মায়ার ওপারে মৃত্যু
লেখনীতে: ফারিহা নওশীন
১
বিকেল ৩টা বেজে ৫৫ মিনিট।
হিমি বসে আছে ছাদের কার্নিশ ঘেঁষে। আগামী 20 সেপ্টেম্বর। বিকেল ৫টায় ওর ফ্লাইট। জাপান যাচ্ছে সে। তার খালামণির কাছে। বড় খালার কোনো সন্তান নেই। তিনি ভীষণ ভালোবাসেন হিমিকে।
— আমি চলে যাচ্ছি, শ্রাবণ ভাই। আটকাতে চাইবেন না আমায়? একটি বারের জন্যও না? বলবেন না, লিটল চাইল্ড, তুমি এখনো খুব ছোট্টো?শ্রাবণ ভাই! ও শ্রাবণ ভাই! থামাবেন না আমায়? কোথায় আপনি? কেন হারিয়ে গেলেন? আমি তো শুধু ভালোবেসেছিলাম! ভালোবাসায় বুঝি এমন কষ্টই পেতে হয়?
ভাঙা ভাঙা কণ্ঠে, ফোঁপাতে ফোঁপাতে কথাগুলো আওড়াল হিমি। আকস্মিকভাবে কী যেন মনে পড়তেই হেসে উঠল মেয়েটা। চোখে টলমল করতে থাকা অশ্রু নিয়ে ফের বলল,
— আমি কেন ভুলতে পারি না আপনাকে? আপনি তো কখনো আমার ছিলেন না! আপনার দুনিয়া তো ছিল মালিহা আপুকে ঘিরেই। আপনার অস্তিত্বজুড়ে বিচরণ ছিল তাঁর। মুমতাজ ইয়াসমিন মালিহার!
নামটা বলেই অশ্রুসিক্ত নয়নে আকাশপানে চেয়ে রইল সে। বেশ কিছু সময় নিশ্চুপ থাকার পর বলে উঠল,
— ভালো থাকবেন, মিস্টার শ্রাবণ হোসাইন! আমাদের আবারও দেখা হবে। দুনিয়ায় তো ফাঁকি দিয়ে...
কথা শেষ করতে পারল না হিমি। কাঁধে কারও হাতের স্পর্শ পেয়ে পেছন ফিরে তাকাল। পরিচিত মুখ চোখে পড়তেই কান্নারা অবাধ্য হয়ে উঠল। আবারও সে কেঁদে ফেলল ঝরঝর করে।
— আমি কেন ভালোবাসলাম, রাহা? এই অভিশপ্ত ভালোবাসা যে সবাইকে পুড়িয়ে দেয়। শ্রাবণ ভাইকে...
আবারও ডুকরে কেঁদে উঠল মেয়েটা।
— শান্ত হ, হিমি। তুই না আমার সোনা? কাঁদে না সোনা বোন আমার। যার যাওয়ার, সে গেছে। কেঁদে কি তাকে ফেরাতে পারবি? পারবি না তো? সোনা আমার, কাঁদিস না আর। নিচে চল। আব্বু, বড় বাবা, চাচ্চু তোকে ডাকছে।
— আমি তো চলে যাচ্ছি, রাহা। শ্রাবণ ভাই তো এলো না আমায় আটকাতে! সে আসবে না। কখনো আমার জন্য আসবে না আর। আমাকে কেন ভালোবাসল না পাষাণ ছেলেটা?
— এভাবে বলে না, হিমু পাখি। তুই এভাবে কাঁদলে আমাদের কষ্ট হয় না বল?
— আমি মানতে পারি না, রাহা। বিশ্বাস করতে পারি না, সে নেই। কেন নেই? থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত, বল?
মেয়েটার এমন তীব্র পাগলামি দেখে রাহা কী বলবে ভেবে পেল না। নীরবে তার চোখ দিয়েও দু-ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই মেয়েটার জন্য সে সবার বিরুদ্ধে যেতে পারে। খুব বেশি ভালোবাসে সে তার এই বোনটাকে।
অতঃপর নিজেকে সামলে রাহা আবারও বলে উঠল,
— সোনা বোন আমার, আর কতক্ষণ এভাবে কাঁদবি বল তো? এবার থেমে যা, হিমু। চোখ-মুখ ফুলে গেছে তোর। চাচ্চু এভাবে দেখলে কত কষ্ট পাবেন, একবার ভেবে দেখ!
এভাবেই অনেকক্ষণ বোঝানোর পর হিমির কান্না থামল। দুজন নিচে নেমে এল।
হিমির পুরো নাম ওয়াজিহা হিমি চৌধুরী। ওর বাবা মুস্তফা আসাদ চৌধুরী, মা হুমায়রা চৌধুরী। হিমির বড় ভাই ফাহাদ আবসার চৌধুরী।
হিমির বাবারা তিন ভাই। যৌথ পরিবার তাঁদের।
সবার বড় হলেন রায়হান সালেহ চৌধুরী। তাঁর স্ত্রী লাবিবা চৌধুরী। তাঁদের দুই ছেলে। বড় ছেলে ইশায়াত নিয়াজ চৌধুরী এবং ছোট ছেলে ইসফার নাকিব চৌধুরী।
এরপর হিমির মেজো আব্বু সালিম সাদমান চৌধুরী। তাঁর স্ত্রী রামিসা চৌধুরী। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। ছেলেটি বড়। তার নাম আরিক দাইয়ান চৌধুরী। মেয়ের নাম তানজিনা রাহা চৌধুরী।
এরপর সবার ছোট হিমির আব্বু।
ভাই-বোনদের মাঝে সবার বড় নিয়াজ। পড়াশোনা শেষ করে যোগ দিয়েছে পারিবারিক ব্যবসায়। কয়েক মাস আগেই বিয়ে করে এক ফুটফুটে মেয়েকে ঘরে তুলেছে। মেয়েটির নাম জারিন তাহমিনা রিমা। যেমন মিষ্টি দেখতে, তেমনই মিষ্টি তার ব্যবহার। কিছুদিনের মধ্যেই সবাইকে আপন করে নিয়েছে সে।
আরিক ও ফাহাদ প্রায় সমবয়সী। বর্তমানে দেশের বাইরে রয়েছে আরিক। পড়াশোনার পাশাপাশি নিজের ব্যবসাও সামলাচ্ছে সে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় অধ্যয়নরত।
অন্যদিকে, ফাহাদ কিছুদিন আগেই নিজের পড়াশোনা শেষ করেছে। পারিবারিক ব্যবসা সামলানোর দায়িত্ব নিয়েছে সেও।
এরপর নাকিব। সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র।
সবশেষে রাহা ও হিমি। ওরা এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। দুজনই পড়াশোনায় বেশ ভালো। তাদের ফলাফলও এসেছে বেশ ভালো। দুজন নিজেদের প্রচেষ্টার ফলস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। দুজনই ভীষণ খুশি ছিল।
কিন্তু এই খুশি দীর্ঘদিন স্থায়ী হলো না। একটা ঝড় এসে এলোমেলো করে দিল ফুটফুটে একটা মেয়ের সাজানো-গোছানো জীবন। নিজের মধ্যে একটু একটু করে গড়ে তোলা ভালোবাসার সাম্রাজ্য যেন ধ্বংস হয়ে গেল নিমেষেই।
মন উজাড় করে যাকে ভালোবাসল, তার মুখে অন্য মেয়ের নাম শোনা সহজ ছিল না। তবুও তো মেনে নিয়েছিল হিমি। বাস্তবতা মেনে নিতেই হতো। সেও মেনে নিয়েছিল।
কিন্তু নিয়তি বোঝা বড় দায়!
হাসিখুশি একটা মেয়েকে কেমন নিশ্চুপ করে দিল। এই ঝড় মানতে পারে না হিমি। বিশ্বাস করতে পারে না!
আর মানতে পারে না বলেই এখানে থাকতেও চায় না সে। যে মানুষটা তার মস্তিষ্কজুড়ে বিচরণ করে, সে তার নয়! আর ভাবতে পারে না। মাথা কাজ করে না। একটা সময় নিজেকে সামলে বাসায় জানায়, সে জাপান যেতে চায়।
বাসার সবাই কমবেশি অবাক হলেও অবাক হয় না ফাহাদ। সে সবটাই বোঝে। কিন্তু কাউকে বুঝতে দেয় না। বোনটা যে তার ভীষণ আদরের। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে কষ্ট পায় ফাহাদও।
বোনকে সামনাসামনি সমর্থন না করলেও আড়ালে থেকে সবটাই অবলোকন করে সে। শ্রাবণকে হিমি ভালোবাসে, এই বিষয়টা অজানা নয় তার। তবে মানতে পারে না। মানবে কীভাবে? ছেলেটা ভালো হলেও তার অতীত যে ভালো নয়!
রক্ত নাকি কথা বলে। সেই ভয় থেকেই বোনকে সমর্থন করতে পারে না সে। বারবার মনে হয়, মানুষ পরিবর্তনশীল! যদি একই ঘটনা তার বোনের সঙ্গে ঘটে! সে মানতে পারবে না।
হিমির বয়স কম। সময়ের সঙ্গে সঙ্গে সে মানিয়ে নেবে। এসব ভাবতে ভাবতেই তাদের গল্পে নাটকীয় পরিবর্তন এলো। মেয়েটাকে ভেঙে দিল সব ঝড়!
ফাহাদ সবটাই বুঝল। তাই বোনকে সে বাধা দিল না। বরং নিজেই পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করল। সে চায় তার বোন ভালো থাকুক। সেটা যেভাবেই হোক না কেন।
হিমি আর রাহা নিচে নেমে ড্রয়িং রুম এ আসে। সোফায় বসে আছেন বাড়ির তিন কর্তা। তারা হিমি কে দেখে কাছে ডাকলেন। বেশ কিছুক্ষণ তাদের সাথে কথা বলে হিমি আর রাহা গেলো বাগানের দিকে।
বাগানের ফুল গাছ গুলোতে ফুল খুব কম। রঙিন বাগান যেনো ফ্যাকাসে হয়ে আছে। ঠিক যেনো হিমির জীবনের মত।
কান্নারা দলা পাকিয়ে আবারো আসতে চাইলো। তবে হিমি এবার কাঁদলো না। চোখ দুটো মুছে হাসতে চেষ্টা করলো। কতটুকু সফল হলো জানা নেই। আঁখিযুগল ভিজে উঠলো ফের। হিমি আবারো চোখ মুছে নিলো। হালকা একটা নিশ্বাস ছেড়ে রাহার হাত ধরে এগিয়ে গেলো বাগানের পূর্ব দিকের ফুল গাছ গুলোর দিকে।
চলবে...