প্রেমের অন্তরালে
লেখনীতে: মৃদুলা বর্মন
পর্ব: ৪
পথের ধুলো উড়িয়ে সামনে যাচ্ছে উজানের ব্ল্যাক মার্সিডিজটি। তার নজর সামনের দিকে। হঠাৎই শালিক তাকে আঙুল দিয়ে সামনে হাতের বাঁদিকে ইশারা করে কী যেন দেখাল। সেখানে একপলক তাকিয়ে দেখল, নীলা রিকশার জন্য দাঁড়িয়ে আছে।
উজান বুঝল, শালিক চাইছে নীলাকে তাদের গাড়িতে ওঠানোর জন্য। কারণ তাদের গন্তব্য যে এক। নীলাও সেই হাসপাতালের নার্স,যেখানে শালিকের চিকিৎসা চলে।
উজান কিছু একটা ভাবল, তারপর নীলার সামনে গিয়ে গাড়ি থামাল। নীলার সঙ্গে তার কথা হয় না অনেক দিন। কোনো এক কারণে!
শালিককে উজান বলল,
— ‘তুই ডাক দে।’
শালিক তার কথামতো নীলাকে ডাক দিল,
— ‘ব...’
বলে থেমে গিয়ে আবার বলল,
— ‘নীলাদি, তুমি আমাদের সঙ্গে গাড়িতে উঠে পড়ো।’
নীলা নাকচ করল,
— ‘না শালিক, তোমরা যাও। আমি ঠিক একটা রিকশা পেয়ে যাব।’
এবার উজান নিজেই বলল,
— ‘উঠে পড়ুন, নীলাদি।’
নীলার দেরি হয়ে যাচ্ছে। কিন্তু ভদ্রতার খাতিরে আরেকবার না করা দরকার। করল ও তাই।
কিন্তু শালিক আবার বাধ সাধল।
তাই এবার উঠে বসল উজানের গাড়িতে।
আবার না করলে তার নিজেরই ক্ষতি।
নীলা উঠে বসতেই ফের ধুলো উড়িয়ে চলতে আরম্ভ করলো মার্সিডিজটি।
---
হাসপাতালে আসার পর তারা গাড়ি থেকে নামল। উজান শালিকের প্রেসক্রিপশন নিয়ে রিসেপশনে যেতে গেলে নীলা বলল,
— ‘আমায় দাও ভাই। তুমি শালিককে নিয়ে বসো।’
উজান না করতে যাবে, তখনই তার ফোনে জরুরি কল এলো। নীলাকে বলল,
— ‘আচ্ছা, নিন তবে।’
বলেই ‘হ্যালো, হ্যালো’ করতে করতে একটু দূরে গিয়ে দাঁড়াল।
তার কথা শেষ হওয়ার আগেই নীলার রিসেপশনের কাজ শেষ হয়ে গেল। উজান ভিজিট কেটে ডাক্তারের কাছে গেল।
আর নীলা নিজের দৈনন্দিন কাজে।
নীলা একবার ভাবল, তার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না।পরক্ষণেই ভাবনা বাদ দিয়ে নিজের কাজে মন দিলো।
---
বিকেলের নরম আলো ধীরে ধীরে জানালার কাঁচ ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়েছে। দুপুরের রোদের তীব্রতা হারিয়ে প্রকৃতি যেন এখন শান্ত, স্নিগ্ধ এক রূপ ধারণ করেছে। দূরে কোথাও পাখিদের কলকাকলি, আর মাঝেমধ্যে বয়ে আসা মৃদু বাতাস চারপাশের নিস্তব্ধতাকে আরও কোমল করে তুলছে।
তৃষা বিছানার এক কোণে নিশ্চুপ বসে ছিল। তার দৃষ্টি স্থির হয়ে আছে জানালার বাইরের দিকে, অথচ চোখের সামনে থাকা দৃশ্যের প্রতি যেন তার কোনো মনোযোগই নেই। পাশে রাখা মুঠোফোনটি হঠাৎ কেঁপে উঠতেই চমকে তাকাল সে।
স্ক্রিনে ভেসে উঠল একটি পরিচিত নাম—
স্মরণ।
কয়েক মুহূর্ত নির্বাক তাকিয়ে রইল তৃষা। তারপর ধীরে ধীরে ফোনটি উল্টে রেখে দিল।
কিছুক্ষণ পর আবারও মুঠোফোনটি কেঁপে উঠল।
ওপাশ থেকে এবার মেসেজ আসলো।স্মরণ জিজ্ঞেস করেছে,
— ‘তৃষা, তুমি কেমন আছো?’
বার্তাটি পড়েও কোনো উত্তর দিল না সে।
ওপাশে যেন অস্থির হয়ে উঠল স্মরণ। একের পর এক মেসেজ আসতে লাগল—
— ‘আমার সঙ্গে কথা বলবে না?’
তারপর আবার,
— ‘প্লিজ, একবার ফোনটা ধরো। নাহলে রিপ্লাই দাও।’
তৃষার আঙুল কয়েকবার ফোনের পর্দার ওপর গিয়েও থেমে গেল। ঠিক তখনই আবার স্মরণের কল ভেসে উঠল স্ক্রিনে।
ফোনটি অবিরাম বেজে চলল।
তৃষা শুধু তাকিয়ে রইল।
কিন্তু কলটি গ্রহণ করল না।
একবার কেটে যেতেই পুনরায় ফোন করল স্মরণ। তার অস্থিরতা যেন ফোনের অবিরাম কম্পনেই স্পষ্ট হয়ে উঠছিল।
তবুও তৃষা নীরব।বিরক্ত হয়ে ফোনটা অফ করে রাখলো তৃষা।
অবশেষে ফোনের শব্দ থেমে গেলে ঘরজুড়ে আবার নেমে এলো নিস্তব্ধতা।
তৃষা ধীর হাতে ফোনটি বুকে জড়িয়ে চোখ বন্ধ করল।
নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগল,
— ‘আমি যাকে ভালোবাসি, সে তো আমায় চায় না। আপনার ভালোবাসা দিয়ে আমি কী করব, স্মরণদা? ভাগ্য যে আমার বেলায় বড় নিষ্ঠুর।’
তৃষার গলা দিয়ে আর শব্দ এলো না। সব এলোমেলো হয়ে গেছে তার জীবনের। সে তো আর উজানকে ভালোবেসে অন্যায় করেনি, তাহলে কেন এত দহন? তৃষা তো রূপে-গুণে অনন্য। স্মরণ যে তাকে ভালোবাসে, শুধু উজানটাই এমন! কেন এমন!?কেনো!?কেনো!এই
কেনো'রই তো জন্য উত্তর নেই!
দাম্ভিক পুরুষ বোঝে না কেন তার ভালোবাসা?
তৃষা খাট ছেড়ে বারান্দায় গিয়ে বসল। তার দুঃখে দুঃখী হতে একটা কুৎসিত কাক এসেছে।
হয়তো কাকটি তৃষার সঙ্গে দুঃখবিলাস করবে!
তৃষার কণ্ঠে ধ্বনিত হলো বিচ্ছেদের সুর—
আমি কি বলিব আর?
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার...
আমি কি বলিব আর?
বিচ্ছেদের আগুনে পুড়ে
কলিজা আঙ্গার...
হায় গো প্রাণ বন্ধের পিরিতে
আমায় পাগল করেছে,,,
হায় গো প্রাণ বন্ধের পিরিতে
আমায় পাগল করেছে,
দেওয়ানা বানাইছে,
কী জাদু করিয়া বন্ধে,
মায়া লাগাইছে।
কী জাদু করিয়া বন্ধে,
মায়া লাগাইছে।
---
বিকেলের কোমল রোদ ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়েছে। দুপুরের প্রখরতা কাটিয়ে প্রকৃতি যেন এক স্নিগ্ধ রূপ ধারণ করেছে। নীল আকাশের বুকে অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট সাদা মেঘ। মৃদুমন্দ বাতাসে গাছের পাতাগুলো দুলছে আপনমনে, আর দূরে কোথাও পাখিদের কিচিরমিচির শব্দ ভেসে আসছে।
ঘড়ির দিকে একবার তাকিয়ে ময়ূরী দ্রুত নিজেকে গুছিয়ে নিল। আজও যথারীতি তাকে পড়াতে যেতে হবে। প্তিন মাস হলো এই টিউশনটি নিয়েছে সে।কিছুদিন হলো চারমাসে পড়েছে।প্রতিদিনের মতো আজও নির্দিষ্ট সময়ে বেরিয়ে পড়ল ময়ূরী।
বাড়ি থেকে বের হতেই বিকেলের শীতল বাতাস তার মুখে এসে লাগল। পরিচিত পথ ধরে ধীর পায়ে এগিয়ে চলল সে। রাস্তার দুপাশে বিভিন্ন রকমের গাছ, কোথাও ছোট ছোট বাড়িঘর, আবার কোথাও সবুজের সমারোহ। পড়ন্ত সূর্যের সোনালি আলোয় চারপাশটা কেমন যেন মায়াবী হয়ে উঠেছে।
চারপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে রাস্তা ধরে হাঁটছিল ময়ূরী। টুকটাক যানবাহনের শব্দ আর পথচারীদের ব্যস্ত পদচারণার মাঝেও বিকেলটা ছিল বেশ শান্ত।
কিছুক্ষণ পথ চলার পর অবশেষে সে পৌঁছে গেল সেই পরিচিত বাড়িটির সামনে।গেটের সামনে দাঁড়িয়ে একবার চারপাশে চোখ বুলিয়ে ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে গেল ময়ূরী।
নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে গিয়ে একবার বেল বাজাল ময়ূরী। বেল বাজানোর দেড় মিনিটের মাথায় তার ছাত্রী, অর্থাৎ ঈশিতা, এসে দরজা খুলে দিয়ে বলল,
— ‘আসুন, ম্যাম।’
ময়ূরী ভেতরে ঢুকে পড়ার টেবিলটার পাশে তার জন্য বরাদ্দকৃত চেয়ারে গিয়ে বসল। বসল তার ছাত্রী ঈশিতাও।
ময়ূরীর পড়ানোর কুড়ি মিনিটের মাথায় শর্মিলা, অর্থাৎ ঈশিতার মা, ট্রে'তে করে ফল আরও নানা রকম খাবার নিয়ে এলেন।
খাবারের ট্রে'টা টেবিলে রেখে ময়ূরীর উদ্দেশে বললেন,
— ‘কালকে পড়াতে আসোনি কেন, ময়ূরী?’
ময়ূরী একটু সময় নিয়ে বলল,
— ‘আসলে কালকে আমার জ্বর ছিল, আন্টি।’
শর্মিলা একটু মুখ বাঁকিয়ে খারাপ ইঙ্গিত দিয়ে বললেন,
— ‘তোমার তো দুদিন বাদেই জ্বর-ঠান্ডা লেগেই থাকে। এজন্য কি আমার মেয়েকে পড়াতে আসবে না? মাস গেলে টাকা দেই না তোমায়? বড়লোক ছেলেদের সঙ্গে রঙঢঙ করার সময় জ্বর ছিল না বুঝি, বাপু? এমন করলে আর তোমায় দিয়ে পড়াব না। এমনিতেও তুমি তো বেশিদূর পড়ালেখাও করোনি।’
একদম কথাগুলো বলে থামলেন শর্মিলা। ঈশিতা নিজের মায়ের দিকে তাকালো।কিছু বলতে চাইছিল হয়তো।কিন্তু তার মা তাকে চোখ রাঙিয়ে বলল,
-' একদম ওর হয়ে নিজের মায়ের সাথে তর্ক করতে আসবি না।'
ময়ূরী ক্রোধ সংবরণ করার চেষ্টা করল, কিন্তু অক্ষম হলো। ভণিতা বিহীন বলল,
— ‘তিন মাস ধরে ওকে পড়াচ্ছি। ছুটির দিন বাদে কালকের আগে একদিনও কি বন্ধ দিয়েছি? আর ওটাকে টাকা না, সম্মানী বলে। অবশ্য আপনি নিজেও তো বেশি পড়াশোনা করেননি, জানবেন কীভাবে? তিন মাস শেষ, চার মাসে পড়ল ওকে পড়াচ্ছি। প্রথম মাসের সম্মানী ছাড়া বাকি দুই মাসেরটা দিয়েছেন? আমার বিবেক বোধ আছে বলে চাইনি। ভেবেছি কোনো সমস্যায় পড়েছেন, পরে দিয়ে দেবেন; তাই আর চাইনি। আপনার তো সেই বিবেক বোধটুকুও নেই।
আর আমি কার সঙ্গে রঙঢঙ করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার ছেলেকে বরং বলবেন নিজেকে সংযত করতে, ঘরে বউ রেখে আমার দিদির দিকে কুনজরে তাকায় কেন? অবশ্য ছেলেদের তো আবার কোনো দোষ চোখে দেখে না কেউ। সমাজ তো শুধু মেয়েদের দোষই দেখে।
আর হ্যাঁ, পড়াব না আপনার মেয়েকে। সম্মানজনক পেশায় অসম্মানিত হলে সেই কাজের আমার দরকার নেই। আপনার মেয়েকে না পড়ালে আমি না খেয়ে মরে যাব না।’
সবগুলো কথা বলে এক দীর্ঘশ্বাস ত্যাগ করল ময়ূরী। চেয়ার থেকে উঠে দ্রুত বেরিয়ে গেল।
শর্মিলা অবাক দৃষ্টিতে ময়ূরীর যাওয়ার পানে চেয়ে রইলেন। মহিলা হয়তো আর কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু ময়ূরীর কথার জবাবে স্তব্ধ হয়ে নির্বাক চোখে তাকিয়ে রইলেন শুধু।
ঈশিতাও হয়তো কিছু বলত ময়ূরীকে। এই ম্যাম যে তার ভীষণ প্রিয়! এমন ভালো, ভদ্র, বন্ধুসুলভ আচরণ করা ম্যাম'টাকে হারিয়ে ফেলল মেয়েটা।
শেষমেশ রাগে নিজের ঘরে গিয়ে দোর দিল ঈশিতা।
---------
ঈশিতাদের বাড়ি থেকে বের হয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটছে ময়ূরী। চলার গতি খুবই ধীর। কোনো তাড়াহুড়ো নেই।
হঠাৎ ময়ূরীর কানে গাড়ির হর্ন বাজার আওয়াজ এলো। ময়ূরী সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল,
— ‘এটা আবার কার গাড়ি? এই পাড়ায় তো শালিকদের ছাড়া আর কারও মার্সিডিজ নেই। আর এখানে তো পাড়ার লোকেদের গাড়ি ছাড়া আর কোনো বড় গাড়িও ঢোকে না।’
ময়ূরীর একটু সন্দেহ হলো,কিন্তু সে তাতে পাত্তা দিলো না। বরং সামনে সামনে চোখ রাখল। গাড়িটি খুব জোরে চলছিল না, তাই বেশিদূর যায়নি।
ময়ূরী দেখল, গাড়ি থেকে একটু দূরে একটা বাচ্চা ছেলে দৌড়ে আসছে, ‘ঝালমুড়ি, ঝালমুড়ি’ বলে।তার পাশেই একজন ঝালমুড়ি বিক্রেতা,ছেলেটা তার কাছেই আসছে বোধহয়।
গাড়িটির ড্রাইভার ছেলেটাকে দেখেই হর্ন বাজিয়েছে, বুঝতে আর বাকি রইল না ময়ূরীর।
ময়ূরী কিছুটা ছুটে সামনে যেতে চাইল। অনেকটাই এগিয়েও গেল, কিন্তু শেষ রক্ষা হলো না।
হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় ছোট্ট ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ল। চারপাশে মুহূর্তেই এক আতঙ্ক ছড়িয়ে পড়ল। ধাক্কা দেওয়ার পরপরই মার্সিডিজটি দ্রুতগতিতে সামনে চলে গেল।
পেছনে রয়ে গেল স্তব্ধতা আর এক বাচ্চা ছেলের ঝালমুড়ি খাওয়ার শেষ ইচ্ছে!
চলবে.......