কয়েক বছর পর...
মহাকালের ঘড়ির কাঁটা নিজস্ব ছন্দে অবিরাম সামনের দিকে এগিয়ে চলে। দেখতে দেখতে চোখের পলকে পেরিয়ে যায় বেশ কয়েকটি মাস। ঝঞ্ঝাবিক্ষুব্ধ রজনী পেরিয়ে যেমন শান্ত ও নির্মল প্রভাতের সূর্য উদিত হয়, তৌসির আর নাজহার সংসারের আকাশেও আজ ঠিক তেমনই এক পুণ্যময় ভোরের আলো ছড়িয়ে পড়েছে। অতীতের সমস্ত তিক্ততা, অভিমান, অপ্রাপ্তির যন্ত্রণা আর দীর্ঘশ্বাসের অধ্যায়গুলো পেছনে ফেলে তারা দুজন আজ এক প্রশান্তির মোহনায় এসে দাঁড়িয়েছে। যে সম্পর্কের সূচনায় এবং প্রতিটি বাঁকে জড়িয়ে ছিল বিষাদের কালো মেঘ, সময়ের প্রলেপে আর ভালোবাসার প্রগাঢ়তায় তা আজ এক অনাবিল সুখের আধারে রূপ নিয়েছে। এই অনুভূতির তীব্রতায় কোনো দহন নেই, আছে হৃদয় জুড়ানো এক অনুপম ভালো লাগা।
মক্কার আকাশ আজ অপরূপ নীলিমায় ঢাকা। আরবের প্রখর সূর্য তার সবটুকু উত্তাপ ঢেলে দিচ্ছে মরুর বুকে, কিন্তু রোদের এই তীব্রতাও হার মানছে লাখো আশিকের হৃদয়ের ব্যাকুলতার কাছে। চারপাশে অগণিত হাজির অবিরাম স্রোত বইছে। দৃষ্টি যত দূর প্রসারিত হয়, চোখে পড়ে ধবধবে সাদা এহরামের শুভ্র ঢেউ। দেখে মনে হয় জমিনের বুকে সাদা মেঘের এক মহাসাগর নেমে এসেছে, আর সমুদ্রের প্রতিটি জলকণা একটিমাত্র কেন্দ্রবিন্দুর পানে ছুটে চলেছে।
পুণ্যার্থীদের এই জনসমুদ্রের মাঝেই ধীর ও স্থির পায়ে এগিয়ে চলছে তৌসির। তার সুঠাম দেহে জড়ানো সেলাইবিহীন ধবধবে সাদা দুই টুকরো এহরামের কাপড়। তার ঠিক পাশেই বিশ্বস্ত সঙ্গিনী হয়ে হাঁটছে তার প্রিয়তমা অর্ধাঙ্গিনী নাজহা, আর তাদের ঘিরে রয়েছে কলিজার টুকরো সন্তানেরা।
তৌসিরের বাম কাঁধে নিশ্চিন্ত মনে বসে চারপাশ দেখছে তাদের আদরের ছোট্ট রাজকন্যা তৌশি। একরত্তি মেয়ের পরনে কালো রঙের ছোট্ট বোরকা আর মাথায় সুন্দর করে বাঁধা নামাজের হিজাব। শুভ্র এহরাম পরা বাবার চওড়া কাঁধের ওপর কালো হিজাবে মোড়ানো গোলগাল মুখের ছোট্ট তৌশিকে দেখে মনে হচ্ছে, তুষারশুভ্র পর্বতের চূড়ায় একটি ফুটফুটে কৃষ্ণকলি ফুল ফুটে আছে। সে তার কচি দুটি হাত দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে অপলক দৃষ্টিতে চারপাশের মানুষের মেলা দেখছে। তার চোখেমুখে রাজ্যের বিস্ময়। এত মানুষের সমাগম সে তার ক্ষুদ্র জীবনে আগে কখনো দেখেনি!
অপর হাতে তৌসির শক্ত করে ধরে রেখেছে তুরাবের হাত। বাবার মতো তার পরনেও ছোট আকারের সাদা এহরাম। তুরাবের অবয়বে এক ধরনের গাম্ভীর্য ফুটে উঠেছে, দেখে মনে হয় সে হঠাৎ করেই অনেকখানি বড় হয়ে গেছে। বাবার হাত ধরে ভিড় ঠেলে কীভাবে এগিয়ে যেতে হয়, সে তা খুব মনোযোগ দিয়ে শিখছে। একটু পরপর তৌসির নিচু হয়ে পুত্রের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছে এবং মৃদু স্বরে জিজ্ঞেস করছে, "বাবা, তোমার হাঁটতে কষ্ট হচ্ছে না তো?" তুরাব মাথা নেড়ে বাবার পানে তাকিয়ে মিষ্টি করে হাসে তার মুখের অভিব্যক্তি বলে দেয়, বাবার হাত ধরে চললে কোনো ক্লান্তিই তাকে স্পর্শ করতে পারে না।
অন্যদিকে, নাওয়াবের জগতটা বরাবরের মতোই তার মাকে ঘিরে আবর্তিত হচ্ছে। দুনিয়ার এই কোলাহল, লাখো মানুষের ভিড়, অপরিচিত ভাষা, কোনো কিছুর দিকেই তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে সবসময়ের মতো মায়ের আঁচলঘেঁষা হয়েই আছে। নাজহার কালো বোরকার এক পাশ ও মায়ের আঙুল সে নিজের ছোট্ট মুঠোয় এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে, মাকে ছেড়ে দিলেই সে এই অচেনা পৃথিবীতে হারিয়ে যাবে। নাজহা কিছুক্ষণ পরপরই একরাশ মমতায় নাওয়াবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং তাকে নিজের শরীরের সাথে আলতো করে চেপে ধরে আশ্বস্ত করছে।
প্রবল ভিড়ের চাপে মাঝে মাঝে মানুষজন এত কাছাকাছি চলে আসছে যে, একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা জাগছে। চারপাশে নানা দেশের, নানা বর্ণের ও ভিন্ন ভাষার মানুষের সমাগম। সবাই ছুটে চলেছে কাবার পানে। অপরিচিত এই জনস্রোতে হারিয়ে যাওয়ার অজানা আশঙ্কায় নাজহার বুকটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। তাই সে নিজের ডান হাত দিয়ে তৌসিরের এহরামের পেছনের এক কোণা শক্ত করে মুঠোয় চেপে ধরে রেখেছে। সামনের দিকে খুব একটা না তাকিয়ে সে দৃষ্টি নিবদ্ধ রেখেছে তৌসিরের পায়ের দিকে। তৌসির যেভাবে পা ফেলছে, নাজহাও ঠিক তার পদচিহ্ন অনুসরণ করে এগিয়ে চলেছে।
নাজহার কাছে এই নির্ভরতা নতুন কিছু নয়, তবে আজ এর মাহাত্ম্য সম্পূর্ণ ভিন্ন। জীবনের কঠিনতম দিনগুলোতেও সে এভাবেই তৌসিরের ওপর ভরসা করে পথ চলেছে। আর আজ, পৃথিবীর পবিত্রতম প্রান্তরে আল্লাহর ঘরের দিকে যাওয়ার পথেও তৌসিরই তার পথপ্রদর্শক এবং নিরাপদ আশ্রয়। তৌসির বুঝতে পারছে নাজহা তার এহরাম ধরে আছে। তাই সে নিজের হাঁটার গতি অনেকখানি কমিয়ে এনেছে, যাতে নাজহা ও সন্তানদের তার সাথে তাল মিলিয়ে চলতে বিন্দুমাত্র বেগ পেতে না হয়। মানুষের চাপ বাড়লেই তৌসির নিজের শরীরটাকে একটু বাঁকিয়ে পরিবারের চারপাশে এক সুরক্ষাবলয় তৈরি করে দিচ্ছে, যেন বাইরের কোনো ধাক্কা তাদের গায়ে না লাগে। তাদের সবার আজ একটাই চূড়ান্ত গন্তব্য, মহান রাব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ, খানা-ই-কাবা।
তৌসিরের যে কাঁধে এহরামের কাপড় জড়ানো, ঠিক সেখানেই এসে ভর করছে রাব্বুল আলামিনের ঐশী আহ্বান। মীকাত পেরিয়ে অজু করে দুই রাকাত নামাজ শেষে হজের নিয়ত বাঁধার মুহূর্তটি থেকেই তার অন্তর্জগৎ আমূল বদলে গেছে। তার হৃদয়ে বিরাজ করছে অপার্থিব এক সকীনা তথা আত্মিক প্রশান্তি, যা দুনিয়ার কোনো ক্ষমতা, অর্থ কিংবা ঐশ্বর্য দিয়ে কেনা সম্ভব নয়।
হাঁটতে হাঁটতে তৌসিরের মনের পর্দায় ভেসে উঠছে ফেলে আসা জীবনের টুকরো স্মৃতি। কত শত রজনী তার কেটেছে অস্থিরতায়, কত দিন কেটেছে দম্ভ আর জেদের বশবর্তী হয়ে। দুনিয়াবি নাম-যশ আর নিজের অবস্থান ধরে রাখার লড়াইয়ে সে বহুবার আপনজনদের কষ্ট দিয়েছে, নিজেও ক্ষতবিক্ষত হয়েছে। অথচ আজ মক্কার এই তপ্ত মাটিতে দাঁড়িয়ে তার মনে হচ্ছে, পার্থিব অহংকার আর ক্ষমতা কতটা তুচ্ছ ও অর্থহীন! আজ সে তার সমস্ত পরিচয় ও অহমিকা বিসর্জন দিয়ে মহান আল্লাহর দরবারে একজন সাধারণ বান্দার বেশে উপস্থিত হয়েছে। পরনের সেলাইবিহীন সাদা কাপড় তাকে মনে করিয়ে দিচ্ছে কাফনের কথা যেদিন এমনি শুভ্র বসনে মুড়িয়ে তাকে রেখে আসা হবে মাটির নিচে, সেদিনও তার সাথে কোনো দম্ভ যাবে না, যাবে শুধু আমল আর রবের রহমত। সাদা এহরামের এই কাতারে আজ কোনো ভেদাভেদ নেই রাজসিংহাসনের অধিপতি বাদশাহ আর পথের নিঃস্ব ফকির আজ একই রবের দরবারে সমান কাতারে দণ্ডায়মান। এই উপলব্ধি তৌসিরের চোখের কোণ ভিজিয়ে দিচ্ছে, তার ভেতরের মানুষটাকে এক নিমেষে ধুয়েমুছে পরিশুদ্ধ করে তুলছে।
চারপাশের বাতাসে ভেসে বেড়াচ্ছে লক্ষাধিক বান্দার ইবাদতের সম্মিলিত গুঞ্জন। কেউ রবের দরবারে কাঁদছে, কেউ জিকির করছে, আবার কেউ পবিত্র কুরআন তিলাওয়াত করছে। এই আধ্যাত্মিক পরিবেশের মাঝেই তৌসিরের কাঁধ থেকে ভেসে আসে ছোট্ট তৌশির রিনরিনে, সুমধুর কণ্ঠস্বর। অল্প বয়সেই সে শুনে শুনে পুরো তালবিয়াহ মুখস্থ করে ফেলেছে। চারপাশের মানুষদের উচ্চস্বরে তালবিয়াহ পড়তে শুনে তৌশির কচি প্রাণটাও আনন্দে নেচে ওঠে। সে বাবার চুলে নিজের কোমল হাত বুলিয়ে আধো-আধো ভুল উচ্চারণে এবং অসম্ভব মিষ্টি সুরে গেয়ে ওঠে পবিত্র আহ্বান,
"লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক... লাব্বাইক লা-শারিকা লাকা লাব্বাইক... ইন্নাল হামদা, ওয়ান নি'মাতা, লাকা ওয়াল মুলক, লা-শারিকা লাক..."
তৌশির কণ্ঠের নিষ্পাপ উচ্চারণ তৌসিরের বুকের ভেতরটা তোলপাড় করে দেয়। আবেগে তার গলা ধরে আসে। নিষ্পাপ শিশুটির মুখ দিয়ে বের হওয়া রবের প্রশংসা সরাসরি আরশে আজীমে গিয়ে পৌঁছাচ্ছে। তৌসির ও নাজহার পাশাপাশি তৌশির মধুর আহ্বান শুনে আশেপাশে হাঁটতে থাকা ভিনদেশি হাজিরাও চমকে তাকান। তুরস্ক, ইন্দোনেশিয়া, মিশর ও আরবের বয়োজ্যেষ্ঠ ও তরুণ হাজিরা তৌসিরের কাঁধে বসা ছোট্ট মেয়েটির পানে তাকিয়ে মুগ্ধতায় হেসে ফেলেন। শিশুটির পবিত্র আহ্বানে সাড়া দিয়ে চারপাশের হাজিরাও নতুন উদ্যমে স্বীকৃতির সাগরে ডুব দেন। তৌশির সুরের সাথে সুর মিলিয়ে চারপাশের বাতাস কাঁপিয়ে একযোগে প্রতিধ্বনিত হতে থাকে লাখো কণ্ঠের ধ্বনি, "লা-শারিকা লাকা লাব্বাইক!"
তুরাব ও নাওয়াবও বোনের সাথে কণ্ঠ মিলিয়ে তালবিয়াহ পড়তে শুরু করে। নিজের সন্তানদের মুখে আল্লাহর একত্ববাদের ঘোষণা শুনতে শুনতে নাজহার বুকটা গর্বে আর কৃতজ্ঞতায় ভরে ওঠে। একজন মায়ের জীবনে এর চেয়ে সুন্দর ও পবিত্র দৃশ্য আর কী হতে পারে!
তারা ধীর পায়ে মাসজিদুল হারামের সুউচ্চ ও কারুকার্যময় ফটক পেরিয়ে ভেতরের দিকে প্রবেশ করে। পায়ের নিচে সাদা মার্বেল পাথর। বাইরে প্রচণ্ড রোদ থাকা সত্ত্বেও এই পাথরগুলো বেশ ঠান্ডা, যা ক্লান্ত হাজিদের পায়ে এক নিমেষে আরাম বুলিয়ে দেয়। হারাম শরীফের ভেতরের বাতাসে ভেসে আসছে উন্নত মানের উদ, আতর আর গোলাপজলের মনমাতানো সুবাস। এই ঘ্রাণ দুনিয়ার অন্য কোথাও মেলে না এটি আল্লাহর ঘরের নিজস্ব সুবাস।
বাব-ই-সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে সিঁড়ি ভেঙে তারা মাতাফের কাছাকাছি পৌঁছাতেই তৌসির ও নাজহা দুজনেরই হৃৎস্পন্দন দ্রুততর হতে থাকে। আর মাত্র কয়েক কদম, তারপরই তাদের চোখের সামনে ভেসে উঠবে কাঙ্ক্ষিত কাবা, যার দিকে মুখ করে তারা আজন্ম নামাজ পড়ে এসেছে।
নাজহা তৌসিরের এহরাম আরও শক্ত করে মুঠোয় চেপে ধরে। আবেগে তৌসিরের পা জোড়াও ভারী হয়ে আসে। অবশেষে সামনের সুউচ্চ স্তম্ভগুলো পেরিয়ে তারা উন্মুক্ত চত্বরের সামনে এসে দাঁড়াতেই তৌসিরের প্রথম দৃষ্টিতে ভেসে ওঠে পবিত্র কাবা শরীফ!
মুহূর্তের জন্য তৌসিরের পা জোড়া মাটিতে গেঁথে যায়। সে থমকে দাঁড়ায়। চারপাশের চলমান লক্ষ মানুষের স্রোত, কোলাহল আর তালবিয়াহর ধ্বনি সবকিছু এক নিমেষে থেমে যায়। তার সমগ্র পৃথিবী স্থির হয়ে যায় চোখের সামনের একটিমাত্র দৃশ্যে।
হাজারো ছবিতে, ক্যালেন্ডারের পাতায়, জায়নামাজের নকশায় আর টেলিভিশনের পর্দায় কালো গিলাফে মোড়ানো যে পবিত্র ঘরটিকে সে ছোটবেলা থেকে বারবার দেখেছে, আজ তা কোনো ছবির ফ্রেমে বন্দি নয় আজ তা সরাসরি তার চোখের সামনে নিজের সমস্ত জৌলুস, মহিমা ও অকৃত্রিম রূপ নিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে! কালো রেশমি গিলাফের ওপর স্বর্ণাক্ষরে খচিত কুরআনের আয়াতগুলো আরবের রোদে ঝলমল করছে। কাবার রাজকীয় গাম্ভীর্য আর অপার্থিব সৌন্দর্য তৌসিরের সমস্ত সত্তাকে নাড়িয়ে দেয়।
তৌসিরের দুচোখ বেয়ে অঝোরে ঝরতে শুরু করে তপ্ত অশ্রু। যে মানুষটি সহজে নিজের আবেগ প্রকাশ করে না, শত ঝড়ের মুখেও যে অবিচল থাকে, যে গালি ছাড়া কথা বলে না আজ কাবার প্রথম দর্শনে সে এক অবুঝ শিশুর মতো ভেঙে পড়েছে। তার মনে হয়, সে কত ক্ষুদ্র ও গুনাহগার! তবুও তার রব তাকে দূরে ঠেলে দেননি, বরং ভালোবেসে তাঁর নিজের ঘরে মেহমান করে ডেকে নিয়েছেন। তৌসির কাঁপা ঠোঁটে উচ্চারণ করে, "আল্লাহু আকবার... লা ইলাহা ইল্লাল্লাহ..."
তৌসির কে থমকে দাঁড়াতে দেখে নাজহাও তার পেছন থেকে সামনে এসে দাঁড়ায়। আর যেই মুহূর্তে নাজহার দৃষ্টি পড়ে পবিত্র কাবা শরীফের ওপর, সাথে সাথে তার দুই চোখ ছাপিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ে আনন্দের বাঁধভাঙা অশ্রু। সে নিজের মুখ হাত দিয়ে ঢেকে ফুঁপিয়ে কেঁদে ওঠে।
নাজহার বুকের ভেতর জমে থাকা হাজারো অব্যক্ত কথা আর প্রার্থনা আজ ভাষার রূপ খুঁজে পায় না। তার মনে হতে থাকে, জীবনের সমস্ত দুঃখ-কষ্ট আর ধৈর্য আজ এই একটি মুহূর্তের দর্শনেই সার্থক হয়ে গেছে। কাবা শরীফ প্রথমবার দেখার মুহূর্তে যে দোয়া করা হয়, আল্লাহ তা কবুল করে নেন। নাজহা তাই এক মুহূর্তও বিলম্ব করে না। ভিড়ের ভেতরেই সে নিজের দুই হাত আসমানের পানে তুলে ধরে। তার বোরকার হাতা বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে, কণ্ঠ ভিজে গেছে কান্নায়। সে তার তৌসির ও সন্তানদের পানে একবার তাকিয়ে, পুনরায় কাবার দিকে দৃষ্টি নিবদ্ধ করে ব্যাকুল হৃদয়ে মোনাজাত ধরে,
"ইয়া আল্লাহ্! ইয়া রাহমানুর রাহিম! তুমি আমাদের সবাইকে তোমার পবিত্র ঘরে আসার তৌফিক দিয়েছ, এজন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। ইয়া রব! আমাদের সবার হজ তুমি কবুল ফরমাও... আমাদের হজ-ই-মাবরুর অনুগ্রহ করো! ইয়া মাবুদ, আমার স্বামী ও সন্তানদের তুমি তোমার রহমতের চাদরে ঢেকে রেখো। আমাদের অতীতের সব গুনাহ মাফ করে দাও, আমাদের যে ভালোবাসা তুমি হালাল করে দিয়েছ, তাকে জান্নাত পর্যন্ত অটুট রেখো... আমিন! ইয়া রাব্বুল আলামিন, আমিন!"
নাজহার কান্নামাখা কণ্ঠের মোনাজাত শুনে পাশে দাঁড়িয়ে থাকা তৌসিরের বুকটাও হু হু করে ওঠে। সে নিজের এক হাত দিয়ে নাজহার মাথায় আলতো করে স্পর্শ করে এবং মনে মনে দোয়ার সাথে ‘আমিন’ বলে। তৌসিরও রবের দরবারে প্রার্থনা করে, যে সহধর্মিণী তার জীবনের সব অন্ধকার দূর করে আলোর পথ দেখিয়েছে, যে তার সংসারটাকে নিজের সবটুকু মমতা দিয়ে আগলে রেখেছে, আল্লাহ তাঁকে দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ সম্মান ও সুখ দান করুন।
মোনাজাত শেষে তারা আবার কাবার পানে পা বাড়ায়। সবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বাইতুল্লাহর দিকে এগোতে এগোতে নাজহার চোখের জল কিছুতেই থামছে না। সে কাঁদছে, কিন্তু তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে প্রশান্তির হাসি। পবিত্র হারাম শরীফের বরকতময় মাটিতে নিজের স্বামী আর সন্তানদের নিয়ে একসাথে পা রাখতে পারাটা তার জীবনে সবচেয়ে বড় নেয়ামত হয়ে ধরা দিচ্ছে।
তাওয়াফ শুরু করার প্রাক্কালে তৌসির নাজহার পানে তাকায়। সাদা এহরামে ঢাকা তৌসিরের অশ্রুসজল চোখ দুটো নাজহাকে ভাষা ছাড়াই বলে দেয়, "ধন্যবাদ নাজহা, আমার জীবনে আসার জন্য, আমার পৃথিবীটাকে এতটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য।" নাজহাও তার ভেজা চোখে তৌাসিরের দিকে তাকিয়ে অন্তরের অন্তস্তল থেকে সেই কৃতজ্ঞতাটুকু গ্রহণ করে।
হাজরে আসওয়াদের বরাবর দাঁড়িয়ে তাকবির দিয়ে তারা শুরু করে তাদের জীবনের প্রথম তাওয়াফ। কাবাকে বাম পাশে রেখে লক্ষ মানুষের সাথে ঘুরতে ঘুরতে নাজহার মনে হচ্ছে, পৃথিবীর যাবতীয় সাধ, সমস্ত আকাঙ্ক্ষা আর স্বপ্নের পূর্ণতা এই এক মুহূর্তেই তার হাতের মুঠোয় চলে আসছে। তার আর দুনিয়ার কাছে চাওয়ার কিছু নেই, পাওয়ারও কিছু বাকি নেই। মহান রবের ঘরে সপরিবারে মেহমান হতে পেরে তার জীবন আজ সত্যিই ধন্য এবং কানায় কানায় পূর্ণ। আলহামদুলিল্লাহ!
(সমাপ্ত)
প্রিয় পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম।
অবশেষে সমাপ্তি ঘটল আপনাদের সবার প্রিয় উপন্যাস ‘স্নিগ্ধবিষ’-এর প্রথম খণ্ডের দীর্ঘ ও আবেগঘন পথচলার। আজ এই শেষ পর্বটি আপনাদের সামনে তুলে ধরার প্রাক্কালে আমার মনের ভেতর এক অনাবিল ভালো লাগা এবং একই সাথে একরাশ বিষণ্ণতা কাজ করছে। ভালো লাগার কারণ হলো, তৌসির আর নাজহাকে আমি পবিত্র কাবার প্রাঙ্গণে একটি সুন্দর ও প্রশান্তিময় অবস্থানে রেখে আসতে পেরেছি। আর বিষণ্ণতার কারণ, যে চরিত্রগুলোকে নিয়ে গত একটি বছর ধরে প্রতিদিন ভেবেছি, যাদের হাসি-কান্নার সাথে নিজের আবেগ জড়িয়ে নিয়েছি, আজ তাদের থেকে সাময়িক সময়ের জন্য বিদায় নিতে হচ্ছে।
সত্যি বলতে, গল্পটা এভাবে তাড়াহুড়ো করে সংক্ষিপ্ত পরিসরে শেষ করার ইচ্ছে আমার একেবারেই ছিল না। লেখিকা হিসেবে আমারও আকাঙ্ক্ষা ছিল প্রতিটি ঘটনার আরও বিস্তারিত বিবরণ দেওয়ার, তৌসির আর নাজহার খুনসুটি, সন্তানদের সাথে তাদের কাটানো মধুর মুহূর্তগুলো এবং অন্যান্য চরিত্রের পরিণতি আরও কয়েকটি পর্ব জুড়ে আপনাদের সামনে তুলে ধরার। কিন্তু মানুষের সব ইচ্ছে সবসময় পূরণ হয় না। বর্তমানে পড়াশোনার প্রচণ্ড চাপ এবং সময়ের স্বল্পতার কারণে শেষদিকে এসে অনলাইনে গল্পটি মনের মতো করে গুছিয়ে বড় করার অবসর মেলেনি। তা ছাড়া কেন জানি না, গল্পের সূচনা ও মধ্যভাগের বাঁকগুলো আমি যতটা সাবলীলভাবে লিখতে পারি, সমাপ্তি টানার বেলায় আমার লেখা বারবার থমকে যায়! মনে হয়, শেষটা আমি কখনোই খুব একটা নিখুঁত ও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি না। এই অপারগতার জন্য আমি আমার সকল প্রিয় পাঠকের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
তবে আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে!
অনলাইনে সময়ের অভাবে গল্পের শেষটা যাদের কাছে একটু সংক্ষিপ্ত মনে হচ্ছে এবং যাদের মনে তৌসির-নাজহাকে ঘিরে কিছুটা অতৃপ্তি রয়ে গেছে, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। মুদ্রিত বইয়ের পাতায় ‘স্নিগ্ধবিষ’ উপন্যাসটি থাকছে সম্পূর্ণ পরিমার্জিত এবং নতুন রূপে ২য় খন্ডে! বইয়ে আপনারা পাবেন গল্পের একটি বিস্তারিত, গোছানো এবং সার্থক সমাপ্তি। অনলাইনে যে অংশগুলো সময়ের অভাবে বাদ পড়েছে, বইয়ের পাতায় তার সবটুকুই খুব যত্নসহকারে বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে, যা পড়লে আপনাদের মনের সবটুকু অতৃপ্তি ইনশাআল্লাহ এক নিমেষেই ঘুচে যাবে। তাই তৌসির ও নাজহার পূর্ণাঙ্গ গল্পের স্বাদ নিতে এবং নিজের সংগ্রহে তাদের এই যাত্রাকে আজীবন বাঁধিয়ে রাখতে বইটি সংগ্রহ করতে ভুলবেন না!
আর এখানেই সব শেষ হচ্ছে না! তৌসির ও নাজহা ব্যতীত এই উপন্যাসের আরও যে চরিত্রগুলো রয়েছে, যাদের জীবনকাহিনী ও পরিণতি এখনো অসমাপ্ত রয়ে গেছে, তাদের সবার জন্যই গল্পের পরবর্তী সিজনে একটি চমৎকার ও পরিপূর্ণ সমাপ্তি অপেক্ষা করছে। দ্বিতীয় সিজনে প্রতিটি চরিত্রের জট খুলবে এবং সবাই তাদের কাঙ্ক্ষিত পরিণতি খুঁজে পাবে, ইনশাআল্লাহ। ওখানে এহসান মেহনূরও থাকবে।
সবশেষে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার প্রাণপ্রিয় পাঠকদের। দীর্ঘ দেড়টি বছর ধরে আপনারা যেভাবে ধৈর্য ধরে আমার পাশে থেকেছেন, পর্ব দিতে বিলম্ব হলে অভিমান করেছেন, আবার নতুন পর্ব পাওয়ার পর শত শত সুন্দর মন্তব্য ও ভালোবাসা দিয়ে আমাকে উৎসাহিত করেছেন, তা আমার লেখিকা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন না থাকলে ‘স্নিগ্ধবিষ’ আজকের অবস্থানে পৌঁছাতে পারত না। একটি বছর ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তস্তল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।
বিরতি খুব বেশি দিনের নয়! ইনশাআল্লাহ, আগামী ২ থেকে ৪ দিনের (অথবা মাসের) ভেতরেই আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি নতুন চমক, নতুন আবেগ আর রহস্যের জাল বোনা ‘স্নিগ্ধবিষ-২’ নিয়ে।
ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ও পরিবারের যত্ন নিন এবং আমার পড়াশোনা ও নতুন লেখার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই ‘স্নিগ্ধবিষ-২’-এর পাতায়! অপেক্ষায় থাকুন... আল্লাহ হাফেজ।