“মামা, আপনার পাছা চুলকে একটা স্পেশাল ঝালমুড়ি বানিয়ে দিন তো! আমাদের কলেজের নতুন স্যার, মেয়েদের দিলের ধারকান প্রফেসর মেহমেত হোসেন আলভীকে খাওয়াবো!”
ঝালমুড়ির ভ্যানের সামনে দাঁড়িয়ে শয়তানি হেসে কথাটা বলে নৌশি। নৌশির কথা শুনে ঝালমুড়িওয়ালা মামা প্রথমে থতমত খায়। তারপর মুখে একটা ক্যাবলা মার্কা হাসি ঝুলিয়ে অবিশ্বাসের সুরে বলেন,
— কী কন! মজা করতাছেননি?
নৌশি চোখ বড় বড় করে তাকিয়ে ড্রামাটিক লুক দেয়, যেন মামা পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য প্রশ্নটা করে বসেছে। নৌশি বলে,
— আরে না, মামা! মজা করব কেন? আসলেই পাছা চুলকে একটা স্পেশাল ঝালমুড়ি মাখা চাই। আলভী স্যারকে খাওয়াবো। ব্যাটাই আমাকে শান্তি দিতেছে না!
শেষ কথাটা বলতে গিয়ে নৌশির মুখ সামান্য বাঁকায়। আলভী তাকে এমনভাবে প্যারায় রাখে যে, সুযোগ পেলেই একটু আধটু প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জেগে ওঠে। এদিকে ঝালমুড়িওয়ালা মামার মুখের হাসি মিলিয়ে যায়। চারপাশে একবার তাকিয়ে নিচু গলায় বলেন,
— না মামা, আলভী স্যার জানলে আমার এখানে ব্যবসা করা মুশকিল হইয়া যাইবো!
কথাটা শুনে নৌশি মুখ বাকিয়ে বলে,
— মামা, এটা কিন্তু বেঈমানি হয়ে যাচ্ছে! এতদিন ধরে আপনার কাছ থেকে ঝালমুড়ি খাই, আর আজ নতুন একজনের কথা চিন্তা করে আপনি আমাকে মানা করছেন!
নৌশির কথা ঝালমুড়িওয়ালা মামা আরো অপ্রস্তুত হয়ে পড়ে। বলে,
— মামা, বুঝতাছো না! আলভী স্যার জানতে পারলে এখানে বসা মুশকিল হয়ে যাবে।
নৌশি ভ্রু কুঁচকে তাকায়।
— মামা, আপনি কথাটা বলতে পারছেন?
পাশে দাঁড়িয়ে থাকা সাবা এতক্ষণ ধরে দুজনের কথোপকথন শুনছে। সাবা চিন্তিত চোখে নৌশির দিকে তাকিয়ে আছে। মেয়েটা সত্যিই কি আলভীকে ঝালমুড়িওয়ালা মামার সেই বিখ্যাত পাছা চুলকানো ঝালমুড়ি খাওয়ানোর পরিকল্পনা করে ফেলেছে? সাবার মনে প্রশ্ন জাগলেও উত্তরটা তার অজানা না। নৌশি একবার যেহেতু বলেছে তার মানে হচ্ছেই!
রুদ্রিক কলেজের ভেতরে তাদের দুজনকে ঢুকিয়ে দিয়ে চলে যাওয়ার পর নৌশি হাজারটা বাহানা খুঁজে কলেজ থেকে বেরিয়ে এসেছে। সাথে সাবাকেও নিয়ে এসেছে।যদিও সাবা নৌশির এই কাজে রাজি না, তবু তাকে সাথ দিতে হচ্ছে। কারণ, সে যে নৌশির ক্রাইম পার্টনার! আর ক্রাইম পার্টনার হওয়ার সবচেয়ে বড় অসুবিধা হলো, নিজের ইচ্ছা না থাকলেও বন্ধুর শয়তানির ভাগীদার হতে হয়।
নৌশির একের পর এক অনুরোধ শুনে ঝালমুড়িওয়ালা মামা অবশেষে হাল ছেড়ে দিলেন। তবে পাছা চুলকে ঝালমুড়ি বানানোর মতো বিপজ্জনক কাজে রাজি না বরং অন্য একটা বুদ্ধি দিলেন। হেসে বলেন,
— মামা, আপনে কইলে ঝাল বাড়ায়া দিবো একদম নাগা মরিচ দিয়া। খাইলে মুখ সহ বাকি সব জ্বলবো!
কথাটা শুনে নৌশি কয়েক মুহূর্ত চুপ করে থাকে। মনে মনে হিসাবনিকাশ শুরু করে। এতক্ষণ ধরে ঝালমুড়িওয়ালা মামাকে কত অনুরোধ করেও লাভ হলো না। রাজি হলেন না। সাদামাটা ঝালমুড়ি থেকে নাগা মরিচের ঝালমুড়িই ভালো। কিন্তু পরমুহূর্তেই তার মাথায় আরেকটা চিন্তা আসে। মামা তো বললো, নাগা মরিচ দিলে মুখসহ সব জায়গা জ্বলবে! তার মানে? আলভী স্যারের পাছাও জ্বলবে! ব্যস! আর যায় কোথায়!
মুহূর্তেই নৌশির মুখে শয়তানি হাসি ফুটে উঠে। দাঁত কেলিয়ে হেসে বলে,
— দেন মামা! ইচ্ছামতো নাগা মরিচ দেন। মুড়ির থেকে নাগা মরিচ যেন বেশি হয়।
নৌশির কথা শুনে সাবার আর চুপ করে থাকা হলো না। সাথে সাথে নৌশির হাতে গুঁতো মেরে বিরক্ত গলায় বলে,
— নৌশি, এমনিতেই তুই আলভীর পাঙ্গা নিয়ে রেখেছিস। এর মধ্যে এটা করে আরো ঝামেলা বাড়াচ্ছিস!
সাবার কথায় নৌশি যেন আকাশ থেকে পড়ে। সে অবাক হয়ে তাকিয়ে বলে,
— ঝামেলা আমি করেছি? নাকি ওই ফালতুটা? কালকে দেখেছিসনি? আমাকে কী উল্টাপাল্টা কথা বলেছে? ছেড়ে দিবো নাকি?
কথাগুলো বলতে বলতে নৌশির চোখেমুখে সামান্য রাগ ফুটে উঠে। আলভীকে এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে সে না। অন্তত আজকের এই সুযোগটা তো কোনোভাবেই হাতছাড়া করা যায় না! সাবা নৌশির দিকে তাকিয়ে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। নৌশিকে বোঝানো আর দেয়ালের সাথে কথা বলা একই ব্যাপার। একবার যখন নৌশির মাথায় কোনো শয়তানি ঢুকে যায়, তখন পৃথিবীর কোনো যুক্তিই নৌশিকে সেই পথ থেকে সরাতে পারে না।
অবশেষে ঝালমুড়িওয়ালা মামা নাগা মরিচের পরিমাণে কোনো কার্পণ্য না করে ঝালমুড়ি বানানো শেষ করেন। তারপর প্যাকেটটা নৌশির দিকে বাড়িয়ে দিয়ে বলেন,
— মামা, আপনার ঝালমুড়ি।
নৌশি হাসিমুখে ঝালমুড়ির প্যাকেটটা হাতে নিয়ে মামাকে টাকা দিয়ে সাবাকে সাথে নিয়ে আবার কলেজে চলে আসে। কলেজে ফিরে ক্যাম্পাসের ভেতর দিয়ে হেঁটে নিজের ক্লাসরুমের ভবনের দিকে এগিয়ে যায় নৌশি। সাবা পাশে হাঁটতে হাঁটতে বারবার নৌশির দিকে তাকাচ্ছে। সাবার মনে একটাই চিন্তা নৌশির এই কান্ড শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়! ক্লাসরুমের ভবনের কাছে এসে নৌশি সিঁড়ি বেয়ে ওপরে ওঠার জন্য পা বাড়াতেই হঠাৎ সামনে পড়ে যায় সেই মানুষটা, যার জন্য এত আয়োজন! আলভী স্যার।
আলভী সিঁড়ি দিয়ে নিচে নামছিলো আর নৌশি তখনি তার সামনে এসে পড়ে। আলভীকে দেখে নৌশি ঠোঁটের কোণে টেনে আনে একগাল মিষ্টি হাসি। ঝালমুড়ির প্যাকেটটা হাতে নিয়ে একেবারে নিরীহ ভঙ্গিতে আলভীর দিকে তাকিয়ে নৌশি বলে উঠে,
— আরে স্যার! আপনার কাছেই যাচ্ছিলাম।
আলভীর চোখেমুখে রাগের স্পষ্ট ছাপ। নৌশি আর সাবাকে সামনে পেয়েই দাঁতে দাঁত চেপে বলে,
— কালকে তোমরা দুজন আমাকে যেভাবে ফাঁকি দিয়ে গেছো, তোমাদের আমি ছাড়বো না। চলো, প্রিন্সিপাল রুমে! টিসি দিয়ে কলেজ থেকে বের করাবো!
আলভীর এমন কড়া হুমকি শুনে নৌশি কিছু একটা বলতে যাচ্ছিলো কিন্তু তার আগেই আলভীর চোখ চলে যায় নৌশির পেছনের দিকে। সেখানে প্রিন্সিপাল স্যারকে দেখতে পেয়েই আলভী তৎক্ষণাৎ বলে উঠে,
— স্যার, আপনার কাছেই যাচ্ছিলাম এই মেয়ে দুটোকে নিয়ে!
নৌশি আর সাবা দুজনেই অবাক হয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখে প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছেন! প্রিন্সিপাল স্যার নৌশিকে দেখেই মৃদু হেসে উঠেন। তারপর আলভীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন,
— আলভী, কিছু বলতে হবে না ওদের। গার্ডিয়ান এসেছিল, আমি কথা বলেছি।
কথাটা বলেই প্রিন্সিপাল আর সেখানে দাঁড়ান না। সেখান থেকে চলে যান। প্রিন্সিপাল স্যার চলে যেতেই নৌশির মুখে ফুটে উঠে চিরচেনা দুষ্টু হাসি। আলভীকে বলে,
— স্যার, আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? তাহলে আপনি এমন পেছনে লেগে গেছেন কেন?
নৌশির কথা শুনে আলভীর রাগ আরো বেড়ে যায়। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে নৌশির মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলে,
— গার্ডিয়ান নিয়ে এসে এত খুশি? সামনে আর পালাবে না? নেক্সট টাইম ধরবো! ডিরেক্ট টিসি দিয়ে বের করব, এবং অন্য কলেজেও চান্স পাবে না! মাইন্ড ইট!
আলভীর একের পর এক হুমকি শুনেও নৌশির মুখের হাসি মলিন হয় না। উল্টো দুই হাতে ধরে রাখা দুটি ঝালমুড়ির প্যাকেটের মধ্যে ডান হাতের প্যাকেটটা আলভীর দিকে বাড়িয়ে দেয়। তারপর মিষ্টি হেসে বলে,
— স্যার, এই নিন ঝালমুড়ি। আপনার সঙ্গে আমার সব ঝামেলা শেষ করুন। ছোট্ট একটা ঘুষ দিলাম। স্যার, বাজেট কম, নয়তো রেস্টুরেন্টের বার্গার এনে আপনার সাথে ঝামেলা মিটমাট করতাম! খাবেন কিন্তু ঝালমুড়িটা।
কথাটা শেষ করে নৌশি আবারো মিষ্টি করে হাসে। এতক্ষণ যে মেয়েটাকে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছিলো, সেই মেয়েই কি না এখন তাকে ঘুষ দিয়ে ঝামেলা মেটাতে এসেছে! আলভী মুহূর্তের জন্য নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। নৌশির এমন অপ্রত্যাশিত ব্যবহার দেখে আলভী পুরোপুরি অবাক হয়ে যায়। তার চেহারায় জমে থাকা রাগটাও শান্ত হয়ে আসে।
আলভী অবাক চোখে নৌশির দিকে তাকিয়ে রইল। কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না।
নৌশি ঝালমুড়ির প্যাকেটটা আলভীর হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আলভী যখন বিস্ময়ের ঘোরে দাঁড়িয়ে আছে তখন নৌশি প্যাকেটটা আলভীর হাতে লাগিয়ে তাড়া দিয়ে বলে,
— স্যার, ধরুন! আমাদের ফাস্ট ক্লাস মিস হয়ে যাবে।
নৌশির তাড়াহুড়ো দেখে আলভী আর কিছু বুঝে উঠতে পারে না। কী হচ্ছে, কেন হচ্ছে, কিছুই তার মাথায় ঢুকছে না। তবুও ঝালমুড়ির প্যাকেটটা হাতে নিয়ে নেয়। আর প্যাকেটটা আলভী নিতেই নৌশি বিজয়ীর হাসি হেসে বলে,
— স্যার, যাই। আসসালামু আলাইকুম!
কথাটা বলেই আর এক মুহূর্তও দাঁড়ায় না নৌশি। সাবাকে সাথে নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করে। সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকা আলভী একবার ঘাড় ঘুরিয়ে নৌশির দিকে তাকায়। নৌশি তখন সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। আলভী কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে রইল। তারপর চোখ নামিয়ে নিজের হাতে থাকা ঝালমুড়ির প্যাকেটটার দিকে তাকায়। কী আশ্চর্য মেয়ে! যে মেয়েকে এতক্ষণ ধমকাচ্ছিল, যে মেয়েকে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছিল, সেই মেয়েই কি না উল্টো তাকে ঝালমুড়ি ধরিয়ে দিয়ে চলে গেছে!
আলভী সামান্য ভ্রু কুঁচকে প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের মনেই বিরবির করে বলে উঠে,
— এই মেয়েটা কী? আবার ঝালমুড়ি দিয়ে গেছে! পাগল একটা। পুরো আধা পাগল একটা মেয়ে!
----
রাত এখন সাড়ে এগারোটা। সারাদিনের ব্যস্ততা শেষে রুদ্রিক মাত্রই বাসায় ফিরেছে। রুমের দরজা খুলে ভেতরে পা রাখতেই তার বুটের নিচে পড়ে একটা চিপসের প্যাকেট কচমচ শব্দ করে উঠে। শব্দটা শুনে রুদ্রিক নিচে তাকায়। তারপর চোখ তুলে পুরো রুমের দিকে তাকাতেই তার কপালে বিরক্তির ভাঁজ পড়ে। শুধু তার পায়ের নিচেই নাো, পুরো রুমজুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে চিপস আর চকলেটের খালি প্যাকেট! এগুলো হচ্ছে সকালে নৌশিকে কিনে দেওয়া জিনিসগুলো।
রুদ্রিকের চোখ এবার নৌশিকে খুঁজে। বিছানার ওপর কম্বল মুড়ি দিয়ে কেউ একজন শুয়ে আছে। মুখটা পর্যন্ত দেখা যাচ্ছে না। রুদ্রিকের ধারণা, নৌশিই কম্বলের নিচে ঘুমাচ্ছে। রুমে ঢুকে মেডিকেল ব্যাগটা একপাশে রেখে রুদ্রিক বিরক্ত চোখে বিছানার দিকে তাকিয়ে বলে,
— রুমের অবস্থা কী করেছো? এই রুমে একটা মানুষও থাকে, শুধু তুমি একা অমানুষ না। উঠো! উঠে দ্রুত রুম পরিষ্কার করো। আজ আমি রুম পরিষ্কার করব না।
কিন্তু নৌশির কোনো সাড়াশব্দ নেই। সে আগের মতোই কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকে। রুদ্রিকের বিরক্তি আরো বেড়ে যায়। বিরক্তিতে 'চ' শব্দ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে,
— নৌশি, ফাস্ট ওঠো। উঠে পরিষ্কার করো। আমি চেঞ্জ করে এসে যেন দেখি রুম একদম নিট অ্যান্ড ক্লিন!
কথাটা বলেই রুদ্রিক সোজা আলমারির দিকে এগিয়ে যায়। আলমারি খুলে একটা টি-শার্ট আর ট্রাউজার বের করে হাতে নিয়ে ফিরে তাকাতেই দেখে, নৌশি আগের মতোই পড়ে আছে। রুদ্রিক এবার ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। এতবার ডাকার পরও উঠছে না কেন? ঘুমিয়ে থাকলে তো এতক্ষণে ঘুম ভেঙে যাওয়ার কথা! নিশ্চয়ই আবার নাটক করছে। টি-শার্ট আর ট্রাউজার বিছানার ওপর রেখে রুদ্রিক নৌশির দিকে ঝুঁকে পড়ে।
তারপর এক ঝটকায় কম্বলটা টেনে সরিয়ে দেয়। সাথে সাথেই নৌশির শরীর কেঁপে উঠে। কিন্তু নৌশি চোখ খুলে না। মুখটাও কেমন ফুলে আছে। নৌশিকে এমন অবস্থায় দেখেই রুদ্রিকের বুকটা ধক করে উঠে। দ্রুত বিছানায় উঠে নৌশির কপালে হাত রাখে। আর পরমুহূর্তেই রুদ্রিকের চেহারার রঙ উড়ে যায়। নৌশির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে! কপালে হাত রাখতেই বুঝতে পারে, তীব্র জ্বর উঠেছে। কম্বল সরে যাওয়ায় নৌশি শীতে বেহুঁশের মতো পড়ে থেকে কাঁপতে থাকে। রুদ্রিক তাড়াতাড়ি কম্ফোর্টার টেনে নৌশির পুরো শরীর মুড়িয়ে দেয়। তারপর নৌশির গালে আলতো করে হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে ডাকে,
— নৌশি? শুনছো? তোমার জ্বর আসল কীভাবে?
নৌশি কোনো কথা বলতে পারে না। শুধু আধখোলা চোখে পিটপিট করে তাকায়। কিন্তু বেশিক্ষণ চোখ খুলে রাখার শক্তিটুকু নৌশির নেই। কয়েক মুহূর্তের মধ্যেই আবার চোখ বন্ধ করে ফেলে। নৌশির এমন অবস্থা দেখে রুদ্রিকের বুকের ভেতরটা কাপতে থাকে। কিছুক্ষণ আগে রুমের অবস্থা দেখে রেগে আগুন হয়ে ছিলো রুদ্রিক, এখন সেই রাগের লেশমাত্র নেই। সেখানে জায়গা করে নিয়েছে তীব্র উদ্বেগ। রুদ্রিক আবারো প্রশ্ন করে,
— সকালে তো ঠিক ছিলে। জ্বর কখন আসল?
নৌশি কষ্ট করে আবার চোখ খুলে। ঝাপসা দৃষ্টিতে সামনে তাকাল নৌশি। স্পষ্ট করে কিছু দেখতে না পেলেও সামনে যে রুদ্রিক রয়েছে, তা বুঝতে পারে। কিছু একটা বলার জন্য নৌশি ঠোঁট নাড়ায় কিন্তু কথা বলার আগেই ভেতর থেকে বমির ভাবটা উথলে উঠে। রুদ্রিকের উদ্বেগ আরো বেড়ে যায়। রুদ্রিক তাড়াতাড়ি নৌশির পিঠে হাত রেখে নৌশিকে সামান্য উঠে বসিয়ে পেছন থেকে ধরে বলে,
— কী হয়েছে? বমি করবে?
নৌশি কোনোমতে মাথা ওপর নিচ করে সম্মতি জানায়।
রুদ্রিক আর দেরি করে না। বাঁ হাত দিয়ে নৌশিকে নিজের বুকের সাথে চেপে ধরে আছে রুদ্রিক। আর ডান হাতটা নৌশির মুখের সামনে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলে,
— আমার হাতের ওপর বমি করে দাও। কিছু হবে না।
নৌশি দুর্বলভাবে মাথা নাড়িয়ে বোঝাতে চাইল, না। সে কিছু একটা বলারও চেষ্টা করে কিন্তু মুখ দিয়ে শব্দ বের হয় না। পরমুহূর্তেই আর নিজেকে সামলাতে পারে না নৌশি। গরগর করে বমি করে দেয় রুদ্রিকের ওপর! নৌশি বমি করতে করতেই কেঁদে উঠে। নৌশি বুঝতে পারছে, রুদ্রিকের ওপরই বমি করে দিয়েছে! শরীরটাও প্রচুর দুর্বল লাগছে আবার রুদ্রিকের ওপর বমি করে দিয়েছে, এসব ভেবে কষ্টে শব্দ করেই কেঁদে উঠে নৌশি। নৌশির কান্না শুনে রুদ্রিকের বুকটা মোচড় দিয়ে উঠে। সে বাঁ হাত দিয়ে নৌশির মাথায় আলতো করে হাত বুলিয়ে শান্ত গলায় বলে,
— কিছু হয়নি। কাঁদছো কেন, বোকা মেয়ে?
বমি করতে করতে নৌশির শরীর একেবারে নিস্তেজ হয়ে গেছে। চোখে পানি নিয়ে নৌশি কাঁদতে কাঁদতে বলে,
— আমার শরীর অনেক খারাপ লাগছে।
রুদ্রিক ডান হাত দিয়ে নৌশির গালে আলতো করে হাত রেখে আদুরে স্বরে বলে,
— কেঁদো না, নাবু। কিছু হবে না। বমি করলে শরীর হালকা লাগবে।
রুদ্রিকের কথা শেষ হতে না হতেই নৌশি আবারো গড়গড় করে বমি করে দেয়। বমি শেষে হাঁপাতে থাকে। একই সাথে কেঁদেও চলেছে। কান্না থামছেই না। কম্ফোর্টারটা বমিতে নষ্ট হয়ে গেছে। রুদ্রিক নিজের দিকে তাকিয়ে দেখে, তার শার্ট-প্যান্টের প্রায় পুরোটা বমিতে ভরে গেছে। বমির মধ্যে চিপস, চকলেট আর ঝালমুড়ির অংশ দেখে রুদ্রিক বুঝতে পারে, নৌশির বদহজম হয়েছে। সারাদিনে যা যা খেয়েছে, সবই পেট থেকে বেরিয়ে এসেছে। আর এত সব আজেবাজে খাবার একসঙ্গে খাওয়ার ফলেই যে এমন হয়েছে, তা বুঝতে তার বাকি থাকে না।
নৌশি আবারো কেঁদে উঠে। রুদ্রিক নৌশির মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে,
— নাবু, ভয় পাচ্ছো কেন? কিছু হয়নি। তুমি একটু বসো। আমি শার্টটা বদলে আসছি।
নৌশি ধীরে ধীরে রুদ্রিকের কাছ থেকে সরে আসে। রুদ্রিক সাবধানে বিছানা থেকে নামে। নিজের সাথে বমিতে ভেজা কম্ফোর্টারটাও নামিয়ে নেয়, যাতে রুমের অন্য কোথাও বমি না লাগে। তারপর কম্ফোর্টারটা নিচে রেখে ওয়াশরুমে গিয়ে শার্ট খুলে হাত ধুয়ে নেয়। এরপর আলমারি থেকে আরেকটা কম্ফোর্টার বের করে এনে নৌশির গায়ে জড়িয়ে দেয়। নৌশির শীত করছে, তাই তাকে ঢেকে দেওয়া জরুরি।
তারপর রুদ্রিক ওয়াশরুমে ফিরে গিয়ে কাপড় বদলে গোসল করে নেয়। সব মিলিয়ে বড়জোর পাঁচ মিনিট।নৌশির চিন্তায় ঠিকমতো গোসলও করে না রুদ্রিক। ওয়াশরুম থেকে বেরিয়ে চুলও ভালো করে মুছে না।
দ্রুত এক গ্লাস পানি ঢেলে নৌশির পাশে এসে বসে নৌশির গালে আলতো করে হাত রেখে ডাকে,
— নৌশি? পানি এনেছি। কুলি করো?
জ্বরের তীব্রতায় নৌশিকে বেহুঁশের মতো দেখাচ্ছে, যদিও সে অচেতন হয়নি। বমি করার পর মুখ পরিষ্কার করা দরকার। তাই রুদ্রিক আস্তে করে ধরে বসিয়ে দেয়। পেছনে একটা বালিশও দিয়ে দেয়, যাতে নৌশি হেলান দিয়ে থাকতে পারে। নৌশি বালিশে ভর দিয়ে বসে পানি নিয়ে কুলি করে তারপর কুলির পানি ডাস্টবিনে ফেলে দেয়। রুদ্রিক গ্লাসটা রেখে উঠে যায় কিছুক্ষণ পর একটা কাপড় ভিজিয়ে এনে নৌশির মুখ, গলা আর হাত মুছে দেয় যত্ন করে। মোছা শেষ হলে কাপড়টা রাখার জন্য উঠে দাঁড়াতে যাচ্ছিল রুদ্রিক তখনি নৌশি বলে উঠে,
— আমার ক্ষিদে পেয়েছে অনেক!
রুদ্রিক কথাটা শুনে নৌশির উপর আরো বেশি মায়া লাগে। মেয়েটা এতক্ষণ ধরে যা খেয়েছে, সবই তো বমি করে দিয়েছে! রুদ্রিক মৃদু স্বরে বলে,
— লাগবে না ক্ষিধে? সারাদিনে যা খেয়েছিলে, সব বমি করে দিয়েছো।
তারপর নৌশির গালে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করে,
— কী খাবে? কি আনবো?
নৌশি অবুঝ বাচ্চার মতো আস্তে করে বলে,
— দুধ ভাত।
কথাটা শুনে রুদ্রিক অবাক চোখে নৌশির দিকে তাকিয়ে বলে,
— দুধ দিয়ে ভাত খাবে?
নৌশি রুদ্রিকের কথায় মাথা নাড়ে। রুদ্রিক মৃদু স্বরে বলে,
— আচ্ছা। বসো, নিয়ে আসছি।
কথাটা বলেই রুদ্রিক রুম থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নেমে বাঁ দিকে ডাইনিং রুম পেরিয়ে সোজা কিচেনের দিকে এগিয়ে যায়। ডাইনিং টেবিলে বসে ছিলেন রেজওয়ান মির্জা আর ফাহমিদা আইরিন। ওনারাও হাসপাতাল থেকে মাত্রই ফিরেছেন। এখনো খাওয়া হয়নি, তাই খেতে বসার প্রস্তুতি নিচ্ছিলেন। রুদ্রিককে দেখে ফাহমিদা আইরিন বলে উঠেন,
— আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম।
রুদ্রিক থেমে মায়ের দিকে তাকায়। তারপর শান্ত গলায় বলে,
— আমি পরে খাবো। তোমরা খেয়ে নাও।
কথাটা বলেই আর দাঁড়ায় না রুদ্রিক। দ্রুত পায়ে কিচেনের দিকে এগিয়ে যায়। কিচেনে গিয়ে দেখে, বাড়ির তিনজন হেল্পিং হ্যান্ড খাবার গরম করার কাজে ব্যস্ত। রুদ্রিককে দেখেই তাদের একজন জিজ্ঞেস করে,
— স্যার, কিছু লাগবে?
রুদ্রিক গম্ভীর গলায় বলে,
— আপাতত কিচেনটা খালি করেন।
রুদ্রিকের কথা শুনে তিনজনই আর কোনো প্রশ্ন না করে কিচেন থেকে বেরিয়ে যায়। এবার রুদ্রিক ফ্রিজ খুলে দুধের প্যাকেট বের করে একটা সসপ্যানে দুধ ঢেলে চুলায় বসিয়ে গরম করতে থাকে। দুধ গরম হয়ে গেলে ডাইনিং রুমে ফিরে আসে। এসে দেখে, ফাহমিদা আইরিন আর রেজওয়ান মির্জা কেউই এখনো খেতে বসেননি। রুদ্রিক সেদিকে বিশেষ পাত্তা দেয় না। একটা প্লেটে ভাত তুলে আবার কিচেনে যায়। সেখানে গরম দুধ ঢেলে ভাতের প্লেট নিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসতে যাবে, তখনি ফাহমিদা আইরিন অবাক চোখে প্রশ্ন করেন,
— দুধভাত কার জন্য?
রুদ্রিক ছোট করে বলে,
— নাবিহার জন্য।
ব্যস, এতটুকুই। বাড়তি একটা কথাও বলে না। তারপর দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। কারণ, ওপরে নৌশি একা জ্বর নিয়ে পড়ে আছে। তার ওপর মেয়েটা আবার ক্ষুধার কথাও বলেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব খাবার নিয়ে তার কাছে পৌঁছানো দরকার। রুমে ঢুকেই রুদ্রিক দেখে, নৌশি কম্বল মুড়ি দিয়ে একেবারে মিইয়ে পড়ে আছে। শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে।রুদ্রিক তাড়াতাড়ি প্লেটটা পাশে রেখে নৌশিকে সাবধানে তুলে বসায়।
নৌশি কম্বলটা শরীরের সঙ্গে আরো শক্ত করে জড়িয়ে মিইয়ে বসে রইল। জ্বরে তার মুখ গরম হয়ে আছে, শ্বাসও গরম। চোখ মেলে তাকানোর শক্তিটুকুও নেই। নৌশিকে এমন অবস্থা দেখে রুদ্রিকের বুকের ভেতরটা অস্থির হয়ে আছে। তার চেহারায় দুশ্চিন্তা, উদ্বেগ আর অশান্তির স্পষ্ট ছাপ। রুদ্রিক আবার প্লেটটা হাতে তুলে নিয়ে আলতো হাতে দুধভাত মেখে নৌশির মুখের সামনে ধরে বলে,
— হা করো নৌশি।
নৌশি ধীরে ধীরে মুখ হাঁ করে। রুদ্রিকের হাত থেকে খাবারটুকু মুখে নিয়ে আস্তে আস্তে চিবিয়ে খায়। নৌশির মুখের খাবার শেষ হলেই রুদ্রিক আবার এক লোকমা তুলে দেয়। এভাবেই পুরো প্লেটের ভাত শেষ করে নৌশি।আসলে পেটে প্রচন্ড ক্ষুধা থাকায় এত অসুস্থতার মধ্যেও লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ সুন্দর করে খেয়ে নিয়েছে।
খাওয়া শেষে রুদ্রিক জিজ্ঞেস করে, আরেকটু ভাত এনে দেবে কি না। নৌশি মাথা নেড়ে মানা করে।
রুদ্রিক প্লেটটা একপাশে রেখে গ্লাসে পানি ঢালে। তারপর নৌশির মুখের সামনে ধরে নিজেই নৌশিকে পানি খাইয়ে দেয়। পানি খাওয়ানো শেষে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে ফিরে আসে রুদ্রিক। এরপর ওষুধ বের করে নৌশিকে খাইয়ে দেয়। ওষুধ খাওয়ানো শেষ হতেই নৌশি রুদ্রিকের হাতটা ধরে ফেলে। দুর্বল কণ্ঠে, অনেকটা বায়না করার সুরে বলে,
— আমার অনেক শীত করছে। জড়িয়ে ধরেন।
কথাটা শুনে রুদ্রিক থমকে যায়। নৌশির ছোট্ট বায়নাটা সরাসরি গিয়ে লাগে রুদ্রিকের হৃদয়ের গভীরে। রুদ্রিক স্থির দৃষ্টিতে নৌশির দিকে তাকিয়ে থাকে। নৌশি অল্প করে চোখ খুলে রেখেছে, কিন্তু জ্বরের কারণে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছে না। রুদ্রিক বুঝতে পেরেছে, জ্বরের ঘোরেই নৌশি এমন আবদার করছে। তবুও রুদ্রিক আবদারটা ফেলে না। রুদ্রিক আর দেরি করে না। ঘুরে বিছানার ওপর উঠে আধশোয়া হয়ে বসে নৌশিকে নিজের কাছে টেনে নেয়।
নৌশিও এই অপেক্ষাতেই ছিল। ঝটপট রুদ্রিকের কাছে এসে রুদ্রিককে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। একেবারে রুদ্রিকের বুকের সঙ্গে মিশে যায়। রুদ্রিক নৌশির গায়ের ওপর কম্বলটা ভালো করে টেনে দিয়ে নৌশিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে চুলে আলতো করে চুমু খেয়ে স্নিগ্ধ কণ্ঠে বলে,
— আমি আমার বুকের উষ্ণতা দিয়ে মুড়িয়ে নিয়েছি। আর শীত করবে না। ঘুমাও তুমি আরামে, আমার বুকে।
চলবে?
#তবুও_তোমার_প্রেমে_আমি_পড়েছি
#লেখনীতেঃ_অধরা_মিনহা
#পর্ব_১২