" শুধুমাত্র নারী শরীরের টানে আমি বিয়েটাকে গ্রহণ করে নিব ভাবলে তুমি ভুল ভাবছ। আমি এমন পুরুষ নই যে কেবল শরীরের চাহিদা মেটাতে তোমাকে ছুঁবো। আমার কাছে কারো শরীর ছোঁয়ার আগে তার মন ছোঁয়া ম্যাটার করে। আর তুমি আমার মন ছুঁতে পারো নি। তাই সং সেজে খাটে বসে বাসরের চিন্তা না করে নেমে দাঁড়াও। ঘুমাব আমি।"
বিয়ের প্রথম রাত্তিরে স্বামীর করা ভর্ৎসনায় চোখ ছলছল করে উঠে রিনির। মুখ তুলে দেখে তাকে অপমান করা চৌকস ধারালো মুখের মানুষটির পানে। চক্ষে বিঁধে রাগের চোটে লাল হওয়া রক্তবর্ণ মুখ,অগ্নিমূর্তি চাহনি,শক্ত চোয়াল। সহসা গলা শুকিয়ে গেল ওর। হাত-পায়ে,শরীরের সর্বাঙ্গে কম্পন ছড়াল মৃদু মৃদু। কাঁপা পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় সে। চোখ বুঁজে লম্বা শ্বাস টেনে নেয় নিজের মাঝে। গায়ে জড়িয়ে থাকা রক্তজবা রঙের লাল বেনারসিটাকে
দু হাতে খামচে ধরে দুর্বার সাহসে বলল,
" না মানলে বিয়ে করেছেন কেন?"
সদ্য এইচএসসি দেওয়া তার বছর কয়েকের ছোট একটা বাচ্চা মেয়ের কঠিন গলা শুনে অন্তরের রাগটা তড়তড় করে মাথায় চড়ে গেল। মেজাজে আগুন ধরে গেল। রিনিকে পুড়িয়ে ভস্ম করে দেবার মতো দৃষ্টি ছুঁড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল,
" আমি বিয়ে করতে চেয়েছি? না-কি সব জেনেশুনেও তুমি লাফিয়ে লাফিয়ে আমার ঘাড়ে চেপে বসেছ? বিয়ের আগে তোমাকে বলি নি এই বিয়েতে আমার মত নেই? কী ভেবেছিলে কোনোমতে বিয়েটা হয়ে গেলে শরীর দেখিয়ে আমাকে বশ করবে? তুমি ভুল ভেবেছ বাচ্চা মেয়ে। অন্তর নেওয়াজ মেয়ে মানুষের শরীর দেখে বশ মানার মতো চরিত্রহীন পুরুষ নয়। "
অন্তরের উচ্চারিত একেকটি শব্দ তীর হয়ে বিঁধল রিনির নরম মাংসপিণ্ডে। কানে সিসা ঢেলে দেবার মতোন যন্ত্রণা হতে লাগল। এমন অপমান-অপদস্ত রিনি কোনোদিন হয় নি। তার তুলোর মতো নরম-নাজুক মনটা এর আগে কখনো আঘাতপ্রাপ্ত হয় নি কারো কথার বাণে। পায়ের নিচ টলে উঠল তার যেন ভূমিকম্প হয়েছে মাত্র। ঠোঁটে ঠোঁট চেপে ধরে সমুদ্রের ঢেউয়ের মতো উপচে আসা জলগুলোকে থামাতে চাইল প্রাণপণে। মনে পড়ল বিয়ের আগের রাতে অন্তর ফোন করেছিল। রিনির নিজস্ব কোনো মুঠোফোন নেই। বাবা পছন্দ করেন না মেয়ে মানুষের স্বাধীনতা। কঠোর শাসনে রাখেন পাছে তার মানসম্মান না চলে যায় মেয়েদের কোনো এক ভুলে। তাই কখনো ফোন দূরের কথা বাহিরের জগতটাও ঠিকভাবে চিনতে দেন নি। আনজু রিনির বাবার মুঠোফোনটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে জানালেন," তোর সাথে জামাই কী যেন বলবে। নে ধর।"
রিনি চমকাল। কাল বিয়ে, আজ কী কথা বলবে অন্তর? বিয়ের আগে একবার তাকে দেখা জরুরি মনে করে নি। এখন হুট করে বাবার ফোনে কল দিয়ে বলছে তার সাথে কথা বলতে চায়? কেন? মা পাশেই দাঁড়িয়ে থাকলেন। সে মোবাইল কানে ঠেকালে গাম্ভীর্যে পূর্ণ একটি পুরুষালি স্বর বলে উঠে,
" রিনি বলছ?"
রিনির গলা দিয়ে কথা বের হচ্ছে না। কণ্ঠ কাঁপছে ভীষণ। কিছুটা তোতলানো ও অস্পষ্ট সুরে বলল," জ...জি। "
" রিনি শুনো,তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। "
" বলুন।"
" বিয়েটা তুমি কোরো না,রিনি। বিয়েতে আমার মত নেই। বিয়ে হয়ে গেলেও তোমাকে মেনে নিতে পারব না আমি। বিয়েটা হয়ে গেলে আমার কোনো ক্ষতি হবে না তবে তোমার জীবন বরবাদ হবে। আশা করি তুমি আমার কথা বুঝবে। রাখছি। "
কথাগুলো একদমে বলে রিনিকে কিছু বলার সুযোগ না দিয়ে ফট করে কল কেটে দেয় অন্তর। নিমেষে তার ফর্সা চেহারার লাল আভাটুকু উড়ে গিয়ে সমস্ত মুখ ছেয়ে যায় ছাঁই রংয়ে। মেয়ের সদ্য প্রস্ফুটিত সাদা গোলাপের মতোন মুখটাকে মলিন, পাণ্ডুর,রক্তশূণ্য হতে দেখে আনজু কাঁধে হাত রেখে উদ্বিগ্ন গলায় বলে উঠলেন,
" কী হইল আম্মা? জামাই কেন কল দিছিল? কী কইছে?"
রিনি মায়ের প্রশ্নের জবাব দিতে পারল না। ধরা গলায় বলল,
" আব্বা কই,আম্মা? "
" ঘরেই আছে। ক্যান,কী হইছে?"
মায়ের কথার উত্তর না দিয়ে দৌড়ে বাবার ঘরে ছুটল রিনি।
বাবাকে যমের মতো ভয় পায় সে। মুখ ফুটে কিছু বলতেও সাহস পায় না। তবে আজ অসীম সাহস জুগিয়ে বলে ফেলল," আব্বা,উনি বিয়ে করতে চান না। আমারে বলল,এই বিয়ে করলেও আমাকে গ্রহণ করবে না। আপনি বিয়ে ভেঙে দেন। "
আনোয়ার মেয়ের কথায় কর্ণপাত করলেন না। উলটো থমথমে মুখে বললেন , " বিয়ের পর মেনে নিবে তোমারে। অন্তরের বাপ আমার বাল্যকালের বন্ধু। তারে কথা দিছি আমি। কথার খেলাপি হইব না। অন্তর যে বিয়েতে মত নাই আমি জানি। এইসব কিচ্ছু না৷ জোয়ান পোলা, জেদ বেশি। এখন বিয়েতে মত নাই। কালকে মত হইব। তুমি এইসব নিয়া ভাইবো না। আর আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টাও করবা না। "
ব্যাস! রিনি তার আব্বার মুখের ওপর আর কিছু বলতে পারল না। আব্বার মানসম্মান রক্ষার্থে অন্তরের না সত্ত্বেও বিয়েটা করতে হয় তাকে। সে না-হয় পিতার জোরাজুরিতে বাধ্য হয়েছে কিন্তু পুরুষ মানুষকে কি কেউ জোর করে বিয়েতে রাজি করাতে পারে? কখনোই না। গলায় তেজ এনে বলল,
" বলেছেন আপনার বিয়েতে মত নেই। মত না থাকলে আপনি কেন বিয়ে করলেন? মেয়ে মানুষের অনেক বাধ্যবাধকতা থাকে কিন্তু পুরুষ মানুষের সেটা থাকে না। আপনি চাইলেই বিয়েটা ভাঙতে পারতেন। "
" বিয়ে ভাঙতে পারলে তোমাকে বলতাম ফাজিল মেয়ে? আমার স্বপ্নের পথে বাধা হচ্ছিল বিয়েটা। সেই বাধা দূর করতে বিয়েটা করতেই হয়েছে। "
" কী বাধা?"
অন্তর দু হাতে চুল খামচে ধরে কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল," আমি বহুদিন ধরে স্কলারশিপের জন্য চেষ্টা করছিলাম বাহিরে মাস্টার্স করার জন্য। পেয়েও যাই তবে সেটা হাফ ফান্ডেড স্কলারশিপ। বাকি টাকা আমি কোথায় পাব?আব্বা বাদে এত টাকা আমাকে কে দিবে? আব্বার কাছে চাইলে তিনি আমাকে শর্ত জুড়ে দিলেন তোমাকে বিয়ে করতে হবে। আমি আব্বাকে অনেক বুঝিয়েছি। লাভ হয় নি। তিনি তার কথায় অটল। তাই বিয়েটা আমার করতেই হলো। তুমি যেহেতু বিয়েটা ভাঙো নি, সুতরাং তোমার জীবন নষ্ট হবার জন্য তুমিই দায়ী। "
রিনি ছোটো থেকে শান্ত, চুপচাপ স্বভাবের মেয়ে। কিন্তু বাসর রাতে নিজের স্বামীর মুখে এসব কথা সে সইতে পারল না। তার ভিতরকার প্রতিবাদী সত্তা জাগ্রত হলো। তাচ্ছিল্যের স্বরে বলে ফেলল," টাকার জন্য আমাকে বলির পাঁঠা বানিয়েছেন? "
কথাটা হজম হলো না অন্তরের। তার থেকে ছোট,বাচ্চা একটা মেয়ে তাকে তিরস্কার করল! এতে যেন আঁতে ঘা লাগল তার। ঘরের মাঝ বরাবর দাঁড়ানো রিনির দিকে তেড়েফুঁড়ে গেল সে। তাকে হিংস্র জন্তুর মতো নিজের দিকে এগিয়ে আসতে দেখে চোখ খিঁচে বন্ধ করে নিল রিনি। কাঁপন ধরে গেল বুকে। ভারী কিছু একটা পড়ে যাওয়ার তীক্ষ্ণ আওয়াজে চোখ খুলল তড়াক করে। ঘরের কোণে থাকা ফুলের সিরামিকের টবটাকে লাত্থি দিয়ে মেঝেতে ফেলে দিয়েছে অন্তর। রিনির মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত হামাগুড়ি খেয়ে নেমে গেল। ওপরে ওপরে সে যতই সাহস দেখাক ভেতরে ভেতরে সে অত্যন্ত ভয়ে কুঁকড়ে যাচ্ছে। কলিজা ফাটা বেলুনের মতো চুপসে যাচ্ছে। মেয়ো মানুষের গায়ে হাত তোলার ধাত অন্তরের নেই। সে তার তপ্ত মেজাজটাকে সামলে-সুমলে বলল,
" তোমাকে বলির পাঠা বানাতে চাই নি বলেই ফোন করে নিষেধ করেছিলাম বিয়ে করতে। বাহিরের দেশে পড়ার স্বপ্নটা আমার কলেজ জীবন থেকে। এতগুলো বছর ধরে মনে লালন করা স্বপ্নটা আমি কীভাবে জলাঞ্জলি দিই? আব্বা আমাকে টাকা দিবে শুধুমাত্র তোমাকে বিয়ে করলে। তাই বাধ্য হয়েছি নিজের স্বপ্ন পূরণের জন্য তোমাকে বিয়ে করতে। তুমি হয়তো ভাবছ বিয়ে করলে বাহিরে পড়া যাবে না? হ্যাঁ, যাবে। কিন্তু আমি এখুনি বিয়ে করার জন্য মন থিতু করি নি। আর অ্যারেঞ্জ ম্যারেজে আমি বিশ্বাসী নই। একটা মেয়েকে আমি ভালোবাসি না,তাকে আমার মনে ধরে নি তার সাথে শুধুমাত্র শারিরীক চাহিদা মিটিয়ে আমি সংসার করব? এটা আমার দ্বারা হবে না। আমি সংসার তার সাথেই করব যার প্রতি আমার হৃদয়ে ভালোবাসা জাগবে। আমি সোজা কথা বলার মানুষ। আমার মধ্যে কোনো ভণিতা নেই। সত্য হলো তোমাকে আমি অনেক বার দেখেছি কিন্তু কখনো তোমার প্রতি আমার মন কিছু অনুভব করে নি,তোমাকে চায় নি। আমি বাহিরে পড়তে গিয়ে আমার মনে যদি কারো প্রতি ভালোবাসা জেগে উঠে আমি তাকেই বিয়ে করব। তখন তোমার কী হবে? এজন্যই আমি নিষেধ করেছিলাম তোমাকে। কিন্তু বাপের যোগ্য মেয়ে হতে গিয়ে তুমি নিজের জীবন নষ্ট করলে। শুনলে না আমার কথা। সামনে যা হবে তা একান্ত তুমিই ভোগবে। ডিভোর্সের তকমা লাগবে তোমার গায়ে। "
রিনির সমস্ত দেহ ঝিমঝিম করে উঠল। চোখে ভীড়ল নোনা জল। অন্তর কী করে পারল এই নিকৃষ্ট কথাগুলো এত সহজে বলে দিতে! তাকে ভালোবাসে না, তাকে ছেড়ে চলে যাবে,অন্য নারীর প্রতি ভালোবাসা জাগলে তাকে বিয়ে করবে, ডিভোর্স দিয়ে দিবে এই কথাগুলো কি খুবই সহজ অন্তরের কাছে? রিনির তো দমবন্ধ হয়ে আসছে। বুক ব্যথা করছে। চোখ দুটি বাষ্পাচ্ছন্ন হয়ে টলতে টলতে বসে পড়ল সে মেঝেতে। অন্তর ছুটে আসল। তার দু বাহু ঝাঁকিয়ে অস্থিরভাবে ডাকতে লাগে," রিনি,এই রিনি! কী হয়েছে তোমার?"
রিনির শরীরের সর্ব শক্তি খুইয়ে এসেছে। নিস্তেজ গলায় স্রেফ এতখানি বলতে পারল,
" শররররীর খারাপ লাগছে।"
অন্তর নিমিষে কোলে তুলে নিল তাকে। বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ছটফটে স্বরে জিজ্ঞেস করতে লাগে ক্রমাগত," বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকব?"
রিনি মাথা নাড়ল দুদিকে। অস্ফুটে জানাল," না,ঘুমাব।"
সে চোখ বন্ধ করলে তার চোখের কোণা দিয়ে অশ্রু গড়িয়ে গেল কানের কাছে।
অন্তর বুঝল রিনি তার কথাগুলোয় কষ্ট পেয়েছে। কিন্তু সে নিরূপায়। কষ্ট পাবে বলেই রিনিকে কল করে জানিয়েছিল বিয়ে না করতে। আব্বাকে সে অনেক বুঝিয়েছে।কিন্তু আব্বার ঘুরেফিরে এক কথা রিনিকে বিয়ে করলেই টাকা দিবে নয়তো বিদেশে পড়তে যাওয়ার কথা ভুলে যেতে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রিনির মুখের ওপর এক পলক স্থির করল তার আয়তাকৃতির চোখ দুটি। মেয়েটার ফর্সা মুখ পাণ্ডুর, মলিন। গালে জলের ছাপ। গায়ের ওপর পাতলা কাঁথা টেনে দিয়ে উঠে দাঁড়াল সে। খিড়কি অভিমুখে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাল। খোলা জানালা গলে রাতের উত্তুরে হাওয়া ঢুকছে ঘরে। অদূরে ধান ক্ষেতের ওদিক হতে থেকে থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। গ্রামে সন্ধ্যা নামলেই যেন শিয়াল ব্যাকুল হয়ে পড়ে গ্রামবাসীকে তার হাড় হিম করা ডাক শোনাতে।
রিনির ঘুম ভাঙল বেলা করে। বাইরে তখন সূর্য তার প্রভাব খাঁটিয়ে প্রকৃতিকে পুড়তে ব্যস্ত। মাথার ওপর বৈদ্যুতিক পাখা বৃত্তাকারে ঘুরপাক খেলেও বাতাসে উষ্ণ ভাব। মাথা ভার হয়ে আছে তার। কেউ যেন কয়েক মণ ওজনের পাথর চাপিয়ে দিয়েছে তার মাথার ওপর। শরীর অবশ। গতকাল সকাল থেকে কিছু খেতে পারে নি সে। বিয়েটা নিয়ে চিন্তা, রাতে অন্তরের বলা কথাগুলো বিষাক্ত হূল হয়ে ফুটেছে তার সর্বাঙ্গে। এত বেলা পর্যন্ত সে বাপের বাড়িতেও ঘুমায় নি। শ্বশুর বাড়িতে এসে কি-না বিয়ের প্রথম রাতেই এত বেলা পর্যন্ত ঘুমাল! কী ভাববে সবাই! অন্তর ঘরে নেই। কোথায় গেল নিষ্ঠুর লোকটা? তার ভাবনার মাঝেই অন্তরের আগমন ঘটল ঘরে।
" উঠে গেছ? শরীর কেমন এখন?"
অন্তরের গলায় মোলায়েম ভাব। যেন জগতের সকল কোমলতা সে তার কণ্ঠে ধরে রেখেছে। এক রাতেই এত পরিবর্তন! রাতে চামারের মতো ব্যবহার করে এখন কেন অমন ভালো মানুষি দেখাচ্ছে? রিনি উত্তর না দিয়ে অস্বস্তি নিয়ে প্রশ্ন করল," কয়টা বাজে?"
" সাড়ে নয়টা। "
" কী! আপনি ডাকলেন না কেন আমাকে?"
" রিলেক্স রিনি। শান্ত হও। আম্মাকে বলেছি তোমার শরীর খারাপ, কেউ মন্দ ভাববে না৷ তুমি উঠো,উঠে ফ্রেশ হও। তারপর নাস্তা করবে। "
দেরি না করে বিছানা ছেড়ে বলল," আপনাদের গোসলখানা কোনদিকে?"
অন্তর বিছানার এক কোণে বসে ফোন চাপছিল। আঙ্গুল দিয়ে তার ঘরের সাথে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিল। রিনি অবাক হলো। অন্তরের ঘরে অ্যাটাচ বাথরুম আছে? গত রাতে চিন্তায় নিমগ্ন হয়ে খেয়ালই করে নি সে। ভেবেছিল তাদের বাড়ির মতো গোসল বাহিরের কলপাড়েই করতে হবে। থাকা অস্বাভাবিক নয়। গ্রামে সবার বাড়িতে পাকা ঘর না থাকলেও হাতে গোণা তিন চারজনের আছে। তন্মধ্যে একজন হলো অন্তরের আব্বা। লাগেজ থেকে সোনালি পাড় দেওয়া লাল রঙের একটা শাড়ি বের করে নিল। অন্তর ফোন চাপা থামিয়ে কিয়ৎক্ষণ ভ্রু কুঁচকে চেয়ে থেকে প্রশ্ন করল,
" তুমি কি এখন গোসল করবে?"
রিনি ছোট্ট করে উত্তর দিল," হুম। "
" সকাল বেলা কেন গোসল করবে? সকাল বেলা গোসল করার মতো কিছু কি ঘটেছে? তুমি ব্রাশ করে এসে আগে কিছু খেয়ে নাও। পরে গোসল দিও। "
রিনির সারা শরীর ঠাণ্ডা হয়ে গেল। জমে গেল। নিঃশ্বাস আটকে গেল গলার কাছটায়। মানুষটা কি কথা বুঝেশুনে বলে? নাকি নির্লজ্জ? অন্তরের চোখে মুখে কোনো ভাবাবেগ নেই। তাকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে বলল,
" কী সমস্যা? "
সে সম্বিৎ ফিরে পেয়ে গটগট করে ওয়াশরুমের দরজার কাছে গেল। ওয়াশরুমে ঢুকে দরজা হালকা খুলে মাথা বাড়িয়ে বলল, " শুনুন মিস্টার অন্তর, সোজাসাপটা কথা বলা ভালো। তবে এত সোজা কথা বলা একদম ভালো নয়,একদমই না। "
রিনির কথার মানে বুঝতে পেরে ক্ষীণ পল স্তব্ধ রইল অন্তর। তারপর হো হো করে হেসে উঠল। হাসির ঝংকারে রিনি মুখ ফুলিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। অন্তর হাসি থামিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলল," রিনি,এই রিনি! তোমার চিন্তাভাবনা এত নেগেটিভ জানতাম না তো। শুনো নেগেটিভ চিন্তাধারার বাচ্চা মেয়ে, আমি ওইসব মিন করে বলি নি। আমি শুধু জানতে চেয়েছিলাম এত জলদি গোসল কেন করবে। ছোট্ট মাথা থেকে দুষ্ট চিন্তা ঝেড়ে ফেলো মেয়ে।"
রিনি শাড়ির আঁচল মাথায় টেনে দিয়ে একাই আসল ঘরের বাহিরে। তার শাশুড়ি রান্নাঘরে। রান্নাঘরের দরজায় বসে দেশি মুরগি কাটছে বাড়ির কাজের মেয়েটা। রিনির শ্বশুর বাড়ি একতলা টিন শেড বিল্ডিং। বাড়ির একপাশে পুকুর পাড় জুড়ে কলাগাছ। পেছনের ধানের বিস্তৃত জমি,উঠোনের এক কোণে রান্নাঘর,রান্নাঘরের পাশে কলপাড়। উঠোনের আরেক কোণে গোয়াল ঘর।
রিনির শ্বশুর শামসুল হক গ্রামের মেম্বার। পৈতৃক সূত্রে গ্রামের বিত্তশালী লোক। জমিজমার অভাব নেই। রিনির বাবা আর তিনি বাল্যকাল থেকে বন্ধু। সেই সুবাদে রিনির অচেনা নয় এই বাড়িটি। ঘরের ভেতরে কাউকে না পেয়ে বাইরে আসল সে। এসে দেখলে পেল দাদি শাশুড়ি বাইরে চৌকি পেতে বসে আছে, হাত তসবি। তাকে দেখে কাছে ডেকে বললেন," উঠছস নাত বৌ? এদিকে আয়। "
কাছে গিয়ে সালাম দিল রিনি। দাদি কানের কাছে ফিসফিস করে বললেন," অন্তর কি রাতে তোরে বেশি জ্বালাইছে? অসুস্থ হইয়া পড়লি যে?"
রিনির লজ্জায় শিউরে উঠল। মাথা নেড়ে তড়িৎ গতিতে বলল," না,না। "
" না জ্বালাইলে শরীর কেমনে খারাপ হইল তোর? একটু শক্ত হো। স্বামীর সোহাগে শরীর খারাপ হলে হইব? সোহাগে অসুস্থ হইয়া পড়লে পুরুষ মানুষ বিরক্ত হইব। বুঝছস?"
রিনির কান গরম হয়ে গেল। ফোলা ফোলা গাল দুটো রক্তজবার টকটকে লাল রং ধারণ করল। অন্তর কাছ দিয়ে বাহির থেকে ঘরে ঢুকছিল। রিনির শুভ্র গোলাপের মতো মুখটাকে লাল হতে দেখে থমকে দাঁড়াল সে। দাদির কাছে এগিয়ে গিয়ে তীর্যক চোখে চেয়ে বলল," রিনির কী হয়েছে? মুখ এমন লাল কেন?"
" কী আর হইবে? গতকাল রাতে তুই যে সোহাগ করলি তা নিয়ে খোশগল্প করতেছিলাম বুবুর সাথে। "
দাদির কথা কর্ণপাত হতেই কাশি আরম্ভ হয়ে গেল অন্তরের। রিনির চোখ উঠোনের মাটি দেখতে ব্যস্ত। অন্তর তার ভরাট কণ্ঠে আস্তেধীরে ডাকল," রিনি!"
রিনি শরমে-মরমে নতজানু হয়েই সাড়া দিল," জি?"
" কিছু খেয়েছ?"
" না।"
দাদি ফট করে বললেন," যা যা তোর বউরে খাওন দে। দুইডা লজ্জায় মরতেছস। "
অন্তর আরেক দফা কেশে মাকে ডাক লাগাল," খাবার দাও,আম্মা। ",
রিনির শাশুড়ি তাড়াহুড়ো করে প্লেট ভরতি করে তেলের পিঠাসহ কয়েক জাতের পিঠা নিয়ে আসলেন। রিনির সামনে রেখে বললেন," খাও আম্মা। একটু পর ভাত রান্না শেষ হইলে গরম গরম ভাত খাইয়া নিও। "
রিনি হাতে একটা পিঠা তুলে নিয়ে কামড় বসানোর আগে জিজ্ঞেস করল," আপনারা খেয়েছেন,আম্মা? "
" সকাল বেলাতেই। তোমার শ্বশুরও খাইয়া জমিনে গেল। আজ ধান কাটব কামলারা। তাদের সাথে না থাকলে কাম ফাঁকি দেয়। তোমার কোনো সমস্যা হইতেছে না তো?"
" না আম্মা। "
" আচ্ছা, খাইয়া বিশ্রাম কোরো।"
তিনি যেমন তাড়াহুড়ো করে এলেন আবার তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে গেলেন। ঘরোয়াভাবে বিয়ে হয়েছে রিনির। মেহমান ছিল না তেমন বিয়েতে। যারা এসেছিলেন তারাও চলে গেছে। আজ বাড়ি সম্পূর্ণ ফাঁকা। অন্তর তার বাবা-মায়ের একমাত্র ছেলে। রিনি অন্তরকে প্রথম দেখেছিল ক্লাস টেনে থাকতে। ওদের স্কুলের সাথের মাঠে অন্তরসহ গ্রামের বেশ কিছু পরিচিত ছেলে বাইকের ওপর বসে আড্ডা দিচ্ছিল। স্কুল শেষে ও বাড়ি ফিরছিল সেই পথে। তার সাথের কয়েকটা মেয়ে বলে উঠল," আরে! এইডা অন্তর ভাই না? কত সুন্দর হইছে শহরে পড়তে গিয়ে! কি সুন্দর মুখ,চোখ! "
ওদের কণ্ঠে উচ্চারিত শব্দাংশে কৌতূহল দমাতে না পেরে রিনিও ঘাড় ঘুরিয়ে তাকায়। মুহূর্তেই তার চোখের মণিতে ধরা দেয় দীর্ঘ গড়নের সুদর্শন পুরুষটি। মুখে চাপদাড়ি,ঠোঁটের কোণে সুপ্ত হাসি,মেদহীন বলিষ্ঠ তাগড়া শরীর। জীবনের প্রথমবার কোনো পুরুষকে এতটা গভীরভাবে অবলোকন করে রিনি। সেদিন থেকে তার কল্পনার মনোজগত দখল করে থাকে অন্তর নামক মানুষটি। পড়াশোনার কারণে অন্তর গ্রামে আসত খুব স্বল্প। তার দেখা ভাগ্যক্রমে দুবার পেয়েছে ও। বাকি দিনগুলো কাটত তার তাকে কল্পনা করে। রিনি পড়াশোনায় ভালো ছিল। কিন্তু তার বাবা মেয়ে মানুষের বেশি পড়াশোনার বিরুদ্ধে। এসএসসি পাশ করার পর পরই মেয়েকে বিয়ে দেবার তোড়জোড় করেছিলেন। স্ত্রীর অনুরোধে রিনি কলেজের সীমানায় পা রাখতে দিয়েছিলেন। অতঃপর এইচএসসি পরীক্ষার পর আবারও বিয়ে নিয়ে উঠেপড়ে লাগলেন। বাল্যকালের বন্ধু বিয়ের প্রস্তাব নিয়ে আসলে এক কথায় রাজি হয়ে যান তিনি। রিনি যখন জানল তার বিয়ে অন্তরের সাথে সে তার জীবনে অত খুশি কোনোদিন হয় নি,কখনোই না। অথচ স্বপ্নের জগতে বাস করতে করতে সে বাস্তবতা থেকেই ছিটকে পড়েছিল। যাকে এতগুলো বছর ধরে ভালোবাসে তার হৃদয়ে ভালোবাসা দূর রিনির জন্য অল্পখানি ভালো লাগা টুকুও নেই। বুক চিড়ে হতাশার নিঃশ্বাস বের হলো তার। ঘরের উত্তর দিকের জানালা দিয়ে চেয়ে দেখল ধানের জমিনের পাশের জারুল গাছের নিচে পাতানো বাঁশের তৈরি মাচায় বসে পাশের বাড়ির কিছু মেয়েরা কলা কাটছে আর খিলখিল করে হাসছে। কেউ কেউ ওর বয়সী আবার কেউ কেউ স্কুল পড়ুয়া। একা ঘরে মন শান্তি পাচ্ছে না তার। হঠাৎ ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পড়তেই তনুমন শিউরে উঠল ওর। ঘাড় ঘুরিয়ে তাকানোর আগেই কর্ণকুহরে এলো পুরুষালি মিষ্টি সুর,
" যাবে ওখানে? "
রিনি মাথা উঁচিয়ে অন্তরকে দেখল। ঘুরে দাঁড়াতে পারল না। অন্তর তার খুব কাছে, খুব। ঘুরে দাঁড়ালেই যে লম্বাটে পুরুষটার বুকে বারি খাবে সে। তাছাড়া পুরুষালি ঘ্রাণে রিনির নিজের ভেতরের হৃৎপিণ্ডটা ছুটছে তেজীয়ান বুনো ঘোড়া হয়ে। শাড়ি খামচে জানালার দিকে মুখ করে বলল," উঁহু! "
" কেন?"-চমকিত কণ্ঠ অন্তরের।
রিনি আমতা আমতা করে বলল, " নতুন বউ হয়ে এভাবে বাহিরে গেলে মানুষ মন্দ বলবে। "
অন্তর ঠোঁটে হাসি নিয়ে বলল," ধুর! কে কী বলল এসব নিয়ে পড়ে আছ?"
রিনিকে নিজের দিকে ফিরিয়ে কপালের কোণে আলতো করে টোকা দিয়ে বলল পুনশ্চঃ, " কে কী বলল এসব দিয়ে আমাদের জীবন চলে না। আমাদের মন যা চায় সেটা করে ফেলা উচিত। বুঝলে বাচ্চা মেয়ে?"
" তবুও..."- উশখুশ করে সে।
" চলো আমি নিয়ে যাচ্ছি। স্বামীর সাথে গেলে মন্দ বলবে না লোকে।"- স্মিত হেসে বলল অন্তর।
রিনি প্রগাঢ় চোখে তাকিয়ে থাকল অন্তরের দিকে। তার হাসিতে উজ্জ্বল হওয়া শ্যাম চেহারায় কাবু হয়ে যাচ্ছে রিনি। তোলপাড় হয়ে যাচ্ছে মন সমুদ্র তাকে একটিবার স্রেফ একটিবার জড়িয়ে ধরার তৃষ্ণায়। তবে রিনি যে তা পারবে না। মন চাইলেও পারবে না। এত বেহায়ামি যে তার ধাতে নেই। অন্তর ওর এক হাত চেপে ধরে বলল," চলো। "
অন্তরের চেপে ধরা হাতটার দিকে চাইল ও তড়িৎ। ঝিমঝিম করে উঠল শরীর। গত রাত্রির অন্তর ও আজকের অন্তরের মাঝে আকাশ-পাতাল তফাত! রাতে তার সাথে রূঢ় আচরণ করলেও আজ বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। এর পেছনে কারণ কী? তাকে নিয়ে সে বাড়ির পেছনের জারুল গাছের তলায় এলো। তাদের দেখা মাত্র হইহই করে উঠল মেয়েগুলো। রসাত্মক গলায় বলতে লাগল," কি অন্তর ভাই? নয়া ভাবীরে নিয়া জারুল গাছের তলায় প্রেম করতে আইছ?"
অন্তর চোখ পাকিয়ে চাইল সবগুলোর দিকে। বলল," কীসের ভর্তা বানাচ্ছিস? খেতে এলাম। সর তোর ভাবীকে বসতে দে। "
" কলার ভর্তা বানাইতেছি বেশি করে তেঁতুল দিয়া। কলা তোমরার গাছেরই ভাই। চাচীর থিকা চাইয়া আনলাম। "
রিনিকে মাচায় বসতে ইশারা করল অন্তর। সে তাকিয়ে রইল জারুল গাছের ডালে দঁড়ি দিয়ে বাঁধা দোলনাটার পানে। এই ভর দুপুরে দোলনা চড়তে পারলে মন জুড়িয়ে যেত। পাকা ধানের শীষকে দুলিয়ে লিলুয়া বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে সবার শরীরে। বাতাসের ঝাপটায় মিশে নাম না জানা কোনো এক ফুলের গন্ধ। অন্তর ওর দৃষ্টি লক্ষ্য করে হাত ধরে টেনে নিয়ে দোলনায় বসিয়ে দিল। হকচকিয়ে গেল ও,
" করছেন কী?"
" দোলনা চড়তে হেল্প করছি।"
লজ্জিত চোখে চারিধারে তাকাল ও। জমিনে পাকা ধান কাটছে কৃষকরা। মেয়েগুলো মুখ টিপে হাসছে ক্ষণ সময় পর পর ওদের দিকে তাকিয়ে। লজ্জায় ইতস্তত করে বলল," থাক,চড়ব না। ঘরে চলুন।"
তাকে নামতে দিল না অন্তর। পেছন থেকে দোলনায় ঠেলে দিয়ে আদেশের সুরে," চুপচাপ দোলনায় বসে থাকো।"
প্রথম ধাক্কা আস্তে দিলেও পরের ধাক্কা অন্তর জোরেশোরেই দিল। রিনির তার মাথার আঁচল সরে গিয়ে কোমর সমান কেশগুচ্ছ উন্মুক্ত হয়ে গেল দোলনার দোলাচালে। বাতাসের ঝাপটায় উড়তে লাগল চুলগুলো। লম্বা চুলগুলো এসে বারি খেতে লাগল পেছনে দাঁড়ানো পুরুষের প্রশস্ত বুকে,মুখে।
রিনি চোখ বন্ধ করে উপভোগ করতে লাগল সময়টুকু। তার মনের ভার কমে যেতে গেল। দোলনার গতিতে কাছেই থাকা পাকা ধানের শীষে আলতো ছুঁয়ে যেতে লাগল তার পায়ের তলা। বাসর রাতের সকল দুঃখ-কষ্ট ভুলে গেল ক্ষণিকের জন্য। চিকন অধরে ফুটে উঠল হাসি। মেয়েগুলোর সাথে কলা ভর্তা খেয়ে বাড়িতে ফিরল ওরা। হাতে একটা বাটিতে শাশুড়ির জন্যও ভর্তা নিয়ে আসল।
বিকেলের দিকে রিনিদের বাড়িতে যেতে হলো তার ও অন্তরের। এক রাত কাটিয়ে চলে আসবে তারা। রিনির মা মেয়ের জামাইয়ের আপ্যায়নে কোনো ত্রুটি রাখছে না। তবে তার মনে অন্য চিন্তা। যে ছেলের বিয়েতে মত নেই সে নিশ্চয় বাসর রাতে তার মেয়েকে ছুঁয়েও দেখে নি। আবার মেয়েকে এ কথা জিজ্ঞেসও করতে পারবেন না তিনি। স্বামীর সম্মান রক্ষার্থে সেও যেন নষ্ট করে দিয়েছেন একটা মাত্র মেয়ের জীবন। মনেপ্রাণে দোয়া করেন জামাইয়ের যেন মন গলে যায়,আপন যেন করে নেয় তার মেয়েটাকে। বড়ো মেয়েকে ডেকে রিনির কাছে পাঠালেন তিনি। মায়ের আদেশে বোনকে টেনে নিজের ঘরে নিয়ে আসল পাখি। কিছুক্ষণ চেয়ে থাকল নিষ্পলক। অন্তরের পাশ থেকে আলটপকা টেনে নিয়ে আসায় বিস্মিত হলো রিনি। অতঃপর বোনকে জহুরি চোখে নিজের চেয়ে থাকতে দেখে হতভম্ব হলো বেশ,
" এমন করে কী দেখছিস আপা?"
পাখি বোনের গা ঘেঁষে বসল। ফিসফিস করে বলল,
" বাসর রাতে অন্তর ছুঁইছে তোরে?"
রিনি অস্বস্তিতে কাঁদা কাঁদা হয়ে পড়ল," ধ্যাৎ! এসব কী জিজ্ঞেস করছিস,আপা?"
" বিয়েতে অন্তরের মত থাকলে আমি জিজ্ঞেস করতাম না। আমার কাছে মিথ্যা বলবি না। "
রিনি ঢোক গিলল। আপার কাছে সে কভু মিথ্যা বলতে পারে না। অত্যধিক ভালোবাসে যে আপাকে! কণ্ঠস্বর খাদে নামিয়ে রাতের সব কথা নির্দ্বিধায় খুলে বলল আপাকে। পাখি হতাশার সুরে বলল," চোখের সামনে নিজের বিয়ে করা বউরে দেখে কোনো পুরুষ কি এমন নিয়ন্ত্রণ থাকতে পারে রে বোকা? সে শহরে পড়াশোনা করছে। আমার মনে হয় ওর কারো লগে প্রেমটেম আছে। আব্বা যে কেন নিজের মানসম্মান বাঁচাইতে এত অবিচার করল তোর সাথে!"
রিনি বুকের ওপর পাথর অনুভব করল আপার কথায়। সত্যিই কি অন্তরের অন্য কেউ আছে? কিন্তু সে বলেছিল তার কোনো ভালোবাসার মানুষ নেই। রিনি বুকে আশা বেঁধেছিল অন্তরের যেহেতু ভালোবাসার মানুষ নেই তারে হয়তো একদিন না একদিন ভালোবেসে ফেলবে। সবার ভালোবাসা কি এক পলক,কয়েক পলকের দেখায় হয়? মাঝে মাঝে ভালোবাসা সময় নিয়েও সৃষ্ট হয়। আপার কথা শুনে তার সেই আশাটুকু যেন নদীর স্রোতে ভেসে গেল। গলার কাছটায় কান্নারা দলা পাকাল।
_________________________
বিছানায় পাশাপাশি শুয়ে আছে রিনি ও অন্তর। মাঝে বিস্তর জায়গা। অনায়াসে এখানে আরেকজন শুতে পারবে সেখানে। আপার কথা ভাবনায় দুল খেতে লাগল বার বার।
" রিনি!"
মন্ত্রমুগ্ধের মতো একটা গভীর স্বর এসে কানে ধাক্কা খেতেই তার ভাবনার সুতো কেটে গেল চট করে। ঘাড় ঘুরিয়ে তাকাল তৎক্ষনাৎ। অন্তর বালিশে এক হাতের কনুই ঠেকিয়ে তার ওপর মাথা রেখে বলল,
" তোমার বোন তখন তোমাকে অমন করে টেনে নিয়ে গেল কেন?"
রিনি আমতা আমতা করল। আপার বলা কথা কিছুতেই বলা যাবে না। বানোয়াট উত্তর খুঁজে পাওয়ার আগেই অন্তর বালিশে মাথা রেখে ফিচেল হেসে বলল,
" আমি তোমাকে ছুঁয়েছি কি-না এটা জিজ্ঞেস করতে? "
রিনির বাকশক্তি হারিয়ে মূক হয়ে গেল। আশ্চর্যান্বিত হলো। মানুষটা কীভাবে জানল ওদের দুই বোনের মধ্যকার কথা? তার হাসির রেখায় প্রসারিত হওয়া ঠোঁট দেখে রিনির মনে হলো এই মানুষটাকে রিনি চিনে না, একদমই না। অদ্ভুত, রহস্যময় মানুষটি। এক রাতেই কেন মানুষটার এত বদল?
#চলবে.....
#ভালোবাসাটা_যে_হয়ে_গেল
#লেখিকা: আসরিফা_সুলতানা_জেবা
( গল্পটি সাধাসিধে একটি ভালোবাসায় মোড়ানো গল্প। অনুগল্প ভেবে লিখতে শুরু করি। তারপর দেখলাম শব্দসংখ্যা বেড়েই চলেছে। তাই পর্ব আকারে দেবার সিদ্ধান্ত নিলাম। খুব বেশি পর্ব হবে না। নিয়মিতই পাবেন। যেহেতু আমি ৬মাস পর লিখেছি আমার দ্বারা লিখায় একটা দুটো নয়,অসংখ্য ভুল হবে। বিনীত অনুরোধ থাকবে লেখায় ভুল-ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন।)