগুলো প্রশ্নগুলো দেখা শেষে বিরবির করে বলে,'এত প্রশ্ন..এত কিছু?'
কিছুক্ষণ পর পাশ ফিরে অদ্রিতকে ফিসফিস করে বলে,'তুমি পারবে সব?'
অদ্রিত প্রশ্নপত্রে চোখ রেখেই বলে,' হুম।'
'সব পড়েছ?'
'হ্যাঁ।'
লিলি মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। ঠোঁট চেপে ফের বিরবির করে বলে,'এই ছেলে মানুষ, নাকি চলন্ত এনসাইক্লোপিডিয়া। সবকিছুতে শুধু হ্যাঁ..হ্যাঁ।'
পরীক্ষা শুরু হয়। অদ্রিত লেখা শুরু করলেও লিলির কলম চলে না। সে কলমের মাথা আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে কখনো প্রশ্নপত্রের দিকে তাকাচ্ছে তো কখনো জানালার বাইরে। বেশকিছুক্ষণ এভাবেই কাটে তার। অতঃপর একবার মিসের দিকে সাবধানী নজর বুলিয়ে কন্ঠে নামিয়ে বলে,
'শোনো...'
অদ্রিত চোখ না তুলেই বলে,'কী?'
'আমরা মানুষেরা একে অপরের ওপর ডিপেন্ডেবল, এটা কি তুমি বিশ্বাস করো?'
অদ্রিত কলম থামিয়ে লিলির দিকে তাকায়। নিরেট কন্ঠে বলে, 'সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে।'
লিলি যেন এই উত্তরটাই শুনতে চেয়েছিল। সে ফট করে আরও একটু ঝুঁকে এসে বলে,'ওকে,আমার সিচুয়েশন এখন ভেরি ব্যাড। তুমি আমাকে হেল্প করো। আমিও তোমার ব্যাড সিচুয়েশনে হেল্প করব। কাটাকাটি হয়ে যাবে।'
অদ্রিত কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থাকে। অতঃপর ঠোঁটে ঠোঁট চেপে নিজের খাতাটা এগিয়ে দিয়ে বলে,'সাইলেন্ট হয়ে লিখবে। আর তুমি মুখটা বন্ধ রাখবে। অতিরিক্ত কথা বলো তুমি।'
লিলি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না জানালেও অদ্রিত খাতার দিকে চোখ নামাতেই সে মুখ ভেটকায়। মনে মনে বলে,'তুমি ব্যাটা জিরাফের বংশধর জন্য কথা বলো না। কিন্তু আমি তো মানুষ, কথা তো বলতেই হবে।'
দুপুর তিনটা।
স্কুল ছুটির ঘণ্টা বাজতেই পুরো ভবনে হৈচৈ শুরু হয়ে যায়। শ্রেণিকক্ষ থেকে একে একে বেরিয়ে আসে শিক্ষার্থীরা। কারও হাতে লাঞ্চবক্স, কারও কাঁধে ব্যাগ, কেউ বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামে।
লিলি ব্যাগ কাঁধে নিয়ে মাঠের একপাশে চলে যায়। পাপা কিংবা মাম্মা না আসা পর্যন্ত স্কুল থেকে বের হওয়ার অনুমতি নেই তার। আর এটার জন্য প্রতিদিনই তাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। পাপা মাম্মার ব্যস্ততা, ট্রাফিক, কখনো অন্য কোনো কাজ। সব মিলিয়ে ছুটি হওয়ার পরও প্রায় এক ঘণ্টা চলে যায় অপেক্ষা করতে করতে।
স্কুলের মাঠের একপাশে হেলেদুলে হাঁটতে হাঁটতে গুনগুন করে গান গাইতে গাইতে যায় সে। এর মাঝে হুট করে চোখে পড়ে অদ্রিতকে।
ছেলেটা মাঠের একপাশে দাঁড়িয়ে আছে। দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে চোখে কৌতূহল নিয়ে নতুন স্কুলের চারপাশ দেখছে। কখনো মাঠ, কখনো বাস্কেটবল কোর্ট, কখনো পাশের ইনডোর গেমস রুম। দেখে মনে হচ্ছে সেও কারও জন্য অপেক্ষা করছে।
এমন সময় পেছন থেকে সৈকত আর অর্ণব এসে অদ্রিতের দুই পাশে দাঁড়ায়। দুপাশ থেকে অদ্রিতের ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে বলে,'নিউ বয়।'
অদ্রিত ভ্রু কুঁচকে শক্ত গলায় বলে, 'ঘাড় থেকে হাত নামাও।'
'কেন, না নামালে কী করবি? খুব ভাব না। ক্লাসে তো বেশ ব্রিলিয়ান্ট হয়ে ভাব মারছিস। তুই কি জানিস এই ক্লাসের ডন আমি।'
অদ্রিত একবার সৈকতের মুখের দিকে তাকায়। অতঃপর ধীরে ধীরে চোখ নামিয়ে পেটের দিকে তাকিয়ে বলে,'হু,তোমার পেট দেখে বোঝাই যাচ্ছে।'
সৈকতের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। সে তড়িঘড়ি করে নিজের ভুঁড়ি চাপিয়ে বলে,'বেশি অ্যাটিটিউড নট অ্যালাউড। আমার আন্ডারে থাকতে হবে। না হলে ফিনিশ...'
অদ্রিত দুজনের হাত ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু সৈকত বেশ স্বাস্থ্যবান সেই সাথে অর্ণবও যোগ দেওয়ায় সে খানিকটা নাজেহাল হয়ে পড়ে। ঠিক তখনই পেছন থেকে একটা ছোট্ট কণ্ঠ ভেসে আসে,'এই জাম্বু।'
পরমুহূর্তেই সৈকতের পশ্চাৎদেশে পড়ে সজোরে একটা লাথি।
সৈকত প্রায় হুমড়ি খেয়ে মাটিত পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। কোনমতে ধাতস্থ হতেই পেছনে ফিরে তাকিয়ে দেখে,কোমরে দুহাত রেখে দাঁড়িয়ে আছে লেডি ডন।
'লিল্লু পোকা,তুই আমাকে লাথি মারলি কেন?'
'ওই জাম্বু..তুই ওকে ডিস্টার্ব করছিস কেন? ডোন্ট ইউ নো, হি ইজ মাই ফ্রেন্ড?'
'ফ্রেন্ড?'
'ইয়েস, ফ্রেন্ড। নাউ গেট আউট ফ্রম হেয়ার।'
সৈকত আর অর্ণব ভালো করেই জানে লিলি কেমন ধাঁচের মেয়ে। ওর সামনে বেশি কথা বাড়ালে পরিস্থিতি উল্টো খারাপ হতে পারে। তাই তারা আর কথা না বাড়িয়ে চুপচাপ অদ্রিতের দিকে তাকিয়ে প্রস্থান নেয়।
লিলি একদম ড্যাম কেয়ার মুডে দুই হাত ঝাড়তে ঝাড়তে অদ্রিতের সামনে এসে দাঁড়ায়। ঠোঁট উল্টিয়ে বলে,'বলেছিলাম না, বিপদে কাজে আসব। কাটাকাটি হিসাব শেষ। বাই দ্য ওয়ে, এরপরে কোনো প্রবলেম হলে আমাকে বলবে, আমি সব সলভ করে দেবো।'
অদ্রিত মাথা নেড়ে ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে বলে,'থ্যাংকস। নাইস কনফিডেন্স।'
দুজনে পাশাপাশি মাঠের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে লিলি জিজ্ঞেস করে,'আচ্ছা, তোমার বাসায় ফিরতে কি লেট হবে?'
'হুম, একটু হবে।'
'আমারও। পাপা মাম্মা লেট করে।'
অদ্রিত কিয়ৎসেকেন্ড চুপ থেকে নিজ থেকে প্রথমবারের মতো বলে,'ডু ইউ নো প্লে ক্রিকেট?'
'অভিয়েসলি।'
'রিয়েলি?'
লিলি বেশ গর্বিত সুর টেনে বলে,'অ্যাজ আ গার্ল, যতটুকু পারি।'
অদ্রিতের চোখে কৌতূহল ফুটে উঠে। নিজের সংযম ভেঙে স্বতঃস্ফূর্ত কন্ঠে বলে,'টোটালি ওকে। লেটস প্লে।'
কথাটা শোনামাত্র লিলির মুখটা আনন্দে চকচক করে উঠে। এতদিন এই স্কুল ছুটির পরের সময়টায় তাকে একা একা কাটাতে হতো। কেননা ক্লাসমেট থেকে ফ্রেন্ড সার্কেল সবাই যার যার মতো চলে যেত। তখন সে হয় মাঠে একা একা ঘুরে বেড়াত নয়তো দোলনায় বসে দোল খেত। কখনো বা একা একাই খেলতো। আজ প্রথমবার তার সঙ্গে অপেক্ষা করার মতো একজন বন্ধু পাওয়া গেছে। খুশি না হয়ে পারে?
স্কুলের প্লে জোনের একপাশে ছোট্ট একটি ক্রিকেট প্র্যাকটিস এরিয়া আছে। পাশে নেট লাগানো। কয়েকটা ব্যাট, স্টাম্প, বল এবং প্রয়োজনীয় সরঞ্জাম রাখা থাকে। স্কুলের শিক্ষার্থীরা অফ সময়ে সেখানে খেলে।
অদ্রিত ক্রিকেটের প্রতি ভীষণ আগ্রহী। ছোটবেলা থেকেই ব্যাট বলের প্রতি তার আলাদা টান। সুযোগ পেলেই মাঠে নেমে পড়ে সে।
প্রথমে লিলি বল করে আর অদ্রিত ব্যাট দিয়ে দারুণ শট হাঁকাতে লাগে। দুজনেই দারুণ উপভোগ করে খেলাটা। অনেকক্ষণ পর পালা আসে লিলির ব্যাটিংয়ের, আর অদ্রিত করে বোলিং। লিলি যাতে সহজে খেলতে পারে, সে জন্য অদ্রিত খুব মেপে মেপে স্লো বল ছুড়তে লাগে।
খেলা চলতে চলতে প্রায় এক ঘণ্টা কেটে যায়। এমন সময় স্কুলের একজন স্টাফ এসে ডেকে বলেন,'ইমতিয়াজ ইলহান অদ্রিত..তোমার বাবা চলে এসেছেন গেটে। জলদি এসো।'
অদ্রিত ঘামে সিক্ত মুখ নিয়ে লিলির দিকে তাকায়। যাওয়ার আগে সে হুট করে থমকে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে,
'ফ্রেন্ড?'
লিলি এক মুহূর্ত দেরি না করে লাফ দিয়ে অদ্রিতের বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাতটা মিলিয়ে দিয়ে উজ্জ্বল হাসিতে বলে উঠে,' ইয়েস, ফ্রেন্ড।'
—চলবে।
সূচনা পর্ব।
ইট’স মিলি অর লিলি।
মাহরিণ তৃণ।