ফন্ট সাইজ:
থিম:
বাউন্ডুলে বৃত্তান্ত

পর্ব 1

লেখক: মারিয়াম ফুল

"পুরুষ মানুষের শরীরের চাহিদা কি আর বউয়ের লগে মাটিচাপা পড়ে?বউ মরছে ৪-৫ বছর, পোলাও আছে একটা পাঁচ বছরের...এখন ওর বিয়ে করায় দেন ভাবি "

রান্নাঘরের স্যাঁতসেঁতে দাওয়ায় বসে পানের বাটা থেকে চুনমাখা একটা পান মুখে পুরতে পুরতে কথাগুলো বললেন শিফাতুন্নেসা। আষাঢ়ের ভ্যাপসা দুপুরে উঠানের মাঝখানে জমে থাকা বৃষ্টির জলে ভেসে বেড়াচ্ছে বিচালি। চারপাশে পচা পাতার গন্ধ। পানের লাল রসে ঠোঁট রাঙিয়ে আলেয়া বেগমের দিকে আবারও একটু ঝুঁকে গলা নামিয়ে বললেন,

“অতদিন আপনের ছোট মাইয়াডা আছিল। ভাতিজারে দেখাশোনা করত, আগলাইয়া রাখত। অহন তো ওর নিজেরই সংসার অইছে। নিজের সংসার সামলাইব, নাকি পরের বাড়ির বাচ্চা নিয়া পইড়া থাকব?”

কথাটা শেষ করেই তিনি পানের পিক ফেলতে বারান্দার কিনারার দিকে ঝুঁকলেন।

গত সপ্তাহে আলিয়া বেগমের ছোট মেয়ের রুপার বিয়ে সম্পন্ন হয়েছে। মেয়েটা গত এত বছর ধরে কেরোসিনের কুপি জ্বালিয়ে, নিজের সব শখ বিসর্জন দিয়ে এ সংসারের প্রতিটি কোণ আগলে রেখেছিল। আলেয়া বেগমের স্বামী নূর শিকদার ছিলেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ থেকে প্রায় নয় বছর আগে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। দুই ছেলে আর দুই মেয়ে মোট চার সন্তানের জননী আলেয়া বেগম। স্বামীর মৃত্যুর পর থেকে সন্তানদের নিয়েই তাঁর সংসার।

বড় মেয়ে রুনা শিকদারের বিয়ে হয়েছে বহু বছর আগেই। তারপর বড় ছেলে নাদিম শিকদার, পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তারও স্ত্রী-সন্তান রয়েছে। আর মেজো ছেলে নুহাস শিকদারের বয়স এখন একত্রিশের কোঠায়।বছর ছয়েক আগে ভালোবেসে বিয়ে করেছিল নুহাস। ভালোবাসার মানুষটিকে নিয়ে ছোট্ট একটা সংসার গড়ার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে তার স্ত্রী কুহেলিকা । পৃথিবীর আলো দেখেই মাতৃহারা হয় তাদের সন্তান।

আর রূপা, যে কিনা ভাইদের সংসারে নিজের কৈশোর থেকে শুরু করে যৌবনের চৌকাঠ পর্যন্ত অবিরত ঘাম ঝরিয়েছে, সংসারের প্রতিটি জাঁতাকলে পিষ্ট হয়েছে অথচ একটা দীর্ঘশ্বাসও ফেলার ফুরসত পায়নি।কারণ, তার বড় ভাবি অর্থাৎ নাদিম শিকদারের স্ত্রী রাজিয়া বেগম, আজীবন সংসারের বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে উদাসীনতার আড়ালে নিজেকে গুটিয়ে রেখেছেন। জগতের টানাপোড়েন বা হিসাব-নিকাশ তাঁর কাছে কোনো দিনই বোধগম্য হয়নি। নিজের দুই সন্তানকে নিয়ে কোনোমতে দিন কাটছে তাঁর। তাই সকল দায়িত্ব এসে পড়েছিল রুপার উপর-ই।

আবার নুহাসের বছরের অবুঝ শিশুটাকে মা হারা এই পৃথিবীতে মায়ের মতো বুকভরা আদরে আগলে রেখেছিল রূপাই। অথচ নুহাসের বুকজুড়ে কোনো পিতৃদয় আছে কি না, কিংবা সন্তানের প্রতি তার ন্যূনতম মায়া বা দায়িত্ববোধটুকু অবশিষ্ট আছে কি না, তা আজও কেউ বোঝে উঠতে পারে নি । নুহাসের ঘরের মেঝের কোণে পড়ে থাকে ভাঙা কাঁচের শিশি আর সিগারেটের পোড়া তামাক। গত পাঁচ বছরে ওই এতিম শিশুটাকে নিজের হাতে একটা নতুন জামাকাপড় কিনে দিয়েছে কি না, কিংবা বুকে জড়িয়ে ধরে একটু ঠিকমতো আদর করেছে কি না...তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা স্মৃতি কারও নেই।

সে ডুবে থাকে তার নিজের খেয়ালে, নেশার ঘোরে অথবা উদাসীনতার চাদরে মোড়ানো কোনো এক অদ্ভুত অসাড়তায়। দুপুরবেলা উঠানের রোদে যখন চালের গরম ধোঁয়া ওড়ে, তখনো নুহাস হয়তো কোনো অন্ধকার ঘরে আধশোয়া হয়ে বিড়বিড় করে কুহেলিকার নাম।

আলিয়া বেগম একটি ভারী দীর্ঘশ্বাস ফেললেন। বুক চিরে বেরিয়ে আসা সেই নিঃশ্বাসে জমে থাকা কষ্টগুলো যেন বাতাসের সঙ্গে মিশে গেল। একটু ম্রিয়মাণ গলায় তিনি বললেন,

“মাইয়ার তো বিয়ে হইলো, ভাবী! কম কষ্টে তো আর না... সবই জানো। তার ওপর মা মরা এক আপদ জুইল্যা রইছে কপালে।মাইয়াডার ভাতিজার লাগি এত মায়া যে, এই পাচঁ বছর বিয়া-শাদিও করল না। অথচ আর ওর বাপ? নবাব, সে শুধু পায়ের ওপর পা তুইলা খাইতাছে।কে দিবো তারে মাইয়া?”

শিফাতুন্নেসা কিছুক্ষণ চুপ করে আলিয়া বেগমের মুখের দিকে তাকিয়ে রইলেন। টিনের চালে তখনো ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। তারপর একটু নড়েচড়ে বসে দৃঢ় গলায় বললেন,

“আপনার ভাইজি তো আছে... উম্মম, দেখতে-শুনতে নুহাসের পয়লা বউয়ের মতোন এতো সুন্দর না, তবে খারাপও তো না।ওরে একটু দেইখ্যা দেখতে পারেন কি- না?”

"কি যে কন"

"ক্যান আমাদের নুহাস কম কিসের? দেখতে শুনতে রাজপুত্র, ও যে পাগলামি করে বিয়া দিলে শেষ হয়ে যাইবনে দেখিও"

আলিয়া বেগম কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। গলায় যেন দলা পাকিয়ে এল কোনো না বলা কথা। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে ছোট ছোট পায়ের আলতো শব্দ ভেসে এল। নুহাসের ছেলে নাওয়ালের। উঠানের ধুলোবালি মাখা ছোট্ট পা দুটো টেনে টেনে সে ঘরের ভেতর প্রবেশ করেছিল কিছুক্ষণ আগে, যাতে এখনো বিদ্যমান সেই ধুলোবালি । দাওয়ায় দাদীকে বসে থাকতে দেখে সে কোনো কথা না বলে নীরবে এসে পাশে দাঁড়াল। গায়ে তার মলিন একটা সাদা ফতোয়া আর হাঁটুর নিচে নেমে আসা ময়লা একটা হাফপ্যান্ট। রোদে পুড়ে চামড়াটা একটু তামাটে হয়ে গেছে।

সে একটুও কথা না বলে শুধু ফ্যালফ্যাল করে আলিয়া বেগমের মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণে ক্লান্তির এক দীর্ঘ ছায়া। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আলিয়া বেগমের কাপড়ের আচলটা খামচে ধরে অতি ক্ষীণ, কাঁপাকাঁপা গলায় ডেকে উঠল,

“ও ডাডী... ডাডী !”

আলিয়া বেগম বিরক্তিতে ভ্রু কুঁচকে শিফাতুন্নেসার দিক থেকে চোখ ফিরিয়ে নিলেন। রাগী গলায় বিড়বিড় করে বললেন, “দেখলেন তো, ভাবী! এই বয়সে আমার এখন ওরে পালা লাগবো। মা মরে পোলাডা আমার ঘাড়ে চাপাইয়া দিয়া গেল ”

শিফাতুন্নেসা মৃদু হাসলেন। ঠোঁটের কোণে ঝরে পড়ল এক চিলতে করুণা মেশানো হাসি। তিনি শুধু বললেন, “হো... আর কি করার বলো?”

ঠিক তখনই পাশের ঘর থেকে শিফাতুন্নেসার ছেলের কন্ঠ ভেসে এল, “আম্মা... ও আম্মা, কামে যামু। কই তুমি ? ঘরে একটু আয়ো...”

শিফাতুন্নেসা আর এক মুহূর্তও অপেক্ষা করলেন না। শাড়ির কোমরটা ভালো করে গুঁজে নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে বলে গেলেন, “পরে একদিন ফুরসত পাইয়া কথা কমু নে, ভাবী! আমার পোলাডা আবার ডাকতাছে... এই... আইতাছি।” বলে তিনি দ্রুত পায়ে চলে গেলেন।

তখনও দাদির কাছে দাঁড়িয়ে রইল ছোট্ট নাওয়াল। আলিয়া বেগম নিজের নাতির দিকে এক পলক তাকালেন। কিন্তু চোখে কোনো মায়ার উষ্ণতা ফুটল না। বরং মুখের অভিব্যক্তি আরও কঠিন হয়ে উঠল। নাওয়াল আবার ডাকল, “ও ডাডী, একটু ভাত ডাও না...”

আলিয়া বেগম বিরক্তিতে কপাল কুঁচকে ফেললেন। সামনে রাখা ভাত ও তরকারির প্লেটটার দিকে তাকিয়ে আলিয়া বেগম বললেন, “ভাত খাবি? যা, হাত ধুইয়া আয়”

ছোট্ট নাওয়াল নিজের হাতের তালুর দিকে একবার তাকাল, তারপর নিজের পায়ের দিকে। তেমন কোনো কাদা নেই, শুধু একটু ধুলো পায়ে,তবে হাত তার পরিষ্কার। কিন্তু মুখ দিয়ে সে কোনো প্রতিবাদ করতে পারল না। তার ছোট্ট মনে তখন কেবল একটাই আকুলতা আজ যদি তার ফুফু মণি থাকত, তাহলে নিজের হাতে কত যত্নে তাকে ভাত খাইয়ে দিত। কিন্তু আজ সেই ফুফু আর নেই, সে অন্য ঘরে চলে গেছে।

আলিয়া বেগমের তীক্ষ্ণ গলার স্বর আবারও নিস্তব্ধ দুপুরটাকে চিরে দিল, “যা! কইলাম না হাত ধুইয়া আয়”

অগত্যা ছোট ছেলেটি চুলার পাশের কোণে রাখা কলসিটার দিকে এগিয়ে গেল। কিন্তু ছোট হাত দুটো দিয়ে তো আর কলসি উপুড় করা সম্ভব নয়। সে বোকার মতো দাঁড়িয়ে রইল। তখন আলিয়া বেগম চরম বিরক্তিতে চুলার পাশ থেকে উঠে এসে এক মগ পানি এনে নাতির ছোট হাত দুটো ধুইয়ে দিলেন। তারপর থালার সামনে বসিয়ে দিলেন তাকে।

ছোট্ট নাওয়াল ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে নীরবে ভাত খাওয়া শুরু করল। বাচ্চাটা এই বয়সে বেশ গোছানো স্বভাবের। নিজের হাতে খাবার তুলে নিয়ে বেশ পরিপাটি করেই একা একা খেতে পারে।

ভাত খাওয়ার মাঝে রূপার কথা মনে পড়ল তার ,চোখ দিয়ে দুই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে তখন। এইটুকু বয়সেই সে জীবনের নির্মম বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে শিখে গেছে। মুখে এক গ্রাস ভাত পুরে সে আকুল হয়ে একবার ঘরের বন্ধ দরজার দিকে তাকাল,

যদি ফুফু মণি এসে তাকে খাইয়ে দিয়ে যায়... কিন্তু সে জানে, ফুফু মণি আর কখনো আগের মতো আসবে না। পাশের ঘররের চাচা বলেছে থাকে, বিয়ে হলে মেয়েরা আর আগের মতো বাবার বাড়ি আসে নাহ।

ঘড়ির কাঁটায় রাত আটটা ছুঁইছুঁই...

রাতের প্রথম প্রহর হতেই চারপাশের কাঁচা রাস্তাঘাট, মেঠো পথ আর ঘাসজমি কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে।বাইরের প্রকৃতিতে তখন আষাঢ় নেমেছে তার সর্বগ্রাসী রূপ নিয়ে। গ্রামের মানুষগুলো দিনের ধকল সয়ে খড়ের গাদায় গা এলিয়ে দিয়ে কখন যে ঘুমের অতল গভীরে তলিয়ে গেছে, তার ঠিকঠিকানা নেই। কেউ কেউ তেলের কুপি নিভিয়ে বিছানায় পিঠ এলানোর শেষ প্রস্তুতি নিচ্ছে।

সিলেটের পাহাড়ি ঢাল আর বৈরী আবহাওয়ার চেনা বৈশিষ্ট্য অনুযায়ী, সামান্য বৃষ্টিতেই এখানে আকাশ ভেঙে নামে। ঘন ঘন বজ্রপাতের গর্জনে কেঁপে ওঠে পাহাড়ের বুক, আর বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য আলোকিত হয়ে ওঠে চারপাশ। দমকা হাওয়ার সঙ্গে তীব্র বেগে ছুটে আসা বৃষ্টির ঝাপটায় গ্রামের প্রাচীন টিনের চালগুলো থরথর করে কেঁপে উঠছিল। মনে হচ্ছিল, এই বুঝি উড়িয়ে নিয়ে যাবে বাঁশঝাড় বা ছনের ছাউনি।

বাড়ির ঠিক উত্তর কোণে রান্নাঘরের লাগোয়া আলিয়া বেগমের ঘর।আর তার সামনেই স্যাঁতসেঁতে উঠান। পশ্চিম ভিটায় পাশাপাশি আরও দুটো ঘর আছে একটিতে নুহাস, অন্যটিতে নাদিম থাকে। গ্রামীণ এই সমাজব্যবস্থায় ওদের অবস্থাটা ঠিক উচ্চ-মধ্যবিত্ত আর নিম্ন-মধ্যবিত্তের মাঝামাজি এক জাঁতাকলে পিষ্ট। চালের ওপর তখনো মাটির প্রলেপ আর নতুন ছনের আস্তর দেওয়ার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে।

আজকেও রাত গড়িয়ে গেলে নুহাস বাড়ি ফেরেনি। হয়তো কোনো চায়ের দোকানে বা দূরের কোনো গঞ্জের আড্ডায় এই বৃষ্টির ঝাপটায় আটকে গেছে বেখেয়ালে।

এদিকে দাদির পাটকাঠির খাটটায় ঘুমাচ্ছে ছোট্ট নাওয়াল। কিন্তু ঘরে নেমে এসেছে নতুন এক বিপত্তি। পুরনো টিনের চালের কানার ফুটো দিয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির পানি। ঝুপঝুপ শব্দে সেই পানি সোজা এসে পড়ছে ঘরের মাটির মেঝেতে, আর দেওয়াল বেয়ে ভিজে স্যাঁতসেঁতে হয়ে উঠছে চারপাশ। বিছানার কোণ পর্যন্ত পানি গড়িয়ে আসার উপক্রম হতেই বাধ্য হয়ে আলিয়া বেগম ছোট নাওয়ালকে কোলে টেনে নিয়ে খাটের এক কোণে কোনোমতে গুটিসুটি মেরে শুয়ে পড়লেন। রুপার বিয়ে হওয়ার পর থেকে নাওয়াল দাদির কাছে থাকছে। আগে তিনজনই থাকতো , কিন্তু এখন দাদি নাতি দুজন থাকে এই ঘরে। রুপা নাওয়াল কে দিত না,যদি নুহাশ হাত তুলে নাওয়ালের উপর?

বাইরের ঝড়ের গোঙানির মাঝেও ছোট্ট নাওয়ালের শরীরটা অদ্ভুত রকম শান্ত। সে আর নড়ছে না। কেবল তার না ফুরোনো শ্বাস-প্রশ্বাসের ক্লান্ত গতিতে বুকটা একটু পর পর ফুলে উঠছে। গভীর ঘুমে আচ্ছন্ন সেই নিষ্পাপ মুখটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন আলিয়া বেগম। ম্লান কুপি আলোর কাঁপাকাঁপা আলোয় মুখটা দেখে হঠাৎ করেই বুক চিরে কেমন যেন একটা অব্যক্ত মায়া উথলে উঠল তাঁর। বার্ধক্যের কর্কশ স্বভাব ছাপিয়ে গলার স্বরে নেমে এল এক অদ্ভুত আকুলতা। ঘুমন্ত নওয়ালের মুখের ওপর ঝুঁকে ফিসফিস করে বলে উঠলেন তিনি

"মুখপুড়া... মা হারাইলি... বাপ থাইকাও নাই। বড় কেমনে হবি রে?"

মনে মনে একটা ক্ষোভও জমল।

"বাপটা যদি অন্তত একটু কাজকর্ম করত, পোলাডা গায়ে ভালো-মন্দ একটা জামাকাপড় জড়াতো! চাচার আর কতটুকু দেওয়ার ক্ষমতা আছে? তার নিজেরও তো বউ-বাচ্চা আর সংসার টানের অভাব নেই।"

দাদির এই ফিসফিসানি কথার উত্তরে নাওয়াল কোনো টু শব্দ করল না। সে গভীর ঘুমের ঘোরে তলিয়ে আছে। ঘুমন্ত ছোট বাচ্চাদের দেখলে মানুষের মনের ভেতর যে চিরন্তন স্নেহবোধ জেগে ওঠে, আলিয়া বেগমও আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি নিজের খসখসে হাতটা বাড়িয়ে আলগোছে বুলিয়ে দিলেন নাতির চুলে। অথচ নিজের মনেই তিনি বুঝতে পারছেন, এই মাতৃহারা শিশুটার সঙ্গে তিনি যা করছে, তা একটুও ঠিক না।

ঠিক তখনই মাথার ওপরের চালের ফুটো দিয়ে গড়িয়ে পড়া বৃষ্টির একটা ঠান্ডা ফোঁটা সরাসরি এসে পড়ল আলিয়া বেগমের হাতে। হাতটা যদি তিনি মাথার ওপর থেকে সরিয়ে নেন, তবে ফোঁটাগুলো সোজা গিয়ে পড়বে নাওয়ালের মাথায়। আবার বিছানায় একটু পাশ ফিরে শোয়ারও জো নেই। কী করবেন, কোথায় মাথা রাখবেন কিছুই ভেবে পাচ্ছেন না আলিয়া বেগম।নাওয়াল কে বেশিক্ষণ এভাবে রাখা যাবে না।

ঠিক সেই মুহূর্তে মেঘের গর্জন আর বৃষ্টির ঝাপটা কিছুটা কমে আসতেই অন্ধকারের বুক চিরে ভেসে এল একটা পরিচিত খ্যাপাটে গলা। বৃষ্টির শব্দ ভেদ করে দূর থেকে ভেসে আসছে,

“একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
তাহার কথা বলিতাহার কথা বলতে
বলতে নাও দৌড়াইয়া চলি...”

গুনগুন করে গান গাইতে গাইতে নুহাস যে মেঠো পথ ধরে বাড়ির দিকেই আসছে, তা বুঝতে আর বাকি রইল না আলিয়া বেগমের ।ঘরের ভেতর থেকে খাট ছেড়ে নাওয়ালকে বিছানায় রেখে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে উঠলেন আলিয়া বেগম। কাঠের কপাটটা খসখস করে একটু ফাঁক করে ডেকে উঠলেন,

"ও নুহাস... ও নুহাস! ও পোলাটারে লইয়া যা দিকিন!"

উঠানের মাঝপথে এসে নুহাসের গানটা হঠাৎ থমকে গেল। অন্ধকারের জলকাদা মাড়িয়ে একটু দাঁড়িয়ে সে মদ্যম ও বিরক্ত স্বরে বিড়বিড় করে উঠল

"কেন? ওই অলক্ষীর কি হইছে? আমি পারুম না!"

"তোর পোলা ঘুমাইয়া রইছে, আজকে তোর কাছে রাখ, লয়া যা তোর ওই ঘরে! চাল দিয়া পানি ঢুকতেছে..."

মায়ের কথা শুনে লুঙ্গিটা হাঁটু পর্যন্ত শক্ত করে গুটিয়ে নুহাস তখন বাড়ির উঠানের দিকে পা বাড়িয়েছে। অঝোর ধারায় ভিজে তার সারা শরীরটা তখন একেবারে জুবুথুবু, কদমফুলের মতো ভেজা চুল দিয়ে জল গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। টলতে টলতে সে সোজা এসে দাঁড়াল মায়ের ঘরের দরজায়।

"লইয়া যা..আমি ঘুমাইতে পারমু এখানে , ও ছোড মানুষ। পারব না"

নুহাস বিরক্তিতে মুখটা পুরোপুরি কুঁচকে ফেলল। ভেজা শরীর থেকে তখন টপটপ করে পানি ঝরছে মাটির মেঝেতে। সে ধীর পায়ে ঘরের ভেতরে প্রবেশ করল।
আলিয়া বেগম এক পলক তাকিয়ে আবার বলেন,

"ভাত খাবি?"
"না, খামু না! ভালো লাগতেছে না।"

নুহাসের ক্লান্ত নিস্পৃহ চোখ দুটো গিয়ে পড়ল ঘুমন্ত নওয়ালের মুখের ওপর। তারপর তার দৃষ্টি গেল ঘরের সেই ছিদ্র হয়ে যাওয়া টিনের চালের দিকে, যেখান থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে বিছানায়। মুখটা আরও বেশি বিকৃত করে সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর আর এক মুহূর্তও দেরি না করে, ওই ভেজা শরীর নিয়েই ঘুমন্ত ছোট্ট ছেলেকে নিজের দুই বাহুর আলগোছে কোলে তুলে নিল নুহাস।

(যারা প্রথমবার পড়বেন একটু কষ্ট করে কমেন্ট করে যাবেন, এই গল্পের রিচ দরকার )

অনুমতি ব্যতীত কোন অ্যাপ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল। কিংবফেসবুক একাউন্টে/ পেইজে দেওয়া সম্পূর্ণ নিষেধ।

চলবে 🐣

[পর্ব সংখ্যা :০১]
#বাউন্ডুলে_বৃত্তান্ত
#মারিয়াম_ফুল

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন