ফন্ট সাইজ:
থিম:
বাউন্ডুলে বৃত্তান্ত

পর্ব 5

লেখক: মারিয়াম ফুল

#বাউন্ডুলে_বৃত্তান্ত [ ০৫]
ছদ্মনাম :#মারিয়াম_ফুল
{অনুমতি ব্যতীত কোথাও পোস্ট করা, কঠোরভাবে নিষিদ্ধ }

লেখিকা : Maria Mira

নাওয়াল তার তুলতুলে হাতখানি পিঠের দিকে বাড়িয়ে আঘাতের জায়গাটা বাবাকে দেখানোর চেষ্টা করল। জীর্ণ, ফিকে হয়ে যাওয়া পাতলা ফতুয়াটার ওপর দিয়ে সেই কালশিটে পড়া ফোলা দাগগুলো স্পষ্ট বোঝার উপায় ছিল না, কেবল অবুঝ শিশুটির কুঁকড়ে যাওয়া শরীরটাই বলে দিচ্ছিল ব্যথার তীক্ষ্ণতা।

নুহাস চোখ নামিয়ে তাকাল। তবে ফতুয়ার আড়ালে চাবুকের মতো বসে যাওয়া বাঁশের কঞ্চির লালচে দাগগুলো সরাসরি তার চোখে ধরা পড়ল না।

ঠিক সেই মুহূর্তে ঘরের এক কোণে আড়ালে রাখা ব্যথানাশক মলমের কৌটোটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে দোরগোড়ায় এসে দাঁড়ালেন আলিয়া বেগম। মেঝের ওপর বাপ-বেটার এই রূপ দেখে মুহূর্তের মধ্যে তাঁর মেজাজটা বিষিয়ে উঠল। চোখে-মুখে বিরক্তির ছায়া ফেলে হেঁকে উঠলেন, “বাপ রে বিচার দিতাসোছ? দুইটা মারছি করি...?”

নাওয়ালের ছোট মন এই মারের হিসেবটা মেলাতে পারল না। দাদি তো তাকে দুটো মারেনি, মেরেছে অগণিত। সে নিজের শুকনো, কান্নাভেজা গলায় উল্টো উত্তর দিল, “দুতা না ডাডি, অনেকগুলা মেলেসো আমাতে।”

আলিয়া বেগম কদম কদম এগিয়ে আসতে আসতে আরও তেতে উঠে বললেন, “দেখছিস বাজান? তোর পোলাডা কেমনে কইরা আমার লগে তর্ক করতাছে... আকন এগুলা করতাছে! ওর মা-ও এগুলা করত, এমনি এমনি তো আর মরে নাই...”

বাতাসে যেন মুহূর্তে বিষ নেমে এলো। ‘কুহেলিকা’
নামটা উচ্চারিত হতেই নুহাসের চোখের ভেতরের রগগুলো রক্তবর্ণ হয়ে উঠল। রাগের পারদ নিমেষেই সব সীমা ছাড়িয়ে ভাঙল। ঘরের আঁধার আর নিজের বুকের মধ্যকার ধিকিধিকি জ্বলতে থাকা আগুনটা এক হয়ে গেল যেন। সে পৃথিবীর সব গালাগাল, সব অত্যাচার সহ্য করতে রাজি, কিন্তু কুহেলিকার নামে একটা কুৎসাও সে সহ্য করবে না।

কোনো কথা না বলে, এক ঝটকায় নাওয়ালকে পাঁজকোলা করে কোলে তুলে নিল নুহাস। হঠাৎ শূন্যে উঠে গিয়ে নাওয়াল প্রথমে সামঞ্জস্য হারিয়ে ফেলল, ভয়ে হাত-পা ছটফট করে উঠল তার। কিন্তু পরক্ষণেই যখন সে বুঝতে পারল তাকে আঁকড়ে ধরে রাখা শক্ত দুটি হাত আর কারও নয় তার বাবার, তখন আর দ্বিধা করল না। ছোট্ট দুটি হাতে বাবার শার্টের কলারটা শক্ত করে আঁকড়ে ধরল সে।

নুহাস চোখ তুলে মায়ের দিকে তাকাল। সেই দৃষ্টিতে মায়াদয়া বা সৌজন্যের লেশমাত্র ছিল না, ছিল এক ভয়াল নিস্তব্ধতা।

“আম্মা খবরদার! তোমারে কইছি না আমার কুহেলিকারে লইয়া কিচ্ছু কইবা না?তোমারে বারণ কইরা দিলাম। আর তুমি নিজের লগে লগে তোমার বড় পোলার বউরে সামলাও... না অইলে, দা''য়ের কো*প আমি ওর মাথায় ফালামু!”

উঠানের একপাশে দাঁড়ানো আলিয়া বেগম যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারলেন না। বারান্দার হেলে পড়া বাঁশের খুঁটিটা হাত দিয়ে শক্ত করে ধরে ফেললেন তিনি। চোখে তাঁর বিস্ময় আর ক্রোধের মিশ্র ছাপ। আড়ষ্ট কণ্ঠে বিড়বিড় করে বলে উঠলেন, “কারে কোলে লইয়া আমার মুখের ওপর কইতাছস? তোর বউ মারলে তোর পোলা মারসে, আর ভাবি তাকায়া সংসারে নবাবের মতো খাইতাছস...”

নুহাস আর থামল না। কোলজুড়ে নাওয়ালকে নিয়ে সে নিজের ঘরের দিকে পা বাড়াল। হাঁটতে হাঁটতেই মায়ের দিকে না তাকিয়ে বলে উঠল, “তোমার পোলা নিজের হউ বাড়ি থাইকা আইনা খাইতাছে না আম্মা... আর আমি যখন দুবাইয়ে আছিলাম, সংসারে আমিও কম টেকা দেই নাই। আমি যদি নবাবের লাহান খাই, তয় আমি আমার ভাইয়ের টাকা খাইতাছি, তা অইলে ওর কি?”

আলিয়া বেগম পেছনে দাঁড়িয়ে হাত-পা ছুঁড়ে বিলাপ করতে লাগলেন, “হুনতাছো,সবাই হুনতাছো পোলা কি কইতাছে”

“আকন কইতাছি আম্মা, পরের বার আর কইতাম না... মুখ ফারমু ওর আমি, তোমার পোলার আর বউরে সাবধান কইরা দাও !”

কথাগুলো শেষ করতে করতেই নুহাস নিজের ঘরে প্রবেশ করল। আলিয়া বেগম দরজার কাছে দাঁড়িয়ে হাঁপাতে লাগলেন। ভেতরে এক অজানা আতঙ্কের হিমেল বাতাস বয়ে গেল তাঁর। ছেলেটা যেন হাতছাড়া হয়ে যাচ্ছে দিন দিন! সেই কুহেলিকা আসার পর থেকেই কেমন পর পর ভাব ছিল, মাঝখানে একটু সুপথে এনেছিলেন, এখন আবার এই আপদ নাতির জন্য ছেলে উল্টো নাচ নাচছে। ভয়ে কাঁপতে কাঁপতে নিজের ঘরের দিকে এগোতে এগোতে মুখে বিড়বিড় করে জিকির জপতে লাগলেন, “আস্তাগফিরুল্লাহ... আস্তাগফিরুল্লাহ...”

এদিকে ঘরের ভেতর নাওয়ালকে বিছানায় আলতো করে নামিয়ে দিল নুহাস। মায়ের সঙ্গে তর্ক-বিতর্কের সেই উত্তপ্ত মুহূর্তে সে খেয়াল করেনি, কিন্তু এখন গায়ে হাত লাগতেই অনুভব করল এক তীব্র তাপ।কুহেলিকার রেখে যাওয়া একমাত্র আমানতটার গায়ে যেন আগুন জ্বলছে!

নুহাস নিজের হাতের উল্টো পিঠটা নাওয়ালের কপালে আর গলায় রাখল। ভালো রকমের জ্বর উঠেছে শরীরে।

“এই, তোর ঠান্ডা লাগছে? নাইচস না... তাইলে কেমনে লাগছে?” নুহাস বিরক্তি মেশানো গলায় শুধাল।

ঘরের কাঠের দরজার খিলটা দেওয়া হয়নি। নাওয়ালকে কোলে নিয়ে ঢোকার সময় হাত খালি ছিল না। নাওয়াল ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, “এতা কিতু(কিছু) না... ভালো মনি বলেতে ভালো হয়ে দাব...(যাব) ”

নুহাস খিলটা লাগিয়ে দিয়ে ফিরে এলো। পকেট থেকে দেশলাই আর সিগারেট বের করে সেটাতে আগুন ধরাল। সেই ধোঁয়ার কুণ্ডলী ফুটফুটে ছোট্ট প্রাণটার মুখের সামনে ছড়িয়ে পড়ার তোয়াক্কা না করেই শুধাল, “ভালো মনি কেডা? খালি কইতাছোস ভালো মনি, ভালো মনি...? দেখিস বেটি মানুষ থাইকা দুই হাত দূরে থাকবি!”

নাওয়াল বাবার মুখের দিকে তাকিয়ে বাধ্য ছেলের মতো মাথা নাড়ল, “আইচ্ছা আব্বা।”

নুহাসের ভাবনা, হয়তো গ্রামের কোন মেয়ে, আবারো তার পিছনে পাগল হয়েছে। তাই এখন নাওয়াল-কে না করে দিয়েছে কোন মেয়ের ধারে কাছে না ঘেষতে।
নুহাসের দৈহিক গড়ন আর গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা হলেও কী এক অদ্ভূত আকর্ষণ ছিল তাতে। এই অঞ্চলের মেয়েছেলেদের চোখ তার ওপর পড়ত বৈকি! কিন্তু কুহেলিকা... সেই গাঁয়ের আর পাঁচটা সাধারণ মেয়ের মতো ছিল না যে নুহাসের এক ডাকেই গলে যাবে। কত অনুনয়, কত কাণ্ড ঘটিয়ে তবে তাকে পেয়েছিল নুহাস! অবশেষে পালিয়ে বিয়েও করেছিল দুজন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সে আর নেই।

নাওয়াল ঘরের ছোট কাঠের খাটিয়াটার ওপর জড়সড় হয়ে বসে ছিল। যদিও নুহাস মেঝের শীতল মাদুরেই শোয় প্রতিদিন, তবে আজ রাতটার জন্য কেন জানি খাটিয়াটাই তার একমাত্র আশ্রয় মনে হলো। সিগারেট শেষ করে খাটিয়ার দিকে তাকিয়ে নুহাস ছেলেকে উদ্দেশ করে বলল, “ওই দিকা গিয়া ঘুমা!”

নাওয়াল পাশ ফিরে তাকাল। খাটিয়ার ওপাশে পর্যাপ্ত জায়গা খালি পড়ে আছে। কিন্তু তার মন আঁকুপাঁকু করে উঠল তার বাবা কি সত্যিই আজ রাতে তার এত পাশে শোবে?

নুহাস বিছানার কাছে এগিয়ে এসে চুপচাপ বসে থাকা নাওয়ালকে আলতো একটা ধাক্কা দিল, “সরতে কইছি তোরে!”

নাওয়াল স্বভাবজাত শান্ত-শিষ্ট হলেও তার ধমনীতে তো সেই কুহেলিকারই রক্ত প্রবাহিত হচ্ছে! বাবার গায়ের বিশ্রী গন্ধে নাওয়াল নাক সিটকে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। তারপর বলে উঠল, “আমি তোমাল লগে ঘুমাইতাম না আব্বা... তোমাল মুকে গন্ধো (গন্ধ) কলে”

নুহাস থমকে গেল। তাজ্জব হয়ে তাকাল ছেলেটার দিকে। ঠিক এই একই ভঙ্গিতে, সিগারেট খেলেই কুহেলিকাও ঠিক এভাবেই নাক সিটকে মুখ ফিরিয়ে নিত! হুবহু এক রূপ, একই তেজ, একই অঙ্গভঙ্গি!

কিন্তু নুহাস আর কথা বাড়াল না। নিজের মনের ভেতরের তোলপাড় চেপে রেখে আবার ধমকের সুরে বলল, “ঘুমা ঐদিক দিয়া গিয়া!”

তারপর নুহাস একটা দীর্ঘশ্বাস ফেলল। হাতটা মুখের সামনে এনে শূন্যে একটু ফু দিল। "না, পোলাডা তো এক বর্ণও বানাইয়া কয় নাই, হাছাই মুখে বাসি পানের আর তামাকের গন্ধ লাগা আছে।"মনে মনে বলল সে।

দুই হাত মাথার নিচে ছড়িয়ে দিয়ে কাঠের খাটিয়ায় শরীরটা ছেড়ে দিল নুহাস। বর্ষার রাতে ভিজে বাঁশঝাড়ের ওপাশ থেকে ঝিঁঝি পোকার একঘেয়ে, কনকন করা ডাক বাতাসে ভেসে আসছে।নাওয়াল সাধারণত সান্ধ্য আলো নিভতেই ঘুমিয়ে পড়ে, রাতের এই নিশুতি বেলতলী গ্রামের মন্থর আর অদেখা শব্দগুলোর সঙ্গে সেভাবে চেনা নেই তার।

বিছানার এক কোণে হাঁটু দুটো গুটো করে বসে কুপি বাতির হলুদ আলোয় বাবার দিকে তাকাল সে। ভয়ার্ত চোখে চারপাশ দেখে বলে উঠল, “আব্বা... শোনো... ওতা কী?”

নুহাস বিরক্তির একচোট নিঃশ্বাস ফেলে কপালে হাত ঢাকা দিয়েই বলে উঠল, “তোর আমি কইতাছি ঘুমাইতে আর... খালি এটা না ওটা কইতাছস! আর কী খালি বাদলামি কইরা কইতাছস? একটা বুঝলে তিনখান বুঝি না। ”

বাবার কথা শুনে নাওয়াল একেবারে অসহায় ভঙ্গিতে ধীরপায়ে সরে এসে তার পাশাপাশি শুয়ে পড়ল। খুব ইচ্ছে করছিল বাবার বুকটার ওপর একটু মাথা রেখে ওমটুকুর মধ্যে তলিয়ে যেতে, কিন্তু শঙ্কা আর ভীতি আবার বাঁধ সাধল। আলতো করে শরীরটা ঘুরিয়ে অন্যপাশ হয়ে শুয়ে রইল সে।কিন্তু বাঁশঝাড়ের সেই ঝিঁঝি পোকার ঝিঁঝিনিনাদ থামার নামটি নেই। তার ওপর আবার ঘরের এক কোণে থাকা মাটির মেঝের কুপির হলুদ পিটপিটে আলোটা সরাসরি চোখে এসে বিঁধছিল।নাওয়ালের অবুঝ চোখে কিছুতেই ঘুম নামল না। সে আবার ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল।নুহাসের সতর্ক চোখ এড়াতে পারল না সেই নড়াচড়া।

আঁধারঘেরা চোখে তাকিয়ে বলে উঠল, “ওই, উঠছোস কই তুই? ঘুমা।”

নাওয়াল চোখ দুটো পিটপিট করে ধীরস্বরে বলে উঠল, “এত আলোতে ঘুমাইমু না আব্বা, আমি যাইগা ডাডির কাছে...”

নুহাসের মেজাজটা এবার আরও চড়ে গেল। নিজের খাটিয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে লুঙ্গির গিঁটটা শক্ত করে বাঁধতে বাঁধতে বিড়বিড় করে বিরক্তি উগড়ে দিল। তারপর গটগট করে ঘরে কোণে গিয়ে এক ফুঁয়ে কুপির শলতেটা নিভিয়ে দিল।আঁধার নেমে আসতেই নাওয়াল বাধ্য ছেলের মতো আবার খাটিয়ায় শুয়ে পড়ল।কিন্তু নিশি রাতের সেই শান্তি বেশি সময় স্থায়ী হলো না।

কিছুক্ষণের মধ্যেই বিছানায় নাওয়ালের উসখুস করা নড়াচড়া আর ছোট্ট একটা দীর্ঘশ্বাস টের পেল নুহাস। বিরক্তি চেপে চটে গিয়ে বলে উঠল, “কী অইছে মুখপোড়া, জ্বালাইতাছোস ক্যান?”

“আমি ডাডির কাছে দাইমু... আব্বা...” নাওয়ালের সজল কণ্ঠের ব্যাকুল মিনতি।নুহাস খিঁচিয়ে উঠে বলল, “ও হারামজাদা ঘুমা! তোরে কেডা লইয়া যাইবো অখন?

" থো লইয়া যাও... ডাডির ঘরে না অইলেও তো চিঁচি দিতে...চিঁচি দিমু আমি”

[ এখানে দুই নাম্বারের কথা বলা হয়েছে 🫠]

নুহাস এবার এক মহা বিপদে পড়ল। এত রাতে ছেলেকে নিয়ে আলিয়া বেগমের ঘরের দরজায় টোকা দেওয়া মানেই নিজের হাড়ে হাড়ে বিষ নামানো! দিনভর খাটাখাটুনির পর আলিয়া বেগমের মুখের তিতা কথা আর গালমন্দ নতুন করে শোনা তার পক্ষে সম্ভব নয়। মনে মনে তওবা করল সেনআর কোনোদিন এই ছেলেকে নিজের ঘরে এনে শুবাবে না....

কিন্তু এখন তো আর উপায়ও নেই। নুহাস গজগজ করতে করতে উঠে দাঁড়িয়ে দেশলাই দিয়ে ঘরের কোণের কুপিটা আবার জ্বালিয়ে নিল। তারপর ছেলের দিকে তাকিয়ে তাগাদা দিল, “আয়... ঘরের বাহিরটা থাইকা বের হ...”

বাপ-বেটা মিলে কাঠের খিল খুলে নির্জন উঠানে পা দিল। চারপাশ আঁধারে ডোবা, শ্রাবণের গুমোট বাতাসে থমথম করছে রাত। কেবল গ্রামের উত্তর-পশ্চিমের বাঁশঝাড়ের ওপারে টিমটিম করছে কুপির শেষ আলো। ঘাসের জমা শিশির আর ভেজা মেঠো পথ পার হয়ে নুহাস নাওয়ালকে নিয়ে বাড়ির পিছনের ঘন ঝোপঝাড়ের কাছে গেল।নাওয়ালকে একটু সামনে এগিয়ে দিয়ে নিচু গলায় বলল, “যা, বিসর্জন দে...”

নাওয়াল বাবার হুকুম পেয়ে নিজেকে একটু গুটিয়ে নিয়ে কাজের জন্য তৈরি হলো। কিন্তু বিপত্তিটা বাঁধল ঠিক সেই মুহূর্তেই!

সাবল শিকদার অর্থাৎ নুহাসের বড় চাচা হাতে একটা বাঁশের লাঠি নিয়ে বের হয়েছিলেন। বৃষ্টির পরের গুমোট বাতাসে ঘরে টিকতে না পেরে এবং চারপাশের ঝোপের আড়ালে চোর-চাটকারের আনাগোনা আছে কিনা দেখার জন্য পা টিপে টিপে এই পিছনের ভিটেটির দিকেই আসছিলেন তিনি।ঘুটঘুটে নিচ্ছিদ্র আঁধারে একে অপরকে দেখার মতো সামান্যতম আলোও ছিল না।

সাবল শিকদার যেই না সেই ঝোপের ধার ঘেঁষে সাবধানে পা ফেলেছেন, অমনি নাওয়ালের চোখ বুজে ছাড়া এক তরল জলীয় ধারা সোজা গিয়ে পড়ল তাঁর গায়ে ও পায়ে।মুহূর্তের নিস্তব্ধতা খানখান হয়ে গেল সাবল শিকদারের বিষম খাওয়া গর্জনে। তিনি পিছু হটে চেঁচিয়ে উঠলেন,

“এই কেডা? কেডা চোর? চোর! বাড়ীতে ডাকাত আইছে!”নিজের ডাক আরও জোরালো করতে চারপাশ কাঁপিয়ে ঘরের দিকে বড় ছেলের নাম ধরে ডেকে উঠলেন, “ও নাফিস! বাড়ীতে চোর আইছে... চোর!”

এদিকে নাওয়াল নিমেষেই বুঝে ফেলল কী ভয়াবহ অঘটন ঘটিয়ে ফেলেছে সে।সাবল শিকদার যত হাঁকডাঁক করে এগোতে লাগলেন, নাওয়াল তত ভয়ে পিছনের দিকে আঁধার চিরে দৌড় লাগাল।নুহাসও পুরো ঘটনাটা বুঝে উঠতে এক মুহূর্ত দেরি করেনি। ছেলে যে কী চিজ, তা হাড়ে হাড়ে টের পেয়ে সে চটজলদি এগিয়ে এসে নাওয়ালকে শূন্যে পাঁজকোলা করে তুলে নিল। তারপর তীব্র গতিতে ঘরের দরজার দিকে দৌড়ে ঢুকে ধুপ করে কাঠের ভারী খিলটা চড়িয়ে দিল।

ঘরের ভেতরে তখন ঘোর অন্ধকার। বুকটা উঠানামা করছে, হাঁপাতে হাঁপাতে দুটো হাত হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে রইল নুহাস। ঘরের বাইরে তখন সারা বাড়িময় সাবল শিকদারের চোর-চোর চিৎকার আর দৌড়াদৌড়ির পাড়াপাড়ির আওয়াজ নামছে।অন্ধকারে নুহাসের শার্ট শক্ত করে চেপে ধরে ভয়ার্ত গলায় নাওয়াল ডেকে উঠল, “আব্বা...”

নুহাস তড়িঘড়ি হাত বাড়িয়ে নাওয়ালের মুখের ওপর নিজের চাপ দিয়ে ‘হুশ হুশ’ শব্দে তাকে চুপ করতে বলল। তারপর দরজার চেরা ফাঁকে কান পেতে বাইরের কোলাহল মাপতে লাগল।বাইরে তখন সাবল শিকদারের গুমোট কণ্ঠ ভেসে আসছে, “বাড়ীতে ডাকাত আইছে!”

একটু পরেই তাঁর ছেলে নাফিসের ঘুমজড়ানো গলা পাওয়া গেল, “হাসা কইতাছো আব্বা?”বন্ধ দরজার আড়ালে দাঁড়িয়ে নুহাসের গাল বেয়ে এক চিলতে বাঁধভাঙা হাসি ফুটে উঠল।বাড়িতে কোনো ডাকাতও আসে নাই, চোরও আসে নাই। যা ঘটার তা তার নিজের গুণধর পুত্রই ঘটিয়ে এসেছে।তবে এই নিয়ে এখন মাথা ঘামানোর বিন্দুমাত্র ইচ্ছে নুহাসের নেই। সারা বাড়ি ডাকাত ডাকাত করে জাগুক আর তোলপাড় হোক, তাতে তার কী? ক্লান্তি নেমে এসে তার চোখ দুটোকে ভারী করে তুলছে।নুহাস আলতো পায়ে এগিয়ে গিয়ে মেঝের সেই কুপি বাতিটা এক ফুঁয়ে নিভিয়ে দিল আবারও।

অন্যদিকে...রূপার শ্বশুরবাড়িতে।

এইমাত্র ঘরের ভেতর প্রবেশ করল সোহেল। সারাদিন ব্যবসার কাজে বাড়ির বাইরে ছিল সে, হাটে-বাজারে ঘুরে ক্লান্ত-শ্রান্ত হয়ে ফেরা। কিন্তু ঘরে পা রাখতেই চোখের সামনে যে দৃশ্যটা ভেসে উঠল, তাতে তার মাথার ভেতরের রক্ত যেন ফুটন্ত কড়াইয়ের মতো গরম হয়ে চড়ে বসল।

মাঝরাতে মেঝের ওপর মাদুর পেতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে রূপা।

সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে একটা মানুষ একটু জিরোবে, সেই ফুরসতটুকুও যেন সহ্য হলো না সোহেলের। রাগে কটমট করে সে এগিয়ে গেল। বিড়বিড় করে বলল " ফকিরের মাইয়া, হারাদিন ঘুমায়। রাজ কপাল ওর । মনডা চাইতেছে লাথি মাইরা ঘুম থাইকা তুলি। "

স্বামীর গলার খসখসে আওয়াজে ঘুমের গভীর আচ্ছন্নতা থেকে দড়ফড়িয়ে জেগে উঠল রূপা। আতঙ্ক মেশানো কণ্ঠে বলে উঠল, “আপনি কখন আইলেন? ডাক দিলেন না আমারে...?”

সোহেল তার স্বভাবসুলভ কর্কশ গলায় ফেটে পড়ল, “কখন আইছে তোর কওন লাগবো, তুই বুঝস কি স্বামী সংসার কারে কয় ? আমার আম্মারে দেখি নাই কোনোদিন আমার আব্বা আসার আগে ঘুমাতে...”

চোখের পাতা দুটো ঘষে রূপা কাঁপাকাঁপা গলায় সাফাই গাইল, “চোখটা লাগিয়া আইছিল... সারাদিন অনেক কাজ থাকে তো! আপনার কি কিছু লাগব...?”

“হারামির বাচ্চা একটা! এখন জামাইয়ের কান ভরতাছস...”

সোহেল খোঁচা দিয়ে নোংরা ভাষায় গালি দিল। এরপর ঘরের কাজের প্রসঙ্গ টেনে বিষাক্ত বাণে বিদ্ধ করতে লাগল, “সংসারের কাম কি আর কেউ করে নাই? আমার ভাবিরা,আম্মা করে নাই?তুই একা নারী? যে কামের কথা শুনাইতাছস...”

স্বামীর চোখের রাগী রূপ দেখে শীতে কুঁকড়ে যাওয়া পাখির মতো ভয় পেয়ে গেল রূপা। কাঁপতে-কাঁপতে সে কোনোমতে শুধাল, “আপানারে আমি ভাত দিতাছি...”

কথাটা শেষ করেই সে মাদুর ছেড়ে দ্রুত পায়ে ঘরের বাইরে উনুনের দিকে যাওয়ার জন্য পা বাড়াল। কিন্তু তার আগেই সোহেলের গলার চড়া স্বর আবার আছড়ে পড়ল, "দোকানে আগুন লাগছে! মেলা টেকার ক্ষতি হইছে! তোর বাপের বাড়িওয়ালারে ক’ টাকা দিতে!

পায়ের তলার মাটি যেন সরে গেল রূপার। থমকে দাঁড়িয়ে বলে উঠল, “আমার বাপের বাড়ির লোক এত টাকা কই পাইব? কী কতা কইতাছেন ...?”

সোহেল থুতু ফেলে বিশ্রী ভাষায় গালি দিতে শুরু করল, “এগুলা আমি কী জানি? টেকা নিয়া আইতে পারলে সংসার করবি, না পারলে করবি না। আমার থেকা পরছে, যে খাইয়া-পিন্দাইয়া রাখমু তোরে...?”

বুকের ভেতরে জমে থাকা সমস্ত দম আটকে চোখ দিয়ে টলটল করে জল গড়িয়ে পড়তে লাগল রুপার । স্বামীর কথা শুনে ছোট ছোট পায়ে ছলছল দৃষ্টিতে বাইরে বেরিয়ে এলো রূপা। সমাজের এই পুরুষতান্ত্রিক ঘেরাটোপে নারীর ন্যূনতম সম্মানটুকুও কোথায় হারিয়ে যায়? দুবেলা দুমুঠো অন্ন আর গায়ে জড়ানোর কাপড়টুকু কি তবে কোনো অনুগ্রহ, নাকি জন্মগত অধিকার? একটা মেয়ে কি তবে কেবল ভোগের বস্তু বা টাকা আদায়ের একটা মাধ্যম? বুকফাটা দীর্ঘশ্বাসে সে ভাবতে লাগল। তার বড় ভাইটা ওই দরিদ্র সংসারে আর কতটুকু টানবে? নুহাস তো নিজেকে নিয়েই নিজেই ব্যস্ত, তার খেয়াল রাখার ফুরসত কোথায়?

।।।।।।।।।।।।৷৷৷৷৷৷৷৷

ওদিকে রাতের শেষ প্রহর গড়িয়ে তখন ফজর আসন্ন প্রায়। ভোরের মৃদু ঠান্ডা হাওয়া আর পাখির ডাকার ঠিক আগে, অস্পষ্ট অন্ধকার বেলতলী গ্রামের চরাচর গ্রাস করে আছে।

নুহাসদের ঘরের এক কোণে দেওয়ালের সঙ্গে একেবারে সেঁটে, কুঁকড়ে গুটিসুটি মেরে গভীর ঘুমে আচ্ছন্ন ছোট নাওয়াল। হঠাৎ করেই নুহাসের ঘুম ভেঙে গেল। রাতের এই সময়ে ঘুম ভেঙে যাওয়ার অভ্যাস তার নতুন কিছু নয়; প্রাত্যহিক নেশাগ্রস্ত জীবনের এক ক্লান্তিভরা পরিণতি এটা। চোখ মেলে তাকাতেই তার খেয়াল হলো দেওয়ালের হিমশীতল গায়ে একেবারে লেপ্টে শুয়ে আছে তার অবুঝ ছেলেটা!

ঠিক এভাবেই তো কুহেলিকাও একসময় দেয়াল ঘেঁষে গ ঘুমাতো!

দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই যেন বুকটা মোচড় দিয়ে উঠল নুহাসের। ঘুমন্ত ছেলেকে এক-রকম অবহেলায় টান মেরে নিজের বিছানার কাছে টেনে আনল সে। নাওয়ালের গায়ে হাত দিতেই সে খেয়াল করল, ছেলেটার সারা গায়ে জ্বর শিউরে উঠছে! হাত-পাগুলো কেমন যেন অসাড়, আর জ্বরটা বেশ জাঁকিয়ে বসেছে। একটু ওপরের দিকে টেনে ধরতে নাওয়ালের গায়ে জড়ানো ফতুয়াটা হড়কে একটু ওপরে উঠে গেল।

আর তখনই আঁধারেও নুহাসের চোখ দুটো ছানাবড়া হয়ে গেল।লাল লাল হয়ে ফুলে থাকা দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে পিঠে। আলিয়া বেগম যে বাঁশের কঞ্চি দিয়ে মেপে মেপে পিঠের চামড়া তুলেছে, সেই দাগগুলো এখনো জ্বলজ্বল করছে।ঠিক তখনই ঘুমের মধ্যেই নাওয়ালের ছোট মুখ থেকে যন্ত্রণায় অস্ফুট গোঙানি বেরিয়ে এলো—‘ডাডি মেলনা ডাডি আর
মেলনা...’

নুহাসের বুকটা থমকে গেল। বুকের ভেতরটায় কেমন যেন মোচড় দিয়ে উঠল এক অচেনা মায়ার হাহাকার। সে ধীরে ধীরে তার শক্ত, রুক্ষ হাতটা বাড়িয়ে দিল ছেলের পিঠের সেই কালশিটে পড়া জখম জায়গাগুলোতে।

বাবার হাতের আলতো স্পর্শ পেতেই ঘুমাচ্ছন্ন নাওয়াল ব্যথায় কঁকিয়ে উঠে আরও কুঁকড়ে গেল।তা দেখে নুহাস বিড়বিড় করে উঠলো ,

“এত মার খাইছে? আমার আম্মা এত মার মারতে পারল?”

এরপর ছেলের ছোট ছোট হাত আর পায়ের দিকে নজর গেল তার। দুপুরবেলা পুকুরঘাটে পিছলে পড়ে যে বেচারা কী পরিমাণ কষ্ট পেয়েছে, তা তার হাত-পায়ের ছাল-ছ্যাঁচড়ানো দাগগুলোই সাক্ষ্য দিচ্ছে। নুহাস খুব সাবধানে, তার শক্ত আঙুলগুলো বুলিয়ে দিতে লাগল সেই ক্ষতবিক্ষত জায়গায়গুলোতে।

বুকের ভেতরে জমা হওয়া পাথরটা যেন একটু নরম হলো। কিন্তু পরক্ষণেই কুহেলিকার মুখের সেই মলিন স্মৃতিগুলো তার মনে হুড়মুড় করে ভেঙে পড়ল। মাথার ভেতরটা আবার তেতে উঠল।সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল

‘অপয়া না হলে তোরে আইজ আমি আমার বুকের কাছে আগলাইয়া রাখতাম। কিন্তু তুই তো আমার কুহেলিকারে আমার কাছ থাইকা কাইড়ে নিছিস... তুই আমার কুহেলিকারে মারছোস! আমি তোরে কোনোদিন মাফ করোম না... কোনোদিন না।’

অবশ্যই নোট পড়বেন,
[ কমেন্ট বক্সের পিন পোস্ট চেক করেন। আর কোন জায়গায় ভুল হয়েছে ভুলগুলো ধরিয়ে দিবেন, আর নতুন এপিসোড ২৪ ঘন্টার ভিতর ১৫০ কমেন্ট হলে আসবে।অনেকেই বলছেন নতুন নায়িকা আনতে। আপনাদের বুঝতে হবে এটা কিন্তু নায়িকা নির্ভর গল্প না।সব সময় সেকেন্ড বিয়ে রিলেটেড গল্প পড়ছেন, এবার একটু অন্য কিছু ট্রাই করেন ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন