ফন্ট সাইজ:
থিম:
ভালোবাসাটা যে হয়ে গেল

পর্ব 2

লেখক: আসরিফা সুলতানা জেবা

#ভালোবাসাটা_যে_হয়ে_গেল
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___২

" গত রাতের জন্য সরি। আমার ওভাবে রিয়াক্ট করা উচিত হয় নি। বিয়েটা তুমি বাধ্য হয়ে করেছ এতে তোমার কোনো দোষ নেই। তাই তোমার সাথে খারাপ আচরণ করার মানেই হয় না। মেজাজ সামলাতে পারি নি বলে খারাপ আচরণ করে ফেলেছি। তবে যতগুলো দিন বাংলাদেশে আছি তোমার সাথে আর একটুও খারাপ ব্যবহার করব না। ঘুমিয়ে পড়ো। গুড নাইট। "

রিনির লাজে রাঙা সুশ্রী মুখে আষাঢ়ের মেঘ ঘনাল।অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল ও। রাগে-দুঃখে তার চোখে পানি চলে এলো। বিড়বিড় করল নিচু গলায়, " আমার কলিজায় ছু-রি চালিয়ে মাফ চাওয়া হচ্ছে! আমার ভালো থাকা কেড়ে নিয়ে মাফ চাওয়া হচ্ছে! বিদেশে গিয়ে বিদেশিনি বিয়ে করার জন্য আমার কলিজা পুড়িয়ে আঙ্গার করা হচ্ছে! খচ্চর, বেয়াদব, ফাজিল লোক।"

" কী বিড়বিড় করছ রিনি? বিড়বিড় না করে ঘুমাও। ওয়ার্নিং দিচ্ছি, আমাকে কিন্তু একদম গালিটালি দিবা না। আমি কিন্তু তোমাকে জোর করে বিয়ে করি নি। "

রিনি স্তব্ধ হয়ে গেল। কি সাংঘাতিক লোক! ওর এত নিচু গলায় মৃদুকথনে দেওয়া গালিও শুনে ফেলল! ও আর ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে মানুষটাকে দেখল না। চোখ খিঁচে পড়ে রইল। বুকের ভেতরটা খুব জ্বলছে। অন্তরের আজকের আচরণ দেখে ভেবেছিল সে বোধহয় বিয়েটা মানতে চাচ্ছে কিন্তু তার সাথে ভালো আচরণ করছে কেবলমাত্র তার কোনো দোষ নেই বলে! অন্তর কি কখনো মানবে না তাকে? ভালোবাসবে না? আচ্ছা অন্তর বলেছিল যার প্রতি তার ভালোবাসা জাগবে তার সাথে সংসার করবে। রিনি কি চেষ্টা করে দেখবে মানুষটার হৃদয়ে ভালোবাসা জাগানোর? ঘাড় ঘুরিয়ে দেখল অন্তর তার দিকে মুখ করে ঘুমিয়ে আছে। এক হাতের ওপর মাথা রেখে রিনি মনভরে,অপলক চোখে,নির্নিমেষ দেখতে লাগল তার হৃদয় লুটপাট করা পুরুষটিকে।

পাকা সব ধান কাটা শেষ। শিষ হতে ধান আলাদা করে এবার রোদে শুকানোর পালা আরম্ভ হলো। জ্যৈষ্ঠমাসের বাতাবরণে মিশে আছে পাকা বোরো ধানের ঘ্রাণ। নীল অন্তরিক্ষ থেকে রৌদ্দুর যেন ঠিকরে পড়ছে মর্ত্যধামে। নিসর্গ লাজুক হেসে ঝলমল করছে রৌদ্রের সংস্পর্শে।
রিনির পেট ব্যথা করছে সকাল থেকে। তার অনুধাবন হলো মান্থলি শুরু হয়ে গেছে। পেট চেপে ধরে বিয়ের সময় বাবার বাড়ি থেকে সঙ্গে আনা ব্যাগটায় হাত চালিয়ে চিন্তায় পড়ে গেল সে। প্যাড শেষ তার। এখন প্যাড কোথায় পাবে? গ্রামে বাজারের দোকান ছাড়া প্যাড কিনতে পাওয়া যায় না। বউ মানুষ হয়ে সে বাজারেও যেতে পারবে না। উপায়ন্তর না পেয়ে থ্রি পিসের সাথের নতুন একটা ওড়না বের করে কাঁচির সন্ধান চালাল। আপাতত ওড়না দিয়ে কাজ চালাতে হবে ওর। পরে বাড়িতে গেলে আম্মাকে বলিয়ে কাউকে দিয়ে কিনিয়ে আনবে প্যাড। ড্রয়ার থেকে কাঁচি খুঁজে ওড়না কাটার মুহূর্তে ঘরে প্রবেশ করল অন্তর। গরমে তার পরনের হালকা রঙের নীল শার্টটা পিঠে লেপ্টে গেছে। কপালে চিকচিক করছে ঘর্মবিন্দু। বিদেশে যাওয়ার সম্পূর্ণ প্রসেস শেষ হবার আগ অবধি কিছুদিন গ্রামে কাটাবে সে বাবা-মায়ের সাথে। মাকে উঠোনে ধান ছড়িয়ে দিতে সাহায্য করেছে এতক্ষণ, আবার খড়গুলো কাজের লোকদের সাথে শুকানোর জন্য মেলে দিয়ে এসেছে জমিনে। জ্যৈষ্ঠ মাসে ধানের কাজ মুশকিল। এ সময়টায় গরমের প্রকোপে, তৃষ্ণায় মানুষের জান যায় যায় অবস্থা। গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে যায়। জ্বলন ধরে যায় শরীরে। বুকের কাছের দুটো বোতাম খুলে খাটে দু হাত ঠেকিয়ে বসল ফ্যানের তলায়। রিনির দিকে চোখ পড়তেই কপাল কুঁচকে যায়। সন্দিগ্ধ গলায় প্রশ্ন করল,
" কী করছ? নতুন ওড়না কাটছ কেন?"

রিনি ভড়কে গেল। চেহারার রং উড়ে গেল। তার চমকে উঠা চেহারায় ফুটল স্পষ্ট। কী বলবে বুঝে পেল না। লজ্জায় আরক্তিম হয়ে গেল ফোলা ফোলা গাল দু খানা। সে যে মিথ্যাটাও গুছিয়ে বলতে পারবে না। লজ্জায় মরণ হলেও অন্তরকে মান্থলি সমস্যার কথা বলা সম্ভব নয়। তাদের সম্পর্ক যে আর পাঁচটা স্বামী-স্ত্রীর মতো নয়। এক বিছানায় শুলেও তাদের মাঝে কোনো অন্তরঙ্গতা নেই। অন্তর আজ অবধি তার হাতটাও গভীরভাবে স্পর্শ করে নি। সেখানে এমন একটি বিষয় তার কাছে প্রকাশ করা দুঃসাধ্য। কোনোরকমে উচ্চারণ করল," কাজ আছে। "
অন্তরের কপালে ভাঁজ বাড়ল," কী কাজ?"
রিনি তার চোখের কাঠিন্যতায় আরো ঘাবড়াল। ঠোঁট নেড়ে ক্ষীণ স্বরে বলল," আপনাকে বলা যাবে না।"
অন্তর কী বুঝল কে জানে! তাপার্ত শরীরে উঠে দাঁড়িয়ে হড়বড় করে বলল, " একটু অপেক্ষা করো,আসছি আমি। বেশিক্ষণ লাগবে না।"
কিংকর্তব্যবিমূঢ় রিনি পিছু ডাকল তাকে," আরে কোথায় যাচ্ছেন এই গরমে? "

অন্তর জবাব দেওয়ার প্রয়োজনবোধ করল না যেন। তড়িঘড়ি করে সাইকেলে চেপে চোখের সীমানা অতিক্রম করে দূরে চলে গেল। কেন তাকে অপেক্ষা করতে বলে অমন করে ছুট লাগাল রিনি বুঝল না। খিড়কির সম্মুখে
এসে দেখল সকাল থেকে রোদে ঝকঝক করা আকাশটাকে কালো মেঘ তার দখলে নিয়ে নিয়েছে। থেকে থেকে ডাকছে গুড়ুম গুড়ুম। গুমোট বাতাসে উড়ছে গাছের শুকনো পাতা,পথের ধূলোময়লা। চোখ খুলে রাখা যাচ্ছে না বাতাসের ঝাপটায়। শাশুড়ি ও বাড়ির কাজের মেয়েটাকে হন্যে হয়ে উঠোনে ছড়ানো ধান একত্রে করতে দেখে পেট ব্যথা নিয়েই দৌড়ে বাহিরে আসল সে। আজ ভোরের প্রাতঃকালে কাজের মেয়েটা গোবর দিয়ে উঠোন লেপে শুকানোর পর সেখানে ধান শুকাতে দিয়েছিল। দুপুর নামতেই যেন ঝড়ের তাণ্ডব দানবরূপে ধেয়ে আসতে লাগল
গাছ-গাছালি,পথ-ঘাট,বাড়ি-ঘর সবকিছুকে লণ্ডভণ্ড করে দিতে। এই বুঝি আকাশ থেকে ভূপৃষ্ঠে নিপতিত হলো বারিধারা। রিনি পেটের পীড়া সয়েই সবার সাথে ধান গুছাতে লেগে গেল। নইলে যে অল্পস্বল্প শুকানো ধানগুলো ভিজে চপচপে হয়ে যাবে। আচমকা বাহুতে কারো শক্ত টানে ঘুরে তাকাতে বাধ্য হলো ও। তিমিরাচ্ছন্ন দুপুরে ওর চোখে পড়ল তার মনোজগতে বাস করা পুরুষটির অনমনীয়, দৃঢ় চাহনি। কণ্ঠে ঝাঁজ,
" তুমি অসুস্থ শরীর নিয়ে এসব করতে এসেছ কেন?"
ও কিছু বলার জন্য মুখ খুলবার আগেই কালো পলিথিনে মোড়ানো কিছু একটা ওর হাতে দিয়ে পুনরায় বলল," আম্মাকে আমি সাহায্য করছি। তুমি ভিতরে গিয়ে গোসল করে বিশ্রাম নাও।"
আপত্তি করল ও," আপনি সকাল থেকে অনেক কাজ করেছেন। আমি এতটুকু করতে পারব। আপনি ঘরে গিয়ে রেস্ট নিন।"

অন্তরের মুখচ্ছবি দেখে সাহস উবে গেল ওর কর্পূরের মতোন। ঘরে ঢুকল চপল পায়ে। জানালা দিয়ে তাকাতে চোখে পড়ল শার্টের হাতায় ঘাম মুছতে মুছতে ধানগুলো একত্রে করে বড়ো তেরপল দিয়ে ঘুরে দিচ্ছে অন্তর। ততক্ষণে আকাশ থেকে বড়ো বড়ো ফোঁটায় বৃষ্টি নামতে আরম্ভ করেছে। রিনির চোখ পদ্মদিঘির মতো টলমল করে উঠল জলে। মন বলল,' মানুষটা তোকে ভালোবাসা ছাড়া বাকি সবকিছু পারে রিনি,সব।'

দীর্ঘশ্বাস ছেড়ে হাতের পলিথিন খুলে লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল সে। অন্তর ওর জন্য প্যাড নিয়ে এসেছে! কীভাবে বুঝল ওর প্যাড প্রয়োজন! বসন্তে ফোঁটা কৃষ্ণচূড়ার রক্তিম রং দখল করে নিল তার গাল দুটিকে। তক্ষুনি কর্ণকুহরে এলো পরিশ্রান্ত একটি কণ্ঠস্বর,
" এখানে লজ্জা পাওয়ার কী হলো? আমি প্যাডই কিনে দিয়েছি,অন্য কিছু দিই নি যা দেখে লজ্জায় লাল, নীল,বেগুনি হয়ে যেতে হবে আপনাকে।"

রিনির চোখ বড়ো বড়ো হয়ে গেল। অন্য কিছু মানে কী বুঝাতে চাইল লোকটা? অতর্কিতে মস্তিষ্ক জানান দিল অন্য কিছুর মানে। অন্তরের দিকে তাকানোর দুঃসাধ্য হলো না আর। কাপড় হাতে নিয়ে দৌড়ে চলে গেল বাথরুমে। তার ছুটে যাওয়া দেখে স্মিত হাসল অন্তর। কেন জানে না তবে রিনিকে ক্ষ্যাপাতে, লজ্জা দিতে তার ভীষণ ভালো লাগে, ভীষণ।

রিনির শাশুড়ি কোমল ছাঁচে গড়া মানুষ। রিনির শ্বশুর যখন ছেলের বাহিরে পড়াশোনার খরচ দিতে রাজি হলেন তবে সাথে জুড়ে দিলেন বিয়ের শর্ত তখন সালেহা যিনি বিয়ের পর থেকে কোনোদিন স্বামীর মুখের ওপর টু শব্দটুকু করেন নি তিনি কেমনতরো আর্তনাদ করে বলে উঠলেন," এমনটা কইরেন না অন্তরের আব্বা। পোলা যদি মাইয়াডারে না মানতে পারে তাইলে মাইয়াডার জীবন নষ্ট হইবে। "

শামসুল হক বিরক্তি নিয়ে স্ত্রীকে বললেন," এমন কিছু হইব না। পুরুষ মানুষ তোমার পোলা। একদিন না একদিন বউয়ের আঁচলে বান্ধা পড়বই। এই নিয়া তুমি কোনো চিন্তা কইরো না। "

মাথা নুইয়ে চুপ করে গেলেও স্বামীর কথা মানতে পারলেন না তিনি। নিজের গর্ভে ধারণ করা ছেলেটাকে তিনি চিনেন। অন্তরের ব্যক্তিত্ব আলাদা। ছোট থেকে চুপচাপ,নম্র-ভদ্র। নিজের স্বপ্নকে সে অনেক বড়ো করে দেখে। রিনির প্রতি কোনোদিন খারাপ আচরণ করবে না এতটুকুন নিশ্চয়তা তার ছেলের প্রতি আছে। কিন্তু আদৌ কোনোদিন রিনিকে মানবে কি-না তিনি তা জানেন না। ভ্রমর কালো চোখের গোলগাল চেহারার রিনিকে দেখলে তার বড়োই মায়া হয়। রিনি যেন সৃষ্টিকর্তার অমোঘ সুন্দর এক সৃষ্টি। মাথায় কাঁচা হলুদ রঙের ওড়না টেনে রিনি শাশুড়ির ঘরে এলো। অতিশয় নম্র গলায় বলল,
" আম্মা ডেকেছিলেন?"
" খাবার খাইছ তুমি?"

রিনি মাথা নেড়ে না বলল। বিয়ের অনেকদিন পেরিয়ে গেলেও তার সংকোচ কাজ করে নিজ হাতে ভাত নিয়ে খেতে। সালেহা বালিশে মাথা এলিয়ে বললেন,
" আমার শরীলডা একটু খারাপ লাগতেছে। তুমি অন্তররে ডাক দিয়া আনো জমিন থেকে। ওরে সাথে নিয়ে খাইয়া ফেলো। আমি একটু ঘুমাই। পারবা না?"
" পারব আম্মা। আপনার কি শরীর বেশি খারাপ? "
" বেশি না,একটু মাথা ধরছে। যাও আর দেরি কইরো না। তিনটা বাজে। "

রিনির সত্যিই অনেক ক্ষুধা পেয়েছে। কাউকে বলতে কুণ্ঠাবোধ কাজ করছিল প্রচণ্ড। মাথায় ওড়নাটা আরেকটু ভালো করে টেনে জমিনের কাছে আসল সে। ধানহীন শুকনো জমিনে বৃষ্টিতে ভেজা খড়গুলো মেলে দিচ্ছে অন্তর। কামলারা নেই আশেপাশে। এতগুলো বছর শহরে পড়াশোনা করেও অন্তর পরিবর্তন হয় নি। গ্রামে এলেই সে কাজের লোকদের পাশাপাশি নিজেও ধান তোলা,খড় শুকানোর কাজে হাত লাগায়। মানুষের সাথে ভালো আচরণ, বাড়ির কাজ,পড়াশোনা সবকিছুর বেলায় মানুষটা বেশিই দক্ষ অথচ রিনিকে একটু ভালোবাসার বেলায় মানুষটি কঠোর,নিষ্ঠুর,আবেগশূন্য। অন্তরের আশেপাশে কাজের লোকদের না দেখতে পেয়ে রিনির মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। কুবুদ্ধিটি ফলানোর পূর্বে ভালো করে বিস্তৃত জমির চারিধার পরখ করে নিল। সামান্য দূরে কিছু গোরু খুঁটি দিয়ে রাখা। কুচকুচে কালো রঙের একটি পাখি একটু পর পর উড়ে এসে গোরুর পিঠে বসছে। এটি যেন পাখিটির কাছে মজাদার এক খেলা। টিপে টিপে পা ফেলে চুপিসারে অন্তরের পেছনে গিয়ে দাঁড়াল সে অতি সাবধানে। অন্তর এখনও টের পায় নি তার অস্তিত্ব। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ঘাড় এদিক-সেদিক করছিল সে ক্লান্ত ভঙ্গিতে। হাতে কয়েকটা খড় তুলে রিনি আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে তার চুলের ওপর খড়গুলো ছুঁড়ে দিয়ে হেসে দিল ফিক করে। চুলের ওপর,মুখের ওপর কাঁচা খড় পড়ায় অন্তর প্রথমে হতভম্ব হলেও রিনির ঝরনার মতো কলকল হাসির শব্দে সচেতন হয় সে। নিরব হাসি লুটোপুটি খায় তার বাদামি অধরে। পেছনে না ঘুরে অতি সন্তর্পণে হাতে অনেকগুলো খড় নিয়ে ছুঁড়ে মা-রতে লাগল রিনির দিকে। বাঁচার জন্য রিনি ছুট লাগাল বাড়ির মুখে। বিধিবাম! ব্যর্থ হলো সে। অন্তর তার হাত টেনে ধরল। হ্যাঁচকা টানে উড়ে গিয়ে পড়ল সে অন্তরের শক্তপোক্ত বক্ষে। তাল সামলাতে অসফল অন্তর তাকে নিয়ে পড়ল খড়ের ওপর। তার বুকের ওপর পড়ল রিনির কোমল শরীর। গলায় টের পেল রিনির পেলব ঠোঁটের অনাকাঙ্ক্ষিত স্পর্শ। দুজনেই চমকে উঠল বিজলি চমকানোর মতো। পুরুষালি দেহের ওপর নিজের দেহের অস্তিত্ব টের পেয়ে,মানুষটির দেহে তার অপ্রত্যাশিত চুম্বনে রোদজ্বলা এই বিকেলে রিনির শরীরের সকল শক্তি শুষে গিয়ে অসাড় হয়ে পড়ল সে। উষ্ণ হয়ে উঠল গাল। কাঁপতে লাগল জ্বরাক্রান্ত রোগীর মতো থরথর করে,
কানের পাতায় উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে শরীরে মিশে থাকা পুরুষটি তার অস্বস্তি ভাব কাটিয়ে বিচলিত স্বরে বলে উঠল,
" রিনি,এই রিনি! এত কাঁপছ কেন? ব্যথা পেয়েছ?"

সে ঝট করে উঠে যেতে নিলে অন্তর খড়ের ওপর শুয়ে দেয় তাকে। সন্ধানী, তীক্ষ্ণ চোখে চেয়ে ফের জিজ্ঞেস করে, " ব্যথা পেয়েছ?"
রিনির তখন চিৎকার করে বলতে মন চায়," ব্যথা পেয়েছি তবে বুকের ভেতরে। "
খড়ের ওপর শুয়ে ভ্রমর কালো দু চোখ মেলে আলতো করে বলে," না। খেতে ডাকছে আম্মা। চলুন। "
" আমি কোনো কিছু অসমাপ্ত রাখি না।"
" মানে?"
অন্তরের ঠোঁটে দুষ্ট হাসি। রিনি ফট করে এই হাসির মানে অনুধাবন করা মাত্র উঠে বসতে নিল। তার আগে একগাদা খড় অন্তর ছুঁড়ে মা-রল তার ওপর। রিনিও কম যায় নাকি! সেও খড় ছুঁড়ে মা-রল অন্তরের ওপর। একজন আরেকজনের ওপর খড় ছোড়াছুঁড়ির এক পর্যায়ে অন্তর ওর দুহাতের কব্জি চেপে থামিয়ে দিল। হাঁপাতে লাগল খুব। রিনির চুলে লেগে থাকা খড়গুলো সরিয়ে দিল হাত বাড়িয়ে।
দাঁড়াতে গিয়ে রিনি খেয়াল করল তার পায়ের রগ টানা খেয়ে আছে। হাঁটতে পারছে না কিছুতেই। ব্যথায় টনটন করছে পা টা। অন্তর কয়েক কদম সামনে চলে গিয়েছিল। পেছন ফিরে ভ্রু কুটি করে প্রশ্নাতুর চোখে তাকায়,
" কী হয়েছে? "
রিনি কাঁদো কাঁদো মুখে বলল," মনে হয় পায়ের রগ টানা খেয়েছে। হাঁটতে পারছি না।"
অন্তর ফিরে আসল তার দিকে। বলা নেই কওয়া নেই আচমকা কোমর হাত রেখে কোলে তুলে নিল তাকে। রিনি হকচকাল,হতবাক হলো। অন্তরের বুকের কাছের শার্ট খামচে ধরল। শুনল,
" আজ তিন প্লেট ভাত খাবে রিনি। এত পাতলা তুমি! জীবনে প্রথমবার কোনো মেয়েকে কোলে নিলাম, ভাবলাম ওজনে আমার হাত ব্যথা হয়ে যাবে। অথচ এখন দেখছি,তোমাকে হাজার বার কোলে নিলেও আমার হাত ব্যথা হবে না। "
রিনির কী হলো জানে না। ঘোরগ্রস্ত গলায় সে বলে বসল,
" আপনি কি আমাকে হাজার বার কোলে নিবেন?"
অন্তর হাঁটতে হাঁটতে থেমে গেল। রিনির মুখের ওপর দৃষ্টি নিবদ্ধ করল। নির্লিপ্ত স্বরে বলে দিল,
" তোমাকে ভালোবাসলে হাজার কেন লক্ষবার নিতাম। কিন্তু তুমি আমার ভালোবাসা নও রিনি। তাই মনে কোনো প্রত্যাশা রেখো না। এতে কষ্ট পাবে। আমি চাই না তুমি কষ্ট পাও বাচ্চা মেয়ে।"

অন্তরের অতি সত্যবাদী সত্তা রিনির হৃদ জমিনে র-ক্তক্ষরণের শ্রাবণধারা নামাল ঝমঝম করে। রিনির মনে হলো অন্তর অদৃশ্য ছু-রি দিয়ে ফালাফালা করে দিয়েছে তার বুকের ভেতর।
_____________________
সময়টি পড়ন্ত বিকেল। রিনি বাহির থেকে শুকিয়ে আনা কাপড়চোপড় ভাঁজ করে আলনায় গুছিয়ে রাখছে। ম্যাসেজের টুংটাং শব্দ তার কাজে বাধা প্রদান করল। বিছানার ওপর অন্তর তার মুঠোফোনটি রেখে ওয়াশরুমে গিয়েছে। উৎসুক রিনি নিজেকে দমাতে না পেরে ফোনটি হাতে তুলে নিল। কোনো লক নেই ফোনে। সে সরাসরি ইনবক্সে না গিয়ে ওপর থেকে তিন্নি নামের একটি মেয়ের পাঠানো বার্তা পড়ে ফেলল কৌতূহলী হয়ে। পড়তেই তার শরীর দুলে উঠল। ভালোবাসা নিয়ে মিথ্যা বলার কী দরকার ছিল অন্তর নেওয়াজের? সে কি রিনিকে সোজাসাপটা বলতে পারল না সে অন্য কাউকে ভালোবাসে? যন্ত্রণায়-ক্ষোভে অভ্যন্তর তিরস্কার করে উঠল অন্তরকে,

' মিথ্যাবাদী একটা লোক। '

#চলবে~

(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷ পরের পর্ব আগামীকাল পাবেন।)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন