ফন্ট সাইজ:
থিম:
তবুও তোমার প্রেমে আমি পড়েছি

পর্ব 23

লেখক: অধরা মিনহা

যে ছেলে বোনের পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে বোনের ভাসুরের মেয়েকে তুলে এনে বিয়ে করেছিল, সেই ছেলেকেই বউয়ের পায়ে লেগে থাকা কাদা নিজ হাতে যত্ন সহকারে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে দেখে বিস্ময়ে হতবাক রেজওয়ান মির্জা ও ফাহমিদা আইরিন। ওনারা কি ভুল দেখছেন? না, চোখের ভুল তো না। সামনেই একটু দূরে রুদ্রিক হাঁটু গেড়ে বসে পানির কল থেকে পানি নিয়ে যত্নের সাথে নিজের হাতে নৌশির পা ছুঁয়ে ছুঁয়ে পায়ে লেগে থাকা কাদাগুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। দৃশ্যটা চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারছেন না রেজওয়ান মির্জা এবং ফাহমিদা আইরিন।

রুদ্রিক তো বিয়ে করেছিল প্রতিশোধ নিতে! কিন্তু প্রকাশ্যে বউয়ের পা ছুঁয়ে এভাবে কাদা ধুয়ে দেওয়ার মধ্যে প্রতিশোধটা কোথায়? বিয়ের মাত্র এক মাসেই রুদ্রিকের নৌশির প্রতি এতটা যত্ন আর মায়া দেখে ওনাদের মনে এখন সন্দেহ হচ্ছে, ছেলেটা কি সত্যিই প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিল? অবশ্য রুদ্রিককে এক্ষুনি জিজ্ঞেস করলে নির্দ্বিধায় বলবে, বিয়েটা সে প্রতিশোধ নিতেই করেছে। কিন্তু কথায় আর কাজে যে আকাশ-পাতাল তফাৎ। মুখে প্রতিশোধের আগুন থাকলেও, রুদ্রিককে কখনো নৌশিকে একটুও কষ্ট দিতে কিংবা প্রতিশোধ নিতে দেখেননি ওনারা।

সকালের ঘটনা। রুদ্রিক নৌশিকে কলেজে দিয়ে সরাসরি বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ব্রেকফাস্ট সেরে ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়ে। কাজের ফাঁকে আবার ফোনে দেড় ঘণ্টা পরের জন্য একটা অ্যালার্ম দিয়ে রাখে। কারণ দুই ঘণ্টা পর নৌশির পরীক্ষা শেষ হবে। পরীক্ষার পর অবশ্য ক্লাসও হবে কিন্তু নৌশিকে রুদ্রিক ভালো করে চিনে। নৌশি পরীক্ষার পর জীবনেও ক্লাস করবে না! পরীক্ষা শেষ হলেই কলেজ বাঙ্ক দিয়ে বের হয়ে যাবে। তাই কাজের ব্যস্ততায়, সময় ভুলে নৌশিকে আনতে যেতে দেরি যেন না হয় সেজন্য আগেভাগেই অ্যালার্ম দিয়ে রাখল।

কাজ করতে করতে সময় পেরিয়ে যায়। দেড় ঘণ্টা পর ফোনে অ্যালার্ম বেজে উঠে। রুদ্রিক ল্যাপটপ বন্ধ করে রেখে চেঞ্জ নেয়। নৌশিকে বাসায় পৌঁছে দিয়ে বাইরে একটা কাজে যাবে। রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে হেঁটে সদর দরজা পেরিয়ে বাইরে আসতেই চোখ পড়ে বাড়ির গেটের দিকে। দেখে নৌশি কলেজ ব্যাগ কাঁধে নিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকছে। পরক্ষণেই রুদ্রিকের দৃষ্টি আটকে যায় নৌশির পায়ের দিকে। পা থেকে শুরু করে টাখনুর অনেকটা ওপর পর্যন্ত একেবারে কাদা মাখামাখি! দেখে মনে হচ্ছে, রাস্তার কাদা মাড়িয়ে না বরং কাদার মধ্যে গড়াগড়ি দিয়ে এসেছে।

নৌশি এগিয়ে এসে রুদ্রিকের সামনে এসে দাঁড়াতেই রুদ্রিক কপাল কুঁচকে অবাক স্বরে জিজ্ঞেস করে,
— পায়ে এমন কাদা কেন?

নৌশি নিজের পায়ের দিকে একবার দেখে তারপর রুদ্রিকের দিকে দৃষ্টিপাত করে বলে,
— আসার পথটায় কাদা ছিল।

রুদ্রিক ভ্রু কুঁচকে বলে,
— আসার সময় তো কোনো কাদার পথ দেখিনি।

— আরে, কলেজের সামনের পার্কটার সাইডের রাস্তাটায় কাদা ছিল!

— ওখানে কেন গেছো?

— একটু ঘুরলাম আরকি। ভালো লাগছিলো না তাই।

রুদ্রিক এবার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে বলে,
— এখন এগারোটা চল্লিশ বাজে। কিন্তু পরীক্ষা তো শেষ হওয়ার কথা বারোটায়। এত আগে বেরিয়ে গেছো তো লিখছো কি খাতায়?

নৌশি হাসি দিয়ে বলে,
— পরীক্ষা হয় নাই আজকে। স্যার অসুস্থ, কলেজেই আসে নায়।

— তারপর? ক্লাস করেছো?

নৌশি দু'দিকে মাথা নেড়ে না বুঝায়,
— না। দেয়াল টপকে বেরিয়ে গেছি।

রুদ্রিক এবার চোখমুখ কঠিন করে বলে,
— এতক্ষণ বাইরে টইটই করছো?

নৌশি কোনো উত্তর দেয় না। রুদ্রিক চোখ রাঙিয়ে নৌশির দিকে তাকিয়ে আছে। এদিকে নৌশি এমন ভাব ধরে যেন সে কিছু দেখছেও না আর শুনছেও না। মুখটা অন্যদিকে ঘুরিয়ে ইনোসেন্ট সাজার চেষ্টা করছে।

রুদ্রিক দাঁত পিষে বলে,
— তোমার আর তোমার বান্ধবীর ঠ্যাং ভাঙবো আমি। কলেজ ফাঁকি দিয়ে বেয়াদবের মতো এতক্ষণ তুমি টইটই করে ঘুরে বেড়িয়েছো!

নৌশি এবার কোমরে হাত রেখে কপট রাগ দেখিয়ে অভিমানী স্বরে বলে,
— তো কি করবো? আমার ঘুরতে ভালো লাগে। আর আপনি আমাকে ঘুরতেও নিয়ে যান না। আর নিয়ে গেছিলেন একবার। আলহামদুলিল্লাহ, যে কাণ্ড ঘটাইছেন!

রুদ্রিক কিছুক্ষণ সরু চোখে নৌশির দিকে তাকিয়ে থাকে। নৌশি যে আপাতত নিজের দোষ আড়াল করে সব দোষ রুদ্রিকের ওপর চাপানোর চেষ্টা করছে সেটা রুদ্রিক বেশ ভালোই বুঝতে পেরেছে। এদিকে নৌশি বোঝার চেষ্টা করছে তার কথার বিপরীতে রুদ্রিক কি বলবে। কিন্তু রুদ্রিকের তেমন কোনো রিয়াকশন নেই। বরং এখন বেশ শান্তশিষ্ট একটা ভাব চেহারায়। হঠাৎ রুদ্রিক নৌশির ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করে,
— চলো।

নৌশি রুদ্রিকের সাথে তাল মিলিয়ে হাটতে হাটতে অবাক হয়ে জিজ্ঞেস করে,
— কোথায় নিয়ে যাচ্ছেন?

— পা ধুবে না?

রুদ্রিক নৌশিকে নিয়ে বাড়ির গার্ডেন এরিয়ার দিকে এগিয়ে যায়। সেখানে পানির ট্যাপ আছে। নৌশিকে ট্যাপের সামনে দাঁড় করিয়ে রুদ্রিক নিচু হয়ে বসে। ট্যাপ ছেড়ে নৌশির পায়ের কাছে হাত বাড়ায়। নৌশি চুপচাপ দাঁড়িয়ে থাকে। এতক্ষণ বিস্ময়ে স্থির হয়ে থাকা মুখটায় এবার খুশির ঝিলিক ফুটে উঠে। রুদ্রিক নৌশির পায়ের জুতা খুলে, হাত দিয়ে পানি নিয়ে নিজের হাতে নৌশির পা ছুঁয়ে ছুয়ে পা থেকে কাদাগুলো পরিষ্কার করতে থাকে।

নৌশি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের মানুষটার দিকে। কি সুন্দর যত্ন করে পা ধুয়ে দিচ্ছে! অথচ এই মানুষটাই কতটা অহংকারী! যার পুরো শরীরজুড়ে কেবলই দাম্ভিকতা আর অহংকার, সেই মানুষটাই কিনা প্রকাশ্যে তার পা ছুঁয়ে পায়ে লেগে থাকা কাদা পরিষ্কার করে দিচ্ছে! বিস্ময় আর অজানা এক ভালো লাগা মিলেমিশে নৌশির মনটাকে কেমন মাতাল করে তুলে।

বুকের ভেতর অনুভূতির অজানা এক ঢেউ আছড়ে পড়তে থাকে। অনেকের মুখে ভালোবাসার কথা বলতে হয় না, যত্ন এবং স্পর্শের কোমলতাই উপলব্ধি করায় ভালোবাসা কতটা গভীর। আর নৌশি ঠিক এই মুহূর্তে রুদ্রিকের আড়াল করে রাখা নিঃশব্দ ভালোবাসাটা উপলব্ধি করছে।

রুদ্রিক নৌশির পা থেকে কাদা পরিষ্কার করে নিজের পায়ের জুতাজোড়া খুলে নৌশির দিকে এগিয়ে দিয়ে বলে,
— পড়ো জুতাগুলো।

নৌশি এখনো রুদ্রিকের যত্নে মুগ্ধ হয়ে আছে। কোনো কথা না বলে রুদ্রিকের জুতাজোড়া পড়ে নেয়। রুদ্রিক এবার নৌশির জুতাজোড়াও ধুয়ে ডান হাতে নিয়ে উঠে দাড়ায়। তারপর নৌশির কাঁধ থেকে কলেজ ব্যাগটা নিয়ে নিজের কাঁধে তুলে নিয়ে নৌশির হাতটা শক্ত করে ধরে বলে,
— চলো, ভেতরে।

এতক্ষণ দূর থেকে সবটাই দেখলেন রেজওয়ান মির্জা, ফাহমিদা আইরিন, রেহানা, আসাদ সাহেব, আয়ান ও আনায়া। সকালের নাস্তা সেরে মিষ্টি আবহাওয়া আর রোদ উপভোগ করতে সবাই বাগানে বসে আড্ডা দিচ্ছিলো এবং কফি খাচ্ছিলো। তখনি দূর থেকে চোখে পড়ে রুদ্রিকের এমন কান্ড। রেজওয়ান মির্জা আর ফাহমিদা আইরিন একে অপরের দিকে তাকান। দুজনের নীরব চাহনিতে অনেক কথাই আদান-প্রদান হয়।

সেখানকার নিরবতা ভেঙে আসাদ সাহেব হেসে বলেন,
— রুদ্রিক তো দেখছি বউয়ের প্রতি অনেক কেয়ারিং। দেখেই বোঝা যাচ্ছে, অনেক ভালোবাসে। নয়তো পুরুষ মানুষ ভালোবাসার মানুষ ছাড়া কারো পা ছোঁয়া তো দূর গলার স্বর পর্যন্ত নিচু করে না।

রেজওয়ান সাহেব এবার গম্ভীর মুখে ভদ্রতার খাতিরে সামান্য হাসি এনে বলেন,
— হ্যাঁ, ভালোবাসে তো বটেই। তাইতো এতো পাগল পাগল হয়ে বিয়ে করেছে।

এদিকে রুদ্রিক নৌশিকে নিয়ে রুমে এসে নৌশির কলেজ ব্যাগটা সোফায় রেখে নৌশিকে বলে,
— চেঞ্জ করে নাও। আমি যাওয়ার সময় কাউকে বলে দিচ্ছি, রুমে নাস্তা পাঠিয়ে দিতে।

নৌশি অবাক হয়ে জিজ্ঞেস করে,
— কোথায় যাবেন? আজকে তো আপনার অফ ডে।

— একটা কাজ আছে।

— কি কাজ?

নৌশির এমন কৌতূহল দেখে রুদ্রিকের ইচ্ছে হলো একটু দুষ্টুমি করার। এমনিতেই সারাদিন রুদ্রিককে জ্বালিয়ে মারে, তাই এখন রুদ্রিক একটু জ্বালালে তাতে দোষের কিছু নেই! তাই রুদ্রিক একেবারে নির্লিপ্ত ভাব নিয়ে বিছানায় বসে নিজের জুতা পরতে পরতে বলে,
— আছে প্রাইভেট একটা কাজ। বলা যাবে না।

রুদ্রিকের বলতে দেরী কিন্তু নৌশির পাল্টা প্রশ্ন করতে দেরী হয় না।
— আপনার দেখছি খুব প্রাইভেসি আর প্রাইভেট কাজ করা হচ্ছে?

রুদ্রিকের জুতা পরা শেষ। উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলে,
— বিয়ের আগে আরো বেশি ছিলো প্রাইভেসি আর প্রাইভেট কাজ।

বলে রুম থেকে বেরিয়ে যায়। নৌশি পেছন পেছন দরজার চৌকাঠে এসে ফুঁসতে ফুঁসতে রুদ্রিকের উদ্দেশে বলে,
— যদি জানতে পারি আপনার প্রাইভেসি আর প্রাইভেট কাজ আসলে মেয়েজড়িত কোনো কিছু তাহলে আপনার জান আমার হাতে!

রুদ্রিক হাঁটতে হাঁটতেই হেসে ফিরে তাকিয়ে বলে,
— ভয় পেলাম না, রিভেঞ্জের ওয়াইফি!

বলেই রুদ্রিক সিঁড়ি বেয়ে নেমে যায়। নৌশি রাগে গজগজ করতে করতে দরজা বন্ধ করে। তারপর কলেজের ড্রেস চেঞ্জ করে বিছানায় এসে শুয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠায় ঘুম ঠিকমতো হয়নি। তাই এখন ঘুমিয়ে বাকি ঘুম উসুল করবে। কিন্তু বিছানায় শোয়ার কিছুক্ষণের মধ্যেই দরজায় নক পড়ে। বিরক্তি নিয়ে অলস ভঙ্গিতে উঠে দরজা খুলে দেখে, নাস্তা নিয়ে এসেছে দোলা। নৌশি নাস্তা নিয়ে আবার দরজা বন্ধ করে।

তারপর নাস্তা করে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সেই ঘুম ভাঙে একেবারে সন্ধ্যা ছয়টার দিকে। ঘুম থেকে উঠে দেখে সেই সকালে যে রুদ্রিক বেরিয়েছিল এখনো ফিরেনি। এরই মধ্যে নৌশির প্রচন্ড ক্ষুধা লাগে। তাই রুম থেকে বেরিয়ে নিচে কিচেনে আসে। কিন্তু কিচেনে কোনো হেল্পিং হ্যান্ড নেই। তাই কাউকে আর খোঁজার ঝামেলায় না গিয়ে নিজেই ফ্রিজ থেকে একটা ডিম আর স্টোরেজ শেলফ থেকে ম্যাগি নুডলসের দুইটা প্যাকেট বের করে।

তারপর ঝটপট নিজের জন্য ম্যাগি রান্না করে বাটিতে নিয়ে রুমের দিকে এগোয়। দ্বিতীয় তলার করিডোর দিয়ে হাঁটার সময় হঠাৎ কারোর কান্নার শব্দ কানে আসে। নৌশি দাড়িয়ে যায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখে কান্নার শব্দ আসছে রুমাইরার রুম থেকে! কৌতূহলী হয়ে নৌশি দরজার কাছে এগিয়ে যায়। দরজার সামান্য ফাঁক দিয়ে দেখতে পায়, কেউ একজন মেঝেতে বসে আছে। পড়নে টপস আর জিন্স। নৌশি খুব সাবধানে দরজাটা সামান্য খুলে উঁকি দিতেই আনায়াকে দেখে।

আনায়া মেঝেতে বসে মোবাইলের স্ক্রিনে রুদ্রিকের ছবি দেখছে আর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কান্নাভেজা কন্ঠে ছবিটার দিকে তাকিয়ে বলছে,
— কেন তুমি বুঝলে না আমাকে? কেন আমার হতে গিয়েও হলে না? এত বছরের অপেক্ষাকে কেন বিষাদ বানালে? আমাকে ভালোবাসলে ক্ষতি কি হতো?

কথাগুলো শুনে নৌশির নিঃশ্বাস ভারী হয়ে আসে। নৌশির কাছে মুহুর্তেই পরিবেশটা রুদ্ধশ্বাস হয়ে উঠে। তার ধারণা তাহলে ঠিকই ছিল! আনায়া রুদ্রিককে ভালোবাসে? তার মানে সেদিন রুদ্রিককে জড়িয়ে ধরাটাও কাজিন হিসেবে ছিল না! বরং এর পেছনে ছিল ভালোবাসার অনুভূতি! বিষয়টা মিলাতেই নৌশির রাগ চড়ে বসে মাথায়। এমনিতেই ঘুম থেকে উঠলে মেজাজ কিছুটা খিটখিটে থাকে। তার ওপর এখন আবার আনায়ার মুখে রুদ্রিকের জন্য এমন ভালোবাসার কথা! ব্যাপারটা নৌশির একদম সহ্য হচ্ছে না।

তার স্বামীকে আরেক মেয়ে কেন ভালোবাসবে? কেন তার জন্য কাঁদবে? কেনই বা রুদ্রিকের দিকে নজর দিবে?নৌশি থমথমে মুখে নিঃশব্দে সেখান থেকে সরে নিজের রুমে ফিরে আসে। এসে নুডলসের বাটিটা বেশ শব্দ করেই টেবিলের ওপর রাখে। তারপর বিছানায় এসে বসে। তারপর আদর্শ বউয়ের মতো স্বামীকে সন্দেহ করে ঘটনার গহীনে যাওয়ার চেষ্টা করে। মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে কি বিয়ের আগে রুদ্রিক আর আনায়ার মধ্যে কিছু ছিল? তাই জন্যই রুদ্রিকের কাছে সেদিন জরিয়ে ধরাটা এতো নরমাল ছিলো?

তাছাড়া রুদ্রিকের দিক থেকে কিছু না থাকলেও আনায়ার দিক থেকে যে অনুভূতি আছে, সেটাই বা নৌশি কিভাবে মেনে নিবে? নৌশি মারাত্মক জেলাসি পার্সন। হ্যাঁ, প্রচন্ড জেলাসি তার মধ্যে! যেটা তার, সেটা একান্তই তার। অন্য কাউকে সে ভাগ দিতে একদম নারাজ। এমনকি অন্য কারো তাকানোও সহ্য হয় না! এক কথায় বলতে গেলে রুদ্রিকের ক্ষেত্রে নৌশিকে টক্সিকই বলা চলে। সে একদমই সহ্য করবে না অন্য কোনো মেয়েকে রুদ্রিকের আশেপাশে।

এসব ভাবতে ভাবতেই নৌশি ঘাড় ফিরিয়ে দেয়ালের দিকে তাকায়। বেডের মাথার দিকটার ওপরের দেয়ালে রুদ্রিকের একটা বড় ছবি টাঙানো। ছবিতে রুদ্রিকের পরনে অ্যাপ্রন। আর পেছনের পরিবেশ দেখে বোঝা যায়, ছবিটা বিদেশের কোনো জায়গায় তোলা। ছবিটার দিকে তাকাতেই আবার মনে পড়ে আনায়ার কথা। আনায়া মোবাইলে রুদ্রিকের ছবি দেখে কাঁদছিল!

নৌশির মেজাজ আরো বিগড়ে যায়। রাগের চোটে বলে,
— এভাবে ছবি দেখে কাঁদার কি আছে? যত্তসব ঢং!

বিরক্তিতে মুখ বাঁকিয়ে কথাটা বলতেই হঠাৎ নৌশির মাথায় একটা শয়তানি কাজ আসে। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় তারপর দ্রুত রুম থেকে বেরিয়ে আসে।বাইরে আসতেই দেখা হয় দোলার সাথে। নৌশি দোলাকে ডেকে বাগান থেকে কয়েকটা ফুল নিয়ে আসতে বলে। দোলা নৌশির কথা অনুযায়ী সাদা গোলাপ ফুল এনে দেয়। নৌশি সুই সুতা বের করে একে একে সেই ফুলগুলো গেঁথে সুন্দর মালা বানায়। তারপর বিছানায় উঠে, রুদ্রিকের ছবিতে মালাটা ঝুলিয়ে দেয়।

এভাবে রাগের বহিঃপ্রকাশ করে মনে কিছুটা শান্তি মিলে। তারপর বেডে এসে বসে চুপচাপ অপেক্ষা করতে থাকে রুদ্রিকের। নৌশির প্ল্যান একেবারে পাকাপোক্ত। রুদ্রিক এসে যখন নিজের ছবিতে মালা ঝুলানো দেখবে তখন কারণ জিজ্ঞেস করবে। আর সেখান থেকেই ফাটাফাটি লেভেলের ঝগড়া করবে নৌশি। আজ নৌশি কোনোভাবেই রুদ্রিককে ছাড় দিবে না। নৌশি প্রায় বিশ মিনিট যাবৎ অপেক্ষা করছে রুদ্রিকের।

অবশেষে আরো ১০ মিনিট পর রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে রুদ্রিক। তারপর নৌশিকে একবার দেখে পকেট থেকে ফোন বের কিছুটা ঢিলের মতো বেডের উপর ফালায়। নৌশি খেয়াল করে, রুদ্রিকের চোখ এখনো ছবিতে টাঙানো মালার দিকে পড়েনি। কিন্তু নৌশিরও আর তর সইছে না প্রসঙ্গটা তুলে ঝগড়া করার। তাই নৌশি হঠাৎ ফট করে দাঁড়িয়ে অবাক হওয়ার ভান করে বলে,
— আপনি বেঁচে আছেন?

রুদ্রিক নৌশির দিকে তাকায়। তবে মুখের ভাব পরিবর্তন হয় না। নির্লিপ্ত ভঙ্গিতে হাতের ঘড়িটা খুলতে খুলতে বলে,
— কেন? কোথাও আমার মরে যাওয়ার নিউজ পেয়েছো?

নৌশি মেকি হাসি দিয়ে বলে,
— হ্যাঁ! আপনার, কেবলই আপনার, শুধুই আপনার আনুর কাছ থেকে পেয়েছি।

রুদ্রিকও নৌশির কথার সুরে সুর মিলিয়ে বলে,
— আমার না, কেবলই আমার না, শুধুই আমার না আনু থেকে কি খবর পেয়েছো?

নৌশি এবার অন্যদিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে,
— আপনার ছবি দেখে কাঁদছিল। আমি ভাবছি, বাইরে এক্সিডেন্ট করে পটল তুলে উপরে চলে গেছেন। তাই তো আপনার ছবিতে ফুলের হার লাগিয়ে দিয়েছি।

বলেই আঙুল তুলে দেয়ালে টাঙানো ছবিটা দেখায়। নৌশির দেখানো লক্ষ্য করে রুদ্রিকের দৃষ্টি চলে যায় বেডের ওপর দেওয়ালে থাকা নিজের ছবিটার দিকে। ছবিতে সাদা গোলাপের মালা ঝুলতে দেখে রুদ্রিকের মুখ থেকে আপনাআপনি বেরিয়ে আসে,
— আস্তাগফিরুল্লাহ! তুমি মানুষ? আমি তোমার হাসব্যান্ড, আর তুমি কি অবলীলায় আমার ছবিতে মালা পরিয়ে দিয়েছো!

নৌশি ঠোঁট বাঁকিয়ে বলে,
— রিভেঞ্জের হাসব্যান্ড। যাওয়ার সময় আমাকে মনে করিয়ে দিয়ে নিজেই ভুলে গেছেন?

রুদ্রিক কাভার্ড থেকে কাপড় বের করতে করতে বলে,
— রিভেঞ্জের বউ তো তুমি আমার। প্রতিশোধ তো আমার দিক থেকে। তোমার কিসের প্রতিশোধের বিয়ে?

নৌশি হাত উঁচিয়ে বলে,
— সব বাদ! আগে বলুন, ওই পেত্নী আনায়ার সাথে আপনার কি সম্পর্ক?

রুদ্রিক কাভার্ড থেকে কাপড় বের করে কাভার্ড লাগাতে লাগাতে নির্লিপ্ত কন্ঠে বলে,
— আমার মেয়ে লাগে!

নৌশি চোখ বড় বড় করে বলে,
— মানে? মেয়ে লাগে মানে? ও কিভাবে আপনার মেয়ে হয়? ও তো আপনার ফুফাতো বোন হয়!

— তো জানার পরও জিজ্ঞেস করছো কেন কি হয় আমার?

— জিজ্ঞেস করছি কারণ কাজিনের বাইরেও আপনাদের মধ্যে কিছু আছে। ও আপনার ছবি দেখে কাঁদছিল।

— তো আমি কি করবো?

— বিয়ের আগে ওর সাথে আপনার প্রেম ছিল তাই না?

রুদ্রিক এবার প্রচন্ড বিরক্ত হয় এমন কথা শুনে। বলে,
— আমার ব্রেইন হাঁটুর নিচে না যে হাঁটুর বয়সী মেয়ের সাথল প্রেম করবো!

নৌশি সাথে সাথে পাল্টা প্রশ্ন করে,
— আমি তো ওই আনায়ার থেকেও ছোট। তাহলে আমাকে যে বিয়ে করেছেন?

রুদ্রিক বিরবির করে বলে,
— তোমার বেলায় আমার আবেগ কাজ করে। বিবেক কাজ করলে আমি এমন চিপায় পড়তাম না।

রুদ্রিককে বিরবির করতে দেখে নৌশি ভ্রু কুঁচকে বলে,
— কি বললেন?

রুদ্রিক একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে,
— কিছু না। আর না, আনায়ার সাথে আমার কিছু আছে। আর হ্যা তুমি আনায়ার থেকে দূরে থাকো।

নৌশি অবলীলায় জানতে চায়,
— কেন? আনায়া ভালো মেয়ে না?

রুদ্রিক ওয়াশরুমের দরজা বন্ধ করতে নিচ্ছিল কিন্তু নৌশির কথা শুনে থেমে আবার দরজা খুলে মাথা বের করে নৌশির দিকে তাকিয়ে বলে,
— আনায়া ভালো মেয়ে কিন্তু তুমি ভালো মেয়ে না। না জানি কখন ওর সাথে মারামারি লেগে যাও!

বলেই রুদ্রিক দরজা লাগিয়ে ফেলে। রুদ্রিকের এমন অপমানে নৌশি ফুঁসে উঠে। রাগে গিয়ে ওয়াশরুমের দরজায় পরপর তিনচারটা লাথি মারে। কিন্তু ভেতর থেকে রুদ্রিকের কোনো উত্তর আসে না। রুদ্রিকের নির্লিপ্ততা দেখে নৌশির রাগ আরো বেড়ে যায়। রাগে গজগজ করতে করতে বিছানার মাঝখানে গিয়ে বসে। তারপর একনিশ্বাসে রুদ্রিককে গালি দিতে থাকে,
— অস্ট্রেলিয়ান গাই তুই খারাপ! তোর চৌদ্দ গুষ্টি খারাপ। তোর পাড়া-প্রতিবেশী খারাপ! তোর ঘরবাড়ি, ইট-পাথর, ফার্নিচার সবকিছু খারাপ। এমনকি তুই যে পৃথিবীতে থাকিস ওই পৃথিবীটাও খারাপ!

আরো একশো প্লাস গালি দিতে থাকে নৌশি। গালির মাঝেই হঠাৎ পায়ে কিছু একটার কামড় লাগে। নৌশি নিচে তাকিয়ে দেখে, একটা মশা নৌশির পায়ে বসে রক্ত খাচ্ছে!
ব্যাস! রুদ্রিকের রাগ গিয়ে পড়ে বেচারা মশার উপর। ঠাস করে নিজের পায়ে একটা থাপ্পড় বসিয়ে মশাটাকে মেরে ফেলে। মশাটা সাথে সাথে ঝরে পড়ে। কিন্তু নৌশি তাতেও সন্তুষ্ট হয় না। মশাটাকে তুলে পরপর আরো তিন-চারটা থাপ্পড় মারতে মারতে বলে,
— তোর বাপ-দাদা কি আমার শরীরে রক্ত ডোনেট করে দিয়ে গেছে? যে তুই উইদাউট পারমিশন আমার রক্ত খাচ্ছিস, শালা অশ্লীলের বাচ্চা! তুই একটা মেয়েকে টাচ করার আগে পারমিশন নিছোস ইউ মসকিটোর বেবি?!

এসব বলা শেষে মরে পড়ে থাকা মশাটার দিকে তাকাতেই মাথায় আসে আরেক শয়তানি বুদ্ধি! ছোটবেলা থেকেই করে আসা সেই চিরচেনা দুষ্টুমি। নৌশি হালকা হেসে মশাটাকে নিয়ে ডাস্টবিনের কাছে গিয়ে একটা গ্লাসে পানি নিয়ে মশাটাকে ভালো করে ধুতে শুরু করে অর্থাৎ গোসল করাচ্ছে!

এদিকে রুদ্রিক ওয়াশরুম থেকে চেঞ্জ করে বেরিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে নৌশির সমস্ত কর্মকান্ড দেখছে। নৌশি গোসল শেষ করে টিস্যু দিয়ে মশাটাকে ভালোভাবে মুছে আবার বিছানায় রাখে। এরপর বেশ গম্ভীর ভঙ্গিতে নামাজের মতো দাঁড়িয়ে এক রাকাতের মতো নামাজ আদায় করে অর্থাৎ মশার জানাজা পড়ছে!
নামাজ শেষ করে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া শুরু করে,
— আল্লাহ, আপনি এই মশার সব গুনাহ মাফ করে দিন। না জানি কত মানুষকে না জিজ্ঞেস করে তাদের রক্ত খাইছে শালায়! হারাম খাইছে শালায়। তবুও আল্লাহ মাফ করে দিন! ও আল্লাহ, আল্লাহ, আপনি এই মসকিটোর বেবিকে মাফ করে দিন। আমিন।

ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে রুদ্রিক হাঁ করে সবকিছু দেখছে। সে শুধু একটা কথাই ভাবছে, একটা মেয়ে এতটা বদমাইশ শয়তান হয় কিভাবে? নৌশি আজ বাঁদরামির সব সীমা ছাড়িয়ে গেছে! মশাকে মেরে আবার সেই মশার জানাজা পড়েছে। শুধু তাই না, মশার জন্য আবার আল্লাহর কাছে মাগফিরাতও চাচ্ছে! এই মুহূর্তে রুদ্রিক কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। নৌশি দোয়া শেষ করে মশাটাকে হাতে নিয়ে বিছানা থেকে নামতে যাবে তখনি রুদ্রিক জিজ্ঞেস করে,
— কোথায় যাচ্ছো?

নৌশি একবার রুদ্রিককে দেখে তারপর থেকে নেমে বলে,
— মশাটাকে কবর দিয়ে আসি।

বলেই মশাটাকে হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়।নৌশির এমন সব কান্ড দেখে রুদ্রিকের অন্তরের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রুদ্রিক এসে বিছানায় বসে। কিছুক্ষণ পর নৌশি রুমে ফিরে আসে।

নৌশিকে দেখেই রুদ্রিক জিজ্ঞেস করে,
— কবর কোথায় দিয়েছো?

— বাগানে।

রুদ্রিক কিছুক্ষণ চুপ করে নৌশিকে দেখে। তারপর অত্যন্ত শান্ত গলায় জিজ্ঞেস করে,
— ছোটবেলায় পড়ে মাথায় আঘাত পেয়েছিলে তাই না?

নৌশি একবার ভেবে তারপর বলে,
— হ্যাঁ। আম্মু একবার বলেছিল ছোটবেলায় চাচ্চু আমাকে কোলে নিতে গিয়ে ফেলে দিয়েছিল। মাথা ফুলে জাম্বুরা হয়ে গিয়েছিল। কিন্তু আপনি জানলেন কিভাবে?

রুদ্রিক শান্তভাবেই বলে,
— তোমার আচরণে!

চলবে?

#তবুও_তোমার_প্রেমে_আমি_পড়েছি
#লেখনীতেঃ_অধরা_মিনহা
#পর্ব_২০

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 23 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন