ফন্ট সাইজ:
থিম:
আয় তবে সহচরী

32

লেখক: উম্মে_হাবিবা

হেমন্তকে বিদায় জানিয়ে ধরিত্রীর বুকে এসে গুটিসুটি মেরে জায়গা নিয়েছে শীত। প্রকৃতিতে তখন শীতলতার মিষ্টি আবেশ। উত্তরের হিমেল হাওয়া ফুরফুর করে বইছে। কনকনে ঠান্ডায় চারদিক ঢেকে গেছে কুয়াশার আবছা চাদরে। ঘাসে ঘাসে জমেছে শিশিরের বিন্দু বিন্দু কণা। সূর্যের স্বর্ণাভ আলোয় সেই বিন্দু গুলোই হীরের দ্যুতির ন্যায় উজ্জ্বলতা ঝলমল করছে। ঘাসের উপর জমা ছোট্ট পানির কণায় দেখা মিলছে রংধনুর আদুরে সৌন্দর্য। সাত রঙের আলোতে ঝলমল করছে দূর্বার ভেজা নরম সতেজ সত্তা। গ্রামের রাস্তার দুপাশে সারি সারি ভাবে লাগানো খেজুর গাছগুলোতে গাছিরা যত্নের সহিত বেঁধে দিচ্ছে মাটির ছোট ছোট হাঁড়ি। সকালের মিঠে রোদে বয়স্করা বসে আলাপে মজেছে। চায়ের দোকানের চামচ নাড়ানোর টুংটাং আওয়াজ আর সাধারণ জনগনের রাজনৈতিক আলাপ আলোচনা যেন নিত্যদিনের অভ্যাস।

গ্রামের বাড়ি গুলোয় শীতের সকালের আয়োজন বেশ জাঁকজমক ভাবেই হয়ে থাকে। বাড়ির গৃহিণীরা সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়ে তাদের নিত্যদিনের কাজে। ঘরবাড়ি পরিষ্কার করে খোয়ারের হাঁস-মুরগী বের করে মাটির চুলায় রান্না বসান। কখনো কখনো চুলার উপর থেকেই গরম গরম খাবার বেড়ে দেন সকলের পাতে। ছেলে মেয়েরা গ্রামের মেঠো পথ পেরিয়ে হৈ হৈ করে ঘুড়ে বেড়ায়। কখনো আবার দলে দলে ভাগ হয়ে ছক কষে নতুন নতুন খেলার।

সিলেটের গ্রামীন এলাকায় প্রত্যেকের বাড়িতে কম বেশি আনন্দ নিয়ে সকাল শুরু হলেও ব্যতিক্রম নেওয়াজ বাড়ির অন্দরমহলে। সেখান থেকে প্রতিনিয়তই ক্ষুদ্র স্বরে ভেসে আসে বাচ্চা কন্ঠের রিনরিনে কান্নার আওয়াজ। গত দু মাস ধরে এটিই দৈনিক রুটিন হয়ে দাঁড়িয়েছে। আজও তার ব্যতিক্রম নয়।

বেশ অনেকটা জায়গা জুড়ে নির্মিত নেওয়াজ ভিলা। দোতলার ডুপ্লেক্স বাড়িটা অত্যাধুনিক নকশার আদলে কিছুটা বিদেশি ধাচেই নির্মিত। তিনবিঘা জমির সম্পূর্ণ টাই পাচিল দিয়ে ঘেরা। প্রবেশদ্বারে কালো,সিলভার আর সোনালি রঙের মিশ্র আবরণে বৃহৎ আকৃতির  গেইট। গেইটের দু'পাশে দুটো বাগানবিলাসের গাছ লাগানো। যেগুলোর একটায় গোলাপি রঙের ফুল ফুটলেও অন্যটা সাদা আর গোলাপি মিশ্র। ফলস্বরূপ লতা পাতার মতো বেয়ে যাওয়া বাগানবিলাস গাছ দুটো একসাথে মিশে গিয়ে অন্যন্য সৌন্দর্য ফুটিয়ে তুলেছে।

নেওয়াজ ভিলার গেইট দিয়ে প্রবেশের শুরুতে বেশকিছুটা লম্বা ইটের রাস্তা। যেটা শেষ হয়েছে একেবারে বাড়ির মূল ফটকের সামনে। তার দু'পাশেই সারি সারি ভাবে লাগানো অসংখ্য ফুলের গাছ। গোলাপ,চন্দ্রমল্লিকা,গাঁদা,বেলী,জিনিয়া সহ নাম না জানা অসংখ্য ফুলের সমাহার। যেখানে থোকায় থোকায় ফুটে আছে পুষ্প গুচ্ছ। এক পাশে আবার অতি যত্নে লাগানো হয়েছে অর্কিড আর প্রিমরোজের আলাদা বাগান। গেইটের দু'পাশে দেওয়াল ঘেঁসে দাঁড়িয়ে আছে দুটো জারুল ফুল। তার থেকে দূরে একটা কাঠ গোলাপের গাছ। বাম পাশে মাঝারি সাইজের সুইমিং পুল। ডানপাশের ফাঁকা জায়গায় গ্যারেজ।

নেওয়াজ ভিলার দোতলা জুড়ে রুমের সঙ্গে খোলামেলা বেলকনি। সেখানেও লাগানো ছোট্ট ছোট্ট গাছ। যার ছোট ছোট সবুজপাতার লতা ঝুলে আছে নিচ বরাবর। বাড়ির ভেতরে প্রবেশ করলেই প্রথমে নজরে পড়ে বিশাল এড়িয়ার ডাইনিং রুম। ডিজাইনার সোফা,কাচের টি টেবিল। একপাশে ছোট্ট একটা কাঠের তাক। যেখানে একের পর এক সাজানো ম্যাগাজিন,বই। অপরপাশে কিচেন এরিয়া। সিঁড়ির পেছনে পরপর চারটা রুম। দোতলার বামপাশে প্রথম রুমটাই মেহরিমার। এরপরের রুমটা মেহরাজের। ডানপাশের একটা মুক্তা,অন্যটা জেসমিনের। এরপরের সাতটা রুম ফাঁকা। শাহিদা নেওয়াজ আর মেহরাব নেওয়াজ নিচেই থাকেন। ফলস্বরূপ বাকি ফাঁকা রুম গুলো বহিরাগত মেহমানের জন্য বরাদ্দ।

দোতলার করিডোরে আসতেই নিজের রুম থেকে ছোট্ট প্রাণের কান্নার আওয়াজ পেয়ে ছটফটিয়ে উঠলো মেহরাজ। ফোনের কলটা অসমাপ্ত রেখেই ছুটলো রুমের দিকে। ঘরে তখন মেহরিমা একা। পনেরো বছর বয়সী কিশোরী মেয়েটা নিজের বাহুবন্ধনে দুমাসের ছোট্ট সত্তাকে সামলাতে হিমশিম খাচ্ছে। বার বার দু'হাতে আগলে নিয়ে বুকে জড়িয়ে নানা আদুরে সংলাপে থামাতে চাইছে অশ্রু। কিন্তু বিধিবাম। দু'মাসে নাজুক বাচ্চা কিছুতেই থামছে না। আর না তো কমেছে তার কান্নার প্রকোপ। বারং বার কান্নার ফলে কেঁপে কেঁপে উঠছে নাজুক নরম শরীর। ফোপাঁনোর সঙ্গে থেমে যাচ্ছে শ্বাসপ্রশ্বাস। ছোট্ট গোলাপি নরম তুলতুলে ঠোঁট ফুলিয়ে কাঁদছে সে। মমরঙা আদুরে শরীর রক্তিম লাল। ডাগর ডাগর চোখ দুটো জলে টইটম্বুর। ঘন পাপড়ি গুলো জলে সিক্ত। দরজার সামনে বাবাকে দেখেই যেন অভিযোগে জানান দিলো নিজের ক্ষুধা। গলা ছেড়ে কাঁদলো শুধু।

মেহরাজ নিজের মেয়ের এমন ভঙ্গুর সুরে কেঁপে উঠলো। অন্তস্তলের হৃদয় খানা কেউ যেন খামচে ধরলো তার। মেয়ের কান্নার প্রতিটা আওয়াজ হৃদয়ের গভীর বিষাক্ত তীরের ন্যায় বিধলো। আঠাশ বছরের বলিষ্ঠ দেহের পুরুষ এ বেলায় হার মানলেন। যে পুরুষ কর্মস্থলে সর্বদা তটস্থ থাকে, যার নির্দেশে সমুদ্রের বুকে বিশাল জাহাজ চলে,সর্বক্ষণ সাহসী কতার সঙ্গে উত্তাল সমুদ্রের গর্জনের সামনে যে সর্বদা নির্ভিক সে পুরুষই নিজের ছোট্ট মেয়েটার দারপ্রান্তে এসেই দারুণ ভাবে ভীরু হলো। হৃদয়ের লুকানো কষ্ট গুলো শুষ্ক ঢোকের মাধ্যমে নিরাময়ের ক্ষুদ্র প্রচেষ্টা করলো শুধু কিন্তু সফল আর হতে পারলো কই? মাতৃদুধের ক্ষুধা নিবারণের মিথ্যা প্রচেষ্টা যে ব্যর্থ।

মেহরিমা পুতুলকে কোনো ভাবেই সামলাতে পারছে না। মেয়েটার কান্নায় সে নিজেই কেঁদে ফেলেছে। বার বার চেষ্টা করছে ফিডারের নিপিলটা মুখে পুরে দিতে। অথচ ছোট্ট প্রাণ কোনো ভাবেই ফর্মূলা খেতে রাজি নয়। জেদ দেখিয়ে বার বার মুখ ফিরিয়ে নিচ্ছে। নিজের কান্নায় বুঝিয়ে দিচ্ছে সে এটা খাবে না। তাকে মায়ের কাছে নিয়ে চলো। মাতৃদুগ্ধই যে তার আসল খাদ্য।

মেহরিমা ব্যর্থ হয়ে ফিডারটা রেখে দিলো। পুতুলকে বুকে নিয়ে পিছু ফিরতেই দরজার সামনে নিজের ভাইকে দেখেই আশার আলো দেখলো যেন। দূরন্ত পায়ে ভাইয়ের কাছে এগিয়ে গিয়েই ভেজা স্বরে বললো

--ভাইয়া এসেছো তুমি? দেখো না পুতুল সেই কখন থেকে কাঁদছে। একটুও দুধ খাওয়াতে পারছি না। কাঁদতে কাঁদতে মেয়েটা এখন শ্বাস ও নিতে পারছে না। তুমি একটু চেষ্টা করে দেখো খাওয়াতে পারো কিনা। নয়তো এতোক্ষণ না খেয়ে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে।

বোনের কথা শুনে মেহরাজ একবার নিজের মেয়ের দিকে তাকালো। যে বাবাকে দেখেই কান্নার স্বর একটু কমিয়েছে। অভিমানী চোখের সে কি মায়া। মেহরাজ ঢোক গিললো শুধু। কাঁপা হাত দুটো বাড়িয়ে দিলো বোনের দিকে। মেহরিমা আলতো করে পুতুলকে মেহরাজের দু'হাতে দিলো। কাপড়ে মোড়ানো ছোট্ট প্রানটাকে হাতে নিতেই থরথরিয়ে কেঁপে উঠলো সে। নিজের কান্না আটকানোর জন্য চোখ বুঁজে বার কয়েক জোরে জোরে শ্বাস নিলো। অতঃপর সাবধানে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে মাথার তালুতে উষ্ম চুমু একে দিলো। সেই সাথে চোখ থেকে গড়িয়ে পড়লো একফোঁটা বিষাদের ব্যর্থতার অশ্রু।

ছোট্ট প্রাণ বাবার স্পর্শ পেয়েই ফুঁপিয়ে উঠলো। জানান দিলো নিজের ক্ষুধার কথা। মেয়ের কান্নায় মেহরাজ অস্থির হলো। দুধের ফিডারটা হাতে নিয়ে খাওয়ানোর চেষ্টা করলো। কিন্তু পুতুল খেলো না। প্রতি বারের মতোই ফর্মূলা দুধকে এড়িয়ে গেলো। বার বার মেয়ের মুখ ফিরিয়ে নেওয়ায় দিশেহারা হলো মেহরাজ। বাড়িতে তখন সে আর মেহরিমা একা। শাহিদা নেওয়াজ আর মেহরাব নেওয়াজ হসপিটালে তাদের মেজো বোন জেসমিনের কাছে। তাকে সামলাতেই যেন ওষ্ঠাগত প্রাণ। ত্রিশ বছরের জেসমিন তখন আইসিইউর স্থায়ী বাসিন্দা। গত দু'মাস যাবত ওখানেই তার ঠাই। ঔষধের প্রতিক্রিয়া কেটে গেলেই শুরু করে পাগলামো। হাতের কাছে যা পায় তাই দিয়েই আ'ঘাত করে নিজেকে। বুক চাপড়ে কাঁদে। কল্পনায় নিজের ছেলের অবয়ব দেখে তাকে ছুঁতে চায়। না পারলেই বুকফাটা হাহাকারে ভেঙে পড়ে। পরবর্তীতে ঘুমের ইনজেকশনই হয় তাকে সামলানোর মূল অস্ত্র।

মেহরাজ নিজের মেয়েকে বুকে আগলে নিলো। পুতুল তখনও ফুঁপিয়ে কাঁদছে। ক্ষুধার যন্ত্রনায় দূর্বল দেহে কান্নার আওয়াজ কমে এলেও সেটুকু সহ্য করার ধৈর্য্য মেহরাজের নেই।

--আমার মা,আমার জান। কাঁদে না আম্মু। পাপা আছি তো। পাপা তোমার সঙ্গেই আছি। কেনো কাঁদছো তুমি? থেমে যাও আম্মু। থেমে যাও। তুমি কাঁদলে পাপার ভীষণ কষ্ট হয় তো মা। পাপার বুকে ব্যাথা করে। আর কেঁদো না সোনা আমার। কান্না থামাও।

মেয়ের উদ্দেশ্য ভঙ্গুর স্বরে কথা গুলো বলেই থামলো মেহরাজ। ইতোমধ্যে কেঁদে ফেলেছে সে। মেহরিমা নিজেও কাঁদছে। ভাইয়ের,ভাইজির কারোর কান্নায় সহ্য হচ্ছে না তার। যতবারই ছোট্ট ওই প্রাণটার দিকে তাকাচ্ছে ততবারই মানস্পটে ভেসে উঠছে পরিণীতার ক্ষতবিক্ষত আগুনে পো/ড়া ঝলসে যাওয়া মুখশ্রী। কি এমন ক্ষতি হতো যদি তার ভাবী বেঁচে থাকতো? তবে তো আজ এমন দিন দেখতে হতো না। পুতুলকে ও ক্ষুধার জন্য কাঁদতে হতো না। তার হাসি খুশি ভাই টাও এমন কষ্ট পেতো না। সবার জীবন সুখের হতো। অথচ ক্ষনিকের দূরত্বে সবকিছু কেমন উল্টে পাল্টে গেলো। সদ্য জন্ম নেওয়া প্রাণটা শেষ বারের মতো তার মমতাময়ী মা'কে স্পর্শ করার সুযোগ টুকুও পেলো না। এতোই নি'ষ্ঠুর ভাগ্য বুঝি লেখা ছিলো এই অবুঝ নিষ্পাপ প্রাণটার তাকদিরে?

মেহরিমা আর কিছু ভাবতে পারলো না। ওড়নায় মুখ চেপে ছুটে বেরিয়ে গেলো ঘর থেকে। ঘরে এখন মেহরাজ একা। হাজারো আদরের বাণীতে শান্ত করতে ব্যস্ত মেয়েকে। বাবার স্নেহময়ী স্বর শুনেই পুতুল কিছুটা থেমেছে। শব্দ করে না কাঁদলে ও ফুঁপিয়ে যাচ্ছে। বাবার বুকে চুপটি করে লেপ্টে আছে। ছোট্ট হাতের মুঠোয় শক্ত করে ধরে আছে বুকের কাছের গেঞ্জির কলার। নিঃশব্দে অধিকার নিয়ে বোঝাচ্ছে আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না পাপা। আমি তোমাকে যেতে দেবো না।

মেয়ের ছোট্ট হাতটা মুঠোয় ধরে অগনিত চুমু খেলো মেহরাজ। মাথায় স্নেহের হাত বুলিয়ে বুকে জড়িয়ে রাখলো। নিজের অনুভূতির কাছে হার মেনে কেঁদে ফেললো ঝরঝর করে। অতঃপর দেয়ালে টাঙানো পরিণীতার হাস্যজ্জ্বল ছবিটার দিকে দৃষ্টি রেখেই ফিসফিসিয়ে আওড়ালো

--আমাকে ছেড়ে কোথায় গেলে পরী? এমনটা তো কথা ছিলো না। তুমি তো বলেছি আমৃত্যু আমার পাশে ছায়া সঙ্গী হয়ে থাকবে। আমাকে ছেড়ে কোথাও যাবে না। তবে আজ কেনো সেই কথা তুমি রাখলে না? কেনো চলে গেলো আমাকে একা ফেলে? আমাদের মেয়েটার কথাও কি এক বারের জন্য মনে পড়ে নি তোমার? আসতে একটু দেরি করেছিলাম বলে এভাবে ফাঁকি দিলে?

মেহরাজ একটু থামলো। শ্বাস নিলো। অতঃপর পুনরায় বললো

--এ্যাই পরী শুনছো ,আমার ছোট্ট মেয়েটার কান্না যে আমি আর সইতে পারছি না। আমাদের মেয়েটা ক্ষুধার যন্ত্রনায় কাঁদছে অথচ আমি বাবা হয়ে মেয়ের ক্ষুধা নিবারণে ব্যর্থ হচ্ছি। আ..আমার মেয়েটা ক্ষুধায় ছটফট করছে কিন্তু আমি তার মুখে একফোঁটা দুধের জোগান দিতে পারছি না। কিভাবে দিবো? তুমি যে নেই। তোমার শূন্যতা কিভাবে পূরণ করবো আমি? আমাদের মেয়েটার মায়ের শূন্যতা কিভাবে লাঘব করবো? বলতে পারো?

ফোঁপানোর আওয়াজ পেয়ে অতীত থেকে ছিটকে বেরিয়ে এলো মেহরিমা। ফোঁস একটা শ্বাস ফেলে ফাইজার দিকে ঘুরে বসলো। মেয়েটা রীতিমতো হেঁচকি তুলে কাঁদছে। ওড়নার আঁচলে অনবরত মুছে যাচ্ছে নাকের পানি। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে আবারও ঝরঝর করে কেঁদে ফেলছে। ফাইজাকে এমন ছিঁচকাদুনে মেয়েদের মতো ফ্যাচ ফ্যাচ করে চোখের পানি নাকের পানি ফেলতে দেখে অসন্তুষ্ট মেহরিমা। চোখমুখে একরাশ বিরক্তি নিয়ে নিজের ব্যাগ থেকে গোটা কয়েক টিস্যু বের করলো। হেঁচকি তুলে কাঁদতে থাকা মেয়েটার দিকে টিস্যু গুলো বাড়িয়ে দিয়ে অনুভূতিশূন্য কন্ঠে বললো

--ফ্যাচ ফ্যাচ করে কেঁদে পরিবেশ দূষণ না করে টিস্যু দিয়ে নাকমুখ চেপে ধর। তবুও খাচ্চরের মতো বার বার গায়ের ওড়নায় নাকের পানি মুছিস না। দেখতে বিশ্রী রকমের জ'ঘন্য লাগছে।

ফাইজা কড়া চোখে মেহরিমার দিকে দৃষ্টি রেখেই খপ করে টিস্যু গুলো নিলো। সময় নিয়ে নাকের পানি ঝেড়ে চোখের পানি মুছলো। মেহরিমা পানির বোতল এগিয়ে দিলে কিছুটা পানি খেয়ে নিজেকে শান্ত করলো। মেহরিমা তখনও উদাস চোখে আকাশের উড়ে যাওয়া অতিথি পাখিদের দিকে তাকিয়ে। নভেম্বরের শেষের দিক হওয়ায় পরিবেশ এখন বেশ ঠান্ডা। মেহরিমার গায়ে পাতলা একটা শাল। নির্বিকার সে ভাবেই বসে আছে সে। অথচ বাকিরা শীতে কাঁপছে ঠকঠক করে।

ভার্সিটিতে পরপর চারটা ক্লাস করার পর ফাইজা একপ্রকার জোর করেই মেহরিমাকে টেনে এনেছিলো পাশের ছোট্ট পার্কটায়। এরপর জোড় করে বন্ধুত্বের দোহায় দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে চাপ দিলো পুতুল সম্পর্কে জানার জন্য। মেহরিমা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে একমাত্র বন্ধুর কাছে হার মেনে নিয়ে বলা শুরু করলো।

কিছুদিন আগে মেহরিমার বাসায় যাওয়ার পর ওদের এমন দূরাবস্থা দেখে মেয়েটার মনে হাজারো কৌতুহল জেগেছিলো। মাঝের কিছু বছর মেহরিমার সঙ্গে তেমন যোগাযোগ না থাকায় ওদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত নয় সে। আর মেহরিমা নিজেও কখনো তার অবস্থা, সমস্যা কিংবা পরিস্থিতি কোনটাই শেয়ার করে নি। তার মতে নিজের অসহায়ত্ব কখনো কারোর কাছের প্রকাশ করতে নেই। এতে বিপরীত মানুষটা তার দূর্বলতা সম্পর্কে জেনে যাবে। আর একবার দূর্বলতা জেনে গেলেই তার পতন নিশ্চিত। কারণ মনুষ্যজাতির কাজই হলো অপরের দূর্বলতা জেনে তাকে ভেতর থেকে ভেঙে গুড়িয়ে দেওয়া।

ফাইজা একটু একটু করে মেহরিমার দিকে এগিয়ে গেলো। মেয়েটার হাতদুটো ধরে কাঁধে মাথা রেখে নরম স্বরে ডাকলো

--পুষ্প

মেহরিমা অন্যমনষ্ক থেকেই উত্তর দিলো

--হু

--পরিণীতা ভাবি কিভাবে মা-রা গিয়েছিলো?

মেহরিমা তখনও উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে। সেভাবেই বললো

--আগুনে পু'ড়ে।

ধক করে উঠলো ফাইজার বক্ষস্থল। তড়িৎ সোজা হয়ে বসে মেহরিমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। চোখমুখে বিষ্ময় ঠিকরে পড়ছে তার। অথচ পাশে বসে থাকা মেয়েটা অত্যাধিক শান্ত। যেন এই প্রশ্ন তার কাছে সাধারণ প্রশ্নের মতোই স্বাভাবিক। ফাইজা মেহরিমার এমন শান্ত মুখশ্রী দেখে অবাক না হয়ে পারলো না। আজকাল মেহরিমাকে তার কাছে বড্ড অচেনা লাগে। এই মেহের আর আগের মেহেরের মধ্যে বিস্তর ফারাক। আগের মেহের হাসতো,খেলতো। চঞ্চলা হরিণীর ন্যায় ছুটে বেড়াতো এদিকে থেকে ওদিক। নিজের অনুভূতি গুলো বলে ফেলতো অকপটে। অথচ এই মেহের অস্বাভাবিক গম্ভীর। কথা বলে মেপে মেপে। প্রয়োজন ছাড়া টু শব্দটি করে না। হাসেও হিসাব করে। নিজের সকল অনুভূতি কতো অবলীলায় লুকিয়ে ফেলে নিজ মনের অতল গহ্বরে। যার গন্তব্যে পৌঁছানোর সাধ্য সাধারণ জনগণের নেই।

ফাইজা ঠোঁট চেপে নিজের কান্না আটকানোর প্রয়াশ চালালো। অথচ পারলো কই। পুনরায় কেঁদে ফেললো। নিজের একমাত্র প্রাণপ্রিয় সখীর লুকানো কষ্ট অনুভব করেই তার কলিজা এফোর ওফোর হচ্ছে। মেহরিমা নিজ মুখে নিজের অনুভূতি প্রকাশ না করলেও সে খুব করে বুঝলো মেয়েটার মনে মিশ্র অনুভূতির ঝড় বয়ে চলেছে। সেই জন্যই তো আনমনে তাকিয়ে আছে দূর দিগন্তের নীলাম্বরে। লোকচক্ষুর আড়ালে চোখের কোণে জমা হওয়া ক্ষুদ্র অশ্রু কণা গুলোকে দক্ষতার সাথে লুকিয়ে ফেলছে।

ফাইজা নিজের মতো কিছুক্ষণ কেঁদে আবারও মেহরিমা গা ঘেঁসে বসলো। ফ্যাসফ্যাসে স্বরে ডাকলো

--পুষ্প

--হুম

--তোর কি মনে হচ্ছে না আজ কাল তুই একটু বেশিই নিশ্চুপ হয়ে গেছিস। অথচ তোর অতীতের ফেলে আসা দিনগুলোর সঙ্গে  বর্তমান চরিত্র যে বড্ড বেমানান।

মেহরিমা মুচকি হাসলো। ফাইজার দিকে তাকিয়ে বললো

--তাই বুঝি?

ছটফটিয়ে উঠলো মেয়েটা। অস্থির হয়ে আওড়ালো

--পুষ্প,গেট ইট ইনটু ইউ্যর হেড। আ'ম নট জোকিং! আই আ্যম আ্যবসলিউটলি সিরিয়াস বইন। একটু বোঝ।

--আমি কখন বললাম তুই মজা করছিস।

--তাহলে হাসছিস কেনো?

মেহরিমা শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো শুধু। কিছু বলার প্রয়োজন মনে করলো না। নিজের মতোই উদাস চোখে দূরের লেকে উড়ে আসা পাখিদের দেখলো। ফাইজা মেয়েটার এই নির্লিপ্ততা মানতে নারাজ। নিজের মতো বললো

--পুষ্প অতীতের ফেলে আসা দিনগুলোকে কেন্দ্র করে বর্তমান নষ্ট করার কোনো মানে হয় না। তোর নিজের সুন্দর একটা জীবন আছে। এজ এ হিউম্যান প্রতিটা মানুষেরই অধিকার আছে তাদের নিজস্ব স্বপ্ন পূরণের। অথচ তুই দিন দিন নিজেকে শক্ত খোলসে মুড়িয়ে ফেলছিস। নিজস্ব অনুভূতি গুলোকে দায়িত্বের ভারে পৃষ্ট করছিস। প্রকাশ্যে তুই নিজের আত্মাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিস পুষ্প। এগুলো ঠিক নয়। এখনও সময় আছে সবার ভীরে নিজেকে নিয়েও একটু ভাব। নিজের অনুভূতি গুলোকে মূল্য দে। নয়তো ধরিত্রীর সূর্যাস্তের পর অমানিশার তীব্র দহনে হারিয়ে যাবি তুই।

ফাইজার প্রতিটা কথা খুব মনোযোগের সঙ্গে শুনলো মেহরিমা। বুক চিরে বেরিয়ে এলো এক ফালি দীর্ঘ শ্বাস। সুনিপুণ দক্ষতার সঙ্গে নিজের অনুভূতি লুকিয়ে ফেলে সাবলীল কন্ঠে বললো

--অথচ রাত্রির অমানিশার পুরু চাদর সরে গেলেই পুনরায় সূর্যের সোনালী কিরণ ঝলমলিয়ে ধরিত্রীর বুকে রাজত্ব করে। একফালি পবিত্রতা নিয়েই তার নিয়মে সকল আঁধার কাটিয়ে বসুন্ধরার মাঝে নব সূচনার আলো ছড়ায়।

ফাইজা ব্যর্থতার শ্বাস ফেললো। সূক্ষ্ণ নজরে মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে অনুভব করতে চাইলো। বারং বার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পরও কোথাও একটা বাঁধা পেলো। যার কূলকিনারা সমাধানের সূত্র রমণীর ধারণার বাইরে। ফাইজা পুনরায় হতাশার বিষাদ মিশ্রিত শ্বাস ফেললো। হুট করেই করে বসলো এক অযাচিত প্রশ্ন

--গান টা ছেড়ে দিলি কেনো পুষ্প?

অসময়ে ফাইজার করা অহেতুক প্রশ্নের মানে বুঝলো না রমণী। দৃষ্টিতে একটুকরো কৌতুহল নিয়ে শুধালো

--হঠাৎ এই প্রশ্ন কেনো?

--এমনিই জানতে ইচ্ছে করলো। একসময়ের যত্নে গড়া শখ আজ বিলীন কেনো?

মেহরিমার মুখটা থমথমে হয়ে গেলো। শক্ত কন্ঠে বললো

--গান গাওয়া কখনোই আমার শখের ছিলো না। বয়ঃসন্ধির ভুলের মতোই ওটা নিছকই একটা ভুল।

--সত্যিই কি ভুল ছিলো?

--মিথ্যার বলার কারণ দেখছি না।

--তবে সে ও কি শুধুমাত্র তোর বয়ঃসন্ধির ভুল ছিলো?

কেঁপে উঠলো রমণী। অগোছালো নয়ন জোড়া চঞ্চল গতিতে ছুটলো এদিক থেকে ওদিক। ফাইজা নীরবেই বুঝে ফেললো অনেক কিছু। হাসলো নিঃশব্দে। এ বিষয়ে আর কোনো কথা বললো না। অস্থির রমণীকে সময় দিলো নিজের অস্থিরতা নিরাময়ের। খুব অল্প সময়েই মেহরিমা নিজেকে সামলে নিলো। ফাইজার থেকে বিদায় নিয়ে উঠে যেতে নিলে সহসা তার হাত ধরে ফেললো ফাইজা। নরম স্বরে বললো

--জীবনটাকে আর একবার সুযোগ দে পুষ্প। জীবন মানেই তো নাট্যমঞ্চ। অতীতের নাটকীয়তার পর্দা অতীতেই টেনে দে। জীবনটাকে এতোটা ও জটিল করে ফেলিস না যেখান থেকে পরবর্তীতে মুক্তির সহজ মাধ্যম মিলবে না।

থমকে গেলো মেহরিমা। হৃদয় গহ্বরে সূক্ষ্ণ চিনচিনে ব্যাথার অনুভব করলো। মানস্পটে হুট করেই ভেসে উঠলো হ্যাজেল ব্লু মিশেলের গম্ভীর একজোড়া চোখ। আরেকদিকে ভাসলো ছোট্ট পুতুলের আদুরে মুখখানি,ভাইয়ের র'ক্তমাখা ক্ষ'তবিক্ষত দেহ। ভাবীর ঝলসে যাওয়া মুখশ্রী। শেষ বিদায়ে বাবার থেকে পাওয়া দায়িত্ব।

মিশ্র অনুভূতির দহনে হাসফাস করলো রমণী। চোখ দুটো বুঁজে ফেললো শক্ত করে। শুষ্ক ঢোক গিললো। অতঃপর খুললো সময় নিয়ে। নিজ মনেই নিজস্ব অনুভুতির সঙ্গে একপ্রকার দ্বন্দ্বে জড়ালো। মুখে ফুটে উঠলো এক প্রকার তিক্ত হাসি। ফাইজা তখনও উত্তরের অপেক্ষায়। চোখ জুড়ে সূক্ষ্ণ আশার আলো। মেহরিমা আলগোছে ফাইজার থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলো। দম ফেললো। তারপর চোখের কোণের জমা হওয়া ক্ষুদ্র অশ্রু সমতে মুচকি হাসলো। অত্যাধিক শান্ত সাবলীল কন্ঠে প্রতিউত্তরে বললো

--দুনিয়ার সব সমীকরণ সমাধানের সূত্র বুঝি। বুঝি না শুধু আমার বেলায় কোন সূত্র প্রয়োগ করলে সেই সমীকরণ সহজ হবে।

চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 32 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন