#আম_পাতা_জোড়া_জোড়া
লেখনীতে #মেহরিমা_আফরিন
৩৪.
ওর নাম ছিল সিয়াশা। পুরো নাম সিয়াশা তাসনিম। এই গল্পটা সিয়াশার। তবে এখানে আমারও ভূমিকা আছে সামান্য।
সিয়াশার বাবা ব্যবসায়ী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনটা হোটেল ছিল তার। বেশ অবস্থাপন্ন পরিবার ছিল তাদের। সিয়াশা ছিল বড় দুই ভাইয়ের একমাত্র বোন, তার বাবার খুব আদরের মেয়ে।
ওর বড় হওয়া, বেড়ে উঠা, সব ঐ পরিবারের গণ্ডিতেই। সহশিক্ষা পছন্দ করতেন না তার বাবা। সিয়াশাও পারিবারিক সকল নিয়মকানুন মেনে বড় হলো।
সিয়াশার বাবা সব ধরণের পুরুষ থেকে তাকে বাঁচিয়ে রাখলেন। তার কোনো ছেলে বন্ধু ছিল না। চাচাতো মামাতো কোনো ভাইয়ের সাথেই তার সেরকম পরিচয় ছিল না। তবে সিয়াশা ভালোবাসল এমন একটি ছেলেকে, যার কথা তার বাবা কল্পনাতেও আনতে পারেনি।
সিয়াশা প্রেমে পড়ল তার বাবার হোটেলের এক সাধারণ ছাপোষা মেসিয়ারের। যার এই পৃথিবীতে কেউ ছিল না বলে সিয়াশার বাবা দয়া করতো তাকে। ঐ ছেলে সিয়াশাদের বাড়ির গার্ডরুমে থাকত। পরনে থাকত ছেঁড়া, জোড়াতালি দেওয়া পোশাক। সকালে হোটেল থেকে নাস্তা আসত বাড়িতে। ঠিক এমনই এক সকালে সেই ছেলেটাকে দেখে মায়া হলো সিয়াশার। ঐ সকালেই প্রেম হলো। সিয়াশা বুঝলও না।
ছেলেটার নাম জুবায়ের। জুবায়েরের বাবা মা ছিল না। মামার বাসায় অপমান অপদস্থ হয়ে জেদ করে বাড়ি ছেড়ে বরগুনা থেকে ঢাকায় এসেছিল। সেখানে সে সিয়াশার বাবার হোটেলে মেসিয়ারের চাকরি নেয়।
সিয়াশার বাবা তার দুঃখ দুর্দশা দেখে তাকে নিজের বাড়ির গার্ডরুমে থাকার ব্যবস্থা করে দেন। ঐ সময় জুবায়েরের অন্য কোনো থাকার জায়গা ছিল না। সে সিয়াশার বাবার দয়া করে দান করা ঐ আটসাট ঘরে থাকত।
জুবায়ের কাজ করত সিয়াশাদের হোটেলে, মেসিয়ার হয়ে। একদিন সকালে সে হোটেল থেকে নাস্তা নিয়ে তাদের বাসায় গেল। সিয়াশা তখন কলেজ ছাত্রী। সকালে উঠে দৌড়ে দৌড়ে কোনোরকমে বেরিয়েছে কলেজ যাবে বলে। তখনই বসার ঘরে জুবায়েরের সাথে প্রথমবার দেখা হলো তার।
সেখান থেকেই গল্প শুরু। ঐ গল্প ধীরে ধীরে বাড়ল, ওদের দু'জনের মধ্যে প্রেম হলো।"
"প্রেম হলো?"
পারমিতা আশ্চর্য হয়ে প্রশ্ন করল। অবাক হয়ে বলল,"হোটেল বয়ের সাথে প্রেম করল?"
"হ্যাঁ, সিয়াশা ওসব ক্লাস স্ট্যাটাস-এসবের ধার ধারত না। মিথ্যা বলব না, মনের দিক থেকে খুব নাজুক আর উদার ছিল সে। সিয়াশা মানুষের দুর্ভোগ দুর্দশা সহ্য করতে পারত না।
জুবায়েরের জীবন দেখে তার খুব মায়া হলো। যদিও শুনেছিলাম শুরুতে নাকি জুবায়ের কোনো রকম সম্পর্কে জড়াতে চায়নি। পরে অবশ্য জড়িয়েছিল। বাড়ির সবার থেকে গোপন করে সিয়াশা লুকিয়ে দেখা করত তার সাথে।
অনার্স দ্বিতীয় বর্ষে থাকা অবস্থায় তার বাবা মানে আমার শ্বশুর এই কথা জেনে গেলেন। তারপর যা হয় আরকি। মারধর, ভাঙচুর। সিয়াশার উপর দিয়ে যতোটা না ঝড় গেল, জুবায়েরের উপর দিয়ে তার দ্বিগুণ ঝড় গেল। ওর চাকরি গেল, মার খেয়ে হাসপাতালে ভর্তি হলো।
সদ্য তারুণ্যে পা ফেলা মেয়েদের আবেগ প্রবল থাকে। সিয়াশারও ছিল। বাবার এসব আচরণ সে মানতে পারল না। প্রচণ্ড প্রতিবাদী হয়ে উঠে সে বাড়ি ছেড়ে দিল। এতো প্রহার, এতো বকাঝকার পরেও সে পিছপা হলো না কিছু থেকে। ভালোবাসলে যা হয় আরকি। এতো ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝি না আমরা। এতো বুঝলে কি আর ভালোবাসা হয়?
সিয়াশার বাবা মেয়ের এসব কাজ কারবার দেখে অসুস্থ হয়ে পড়লেন। সিয়াশা এক কাপড়ে বাড়ি ছেড়ে দিল। বলল, থাকলে ও জুবায়েরের সাথে থাকবে। মরলেও ওর সাথেই মরবে।"
পারমিতা আবার থামাল তাকে। অবাক হয়ে বলল,"আপনি এতো বিস্তারিত জানলেন কেমন করে?"
"আর কিভাবে জানব? সিয়াশাই জানাল।"
"আপনাকে সিয়াশা এসব কথা বলেছে?"
"হ্যাঁ।"
"আপনি কিছু বলেন নি?"
নিনীত শক্ত মুখে বলল,"না। আমি ওকে ভালোবাসতাম। দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম আমি ওকে।"
একটা গভীর শ্বাস ছেড়ে নিনীত আবার বলতে শুরু করল,"সিয়াশাকে যখন কোনো ভাবেই আটকানো যাচ্ছিল না, তখন তার বাবা আরেকটা কৌশল অবলম্বন করলেন। উনি তার লোক দিয়ে জুবায়েরকে তুলে নিয়ে একটা ঘরে আটকে রাখলেন। তার বেঁচে থাকা তখন সিয়াশার একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছিল। আমার শ্বশুর সিয়াশাকে দুইটা রাস্তা দিলেন। হয় সিয়াশা বাড়ি ছাড়বে, আর সারাজীবন একা একা নিজের মতো থাকবে। নয়তো সে তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে। যদি সে এই কাজ করে, তবে তিনি জুবায়েরকে ছেড়ে দিবেন। নয়তো ঐ ছেলের উনি এতো টুকরা করবেন যে পুলিশ চিরুনি অভিযান চালিয়েও তার লাশ খুঁজে পাবে না। সিয়াশা দ্বিতীয় রাস্তাটা বেছে নিল। ঐ সময় কতোই বা বয়স ছিল তার? ঐ বয়সে বোধহয় যেকোনো মেয়ে এমনটাই করত। তার কাছে তখন জুবায়েরকে বাঁচানো বাদে আর কোনো উপায় ছিল না।
নিজের আবেগ, প্রথম ভালোবাসা, সবকিছু জলাঞ্জলি দিয়ে সিয়াশা সম্পূর্ণ অপরিচিত একটি ছেলেকে বিয়ে করতে রাজি হলো। ঐ ছেলেটি আমি। সিয়াশার গল্পে এটাই আমার ভূমিকা।
সিয়াশা আমাকে বিয়ের আগে এই কথা জানায় নি। জানালে আমিই সবার প্রথমে বিয়ে ভাঙতাম। ও ওর বাবার কথা মতো, ওর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করল। আমার তখন মাস্টার্স কমপ্লিট করেছি। আর সিয়াশা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
আমাকে বিয়ে করার পর সে তার অনার্স শেষ করল। মাস্টার্সে ভর্তি হলো। বিয়ের দ্বিতীয় বছরে আমাদের ঘরে আমাদের প্রথম সন্তান নিবেদিতার জন্ম হলো।"
"এই এতো গুলো বছরে সিয়াশা একবারো আপনাকে ওর প্রাক্তনের কথা বলেনি?"
পারমিতা অবাক হয়ে তাকাল। নিনীত গম্ভীর মুখে জবাব দিল,"না, বলেনি।"
"আপনার সাথে ওর সংসার জীবন কেমন ছিল?"
"হাহাহা। এটা মজার প্রশ্ন। সিয়াশার সত্যটা জানার আগে আমি ভেবেছিলাম আমাদের সংসার স্বপ্নের মতো। টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু আমরা দু'জনই দু'জনকে ভালোবাসি। কিন্তু এরপর গিয়ে বুঝলাম, পুরো বিষয়টাই এক পাক্ষিক। আমি ইমোশনাল ফুলের মতো পুরো জীবন সিয়াশার জন্য উপহার এনেছি, ওকে ঘুরতে নিয়ে গেছি, ওর যা যা পছন্দ সব করেছি। আর বিনিময়ে ওর নির্লিপ্ততা সয়ে নিয়েছি এটা ভেবে যে ও আসলে বয়সে খুব ছোট। নতুন নতুন সংসারে একটু ইতস্তত করছে।
জানো মিতা, নিবেদিতা পেটে আসার পর সিয়াশা একদম পাল্টে গেল। ও তখন সারাক্ষণ আমার গা ঘেঁষে থাকত। আমি অফিস থেকে দেরিতে ফিরলে ওর চোখ ছলছল করত। ওকে একা ফেলে আমি কোথাও যেতে পারতাম না। নিকিতা এখন যেমন করে আমার সাথে, ঠিক ওমন করত। একদিন এতো জেদ ধরল যে আমি বাধ্য হয়ে ওকে অফিসে নিয়ে গেলাম। তুমিই বলো, এতো গুলো মুহূর্ত একসাথে কাটানোর পর আমি কি কখনো ভেবেছি যে সিয়াশার ভেতরে সে এতো বড় পাথর চেপে রেখেছে?"
পারমিতা ধরা গলায় বলল,"কবে জানলেন সব?"
"নিবেদিতার জন্মের আরো অনেক পরে। নিবেদিতার দৃষ্টিহীনতার ব্যাপারটা সিয়াশাকে খুব ভেঙে দিল। ও মানতেই পারল না, নয় মাস যেই বাচ্চাটাকে ও নিজের গর্ভে ধরেছে, তার চোখে কোনো আলো নেই, সে পৃথিবী দেখতে পারবে না।
তিনদিন সিয়াশা শুধু কাঁদল। আর আমি অবাক হয়ে বাচ্চাটাকে দেখতাম। ও আমার মেয়ে! আমার চাঁদ! আনন্দে আমার চোখ ছলছল করত। ওকে বুকের সাথে চেপে ধরে আমি আমার জীবনের সবচেয়ে চমৎকার মুহূর্তগুলো কাটিয়েছি।"
পারমিতা পাশ ফিরে তাকাল। নিনীত গলা বসে গেছে। ও নাক টানছে। পারমিতা তাকাতেই দেখল ওর দুই চোখ ভেজা। লোকটা কাঁদছে আবার।
নিনীত চোখ মুছে বলল,"আমি বোধহয় পৃথিবীতে নিবেদিতার মতো ভালো আর কাউকে বাসিনি। কখনো বাসব নাকি তাও জানি না। আমার মনে হয় নিবি আমার। একান্তই আমার।"
নিনীত একটু থামে। সাইড বক্সের উপর থেকে পানির গ্লাস হাতে তুলে ঢকঢক করে পানি খায়। তারপর আবার শান্ত গলায় বলতে থাকে,"নিবেদিতা হওয়ার পর আমি জীবনের আরেকটি সুন্দর দিকের সাথে পরিচিত হলাম। পিতৃত্ব! কি চমৎকার অনুভূতি। তখন আমার আর অফিসে যেতেই ইচ্ছে করত না। নিবেদিতার চোখ, কপাল, গাল , নাক সব আমার কাছে অপার্থিব মনে হতো। আমি ভীষণ দুর্বল ছিলাম ওর প্রতি। এখনো আছি। নিবি আমার সামনে এলেই আমার পৃথিবী থেমে যায়। ওর সাথে আমি বাজে ব্যবহার করতে পারি না, ওকে অবহেলা করতে পারি না।
নিবেদিতার জন্মের কয়েক বছর পর আকস্মিক ভাবে সিয়াশার সাথে জুবায়েরের দেখা হলো। একটা সুপারশপে তাকে সেলসম্যান হিসেবে দেখল সিয়াশা। এতো বছরেও ঐ ছেলের প্রতি ওর অনুভূতি কমে নি। আই ডোন্ট ব্লেম হার একচুয়ালি। প্রথম প্রেমের প্রতি মানুষ একটু বায়াসডই থাকে। এই যেমন আমাকেই দেখো। ওর দ্বিচারিতাকেও আমি ভুল, বাচ্চামো, ভালোবাসা, প্রেম, এসব শব্দ দিয়ে ওভারকোট করছি।
তো সেদিন দেখা হওয়ার পরেই সিয়াশা তার নম্বর নিল। জুবায়েরের কাহিনি তখনও জানতাম না আমি। এতো বছর কোথায় ছিল, কিভাবে ছিল, তাও জানতাম না। সিয়াশার মুখে যতোখানি শুনেছিলাম, সেদিন নাকি সিয়াশাকে দেখার পর ঐ ছেলে বাচ্চাদের মতো কাঁদল।
সিয়াশাও কাঁদল বাড়ি ফিরে। ও আর তখন বাচ্চা মেয়ে নেই। ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝে। এই যে নম্বরটা সে এনেছে, এই নম্বরে ফোন দেওয়ার অর্থও সে বুঝে। তার সংসার হয়েছে অন্য লোকের সাথে, ঐ লোকের সাথে তার একটা মেয়েও আছে। এতোকিছুর পরেও কলেজ জীবনে প্রেম হওয়ার ঐ ছেলেটিকে কল দেওয়া, তার সাথে যোগাযোগ করার মানে সে ভালো মতোই জানে।
দুই তিনদিন নিজের মধ্যেই দোটানায় ভুগল সে। কি করবে? আমাকে ঠকাবে? কিন্তু আমার তো কোনো দোষ নেই। তবে কি নিজের সাথে অন্যায় করবে? তারও তো কোনো দোষ নেই?
তাই সব দোষ সময়, পরিস্থিতি, আর নিজের বাবার উপর চাপিয়ে দিয়ে সে ঐ ছেলের সাথে যোগাযোগ রাখার সিদ্ধান্ত নিল।"
"ওর বাবা আসত না ওকে দেখতে?"
"আসত। কিন্তু সিয়াশা একদমই তেমন কথা বলত না তার সাথে। না একবারো নিজ থেকে বাবার বাড়ি যেত। ওকে অনেক বলেও আমি ঐ বাড়ি নিতে পারতাম না। ওর নাকি এখানেই ভালো লাগে।"
"এরপর?"
"এরপর আর কি। ঠিক দশ দিনের মাথায় আমি সিয়াশাকে ধরে ফেললাম। ওর ফোনে ঐ ছেলের মেসেজ দেখেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আশ্চর্য হয়ে বললাম, এই ছেলে কে সিয়াশা?
সিয়াশা সেদিনই আমাকে সব খুলে বলল। ঝরঝর করে কেঁদে দিয়ে বলল,"বিশ্বাস করো। আমি তোমাকে বিয়ে করতাম না। আমি তোমার থেকে এই কথা গোপন করতাম না। কিন্তু আমার হাতে আর অন্য উপায় ছিল না। জুবায়েরকে বাঁচানোর জন্য আর অন্য উপায় ছিল না আমার হাতে। আমি নিরুপায় ছিল বিশ্বাস করো। বাবা সব জানত, সব।
আমি নিশ্বাস আটকে ওর কথা শুনলাম। ওকে জড়িয়ে ধরে স্বান্তনাও দিলাম। শেষে শক্ত গলায় বললাম,"ঠিক আছে সিয়াশা। ইটস ওকে। যা হয়েছে হয়েছে। তুমি আর ভবিষ্যতে কখনো ঐ ছেলের সাথে কথা বলবে না। কোন পরিস্থিতিতে তুমি আমাকে বিয়ে করেছ, সেটা আর শুনতে চাইছি না। এখন আমাদের একটা মেয়ে আছে। তুমি আমার স্ত্রী। অতএব এখন আর আমাদের দাম্পত্য জীবনে অন্য কারো আলোচনা তোলার কোনো মানে নেই। যেভাবেই হোক, তুমি এখন আমার স্ত্রী। ঐ ছেলেটা বাইরের। তুমি আর কখনো ওর সাথে কথা বলবে না।"
সিয়াশা অবাক হলো আমার কথা শুনে। শূন্য চোখে আমার দিকে তাকিয়ে বলল,"ঐ ছেলেটা বাইরের?"
"অবশ্যই বাইরের। তোমার কোনো সন্দেহ আছে?"
সিয়াশা মাথা নাড়ল। বলল, না নেই।"
নিনীত থামল। পারমিতা অধৈর্য হয়ে বলল,"এরপর? এরপর কি?"
নিনীত অলস ভঙ্গিতে আড়মোড়া ভাঙল। দেয়াল ঘড়িতে সময় দেখে হাই তুলতে তুলতে বলল,"সময় দেখেছ ঘড়িতে? আমার প্রচুর ঘুম পেয়েছে। ঘুমাব আমি। চলো ঘুমাই।"
"এটা কেমন কথা? বাকি কাহিনি কখন শুনব।"
"কাল রাতে।"
"আমি পুরো এক রাত অপেক্ষা করব?"
নিনীত হাসল।
"আমি দশ বছর অপেক্ষা করেছি। আর তুমি এক রাত অপেক্ষা করতে পারবে না?"
___
লোকটাকে দেখতেই মণিষার পা থামল। সে আবার এসেছে। মণিষা আশ্চর্য হচ্ছে তার আচরণ দেখে।
সোহাইল মাথা নামাল তাকে দেখে। এগিয়ে এলো ধীর পায়ে। মণিষা তাকে পাশ কাটানোর চেষ্টা করতেই সে তার পথ আটকে দাঁড়াল। ভীষণ ক্ষীণ গলায় বলল,"মণিষা, একবার আমার কথা শোনো।"
লোকটার গলায় নমনীয়তা আছে। তবে চেহারায় কোনো অনুতাপ নাই। মণিষার একবারো মনে হলো না লোকটা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত।
"সোহাইল! পথ ছাড়ো। তুমি কি জানো, তোমার উপস্থিতি আমাকে কতোটা বিরক্ত করে? আমি আমার মতো আমার জীবনে এগিয়ে গেছি। আমাদের আর কোনো সম্পর্ক নেই। বার বার আমার সামনে এসে তুমি কি প্রমাণ করতে চাও?"
"সম্পর্ক নেই। তার মানে এটা না যে আমরা অপরিচিত।"
"একদম। অপরিচিত না তুমি আমার। যে ডাকলেই থেমে গিয়ে তোমার কথা শুনতে হবে। আমাকে ডাকার কোনো অধিকার তোমার নেই।"
মণিষা আবার এগিয়ে গেল। পেছন থেকে সোহাইল তাড়াহুড়ো করে বলল,"বললাম তো, আমি চাঁদনীকে ছেড়ে দিব। তোমার সংসার তুমি যেমন রেখে গেছ, ওমনই আছে। একবার এসে দেখে যাও।"
"আমি দেখতে চাই না। চাঁদনীকে তুমি ছাড়তেই পারো। বেঈমানী তোমার রক্তে আছে। আমি চিনি তোমাকে।"
অপমানে সোহাইলের কথা আটকে গেল। আমতা আমতা করে সে থেমে গেল শেষ পর্যন্ত। মণিষা এগিয়ে গেল মেইনরোডের দিকে। তার মাথাব্যথা হচ্ছে খুব। সোহাইল সামনে এলেই তার অসুস্থ লাগে। মণিষা হাত বাড়িয়ে চলন্ত বাসটাকে থামার ইশারা করল। তার পায়ের গতি চঞ্চল। আক্ষরিক অর্থেই তার পেছনে তাকানোর সময় নেই। না এখানে, আর না জীবনে।
____
"পাপাই পাপাই!"
নিনীত চমকে গেল। ভালোমতো দরজার দিকে তাকানোর আগেই দেখল নিকিতা ছুটে এসে আছড়ে পড়েছে তার বুকে। দুই পা দুই পাশে ছড়িয়ে দিয়ে নিনীতের বুকে মাথা গুজে বলল,"পাপাই! ভালু লাগে না। ঘুততে যেতে চাই।"
"মমা কোথায়? সে না বলল আজ বাইরে যাচ্ছে?"
পারমিতা হন্তদন্ত পায়ে ঘরে এলো। কোমরে হাত রেখে কড়া গলায় বলল,"অবশ্যই। অবশ্যই আমরা আজ বাইরে যাচ্ছি। কিন্তু তার আগে নিকিতাকে একটা ছড়া শিখতে হবে। অ থেকে ঔ পর্যন্ত লিখতে হবে।"
নিকিতা অসহায় চোখে একবার পারমিতা দিকে তাকিয়ে আবার বাবার বুকে মাথা রাখল। বিড়বিড় করে বলল,"পাপাই সুত্যি! বিশশাস করো। বাসায় এসে সব পববো। পমিস। এখুন না।"
পারমিতা তেড়ে এসে বলল,"কিইইই! বাসায় এসে পড়বে মানে? বাসায় এসে সে মেহরোজের ঘরে গিয়ে বসে থাকবে। একটু পরে বলবে ঘুম পাচ্ছে। ওকে আমার চেনা হয়েছে।"
নিনীত থামিয়ে দিল তাকে। বলল,"আচ্ছা আমি বুঝাচ্ছি ওকে।"
"বোঝানো তে কাজ হবে না। ওর দরকার চ্যালাকাঠের বেত।"
"চিলাকাঠের বেত কি?"
নিনীত হেসে বলল,"পঁচা কথা বলছে মা। তুমি কান দিয়ো না।"
নিকিতা আড়চোখে আবার পারমিতার দিকে তাকাল। নিনীত ওর কোকড়া চুল গোছাতে গোছাতে বলল," মা! পড়াশোনা তো করতে হয়। দেখো, নিবিও তো পড়ছে। নিবি কতো মন দিয়ে পড়ছে। পড়াশোনা না করলে তো কেউ তোমার কথা শুনবে না। তোমাকে পাত্তা দিবে না।"
"সুত্যি?"
"সত্যি।"
নিবেদিতা বাবার গা ঘেঁষে বসেছিল। নিনীত থামতেই অনুমানে হাত বাড়িয়ে নিকিতার হাত ধরল। বলল,"নিকু! পড়াশোনা খুব মজার। তুমি যতো পড়বে, তত তুমি মজার মজার আইসক্রিম খেতে পারবে।"
"সুত্যি? আইসপিম পাব?"
"অবশ্যই পাবে।"
নিনীত বলল,"আজকের ছড়ার নাম কি?"
পারমিতা গোমড়া মুখে জবাব দিল,"বা বা ব্ল্যাক শিপ।"
"ওহহহ সহজ ছড়া তো। চলো নিকি, আমরা দু'জন মিলে শিখি। নিবি, তুমি পারো না এই ছড়া?"
"পারি তো।"
"তাহলে তুমিই আমাদের শিখাও।"
পারমিতা বলল,"নিকি তুই আজও বেঁচে গেলি আমার থাবা থেকে।"
নিনীত বলল,"তুমি রেডি হও শাড়ি পরে। জলদি জলদি। আর নিবি শুরু করো তো ছড়া।"
"বা বা ব্ল্যাক শিপ।"
নিনীত বলল," বা বা ব্ল্যাক শিপ। এ্যাই নিকি, তুমিও বলো না।"
"না, এটা ভালু লাগছে না পাপাই।"
"কেন ভালো লাগছে না?"
"এটা মজা না।"
"কেন মজা না?"
নিবেদিতা বলল,"পাপাই বাদে পৃথিবীর আর কোনো কিছুই ভালো লাগে না নিকিতার। ছড়াতে পাপাই থাকলে নিকি খুশি হতো। তাই না নিকি?"
নিকিতা চোখ বড় বড় করে বলল,"পাপাইয়ের ছড়া? আমি তুমাকে নিয়ে একটা ছড়া বানাতে চাই পাপাই।"
নিনীত হাসতে হাসতে বলল,"আমাকে নিয়ে ছড়া বানাবে? কিভাবে বানাবে?"
"দাড়াও। ভাবছি।"
নিকিতা ভাবল কিছুক্ষণ। পারমিতা মেজেন্টা রঙের একটা শাড়ি পরে জলদি ড্রেসিং টেবিলের সামনে চেয়ার টেনে বসল। নিনীত হাই তুলতে তুলতে বলল,"মাই গড! এতোক্ষণ মেকআপ নিয়ে বসলে। মানে আরো এক ঘন্টা।"
পারমিতা ময়েশ্চারাইজার হাতে নিয়ে গালে মাখতে মাখতে বলল,"তো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম?"
"নো। নট এট অল। আই ক্যান ওয়েট ম্যাডাম।"
"রিয়েলি? হাউ লং?"
"আনটিল ইউ আর ডান। এন্ড আনটিল মাই লাস্ট ব্রিথ।"
"ইশশশ! হাউ রোমান্টিক!"
____
আজ ইয়াজিদের মেজাজ ভালো। ভীষণ ফুরফুরা লাগছে। বড় ভাইজান তাকে নগদে দশ হাজার টাকা দিয়েছে। দু'দিন পর তার জন্মদিন। বলেছে পছন্দ মতো কিছু কিনে নিতে।
আজ বুধবার। দেবব্রত চৌধুরী গানের ক্লাস নিচ্ছেন।
মধুর কণ্ঠে গান গাইছেন-
"তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা,
সখি ভালোবাসা কারে কয়?"
মণিষা ভঙ্গুর পায়ে ঘরের ভেতর পা রাখল। ইয়াজিদ ইজিচেয়ারে দোল খেতে খেতে গুন গুন করছিল। কারো পায়ের শব্দ পেতেই চোখ মেলল।
মণিষা দাঁড়িয়ে আছে দরজার কাছে। উদ্ভ্রান্ত, উদাসীন চোখে চারপাশ দেখছে। গত মাসে প্রায় দশদিন ক্লাস মিস গেছে সহস্রর। এই সপ্তাহ তাই রোজ আসছে।
ইয়াজিদ উঠে দাঁড়াল। ভদ্রমহিলার পায়ের গতি অস্বাভাবিক। কেমন যেন এলোমেলো কদম ফেলে এগিয়ে আসছে। ইয়াজিদের সাথে চোখে চোখ মিলতেই হতভম্ব মুখে বলল,"আমার ব্যাগ, আমার চেইন।"
ইয়াজিদ দ্রুত এগিয়ে এলো। মণিষার মেঝের দিকে হেলে পড়তে পড়তে কোনোরকমে তার হাত ধরল। ইয়াজিদ আশ্চর্য হয়ে বলল,"মিস মণিষা! কি হয়েছে আপনার?"
মণিষা অস্থির দৃষ্টিতে এদিক সেদিক তাকাল। ইয়াজিদের হাতটা ধরে বোকার মতো বলল,"আমার ব্যাগ আর গলায় চেইন চুড়ি হয়ে গেছে।"
"এহহ! কি? কিভাবে চুরি হলো? আপনি কোথায় ছিলেন?"
"চুরি না। ছিনতাই মনে হয়। আমি হাঁটছিলাম। হঠাৎ হাত ধরে হ্যাঁচকা টান দিল। গলাতেও।"
মণিষা গলায় হাত রাখল। ইয়াজিদ আঁতকে উঠে বলল,"সর্বনাশ! ছিলে গেল তো। চামড়া উঠে গেছে।"
মণিষা অন্যমনস্ক গলায় বলল,"এতো জোরে টান দিল, আমি টেরই পেলাম না।"
"আপনি কোন পৃথিবীতে ছিলেন? এসব হলো কিভাবে?"
"আমি জানি না।"
মণিষার চোখের দৃষ্টি এলোমেলো। ঘোরের মধ্যেই জবাব দিল সে। ইয়াজিদ ওকে একটা কাঠের বেঞ্চে বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিল।
শান্ত গলায় বলল,"পানি খান। ধীর স্থির হয়ে বসুন। এমন অদ্ভুত দেখাচ্ছে কেন আপনাকে? আপনি ঠিক আছেন?"
"হু?"
"কিছু না। পানি খান।"
মণিষা যন্ত্রের মতো হাত বাড়াল। বিড়বিড় করে বলল,"আমার ব্যাগ, আমার পার্স, আমার ফোন, চেইন।"
"শান্ত হন। কিছু হবে না। বেঁচে আছেন, এটাই বড় ব্যাপার।"
মণিষা গলায় হাত রেখে আবার ইয়াজিদের দিকে তাকাল। ইয়াজিদ বলল,"এটাও কিছু হবে না। কেটে গেছে টান খেয়ে। আমি এন্টিসেপটিকের ব্যবস্থা করছি।"
ভদ্রমহিলা ঘেমে গেছেন। তার চোখ মুখ ভীত। মনে হলো আশেপাশের কোনো কিছুই তার কানে যাচ্ছে না। তার পান পাতার মতো মুখটা দেখে খুব মায়া হলো ইয়াজিদের। আহারে! কি অবুঝ আর অসহায় চোখের দৃষ্টি!
____
"পাপাই! একতা ছড়া বানিয়েছি।"
উচ্ছ্বাস আর আনন্দে নিকিতার কণ্ঠে ফেটে পড়ল। নিনীত বলল,"তাই নাকি? শোনাও দেখি।"
নিকিতা দুলতে দুলতে হাত নেড়ে বলল,
"পাপাই পাপাই পাপাই,
নিকির পিয় পাপাই,
পাপাইকে সাথি নিয়ে, আমরা বিলুন ফুলাই।
পাপাই পাপাই পাপাই,
নিকির পিয় পাপাই,
ছবাই আমায় বকা দিলে আদর করে পাপাই।"
নিনীত হো হো করে হেসে উঠল। ঠেসে একটা চুমু খেল মেয়ের গালে। ধরা গলায় বলল,"কি সুন্দর সোনা! এটা আমি বাঁধাই করে ঘরে ঝুলাব।"
নিবেদিতা বলল,"নিকু, তুমি এমন ইন্সট্যান্ট ছড়া বানালে কেমন করে?"
পারমিতা ফেস কনটোরিং করতে করতে ঠোঁট গোল করে বলল,"মাই গড! নিকু এন্ড হার অলটাইম অবসেশন উইথ হার পাপাই। নিকু ওর বাবাকে দলিল করে ফেলেছে। হাহ!"
নিকিতা একটু লজ্জা পেল। লাজুক চোখে বাবার দিকে তাকিয়ে বলল,"পাপাই, আজকে গাড়িতে তুমার কুলে বসবে কে?"
নিনীত জোর গলায় বলল,"অবশ্যই তুমি বসবে। পারমিতাকে তো আর কোলে বসানো সম্ভব না। নয়তো ওকেই বসাতাম।"
দুই বোন হেসে ফেলল ফিক করে।
নিনীত মুচকি হেসে ড্রেসিং টেবিলের দিকে তাকাল। পারমিতা চোখে লেন্স পরতে পরতে বলল,"জাস্ট শাটআপ। মেকআপের সময় এধরণের ফ্লার্টিংও বড্ড বিরক্ত লাগে আমার। ইউ আর ডিসট্র্যাক্টিং মি।"
"ওহ, মাই ব্যাড। আর ডিস্টার্ব করব না।"
পারমিতা হাসল। পেছনে ফিরে নিনীতের দিকে তাকিয়ে বলল," কি যাদু আছে আপনার মধ্যে বলুন তো? নিকির মতো আমিও ডিলিউসনে ভুগতে থাকি।"
নিনীত বলল,"নো, আই অ্যাম নট জোকিং। এখন না নিলেও ফেরার পথে কলোনির রাস্তায় ঢুকে নিকির মমা কে আমি কোলে নিতেই পারি। যদি না এতে নিকি আর নিবির কোনো আপত্তি থাকে। মেয়েরা, তোমাদের কোনো আপত্তি আছে নাকি?"
পিতার কথার পিঠে মেয়েরা সমস্বরে চেঁচিয়ে উঠে জবাব দিল,"না, একটুও না।"
চলবে-
[কিসব ভুংচুং লিখি। নিজেই জানি না।]