৬৮ (খ)
আমিরাবাদ রাজপ্রাসাদ। দুপুর গড়িয়ে বিকেলের দিকে চলে যাচ্ছে। অথচ মহলের ভেতর যেন সময় এগোচ্ছেই না। সাহারার কোনো খবর নেই। সকলে চিন্তায় বুদ হয়ে আছে। সকাল থেকে মেহরাব একবারও দরবারে বসেনি। কোনো কিছুতেই সারার খোজ না মিলায় নিজেই ঘোড়া নিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর ফিরে এসে অস্থির হচ্ছে। ।
"মহলের পেছনের দিকটা আবার খুঁজেছ?"
একজন সৈন্য মাথা নিচু করে বলল, "জি, যুবরাজ।"
"জঙ্গলের ভেতর?"
"জি।"
"পাহাড়ি পথ?"
"সেখানেও লোক গেছে।"
মেহরাব বিরক্ত হয়ে বলল,
"আমি নিজেও সেখানে গেছিলাম। তাহলে এখনো কোনো খবর নেই কেন?"
সৈন্য চুপ করে রইল। মেহরাব আর কিছু বলল না। তার চোখের সামনে বারবার সাহারার মুখ ভেসে উঠছে। কোথায় সে? জান্নাত একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখও লাল হয়ে আছে। সারারাত সাহারাকে খুঁজতে খুঁজতে তার নিজের শরীরও ক্লান্ত হয়ে পড়েছে। তবু বোনের কোনো খবর না পাওয়া পর্যন্ত তার শান্তি নেই। শাখা এসে জান্নাতের পাশে দাঁড়াল।
"আপা, তুই একটু বস।"
জান্নাত মাথা নেড়ে বলল, "কীভাবে বসি বলতো? সাহারার কোনো খবর নেই।"
"আমরা তো খুঁজছি।"
"জানি। কিন্তু আমার বুকটা কেমন করছে। মনে হচ্ছে ও বিপদে আছে।"
শাখা জান্নাতের হাতটা চেপে ধরল।
"আপা সাহারা সহজে হার মানবে না। ওকে বন্দি করা এতই সহজ?”
ফাইয়াজ পাশে দাঁড়িয়ে বলল, "শাখা ঠিকই বলছে। সাহারা যে মেয়ে, তাকে ধরে রাখা অসম্ভব।"
শাখা তাকাল তার দিকে। জান্নাত বলল
"তবু আমার ভয় করছে। ওই মহিলা ভীষণ ভয়ংকর যা দেখলাম। ও আবার আমার সারার কিছু…..”
ফাইয়াজ কিছু বলল না। সে জানে সাহারা তাদের ভীষণ আদরের বোন।
মহলের অন্য দিক থেকে একজন সৈন্য দ্রুত এগিয়ে এল। সে সরাসরি সিংহাসন কক্ষে ঢুকে গেল। সেখানে আয়েশা বেগম বসে আছে। মহলের এত অস্থিরতার মধ্যেও সে ভীষণ শান্ত সৈন্যটা কাছে গিয়ে নিচু হয়ে দাঁড়াল।
"বেগম সাহেবা..."
আয়েশা চোখ তুলে তাকাল।
"কী হয়েছে?"
সৈন্য চারদিকে তাকিয়ে নিশ্চিত হলো, কেউ শুনছে না। তারপর খুব নিচু গলায় বলল,
"সাহারা জাহ্নবী তো মা*রা গেছে।"
আয়েশার হাত থেমে গেল। কয়েক মুহূর্ত সে সৈন্যটার মুখের দিকে তাকিয়ে রইল।
"কী বললে?"
"বাঙ্কারের লোকেরা খবর দিয়েছে। ওকে মৃত অবস্থায় পাওয়া গেছে।"
আয়েশার মুখের রং বদলে গেল। উঠে দাঁড়াল ফট করে
“এটা কি সত্য খবর? তুমি কি নিশ্চিত?"
"জি বেগম।"
"কি যা তা বলছো? কীভাবে মারা গেছে?"
"ঠিক জানি না। যারা ওকে পাহারা দিচ্ছিল, তারাই খবর পাঠিয়েছে।"
আয়েশা আর এক মুহূর্তও দাঁড়াল না। সে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। সৈন্য তার পেছনে ছুটল। অন্দর পার হওয়ার সময় আয়েশার মুখে আর সেই শান্ত ভাব নেই। সাহারা মা*রা গেলে তার সব শেষ। সাহারাকে সে এতদিন ধরে একটা টোপ হিসেবে ব্যবহার করছিল। মেহরাবকে নিজের ইচ্ছামতো চালাবে, জান্নাতকে ভয় দেখাবে, শাখাকে দূরে রাখবে। সবকিছুর কেন্দ্র ছিল সাহারা। সে ম*রতে পারে না।
"শীঘ্রই ঘোড়া প্রস্তুত করো!"
আয়েশা চিৎকার করে বলল। সৈন্য বলল,
"বেগম সাহেবা, জায়গাটা অনেক গোপন। ওখানে…..”
"আমি জানি।"
"সুরঙ্গ দিয়ে যেতে হবে।"
"তাহলে সুরঙ্গ দিয়েই যাব।"
আয়েশা আর কারও কথা শুনল না। কিছুক্ষণ পর কয়েকজন সৈন্যকে নিয়ে সে মহলের পেছনের পুরোনো অংশে পৌঁছাল। সেখানে একটা ভাঙা পাথরের দেয়ালের আড়ালে সুরঙ্গের মুখ। বাইরে থেকে বোঝার উপায় নেই। আয়েশা মশাল হাতে নিচে নামতে শুরু করল। সুরঙ্গটা সরু। দুই পাশে ভেজা মাটি। কোথাও কোথাও মাথার ওপর থেকে পানি পড়ছে। পায়ের নিচে কাদা। আয়েশা দ্রুত হাঁটছে। তার পেছনের সৈন্যরা প্রায় দৌড়াচ্ছে। কিছুদূর যাওয়ার পর পুরোনো লোহার দরজা দেখা গেল। দরজাটা আধখোলা। আয়েশা থেমে গেল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে দরজা ঠেলে ভেতরে ঢুকল। তারপরই থমকে দাঁড়াল। বাঙ্কারের ভেতর এক অদ্ভুত দৃশ্য চারপাশে কয়েকজন লোক পড়ে আছে। কেউ মাটিতে। কেউ দেয়ালের পাশে। কেউ নিজের অস্ত্রের ওপর হেলান দিয়ে বসে আছে। কেউই ঠিকমতো উঠতে পারছে না। আয়েশা কয়েক পা এগিয়ে গেল।
"সাহারা?"
কোনো উত্তর নেই।
"এই সাহারা জাহ্নবী! বের হ। কোথায় তুই?"
চারিদিকে নিস্তব্ধতা। আয়েশা এদিক-ওদিক তাকাতে লাগল।
"ও কোথায়? কোথায় ও?"
কেউ উত্তর দিল না। এক সৈন্যের কাছে গিয়ে ঝুঁকে পড়ল।
"কী হয়েছে এখানে?"
লোকটা কষ্ট করে চোখ খুলল।
"ও...ওওও আমাদের”
তারপর আর কথা বলতে পারল না। আয়েশা পিছিয়ে গেল। তার চোখে তখন অবিশ্বাস। সে মাটিতে পড়ে থাকা একটা দড়ি দেখতে পেল। দড়িটা কাটা। তার পাশে সাহারার একটা কাপড়ের টুকরো। আয়েশা বুঝে গেল। সাহারা এখানে ছিল।কিন্তু এখন নেই।
"ও পালিয়েছে?"
তার কণ্ঠে রাগ। আয়েশা চারপাশে তাকিয়ে চিৎকার করে উঠল,
"কেউ আমাকে বলবে, এখানে কী হয়েছে?"
ঠিক তখনই সুরঙ্গের দিক থেকে পায়ের শব্দ ভেসে এল। আয়েশা ঘুরে দাঁড়াল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একজন বেরিয়ে এল। পিছন থেকে আসা সুরঙ্গের মুখের আলোয় তার সোনালি চুল গুলো উড়ছে।
“সাহারা?”
চেহারায় ক্লান্তি। চুল এলোমেলো। মুখ শুকিয়ে গেছে। কিন্তু চোখে কোনো ভয় নেই। বরং চোখ দুটো এতটাই স্থির যে আয়েশা ভড়কে গেল। এ মেয়ো এমন ভয়ংকর হয়ে এসেছে কেন? সাহারা ধীরে ধীরে সামনে এসে দাঁড়াল। তারপর ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটিয়ে বলল,
"আসল রূপ দেখিয়ে দিলেন তো, শাশুড়ি মা?"
আয়েশার চোখ সরু হয়ে গেল।
"তু..তু..তুমি..."
সাহারা বলল,
"হ্যাঁ। আমি।"
"তুমি কীভাবে..."
"ওমাহ, আপনি ভাবছিলেন সত্যিই মা*রা গেছি?"
আয়েশা চুপ। সাহারা ধীরে ধীরে বলল,
"আমাকে সারাদিন একটা ফোঁটা পানি দেননি। হাত-পা বেঁধে মাটিতে ফেলে রেখেছেন। ব্যাস? এতেই আমি মরে যাব?"
সে এক পা এগিয়ে গেল।
"আপনি আমাকে ভুল চিনেছেন শাশুড়ী মা। ভুলে যাবেন না আমি কার কন্যা। আমার মাতা সম্রাজ্ঞী মেহেরুন্নেসা নূর! তৎকালীন সময়ের শ্রেষ্ঠ নারী যোদ্ধা এবং বীর। তার রক্ত বইছে আমার শরীরে। আমাকে অচিরে ভাঙা অসম্ভব”
আয়েশা চালাকি খাটায়
"তুমি আমার লোকজনকে এভাবে ফেলে রেখেছ?"
সাহারা চারদিকে তাকাল।
"আপনার লোকজন আমার সঙ্গে কী করতে এসেছিল, সেটা আগে ভাবুন। ওহহ ভাববেন কি? আপনিই তো তাদের নির্দেশ দিয়েছেন"
"তুমি, তুমি আমার পরিকল্পনা নষ্ট করে দিয়েছ।"
"আপনার পরিকল্পনা?"
সাহারা হেসে বলল,
"যে পরিকল্পনায় নিজের ছেলের বউকে ব্যবহার করে পুরো রাজ্য দখল করবেন?"
আয়েশার মুখ শক্ত হয়ে গেল। সাহারা এবার সরাসরি তার সামনে এসে দাঁড়াল।
"আচ্ছা বেগম? মেহরাব আপনার নিজের সন্তান তো? হাহহ আমার তো বিশ্বাস হয় না। আপনি জানেন, সবচেয়ে কষ্টের কী?"
আয়েশা তাকিয়ে রইল।
"আপনাকে আমি শাশুড়ি মা নয় নিজের মা ভেবেছিলাম।"
কথাটা বলার সময় সাহারার গলায় একটু কষ্ট ফুটে উঠল।
"আপনাকে বিশ্বাস করেছিলাম। মায়ের মত ভরসা করেছিলাম। ভেবেছিলাম আম্মাকে ছেড়ে এসে আমি আরেক আম্মা পেয়েছি”
আয়েশা কোনো উত্তর দিল না। সাহারা বলল,
"আর আপনি? আমাকে নিজের ছেলের বিরুদ্ধে, নিজের পরিবারের বিরুদ্ধে একটা হাতিয়ার বানালেন। যেদিন তারাময়ী আর আপনাকে গলা মেলাতে দেখেছিলাম, সেদিনই ধরে ফেলেছিলাম এই নোংরা খেলার প্রকৃত খেলোয়াড় আপনি। তারপর তারাময়ীকল যখন বিচার স্থানে আনা হলো তখন আপনি তার পুকুরে সম্মোহনী নাচের কথা উল্লেখ করেছিলেন। অথচ সে বিষয়ে যখন আলোচনা হয় তখন আপনি সেখানে উপস্থিতই ছিলেন না। তাহলে জানলে কি করে আম্… উঁহু আম্মা নয়। বেগম আয়েশা। তো আপনি জানলপন কি করে বেগম আয়েশা? আপনার তো জানার কথা ছিল না। কিন্তু ওসব তো আপনিই করিয়েছেন। তাই জানেন। মামাবাবু মারা যাওয়ার পর নিশ্চয়তার সাথে বার বার বলছিলেন এটা আত্ম*হ*ত্যা।”
আয়েশা বেগম বিষের মতন হজম করছে কথা গুলো। সাহারা থামলো না
“বলুন না বেগম। কী এমন স্বার্থে টান পড়ল আপনার যে নিজের ভাইকে হত্যা করলেন?”
আয়েশা হঠাৎ তার হাত পেছনে নিল। সাহারা বুঝে ওঠার আগেই আয়েশা মুঠো করে রাখা গুঁড়ো তার মুখের দিকে ছুড়ে দিল। সাহারা সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল।
"আহ!"
সে চোখ বন্ধ করে মুখ ঢেকে ফেলল। কয়েক মুহূর্তের মধ্যেই তার শরীর ভারী হয়ে আসতে লাগল। তলোয়ারটা হাত থেকে পড়ে গেল। সাহারা দেয়ালে হাত রেখে দাঁড়ানোর চেষ্টা করল।
"আপনি... আপনি এটা কী করলেন?"
আয়েশা ধীরে ধীরে এগিয়ে এল।
"আরেহহ বউ মা। অনেক ভেবে চিন্তে দেখলাম। তুমি বড্ড বেশিই জেনে ফেলেছো। তোমাকে বাঁচিয়ে রেখে আমার আর লাভ কী?"
সাহারা কষ্ট করে বলল,
"মেহরাব... মেহরাব আপনাকে কখনো ক্ষমা করবে না।"
আয়েশা বলল,
"মেহরাবকে আমি সামলে নেব। আমারই তো বাচ্চা। বুকে নিয়ে একটু কাঁদলেই যথেষ্ট”
সাহারা মাটিতে বসে পড়ল। চোখের সামনে সবকিছু ঝাপসা। শরীরের শক্তি যেন একে একে চলে যাচ্ছে। তারপরও সে মাথা তুলে আয়েশার দিকে তাকাল।
"আপনি... কখনোই জিতবেন না। প্রতিযোগীতায় প্রতারণা করে সফল হওয়াকে জেতা বলে না”
আয়েশা রাগে তার দিকে ঝাঁপিয়ে পড়ল।
"চুপ কর! এসেছে রে আমার জ্ঞান এর বুলি ছড়াতে”
সাহারা নিজেকে সামলাতে পারল না। আয়েশার আঘাতে সে মাটিতে পড়ে গেল। তারপর একের পর এক আঘাত। সাহারা হাত তুলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু শরীরে শক্তি নেই।
“থামুন...আপনি প্রতারণা করে….”
তার কণ্ঠ খুব দুর্বল। আয়েশা থামল না।
"তুই আমার সবকিছু নষ্ট করে দিয়েছিস!"
"আপনার সব সম্মান ভালোবাসা আপনি নিজেই..."
সাহারা বাকিটা বলতে পারল না। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই বাইরে প্রচণ্ড শব্দ হলো।
"সাহারা!"
মেহরাবের গলা। আয়েশা থমকে গেল। পরের মুহূর্তে কয়েকজন সৈন্যকে সঙ্গে নিয়ে শাখা, ফাইয়াজ আর মেহরাব বাঙ্কারের ভেতরে ঢুকে পড়ল। মেহরাবের চোখ প্রথমেই সাহারার ওপর গিয়ে আটকে গেল। সে চিৎকার করে উঠল,
"সারা!"
দৌড়ে গিয়ে সাহারাকে তুলে নিল। সাহারার শরীর নিথর। মেহরাব তার মুখের কাছে মুখ নিয়ে বলল,
"সারা, চোখ খোলো।"
কোনো উত্তর নেই।
"সাহারা!"
শাখা ছুটে এসে সাহারার পাশে বসে তার হাত ধরল।
"যুবরাজ, ওকে এখনই মহলে নিতে হবে।"
ফাইয়াজ বলল,
"বাইরে ঘোড়ার গাড়ি প্রস্তুত আছে।"
"গাড়ি লাগবে না।"
মেহরাব সাহারাকে নিজের বুকে তুলে নিল।
"আমি নিয়ে যাচ্ছি।"
সে এক মুহূর্তও দেরি করল না। শাখা উঠে দাঁড়িয়ে তার পেছনে গেল। হঠাৎ সাহারার দিকে তাকিয়ে থমকে গেল। তার চোখে আতঙ্ক ফুটে উঠল। সে নিচু গলায় বলল,
"যুবরাজ...."
মেহরাব শুনল না। সে শুধু সাহারাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। শাখা আর কিছু বলল না। সে বুঝে গেছে সাহারার শরীর যে অবস্থার মধ্যে গেছে, তার ভেতরে থাকা অনাগত সন্তানটাকে আর বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু এই মুহূর্তে সেটা বলার মতো সময় নেই। সাহারাকে আগে বাঁচাতে হবে। অন্যদিকে আয়েশা তখনও দাঁড়িয়ে। তার চারপাশে সৈন্য। ফাইয়াজ এগিয়ে গিয়ে তার হাত ধরে ফেলল। আয়েশা হাত ছাড়ানোর চেষ্টা করল।
"আমাকে ছাড়ো!"
ফাইয়াজ শক্ত গলায় বলল,
"তোকে তো আমি শূলে চড়াব ঘাতকিনি। তুই আসল খেলোয়াড় সেটা জানার পরেও চুপ ছিলাম কেবল সাহারার শাশুড়ী বলে। আজ আর তোর নিস্তার নেই"
"তুউ জানিস না আমি কে!"
"জানি।"
ফাইয়াজ তার দিকে তাকাল।
"আপনি এই রাজ্যের সম্রাজ্ঞী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। মূলত আপনি একজন ঘাতকীনি আর আজ আপনি একজন বন্দি।"
আয়েশা মেহরাবের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ চিৎকার করে বলল,
"মেহরাব!"
মেহরাব থামল না।
"মেহরাব, আমি তোমার মা!"
মেহরাব একবারও ফিরে তাকাল না। আয়েশার চোখে তখন ভয় দেখা গেল। কারণ এতদিন সে ভাবত, মেহরাব যতই রাগ করুক, শেষ পর্যন্ত সে তার মা। কিন্তু আজ সেই ছেলে তার দিকে তাকালও না। সৈন্যরা আয়েশার হাত বেঁধে ফেলল। শাখা কিছুক্ষণ তার সামনে দাঁড়িয়ে রইল। আয়েশা নিচু গলায় বলল,
"তুমি আমাকে এভাবে বন্দি করবে?"
শাখা শান্তভাবে বলল,
"আপনি সাহারাকে যেভাবে বন্দি করেছিলেন, তার তুলনায় এটা কিছুই না।"
আয়েশা চুপ করে গেল। বাঙ্কারের বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে। মেহরাব সাহারাকে কোলে নিয়ে ছুটছে। তার চোখের পানি গড়িয়ে পড়ছে সাহারার কপালে।
"সারা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না।"
তার কণ্ঠ কাঁপছিল।
"আমি তোমার কাছে অনেক কিছু বলতে চেয়েছিলাম। তুমি শুনবে না?"
কোনো উত্তর নেই। মেহরাব আরও শক্ত করে তাকে বুকে জড়িয়ে ধরল।
"চোখ খোলো, সারা।"
দূরে আমিরাবাদ রাজপ্রাসাদের চূড়া দেখা যাচ্ছে। পথ যেন ফুরাচ্ছে না। আজ সেই মহলটাও মনে হচ্ছে অচেনা। যে মহলে এতদিন রাজনীতি, ষড়যন্ত্র আর ক্ষমতার লড়াই চলেছে, সেই মহলের দিকে আজ ফিরছে একজন যুবরাজ তার নিথর হয়ে যাওয়া ভালোবাসাকে কোলে নিয়ে। আর তার পেছনে সৈন্যদের হাতে বন্দি হয়ে আসছে সেই নারী, যে এই পুরো অন্ধকারের বড় একটা অংশ ছিল।
মহলের দরজা খুলে গেল। মেহরাব সাহারাকে নিয়ে ভেতরে ঢুকল। জান্নাত দূর থেকে ছুটে এল।
"সাহারা!"
তারপর বোনের নিথর মুখ দেখে তার পা থেমে গেল।
"না..."
শাখা তার কাঁধ ধরে ফেলল।
"আপা, আপা ও ঠিক আছে তুমি নিজেকে সামলাও।"
জান্নাত কাঁদতে কাঁদতে বলল,
"ওকে কী করেছে ওরা?"
কেউ উত্তর দিল না। মেহরাব শুধু বলল,
"চিকিৎসককে ডাকো। এখনই।"
সৈন্য ছুটে গেল। মহলের ভেতর আবার দৌড়াদৌড়ি শুরু হলো। কেউ পানি আনছে। কেউ চিকিৎসক ডাকছে। মেহরাব সাহারার মাথাটা নিজের কোলে রেখে বসে আছে। মুখে একটাই বুলি আওড়াচ্ছে
"সারা, তুমি চোখ খুলো।"
বাইরে তখন আয়েশাকে বন্দি করে নিয়ে আসা হচ্ছে। তার তেজ কিছুটা কমেছে মেহরাবের পাত্তা না পেয়ে। তবে কি তার ছেলেও পর হয়ে যাচ্ছে? চোখ গেল অন্দরের মেঝেতে। সাহারা পরে আছে। আচমকা কান্নার রোল পরে গেল। আয়েশার ঠোঁটে ক্রুর হাসি। তবে কি মর*ল অপয়া টা? যাক তবুও শান্তি।
চলবে…