ফন্ট সাইজ:
থিম:
শুকনো পাতার নূপুর পায়ে

পর্ব 62

লেখক: আয়েশা শেখ

#শুকনো_পাতার_নূপুর_পায়ে
#আয়েশা_রিন
#পর্ব৬২

[কপি ও রিপোস্ট করা থেকে বিরত থাকবেন]

রাত্রিরের শেষ প্রহর চলছে। নিঝুম অন্ধকারে আচ্ছন্ন চারদিক। মসজিদ সংলগ্ন বিশাল আকারের ক*বরটার চারপাশটায় এক অন্যরকম গা ছমছমে নীরবতা নেমে এসেছে। ক*বরের কোল ঘেঁষে পাথরের মতো দাঁড়িয়ে আছে তাহসিন।

তার শূন্য দৃষ্টি আটকে আছে নির্দিষ্ট একটা কবরের ওপর, যেখানে সাদা পাথরে খোদাই করে লেখা রয়েছে ‘তাসনিম সুনাইরা তুরান’। প্রায় কুড়ি মিনিট ধরে ওই নামের দিকে একইভাবে তাকিয়ে আছে সে। মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে, গলার কাছে দলা পাকিয়ে থাকা দীর্ঘশ্বাসটাও গিলে ফেলেছে সে; একটা শব্দও উচ্চারণ করার শক্তি হয়নি তার। কয়েকটা বছরে এই প্রথম সে তুরানের কবরের সামনে এসে দাঁড়িয়েছে, তাও দূরে দাঁড়িয়ে আছে। এই সেই নারী---যাকে সে নিজের হাতে হাঁটতে শিখিয়েছে, সাইকেলে বসিয়ে ঘুরিয়েছে, মেলায় গেলে কাঁধে চড়িয়ে ঘুরে বেড়িয়েছে। শহর থেকে বাড়ি ফেরার সময় যার জন্য পছন্দের টুকিটাকি জিনিস আনা চাই-ই চাই। আর সেই মেয়েটাও প্রতিবার সীমান্ত ভাইয়ের বাড়ি ফেরার দিন গুনেছে, তার জন্য নিজের হাতে নানা কিছু বানিয়ে রেখেছে।

আজও এতদিন পর সীমান্ত আবারও তার কাছে এল, অথচ মেয়েটা একবারও অভিমানের সুরে প্রশ্ন করল না “এত দেরি করে কেন এলেন, ভাইয়া? শহর ছেড়ে আসতে ইচ্ছে করে না বুঝি? ওখানে এমন কে আছে, যার টানে আর ফিরতে ইচ্ছে করে না?”

তাহসিন দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর চেষ্টা করল। তার পক্ষে আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না।

তাহসিন যখনই কানাডা থেকে বাংলাদেশে আসত, তখন দিগন্তকে দেখতে আসার ফাঁকে সে নিজের বাবা-মা আর চাচীর ক’’বর জিয়ারত করে যেত। আসেনি শুধু তুরানের ক’’বরে। আসার মতো সাহস তার কখনোই ছিল না। সে আসত, যদি না তুরান ‘দীঘি-দিগন্ত’ নামগুলোর কথা কখনো না বলত।

সে আজ গ্রামে এসে প্রথমে বাবা-মা আর চাচীর কবর জিয়ারত করেছে, আর তারপরেই পা বাড়িয়েছে তুরানের কবরের দিকে। কবরস্থানের এই নির্জন কোনোটায় তুরান একা শুয়ে আছে, আর একটু দূরে অন্য প্রান্তে তার বাকি পরিবার।

সেখান থেকে পা বাড়াল নিজের ভিটেমাটির দিকে। নিজের সেই অভিশপ্ত, বাড়িটার সামনে এসে দাঁড়াল সে। বাড়িটা যেন কেমন খা খা করছে। রাতের শেষ প্রহরের সেই ভূতুড়ে সময়ে বাড়িটার দিকে তাকাতেই গা শিউরে ওঠল তাহসিনের। মাটির তৈরি বিশাল বাড়িটা অন্ধকারের অতল গহ্বরে দাঁড়িয়ে থেকে যেন গিলে খাচ্ছে চারপাশের বাতাস। বাড়ির বিশাল উঠোনজুড়ে কেবল মরা শুকনো পাতার স্তূপ। হিমশীতল বাতাসে সেই পাতাগুলো মচমচ করে অদ্ভুত এক শব্দ তুলছে। একসময়ে যে বাড়িতে মানুষের কোলাহল লেগেই থাকত---কর্মচারীদের ব্যস্ততা, হাস-মুরগি আর গরু-বাছুরের ডাকে মুখরিত থাকত চারপাশ। আজ সেই বাড়িটাই কেমন মৃ”ত্যুপুরীর মতো গুমট হয়ে আছে। কী ভীষণ এক শূন্যতা গ্রাস করে রেখেছে চারপাশটা!

তাহসিনের দৃষ্টি হঠাৎ আটকে গেল উঠোনের ঠিক সেই কোণটায়, যেখান থেকে সে উদ্ধার করেছিল তার বাবা-মায়ের মা**থাবিহীন ক্ষ*তবিক্ষত দে*হ। ঝাপসা আলোয় সেই দৃশ্য মনে পড়তেই পুরুষটার শক্তপোক্ত শরীরটা কেঁপে উঠল। সেদিনের সেই দুঃস্বপ্ন আজও তার র”ক্ত হিম করে দেয়।

তার চোখ এবার গড়িয়ে গেল উঠোনের অন্য এক প্রান্তে---যেখানে সেদিন তুরান আর সীমান্ত বসেছিল বিয়ের আসরে। ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়ে তুরান মিনতি করে বলেছিল, তাহসিন যেন দ্রুত ফিরে আসে। তাহসিন আর স্থির থাকতে না পেরে শুকনো পাতায় ভরা উঠোনের এক পাশেই বসে পড়ল মাটিতে। চোখ বন্ধ করে নিজের বাবা-মায়ের উদ্দেশ্যে ভাঙা গলায় ফিসফিস করে বলে উঠল,

“আমি ওদের সবাইকে শেষ করে দিয়েছি, বাবা। কেউ আর বেঁচে নেই। আর যেটুকু আছে, তার কপালেও ফাঁসির দড়ি ঝুলছে। তবে, তবে তোমাদের সেই বাধ্য ও ভদ্র ছেলেটা আর আগের মতো নেই, সে এখন খুন করতে শিখেছে। আর...”

বাকি কথাটা আর গলার ভেতর দিয়ে বের হলো না। সে বলতে চেয়েছিল---ওই শত্রু পরিবারের মেয়ের গর্ভেই তো জন্ম নিয়েছে এই রক্তবীজের নতুন প্রজন্ম!

কিন্তু কথা শেষ হওয়ার আগেই বাতাসে ভেসে এল অত্যন্ত ক্ষীন একটা নূপুরের রিনঝিন শব্দ।

মুহূর্তে তাহসিনের শরীরের সমস্ত গায়ের লোম খাড়া হয়ে গেল। সে চমকে মাথা তুলে তাকাল চারপাশে। অথচ বিশাল উঠোনে শুকনো পাতা ছাড়া তো আর কিচ্ছু নেই! তাহলে এই নিঝুম রাতে নূপুরের আওয়াজ আসবে কোত্থেকে? নাকি ওটা কেবল শুকনো পাতারই খসখস শব্দ? বুঝল না তাহসিন।

আচমকাই তাহসিনের চোখের সামনে বিদ্যুতের মতো ঝলকে উঠল তুরানের পায়ের সেই চিরচেনা নূপুর পরার দৃশ্য। মেয়েটা সারাক্ষণ পায়ে নূপুর পরে থাকত, আর এটার শব্দ নিয়ে তাহসিনের কত বিরক্তই না হতো! অজানা এক আতঙ্কে সে দ্রুত পায়ে মাটি থেকে উঠে দাঁড়াল। অন্ধকারের দিকে তাকিয়ে আর এক মুহূর্তও দেরি না করে লম্বা পা ফেলে বেরিয়ে এল সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে। যদি এই মুহূর্তে তুরান এসে তার ঠিক সামনে দাঁড়িয়ে যায়? বুক কাঁপানো এক অজানা ভয় চেপে বসল তার মনে। যদিও তুরানকে সে কোনো প্রতিশ্রুতি দেয়নি, তবুও কেন যেন মেয়েটাকে খুব বেশি ভয় করে তার। সে চলে এলো নিজের বাড়ির সীমানা ছেড়ে।

হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছাল কবরস্থানের মসজিদটার সামনে। ভোরের আবছা আলো ফুটতে শুরু করেছে, দূর থেকে ভেসে আসছে ফজরের আজানের সুমধুর ধ্বনি। এটা সেই মসজিদ, যেখানে সেদিন তুরানের নিথর দেহটা রেখে পালিয়েছিল তাহসিন। কী নিষ্ঠুর একটা পুরুষ সে! যে নারী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শেষ নিঃশ্বাস পর্যন্ত কেবল তাহসিনকেই ভালোবেসে গেছে, তাকে এমন নির্মমভাবে একা ফেলে সে চলে এসেছিল! সেদিন সে আর কী-ই বা করতে পারত? যদি সে ওই মুহূর্তে ওখানে থেকে যেত, তবে সে নিজে তো বটেই, সঙ্গে ইরান আর তার বাবাও ওই একই নির্মমতার শিকার হতো!

মসজিদের বারান্দা পেরিয়ে তাহসিন পা রাখল অজুখানার চত্বরে। কলের নল ঘুরিয়ে হাত বাড়িয়ে দিল স্রোতস্বিনী জলের নিচে। অজু করার সময় কনকনে ঠান্ডা পানি তার উত্তপ্ত শরীর ও স্নায়ুকে কিছুটা শান্ত করে দিল। নিয়মমাফিক ইস্তিনজা, হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেওয়া এবং মুখমণ্ডল ও অঙ্গপ্রত্যঙ্গ ধোয়ার প্রক্রিয়া শেষ করে সে ভেজা হাতে মাথা ও কান মাসাহ করল। সর্বশেষে দুই পা টাখনুসহ ভালোভাবে ধুয়ে সে পবিত্র হলো।

অজু সেরে মসজিদের মূল হলের ভেতরে প্রবেশ করে মনের ভেতরের জমে থাকা অগাধ ক্লান্তি, অপরাধবোধ আর অস্থিরতাটুকু ঝেড়ে ফেলে সে ধীর পায়ে গিয়ে দাঁড়াল ইমামের জায়নামাজের একটু পেছনে, প্রথম কাতারের ঠিক মাঝবরাবর। হাত দুটো কানের লতি পর্যন্ত তুলে তারপর হাত
বাঁধল পেটের নিচের অংশে। উচ্চারণ করল, “আল্লাহু আকবার।”

দুনিয়া ও দুনিয়ার সমস্ত জটিল হিসাব-নিকাশ, রক্ত আর প্রতিশোধের আগুন থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে সে মাথা অবনত করল তার রবের সামনে। ফজর ওয়াক্তের প্রথম সেজদায় লুটিয়ে পড়ার সাথে সাথে বহু বছর পর যেন একটু প্রশান্তির পরশ ছুঁয়ে গেল এই নিষ্ঠুর মানুষটির পোড়খাওয়া বুকটাকে।

—————

দীঘির বুকের ওপর বেঘোর ঘুমাচ্ছে তিন বছরের ছোট্ট দিগন্ত। দীঘি শুয়ে আছে নিজের রুমের নরম বিছানায়। তাহসিন শত চেষ্টা করেও দিগন্তকে তার কোল থেকে কেড়ে নিয়ে যেতে পারেনি; দীঘি জোর করে নিজের কাছে রেখে দিয়েছে তাকে। ছেলেকে বুকে জড়িয়ে ধরেই বিনিদ্র কাটল তরুণীর সারাটা রাত। গায়ে তখনো জড়িয়ে রয়েছে ভারী সেই বিয়ের শাড়িটি।

এত কিছুর পর চোখে কি আর ঘুম আসে? একদিকে মায়ের জন্য বুক পুড়ছে, অন্যদিকে ঝিলমিলের নিখোঁজ হওয়া নিয়ে আতঙ্কে মাথা ফেটে যাওয়ার উপক্রম। সবারই ধারণা ছিল ঝিলমিল হয়তো রাগ করে আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। গভীর রাতে অচেনা পথে একা দূরে কোথাও চলে যাওয়ার সাহস সে পাবেই বা কোথায়? কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হতে সময় লাগল না। কিছুক্ষণ পরেই যখন বাড়ির সবাই হন্নে হয়ে তাকে খুঁজতে বের হলো, কোথাও তার বিন্দুমাত্র খোঁজ মিলল না। বারিশ, মেহরাজ আর আলতাফ সাহেব এখনো বাড়ির বাহিরে। আর তাহসিন কোথায় আছে, তা জানে না দীঘি।

দীর্ঘশ্বাসে ভারী হয়ে এল দীঘির বুক। বারিশ যেদিন তাকে বলেছিল যে সে দীঘিকে নয়, বরং ঝিলমিলকে বিয়ে করতে চায়, সেদিন মেঘ না চাইতেই যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিল দীঘি। বারিশ যদি পেছন থেকে সাহায্য না করত, তবে হয়তো এত সহজে ঘর ছেড়ে পালাতেও পারত না সে। পালানোর সেই মুহূর্তটায় দীঘি কেবল নিজের মুক্তিটুকুই ভেবেছিল। বারিশের মতো মানুষের সাথে তার এই ছোট্ট ভাতিজিটা মানিয়ে নিতে পারবে কি না, তা সে একবারের জন্যও মাথায় আনেনি। যদিও সেদিন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে ঠেকেছিল যে, পালানো ছাড়া তার সামনে আর কোনো পথ খোলাও ছিল না। না পালালে জোর করে বারিশের সাথেই তার জীবন বেঁধে দেওয়া হতো, যা তার কাছে ছিল জীবন্ত নরকতুল্য।

হঠাৎ বুকের ওপর দিগন্তের সামান্য নড়াচড়া টের পেতেই দীঘির চিন্তার সুতো ছিঁড়ে গেল। সে আরও একটু আলতোভাবে, মায়ায় জড়িয়ে ধরল ছেলেকে। অবুঝ শিশুটার চুলে হাত বুলিয়ে দিতে লাগল পরম যত্নে। সমস্ত দুশ্চিন্তা আর ঝড়ঝাপটার মাঝে এটাই এখন তার একমাত্র প্রশান্তির জায়গা। যে বাচ্চাটাকে খোদা তাকে স্বপ্নে দেখাতো সারাক্ষণ, যে তার কল্পনায় বাস করত, সে আজ রক্তমাংসের শরীরে তার বুকের সাথে মিশে আছে! রুমের ঝিম ধরা নরম আলোয় অবুঝ শিশুটির শান্ত মুখের দিকে তাকিয়ে দীঘি ঠোঁট নাড়ল ফিসফিস করে,

“তুমি আমার নূর। আমার এই অন্ধকার আর এলোমেলো জীবনের এক টুকরো আলো তুমি, বাবা আমার... আমার নূর।”

——

“যদি ওর কিছু হয়, তবে আপনাকে আমি এখানেই পুতে রাখব! সবকিছুর মূলে আপনি! আপনি তখন আমায় না আটকালে ও এভাবে দূরে কোথাও চলে যেতে পারত না।”

আলতাফ সাহেবের দিকে আঙুল উঁচিয়ে গর্জে উঠল বারিশ।
আলতাফ সাহেবও সমান তেজে চেঁচিয়ে উঠলেন,
“মুখ সামলে কথা বল! তোর অপরাধের দায় আমার ঘাড়ে চাপাবি না। তোর ইগো আর চালবাজির জন্যই ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে আমার মেয়েটা। আমার মেয়ের যদি ক্ষতি হয়, তবে আমিও তোকে এই মাটিতেই পুতে রাখব!”

সারা রাত ধরে ঝিলমিলকে তন্ন তন্ন করে খুঁজছে সবাই। কিন্তু ঝিলমিলের ছায়াটুকুও কোথাও মিলছে না। তার ওপর বারিশ আর আলতাফ সাহেবের এই অন্তহীন খিটিমিটি মেহরাজের মেজাজ একদম চটিয়ে দিল। দুজনকে থামিয়ে বিরক্তি প্রকাশ করে সে বলে উঠল,

“তোমাদের এই পোতাপুতি আর লা*শ ফেলার হুমকি পরে দিও! এভাবে হাত গুটিয়ে বসে থাকলে আর চলবে না, থানায় চলো এবার।”

মেহরাজের কথায় সায় দিল বারিশ। গুলশান-বনানীর আনাচে-কানাচে আর অলিগলি সে ইতিমধ্যে তন্ন তন্ন করে ওলোটপালট করে ফেলেছে খুঁজতে খুঁজতে। এমনকী নিজের সেই বাড়িটাতেও গিয়ে দেখে এসেছে---কোথাও কোনো খোঁজ নেই।

মেহরাজের দিকে তাকিয়ে সে ঠান্ডা গলায় বলল,
“তোরা থানায় যা, আমি অন্য দিকে দেখছি।”

মেহরাজ কিছু বলল না, কারণ এই মুহূর্তে বারিশের সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। বারিশ মেহরাজের বাইক দিয়েই এতক্ষণ খোঁজাখোঁজি করছিল ঝিলমিলকে। এবার বাইক ফেরত দিয়ে বারিশ পা বাড়াল শেহরিয়ার ভিলার দিকে---নিজের গাড়িটা নেওয়ার জন্য। গ্যারেজে এসে নিজের মার্সিডিজটা ঠিকই পেল, কিন্তু তার পাশে উধাও চঞ্চল সাহেবের গাড়িটা!

বারিশের কপাল কুঁচকে গেল। তার জানামতে তো বাড়ির সবাই এই মুহূর্তে এখানেই উপস্থিত থাকার কথা, তাহলে গাড়ি যাবে কই?

দ্রুত পায়ে সে বাড়ির ভেতরে প্রবেশ করল। ড্রয়িংরুমে তখন পরিবারের সবাই উপস্থিত। সবার মুখেই চরম উৎকণ্ঠার ছাপ, কেবল ব্যতিক্রম পরিণীতা আর জারিফ। ছোট্ট বাচ্চা দুটো তখন নাজমা বেগম আর শিউলি বেগমের কোলে থেকে সমানে কেঁদে চলেছে। বারিশকে দরজায় দেখামাত্রই চঞ্চল সাহেব দ্রুত পায়ে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন,

“তোমাকে কতবার ফোন করেছি বলো তো! ঝিলমিল মনে হয় আমাদের ড্রাইভারকে সাথে নিয়ে আমার গাড়িটাতেই কোথাও চলে গেছে।”

বারিশ ভ্রু কুঁচকে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল,
“ড্রাইভারকে কল করেছিলে?”

চঞ্চল সাহেব মাথা নেড়ে বললেন,
“ফোন বন্ধ বলছে।”

বারিশ এক মুহূর্তও দাঁড়াল না, উল্টো পায়ে পোর্চের দিকে ছুটতে ছুটতে বলল,

“তোমার ড্রাইভারটাকে যদি আমার সামনে পাই, আজ আমি ওকে...”

ছেলের পিছু পিছু বাইরে আসতে আসতে চঞ্চল সাহেব বলে উঠলেন,

“শান্ত হও! নিজের দোষে বউ হারিয়ে এখন ড্রাইভারের ওপর রাগ ঝাড়ছ কেন? বেচারার কোনো দোষ নেই, আমার ধারণা ঝিলমিল নিজেই ওকে ফোন বন্ধ রাখতে বাধ্য করেছে। এদিকে সকাল থেকে বাচ্চা দুটো না খেয়ে কাঁদছে, কিছু একটা করো!”

বাবার কোনো কথাই আর বারিশের কানে গেল না। ঝড়ের বেগে নিজের নেভি ব্লু রঙের মার্সিডিজ বেন্জ গাড়িটায় এসে বসল সে। ইগনিশন অন করে মার্সিডিজটা আওয়াজ তুলে রাস্তা কাঁপিয়ে ভিলা ছেড়ে বেরিয়ে এল। কিন্তু রাস্তায় এসে গাড়ি ছোটানোর পর হঠাৎই তার মাথাটা ফাঁকা হয়ে গেল---কোথায় খুঁজবে সে মেয়েটাকে?

কোথায় যেতে পারে ঝিলমিল? ঠিক সেই মুহূর্তেই তার পকেট কাঁপিয়ে বেজে উঠল মোবাইল ফোনটা। স্ক্রিনের দিকে এক পলক তাকিয়ে দ্রুত কলটা রিসিভ করল সে। ওপাশ থেকে ভেসে আসা কথাগুলো কানে যেতেই তার মুখটা কাঠ হয়ে গেল। এক সেকেন্ডও দেরি না করে সে ফোনের লাইন কেটে দিয়ে এক্সিলারেটরে চাপ বসল---গাড়ির স্পিড গিয়ে ঠেকল একেবারে চরমে। নেভি ব্লু মার্সিডিজটা তখন ফাঁকা হাইওয়ে চিরে অসম্ভব গতিতে ছুটছে। বারিশের বর্তমান গন্তব্য---সিরাজগঞ্জ!

—— লেখিকার পেইজ: Ayesha Rin—রিন

ঘড়ির কাঁটায় সকাল আটটা বেজেছে। দীঘি আস্তে করে দিগন্তকে বিছানার মাঝখানে নিরাপদে শুইয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। দ্রুত গোসল সেরে বেরিয়ে এসে নিজের নিত্যদিনের অভ্যস্ত পোশাকে---একটা সাধারণ টি-শার্ট আর প্যান্টে নিজেকে জড়িয়ে নিল সে। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মুছতে লাগল।

হঠাৎ করেই আয়নার কাচে চোখ পড়ল বিছানায় ঘুমিয়ে থাকা অবুঝ শিশুটার ওপর। তক্ষুনি তার নিজের পোশাকটার দিকে নজর গেল। টি-শার্টটার গলাটা বেশ খানিকটা ছড়ানো এবং সুতি কাপড়ের নরম গড়নে শরীরের সাথে একদম লেপ্টে আছে। এই পোশাকে এখন ঘরোয়াভাবে চলাফেরা করা তার কাছে কেমন যেন অস্বস্তিকর ঠেকলো। সে কী প্রথম দিনেই নিজের সন্তানের সামনে এভাবে ধরা দেবে? একটু ভিন্ন রকম হলে কেমন হয়? একটু মায়ের মতো হলে মন্দ হয় না।

সে দ্রুত পায়ে এগিয়ে গেল দেয়াল আলমারিটার দিকে। একটু শালীন ও শরীর ঢাকা থাকে---এমন একটা ভালো পোশাক খোঁজার চেষ্টা করল। কিন্তু আলমারির পাল্লা খুলে সে পুরোপুরি ব্যর্থ হলো। তার ক্যাজুয়াল সংগ্রহে থাকা বেশিরভাগ পোশাকই বেশ খোলামেলা ও আধুনিক; হাতে গোনা মাত্র কয়েকটি শার্ট আর টি-শার্ট ছাড়া বাকিগুলোর কোনোটিই তার বর্তমান মানসিক অবস্থার সাথে মানানসই নয়।

অগত্যা সে পা বাড়াল ঝিলমিলের রুমের দিকে। ঘরে ঢুকেই ঝিলমিলের ব্যক্তিগত লকারটা খুলে ফেলল সে। লকারের তাকে উঁকি দিতেই চোখে পড়ল কয়েকটি নতুনের মতো থ্রিপিস বা সালোয়ার-কামিজ থরে থরে সাজানো আছে। সেখান থেকে গাঢ় নীল রঙের একটা থ্রিপিস বেছে নিয়ে সে ঝিলমিলের রুমেই পোশাক বদলে ফেলল।

নতুন এই পোশাকে নিজেকে আয়নার সামনে দাঁড় করাল দীঘি। এই প্রথম! জীবনের এই প্রথম সে এমন কোনো মার্জিত, নিখাদ দেশীয় ও শালীন পোশাক গায়ে জড়িয়েছে।

আয়নার প্রতিফলনে নিজেকে দেখে সে নিজেও যেন একমুহূর্তের জন্য পলক ফেলতে ভুলে গেল। গাঢ় নীল রঙের সালোয়ার-কামিজ আর মানানসই ওড়নাটা যেন তেইশ বছর বয়সি দীঘির অবয়বে এক অপূর্ব স্নিগ্ধতা এনে দিয়েছে। খোলামেলা আধুনিক পোশাকের চঞ্চলতা কাটিয়ে এই মার্জিত লুকে তাকে আজ বড্ড মায়াবী ও দীপ্তিময়ী লাগছে। একরাশ ভেজা চুল পিঠের ওপর ছড়িয়ে আছে, আর চোখের কোণে জমে থাকা সামান্য ক্লান্তি সত্ত্বেও নীল কাপড়ের ফ্রেমে তাকে দেখতে লাগছে এক নিখুঁত কুলবধূ কিংবা স্নিগ্ধ বাংলার কোনো তরুণীর মতো। রূপের চঞ্চলতা ছাপিয়ে এক অদ্ভুত গাম্ভীর্য ও পবিত্রতা এসে ভর করেছে তার পুরো অস্তিত্বজুড়ে।

থ্রিপিস পরায় দীঘির কিছুটা অস্বস্তি হচ্ছিল ঠিকই, তবে নিজেকে সামলে নিল। ছেলেটা যেকোনো মুহূর্তে ঘুম ভেঙে জেগে উঠবে, আর ঘুম থেকে উঠেই যদি ক্ষিদের চোটে কাঁদতে শুরু করে---এই ভেবে সে নিচে নেমে কিচেনের দিকে যায়। সে দেখল, কাজের বুয়ার সাথে মিলে রান্না সামলাচ্ছে ইরান।

ইরান এই বাড়ি ছেড়ে চলে যেত, কেবল মেহরাজের অনুরোধ আর মুখের দিকে তাকিয়ে সে শেষ পর্যন্ত রয়ে গেছে; মানুষটা বারবার তাকে থেকে যাওয়ার কথা বলেছে। গেলেও মেহরাজ ফিরে এলে যাবে।

কাজের ফাঁকে চোখ তুলতেই সামনে দাঁড়ানো দীঘির ওপর নজর পড়ল ইরানের। আর তাতেই সে পলক ফেলতে ভুলে গেল ইরান। দীঘিকে সে গত চার বছরেরও বেশি সময় ধরে চেনে---এই দীর্ঘ সময়ে তাকে একটা সাধারণ থ্রিপিস তো দূরের কথা, কোনো দিন কোনো শালীন বা মার্জিত পোশাকেও দেখেনি। আজ হুট করে এই রূপ দেখে ইরান সত্যিই খানিকটা অবাক হলো, যদিও সে তা মুখের ওপরে প্রকাশ করল না। দীঘি এগিয়ে গিয়ে নরম গলায় জিজ্ঞেস করল

“কী করছো তুমি?”

“দিগন্তর জন্য খাবার বানাচ্ছি,” মৃদু আওয়াজে জবাব দিল ইরান।

“ও সকালে কী খায়?” দীঘি কৌতূহলী হয়ে জানতে চাইল।

“সকালের নাস্তায় সাধারণত ও ওটস পোরিজের সাথে ম্যাশড কলা, ব্লুবেরি আর ওপর দিয়ে একটু অর্গানিক মধু দেওয়া হেলদি বাউলের খাবারটা খায়। মাঝে মাঝে হাই-প্রোটিন এগ হোয়াইট অমলেট বা ফ্রুট স্মুদিও পছন্দ করে।”

ইরানের কথা শেষ হতে না হতেই ওপরের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে এল। দীঘির বুকটা কেঁপে উঠল; এক ছুটে চলে গেল ওপরে। গিয়ে দেখল, বিছানার মাঝখানে বসে ছোট্ট দিগন্ত চোখ কচলে কেঁদে চলেছে আর আধো আধো বোল তুলে ডাকছে,
“বাবা... বাবা কোতায়?”

ড়িৎ গতিতে এগিয়ে গিয়ে দিগন্তকে নিজের বুকে জড়িয়ে ধরে কোলে তুলে নিল দীঘি। আদুরে গলায় তাকে শান্ত করার চেষ্টা করে বলল,

“এই তো মাম্মাম কাছে আছে, don't worry, sweetie... কেঁদো না সোনা আমার।”

কিন্তু ছোট্ট ছেলেটা মায়ের এই সান্ত্বনায় কমল না, আরও একটু অসহায় গলায় ফুঁপিয়ে উঠল,
“আমি আমার বাবার কাচে যাবো।”

দীঘি এক মুহূর্তের জন্য থমকে গেল। তার বুকের ভেতরটা মুচড়ে উঠলেও সে নিজেকে শক্ত করে দিগন্তর নরম গাল দুটোতে পরম ভালোবাসায় একটা চুমু খেল। তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরে হেঁটে গিয়ে দাঁড়াল রুমের বড় আয়নাটার সামনে। নীল থ্রিপিসে সাজানো নিজের অবয়বের দিকে তাকিয়ে সে নরম গলায় বলল,
“বলো বাবাজান, এবার কি তোমার মাম্মামকে সত্যিকারের মায়ের মতো লাগছে?”

দিগন্ত চোখ মুছতে মুছতে আয়নায় প্রতিফলিত মায়ের নতুন রূপের দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণে তখনো কান্নার জল চিকচিক করছে। ছোট্ট মাথাটা ঘুরিয়ে সে আবার সরাসরি তাকাল দীঘির মুখের দিকে। মানুষটাকে সে খুব ভালো করে চেনে না, কেবল মাঝে মাঝে বাবা তাকে একটা ছবি দেখাত। এখন তো বাবাও তার কাছে নেই, তবে সে কেন এই অচেনা মানুষটার কাছে থাকবে? এই ভেবে সে আবার ঠোঁট উল্টে ফুঁপিয়ে কেঁদে উঠল।

ছেলের কান্নায় দীঘির মনটা হুট করে ছোট হয়ে গেল। সে ভাবল, নিশ্চয়ই এতক্ষণে ছেলেটার প্রচণ্ড খিদে পেয়েছে, তাই মেজাজ খারাপ হয়ে আছে। আর দেরি না করে সে দিগন্তকে কোলে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এল। নিচ তলায় পা রাখতেই দিগন্তের চোখ পড়ল ইরানের ওপর। আর অমনি সে দীঘির কোল থেকে নামার জন্য ছটফট করে উঠল। মাটিতে পা রাখতেই সে এলোমেলো পায়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ইরানের পা। তারপর ফুঁপিয়ে ডেকে উঠল,
“মা! মা, আমার বাবা কোতায়?”

ইরান একবার হতভম্ব হয়ে তাকাল দিগন্তর দিকে, আর পরমুহূর্তেই তার দৃষ্টি গিয়ে ঠেকলো দীঘির মলিন মুখের ওপর। সে এক টানে দিগন্তকে কোলে তুলে নিয়ে আলতো করে পিঠে হাত বুলিয়ে বলল,
“আমি তোর মা নই। তোর মা ওই যে...” সে আঙুল দিয়ে দীঘিকে দেখিয়ে দিল।

দিগন্ত কৌতূহলী চোখ নিয়ে একবার দীঘির দিকে তাকাল, আবার মুখ ফিরিয়ে ইরানের দিকে তাকিয়ে অবুঝ গলায় বলল,
“তুমি মা…”

“না।”

“তাহলে?”

ইরান মৃদু হাসল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল,
“আমি তোর... আমি শুধুই তোর মামি হই।”

সে ইচ্ছে করেই তাহসিনের দিক থেকে কোনো পরিচয় টানল না। যেহেতু সে মেহরাজের স্ত্রী, সেই সূত্রে দীঘির বাচ্চার সে মামিই হয়---তাহসিনের বোন হিসেবে যে ফুপি বা অন্য কোনো সম্পর্ক হয়, তার কিছুই সে মুখে আনল না। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল দীঘি। সে আর কথা বাড়াল না; দ্রুত একটা ছোট প্লেটে খাবারটা নিয়ে এগিয়ে এল। তারপর নিজ হাতে দিগন্তকে খাইয়ে দিতে লাগল।

দীঘি ইরানের দিকে তাকাল। বলল,
“ আমি তোমাদের গ্রামে যেতে চাই।”

“কেন?” ইরান চমকাল হালকা।

“ যেতে পারি না?”

“ পারেন।”

“ কোথায় সেই গ্রাম?” জানতে চাইল দীঘি।

“ গাজীপুরে...”

দীঘি মাথা নেড়ে দিগন্তর মুখে খাবার তুলে দিল। ছোট্ট দিগন্ত খাবার মুখে তুলছিল আর বারবার ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছিল দীঘির দিকে। দীঘির বুকটা কেমন যেন ভারী হয়ে আসছিল; বাচ্চাটার মায়াবী মুখের দিকে তাকালেই তার চোখ দুটো জলে ভিজে উঠতে চায়। তবু সে প্রাণপণ শক্ত হাতে নিজের ভেতরের কান্নাটা চেপে রাখল, নিজেকে শান্ত রাখল ভীষণভাবে। খেতে খেতে দিগন্তর নীলাভ বড় বড় চোখ দুটো হঠাৎ চকচক করে উঠল। আচমকাই চেয়ার থেকে নেমে পড়ল নিচে। তারপর ছোট্ট পা দুটো চালিয়ে এক দৌড়ে ছুটে গেল লিভিং রুমের সদর দরজার দিকে। কারণ সেখানে তখন ছায়া ফেলে দাঁড়িয়ে আছে তার বাবা। গায়ে সেই চেনা কালো কোটটা জড়ানো। ইরান চলে গেল এবার এখান থেকে।

দরজায় এসে দাঁড়ানো তাহসিনের দৃষ্টি প্রথমে নিচু হয়ে থাকা ছোট ছেলের ওপর পড়লেও, এক মুহূর্ত পর তার নজর গিয়ে আটকে গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা সেই নারীটির ওপর। মুহূর্তের জন্য তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল, সে যেন ঠিকমতো শ্বাস নিতেও ভুলে গেল।

দীঘিকে আজ সত্যি যেন তার নামের মতোই শান্ত, স্নিগ্ধ আর অসম্ভব মায়াবী লাগছে। গায়ে জড়ানো গাঢ় নীল থ্রিপিস, কাঁধের ওপর ছড়ানো ভেজা চুল, আর চেহারায় লেপ্টে থাকা সেই নির্ঝঞ্ঝাট পবিত্রতা। সব মিলিয়ে চোখের পলক ফেলতে ভুলে গেল পুরুষটা।

কত শতবার সে দীঘিকে শালীন পোশাক পরতে বলেছে! তার স্বভাবই ছিল খোলামেলা আধুনিক পোশাকে চলাফেরা করা, যেখানে শরীরের অবয়ব বেশ স্পষ্ট থাকত। অথচ আজ সেই মেয়েটাকেই কিনা সম্পূর্ণ ঢাকা পোশাকে, নিখাদ এক দেশীয় মার্জিত রূপের আবরণে দাঁড়িয়ে থাকতে দেখছে সে! এই পরিবর্তনটা যে এতটা চোখ জুড়ানো হতে পারে, তা যেন কল্পনাই করতে পারেনি তাহসিন। বিস্ময় আর মুগ্ধতার অদ্ভুত এক ঘোরে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল সদর দরজায়।

ততক্ষণে দিগন্ত গিয়ে জড়িয়ে ধরেছে বাবার পা দুটো। খুশিতে একদম আত্মহারা হয়ে সে বাবাকে জড়িয়ে ধরে আছে; এই ছোট্ট দুনিয়ায় বাবা ছাড়া যেন তার আর কিচ্ছু চাওয়ার নেই।

তাহসিন এক হাত দিয়ে নিচু হয়ে ছেলেকে কোলে তুলে নিল, কিন্তু তার একজোড়া চোখ দীঘির ওপর থেকে এক তিলও সরলো না। তাহসিনের এই অপলক, তীব্র ও সুগভীর চাউনি দেখে দীঘির ভেতরটা কেমন যেন সঙ্কুচিত হয়ে উঠল। অস্বস্তিতে তার বুকটা কেঁপে উঠলেও সে নিজেকে শক্ত করে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেল। সেখানে দিগন্তর খাবারের প্লেটটা রেখে সে আবার ফিরে এল লিভিং রুমে।

তাহসিনের সামনে এসে নিজের আড়ষ্টতা লুকিয়ে বেশ কড়া গলায় সে বলে উঠল,

“আমি ওকে কোথাও নিতে দেব না। তুমি ভুলেও ওকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা মুখে আনবে না!”

কিন্তু দীঘির হুঁশিয়ারি বা কথাগুলোর বিন্দুবিসর্গও কি কানে গেল তাহসিনের? সে যেন তখন অন্য কোনো ভুবনে হারিয়ে গেছে। তার সেই ঘোর কাটলই না, কোনো উত্তরও দিল না সে। পুরুষটার এমন অদ্ভুত ও নির্বাক চাহনি দীঘির অস্বস্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দিল।

দীঘির মুখের দিকে তাহসিনের সেই অপলক ও মুগ্ধ চাউনি দেখে খানিকটা রাগী গলায় বলে উঠল,

“এভাবে আমার দিকে তাকাবে না! তোমাকে মুগ্ধ করার জন্য আমার এই সাজ নয়!”

তাহসিন এতক্ষণে যেন তার সেই গভীর ঘোর থেকে কিছুটা বেরিয়ে এল। ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি টেনে সে শান্ত গলায় বলল,
“তাহলে কার জন্য শুনি?”

“শুধুমাত্র আমার বাচ্চার জন্য! সন্তানের সামনে তো আর যা-তা পরে ঘুরে বেড়াতে পারি না,” সাফ জানিয়ে দিল দীঘি।

তাহসিন দিগন্তর নরম গালে একটা আলতো চুমু খেল। তার ক্লান্ত চোখ-মুখ জুড়ে তখনো ধুলোবালি আর সারা রাতের ধকলের স্পষ্ট ছাপ, তবু তার মুখে হালকা হাসি ঝুলে রইল। সে মাথাটা হালকা বাঁকা করে বলল,

“আপনার সন্তান?”

“হ্যাঁ, আমার!” আত্মবিশ্বাসী গলায় জবাব দিল দীঘি।

তাহসিন তখন চোখের দৃষ্টি গভীর করে অর্থপূর্ণ গলায় বলে উঠল,

“অথচ দীঘির দিগন্তের সমস্ত অস্তিত্বজুড়ে তো সীমান্তেরই রক্তের বিচরণ। দিনশেষে আপনার এই পরিবর্তনের কারণ কেবল আমিই, ম্যাম!”

দীঘির মুখটা পলকেই শক্ত হয়ে উঠল। সে ভ্রু কুঁচকে প্রতিবাদ করে উঠল,

“ওর নাম নূর! দিগন্ত নয়।”

তাহসিন নির্বিকারভাবে ঘাড়ে মৃদু ঝাঁকুনি দিয়ে বলল,
“ঠিক আছে, তবে ও আমার কাছে দিগন্তই---যার নূর দীঘিকে উজ্জ্বল রাখে।”

এর জবাবে দীঘি আর তাৎক্ষণিকভাবে কিছু বলার মতো শব্দ পেল না। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে আর স্থির থাকতে না পেরে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে প্রায় আকুল হয়ে বলল,

“ওকে আমার কাছে দাও। প্লিজ, তাহসিন! ওকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার কথা ভুলেও ভেবো না। আমি বাঁচব না, আমি এক মুহূর্তও থাকতে পারব না ওকে ছাড়া।”

দীঘির গলার স্বর কাঁপতে শুরু করল; তার ভয় এই মানুষটা বুঝি এখনই তার কোল থেকে তার ছোট্ট জানটাকে কেড়ে নিয়ে চলে যাবে। তাহসিন খুব শান্ত অথচ পাথরকঠিন গলায় জবাব দিল,
“ও তো আমারও সন্তান, ম্যাম। আমিও পারব না ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে।”

দীঘির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার উপক্রম হলো। সে গলা নামিয়ে প্রায় মিনতির সুরে বলল,
“তুমি পারবে! তুমি তো এতদিন ওকে ছাড়াই কানাডাতে ছিলে। কিন্তু আমি... আমি পারব না! তুমি ওকে আমার কাছেই রেখে দাও, প্লিজ। যখন খুশি, যতবার খুশি এসে দেখে যেও।”

তাহসিন একটু সময় নিল। তারপর বেশ গম্ভীর ও ধীর কণ্ঠে সরাসরি প্রশ্ন করল,

“আপনি একসময় আমায় ভালোবাসতেন, ম্যাম...”

দীঘি এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর বুকের সবটুকু আড়ষ্টতা ও কষ্ট একপাশে সরিয়ে শক্ত গলায় জবাব দিল,
“হ্যাঁ, বাসতাম! ওটা অতীত, অনেক আগের অতীত।”

“আর এখন?” তাহসিনের শান্ত প্রশ্ন।

“বললাম তো, বাসতাম! কিন্তু তুমি যা করেছ... তুমি আমায় অপবিত্র করেছ, আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে সেদিন নোংরা খেলা খেলেছ। আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না, কোনোদিনও না! তুমি চাইলেই সেদিন ইশানের হাত থেকে আমাকে বাঁচিয়ে আমায় পবিত্র রাখতে পারতে! অথচ তুমি একটা জানোয়ারের মুখ থেকে আমাকে সরিয়ে নিজে...”

কথাটা শেষ হলো না। গলার ভেতর কান্না আর ক্ষোভে দলা পাকিয়ে যাওয়ায় দীঘি আর একটা শব্দও উচ্চারণ করতে পারল না। মুখ ফিরিয়ে সে তাকিয়ে রইল অন্যদিকে। তাহসিন বেশ কিছুক্ষণ একদম নীরব হয়ে দাঁড়িয়ে রইল। মুখের পেশিগুলো শক্ত। তারপর শুধু এটুকু বলল,

“যাকে আমি অপবিত্র করেছি, তাকে আমিই আবার পবিত্র করব।”

এই ছবিটার লেখাটাও টাইপ করে দিলাম:

দীঘি অবজ্ঞায় মাথা ঝাঁকিয়ে বলে উঠল,
“তার কোনো প্রয়োজন নেই!”

তাহসিনের চোখ দুটোতে এক ফোঁটা দ্বিধা না রেখে স্পষ্ট জানিয়ে দিল,

“আমার আছে। আমার বাচ্চার জন্য হলেও আপনাকে সম্পূর্ণ পবিত্র হতে হবে, ম্যাম। নাহলে যে আমরা দুজনই অপবিত্র থেকে যাব আর আমাদের এই ‘অস্বীকৃত পরিচয়ের সন্তান’ সারাজীবন সমাজ ও পৃথিবীর চোখে এক মস্ত বড় ভুল হয়ে বেঁচে থাকবে।”

তাহসিনের বাক্যে যেন একমুহূর্তের জন্য স্থবির হয়ে গেল দীঘির ভেতরটা। সে অবিশ্বাসভরা চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল পুরুষটির দিকে। থমকে যাওয়া কণ্ঠে সে অবিশ্বাসের সুরে বলে উঠল,

“তুমি... তুমি কী বলতে চাইছো?”

তাহসিনের তার ক্লান্ত, পোড়খাওয়া চোখ দুটোতে তখন এক অদ্ভুত স্থিরতা, অনুশোচনা আর সুগভীর অধিকারবোধ ঝুলে আছে। দিগন্তকে এক হাতে শক্ত করে বুকে জড়িয়ে ধরে, দীঘির চোখের দিকে সরাসরি তাকিয়ে সে জবাব দিল,

“তেমন কিছুই নয়, ম্যাম... এই সমাজের সব ভণ্ডুলতা পেরিয়ে, আপনার সমস্ত ঘৃণা আর ক্ষোভ মাথায় নিয়ে--আমার অর্ধাঙ্গিনীর আসনে এবং আমার সন্তানের একমাত্র মায়ের মর্যাদায় আমি কেবল আপনাকেই চাই।”

আপনারা দিন দিন রেসপন্স কমাচ্ছেন। আমি রানিং গল্পের জন্য পাণ্ডুলিপি শেষ করতে পারছি না। এভাবে রেসপন্স কমতে থাকলে সপ্তাহে একটা করে পর্ব দেব। কারণ পেইজের রিচ ধরে রাখার জন্যই নিয়মিত দিচ্ছি। দুটো মিলিয়ে প্রেশার পড়ে। তাই রেসপন্স করিয়ে সকলে! নাহলে সত্যিই সপ্তাহে একটা করে দেব, এত প্রেশার নেওয়া সম্ভব হবে না।

চলবে...

/

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 62 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন