বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই পুরো কমিউনিটি সেন্টারটা যেন রূপ নিল এক স্বপ্নময় জগতে। চারপাশে ঝলমলে গোল্ডেন ফেয়ারি লাইট, সাদা-গোলাপি ফুলের সাজ, ঝুলন্ত ক্রিস্টাল ডেকোরেশন—সব মিলিয়ে পরিবেশটা যেন একেবারে রাজকীয়।
হালকা সুরে বাজছে রোমান্টিক মিউজিক। অতিথিদের আনাগোনা, হাসি-আড্ডা—সবকিছু মিলিয়ে পুরো হলজুড়ে এক উৎসবের আবহ।
ইতিমধ্যেই খান পরিবারের সকলে এখানে উপস্থিত হয়েছে।আজ তৃধা গাঢ় মেরুন রঙের ভারী কাজ করা গাউন পড়েছে।মামমামের সাথে ম্যাচিং করে একই রকম প্রিন্সেস গাউন পড়েছে পুতুল। মা-মেয়ে দুজনকেই আজকে অপূর্ব লাগছে। তৃধার গলায় ডায়মন্ডের নেকলেস, কপালে টিকলি, হাতে চুড়ি—সব মিলিয়ে যেন এক জীবন্ত রাজকন্যা।
আর আহিয়ান—ব্ল্যাক কালারের স্যুট পড়ে নিজেকে পরিপাটি করেছে। চুলগুলো জেল দিয়ে পেছনের দিকে সেট করা। হাতে সব সময়ের মত ব্র্যান্ডেড ঘড়ি। তার চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাস আর ভালোবাসা ভরা দৃষ্টি।
আহিয়ান আলতো করে মেয়ের হাত ধরে আছে। আর পুতুল সেই কখন থেকে পাপার আঙুলে আঙুল রেখে রিসেপশনের সফট মিউজিকে ঘুরে ঘুরে ডান্স করছে। সে ঘুরলেই তার গাউনটা চারিদিকে ফুলের মত ছড়িয়ে যাচ্ছে। বিষয়টা পুতুলকে খুব আনন্দ দিচ্ছে। তাইতো আরো বেশি বেশি ঘুরছে।
অতিথিরা একজনের পর একজন এসে আহিয়ান- তৃধার সাথে দেখা করে যাচ্ছে। আবার কেউ কেউ গিফট দিচ্ছে। সব মিলিয়ে আনন্দমুখর পরিবেশ।
এক সময় তৃধার সব বন্ধুরা এল দেখা করতে। তারা অনেকক্ষণ আগেই রিসেপশন পার্টিতে এসেছে। এসেই একবার তৃধার সাথে দেখা করে গেছে। এখন আবার এসেছে শেষবারের মতো দেখা করে যার যার গন্তব্যে পাড়ি জমানোর জন্য। নীল তৃধাকে হালকা করে জড়িয়ে ধরে বলল: চলে যাচ্ছি দোস্ত। আবারো কবে দেখা হবে জানিনা। তবে সময় পেলেই ভাইয়াকে নিয়ে খুলনায় চলে আসিস।
তৃধার মনটা বেশ খারাপ হয়ে গেল। দীর্ঘ দিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছিল কিন্তু আজকের পর আবারও সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়বে। আবার কবে দেখা হবে কেউ জানে না।
নিলয় আহিয়ানের সাথে টুকটাক কথা বলে বিদায় নিচ্ছিল। কিন্তু তখনই লক্ষ্য করল তৃধাকে ঘিরে জুই, শোভা ও নীলের মন খারাপের দৃশ্য। সবগুলো কেমন বাচ্চাদের মত তৃধাকে জাপটে জড়িয়ে ধরে আছে।
নাজমুল সবগুলোর উদ্দেশ্যে খেকিয়ে বলল: মাইয়া মানুষের ঢং দেখলে বাঁচি না। আরে বাপ, আছোস তো সব এক দেশেই। দেখা আবার হইবো।
সজীব ওর কথায় তাল মিলিয়ে নীল কে দেখিয়ে বলল: দেখ কেমনে ফেছ ফেছ করে কাঁদতেছে। মনে হইতাছে কালকেই সব ইহকালের মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমাইবো। ওদের কথা শুনে আশিক, আহিয়ান , নিলয় ও মেহেদী একসাথে হেসে দিল।
নাজমুল তৃধার উদ্দেশ্যে বলল: শরীরের হাড্ডিগুড্ডিতে ব্যথা হইলে তোর তিন বন্ধুর একটারে খবর দিস। আইসা দেখা কইরা যামুনে, আর হাড্ডি গুড্ডি ঠিক কইরা দিয়া যামুনে।
তৃধা চোখের পানি মুছে ফিক করে হেসে দিয়ে বলল: তোর বউরে আমাদের হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তি করায় দিস। ফ্রিতে পেট কাইটা বাপ ডাক শোনায় দিমুনে।
আশিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল: আজকে একটা বউ নেই বলে বান্ধবীদের কাছ থেকে ফ্রিতে চিকিৎসা নিতে পারতেছি না..
এবার আহিয়ান আশিকের কাঁধে হাত রেখে বলল: কষ্ট পেয়ো না ছোট ভাই। তুমি ফ্রি টাইমে আমার হসপিটালে এসো। তোমার মাথার দুই তিনটা তার কেটে দেওয়ার কাজটা না হয় আমিই করলাম। তাও ফ্রিতে...
ওদের কথা শুনে সকলেই হাসছে। আচমকা মেহেদি নিলয়ের কাঁধে হাত রেখে অসহায় কণ্ঠে বলল: আহারে এতগুলো ডাক্তারের মাঝে আমরাই একমাত্র অসহায়। ডাক্তাররা যদি ডাক্তারদের এভাবে ফ্রিতে সেবা দেয় তাহলে আমরা সাধারণ পাবলিক কোথায় যাব..?
নিলয় ওকে সাপোর্ট করে বলল: ঠিকই বলছেন মেহেদী ভাই। এই ৮ জন ডাক্তারের নামে আমি থানায় মামলা করব। তাও আমাদের মত নাদান সাধারণ জনগণদের রেখে নিজেরা নিজেরা ফ্রিতে চিকিৎসা নেওয়া দায়ে।
ওদের কথায় সকলের ঠোঁটেই আবারো হাসি দেখা গেল। ওরা আরো একবার বিদায় নিয়ে বন্ধুরা সবাই অনির্দিষ্টকালের জন্য চলে গেল যার যার গন্তব্যে। তবে যে যত দূরেই যাক না কেন মস্তিষ্কে আজও থেকে গেছে একসাথে কাটানো ভার্সিটির হাসি আনন্দে ভরা দিনগুলো।
ওরা যেতেই রিহান ও আহিয়া এগিয়ে এসে দাঁড়ালো আহিয়ান- তৃধার পাশে। হিমেল ও রিফাত পুতুলের সাথে খেলছে। রিহান আহিয়ানের কাঁধে হাত রেখে মৃদু কন্ঠে বলল: অবশেষে জীবনের সকল স্বপ্ন পূর্ণতা পেল।
আহিয়েন মুচকি হেসে বলল: হুম।
__তোর তো আমাকে একটা থ্যাংকস দেওয়ার কথা..
__ কেন..?
__থ্যাংকস তো অনেক কারণেই আমি পাওনা তারপরেও একটা আসল কারণ হলো প্রথমবার আমি তোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃধাকে তুই ভালবাসিস।
আহিয়ান রিহানের উদ্দেশ্যে মজা করে বলল: তোর জন্যই তো আমার পরী টা এত কষ্ট পেয়েছে। যদি তখন তোর কথায় ওর মনে ভালোবাসার বীজ রোপন না করতাম। তাহলে মেয়েটা দুইটা বছর এত কষ্ট পেত না।
__হ্যাঁ তাই.. তখন যদি তোদের মধ্যে কিছু মিছু না হতো। তাহলে তুমি ডাক্তারি পাশ করে দেশে এসে দেখতি এহসানের সাথে তৃধার গভীর মাখামাখি প্রেম চলছে। পরে ডাক্তারি ছেড়ে দেবদাস হয়ে ঘুরে বেড়াতে হতো।
আহিয়ান রিহানের বাহুতে ঘুষি মেরে বলল: মোটেও না.. আমি নিজের জিনিস নিজের করে রাখতে জানি।
__এটা ছাড়াও আরো বহু কারণ আছে তোর থেকে আমার থ্যাংকস পাওয়ার..
আহিয়ান রিহানের দিকে তাকিয়ে সরাসরি বলল: কলিজার টুকরা বোন দিয়েছি আবার থ্যাঙ্কস চাস..? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি।
এদিকে তৃধা ও আহিয়া কিছু নিয়ে হাসাহাসি করছিল। কিন্তু ওদের দুই বন্ধুর হাসি-ঠাট্টার শব্দে সেদিকে তাকালো।
এর মাঝে সেখানে হাজির হলো নির্জন, অলক ও মৃদুল। ওরা এসেছে বন্ধু্র থেকে বিদায় নিতে। আগামীকাল থেকে সবার অফিসে যেতে হবে। তাই আজকে এত গভীর রাত পর্যন্ত এখানে না থাকাই ভালো।
নির্জন আহিয়ানের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিসিয়ে বলল: দোস্ত, শুনলাম বাসর ঘরের ফুল গুলোর নাকি জীবন ত্যানা ত্যানা হয়ে গেছে..? খুব শীঘ্রই কি আমরা দ্বিতীয়বার চাচ্চু হওয়ার খবর পাবো নাকি..?
আহিয়ান রাগে ফুসে উঠে বলল: তোদের এসব ফালতু নিউজ কে দিয়েছে।
মুহূর্তেই নির্জন, মৃদুল ও অলক রিহানকে দেখিয়ে দিল। রিহান জিভে কামড় দিয়ে বলল: ডাহা মিথ্যে কথা বন্ধু.. আমি এসব কিছু বলিনি।
এসব নিয়ে খানিকক্ষণ খুনসুটি করার পর আহিয়ান ও রিহানের বন্ধুরাও রিসেপশন থেকে বিদায় নিল।
এদিকে আবির -মেঘ ও তানভীর - বন্যা অন্যান্য গেস্টদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ঊষা ও আদিবা পুরো পার্টির সময়টা একসাথেই ছিল। আব্রাহাম একটু পরপর দৌড়ে এসে আদির কোলে উঠছে।
আর বয়োজ্যৈষ্ঠরা সোফায় বসে তাদের সমবয়সী মানুষদের সাথে গল্প করায় ব্যস্ত। সব মিলিয়ে পুরো রিসেপশন পার্টিটা হাসি আনন্দে কেটে গেল।
আজ রবিবার।
খান বাড়ি ও পরিকুঞ্জের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। গত তিন দিনের বিয়ের ঝামেলায় পুরো বাড়ি নোংরা হয়ে গেছে। আহিয়ান সকাল সকাল গিয়েছিল নিজের অফিসে। সেখানে important দুইটা মিটিং শেষ করে। নিজের P.A কে আগামী সাত দিনের সকল কার্যক্রম বুঝিয়ে দিয়ে এসেছে।
আহিয়ান ও তৃধা একমাত্র মেয়ে পুতুলকে নিয়ে আজ বিকাল তিনটার ফ্লাইটে হানিমুন ট্রিপে যাচ্ছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। সেটা নিয়ে বর্তমানে তৃধা লাগেজ গোছানোতে ব্যস্ত। মেঘ,বন্যা ও রাই ওদের রুমেই বসে আছে। এই মা জাতি বসে বসে তৃধাকে ছোট বাচ্চার মত জ্ঞান দিয়ে যাচ্ছে সেই কখন থেকে.. তৃধা এটা করবে না, ওটা করবে না, পুতুলের খেয়াল রাখবে ব্লা ব্লা ব্লা। আর তৃধা সেগুলো এই কান দিয়ে ঢুকাচ্ছে আর ওই কান দিয়ে বের করছে।
পুতুল তার দাদুর কোলে করে বাড়ির বাহিরে গেছে দোকান থেকে চকলেট আনতে। হিমেল ও রিফাত দুই ভাই একই সময়ে ঘুমিয়ে থাকার কারণে কাউকেই নিয়ে যাওয়া হয়নি। অবশ্য এতে আবিরের ভালোই হয়েছিল। তিন বিচ্ছুকে তার পক্ষে একা সামলানো সম্ভব নয়। তার চেয়ে ভালো ওদের জন্য চকলেট সে বাড়িতে নিয়ে আসবে।
টিয়া এখনো এ বাড়িতেই আছে। আহিয়ান তৃধা দেশের বাইরে পাড়ি জমানোর পর সে চলে যাবে একেবারের জন্য নিজের বাড়ি। এখানে তার আর কোন কাজ নেই। পুতুলকে সামলানোর জন্য এখন তার নানি দাদি সবাই আছে।
দুপুর ২:৪৫। ঢাকার আকাশ তখন হালকা রোদে ভরা। এয়ারপোর্টে ব্যস্ততা, ভিড়, আর চারপাশে বিদায়ের আবহ। খান বাড়ির সকল মহিলা সদস্যরা হাসিমুখে আহিয়ান, তৃধা ও পুতুলকে বিদায় জানিয়েছে। আবির, তানভীর, ও আদি এসেছে ওদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিতে। আসার সময় ঊষা , আব্রাহাম ও আদিবা আহিয়ানকে অনেক গিফট আনতে বলেছে। আহিয়ান নিজেও মনোযোগ দিয়ে শুনেছে ভাই-বোনদের আবদার গুলো।
একদম শেষ সময়ে আহিয়ান ওর পাপাকে জড়িয়ে ধরল। আবির ছেলের পিঠে হালকা চাপড় দিয়ে বলল: সাবধানে যেও।
এদিকে তানভীর তৃধাকে এটা সেটা কত কিছু বোঝাচ্ছে। পুতুল তিন দাদুর থেকে বিদায় নিয়ে পাপার কোলে চড়ে বসলো।
ওরা ভেতরে যাওয়ার সময় যতদূর দেখা গেল আবির, তানভীর ও আদি তাকিয়ে রইল। পুতুল শেষ সময়ে দাদুদের হাতের ইশারায় ফ্লায়িং কিস দেখালো। মুহূর্তেই ওদের তিনজনের মলিন মুখটা হেসে উঠল।