ফন্ট সাইজ:
থিম:
বর্ষা হিমেলের প্রেমের ছোঁয়া

পর্ব 10

লেখক: Shimla simu

বর্ষা হিমেলের প্রেমের ছোঁয়া

পর্ব : ১০

চোখের উপরে বারবার চুল এসে পড়ায় ভ্যানটি হিমেল দেখতে পায়নি।

ব্যথায় হিমেলের মুখ দিয়ে অস্ফুট স্বরে শুধু বেরিয়ে এলো—

—আম্মা!

ভ্যানচালকটি দৌড়ে এগিয়ে এসে কাঁটাঝোপের ভেতর থেকে হিমেলকে টেনে তুলল।

লোকটি দেখল, হিমেলের কপাল বেয়ে রক্ত ঝরছে। সাদা শার্টের ডান হাতের পাশটা ছিঁড়ে গেছে। পিঠের দিকেও বেশ কয়েকটি কাঁটা বিঁধে আছে। সাদা শার্টের ওপর রক্তের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।

লোকটি হিমেলকে পাশের একটি গাছের গুঁড়ির ওপর বসিয়ে দিল। তারপর ভ্যানের সামনে রাখা কাপড়ের ব্যাগ থেকে পানির বোতল বের করে তার হাতে ধরিয়ে দিল।

হিমেল কয়েক ঢোক পানি খেয়ে উঠে দাঁড়াতে চাইলে লোকটি হাত তুলে তাকে থামিয়ে বলল,

—এমন কইরা কেউ সাইকেল চালায় বাবা? আল্লাহ বাঁচাইছে, তাই বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। তা এমন কইরা ছুটতাছিলা ক্যা? কই যাইবা তুমি?

কপাল বেয়ে রক্ত ঝরলেও সেদিকে ভ্রুক্ষেপ না করে হিমেল বলল,

—পাশের গেরামে একজন নামকরা ডাক্তার বসেন। তার কাছেই যামু।

লোকটি আরও কিছু বলতে চেয়েও থেমে গেল। হিমেল ধীরে ধীরে গাছের গুঁড়ি থেকে উঠে দাঁড়াল। শরীরজুড়ে কাঁটার আঘাত, কপাল বেয়ে ঝরে পড়া রক্ত—কোনোটার দিকেই যেন তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত মনোযোগ তখন একটা দিকে—যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছানো।

—তা ভালো থাইকেন চাচা, আমার মেলা তারা আছে।

কথাটা বলেই হিমেল আর এক মুহূর্তও দেরি করল না। তাড়াহুড়ো করে সাইকেলে উঠে প্যাডেলে চাপ দিতেই সাইকেলটা ছুটে চলল গ্রামের পথ ধরে। যেন প্রতিটি মুহূর্ত তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

আগের মতো বেপরোয়া গতিতে নয়, এবার একটু ধীরেই চালাচ্ছিল সে। তবু তার তাড়া যেন একটুও কমেনি। সারা শরীরে কত যে কাঁটা বিঁধে আছে, সেখান থেকে রক্ত ঝরছে—সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে হিমেল সাইকেলটা নিয়ে আবার ছুটে চলল পাশের গ্রামের দিকে।

---

রায়হানদের গ্রামের একমাত্র ডাক্তার তিনি। তাই ডাক্তারঘরটা খুঁজে পেতে হিমেলের খুব একটা বেগ পেতে হলো না।

ডাক্তারঘরে ঢুকেই হিমেল হাঁপাতে হাঁপাতে ছোঁয়ার জ্বরের কথা জানাল। ডাক্তার মনোযোগ দিয়ে সবকিছু শুনে প্রয়োজনীয় ওষুধ দিলেন।

ডাক্তার ভালো করে তাকিয়ে দেখলেন, হিমেলের কপাল আর হাত বেয়ে রক্ত ঝরছে। শরীরের বিভিন্ন জায়গায় কাঁটার আঁচড় ও ক্ষতও রয়েছে। সবকিছু দেখে তিনি চিন্তিত গলায় বললেন—

—এই অবস্থায় তুমি আগে নিজের চিকিৎসা করাও বাবা। এসো, ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দিই।

কিন্তু হিমেল যেন এসব শোনার অবস্থায় নেই। ছোঁয়ার কথা মনে পড়তেই তার ভেতরের অস্থিরতা আরও বেড়ে গেল।

—না ডাক্তার কাকা, আমার কিছু হয় নাই। এই ওষুধগুলার দাম কত?

