ফন্ট সাইজ:
থিম:
রক্তমুকুট

68

লেখক: জান্নাতুল ফেরদৌস

নাসিরাবাদ থেকে আমিরাবাদের উদ্দেশ্যে বের হওয়ার সময় শাখার মনটা বেশ ভালোই ছিল। অনেকদিন পর আমিরাবাদে যাচ্ছে। তার চেয়েও বড় কথা, সাহারার সঙ্গে দেখা হবে। মেয়েটার সঙ্গে কতদিন ঠিকমতো কথা হয় না। নাসিরাবাদের কাজ, রাজ্যের দায়িত্ব, নিজের সংসার সব মিলিয়ে সময় কোথা দিয়ে চলে যাচ্ছে, সে নিজেই বুঝতে পারে না। ফাইয়াজও সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। তবে নাসিরাবাদে কিছু কাজ থাকায় শাখা একাই আগে চলে আসে। ফাইয়াজ পরে আসবে বলেছিল। ঘোড়ার পিঠে বসে শাখা মনে মনে ভাবছিল, সাহারাকে দেখেই অভিযোগ করবে

"আমাকে একবারও দেখতে আসিস না কেন?"

তারপর হয়তো দুজন মিলে অনেকক্ষণ গল্প করবে। সন্ধ্যার একটু আগেই আমিরাবাদ রাজপ্রাসাদ চোখে পড়ল। কিন্তু দূর থেকেই শাখার কেমন যেন লাগল। মহলটা চুপচাপ। সাধারণত এই সময়টায় মহলের সামনে মানুষের ভিড় থাকে। রান্নাঘরের লোকজন এদিক-ওদিক ছুটে বেড়ায়, প্রহরীরা বদলি হয়, ভেতর থেকে দাসীরা বের হয়। অথচ আজ যেন সবকিছু থেমে আছে। অবশ্য রাজবাড়ির যা অবস্থা চলে। শাখা ঘোড়া থেকে নামল। তারপর একবার চারদিকে তাকিয়ে দ্রুত ভেতরে ঢুকে গেল। মহলের ভেতরেও একই অবস্থা। কয়েকজন লোককে দেখা গেল এদিক-ওদিক হাঁটছে। কারও মুখে হাসি নেই। সবাই যেন কোনো একটা চিন্তার মধ্যে আছে। শাখা প্রথমেই সাহারার ঘরের দিকে গেল। দরজা খোলা। ভেতরে ঢুকে দেখল, বিছানা ঠিকঠাক করা। টেবিলের ওপর কয়েকটা বই। জানালার পাশে সাহারার পছন্দের ফুলদানিটাও আছে। কিন্তু সাহারা নেই। শাখা ভেবেছিল হয়তো বাগানে গেছে। সেখানেও গেল। নেই। পেছনের বারান্দা, পাশের কক্ষ, মহলের ছাদ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে লাগল। সাহারাকে কোথাও পাওয়া গেল না। হঠাৎ তার চোখে পড়ল জন্নাতের ঘরের দরজা। শাখা সেখানে গেল। জন্নাতও নেই। এবার শাখার ভেতরটা কেমন করে উঠল।

"এত লোকজন মহলে। সব গেল কোথায়?"

ঠিক তখন পাশ দিয়ে একজন দাসী যাচ্ছিল। শাখা তাকে থামাল না। কিছু জিজ্ঞেসও করল না। কারণ সে জানে, এই মহলে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে প্রথমে মেহরাবের কাছেই যেতে হবে। সে মেহরাবকে খুঁজতে বের হলো। কিছুক্ষণ পর মহলের নিচতলার একটা কক্ষে মেহরাবকে পাওয়া গেল। মেহরাব একটা টেবিলের পাশে দাঁড়িয়ে ছিল। সামনে কয়েকজন সৈন্য। কয়েকজনের হাতে মশাল, কারও হাতে তলোয়ার। শাখা দরজায় দাঁড়াতেই মেহরাব তাকাল।

"শাখা!"

শাখার মুখ গম্ভীর।

"সাহারা কোথায়?"

মেহরাব কিছুক্ষণ চুপ করে রইল।

"জানি না। আছে আশেপাশেই। বসো তুমি। কখন এলে?"

শাখা ভ্রু কুঁচকে তাকাল।

"জানেন না মানে?"

"বিকেল থেকেই তো সাহারাকে পাওয়া যাচ্ছে না। কি করছে আবার কোথায় গেছে কে জানে"

শাখা এবার ঘরের ভেতরের সবার দিকে তাকাল।

"তোমরা সবাই কী করছ তাহলে? ওর খেয়াল রাখছো না? ও যে মা হতে চলেছে তা কি কারও মাথায় নেই?"

সৈন্যরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মেহরাব বলল,

“আচ্ছা শান্ত হও। আমার বউ নিজেকে রক্ষা করতে জানে বলেই এত নিশ্চিন্ত থাকি। এই তোমরা যাও দেখো যুবরানী কোথায়। শাখা আমার সঙ্গে এসো”

“না আমিও যাই। খুঁজি কোথায় সারা। কেন জানি খুব কু গাইছে মনে। আপনি যাবেন?”

“হু”

মেহরাব তাকে নিয়ে বেরিয়ে গেল। মহলের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে শাখা লক্ষ্য করল, অনেক জায়গাতেই লোকজন নেই। একটা বড় দরজা বন্ধ। আরেকটা কক্ষ ফাঁকা। সিঁড়ির পাশে কয়েকজন সৈন্য দাঁড়িয়ে। শাখা থেমে বলল,

"আচ্ছা মহলের অবস্থা এত খাপছাড়া কি করে হয়ে গেল? সবাইকে এমন লাগছে কেন?"

এরই মধ্যে একজন প্রহরী এসে জানালো

“যুবরাজ। মা বেগমকেও কিন্তু দেখা যাচ্ছে না দুপুর থেকে। শেষবার থার বড় পুত্রবধূ তাকে দুপুরের খাবার দিতে গিয়ে দেখেছে”

শাখার চোখ সরু হয়ে গেল।

"সাহারা আর আয়েশা বেগম একই সময়ে নিখোঁজ?"

মেহরাব কোনো উত্তর দিল না। শাখার মনে হলো, ব্যাপারটা নিখোঁজ হওয়ার মতো নয়। সে সাহারার কথা ভাবল। তারপর বলল,

"শাখা আমাকে পত্রে আপনার মায়ের ব্যাপারে বলেছিল। কি হয়েছে যুবরাজ। বলুন তো সবটা আমায়”

মেহরাব ফোঁস করে নিশ্বাস ছেড়ে বলল

“বাবার মত ও আম্মাকেও সন্দেহ করছে। আমার মাকে দেখেছো তুমি? কতটা নিরীহ একটা মানুষ। সে এসবের সাথে জড়িত থাকতে পারে?”

“সারা যখন সন্দেহ করছে, থাকতেই পারে”

শাখা সাহারার ঘরে ঢুকে এবার আরও ভালো করে চারপাশ দেখল। সাহারার একটা ওড়না চেয়ারটার পেছনে ঝুলছে। টেবিলের ওপর একটা চিঠি ছিল, কিন্তু সেটা অসম্পূর্ণ। কলমটা পাশেই পড়ে আছে। শাখা চিঠিটা হাতে নিল। কিছু লেখা হয়নি। তারপর জানালার কাছে গিয়ে বাইরে তাকাল। মহলের পেছনের দিকটা বেশ অন্ধকার হয়ে এসেছে। হঠাৎ তার মনে হলো, সাহারা যদি বাইরে কোথাও থাকে? সময় নষ্ট না করে ঘর থেকে বের হয়ে গেল। মহলের পেছনের দিকে যাওয়ার পথটা সাধারণত খুব বেশি ব্যবহার করা হয় না। সেখানে ভাঙা ফটক, ঝোপঝাড় আর কয়েকটা বড় গাছ। শাখা একটা মশাল নিল। তারপর একাই এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল মাটির ওপর কিছু লালচে দাগ। সে থেমে মশালটা নিচু করল। র*ক্ত। এক ফোঁটা নয়। আরও কয়েক ফোঁটা সামনে। শাখার বুকের ভেতরটা কেঁপে উঠল।

"এটা কার র*ক্ত?"

চারপাশে তাকাল। কেউ নেই। দাগগুলো মাটির ওপর দিয়ে একটু একটু করে জঙ্গলের দিকে গেছে। শাখা আর দাঁড়িয়ে থাকল না। মশাল হাতে দাগ অনুসরণ করে সামনে এগোতে লাগল। কিছুদূর যাওয়ার পর হঠাৎ পায়ের নিচে মাটি দেবে গেল।

"আহ!"

চোখের পলকে সে নিচে পড়ে গেল। হাত থেকে মশাল ছিটকে দূরে গিয়ে পড়ে নিভে গেল। শাখা উঠে বসতে গিয়ে বুঝল, সে একটা গভীর গর্তে পড়ে গেছে। উপরে তাকালে অনেক ওপরে আকাশ দেখা যাচ্ছে। চারপাশের দেয়াল কাদামাটিতে ভেজা। কোথাও কোথাও গাছের শিকড় বের হয়ে আছে। শাখা উঠে দাঁড়িয়ে দেয়ালে হাত রাখল। চড়ার চেষ্টা করল। দুই হাত দিয়ে একটা শিকড় ধরতেই সেটা নড়ে উঠল।

"ধুর!"

সে আবার নিচে পড়ে গেল। হাঁটুতে ব্যথা পেল বেশ। কিন্তু ব্যথার কথা ভাবার সময় নেই।

"বাঁচাও!"

তার গলা ফেটে চিৎকার বের হলো।

"কেউ আছো? আমাকে বাঁচাও!"

চারপাশের জঙ্গলে তার আওয়াজ ছড়িয়ে গেল।

কিন্তু কেউ উত্তর দিল না। শাখা আবার চিৎকার করল।

"আমাকে কেউ বাঁচাও!"

কিছুক্ষণ পর দূরে কোথাও ঘোড়ার শব্দ শোনা গেল। শাখা কান পেতে রইল। তারপর মানুষের গলা।

"শাখা!"

সে যেন প্রাণ ফিরে পেল।

"ফাইয়াজ!"

ফাইয়াজ দৌড়ে এসে গর্তের কিনারায় দাঁড়াল।

"শাখা! তুমি নিচে কীভাবে পড়লে?"

"এখন এসব জিজ্ঞেস করো না। আমাকে ওঠাও!"

ফাইয়াজ নিচে তাকিয়ে বলল,

"তুমি ঠিক আছো?"

"হ্যাঁ। আমাকে ওপরে তোলো!"

ফাইয়াজ সঙ্গে থাকা লোকদের বলল,

"দড়ি আনো। তাড়াতাড়ি!"

কয়েকজন সৈন্য দৌড়ে গেল। ফাইয়াজ গর্তের পাশে বসে নিচের দিকে তাকিয়ে বলল,

"শাখা, ভয় পেয়ো না। আমি আছি।"

শাখা নিচ থেকে বলল,

"আমি ভয় পাইনি।"

"তাহলে চিৎকার করছিলে কেন?"

"তোমাকে ডাকছিলাম। ঢং দেখে বাঁচি না। এই গর্তের অন্ধকারে নাকি আমি ভয় পাই”

ফাইয়াজ মাথা নেড়ে বলল,

"আচ্ছা, ঠিক আছে। এখন চুপ করে থাকো। তোমাকে তুলে আনছি।"

দড়ি এল। ফাইয়াজ নিজে দড়ি নামিয়ে দিল।

"এটা শক্ত করে ধরো।"

শাখা দড়ি ধরল। উপরে উঠতে উঠতে একবার পা পিছলে গেল। ফাইয়াজ সঙ্গে সঙ্গে দড়ি টেনে ধরল।

"সাবধানে!"

“সাবধান হওয়ার সুযোগই পাই না।"

অবশেষে কয়েকজন মিলে শাখাকে উপরে তুলে আনল। মাটিতে উঠেই ফাইয়াজ তাকে ধরে বসিয়ে দিল।

"ব্যাথা কি বেশি লেগেছে পাখি?"

শাখা হাঁটুতে হাত দিয়ে বলল,

"সামান্য।"

“কোথায় দেখাও”

“কি করছো? সৈন্যরা আছে এখানে”

ফাইয়াজ তার দিকে তাকিয়ে রইল।

"তুমি এখানে একা এলে কেন?"

শাখা চারদিকে তাকাল।

"সাহারাকে খুঁজতে।"

ফাইয়াজের মুখের হাসি মিলিয়ে গেল।

"সাহারা?"

"হ্যাঁ।"

"ওর আবার কী হয়েছে?"

শাখা এবার সবটা বলল। সাহারা নেই। আয়েশা বেগমও নেই। মহলে সবাই সাহারাকে খুঁজছে। ফাইয়াজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল

"আমাদের এখনই ফিরে যেতে হবে।"

শাখা মাথা নেড়ে বলল,

"হ্যাঁ।"

ফাইয়াজ তার হাত ধরে বলল,

"তুমি হাঁটতে পারবে?"

"পারব।"

“তাহলে চলো”

দুজনেই মহলের দিকে ফিরে গেল।

ওদিকে সারারাত কেটে গেল সাহারার কোনো খবর ছাড়াই। মেহরাবের চোখে ঘুম নেই। জান্নাতও এক মুহূর্তের জন্য শান্তিতে বসতে পারেনি। সাহারা যেন হাওয়ায় মিলিয়ে গেছে।

সাহারার মত মেয়ে নিখোঁজ হওয়া এত সাধারণ বিষয় না। সকালে মহলের বড় দরজার সামনে আবার লোকজন জড়ো হলো। কেউ বলছে,

"আরেকবার জঙ্গলের দিকে খুঁজতে হবে।"

কেউ বলছে, "নদীর দিকটাও দেখা দরকার।"

মেহরাব দাঁড়িয়ে সবার কথা শুনছিল। তার মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছিল সাহারা কোথায়? ও কি নিজে থেকেই কোথাও গেছে?

ঠিক তখন শাখা আর ফাইয়াজ মহলে ফিরল। শাখার হাঁটায় সামান্য খোঁড়াভাব। মেহরাব তাকে দেখে এগিয়ে এল।

"তোমার কী হয়েছে?"

"গর্তে পড়েছিলাম।"

"গর্তে?"

"হ্যাঁ।"

মেহরাব অবাক হয়ে তাকাল। শাখা বলল,

"পরে বলব। আগে সাহারাকে খুঁজতে হবে।"

জান্নাতও সেখানে এসে দাঁড়াল।

"শাখা!"

শাখা জান্নাতের দিকে তাকাল। তারপর বলল,

"আপা! তুই কোথায় ছিলি?"

জান্নাত কিছু বলার আগেই মেহরাব বলল, "জান্নাতও সারারাত খুঁজেছে।"

কিছুক্ষণ পর সবাই আবার সাহারার খোঁজে ছড়িয়ে পড়ল। মহলের দুজন বেগম একই সাথে নিখোঁজ। বিষয়টা তোলপাড় করে তুলল আমিরাবাদকে। এই নিখোঁজ হওয়ার পেছনে আসলে কী আছে।

সকাল গড়িয়ে যাওয়ার পর জান্নাত কোনো একটা কাজে সিংহাসন কক্ষে ঢুকতেই হঠাৎ থমকে দাঁড়াল। সিংহাসনে বসে আছে আয়েশা। এক হাতে আপেল। অন্য হাতে ছোট একটা ছুরি। সে খুব স্বাভাবিকভাবে আপেল কাটছে। জান্নাতের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আয়েশা চোখ তুলে তাকাল।

"এসেছ?"

জন্নাত ধীরে ধীরে বলল,

"আম্মা! আপনি এখানে কী করছেন? সবাই আপনাৃল খুঁজছে"

আয়েশা মুচকি হাসল।

"আমার নিজের মহলে বসে আছি।"

জান্নাতের বুক ধক করে উঠল।

"সাহারা কোথায়?"

আয়েশা এবার আপেলের একটা টুকরো মুখে দিল।

"তুমি সাহারার কথা এত ভাবছ কেন? যাও, আমার জন্য নাশতা আনো"

“আম্মা সারাকে কাল থেকে পাওয়া যাচ্ছে না।"

"পাবে না তো"

জান্নাতের চোখ বড় হয়ে গেল।

"মানে?"

আয়েশা এবার ছুরিটা নামিয়ে রাখল।

"মানে সাহারা আমার কাছে আছে।"

জান্নাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না।

"আপনি..."

আয়েশা তাকে থামিয়ে দিল।

"চিৎকার করবে না। করলে তোমার বোনের কী হবে, সেটা কিন্তু আমি জানি না।"

জান্নাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে রাগ, ভয় আর অবিশ্বাস একসঙ্গে।

"আপনি সাহারার কী করেছেন?"

"কিছু করিনি। এখনো।"

"তাহলে ওকে নিয়ে আসুন দয়া করে"

আয়েশা হেসে বলল, "এত সহজে?"

জান্নাত কিছু বলল না। আয়েশা ধীরে ধীরে সিংহাসনে হেলান দিয়ে বসল।

"আমি একটা শর্ত দেব।"

"কী শর্ত?"

“ডাকো তোমার স্বামী-দেবরকে। বলো এই রাজ্যের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি, সব অধিকার আমার নামে দিতে হবে।"

জান্নাত স্তব্ধ। আয়েশা বলল,

"আমাকে এই রাজ্যের সম্রাজ্ঞী করতে হবে। আর তারপর? তারপর তোমরা সবাই এই মহল ছেড়ে চলে যাবে।"

জান্নাতের চোখে পানি চলে এল। এই মহিলা সত্যিই এত ভয়ংকর?

"আপনি কি সত্যিই ভাবছেন সবাই এটা মেনে নেবে?"

আয়েশা শান্তভাবে বলল,

"সাহারাকে বাঁচাতে হলে মেনে নিতেই হবে।"

"মেহরাব কখনোই মানবে না।"

"তাহলে সাহারাকেও আর দেখবে না।"

জান্নাতের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল, আয়েশা শুধু ক্ষমতা চায় না। সে সবাইকে নিজের সামনে নত করতে চায়। আর সবচেয়ে বড় কথা সাহারা এখন তার হাতে। ঠিক তখনই বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল। জান্নাত দরজার দিকে তাকাল। আয়েশা কোনো ভয় পেল না। বরং শান্তভাবে আপেলের আরেকটা টুকরো মুখে দিল।

তারপর ধীরে ধীরে বলল,

"মেহরাবকে বলবে সাহারাকে ফিরে পেতে হলে তার মায়ের কথাই শুনতে হবে।"

*****

আমিরাবাদ রাজপ্রাসাদ থেকে অনেক দূরে, মাটির নিচে একটা পুরনো বাঙ্কার। বছরের পর বছর কেউ হয়তো এই জায়গাটার নামও নেয়নি। বাইরে থেকে দেখলে জায়গাটা সাধারণ একটা পরিত্যক্ত জমির মতো। কিন্তু মাটির নিচে ঢোকার জন্য ছিল একটা সরু সুরঙ্গ। সেই সুরঙ্গ পেরিয়ে আরও নিচে নামলেই পুরনো বাঙ্কারটা। সাহারা জাহ্নবীকে সেই বাঙ্কারের ভেতরেই আটকে রাখা হয়েছে। তার হাত-পা শক্ত করে বাঁধা। মাটির ওপর একটা পুরনো চাদর পেতে তার ওপর ফেলে রাখা হয়েছে তাকে। চারপাশে স্যাঁতসেঁতে দেয়াল।

কোথাও আলো নেই। শুধু দেয়ালের ওপর একটা ছোট ছিদ্র দিয়ে খুব সামান্য বাতাস ঢুকছে। সাহারা অনেকক্ষণ ধরেই চোখ মেলে চারপাশ দেখছে। কিন্তু কিছুই বোঝার উপায় নেই। এখন দিন, নাকি রাত? সকাল হয়েছে, নাকি সন্ধ্যা? কতক্ষণ ধরে সে এখানে পড়ে আছে, সেটাও তার জানা নেই। একবার সে উঠে বসার চেষ্টা করল। হাত বাঁধা থাকায় শরীরের ভার সামলাতে পারল না। আবার মাটিতে পড়ে গেল। গলা শুকিয়ে কাঠ। জিহ্বা যেন মুখের ভেতর শুকিয়ে গেছে।

সারাদিনে খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানিও কেউ দেয়নি।

সাহারা চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত শুয়ে রইল।

তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নিল। সাহারা মাটিতে কাত হয়ে পড়ে থাকা অবস্থায় চোখ দুটো বন্ধ করল। হঠাৎ নিজের পেটের দিকে মন চলে গেল। সাহারা চোখ খুলল।বতার মুখের কঠিন ভাবটা এক মুহূর্তের জন্য নরম হয়ে গেল। খুব আস্তে নিজের পেটের ওপর বাঁধা হাতটা রাখার চেষ্টা করল। পারল না। চোখ দুটো বন্ধ করে ফিসফিস করে বলল,

"তুই ভয় পাস না। আমি আছি।"

কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার তার চোখে সেই আগের দৃঢ়তা ফিরে এল। সে জানে, তাকে ভয় দেখানোর জন্যই এখানে রাখা হয়েছে। কিন্তু সাহারা জাহ্নবী এমন মেয়ে নয় যে অন্ধকার একটা ঘরে আটকে রেখে তাকে ভেঙে ফেলা যাবে। হঠাৎ দূর থেকে একটা শব্দ এল। সাহারা চোখ মেলে তাকাল। কারও পায়ের শব্দ। সাহারা নিঃশব্দে কান পাতল। এবার একসঙ্গে অনেকগুলো পায়ের শব্দ শোনা গেল। কেউ সুরঙ্গ দিয়ে নিচে নামছে। অনেক লোক। সাহারার চোখ সরু হয়ে এল। সে সঙ্গে সঙ্গে বুঝে গেল, যারা তাকে এখানে এনেছে তারা এখন আসছে।

সাহারা মাটিতে পড়ে থাকা অবস্থাতেই চারপাশটা আরেকবার দেখে নিল। ঘরের একপাশে একটা পুরনো কাঠের বাক্স। অন্য পাশে একটা ভাঙা টেবিল। আর একটু দূরে একটা লোহার রড পড়ে আছে। সাহারা শরীরটা একটু একটু করে সেই দিকেই সরাতে লাগল। পায়ের শব্দ আরও কাছে চলে এসেছে। তারপর সুরঙ্গের শেষ মাথায় আলো দেখা গেল। একজন ঢুকল। তার পেছনে আরও কয়েকজন। সবার হাতে অস্ত্র। সাহারা তখনও মাটিতে পড়ে আছে। একজন সামনে এসে দাঁড়িয়ে বলল,

"এখনো জ্ঞান আছে দেখছি।"

সাহারা কোনো উত্তর দিল না। লোকটা হেসে বলল,

"সারাদিন পানি ছাড়া থাকলে মানুষ সাধারণত এতক্ষণে কথা বলার শক্তিও হারিয়ে ফেলে। আর এর চোখ মুখের তেজ দেখ”

সাহারা এবার ধীরে ধীরে চোখ তুলে তার দিকে তাকাল। লোকটা আবার বলল,

"কি যুবরানী? উঠতে পারবে?"

সাহারা চুপ।

"কী হলো? এতদিন তো খুব সাহস দেখাচ্ছিলে।"

আরেকজন হেসে উঠল।

"এখন বুঝবে কাকে নিয়ে খেলতে এসেছিস।"

সাহারা মাথা নিচু করল। তারপর খুব ধীরে বলল,

সামনের লোকটা এগিয়ে এসে তার বাঁধা হাতের দিকে তাকাল।

"এই এটা খুলে দাও।"

একজন সঙ্গে সঙ্গে এগিয়ে এল। দড়ি কাটার জন্য লোকটা নিচু হতেই সাহারা আচমকা শরীরটা ঘুরিয়ে তার হাতের অস্ত্রটা কেড়ে নিল।বসবকিছু এত দ্রুত ঘটল যে কেউ কিছু বুঝে ওঠার সুযোগ পেল না। সাহারা এক ঝটকায় উঠে দাঁড়াল। তার হাতের বাঁধন তখনও পুরোপুরি খোলা হয়নি, কিন্তু সে তাতেই লোকটার দিকে আঘাত করল। লোকটা পিছনে সরে গেল। আরেকজন তলোয়ার নিয়ে এগিয়ে আসতেই সাহারা তার আঘাত এড়িয়ে গেল। তারপর সাহারার হাতে তলোয়ার। ঘরের ভেতর হঠাৎ হৈচৈ শুরু হয়ে গেল।

একজনের পর একজন সামনে আসছে। আর সাহারা একাই তাদের সামলাচ্ছে। সআাই অবাক, এতক্ষণ যে মেয়েটা মাটিতে পড়ে ছিল, সেই মেয়েটাই এখন পুরো বাঙ্কারের ভেতর দাঁড়িয়ে সবাইকে হটিয়ে দিচ্ছে। কেউ মাটিতে পড়ে আছে। কেউ দেয়ালের পাশে বসে হাঁপাচ্ছে। কেউ অস্ত্র ফেলে দিয়েছে। সাহারা মাঝখানে দাঁড়িয়ে রইল। তার চুল এলোমেলো। ঠোঁট শুকিয়ে গেছে। কিন্তু চোখ দুটো জ্বলছে। তলোয়ারের ডগা মাটির দিকে নামিয়ে ধীরে ধীরে চারদিকে তাকাল। তারপর বলল,

"তোরা কী ভেবেছিলি? তোরা আমাকে ধরে এনেছিস?"

তার কণ্ঠ এবার আরও শক্ত।

"তোরা ভেবেছিলি সাহারা জাহ্নবীকে একটা অন্ধকার ঘরে আটকে রেখে, পানি না দিয়ে, হাত-পা বেঁধে রাখলেই সে ভয় পেয়ে যাবে? মরে যাবে?"

কেউ মাথা তুলল না। সাহারা তলোয়ারটা পাশে নামিয়ে বলল,

"আমি এখানে তোদের সঙ্গে এসেছি। তোদের জারিজুরি ধরতে। আমাকে অপহরণ করেছিস এই গল্পটা তোরা বাইরে বানাতে পারিস। কিন্তু সত্যিটা হলো, তোদের আস্তানায় ঢোকার রাস্তা আমি পেয়েছি। তোদের লোকজন কারা, কোথায় লুকিয়ে থাকিস, কার সঙ্গে যোগাযোগ করিস সব জানতে চেয়েই আমি তোদের সঙ্গে এসেছি।"

"আর একটা কথা মনে রাখিস। সাহারা জাহ্নবীকে বন্দি করার মতো বীর এখনো পয়দা হয়নি। চল একজন যা মহলে। গিয়ে তোদের মাকে খবর দে আমি ম*রে গেছি। চল ওঠ”

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 68 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন