#মেঘের_বর্ষণ
#আরেব্বা_চৌধুরী
#পর্বঃ-০৫
বর্ষণ চুপচাপ সবকিছুই লক্ষ্য করছিলো। তার নীরবতা যেন আরও ভারী হয়ে উঠলো। কিছু বলার চেষ্টা করলো না, শুধু ফোনের স্ক্রিনে আঙুল চালাতে লাগলো। অথচ তার দৃষ্টি মাঝে মাঝেই মেঘের দিকে থেমে যাচ্ছিলো।, যেন না বলা হাজারো প্রশ্ন জমে আছে ঠোঁটের কোণে।
বাস চলতে লাগলো রাতের আঁধার চিরে। অন্য সবাই তন্দ্রায় ডুবে যাচ্ছিলো, কিন্তু মেঘের চোখে ঘুমের ছিটেফোঁটাও নেই, শুধুই নীরব অভিমান।
কিছুক্ষণ পর মেঘ নিজের পার্স খুলে কিছু টাকা বের করলো। হাতটা কাঁপছিলো সামান্য, তবুও বর্ষণের দিকে এগিয়ে দিয়ে বললো,
-কাল আমার কেনাকাটার জন্য তোমার অনেক টাকা খরচ হয়েছে। এগুলো নাও।
বর্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে গম্ভীর গলায় বললো,
-বেশি টাকা হয়ে গেছে? বেশ তো, এগুলো ছোট চাচ্চুকে দিয়ে দিস। এই টাকার জন্যই তো রক্তের সম্পর্ক ছিন্ন হয়েছে।
কথাটা যেন মেঘের বুকের ভেতর আগুন ঢেলে দিলো। মুহূর্তেই সমস্ত রাগ, ক্ষোভ আর অভিমান উগরে দিয়ে সিটে থাপ্পড় মেরে চিৎকার করে উঠলো,
-নিজের মুখ সামলাও! খবরদার, আমার আব্বুকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। অসভ্য, অভদ্র, নির্লজ্জ! মেঘের কণ্ঠে বজ্রের মতো তীব্রতা নেমে এলো।
ছোটবেলা থেকেই সে একগুঁয়ে, সহজে কারো সাথে মিশতে চায় না, সহজে রাগও হয় না। কিন্তু একবার রেগে গেলে আর কাউকেই মানতে রাজি নয়। তার রক্তচক্ষু, মুখে ক্রোধের আগুন।
-তোমার সাহস হলো কি করে আমার আব্বুকে নিয়ে কথা বলার? সরে যাও আমার পাশ থেকে, নাহলে এখনই ড্রাইভারকে বাস থামাতে বলবো, আর নেমে যাব আমি এখানেই!
বর্ষণ কিছু বলতে পারলো না। মেঘের ঠোঁট শক্ত করে চেপে ধরে উঠে দাঁড়াল। তার চোখে লজ্জার ছায়া।
এদিক-ওদিক স্টুডেন্টরা হেসে ফিসফিস করছে। কারো চোখে কৌতূহল, কারো ঠোঁটে বিদ্রূপের হাসি। কেউ বলছে,
-দেখেছিস? মনে হয় মেঘের সাথে অসভ্যতা করতে গেছিলো!
বর্ষণের শরীর যেন মুহূর্তে জমে গেলো বরফের মতো। একেকটা দৃষ্টি তার হৃদয় বিদ্ধ করছিলো। অনামিকা, জ্যোতি, শুভ্রা, তাহিয়া, রুবা সবাই নিজেদের সিট ছেড়ে মেঘকে শান্ত করার চেষ্টা করছে,
-আচ্ছা মেঘ, শান্ত হ… কিছু হয়নি, প্লিজ চুপ কর সবাই দেখছে।
মেঘ আরও চিৎকার করে উঠলো,
-দেখুক।
শামিমা ম্যাম বর্ষণের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন,
-কি হয়েছে স্যার?
বর্ষণ মাথা নিচু করে কেবল একটি কথাই বললো,
-কিছু না।
তারপর থেকে গোটা রাস্তা জুড়েই বর্ষণ বাসের একদম শেষ মাথায় দাঁড়িয়ে রইলো। কারো দিকে চোখ তুলতে পারলো না, মাথা নিচু করে লজ্জায় ডুবে থাকলো। মনে হচ্ছিলো, আজকের এই এক মুহূর্তেই সবার চোখে কতটা ছোট হয়ে গেলো সে।
এদিকে মেঘ এখন কিছুটা শান্ত হয়ে সিটে হেলান দিয়ে বসেছে। রাগটা আসলে তার বাবাকে নিয়ে বলা বর্ষণের কথায় ওঠেনি, সমুদ্রসৈকতে ঘটে যাওয়া সেই অভিশপ্ত ঘটনার অভিমান, অপমান আর ক্ষোভ সে এখানে উগড়ে দিয়েছে। বুকের ভেতর জমে থাকা কান্না যেনো বেরিয়ে আসতে চাইছিলো, তবুও এখন নীরব।
রাত তখন দশ কি এগারোটা। বাস শহরে ঢুকে থামলো। কারোরই ঘড়ির দিকে নজর নেই। দিনের শুরুতে যে আনন্দ, হৈচৈ আর হাসির ঝড় বইছিলো, ফেরার পথে তার সবটুকুই যেন নিঃশেষ হয়ে গেছে। মাত্র একটি ঘটনার জন্য গোটা বাসের পরিবেশ নিস্তব্ধ হয়ে পড়েছে। হাসির রোল, গান বাজনা সব যেন মিইয়ে গেছে অনুচ্চারিত বিষাদের ভেতর।
বাস থেকে একে একে সবাই নামলো। কারো অভিভাবক এসে দাঁড়িয়ে ছিলেন, কেউবা দল বেঁধে বাড়ির পথে রওনা হলো। কেবল মেঘ একা একা হেঁটে চললো নির্জন রাস্তায়। চারপাশের অন্ধকারে তার বুকের ভেতর একটা ভয়ও কাজ করছিলো, এত রাতে, নিঃশব্দ শহরের রাস্তায়, সে একা।
অফিস রুমে বসেই বর্ষণ দ্রুত সমস্ত হিসাব-নিকাশ, টাকা-পয়সা প্রিন্সিপালের হাতে তুলে দিলো। কোনো ব্যাখ্যা না দিয়েই বললো, শরীর খারাপ লাগছে। তারপর নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়লো।
কিছুটা আগে এগিয়ে যাচ্ছিলো মেঘ, মাথা নিচু করে। কিছুক্ষণ পর সে টের পেলো, পেছনে ধীরে ধীরে এগিয়ে আসছে বর্ষণ। বাইকের শব্দ মৃদু, গতি এতটাই কম যে হাঁটা পথিককেও ছাড়িয়ে যেতে পারছে না। তার এই ধীর পদক্ষেপে অদ্ভুত এক ইঙ্গিত লুকিয়ে ছিলো, কোনো কথা নেই, কোনো দৃষ্টি নেই, শুধু এক অদৃশ্য পাহারাদারি।
মেঘ অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। মনখারাপ থাকলেও অন্তত নিরাপদে ঘরে ফেরার তৃপ্তি তাকে শান্ত করলো সামান্য। গেটের ভেতর ঢুকতেই পেছনে হেডলাইট নিভিয়ে বর্ষণও প্রবেশ করলো।
ড্রয়িংরুমের আলো তখনও জ্বলছে। রাজিয়া আহমেদ ও ফয়সাল চৌধুরী যেনো অধীর অপেক্ষায় বসে আছেন মেয়ের ফেরার। মেঘকে দেখেই রাজিয়া আহমেদ দ্রুত উঠে দাঁড়ালেন, চোখে স্পষ্ট উদ্বেগের ছাপ।
-কোনো সমস্যা হয়নি তো? ভালো মতো ঘুরে এসেছো তো?
-হুম... আমি খুব ক্লান্ত, এখন ঘুমাতে চাই।
কথাগুলো বলে কোনো বাড়তি ব্যাখ্যা না দিয়ে নিজের রুমের দিকে সোজা চলে গেলো মেঘ। তার চোখের ক্লান্তি আর গলায় কাঁপা স্বর যেনো সব গল্প অপ্রকাশ্য রেখেই চলে গেলো।
অন্যদিকে, দরজা দিয়ে ঢুকতেই লিনা চৌধুরী ছেলেকে দেখে থমকে গেলেন। বর্ষণের মলিন চেহারা দেখে আঁচল বাড়িয়ে প্রথমে তার মুখ মুছে দিলেন। যেনো মা-ই একমাত্র জানেন সন্তানের মুখের রেখায় লেখা ক্লান্তির ভাষা।
-কেমন কাটলো সময়টা? আনন্দ করেছো তো বাবা?
বর্ষণ কোনো উত্তর না দিয়ে মাকে জড়িয়ে ধরলো। সেই আলিঙ্গন যেনো সমস্ত না বলা কষ্ট, ভেতরের ঝড়, নিঃশব্দ কান্নার আশ্রয় খুঁজে নিলো মায়ের বুকে।
লিনা চৌধুরী তার কপালে আলতো চুমু খেয়ে বললেন,
-খাবার খেয়েছো?
-হুম।
-তাহলে যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমি জানি এই কয়েকদিন তোমার ওপর কতটা চাপ গেছে।
বর্ষণ রুমের দিকে কয়েক কদম এগিয়েও হঠাৎ থমকে দাঁড়ালো। আবার ফিরে এসে মায়ের বুকে মুখ গুঁজে ধরলো। লিনা চৌধুরীর বুকের ভেতর ধক করে উঠলো, সন্তানের এমন ভঙ্গি আজ খুব অচেনা মনে হলো তার কাছে।
-কি হয়েছে বর্ষণ?
প্রশ্নের পর প্রশ্ন ছুড়লেন তিনি, কিন্তু বর্ষণ কোনো উত্তর দিলো না। সে বরাবরের মতোই চুপচাপ, নিজের যন্ত্রণা, নিজের আকাঙ্ক্ষা বুকের গভীরে লুকিয়ে রাখতেই অভ্যস্ত। আজও তার ব্যতিক্রম হলো না।
আজ সবার সামনে যেভাবে অপমানিত হলো, তা যেন ভেতরের প্রতিটি সুতাকে ক্ষত-বিক্ষত করে দিচ্ছে। কিছুক্ষণ নিস্তব্ধ রুমে বসে থেকে ড্রয়ার খুলে বের করলো এক প্যাকেট বেনসন। ছাদের কোণে গিয়ে রেলিং ধরে দাঁড়াল। একসাথে দু’টি সিগারেট ধরিয়ে আকাশের বুক চিরে ধোঁয়া ছাড়তে লাগলো।
সিগারেটের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি ঝরে এলো ঠোঁটে,
-তুমি আর আমি দু’জনেই আসলে এক। তুমিও জ্বলছো, আমিও জ্বলছি। পার্থক্য শুধু এটাই, তোমার জ্বলে ওঠা সবাই দেখে, তুমি ছাই হয়ে শেষ হয়ে যাও। আর আমি? আমি জ্বলতে জ্বলতে শেষ হই ভেতর থেকে, এমন পুড়ন কারও চোখে ধরা পড়ে না, কানে শোনায় না। কোনো এক দুঃখী মানুষ তোমায় পুড়িয়ে নিজের সান্ত্বনা খোঁজে, অথচ সে বোঝেই না, তোমার সাথে সাথে সে-ও নিভে যাচ্ছে ধীরে ধীরে।
এদিকে বালিশ আঁকড়ে ধরে কান্না করছে মেঘ। সেই কান্নার সাক্ষী শুধু চার দেয়ালের নীরবতা। ভেতরটা মোচড় দিয়ে ওঠে প্রশ্নে, যাকে পাবো না জানি, তার জন্য কেন এত মায়া হয়? আমার সবকিছুর বিনিময়েও তো আমি শুধু তোমাকেই চেয়েছিলাম, বর্ষণ ভাই। তবে তুমি কেন আমায় ভালোবাসলে না?
নিজের বাবার ওপর বড্ড অভিমান জমে আছে তার। যদি সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি না হতো, তবে হয়তো আজ বর্ষণ ভাইকে আপন করে পাওয়া যেতো। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় যখনই ভাবে, বর্ষণ তার নয়, আর কোনোদিনও হবে না।
তবুও দূরে সরিয়ে নিতে চায় নিজেকে, অথচ পারে না। ছোটবেলা থেকে যে মানুষটিকে ঘিরে স্বপ্ন বুনেছে, তাকে কি এত সহজে ভুলে যাওয়া যায়? চোখের জলে ঝাপসা হয়ে যায় পৃথিবী, তবুও মনের ভেতর বর্ষণের চেহারাটাই ভেসে ওঠে বারবার। যেন প্রতিটি নিঃশ্বাসে শুধু তার নামই ভাসে।
পরের দিন মেঘ কলেজে আসে নি।
বর্ষণ কলেজে প্রবেশ করেই একবার চারদিক ভালো করে চোখ বুলিয়ে নিলো, সত্যিই, মেঘ নেই। চোখের কোণে এক অজানা শূন্যতা ভেসে উঠলো। জ্যোতিকে ডেকে জিজ্ঞেস করলো,
-জ্যোতি, মেঘ আসে নি?
-না স্যার।
-কেনো?
-সেটা তো বলতে পারবো না, স্যার।
-ওহ…
হালকা নিঃশ্বাস ফেলে মাথা নিচু করে অফিস কক্ষের দিকে পা বাড়ালো বর্ষণ। চলাফেরায় এক অদ্ভুত ভার, চোখে চিন্তার ছায়া। সবকিছু স্বাভাবিক হলেও কোথাও যেনো কিছু অনুপস্থিত, যেমন ফুল আছে, কিন্তু গন্ধ নেই; সকাল আছে, কিন্তু রোদ নেই।
অন্যদিকে, মেঘ বসে আছে নিজের ঘরের সোফায়, আনমনা। চোখে কুয়াশার মতো বিষণ্ণতা, মনে হাজারো প্রশ্নের ভিড়। গতকাল বর্ষণ ভাইয়ের সঙ্গে যে ব্যবহারটা করেছে, তা একদমই ঠিক হয় নি, ভাবলেই বুকটা কাঁপে, গলা শুকিয়ে আসে। সেই লজ্জা, সেই অপরাধবোধেই আজ আর কলেজ যেতে পারেনি সে।
রাজিয়া আহমেদ গরম গরম পরোটা টেবিলে রাখতে রাখতে মৃদু কণ্ঠে বললেন,
-মেঘ, কিছু হয়েছে? কাল থেকে দেখি তুমি কেমন চুপচাপ হয়ে গেছো।
-না, কিছু না আম্মু, কিছু না।
মৃদু হেসে কথাটা ঢেকে দিলেও চোখে মুখে অন্যমনস্কতার ছাপ লেগেই রইলো।
নাশতা সেরে ছাদে গিয়ে দাঁড়ালো মেঘ। চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসে ভেসে বেড়ায় সকালের গন্ধ। তার দৃষ্টি চলে গেল আকাশের দিকে, সেখানে যেনো খুঁজে বেড়ায় এক চেনা মুখ। প্রায়ই তো বর্ষণ ভাই এই ছাদে আসে… হয়তো আজও আসবে? আচ্ছা, বর্ষণ ভাই কলেজ চলে যায় নি তো? চুপিচুপি একবার বড়মার কাছে গেলে কেমন হয়? কিন্তু যদি বড় আব্বু বাসায় থাকেন?
চিন্তাটা মনে হঠাৎ আঁচড় কাটলো, সাহস যেন থেমে গেল বুকের ভেতরেই।
ছাদের মধ্যে কিছুক্ষণ এদিক-ওদিক পায়চারি করলো মেঘ। বুকে যেনো এক যুদ্ধ চলছে, যাবো, না যাবো!
শেষমেশ গভীর এক নিঃশ্বাস ফেলে নিজেকে সাহস দিলো,
-না, আজ একবার দেখা করতেই হবে বড়মার সাথে।
চোখে মুখে একরাশ অস্থিরতা, তবু পা টিপে টিপে নামলো সিঁড়ি বেয়ে, ছাদের দরজা পেরিয়ে সোজা চলে গেলো ওপাশের বাড়িতে, বড়মার কাছে।
লিনা চৌধুরী তখন ঘর গোছাতে ব্যস্ত, তবুও ওপরে তাকাতেই চেনা মুখটা দেখে মুহূর্তেই সব কাজ ফেলে ছুটে এলেন। দরজার কাছে পৌঁছেই মেঘকে জড়িয়ে ধরলেন, যেনো দীর্ঘদিনের এক প্রতীক্ষার অবসান ঘটলো।
বরাবরই মেঘকে বড্ড ভালোবাসেন তিনি। মেঘের শৈশবের প্রায় প্রতিটি সকাল, দুপুর, বিকেল লিনা চৌধুরীর আঁচলের তলায় কেটেছে। তাঁর হাতেই খাওয়ানো, তাঁর হাতেই গোসল করানো, জামা পরানো, ঘুরতে নিয়ে যাওয়া, সবকিছুই যেনো এক সময় তাঁরই দায়িত্ব ছিলো। কিন্তু দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে যে বিভেদ শুরু হলো, তার পর থেকেই সে স্নেহের সম্পর্কটিতে যেনো এক অদৃশ্য দেওয়াল উঠে গেল।
বুকের ভেতর মেঘকে চেপে ধরে অভিমানের মিশ্র স্বরে বললেন,
-মেঘ মা, কতদিন পর এলি তুই! আগে তাও মাঝেমধ্যে আসতিস, এখন তো তাও না। তোর বাবা কি বারণ করেছে?
মেঘ মাথা নাড়িয়ে ধীরে বললো,
-না বড়মা… কেউ কিছু বলে নি।
একটু চুপ থেকে মুখ তুলেই প্রশ্ন করলো,
-বড় আব্বু কোথায়?
-তিনি বেরিয়ে গেছেন, ভয় নেই, তোকে দেখলেও কিছু বলতেন না। ঝগড়া-ঝাটি তো আমাদের বড়দের মধ্যে, তোমরা ছোটদের কী দোষ বল?
-আর বর্ষণ ভাই?
-সে তো কলেজে গেছে, সকালেই বেরিয়ে পড়েছে।
-ববিতা আপা কবে আসবেন?
লিনা চৌধুরী তখন মৃদু হাসলেন, কথার ফাঁকে বললেন,
-ববিতা আসবে আগামী মাসেই। ভাবছি বর্ষণের জন্য কনে দেখতে যাবো এবার।
কথাটা কানে আসতেই মেঘ যেনো জমে গেলো।
মুহূর্তেই নিঃশ্বাস ভারী হয়ে এলো, বুকের ভেতর চাপা ধ্বনি। মৃদু স্বরে বললো,
-বর্ষণ ভাইয়ের বিয়ে দেবে?
-হ্যাঁ রে মা, ছেলের বয়স তো কম হলো না। অনেকদিন বলছি, কিন্তু সে তো এসব কানে তোলে না।
মেঘ ঠোঁট কামড়ে নিচু গলায় বললো,
-বড়মা, আব্বুর আর বড় আব্বুর ঝামেলাটা শেষ করা যায় না?
-চেষ্টা করেছিলাম মা, কিন্তু হয় নি। তোর বাবা যদি একবার এসে বর্ষণের বাবাকে জড়িয়ে ধরে, দেখবি, সব অভিমান মুছে যাবে এক নিমিষে। শুরুটা তো তোর বাবার দিক থেকেই হয়েছিলো, তাই হয়তো তার দিক থেকেই শেষ করার অপেক্ষায় তোর বড় আব্বু।
মেঘ চুপ হয়ে গেলো, চোখ নামিয়ে চুপচাপ আঙুল ঘষতে লাগলো। দূরে ঘড়ির কাঁটা যেনো এক অদ্ভুত নীরবতা ভেঙে টিক টিক করে বাজছে। লিনা চৌধুরী মেঘের মুখের দিকে তাকিয়ে বললেন,
-কি খাবি বলতো মা, তোকে নিজের হাতে কিছু খাওয়াবো আজ।
মেঘ মৃদু হেসে মাথা নাড়লো,
-না বড়মা, কিছু না। আমি একটু বাড়িটা ঘুরে দেখি? অনেকদিন এদিকে আসি নি।
-এটা আবার জিজ্ঞেস করার কী আছে! এই বাড়ি তো তোরও, যেখানে ইচ্ছে ঘুরে দেখ।
মেঘ ধীরে ধীরে উঠলো,
চোখে অদ্ভুত এক শূন্যতা, মনে অজানা ব্যথা, বর্ষণ ভাইয়ের বিয়ের কথাটা যেনো বুকের ভেতর কাঁটার মতো বিঁধে আছে এখনো। চারপাশের সবকিছু স্বাভাবিক থাকলেও তার ভেতরে চলছে এক নীরব ঝড়।
চলবে,,,,,,