ফন্ট সাইজ:
থিম:
বর্ষা হিমেলের প্রেমের ছোঁয়া

পর্ব 9

লেখক: Shimla simu

বর্ষা হিমেলের প্রেমের ছোঁয়া

পর্ব: ৯

ফজরের নামাজ আদায় করে বাড়ি থেকে আমন ধানের চারাগুলো হাতে নিয়ে সেই সকালেই জমির দিকে চলে এসেছে হিমেল। জমি থেকে অতিরিক্ত পানিগুলোও সেচে ফেলেছে। পরনে তার কালো শার্ট আর সাদা লুঙ্গি। লুঙ্গিটা অবশ্য হাঁটু পর্যন্ত তুলে দুপাশের কাপড় একসঙ্গে করে সামনে গিঁট দিয়ে রেখেছে। মাথায় বেঁধেছে লাল সাদা চেকের গামছা।

হিমেলকে দেখতে বেশ সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে একদম খাঁটি কৃষক। একমনে সারি সারি ধানের চারাগুলো রোপণ করে যাচ্ছে। জমিটা খুব বেশি বড় নয়। ছোট হওয়ায় সে একাই কাজটা শেষ করতে পারবে, তাই আর কোনো লোক রাখেনি। অযথা বাড়তি লোক রেখে লাভ কী? শুধু শুধু আরও টাকা দিতে হবে।

হিমেল এমনই—যে কাজ সে নিজেই করতে পারে, সেটার জন্য অন্য কাউকে ডাকে না। আর নিজের কাজের পাশাপাশি অন্যদের কাজও বিনা পয়সায় করে দেয়।

আস্তে আস্তে সূর্যের আলোর তেজ বাড়ছে। হিমেল অনুমান করল, হয়তো বেলা সাড়ে দশটা কিংবা এগারোটা বেজে গেছে। সকালের খাবার এখনো তার পেটে পড়েনি। তাই সে ভাবল, জমির অর্ধেকটাতে চারা রোপণ করা হলে বাকিটা পরে এসে করবে।

ধানখেতের কাদামাটির সরু রাস্তা ধরে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে হিমেল।

------------------------

বাড়িতে এসে সোজা কুয়োর পারে গেলো হাত-মুখ ধুতে। কিছুক্ষণ পরেই ওর মা ভাত বেড়ে দিলো। হিমেল খাচ্ছে, আর পাশে বসে ওর মা হাতপাখা দিয়ে বাতাস করছে।

হঠাৎ পাশের বাড়ি থেকে ঝগড়ার শব্দ শুনতে পেল হিমেল। মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,

—আম্মা, কী হইছে?

—কী আবার হইবো, সেই একই কাণ্ড?

—ক্যান, কার লগে লাগছে আবার?

রাবেয়া বেগম বললেন,

—ফরিদের বউ আর ওর আম্মার সাতে ঝগড়া হইতাছে। কয়দিন পরপরই লাগে।

একটু থেমে রাবেয়া বেগম আবার বললেন,

—তাগো টানাপোড়েনের সংসার। ফরিদ তো বাড়িতে থাহেই না, অন্য গেরামে কাম করে। যা জারজগার হয়, সব বাড়িতে পাঠাইয়া দেয়। কিন্তু পোলাডা জানেই না যে, ওর বউ তার আম্মারে দেখবারই পারে না। ফরিদের আম্মাডা বুইড়া মানুষ। দুইডা ভাতের লিগা পোলার বউয়ের সব কাম কইরা দেয়। মাঝে সাঝে ফরিদের বউ চাচির গায়েও হাত তোলে। আর এতকিছুর পরেও পোলার বউ তারে ঠিকমতোন পেট ভইরা খাওন দেয় না। তাই আমিই মাঝে সাঝে ফরিদের আম্মারে ডাক দিয়া কয়ডা খাওন দেই। বুইড়া মানুষ, চোহের পর এসব দেখতেও কষ্ট লাগে।

থালা-বাসন আছড়ানোর শব্দ আরও জোরে কানে আসতেই হিমেল আর ওর মা ফরিদদের বাড়ির দিকে গেল।

সেখানে গিয়ে দেখল, ফরিদের বউ রাগে ফুঁসতে ফুঁসতে বলছে,

—আমি কাউরে বসাইয়া বসাইয়া ভাত দিবার পারমু না। ভাত খাইতে হইলে কাম কইরা খাওন লাগবো। খালি আমি পুরা দিন খাইটা মরমু, আর মাইনষেরা পায়ের উপর পা তুইল্যা ভাত গিলবো, তা চলবো না।

হিমেলের মা কাছে গিয়ে জিজ্ঞেস করল,

—কী হইছে বৌ? সবকিচ্ছু এমন কইরা ফালাইতেছো ক্যা?

ফরিদের বউ কোনো উত্তর না দিয়ে রাগে মুখ ঘুরিয়ে সেখান থেকে সরে গেল।

ফরিদের আম্মা তখন হিমেলের মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন,

—আইজক্য গাওডার মধ্যে মেলা বিশ লাগতাছে। তাই বিছানা থেইকা উঠতে দেরি হয়া গেছে। কোনো কামও করবার পারি নাই। তাই ওমন করতাছে।

হিমেলের মা সঙ্গে সঙ্গে তার গায়ে হাত দিয়ে দেখল। সত্যিই গায়ে অনেক জ্বর।

সেখানে আর কোনো কথা না বাড়িয়ে রাবেয়া বেগম ফরিদের বউকে বললেন,

—চাচি মা আইজ থেইক্যা আমাগো বাড়িতেই থাকবো। তুমি মা তোমার সংসারের কাম একলাই করো।

কথাটা বলেই রাবেয়া বেগম ফরিদের আম্মাকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে এলেন। পিছন পিছন হিমেলও চলে এল।

বিকেল হতেই ফরিদের আম্মার জ্বর অনেকটাই কমে গেল। তিনি বাড়ি ফিরে যেতে চাইলেন, কিন্তু রাবেয়া বেগম কিছুতেই যেতে দিলেন না।

—বাড়িতে আগে ফরিদ আহুক। সবকিছু হুনবো, দেখবো। তারপর দেহন যাইবো।

জমিতে সব চারা রোপণ করে হিমেল বাড়িতে ফিরে এসে দেখল, তাদের উঠানে বসে দুজন ভিক্ষুক ভাত খাচ্ছে। আর পাশে বসে আছেন রাবেয়া বেগম।

হিমেল হাত-মুখ ধুয়ে বারান্দায় এসে বসল। কিছুক্ষণ পর ভিক্ষুক দুজন ভাত খাওয়া শেষ করে উঠে চলে গেল।

হিমেল একনজর সেদিকে তাকিয়ে মাকে বলল,

—দেহ আম্মা, কেমনে চইল্যা গেলো! একটু দুয়াও করল না।

হিমেলের কথা শুনে রাবেয়া বেগম হেসে বললেন,

—পাগল বাপ আমার! বেচারা দুইজন দুইদিন ধইরা কিছুই খায় নাই। ওগোরে দুইডা খাওন খাওয়াইতে পারছি, তাতেই আমি মেলা খুশি।

-----------------------

একটানা আরও তিন দিন বৃষ্টি হলো। জনজীবন কেমন যেন থমকে গেছে। এখন বৃষ্টি থেমে গেলেও ভেজা আবহাওয়া, চারপাশে কাদা-মাটির গন্ধ আর আকাশজুড়ে ছেঁড়া ছেঁড়া কালো মেঘ ভেসে বেড়াচ্ছে।

বাতাসে শীতের আমেজ।

হিমেল ওর জমির পাশে উঁচু করে একটা মাচা তৈরি করেছে। এখন সে সেখানেই বসে পা দোলাচ্ছে আর বাঁশি বাজাচ্ছে।

এই কাঠের বাঁশিটা ওর দাদা আমজাদ সিকদারের ছিল। লোকটার বাঁশি বাজানোর প্রতি অন্য রকমের ভালো লাগা ছিল। সেই কারণেই এই বাঁশিটা কমেলা ভানু খুব যত্ন করে রেখে দিয়েছিলেন।

হিমেল বড় হওয়ার পর এই বাঁশিতে সুর তোলার চেষ্টা করত, কিন্তু বাজাতে পারত না। তবে এই বকুলতলী গ্রামে মাঝে-মধ্যেই একজন বাউল আসে, আর তার সঙ্গে হিমেলের বেশ খাতির। তার কাছ থেকেই বাঁশি বাজানো শিখেছে হিমেল।

বাঁশিটা একপাশে রেখে মাচার ওপরেই শুয়ে পড়ল।

মুখটা আকাশের দিকে করে চোখ দুটো বন্ধ করে ছোঁয়ার কথা ভাবছে হিমেল। ছোঁয়ার কথা মনে পড়তেই হিমেলের ঠোঁটে ফুটে উঠল এক মায়াবী হাসি।

হিমেল মনে মনে ঠিক করল, একবার ছোঁয়াদের বাড়িতে যাবে। ঘুরতে যাওয়ার পর থেকে তাদের আর দেখাও হয়নি, কথাও হয়নি। ছোঁয়ার জন্য মনটা তার ভীষণ অস্থির হয়ে উঠেছে।

এর মধ্যেই আকাশের মেঘ কেটে গিয়ে কড়া রোদ উঠেছে।

হিমেল বাড়ি ফিরে সাইকেলটা নিয়ে ছোঁয়াদের বাড়ির দিকে রওনা হলো।

ছোঁয়াদের বাড়ির সামনে এসে সাইকেল থামাল।

ভেতরে গিয়ে উঠানে গিয়ে হাফিজুল ইসলামকে ডাকল,

—চাচা, বাড়িতে কি আছেন?

হাফিজুল ইসলাম ভেতর থেকেই বললেন,

—ক্যাডা?

—আমি হিমেল, চাচা।

—আমার ঘরে আয় বাপ।

হিমেল ঘরে গিয়ে বসল।

হাফিজুল ইসলাম হিমেলকে জিজ্ঞেস করলেন,

—কিছু কইবি?

—না চাচা, এমনি আইছি। আপনারে মেলা দিন দেহি না। সেইদিন দাদি কইলো, আপনি শহরে গেছেন। তা চাচা, আপনার ব্যবসা কেমন চলতাছে?

—এই তো, আলহামদুলিল্লাহ ভালো।

হিমেল দেখল, হাফিজুল ইসলামের মনটা খারাপ। একটু আমতা-আমতা করে জিজ্ঞেস করল,

—আপনার কী কিছু হইছে চাচা? কোনো গুরুতর সমস্যা নাকি?

—আর বলিস না হিমেল, আমার মাইডার তিন দিন ধইরা জ্বর। মাথায় পানি ডালতাছে কত, কবিরাজ ডাকলাম, ঔষধ দিলো, কমলো না। পরে হাসপাতাল থেইক্যা ঔষধ আনলাম, তাও কিছুতেই কিছু হইতাছে না। এহন কী যে করি! ভাবতাছি, তয় একবার রাজধানীতে নিয়া যামু। কিন্তু তোর চাচি যাইতে নিষেধ করে। কয়, মাইয়ার দুর্বল শরীল নিয়া অত দূর যাওন লাগবোনা।

ছোঁয়ার জ্বর এসেছে—কথাটা শুনেই হিমেলের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। অকারণ এক অস্থিরতা মুহূর্তেই মনজুড়ে ছড়িয়ে পড়ল।

এখন সে কী করবে, সেটাই ভাবতে লাগল হিমেল।

তখনই হিমেলের বন্ধু রায়হানের কথা মনে পড়ল। কথায় কথায় একদিন রায়হান ওর চাচার কথা হিমেলকে বলেছিল। সে নাকি অনেক বড় ডাক্তার। বিদেশ থেকে ডাক্তারি পড়াশোনা করছে। এখন গ্রামের মানুষকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য ছোট একটা ডাক্তারের চেম্বার দিয়েছে। তবে রায়হানদের বাড়ি ওদের স্কুল ছেড়েও এক ঘণ্টার পথ যেতে হয়।

হিমেল আর একমুহূর্ত দেরি করল না। সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ল বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। হিমেল রায়হানদের বাড়িটা চেনে, একবার গিয়েছিল।

হিমেল সাইকেলটা পাগলের মতো ছুটিয়ে নিয়ে চলল। আর মনে মনে ছোঁয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগল।

এর মধ্যেই স্কুলের সীমানা পার হয়ে এসেছে। এত জোরে সাইকেলের প্যাডেল ঘুরাচ্ছে যে, যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে।

দ্রুত ছুটে চলা সাইকেলের সঙ্গে বাতাসের ঝাপটায় তার ঘাড় ছুঁইছুঁই চুলগুলো এলোমেলো হয়ে উড়ছিল।

পথে মোড় দেখতেই সাইকেলটা উদ্বিগ্ন মনে ঘুরাতে যাবে, হঠাৎ সামনের দিক থেকে ছুটে আসা ভ্যানগাড়ির সঙ্গে ওর সাইকেলের জোরে ধাক্কা লাগল।

সেই ধাক্কায় হিমেল রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ল।

চলবে ………………
শিমলা সিমু

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 9 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন