শেষ বিকেলের আড়ালে
পর্ব — ১
লেখিকা : Jasmine Orni
পশ্চিম আকাশে সূর্যটা তখন হেলে পড়েছে। গোধূলির রক্তিম আর বেগুনি আলোয় চারপাশটা অদ্ভুত এক মায়ায় ঢেকে যাওয়ার কথা, কিন্তু ঘরের চারিদিকে যেন এক থমথমে নিস্তব্ধতা ছেয়ে গেছে।
সেই ভারী নীরবতা চিরে হঠাৎ এক যুবতীর কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে এলো—
"মা...?"
৬ মাস পূর্বে
অফিস শেষে পিচঢালা রাস্তা ধরে বেশ হনহন করে বাড়ি ফিরছে একটি মেয়ে। বিকেল প্রায় শেষের দিকে, সূর্য হেলে পড়ছে। বাড়ি ফিরে তাকে ঘরের আরও অনেক কাজ করতে হবে।
বাড়ি পৌঁছে গেটের ভেতর ঢুকল সে। নিজের ঘরের দিকে যাওয়ার জন্য সিঁড়িতে পা রাখতেই পেছন থেকে ছোট বোন মেহুলি ডেকে উঠল—
"আপু! তুমি এসে গেছো?"
ছোট বোনের ডাকে পিছন ফিরে তাকাল শেহরিশ।
"হ্যাঁ রে এসে পড়েছি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি"।
শেহরিশ দ্রুত ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে গেল। সেখানে তার মা আগে থেকেই রান্নার কাজ করছিলেন। শেহরিশকে ঢুকতে দেখে তিনি একপলক তাকালেন, তারপর আবার কাজে মন দিলেন।
সারাদিন অফিসের ক্লান্তির পরও শেহরিশ হাত চালিয়ে মায়ের সাথে কাজ গুছিয়ে নিতে লাগল।
মা কাজের ফাঁকে নিচু গলায় জিজ্ঞেস করলেন, "আজ অফিসে কি বেশি কাজ ছিল?"
"হ্যাঁ মা," শেহরিশ সংক্ষেপে বলল।
আর কিছু বললেন না। শেহরিশ নিজেই মৃদু হেসে বলল, "মা, তুমি এবার রেখে দাও, বাকিটা আমি রান্না করে নিচ্ছি।"
মা আর দ্বিমত না করে রান্নাঘর থেকে বের হয়ে গেলেন।
কিছুক্ষণ পর রাতের রান্না শেষ করে শেহরিশ নিজের ঘরের দিকে যেতে নিচ্ছিল। তখনই দেখল মেহুলি পড়া ছেড়ে পানির জগ হাতে নিচে নেমে আসছে।
মেহুলিকে দেখে শেহরিশ আলতো হেসে বলল, "কী রে? পড়াশোনা চলছে?"
"হ্যাঁ আপু, কালকে পরীক্ষা আছে। তাই একটু পানি নিতে আসলাম," মেহুলি জবাব দিল।
"আচ্ছা ঠিক আছে, মন দিয়ে ভালো মতন পড়।"
মেহুলি শেহরিশের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে একটু দরদ দিয়ে বলল, "আপু, তোমাকে তো অনেক ক্লান্ত লাগছে। তুমি একটু বিশ্রাম নিয়ে নাও।"
শেহরিশ একটু হেসে বলল, "আচ্ছা ঠিক আছে।"
রাতে সবাই এক সাথে খাবার টেবিলে বসল।
শেহরিশ নিজের ক্লান্তি ভুলিয়ে একে একে বাবা, মা আর মেহুলির প্লেটে খাবার বেড়ে দিল। পরিবারে তাকে কেউ চরম অবহেলা করে না, আবার অতিরিক্ত আদরেও মাথায় তোলে না—সবই বেশ মেপে মেপে, একপ্রকার অভ্যাসের মতো। মেহুলিও বোন হিসেবে তাকে বেশ ভালোবাসে।
সবাইকে খাবার দিয়ে শেহরিশ নিজের প্লেট নিয়ে বসল।
বাবা হাত ধুতে ধুতে স্বাভাবিক গলায় শেহরিশকে জিজ্ঞেস করলেন, "আজ অফিসের কাজ কেমন ছিল?"
"ভালোই বাবা, সব কাজ ঠিকমতোই শেষ হয়েছে," শেহরিশ শান্তভাবে উত্তর দিল।
ঠিক তখনই মা শেহরিশের বাবার দিকে তাকিয়ে নিচু কিন্তু বেশ পরিষ্কার গলায় বললেন, "শোনো, একটা কথা ছিল। আমি মেহুলির বিয়ে ঠিক করেছি।"
মায়ের কথা শুনে বাবা খাওয়ার হাত থামিয়ে বেশ অবাক হয়ে তাকালেন। বললেন, "হঠাৎ মেহুলির বিয়ে? ও তো এখনো ছোট, মাত্র ইন্টারে পড়ছে!"
মেহুলি সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলে উঠল, "মা, আমি এখন বিয়ে করব না। আমার সামনে অনেক পড়াশোনা বাকি!"
মায়ের জেদি চেহারার সামনে বাবার সেই মৃদু আপত্তি কিংবা মেহুলির মিনতি—কোনোটাই কোনো কাজ করল না। মা নিজ সিদ্ধান্তেই অটল রইলেন।
শেহরিশ কোনো কথা বলল না। চুপচাপ নিজের খাওয়া শেষ করল সে।
মেহুলি আবার বলল, "মা আমি এখন বিয়ে করতে চাই না।"
মেহুলির কথায় মা হাত থামিয়ে কড়া চোখে তাকালেন। গম্ভীর গলায় বললেন, "আমি আর কোনো কথা শুনতে চাই না। তোকে তো আর এখনই শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছি না! তুই তোর ইন্টার পরীক্ষা শেষ কর, তারপর ধুমধাম করে বিয়ে দেওয়া হবে। এখন শুধু ছোটখাটো করে এনগেজমেন্টের অনুষ্ঠানটা সেরে রাখা হবে।"
মায়ের এই সিদ্ধান্তের পর টেবিলে সবাই চুপ হয়ে গেল। শেহরিশও আর একটা শব্দ না বলে নীরব থেকে নিজের খাওয়া শেষ করল।
খাওয়া শেষ করে সব গুছিয়ে নিয়ে শেহরিশ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল।
বিছানায় শুয়ে শুয়ে সে নিজের জীবনের কথাই ভাবতে লাগল। পঁচিশ বছর বয়স হলো, অথচ নিজের জীবনটা একই জায়গায় আটকে আছে। বড় বোন হিসেবে সে রয়েই গেল, আর ছোট বোনের বিয়ের সিদ্ধান্ত হয়ে গেল। এতদিন পাড়াপড়শী আর আত্মীয়স্বজনের কত কটু কথাই তো শুনতে হয়েছে, এবার হয়তো এই খোঁচাগুলো আরও বাড়বে।
এসব ভেবেই অন্ধকারের মধ্যে একা একা একটু মুচকি হাসল শেহরিশ।এই হাসিতে যেন কোন আনন্দ নেই আছে এক বুক হতাশা আর বিষন্নতা।
পরদিন সকালে যথারীতি শেহরিশ খুব ভোরে ঘুম থেকে উঠল। রান্নাঘরে গিয়ে সবার জন্য সকালের নাস্তা তৈরি করে একে একে টেবিলে সাজিয়ে রাখল।
তারপর দ্রুত নিজের ঘরে গিয়ে অফিসের জন্য তৈরি হয়ে নিল। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বের হয়ে সে যখন দরজার দিকে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে মা তাকে ডাক দিলেন—
"শেহরিশ!"
শেহরিশ দরজার কাছেই থমকে দাঁড়াল।
মা এগিয়ে এসে বললেন, "হুট করে সিদ্ধান্ত হলো, ওরা দুদিনের মধ্যেই ছোটখাটোভাবে সবকিছু সেরে ফেলতে চাইছে। অনেক কাজ বাকি, তাই তুই অফিসে গিয়ে দুদিনের ছুটির ব্যবস্থাটা করে নে।"
হঠাৎ দুদিনের মধ্যে বিয়ের সব ব্যবস্থা হয়ে যাবে শুনে শেহরিশ এক মুহূর্ত চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, "আচ্ছা মা, আমি অফিসে কথা বলে ছুটির ব্যবস্থা করছি।"
শেহরিশ বাসা থেকে বের হয়ে রাস্তার দিকে হাঁটা শুরু করল। কিছুদূর যেতেই গলির মোড়ে দেখা হয়ে গেল এলাকার রীনা আন্টির সাথে।
শেহরিশকে দেখে থামিয়ে দিয়ে আন্টি বললেন, "কী রে শেহরিশ, সকালে একবারে রেডি হয়ে কই যাচ্ছিস? অফিসে নাকি?"
"জি আন্টি," শেহরিশ হালকা হেসে উত্তর দিল।
আন্টি একটু এগিয়ে এসে কৌতূহলী চোখে তাকালেন, "শুনলাম মেহুলির নাকি বিয়ের কথা চলছে?"
শেহরিশ শান্ত গলায় বলল, "জি আন্টি।"
কথাটা শুনে আন্টি একটু বাঁকা হেসে বললেন, "হবে না-ই বা কেন বল! ছোট বোনটা তোর দেখতে-শুনতে বেশ সুন্দর, ওর জন্য তো কত জায়গা থেকেই বিয়ের প্রস্তাব আসে। কিন্তু তুই তো ওর চেয়ে বড়, তোর আগে ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে...।"
কথাটা শুনে শেহরিশের বুকের ভেতর এক মুহূর্তের জন্য ভার হয়ে উঠল, কিন্তু মুখে সেটার কোনো প্রকাশ দিল না। নিজেকে সামলে নিয়ে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, "জি আন্টি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আসি তাহলে।"
কথাটা বলেই আন্টির আর কোনো উত্তরের অপেক্ষা না করে শেহরিশ দ্রুত পা চালিয়ে রাস্তার দিকে এগিয়ে গেল।
আন্টির কথাগুলো শেহরিশকে বেশ ভেতর থেকে নাড়া দিয়ে গিয়েছিল।
আন্টির কথাগুলো শেহরিশকে বেশ ভেতর থেকে নাড়া দিয়ে গিয়েছিল।
মেহুলি সত্যিই অনেক সুন্দর। ফর্সা গায়ের রং, পিঠ সমান লম্বা কালো চুল আর সুন্দর মুখশ্রী—ওকে দেখলে সহজেই যে কারও চোখ আটকে যায়।
তবে তার মানে এই নয় যে শেহরিশ সুন্দর নয়। শেহরিশ হয়তো মেহুলির মতো ফর্সা নয়, তার গায়ের রং শ্যামলা। মেহুলির মতো লম্বা চুলও নেই, তবে তার চুলও কালো ও সুন্দর। শেহরিশের চোখ দুটো স্বাভাবিক সুন্দর, মুখে সবসময় একটা শান্ত ভাব লেগে থাকে। দুই বোনের চেহারায় মিল কম হলেও, দুজনের সৌন্দর্য ছিল দুজনের মতোই আলাদা।
অফিসে পৌঁছে নিজের ডেস্কের দিকে হেঁটে যাওয়ার সময়ও মাথার ভেতর রীনা আন্টির ওই ধারালো শব্দগুলোই ঘুরপাক খাচ্ছিল—"তুই তো ওর চেয়ে বড়, তোর আগে ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে...।" নিজের চেয়ারটার সামনে এসে দাঁড়িয়ে একটা হালকা নিঃশ্বাস ফেলল সে। ব্যাগে হাত রেখে ভাবছিল, মানুষ কত সহজেই না একটা কথা বলে ফেলে, কিন্তু সেই কথার ভার যে অন্যকে কতক্ষণ বইতে হয়, তা কেউ বোঝে না।
ঠিক তখনই পিছন থেকে দুজোড়া হাত এসে শেহরিশের দুটো চোখ একদম চেপে ধরল।
শেহরিশ হাত দুটো ছুঁয়ে চেনা স্পর্শটা চিনতে পারল। মৃদু হেসে বলল, "আরিশা, ছাড় এবার।"
চলবে...........