ডাক্তার কয়েকবার তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু হিমেল আর সময় নষ্ট করতে রাজি হলো না। তাড়াহুড়ো করে ওষুধের দাম মিটিয়ে হাতে ওষুধের প্যাকেটটা নিল।

—ভালো থাইকেন, ডাক্তার কাকা।

কথাটা বলেই হিমেল বেরিয়ে এল ডাক্তারঘর থেকে। সাইকেলে উঠে ওষুধের প্যাকেটটা শক্ত করে হাতে ধরে আবার নিজের গ্রামের পথ ধরল।

শরীরের ব্যথা তখনও টের পাচ্ছে হিমেল। কপালের রক্তটুকু ততক্ষণে শুকিয়ে ক্ষতের চারপাশে লেগে আছে। তবু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার মাথায় তখন একটাই চিন্তা—যত দ্রুত সম্ভব ছোঁয়ার কাছে ওষুধ নিয়ে পৌঁছাতে হবে।

---

এবারও সেই ঝড়ের বেগেই সাইকেল চালাতে লাগল হিমেল।

ছোঁয়াদের বাড়ির উঠানে এসে সাইকেলটা থামাল হিমেল। সাইকেল থেকে নামারও যেন শক্তি নেই তার। হাঁপাতে হাঁপাতে পাগলের মতো ডাকতে শুরু করল হিমেল।

হিমেলের কণ্ঠে এমন অস্থিরতা ছিল যে, তাসলিমা বেগম ছোঁয়ার ঘর থেকে প্রায় দৌড়ে বেরিয়ে এলেন।

উঠানে পা রাখতেই হিমেলের করুণ অবস্থা দেখে তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন,

—হায় আল্লাহ! এ কী হইছে হিমেল তোর! কেউ তাড়াতাড়ি আয়, ওরে ধর!

তাসলিমা বেগম ছুটে গিয়ে হিমেলকে ধরে ফেললেন। কাছে আসতেই তাঁর বুকটা কেঁপে উঠল। হিমেলের ডান পাশের কপালের কাছে শুকিয়ে লেগে থাকা রক্তের ওপর দিয়েই আবার টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। আর বাম হাতের ক্ষত থেকে অঝোরে রক্ত ঝরছে। রক্তে হাতের একটা অংশ প্রায় ভিজে গেছে। সাদা শার্টটাও জায়গায় জায়গায় রক্তে লাল হয়ে উঠেছে।

তাসলিমা বেগমের চিৎকার শুনে ঘরের ভেতর থেকে একে একে সবাই বেরিয়ে এল।

আলেয়া বেগম হিমেলের অবস্থা দেখে আঁতকে উঠে বললেন,

—হায় আল্লাহ! কেমনে হইলো এমন?

তাসলিমা বেগমের সঙ্গে সালেহা খাতুনও এগিয়ে এলেন। দুজন মিলে হিমেলকে ধরে কোনো রকমে ঘরের ভেতর নিয়ে গিয়ে বসালেন।

তাসলিমা বেগম তাড়াতাড়ি নাজমা বেগমের হাতে ওষুধের প্যাকেটটা দিয়ে বললেন গরম পানি করতে।

নাজমা বেগম সঙ্গে সঙ্গে চুলায় পানি বসিয়ে দিলেন। এদিকে বিপাশা দৌড়ে তার ঘর থেকে স্যাভলন নিয়ে এল।

হিমেলের গা থেকে রক্তে ভেজা সাদা শার্টটা খুলে ফেললেন তাসলিমা বেগম। তারপর একে একে তার হাত-পা, পিঠ আর শরীরের বিভিন্ন জায়গা থেকে ছোট-বড় কাঁটা বের করতে লাগলেন।

ব্যথায় হিমেলের মুখটা কুঁচকে যাচ্ছিল। তবু মুখ দিয়ে কোনো শব্দ বের করল না সে। শুধু মাঝে মাঝে চোখ দুটো শক্ত করে বন্ধ করে দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করছিল।

কিছুক্ষণ পর নাজমা বেগম কুসুম গরম পানি এনে তাতে স্যাভলন মিশিয়ে দিলেন। তাসলিমা বেগম আর সালেহা খাতুন মিলে ধীরে ধীরে হিমেলের শরীরের রক্ত আর ময়লা মুছে দিতে লাগলেন।

এতক্ষণ হাফিজুল ইসলাম বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে ফিরে উঠানের এমন হইচই দেখে দ্রুত ঘরের ভেতর ঢুকলেন। হিমেলের অবস্থা চোখে পড়তেই তাঁর মুখটা গম্ভীর হয়ে গেল।

—এই অবস্থা কেমনে হইলো তোর?

হিমেল কোনো উত্তর দিল না।

হাফিজুল ইসলাম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে একটু রাগের সুরেই বললেন,

—নিজের শরিলডার পতি কোনো মায়া নাই তোর? এমন কইরা কেউ ছুটাছুটি করে?

কথা বলতে বলতেই তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পর হাতে রক্ত বন্ধ করার ওষুধ নিয়ে ফিরে এলেন। হিমেলের কপালের ক্ষতটা ভালোভাবে দেখে সেখানে ওষুধ লাগিয়ে পরিষ্কার কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দিলেন।

ঘরের একপাশে তখন নীরবে দাঁড়িয়ে আছে ছোঁয়া।

পর্দার আড়াল থেকে দুর্বল শরীরটা আড়াল করে রেখেছে সে। পাশে দাঁড়িয়ে থাকা মায়া ছোঁয়াকে দুই হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে আছে। চোখ দুটো স্থির হয়ে আছে শুধু হিমেলের দিকে।

হিমেলের শরীরের প্রতিটি ক্ষত যেন ছোঁয়ার বুকের ভেতর এসে বিঁধছে।

নিজের চোখের পানি আটকাতে পারল না সে। অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে।

মনে মনে নিজেকেই ধিক্কার দিতে লাগল ছোঁয়া।

তার জন্যই তো আজ হিমেলের এই অবস্থা।

শুধু তাকে সুস্থ করার জন্যই ছুটতে গিয়ে এতটা আহত হয়েছে হিমেল।

এদিকে তাসলিমা বেগম বিপাশাকে বললেন,

—বিপাশা, এক গেলাস গরম দুধ আন তো। হিমেলরে খাওয়াইতে হইবো।

বিপাশা সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকে ছুটে গেল। কিছুক্ষণ পর গরম দুধ এনে হিমেলের হাতে দিল।

হিমেল ধীরে ধীরে দুধটুকু খেয়ে নিল।

তারপর হাফিজুল ইসলাম তাসলিমা বেগমের দিকে তাকিয়ে বললেন,

—ছোঁয়া মা, হিমেলরে ছোঁয়ার ওষুধের থিকা একটু খাওয়াইয়া দিও। বেতায় রাইতে জ্বর আইতে পারে।

তাসলিমা বেগম মাথা নাড়লেন।

ওষুধ খাওয়ার পর হিমেল একটু স্বাভাবিক বোধ করতেই উঠে দাঁড়ানোর চেষ্টা করল।

—চাচি আমি এহন বাড়ি যাই আম্মা চিন্তা করবো । আপনে ছোঁয়ার কাছে যান গা।

কথাটা শুনে হাফিজুল ইসলাম সঙ্গে সঙ্গে ধমকের সুরে বললেন,

—এহন কোনোখানে যাইতে পারবি না তুই! এই শরীর লইয়া আবার বাড়ি যাইবি কেমনে? একটু ঘুমা। বিকালের দিকে বাড়িতে যাইস।

হাফিজুল ইসলামের কথার ওপর হিমেল আর কোনো কথা বলল না।

চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল সে।

চলবে.............
শিমলা সিমু

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 10 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন