ফন্ট সাইজ:
থিম:
বাউন্ডুলে বৃত্তান্ত

পর্ব 8

লেখক: মারিয়াম ফুল

#বাউন্ডুলে_বৃত্তান্ত
ছদ্মনাম : #মারিয়াম_ফুল
[ পর্ব সংখ্যা : ০৮]
লেখিকা : Maria Mira

★Recap

আট বছরের ছোট্ট নুহাস, তার চেয়ে মাত্র তিন বছরের বড় ভাই নাদিমকে কত আদরে ডাকত “ও ভাইজান, ভাইজান! তুমি ২০ টা পাইল দিবা পাখা দিয়া, তারপর আমি দিমু...!” নাদিম ঠিকই দিত কিন্তু নুহাস বিশটা পাখার বাতাস গোনাই শেষ করতে পারত না
মাঝপথেই ঘুমিয়ে কাদা হয়ে যেত, নয়তো ঘুমানোর ভান ধরে পড়ে থাকত!যাতে তাকে বাতাস করতে না হয়।

অথচ সেই আদরের ছোট ভাই আজ আর তাকে ‘ভাইজান’ বলে ডাকে না। কুহেলিকা চলে যাওয়ার পর থেকে নুহাস যেন দুনিয়ার সব সম্পর্ক, সব মায়ামমতা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে।

নাদিমের মনটা সবচেয়ে বেশি হু-হু করে ওঠে ছোট ভাতিজা নাওয়ালের জন্য। নিষ্পাপ ওই শিশুটার প্রতি তার বুকভরা মায়া কারণ ওই অবুজ মুখের দিকে তাকালেই সে নিজের প্রয়াত বাবার আদল দেখতে পায়। অথচ আজ নিজের ছোট ভাইয়ের এই কাণ্ডজ্ঞানহীন উচ্ছন্নতা আর বাউন্ডুলে স্বভাব দেখে বড় ভাই নাদিমের নিরুপায় দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার রইল না।

★

ঘরে পা রেখেই নুহাস খেয়াল করল, ছোট্ট নাওয়াল সেই কাগজের মোড়কটা খুলে ফেলছে। পরনে তার বাবার দেওয়া মেরুন রঙের ফতুয়া আর অনুজ্জ্বল হলুদ রঙের একটা হাফপ্যান্ট। ঘরের এককোণে দাঁড়িয়ে থাকা পুরোনো কাঠের আলমারির ভাঙা আয়নাটার সামনে সে বারবার ঘুরে ঘুরে নিজেকে দেখছে। নুহাসের ধারণাও নেই, তার দেওয়া এই একটুকরো সুতো আর কাপড়ে ওই অবুঝ বুকটা কতটা অনাবিল আনন্দে ভরে উঠেছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে কতবার যে নিঃশব্দে হেসেছে। তার সরল মনে তখন বিশ্বাস
হতে শুরু করে, বাবা নিশ্চয়ই তাকে অনেক অনেক ভালোবাসে, নইলে কি আর নিজ হাতে তার বাবা এমন নতুন জামা কিনে আনত ?

নুহাস বেশ কিছুক্ষণ দরজার চৌকাঠে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল,দেখল নাওয়াল আয়নার সামনে দাঁড়িয়ে কি কি করছে । তারপর নীরবতা ভেঙে সে গলা পরিষ্কার করে একটা অস্পষ্ট শব্দ করল “উমম... উমম...”

হঠাৎ বাবার গলায় চমকে গিয়ে নাওয়াল পেছনের দিকে তাকাতেই তার ছোট্ট হাত-পা ছুড়ে নাচা নাচানাচি নিমেষে থেমে গেল। বুকটা কেঁপে উঠল ভয়ে এই বুঝি বাবা ধমক দিয়ে উঠবে! কিন্তু নুহাসের মুখে কোনো ভ্রূকুটি বা বিরক্তির রেশ নেই। নাওয়াল মনে মনে ভাবল, বাবা বুঝি এবার বলবে তার জামাটা বেশ মানিয়েছে। কিন্তু নুহাস সে কথা বলল না।

তাতে আশাহত হলো নাওয়াল। হাতের ছোট্ট আঙুলগুলো পরস্পরের সঙ্গে ঘষতে ঘষতে ইতস্তত ভঙ্গিতে মুখ তুলে তাকাল বাবার পানে। অতঃপর ক্ষীণ স্বরে ফিসফিসিয়ে বলল “আব্বা, আমি ডা-ডির কাতে একতু যাই?”

নুহাস কোনো জবাব না দিয়ে পরনের লুঙ্গিটা কোমর থেকে আরেকটু উঁচুতে টেনে কষে একটা গিঁট দিল। তারপর বিছানার তক্তপোশের এক কিনারে গিয়ে শুয়ে পড়ল, পাশে সামান্য একটু জায়গাও রেখে দিল। নাওয়াল আবার ভয়ে ভয়ে পা টিপে এগিয়ে এসে ফিসফিসাল, “আব্বা আমি ডা-ডিল কাতে যাই? তুমি না কাইলকা কইলা, আমি আর তোমাল কাছে ঘুমাইতাম না। ”

নুহাস একটা দীর্ঘশ্বাস বুক চিরে নামাল। ক্লান্ত চোখে ছেলের দিকে একবার তাকিয়ে রূক্ষ্ম গলায় বলল, “এখন ঘুমা। আমি মাত্র দরজায় খিল দিছি, আর বাইরে যাত্তন পারতাম না ।”

বাবার মুখে এইটুকু নাওয়ালের কাছে মস্ত প্রাপ্তি। খুশিতে মনটা ভরে গেলেও সে তা প্রকাশ করল না। পা টিপে নিঃশব্দে সে বাবার পাশের সেই খালি জায়গাটায় এসে দাঁড়াল। বিছানায় ওঠার আগে ফিসফিস করে জিজ্ঞেস করল, “আব্বা, কুপিতা ফুঁ দেই?”

“হ, দে।”

কুপিটা নিভিয়ে দিয়ে নাওয়াল চুপচাপ বাবার পাশে গা এলিয়ে শুয়ে পড়ল। তখন ঘরের খোলা জানালার পাল্লাটার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে বাইরের গাঢ় নীল আকাশটা। দিগন্তের শেষ প্রান্তে, ঘন আঁধারের বুক চিরে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে অগণিত জোনাকি।
কিছুক্ষণ পর পর রাতের স্তব্ধতা ছিঁড়ে ঝিঁঝিঁ পোকার একটানা ডাক ভেসে আসছে। নাওয়াল সেই জোনাকির আলোর দিকে মুগ্ধ দুচোখে তাকিয়ে রইল। শুয়ে থাকা অবস্থাতেই আপনমনে বিড়বিড় করে বলে উঠল, “আগুন পোকাল চবাই ( সবাই) আছে তাই না আব্বা? দেখো, কতগুলা আগুন পোকা ”

নুহাস বিরক্তিভরা একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার ওপাশে চোখ রাখল। মিটিমিটি করে জ্বলা জোনাকির আলোয় রাতের বুকটা কেমন যেন আলো-আঁধারিতে মাখামাখি। নুহাস গম্ভীর গলায় শুধরে দিল,

“অইগুলা আগুন পোকা না, জোনাক পোকা।”

“ আইচ্ছা আব্বা..."কিছুক্ষণ চুপ করে থাকার পর নাওয়াল আবার বলল," অনেক শুন্দল, তাই না আব্বা? দেখো, আমার কাপড়ের রঙের জাত...”

নুহাসের ঠোঁটের কোণে একচিলতে ম্লান হাসি ভেসে উঠল। নাওয়াল আবার কৌতূহলী হয়ে জানতে চাইল, “আইচ্ছা আব্বা, কাপড়টা আমি খুইলা রাখি? ডাডি বকব, মণির বাড়ি যাইতে পামু, কেমন।

" নাহ, খুলন লাগবনা " (নুহাস)

"এইডা তো নয়া কাপড়!” (নাওয়াল)

“না, থাকুক।” (নুহাস)

“আচ্ছা আব্বা...” বলে নাওয়াল চুপ হয়ে গেল। তবে তার মনের ভেতরটা খুঁতখুঁত করতে লাগল নতুন কাপড় পরে কেউ বুঝি ঘুমায় !

এদিকে ঘরের টিনের চালের দিকে শূন্যদৃষ্টিতে তাকিয়ে নুহাসের মাথায় আবার নাদিমের কথাগুলো ঘুরপাক খেতে লাগল। মনে মনে সে তিক্ত স্বরে নিজেকেই যেন বলল, ‘ভাইজান যা কইছে, একটাও মিথ্যা না। আম্মা আমার হারামের টাকা ছুঁয়েও দেখব না। আর এই মাঝখান থেকে এই আরেক অলক্ষ্মী... কী করন যায়, এখন কী করন যায়?’

উপায় ভাবতে ভাবতে নুহাস পাশ ফিরে তাকাতেই দেখল, এই অল্প সময়ের মধ্যেই নাওয়াল গভীর ঘুমে তলিয়ে গেছে। নুহাস বিড়বিড় করে বলল,

‘একদম মায়ের লাখান হইছে! মাও এমন কইরা ঘুমাইত সকাল সকাল... তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ত’

কিন্তু নাওয়াল আসলে ঘুমে আচ্ছন্ন ছিল না। বাবার গলার ফিসফিসানি কানে যেতেই সে চোখের পাতা দুটো মেলে তাকাল। বাড়ির সবাই বলে সে নাকি অবিকল তার মায়ের মতো দেখতে হয়েছে, আর আজ তার নিজের বাবাও ঠিক একই কথা বলল। অথচ অবুঝ ছেলেটার কত সুপ্ত ইচ্ছে, সে তার বাবার মতো লম্বা-চওড়া একজন বলিষ্ঠ পুরুষ হবে। ছোট্ট মুখটা গোমড়া করে সে বিছানায় উঠে বসল।

হঠাৎ নড়াচড়া টের পেয়ে নুহাস বিরক্তিতে মুখ কুঁচকে ধমকে উঠল, “কী হইছে কী? ঘুমাস না কেন রাতদুপুরে? তোর লগে থাকলে একটা জ্বালা, খালি উলসের মতো এইটা-ওইটা করস।”

নাওয়াল অভিমানী গলায় ফিসফিসাল, “মণি কইতে, আমি আম্মার মতো সুন্দর অইছি! কিন্তু আব্বা, আমি তো আম্মারে দেহিই নাই। আচ্ছা আব্বা, আমি তোমার মতো সুন্দর অইলাম না ক্যান?”

ছেলের মুখের এমন অবুঝ আর্তনাদ শুনে নুহাসের বুকের ভেতরটা এক নিমেষে কাঁপিয়ে উঠলো যেনো। চোখের কোণ দুটো কেমন যেন গরম হয়ে এল, সে আর কোনো জবাব দিতে পারল না। এই কদিন ধরে নাওয়ালকে যত কাছ থেকে দেখছে, সে ততই বিস্ময়ে আচ্ছন্ন হচ্ছে। নুহাস নিজেকে কোনোমতে সামলে নিয়ে খসখসে গলায় জিজ্ঞেস করল, “আমারে ভালোবাস-স? আমার লাইগা তোর মায়া লাগে?”

বাবার মুখে এমন প্রশ্ন শুনে আনন্দে ছোট্ট নাওয়ালের মুখখানি যেন মুহূর্তেই ঝলমল করে উঠল। খুশিতে উচ্ছ্বসিত হয়ে সে বলে উঠল,"লাগে তো, অনেক লাগে!"

" আমি যখন তোরে মারি, ব্যথা পাস, তখনও লাগে?”

নুহাসের ওই শেষ কথাটা শোনা মাত্রই নাওয়ালের চোখের কোন গড়িয়ে জল উপচে এল। নুহাস এমন নয় যে সারাদিন ধরে তাকে মারে, কিন্তু একটু উনিশ-বিশ হলেই পিঠের ওপর হাতের তালুটা সজোরে বসিয়ে দেয়। পাঁচ আঙুলের সেই ভারী পুরুষালী থাবায় কত রাত যে সে কেঁদে কেঁদে ফুঁপিয়ে ফুঁপিয়ে ফুফুর কোলে মাথা রেখে ঘুমিয়েছে, সে কথা কি আর ভুলার জো আছে!

নাওয়াল আর কিছু না বলে চুপচাপ অভিমানে মাথাটা বালিশে এলিয়ে দিল। নুহাসও আর কোনো প্রশ্ন করল না।

★

রাত তখন প্রায় দুটো।

নিস্তব্ধ রাতের বুক চিরে ঝিঁঝিঁ পোকার ডাক ক্রমেই তীব্র হয়ে উঠেছে। ছোট্ট নাওয়াল ততক্ষণে ঘুমের গভীরে তলিয়ে গেছে, অথচ নুহাসের দু'চোখের পাতা এক করতে পারছে না ঘুম। যেন রাতের সমস্ত নিস্তব্ধতা এসে ভর করেছে তার জেগে থাকা চোখের পাতায়। মাথার ভেতরটা শত শত জটিল চিন্তায় ভারাক্রান্ত।
বৃদ্ধ মাকে সে যেমন পর করে দিতে পারবে না, তেমনই নাওয়ালকে যতই সে অস্বীকার করতে চাক না কেন, ওই মা-হারা বুকটাকেও সে একবারে দূরে ঠেলতে পারবে না।

পাশ ফিরে বাঁ দিকে তাকাতেই আবছা আলোয় নাওয়ালের ছোট শরীরটার দিকে তার চোখ পড়ল। বাইরের জোনাকির আলোয় খয়েরি আভার ছোট্ট সেই প্রাণটাকে দেখে বুকের ভেতরটা কেমন যেন টনক নড়িয়ে উঠল। আজকে গুঁড়ো দুধ চাওয়ার কারণে অপমানের দৃশ্যটা চোখের সামনে ভাসতেই তার ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে গেল, কেন হচ্ছে? তা সে নিজেও জানে না ।

নুহাস ধীরে ধীরে তার শক্ত হাতটা বাড়িয়ে দিল নাওয়ালের দিকে। ঠিক সেই মুহূর্তে ঘুমের ঘোরে অবুঝ নাওয়াল বাবার আঙুলগুলো শক্ত করে খপ করে আঁকড়ে ধরল ঠিক যেভাবে অতীতে কুহেলিকা গভীর ঘুমে নুহাসের হাত ধরে রাখত।

ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে সে নিজ মনেই বলে চলল ‘তুই কি আমার লাখান অমানুষ হইতে চাস? আমার লাখান? মানুষ আমারে থুতু দেয়, জুয়াড়ি-মাতাল কইয়া কত কটু কথা শোনায়... কিন্তু তোর মারে ছাড়া আমি আজকা পর্যন্ত কোনো বেটিমানুষের দিকে চোখ তুলেও তাকাই নাই! তোর মা আমারে সন্দেহ কইরা খালি কইত ও মইরা গেলে নাকি আমি আবার বিয়া করমু! কই, করি নাই তো... করি নাই...’

একটা দীর্ঘ দীর্ঘশ্বাস বুকে চেপে ধরে নুহাস অতীতে হারিয়ে যায়।

পালিয়ে বিয়ে করার তখন তাদের সবে মাত্র এক বছর হয়েছে। নুহাস দেখতে যেমন সুপুরুষ, তেমিন তার কর্মজীবন বলতে ছিল শূন্যের কোঠায়। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা একটা ছেলেকে আর কে-ই বা ভালো কাজ দেবে? সে পড়াশোনায় নেহাত মন্দ ছিল না, একটু মন দিলে হয়তো আরও বহুদূর যেতে পারত কিন্তু সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার চিরকালই অনীহা ছিল। অথচ বিয়ের আগে কুহেলিকা এক কঠিন শর্ত জুড়ে দিয়েছিল। সে সাফ জানিয়ে দিয়েছিল, নুহাস যদি পরিশ্রম করে সৎ পথে কাজ করে, তবেই সে তাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে। কুহেলিকার সেই শর্তে মাথা পেতে দিয়েছিল নুহাস, দিয়েছিল পরিশ্রম করার পাকা প্রতিশ্রুতি।

সেদিনের ঘটনাটা আজও নুহাসের স্পষ্ট মনে আছে। রাজমিস্ত্রির জোগালির ভারী কাজ সেরে ক্লান্ত শরীরে ঘরে ফিরে সে দেখল ঘরের একপাশে গামছায় চুলগুলো পেঁচিয়ে একটা টুকটুকে লাল শাড়ি পরে বসে আছে কুহেলিকা। লাল রঙ যেন তার লাবণ্যকে আরও শতগুণ বাড়িয়ে দিয়েছে, চোখের পলক ফেলতে ভুলে যায় নুহাস। নিঃশব্দ পায়ে এগিয়ে এসে পেছন থেকে আচমকাই কুহেলিকাকে বুকে টেনে নিল নুহাস। নিজের বুকের সঙ্গে মিশে থাকা কুহেলিকার শরীরের অস্বাভাবিক উত্তাপ মুহূর্তেই অনুভব করল সে। স্পর্শেই বুঝতে পারল, মেয়েটার গায়ে ভীষণ জ্বর। উদ্বিগ্ন হয়ে কুহেলিকার কানের কাছে মুখ এনে নুহাস বলে উঠল,

“ও বউ, তোমার তাপ উঠছে নাকি? শরীর তো একেবারে পুইড়া যাইতাছে।”

কুহেলিকা জবাবে কেবল মৃদু স্বরে ‘হুম’ বলে উঠেল।
নুহাসের কণ্ঠে এবার উদ্বেগ আরও স্পষ্ট হয়।

“কী হইছে চেয়ারম্যানবাড়ির মাইয়া? কও না ক্যান? কখন উঠল তোমার গায়ে এত তাপ?ছলো গঞ্জে যাই ”

কুহেলিকার দাদা এলাকার প্রভাবশালী চেয়ারম্যান হওয়ার সুবাদে সে চেয়ারম্যান বাড়ির নাতনি হিসেবেই পরিচিত ছিল। তাই চেয়ারম্যানবাড়ির মাইয়া বলে মাঝে মাঝে ডাকত কুহেলিকা-কে নুহাস।

কুহেলিকা একটু লজ্জা পেয়ে স্বামীর উষ্ণ আলিঙ্গনে সামান্য নড়েচড়ে উঠে বলেছিল “হ, ঢং দেখলে বাঁচি না। মাগরিবের সময়ে গঞ্জে যাইবেন বউরে লইয়া... পীর-মুরশিদ দেখাইতে! মানুষ কইবো, বউ পাগল
নুহাস শিকদার।”

নুহাস মুখ টিপে হেসে জবাব দিয়েছিল , “বউ পাগল খারাপ কী? বউেরে আদর-যত্নে রাখতে না পারলে ওই বেটা কিসের বেডা মানুষ? বউ হইলো ঘরের লক্ষ্মী,আর তুমি তো আমার সোনা বউ। ”

কথা বলতে বলতে কুহেলিকার মাথার ভেজা গামছাটা একটু খুলে দিয়ে নুহাস আদুরে গলায় বলেছিল , “তোমারে কইছি না দুপুরে নাইবা, মাগরিবের কালে নাইবা না? এখন যদি জ্বর-সর্দি লাগে... না লাইগা গেছে
তো, লাগিয়াই গেছে”

কুহেলিকা ঘাড় ঘুরিয়ে স্বামীর চোখের দিকে তাকায়। তারপর দুষ্টু হাসিতে মুখটা উজ্জ্বল করে স্বামীর
উপর তার ভেজা চুলে আঙুল চালাতে চালাতে বলে, “এত মায়া? আইজ আছে কাইল নাই। ফুস হইয়া যাইবো দুইদিন বাদে।”

স্ত্রীর এমন সহজ পরিহাসে নুহাস চমকে ওঠে। কাঠিন্য ও বিস্ময় মিশানো গলায় সে বলে ওঠে, “কী কও বউ? কেমনে কইলা ? তুমি তো আমার শখের বউ?”

কুহেলিকা তখন কেমন যেন থমকে যায়। ইতস্তত করে নিজের কাপড়ের আঁচলটা আঙুলে পেঁচিয়ে মিনমিন করে কী যেন একটা বিড়বিড় করে, যা ঠিকমতো কান পর্যন্ত পৌঁছায় না নুহাসের। নুহাস আর স্থির থাকতে পারে না। টেনে এনে কুহেলিকাকে বিছানার এক কোণে বসিয়ে দেয়। কুহেলিকা উদ্বিগ্ন গলায় বলে, “কী করতেছেন? কী করতেছেন? "

"বইসা থাকো এইখানে...” কুহেলিকা মাথা নিচু করে বসে থাকে।

নুহাস নিজেও মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে।সেদিন সকাল থেকে নুহাস খেয়াল করেছিল কুহেলিকা কেমন যেনো একটু মোচড়ানো ও চাপা কথা বলছে। এবার সে নিশ্চিত হয়, কিছু একটা তো ঘটেছে বটেই। নুহাস কুহেলিকার চিবুক ধরে মুখটা ওপরে তুলে শান্ত গলায় বলে, “তোমার সোয়ামীর দিকে চাও ।”

মুখের সামনে থেকে চুল সরিয়ে কুহেলিকা বলেছিল, “তাকাইয়া কী অইবো? আপনি তো কালো”

নুহাসের গায়ের রং কুহেলিকার মতো দুধে-আলতা ফর্সা না। বরং প্রখর রোদে পুড়ে তামাটে হয়ে ওঠা উজ্জ্বল শ্যামলা বর্ণের অধিকারী সে। স্ত্রীর মুখে এমন কথা শুনে নুহাস হাসিতে ফেটে পড়েছিল। সে নরম গলায় বলেছিল, “ওইডা কালা না বউ! ওইডা হইলো কালার মাঝে গোল্ডেন কালার।”

"আইচ্ছা... আপনার যতো রংবিরঙ্গের মাত"

“তবে তুমি ফর্সা অইলে কী অইবো? তোমার থাইকা আমার নাকটা বেশি খাড়া, দেখো!”

মুখ বাঁকায় কুহেলিকা, "বিয়ের এক বছর অইল,এখন নাক বোচা কইতাছেন! কাইল কইবেন বাচ্চা অয় না, আমি বন্ধ্যা।নতুন আরেকটা বিয়া করতে ছাইবেন তখন।”

কুহেলিকার কথার রেশ ধরেই নুহাস বুঝতে পেরেছিল তার মনের গভীরে অন্য কোনো কষ্টও জমে আছে। জ্বরের উত্তাপের আড়ালে চাপা পড়ে আছে একরাশ কষ্ট ।গত কয়েক দিন ধরে সে কেবল ‘বাচ্চা বাচ্চা’ বলে মাথার চুল ছিঁড়ছে। আল্লাহ যদি সন্তান না দেন, তবে মানুষ কীই বা করতে পারে? কিন্তু কে বোঝাবে সেই অবুঝ মনটাকে? রাতের গভীর চারপাশ যখন নিস্তব্ধ হয়ে আসে, তখন ঘুম ভেঙে জেগে ওঠে কুহেলিকা। তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে সে চোখের জলে বুক ভাসায়, করুণাময়ের দরবারে অশ্রুসিক্ত নয়নে একটা সন্তানের জন্য প্রার্থনা জানায় সে।মাঝে মাঝে
নুহাসকে ও ঘুম থেকে উঠাতো, যদি তার দোয়া কবুল না হয়। অন্তত নুহাসের হবে, এরকম কারো না কারো হবেই দোয়া কবুল । মাতৃত্বের আকুল আকাঙ্ক্ষায় বুকের ভেতরটা হাহাকার করে ওঠেছিল তার।

গ্রামে, কারো ঘরে নতুন বউ আসার পর বছর ঘুরলেই কানাঘুষা শুরু হয়। একদিন ঘাটে জল আনতে গিয়ে কুহেলিকা নিজের কানেই শুনেছিল, ঘাটপারে বসে
তার শাশুড়ির সঙ্গে ফিসফিসিয়ে পরামর্শ করছেন শিফাতুন্নেসা।আলিয়া বেগমকে উদ্দেশ করে তিনি বলছিলেন,

“আলিয়া, হোনো।নুহাসের মতো এমন সুন্দর পোলার লাইগা এমন মাইয়া কেন করে রাখবা? এহনও তো খুশির খবর আয় নাই ! ওরে বিয়া দাও নয়া কইরা । ওর মতো সুন্দর মাইয়া দিয়া কী অইবো, যদি পুলাপাইন না অয়?ও একটা বন্ধ্যা মাইয়ার। এখনো পুলাপান হয় না। কেন, আমাদের সময় তো বছর ঘুরতে না ঘুরতেই কোলে পুলাপান আইসা পড়ছে ”

সেদিনের সেই নির্মম কথাগুলো শোনার পর থেকে রাতে নুহাসের বুকে মুখ গুঁজে কী ভীষণভাবেই না কেঁদেছিল কুহেলিকা। সেই কান্নার শব্দ আজও নুহাসের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়।

সেদিন নুহাস কুহেলিকার দুটি হাত নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে ধরে বলেছিল, “হ, তোমারে কেডা কইছে আমি বিয়া করমু? নুহাস শিকদারের বউ তুমি আছো, তুমি থাকবা। তুমি বাচ্চার মা না অইলে, আমিও বাপ হইমু না। আর আমার বাচ্চা-কাচ্চা লাগব না, তুমি অইলেই তো অইল।” তারপর নিজের হাতে কুহেলিকার চোখের জল মুছে দিয়েছিল সে।

সেই একটিমাত্র কথা আজ বহু বছর পর নুহাসের স্মৃতিতে ভেসে উঠতেই তার চোখের কোন বেয়ে টুপটুপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ে উষ্ণ জলের ফোঁটা। সে তো আর কাউকে বিয়ে করেনি, আর করার কোনো প্রশ্নই আসে না। সে তো মনে মনে এক চিরন্তন সত্য মেনে নিয়েছে সে একদিন ওপারে জান্নাতে গিয়ে তার সেই আদরের বউয়ের সঙ্গেই আবার নতুন করে সংসার পাতবে।

এমনি সব অতীতে হারিয়ে যাওয়া স্মৃতি রোমন্থন করতে করতে নুহাসের হাতটা আপনাআপনি এগিয়ে যায় বিছানায় ঘুমিয়ে থাকা অবুঝ নাওয়ালের মুখের দিকে। বড় ইচ্ছে করে নিষ্পাপ ছেলেটার মুখটা ছুঁয়ে দেখতে। একটুখানি কাঁপাকাঁপা আঙুলে সে খুব আলতো করে ছুঁয়ে দেয় নাওয়ালের নরম গালটা।

[ আজকে কান্না করাই নাই। হি..হি। আর নেক্সট এপিসোড আসবে ২০০ টা কমেন্ট যখন এটাতে পূরণ হয়ে যাবে। টার্গেট দিচ্ছি যাতে আপনারা ফিলাপ না করতে পারেন 🙂]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 8 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন