ফন্ট সাইজ:
থিম:
বাউন্ডুলে বৃত্তান্ত

পর্ব 2

লেখক: মারিয়াম ফুল

আলেয়া বেগমের ঘর থেকে ছেলেকে নিজের ঘরে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই নুহাসের অবচেতন মন এক তীব্র ধাক্কা খেল। কোলের ছোট্ট নাওয়ালের শরীরটা এত হালকা, যেন মনে হলো এক মুঠো তুলো তুলে নিয়েছে সে, একেবারেই ওজনহীন।

অথচ এই বয়সের একটা শিশুর শরীর যেমন হৃষ্টপুষ্ট হওয়ার কথা, নাওয়ালের ক্ষেত্রে তার লেশমাত্র নেই। যদিও দূর থেকে দেখলে বা গালের ফোলাভাব দেখে তা বোঝার উপায় ছিল না..কারণ মুখখানা আর গাল দুটো তুলনামূলক বেশ ভারী ও গোলসোটাই মনে হয়।

আলেয়া বেগমের কন্ঠ আবারো ভেসে এল, “কি..কিছু খাইয়া লও... ভাত আছে তো।”

নুহাস কদর্য একটা বিরক্তির ভাঁজ কপালে টেনে নিস্পৃহ গলায় জবাব দিল, “আম্মা, খামু না কইলাম না... ভালো লাগে না তো।”

এই কথা বলে মায়ের ঘর ছেড়ে নুহাস নিজের ঘরের দিকে পা বাড়াল। বাইরে তখনো আষাঢ়ের অবিরত বৃষ্টি তার সমস্ত তীব্রতা নিয়ে চরাচর গ্রাস করে বসে আছে। নুহাস নিজে বৃষ্টির জলে ভিজে জবজবে হয়ে আছে।

আবার যদি বৃষ্টির পানি এই অবুঝ শিশুটির গায়ে লাগে , তবে নিমেষেই নিউমোনিয়া বা সর্দি-কাশির তীব্র প্রকোপে আচ্ছন্ন হয়ে পড়বে শরীর। কিন্তু উপায় কী? এই মধ্যরাতের একটানা বৃষ্টির মধ্যে বাচ্চার ভেজা শরীর নিয়ে বারান্দা পার করে অন্যত্র যাওয়াও অসম্ভব। সামান্যতম ঠান্ডা লাগলেই তো বাচ্চার ঘুম ভেঙে যাবে, আর একবার ঘুম ভাঙলে তাকে শান্ত করার সাধ্য কারোর নেই।

বারান্দার আধো-অন্ধকার কোণ থেকে আলেয়া বেগম কঠোর গলায় চেঁচিয়ে উঠলেন, “যাস না দাঁড়া।”

নুহাসের বিরক্তস্বর অন্ধকারের বুক চিরে বেরিয়ে এল, “কেন?”

“ও ভিজলে সর্দি-কাশি লাগবো... তারপর ওরে দেখভাল কে করব? তুই তো আওয়ারাগির করচ...”

“আমার আবার শুরু করাইও না, এর ফল কিন্তু ভালো হইব না ...”

চোখের কোণে জমতে থাকা থমথমে বিরক্তি চেপে নুহাস দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল। কিন্তু ছেলের সেই ক্ষণিকের অসন্তোষে এতটুকুও কান দিলেন না আলেয়া বেগম। দাওয়ার এক পাশে পড়ে থাকা পুরোনো একটা টিনের চালের পাতলা টুকরো নিজের হাত থেকে বাড়িয়ে দিয়ে তিনি হাঁক ছাড়লেন, “যা, এটার মাথার ওপর দিয়া দিয়া যা।”

মায়ের সেই ধমকের সুরেই নুহাস বাধ্য ছেলের মতো তাই করল।এক হাতে অবুঝ ছেলেকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে, অন্য হাতে ওই মরচে ধরা টিনের টুকরোটা ছাতার মতো মাথার ওপর তুলে বৃষ্টির ঝাপটা এড়িয়ে সে নিজের স্যাঁতসেঁতে ঘরের ভেতরে প্রবেশ করল।

ঘরের কোণে ছাদ চুইয়ে পড়া জলের দাগ আর স্যাঁতসেঁতে মাদুরের ওপর কোনোমতে অবহেলাভরে সন্তানকে শুইয়ে দিল সে। তারপর অভ্যাসবশত ঠোঁটের কোণে একটা সিগারেট গুঁজে ধরতে গিয়েও থেমে গেল। ফায়ার বক্স খুঁজতে খুঁজতে বিড়বিড় করে উঠল সে। একসময় গুনগুন করে আবারও গান গাওয়ার চেষ্টা করল

‘একটা ছিল সোনার কন্যা...’ কিন্তু গলার সুর আর ফুটল না, কেন জানি মাঝপথেই তা হারিয়ে গেল বাইরের ঝড়ের গোঙানিতে। চোখ যার ছেলের দিকে, যেহেতু নুহাস আগে থেকেই বৃষ্টির পানিতে ভিজেছিল, নাওয়াল কে কোলে নেওয়ার পর নাওয়ালও ভিজে যায় সেই পানির স্পর্শে।

দেশলাই থেকে আগুন জ্বালিয়ে, ঠোঁটে গোঁজা সিগারেটে একটা দীর্ঘ টান দিয়ে নুহাস অপলক
তাকাল সন্তানের দিকে।মনে মনে একরাশ তিক্ততা নিয়ে সে বিড়বিড় করল,

‘অলক্ষী একটা বটে... কিন্তু আমার কুহেলিকার চোখ, মুখ নিয়েই জন্মাল এই পোলা!’

তারপর পরনের ভেজা লুঙ্গিটা বদলাতে বদলাতে সে বিরক্তিভরা গলায় বলে উঠল, “আপদটারে এখন কাপড় বদলান লাগবো। ঠান্ডা-কাশি হইলে তো বহুত ব্যাপার !”

খালি গায়ে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে লুঙ্গি পাল্টে সে এগিয়ে গেল ছেলের দিকে। পরনের পাতলা সুতির ফতোয়াটা শরীর থেকে আস্তে আস্তে ওপরে তুলে নিতে গিয়ে সে হঠাৎ থমকে গেল, চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আসলেই তো, এতো ওজন কম কেন? চুড়ই পাখির মতো এই ছোট্ট শরীরটার ওজন যেন বাতাসের চেয়েও হালকা!

না চাইতে অবচেতনভাবেই ছেলের বুকটার ওপর হাত চলে গেল তার। আর তখনই খেয়াল হলো গলার নিচ থেকে শুরু করে বুক পর্যন্ত পাঁজরের হাড়গুলো স্পষ্ট নুয়ে আছে, চামড়ার নিচ থেকে কঙ্কালের মতো ঠেলে বের হয়ে আসছে হাড়ের খাঁচা। নুহাস নিজের চোখ দুটো কচলে নিল।

ঘুমিয়ে থাকা অবুঝ শিশুটার মুখের পানে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, “তোর কেউ খাওয়ন দেয় না? না খাস না?”

ছেলের মুখের দিকে আবারও অপলক তাকিয়ে থেকে কিছুক্ষণ বিরক্ত ভঙ্গিতে সে প্যান্টটা খুলে দিল। কিন্তু তখনই নতুন এক বিপত্তি বাঁধল এই ঘরে তো নাওয়ালের শরীরে জড়ানোর মতো শুকনো কাপড়ের নামগন্ধও নেই! যা কিছু অতিরিক্ত কাপড় আছে, সব তো ওই মায়ের ঘরে পড়ে আছে। এই রাতে তো আর মায়ের ঘরে গিয়ে কাপড় আনা সম্ভব না। আর সম্ভব হলেও সে যাবে না।

বিরক্তিতে মুখ কালো করে সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, “জ্বালাইলি ব্যাটা, জনম থেকেই জ্বালাইলি!”

তারপর আর বিশেষ কিছু ভাবল না নুহাস। ঘরের কোণে টিমটিম করে জ্বলতে থাকা তেলের কুপিবাতিটাও কখন যেন নিভে এসেছে। চোখে রাজ্যের ঘুম নেমেছে, অথচ এই এতিম বাচ্চাটাকে এভাবে ন্যাংটো বা খোলা গায়ে ফেলে রাখাও তার কাছে কেমন যেন অপরাধবোধের মতো ঠেকলো। উপায়ান্তর না দেখে, আলমারির চিপা থেকে কুহেলিকার স্মৃতিবিজড়িত লাল রঙের একটা পাতলা সুতির ওড়না টেনে কোনোমতে ছেলের গায়ে জড়িয়ে দিল সে।

তারপর সেও গভীর ঘুমের অতল অন্ধকারে তলিয়ে গেল।

পিতার আতিশয্য বা স্পর্শের কোনো উষ্ণতা না পেলেও, হতভাগা শিশুটা ঘুমের আবেশে মায়ের ওড়নার সেই পুরোনো ঘ্রাণ আর আঁচল জাপটে ধরে ঘুমাতে লাগল। নুহাস নিজের মনেই বহুবার শপথ নিয়েছে এই ঘরে সে কখনো নাওয়ালকে আসতে দেবে না। তার মনে হতো, এমন অলক্ষী, অপয়া শিশু এই ঘরে না এলেই বরং মঙ্গল হয়। কেনই বা আসবে সে? কুহেলিকা তো এই মুখপোড়ার জন্ম দিতে গিয়েই দুনিয়া ছেড়ে চিরকালের মতো হারিয়ে গেছে!

🐧🐧🐧

সময়ের অদৃশ্য চাকা ঘুরে যেতে লাগল। নুহাস দেখতে পেল

চারপাশে থৈ থৈ করছে সোনালী ধানের খেত। দিগন্তজোড়া ক্ষেতের বুক চিরে বয়ে চলা সংকীর্ণ মেঠো পথ দিয়ে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে একা একা হেঁটে চলেছে এক তরুণী । তার চলার তালে পায়ে পরা নূপুরগুলো শব্দে ঝংকার তুলে বেজে উঠছে। পায়ের প্রতিটা পদক্ষেপের সঙ্গে রোদের সোনাঝরা আলো ঠিকরে পড়ছে চারপাশে।লম্বা বেনুনি করা ঘন চুলগুলো হাটার তালে তালে মৃদু দুলে দুলে উঠছিল।

নুহাস দূর থেকে ডেকে ওঠে, “ওই কুহেলিকা, ওই... শুনছিস নাকি ?”

“আমারে?”

“তো আর কারে?”

“আপনার ডাক শুনতাম কেন? আর বখাটের মতো এভাবে চ্যাঁচামেচি করছেন কেন? অবশ্য আপনি তো বখাটেই”

নুহাস হেঁটে হেঁটে এগিয়ে আসে তার খুব কাছে। “কী যে টেঙ্গা টেঙ্গা কথা কছ তুই! মুখ দিয়ে কি দুটা ভালো কথা বের হয় না?”

“না, বের হয় না। অন্তত আপনার মতো বখাটের লাইগা তো না! আর হোনেন, সামনে আমার বিয়া, আমারে এমন জ্বালাতন করলে আব্বারে গিয়া নালিশ করমো। তখন মানুষের সামনে মুখ দেখাইতে পারবেন না !”

নুহাস শিস বাজিয়ে ওঠে। “এই না হলে শিকদার বাড়ির বউ। কার বুকে এত দম আছে রে যে আমারে এই কথা বলবে? ঝগড়ার তো সারা জীবন...উফ মাইরি কি সাহস ”

“উহ্, শয়তান বেটা মানুষ একটা !”

মুখ বাকিয়ে গটগট করে হেঁটে চলে যায় কুহেলিকা।

“যাস না কুহেলি... যাস না! ঔ শুন...”

ঘুমের ঘোরে হঠাৎ একটা তীব্র চিৎকার দিয়ে কেঁপে ওঠে নুহাস ‘যাস না, যাস না!’ বলতে বলতে তার ঘুম ভেঙে যায়। ঘোর কেটে যাওয়ার পর সে অনুধাবন করতে পারে, প্রতিবারের মতো আজকেও কুহেলিকা এসেছিল তার ঘুমের ঘোরে। ভোরের আবছা আলো তখন ধীরে ধীরে ফ্যাকাশে আকাশ ভেদ করে পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে।

পাশে ফিরে নুহাস এক পলক তাকাল ছেলের দিকে। নাওয়াল তখনো গভীর ঘুমে আচ্ছন্ন। তার অবিকল মুখাবয়ব আর নিঝুম ঘুমের ভঙ্গি দেখে নুহাসের হঠাৎ মনে পড়ে গেল ঠিক এভাবেই তো একসময় কুহেলিকা ঘুমিয়ে থাকত!

‘হালার জিন্দেগি! মা আইসা ঘুমের মধ্যে জ্বালা দিয়া যায়, আর এই পোলা... ধুর!’

সাধারণত নুহাস এত সকাল উঠে না, দুপুর গড়িয়ে বিকেল, এমনকি কখনো কখনো আসরের আজানের পরেও তার ঘুম ভাঙতে চায় না। অথচ আজ ভোরের আলো ফুটতেই তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল।না এখন আর ঘুমানো সম্ভব না। উঠে বসে জানলার কপাটটা একটু ঠেলে ফাঁক করে দিল সে। বাইরে তখনো বৃষ্টির রেশ কাটেনি, আকাশ জুড়ে মেঘের ভারী আনাগোনা। কোনো কিছু করার বা নড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার শরীরে। মাদুরের নিচে সিগারেটের প্যাকেটটা খুঁজতে গিয়ে তার হাত খালি ঠেকলো সিগারেটও শেষ!

উপায় না পেয়ে জানালার ধারে চুপচাপ বসে রইল সে। কতদিন পর সে ঠিকমতো সকাল দেখল কে জানে! বেঁচে থাকতে কুহেলিকা ভোরে ঘুম থেকে ডেকে তুলত তাকে। কুহেলিকাই একসময় বলত, নুহাস যদি নিয়মিত ফজরের নামাজের জন্য ভোরে উঠতে পারে, তবে রাতের বেলা তাকে একটু জড়িয়ে ঘুমাতে দেবে। এমনি এমনি জড়িয়ে ঘুমাতে দিত না কুহেলিকা। কারণ রাতে ঘুমালে নুহাস হাত-পায়ের এলোমেলো ভাবে তুলে দিত কুহেলিকার উপর । জানালার ফোকর দিয়ে নুহাস অপলক দৃষ্টিতে বাইরে তাকিয়ে রইল।

তারপর তার দৃষ্টি চলে গেল ঘরের এক কোণে ঘুমিয়ে থাকা অবুঝ শিশুটার দিকে। নাওয়ালের গায়ে জড়ানো ওড়নাটা কখন যেন সরে গেছে। নুহাসের ঠোঁটের কোণে হঠাৎ এক পলকের জন্য অবচেতন এক চিলতে হাসির রেখা ফুটে উঠল, পরক্ষণেই আবার বিরক্তিতে মুখটা কুঁচকে গেল তার।

আবারও জানলা গলে বাইরে তাকালে চোখ জুড়িয়ে যায় ধানের খেতগুলোতে। সব বৃষ্টির জলে ডুবে থৈ থৈ করছে। ওই তো খলিলের খেত! তার পুরো জমিটাই তো তলিয়ে গেছে জলের তলায়। তা দেখে মনে মনে একটু হাসল নুহাস, হাসবেই না কেন? ওই জমিতে মালিক খলিল জুয়ায় তার সব টাকা হাতিয়ে নিয়েছিল। যাকগে, আজ সন্ধ্যা নামুক না, দেখা যাবে কার কপালে কী ঘটে!

এমন সব এলোমেলো কথা ভাবতে ভাবতেই বাইরে আবার ঝিরঝির করে বৃষ্টি নামল। অবশ্য তেমন ভারী বৃষ্টি নয়, তবু এই স্যাঁতসেঁতে আবহাওয়ায় তার কিছুই ভালো লাগছে না। জানলাটা আবার টেনে বন্ধ করে দিয়ে সে নিঃশব্দে গিয়ে শুয়ে পড়ল ছেলের ঠিক পাশটিতে।

ঠিক সেই মুহূর্তে পাশের কোনো এক দূরের গ্রামে বিকট শব্দে বাজ পড়ল, দূরন্ত গর্জনে কেঁপে উঠল চারপাশ।
সেই প্রলয়ঙ্করী শব্দের সঙ্গে সঙ্গেই চমকে ঘুম ভেঙে যাওয়ার উপক্রম হলো ছোট নাওয়ালের। বুক ফাটা আতঙ্কে সে অস্ফুটে কেঁদে উঠল, “আম্মা... আম্মা ও মা...!”

আর পরমুহূর্তেই ভয়ে কাঠ হয়ে সে শক্ত করে জাপটে ধরল নুহাসকে।

হঠাৎ সন্তানের এই আকস্মিক শরীর আঁকড়ে ধরায় নুহাসের মেরুদণ্ড বেয়ে যেন বিদ্যুতের একটা শিহরণ বয়ে গেল। কিন্তু সে চোখ মেলে তাকাল না, কিংবা হাত বাড়িয়ে সান্ত্বনা দেওয়ার বিন্দুমাত্র চেষ্টাও করল না। উল্টো সে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য একটু নড়াচড়া করল, কিন্তু ছোট্ট নাওয়াল ভয়ে আরও শক্ত করে তার বাবাকে খপ করে আঁকড়ে ধরল। বাচ্চাটা তো আর জানে না যে ঠিক এই মুহূর্তে তার পাশেই শুয়ে আছে তার নিজের বাবা! জানলে কি আর এমন ভয়ে ভয়ে জড়িয়ে ধরত? তার মনের গভীরে তো কেবলই একরাশ আতঙ্ক বাবা যদি টের পেয়ে আবার পিঠে একটা চড় বসিয়ে দেয়, এই ভয়েই সে আরও সিঁটিয়ে গেল।

নুহাস আর ছেলেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করল না। ওইভাবেই এক অদ্ভুত আড়ষ্টতায় সন্তানের সান্নিধ্যে আবারও ঘুমের অতল গভীরে তলিয়ে গেল সে।

সকাল এখন সাতটা। গ্রামের বুক চিরে ভেসে আসছে মোরগের ডাক ‘কুকুরুকু... কুকুরুকু...’।

সাধারণত এই বেলাতেই গ্রামের মানুষের ঘুম ভেঙে যায়। ভোরের স্নিগ্ধ আলোয় চারপাশ চঞ্চল হয়ে ওঠে, ছোট ছোট কচিকাঁচারা পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে দলবেঁধে স্কুলের পথে উদগ্রীব পায়ে ছুটে চলে। নাওয়ালের বয়সও এখন স্কুলে যাওয়ার মতো হয়েছে। কিন্তু তার সেই ভাগ্যের দিকে নজর দেওয়ার ফুরসত টুকুও কারোর নেই। একটা শিশুর জন্মসনদ বা কাগজপত্রের যে কী ভীষণ প্রয়োজন, সেই চিন্তাও যেন কারও মাথাতেই আসে না।

একটা জন্মনিবন্ধনের কাগজ তুলতে গেলে কতশত নিয়মকানুন পেরিয়ে শহরে যেতে হবে ; একা একা অত দূর যাওয়ার সাহস রুপারও নেই। একা গেলে গ্রামের মানুষ নানা কথা রটাবে। নুহাস বহুবার এ তাগদা দিয়েছে সে। কিন্তু নুহাস বরাবরের মতোই এসব তুচ্ছ বিষয়ে কোনো পাত্তাই দেয়নি।

এদিকে ভোরের আলো ফুটতেই নাওয়ালেরও ঘুম ভেঙে গেল।

চোখ মেলে তাকাতেই সে এক অদ্ভুত অস্বস্তিতে পড়ে গেল। ঘুমের ঘোরে সে যে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে পড়ে আছে, এ কথা বুঝতে পেরে ছোট্ট বুকটা লজ্জায় ও সংকোচে কুঁকড়ে গেল। ঘুমের গভীরে কখন যেন গায়ের ওড়নাটা পুরোপুরি সরে গেছে। সে দ্রুত আশপাশে চোখ বুলিয়ে এক পাশে পড়ে থাকা মায়ের সেই ওড়নাটা টেনেটুনে কোনোমতে নিজের লজ্জা নিবারণ করল।

কিন্তু ওড়না গায়ে জড়িয়েই তার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। বিস্ময় আর ভয়ে তার ছোট্ট হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। সে কার পাশে ঘুমিয়ে আছে? সে কি তবে তার নিজের বাবার পাশে শুয়েছিল?

“আব... আব্বা...!”

কাছের মানুষটার মধ্যে ঘুম ভাঙার বা নড়ার কোনো হেলদোল না দেখে, বুকে একরাশ অজানা আতঙ্ক নিয়ে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল নাওয়াল। তারপর ঘরের অন্ধকার এক কোণে সন্তর্পণে গিয়ে নিজের ছোট কাপড়টা কোনোমতে গায়ে গলিয়ে নিল।

কাপড় পরে সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। উঠানের দিকে এক দৌড় দিল। ভয়ে তার বুক তখন হুরদুম করে কাঁপছে। ছোট মনে অবুঝ এক প্রশ্ন সে কি ভুলবশত বাবার কাছে চলে এসেছিল? নাকি কোনো জীন-পরির আসরে তাকে কেউ তুলে নিয়ে এসেছিল? তা না হলে সে নিজে থেকে কখনো যেখানে যেতে সাহস করে না, সেই বাবার ঘরে সে গেল কীভাবে? বাবা যদি জেগে উঠে আবার রেগে যাযায় , যদি বেদম চড় বসিয়ে দেন পিঠে?

হয়তো কোন পরি তাকে, এখানে রেখে গেছে। যেভাবে
তার মায়ের কোলে তাকে রেখে গেছিলো পরি। ফুফি তাকে বলেছে এটা, তার মনে আছে।

এত এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথম পর্বেই এতগুলো কমেন্ট, তার ওপর প্রতিটা কমেন্ট এত সুন্দর! সত্যি বলতে, কী বলব বুঝে উঠতে পারছি না। আপনাদের ভালোবাসায় আমি ভাষা হারিয়ে ফেলেছি। 🥹❤️
রিচেক দেওয়ার সময় হয়নি আর অসুস্থতার কারণে খুব একটা লেখালেখি করতে পারছি না। তবে ইনশাআল্লাহ, নেক্সট এপিসোড থেকে পর্বগুলো একটু বড় করার চেষ্টা করব। আর একটা বিষয় জানতে চাই, আপনারা এই গল্পটা উপন্যাস নাকি উপন্যাসিকা হিসেবে চান?

উপন্যাসিকা মূলত ছোট পরিসরের গল্প, তাই প্রথম দিকের পর্বগুলো একটু ছোট রাখছি। তবে পরবর্তী পর্বগুলো কেমন হবে, সেটা আপনাদের পরামর্শ অনুযায়ী ঠিক করতে চাই। আপনারা যেভাবে চাইবেন, সেভাবেই এগোনোর চেষ্টা করব।

চলবে.....

#বাউন্ডুলে_বৃত্তান্ত [পর্ব :০২]
ছদ্মনাম : মারিয়াম ফুল
লেখিকা : Maria Mira

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন