#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_৪২
___
অপরাহ্ণের শেষ সময়।সাহিত্যের ভাষায় প্রেমিক - প্রেমিকার খুব প্রিয় এ সময়কে বলা হয় গোধূলি লগ্ন। দিনের নীল - সাদা মেঘকে ছাঁপিয়ে আকাশ তখন হয়ে ওঠে রঙিন। নানা রঙে,নানা ঢঙে সেজে ওঠে চমৎকার সাজে।সূর্য তখন অস্তমিত থাকলেও তার রেশ পুরোপুরি যায় না। লাল - কুসুম বর্নিল গাঢ় আভায় আকাশ হয়ে ওঠে নতুন বধু। গ্রাম - অঞ্চলে এই লগ্ন আরো বেশি সুন্দর ভাবে প্রকৃতি কে তুলে ধরে।সজ্জিত আকাশ, তার বুক চিরে সারিবদ্ধ ভাবে ঘরে ফেরা পাখ-পাখালি, নির্মল, স্বচ্ছ, শীতল বাতাস — তার প্রকোপে গাছের ডাল - পাতার মনোমুগ্ধকর নৃত্য মন ছুঁয়ে দেয়।
আহমেদ বাড়িটা বেশ কিছুদিন ধরে পূর্ণ হয়ে আছে। তিন ভাই তাদের পরিবার কে নিয়ে সেখানেই অবস্থান করছেন। তারা গ্রামে ফিরেছেন তিন সপ্তাহ হলো। প্রত্যেকেরই নিজ নিজ কারনে নীড়ে ফেরা।মামুন আহমেদ সুস্থ হলেও উঠে দাঁড়াতে হিমশিম খান। হাত-পা কাঁপে, মাথা ঘোরে, শরীর দূর্বল লাগে। তার মানসিক অবস্থাও ঠিক নেই। ছেলের এমন অবস্থাতে সর্বক্ষণ নিজেকে দায়ী করছেন। কেনো আগেই টাকা দিলেন না এ নিয়ে ঘোর আফসোস তার। স্ট্রক করার পর থেকেই শরীর ভেঙে পড়েছে। সারাদিন পড়ে থাকেন আপন বিছানায়। শুধুমাত্র গোসল এবং টয়লেটে যাওয়ার জন্যই বিছানা ছাড়েন। সেখানেও প্রয়োজন পড়ে স্ত্রীয়ের সাহায্য। তাকে ধরে ধরে পা ফেলতে হয়।
মাশরুরের ঘরটাতে শুয়ে আছে মাহমুদ। সোজা হয়ে ফ্যানের দিকে মুখ করে তাকিয়ে আছে।শরীরটা আগের থেকে একটু ভারী হয়েছে। গায়ের চামড়া টাও হয়তো সে কারনে টান হয়ে ত্বকটা উজ্জ্বল দেখাচ্ছে। তবে এ ব্যাপারে চিন্তা করতে বারন করেছে মাশরুর। এতো এতো ওষুধের কারনেই হয়তো শরীরটা সামান্য ফুলে গেছে — যেটা আবার ঠিক হয়ে যাবে।
মাহমুদ আজকাল নিরব হয়ে তাকিয়ে থাকে সিঁড়ির দিকে।নিজের সবচেয়ে প্রিয়, নিরব পাটাতন টাতে খুব যেতে ইচ্ছে করে। মন চায় সেখানে গিয়ে শান্তিতে একটু ঘুমাতে। কিন্তু ভাগ্যে নেই। হয়তো আজীবন ওটা ওভাবেই খালি পড়ে থাকবে। নাহয় কেউ দখল করে নেবে প্রিয়, স্মৃতিময় জায়গাটা।
রেবেকা বেগম ব্যস্ত পায়ে এগিয়ে এলেন। হাতে স্টিলের একটা থালা। সেখান থেকে সুঘ্রাণ ছড়াচ্ছে। গরম ধোঁয়া ওঠা খিচুড়ি দেখেই নড়লো মাহমুদ। ওঠার চেষ্টা করলেও সক্ষম হলো না। রেবেকা থালা রেখে ছেলেকে সাহায্য করলেন। খিচুড়ির থালা এবং পানির গ্লাস দিয়ে মাথায় হাত রাখলেন।আদুরে কন্ঠে বললেন —
“আব্বা,খাও। আমি হাঁস - মুরগী গুলা খোপে দিয়া আসি।”
মাহমুদ মাথা নেড়ে মাকে সম্মতি জানালো। চলে গেলো রেবেকা। খিচুড়ির দিকে তাকিয়ে সামান্য হেসে মুখে তুললো মাহমুদ। মা তার ভীষণ ব্যস্ত। সংসারের যাবতীয় কাজ করতে হয় তাকে। সেখানে এই শেষ বিকালে খিচুড়ির আবদার করা বাড়াবাড়ি হলেও খাওয়ার ইচ্ছে টা দমিয়ে রাখতে পারে নি। অবশেষে বলেই দিলো। রেবেকা ও টু শব্দটা করেন নি। সকল কাজ ফেলে ছুটেছেন খিচুড়ি রান্না করতে।
মাহমুদের খাওয়ার মধ্যেই জিন্নাত এগিয়ে এলো। তার প্রতিটা কদম জোরালো, মুখে রাগের স্পষ্ট ছাপ। থমথমে পায়ে এগিয়ে এসেই ধমক মারলো মাহমুদ কে। বললো —
“আপনি এসব কি শুরু করেছেন?”
মাহমুদ যেনো কিচ্ছুটি জানে না। সেভাবেই খেতে খেতে উত্তর দিলো —
“আমি আবার কি করলাম?”
রাগ আটকাতে পারলো না জিন্নাত। পূর্বের রেশেই বলে উঠলো —
“শুয়ে শুয়ে নাটক করবেন না একদম। আপনি জানেন সবাই আপনার চিন্তায় কতটা চিন্তিত? মাশরুর ভাইয়া সারাদিন ডিউটি করে। সপ্তাহে যতটুকু সময় অবসর পায় ছুটে আসে আপনার কাছে। আপনার চিকিৎসা নিয়ে ভাবে, অথচ আপনি এসব কি করছেন? ঢাকায় বসে বলেছেন — চেন্নাই যাওয়ার আগে গ্রামে আসবেন, একটা সপ্তাহ বাড়িতে থাকবেন। মানলো তো সবাই। শুধুমাত্র আপনার কথা রাখতে, আপনাকে বাড়ি রাখতে সবাই এলো। অথচ আপনার এসব চোখেই পড়ছে না। কি বলেছেন আপনি মাশরুর ভাই কে? উনি ফোন দিয়েছিলেন একটু আগে।”
“ওহ! তা কি বললো? ”
“আপনি জমি কেনো বেঁচতে দিচ্ছেন না?”
মাহমুদ খেতে খেতে গা ছাড়া ভাব নিয়ে উত্তর দেয় —
“তাদের জমি তারা বেঁচবে। আমি বাঁধা দেওয়ার কে? আমি তো শুধু বলেছি — এসব জমি বেঁচার টাকায় আমার চিকিৎসা করাবো না।”
“তাহলে কোন টাকা দিয়ে চিকিৎসা করাবেন?”
“আমি চিকিৎসাই করাবো না। তুই যা তো এখান থেকে — বিরক্ত করিস না। শান্তিমতো খেতে দে।”
মাহমুদের খামখেয়ালি পূর্ণ কথা শুনে শরীর জ্বলে উঠলো জিন্নাতের। দাঁতে দাঁত চেপে অন্যদিকে তাকালো। ক্রোধের তোড়ে চোখ ভরে গেছে অশ্রুতে। এরপরেও কন্ঠে কাঠিন্যতা বজায় রাখলো। বললো —
“আপনি খামখেয়ালি করছেন মাহমুদ ভাই। আর আমি আপনাকে বিরক্ত করছি মানে কি? কেমন ধরনের কথা বলছেন ইদানীং?
জিন্নাত থামলো। গমগমে কন্ঠে পুণরায় বললো —
“ সে যাই হোক। এমন পাগলামি করে নিজের কপাল নিজেই পুড়বেন না।”
মাহমুদ হেসে উঠলো। তাচ্ছিল্যের সুরে বললো —
“তুই যেনো কত সৌভাগ্য নিয়ে এসেছিস!”
মাহমুদ ভাই কি নিজের এই অবস্থার জন্য জিন্নাত কে দায়ী করলো? বুঝে উঠতে পারলো না মেয়েটা। তবে তার বুকের বাঁ পাশটা মুঁচড়ে উঠলো। যেনো ধারালো ছুরি দিয়ে কেউ খন্ড বিখন্ড করতে নেমে গেছে হৃৎপিন্ড টাকে। ভেতরটায় বেজায় রক্তক্ষরণ হচ্ছে। চোখের পানি গুলো গড়িয়ে পড়ছে দু - গাল বেয়ে। জিন্নাত পিছু ফিরে একবার মাহমুদ কে দেখে নিলো। সে আপন মনে গপাগপ খিচুড়ি খেতে ব্যস্ত। এতোটা অবহেলা! ভেতরটা কেমন করে উঠলো। ইচ্ছে হলো ছুটে চলে যেতে। কিন্তু পারলো না। ধীর পায়ে এগিয়ে গেলো। মাহমুদের হাত টা আঁকড়ে ধরে ছলছল চোখে বললো —
“আপনার এই দোষারোপ, অবহেলা আমার সহ্য হয় না মাহমুদ ভাই। কেনো এমন করছেন? ওইদিন রাতে তো আমিও বেরিয়েছিলাম। আপনার পরিবর্তে যদি আমি এক্সিডেন্ট করতাম — তাহলে কি সেখানে আপনি দায়ী হতেন? ”
মাহমুদ খাওয়া থামিয়ে দিলো। পাথরের ন্যায় নিশ্চল চোখ দুটো দিয়ে সরাসরি তাকালো জিন্নাতের দিকে। ধীর কন্ঠে বললো —
“ আমিই তো অন্যের ঘাড়ে বসে খাচ্ছি। যেখানে আমার মেরুদন্ড টাই ভাঙা — সেখানে তুই আমার ঘাড়ে বসতে চাইছিস?”
জিন্নাত কেঁপে উঠলো। শক্ত কন্ঠে বললো —
“এটা আমার প্রশ্নের উত্তর নয়। আর আমার খাওয়া - পড়নের চিন্তা আপনার করতে হবে না।”
মাহমুদ আবারো খাওয়া শুরু করলো। তার বুক টা যেনো বিষাদে ফুলে - ফেঁপে উঠেছে। ইচ্ছে হচ্ছে খুব জোরে দম নিতে। কিন্তু পারছে না। জিন্নাতের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আস্তেধীরে খেতে খেতে বললো —
“বিয়েটা করে ফেল। ”
জিন্নাত মাহমুদের হাত টা শক্ত করে খামচে ধরলো। নখ প্রায় বসে গেছে অনেকটা। কিন্তু সেদিকে কোনো হুশ নেই। দু - পাশে অনর্গল মাথা নাড়িয়ে কান্না চাপানো গলায় ছোট করে বললো —
“ শেষ মুহুর্তে এমন টা বলবেন না মাহমুদ ভাই। আপনার জন্য সবার বিরুদ্ধে প্রতিনিয়ত লড়ছি আমি। সেই আপনি কি করে আমার হাত ছাড়তে পারেন? মরে যাবো আমি। এতোটা মানসিক চাপ সহ্য করতে পারছি না। ”
জিন্নাতের কন্ঠস্বর নুয়ে এলো প্রায়। কথাগুলো আর স্পষ্ট শোনাচ্ছে না। সেদিকে পাত্তা দিলো না মাহমুদ। ধীর কন্ঠে বললো —
“আমি কারো অনুগ্রহ নিতে চাই না। আমার এই অবস্থায় তোর অনুশোচনা হচ্ছে, খারাপ লাগছে, আফসোস হচ্ছে? হওয়াটা অস্বাভাবিক না। কিন্তু সেই দায় এড়াতে আমায় বিয়ে করা বোকামি ছাড়া আর কিছুই না। তোর পুরো জীবন যাবে আমার সেবা করতে করতে। কি দরকার? সকালে তোর মা এসেছিলো। ছেলের সম্পর্কে সব শুনেছি। খারাপ না — সুখী হবি।
থেমে আনমনে বললো —
জ্ঞান ফেরার পর যখন দেখলাম পা দুটো আর নেই। তখন হৃৎপিন্ডে ফাঁটল ধরে গেছিলো। আমি বুঝে ফেলেছি পা হারানোর সাথে সাথে আমার চাঁদ টাকেও হারিয়ে ফেলেছি। তোকে পাওয়ার মতো কোনো যোগ্যতাই আমার নেই। আগে তো তাও পা দুটো ছিলো। ভেবেছিলাম রিকশা চালিয়ে হলেও তোকে নিয়ে একটা ছোট্ট ঘর পাওয়া যাবে। কিন্তু দেখ আমার পা টাও এখন আর নেই। হুইল চেয়ারের সাহায্যে উঠোন পর্যন্ত একটু বেরোই। সেখানে তোর ভার কিভাবে সামলাবো?
জিন্নাত হু হু করে কেদে উঠলো। বললো —
“আপনি এতোটা ভেঙে পড়লে আমার কি হবে? কে সামলাবে আমায়? ”
“তোর ভালো কিছুই হবে। তোকে সামলানোর মতো শক্তপোক্ত, যোগ্যতা সম্পন্ন চাকরিওয়ালা ছেলের অভাব হবে না। ”
জিন্নাত উঠে বসলো। কন্ঠে কাঠিন্যতা এনে বললো —
“বেশ! আপনি এমন পাগলামি করবেন তো — আমি আসিফ ভাইয়াকে বলছি। ”
মাহমুদ হেসে উঠলো। পানি খেয়ে গলা পরিষ্কার করে হাস্যোজ্জ্বল কন্ঠে বলে উঠলো —
“তোর আসিফ ভাই ই সারাটা দুপুর বুঝালো। বললো - তোর জীবন টা যেনো নষ্ট না করি। আর খারাপ ও বলে নি। তুই অল্পবয়সী - আবেগের বশে আমায় ছাড়তে চাইছিস না।মাস দুয়েক গেলে নিজেই অস্থির হয়ে যাবি আমাকে ছাড়ার জন্য। অভিশাপ মনে হবে, সম্পর্ক ছেড়ে বের হতে ইচ্ছে করবে। প্রতিনিয়ত আমায় দায়ী করবি। করাটাই স্বাভাবিক। কারন আমার সাথে জড়ালে স্বাভাবিক জীবন, সংসার কিছুই পাবি না। শুধু পাবি প্রতি দিন, প্রতিটা সেকেন্ড একটা পঙ্গু স্বামী — যে গোসল টা করতেও অন্যের সাহায্য নেয়।”
সেকেন্ড সময় ব্যয় করলো না জিন্নাত। এরমধ্যেই আহত স্বরে বলে উঠলো —
“আপনি এসব বলে আমায় পরিক্ষা করছেন? নাকি আমার মনোবল ভাঙার চেষ্টা করছেন?”
মাহমুদ হাত ধুলো। জিন্নাতের দিকে তাকিয়ে আদেশ দিয়ে বললো —
“প্লেট টা সরা। ”
জিন্নাত শুনলো। পরপরই পুণরায় আদেশ দিলো মাহমুদ। বললো —
“হেলান দেবো। একটু ধর আমায়। ”
দ্রুতপায়ে ছুটে গেলো। দুহাতে সযত্নে ধরে হেলান দিতে সাহায্য করলো। সাথে সাথেই মাহমুদ হাত দুটো ধরে আপনমনে বলে উঠলো —
“এখন কাজগুলো করতে ভালো লাগছে? অথচ দুদিন পরে এই হাত দুটো যত্ন নয়, বিরক্ত হবে।”
চুপ করে তাকিয়ে রইলো জিন্নাত। অবাক হয়ে ভাবতে লাগলো পুরাতন ঘটনা গুলো। কি ভাগ্য তার? এই লোকটা নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েও তাকে চেয়েছে। অথচ যখন তার পরিবার নিশ্চুপ, মেনে নিচ্ছে জিন্নাতকে — তখনই সে পালটে গেলো। অবহেলা করা শুরু করলো। কি আজব ভাগ্য!
“তোকে ভেঙে আমার কি লাভ? আমি শুধু আমার বিষয়টা জানাচ্ছি। যেখানে আমি ই অসহায়, অন্যের দয়ায় থাকছি — সেখানে শেষ মুহুর্তে তুই আর আমার বোঝা বাড়াস না। বিয়ে করে ফেল। এভাবে অনর্থক পাগলামি করে আমাকে কষ্ট দিচ্ছিস। ”
জিন্নাত হতভম্ব হয়ে তাকিয়ে রইলো। ভেতরটা ক্ষয়ে গেছে। সেখানে কোনো অনুভূতি নেই। আজকাল হুটহাট হাউমাউ করে কাঁদতে ইচ্ছে হয়। কোনো দুরান্তের পথ ধরে অচেনা পরিবেশে যেতে ইচ্ছে হয়। যেথায় এতোটা মানসিক চাপ নেই। বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস নিয়ে শেষ বারের ন্যায় বললো —
“আপনার চিকিৎসা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। দাঁড়াতে পারবেন। তখন বসে বসে ছোটখাটো কোনো দোকান বা ব্যবসা...... ”
কথা শেষ করতে পারলো না জিন্নাত। এরপূর্বেই মাহমুদ গম্ভীর হয়ে উঠলো। চারপাশ কে প্রকম্পিত করে বলে উঠলো —
“তুই এমন ভাবে আমাকে প্রেশার দিতে থাকলে চিকিৎসাই করাবো না। বললাম না তোকে বিয়ে করার মতো এবিলিটি বা ইচ্ছে কোনোটাই আমার নাই। যেদিন বিয়ে করবি, তার পরদিন ই আমি চিকিৎসা করাবো। নাহলে কখনো না। এবার তো অন্তত মুক্তি দে।”
জিন্নাত তাকিয়ে রইলো। মুহুর্তের পর মুহুর্ত কাটলেও চোখ সরালো না। পুরো রুমটা নিস্তব্ধতায় ছেয়ে আছে। মাহমুদ হাসফাস করে উঠলো জিন্নাতের তীক্ষ্ণ দৃষ্টিতে। একসময় কাত হয়ে শুয়ে পড়লো অন্যদিকে ফিরে। জিন্নাত উঠে দাঁড়ালো। এক পা এক পা করে বেরিয়ে গেল ঘর থেকে। মাহমুদ তাকালো। কোমল নেত্রদ্বয় দিয়ে একবার তাকিয়ে জোরে শ্বাস নিলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইলো সিলিং এর দিকে। সে কি ভুল করেছে? নাহ! বিগত কয়েক সপ্তাহ ধরে একের পর একজন আসছে। কখনো রকিবুল আহমেদ, কখনো ফাতেমা বেগম, তো কখনো জান্নাত। প্রত্যেকে হাত জোর করছে প্রতিনিয়ত। তাদের মেয়ে ছোট, আবেগী। হয়তো এখন বিয়ে করবে, কিন্তু বছর খানেক পর নিজের ভুল বুঝতে পারবে। হয়তো ছাড়াছাড়ি ও হয়ে যাবে। শেষে দুজনেই পস্তাবে। এই ভালোবাসা,সম্মান তখন বিরক্তি ছাড়া আর কিছুই থাকবে না। এতোজনের চোখের পানি, অভিশাপ কি করে সহ্য করবে মাহমুদ।
যে মানুষটা সর্বসময় তাদের সম্পর্কটাকে বিয়ের রুপ দিতে চেয়েছে, এমনকি মাহমুদের এক কথায় লাখ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে — আজ সেই মানুষ টাই তার বিরুদ্ধে। সে জিন্নাতের জীবন নষ্ট করতে এতটুকুও সাধ দেবে না। এরপরেও কি করে আগানো যায়?
যে চাঁদ টাকে নিজের থেকেও অধিক ভালোবাসে, সেই চাঁদটার জীবন টা নিজ হাতে কিভাবে নষ্ট করবে মাহমুদ? অশিক্ষিত, বেকার জীবন। সারাটা জীবন গেলো নেশায় ফেঁসে। ভেতরটা কালো ধোঁয়ায় বিষাক্ত হয়ে গেছে। শেষ মুহুর্তে পা দুটোও গেলো। এবারে শুধু চোখ দুটো বোজার অপেক্ষা। এতোটা অনিশ্চিত জীবনে আরো একটা সুন্দর জীবন জড়াবে? কিভাবে?
———
রাতের আকাশ টা আজ বেশিই সুন্দর। ছাইরঙা নীলাভ আকাশের মাঝখান টাতে বিশাল এক খানা চাঁদ। তার চারপাশে ছড়িয়ে আছে অজস্র তারা। আহমেদ বাড়ি আজ দীর্ঘদিন পর বিয়ের সাজে সজ্জিত। গেট থেকে বাড়ির উঠোন পর্যন্ত রঙ বেরঙের লাইটিং এবং ঝাড়বাতির ব্যবস্থা করা হয়েছে। পরিচ্ছন্ন বাড়িটার বিশাল উঠোন টাতে তাবু টাঙানো। দুপুরেই বরযাত্রী এসেছে। তাদের খাওয়া- দাওয়ার পর এখন পর্যন্ত খোলা হয় নি তা। পূবের পুকুর টার আশপাশ দিনের আলোর মতো ঝকঝকে। নিশ্চল, নিস্তব্ধ, ঢেউহীন স্বচ্ছ পুকুরের পানির দিকে তাকিয়ে আছে মাহমুদ। লাইটের আলোয় গাছের আড়াল থেকে একটা হুইল চেয়ারের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। মাহমুদ বসে আছে সেথায়। পাথরের মুর্তির ন্যায়। বিকেল থেকেই এখানে আছে সে। নড়ার শক্তিটুকুও যেনো হারিয়ে ফেলেছে।
দীর্ঘক্ষণ পর নুপুরের ছমছম আওয়াজ এলো। মাহমুদের ভেতরটা থমকে গেলো। সে বুঝলো প্রিয়তমার অস্তিত্ব। কিন্তু পিছনে তাকালো না। জিন্নাত ধীর পায়ে হেঁটে মাহমুদের সামনে দাঁড়ালো। পড়নে খয়েরী রঙের বেনারসি। গায়ে আধুনিক সুক্ষ্ম কারুকার্যের কিছু সোনার গহনা। দুহাত কনুই পর্যন্ত মেহেদী তে রাঙানো। এগারোটার দিকে গায়ে হলুদ হয়েছে। ফর্সা গাল দুটোতে আরফানের নামে হলুদ ছোয়ানোর পর কতটা স্নিগ্ধ লাগছে। যেনো সৌন্দর্য পূর্বের থেকেও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
রাত প্রায় নয়টা। খানিক বাদেই এই সৌন্দর্য মলিন হয়ে যাবে অন্য কোনো পুরুষের ছোয়ায়। এই শরীর টা অনুভব করবে আরেকজনের স্পর্শ। উফফফ!! মাহমুদের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। চোখ দুটো যেনো বাঁধ ভেঙে ফেললো। আচমকাই হাত দুটো বাড়িয়ে জিন্নাতের কোমড় জড়িয়ে ধরলো। নিজের কাছে টেনে নিয়ে শক্ত করে মুখ গুঁজলো জিন্নাতের পেটে। বললো —
“পা দুটো ভালো থাকলে এক্ষুণি তোকে নিয়ে অনেক দূরে চলে যেতাম।”
তাড়াহুড়োয় পেটের কাছের শাড়ি সরে গেছে। চোখের পানি, ঠোঁটের শীতল ছোঁয়া পেট স্পর্শ করতেই জিন্নাত শিউরে উঠলো।নিরব হয়ে দাঁড়িয়ে রইলো সেভাবেই। মাহমুদের মস্তিষ্কে ক্রমশ ঘুরপাক খাচ্ছে ভয়ংকর পরিস্থিতিগুলো। তার ঘরেই বাসর হবে। এইতো মাশরুরের রুম থেকে মিলির রুমের খুব বেশি দুরত্ব নেই। কিভাবে সহ্য করবে সে? এই অনুভূতি, এই বিষাক্ত বিষাদ ক্যান্সারের থেকেও ভয়ানক। উত্তেজিত কন্ঠে বললো —
“তুই... তুই ওই বাসর ঘরে যাবি না। ওখানে আমি নেই। অন্য আরেকজন থাকবে। কিভাবে এটা মেনে নেবো আমি? কিভাবে সহ্য করবো? তুই তো আমার। তাহলে অন্যকেউ কেনো তোকে ছোঁবে? তোর শরীর, তোর ঠোঁট এ.. এগুলো সব তো আমার। কেনো বিয়ে করলি? আমার কাছে জোর করে থেকে গেলে কি হতো? আমি সহ্য করতে পারবো না জিন্নাত। আমার কলিজা ছিড়ে যাচ্ছে। আমি মরে যাবো। এই এই অনুভূতি খুবই বিষাক্ত! আমি শ্বাস নিতে পারছি না। তুই আমায় বুঝতে পারছিস না। আমি কি করেছি? আমার কেনো এতো কষ্ট? সব দিক থেকেই আমি অপূর্ণ। সারাটা জীবন কেনো সাফার করবো আমি? তুই... তুই যাবি না ওই ঘরে। তুই আমার কাছে থাকবি। বিয়ে হয়েছে তো কি হয়েছে? ওসব দু এক বার কবুল বলায় আমার কিচ্ছু যায় আসবে না। তুই আমাকে নিয়ে দূরে কোথাও চল।চল, পালিয়ে যাই। আবারো!”
জিন্নাত মাহমুদকে ছাড়ানোর প্রয়াস করলো। ধীর কন্ঠে কান্না চাপিয়ে বললো —
“ছাড়ুন, আমায় যেতে হবে। ”
“না। তুই ওই ঘরে যাবি না। আমার কাছে বস। কেউ এলে বলে দিবি, তুই আমায় ভালোবাসিস। ”
জিন্নাত জোর প্রয়োগ করে মাহমুদ কে নিজের থেকে ছাড়িয়ে নিলো। দু কদম দূরে সরে বললো —
“আমি তো যেতে চাই নি। উলটো প্রতিনিয়ত আপনি আমায় অবহেলা করেছেন। বলেছেন, আপনার অসহায়ত্বের সূযোগ নিয়ে উলটো বোঝা বাড়াচ্ছি।এমনকি আমি বিয়ে না করলে পায়ের চিকিৎসা করাবেন না বলেও কসম কেটেছেন। তো কি করবো আমি? বাবা,মা,বোন — এমনকি পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে প্রতিনিয়ত আপনার জন্য লড়েছি। এতোটা মানসিক চাপ, তার মধ্যে আপনার অনর্থক জেদ। কি চেয়েছেন, আমি পাগল হয়ে যাই? হয়ে গেছি তো পাগল। ভেতরটা পঁচে গেছে আমার। ক দিন পর শুনবেন হুট করে মরে গেছি। কিন্তু আমি তো শুধু শুধু মরি নি। আপনার এবং আপনাদের সকলের টর্চারে আমি মরে যাবো। এখন এসব বলে কি লাভ? এভাবে ভাত - ওষুধ না খেয়ে ঘন্টার পর ঘন্টা পুকুর পাড়ে বসে কি প্রমাণ করতে চাইছেন? আপনি আমায় খুব ভালোবাসেন?হাহ! ঘরে ফিরে যান মাহমুদ ভাই। আর আমাকেও যেতে দিন। আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। ”
চলে গেলো জিন্নাত। একবার ও পিছু তাকালো না।মাহমুদ অপলকভাবে তাকিয়ে রইলো সেদিকে। কিছুক্ষণ পর হেসে উঠলো আচমকাই। তার বাঁ পাশের আম গাছের আড়ালে একটা মেয়েলি ছায়া দাঁড়িয়ে আছে। মাহমুদের সে ছায়া চিনতে সেকেন্ড ও দেরি হলো না। বাঁ হাত দিয়ে গায়ের চাঁদর টা ভালোভাবে ঢেকে হেয়ালির সুরে বললো —
“তুই কি কোনো ওলি - আউলিয়া নাকি দোলন? এতো তাড়াতাড়ি এতোটা ভয়ংকর ভাবে তোর অভিশাপ ফলে যাবে, এ আমি কল্পনায় ও ভাবি নি। ”
আড়াল থেকে বেরিয়ে এলো দোলন।উদভ্রান্তের ন্যায় ছুটে এলো মাহমুদের পায়ের কাছে। ভেঁজা, সিক্ত মাটির উপর লুটিয়ে বসলো। তার শাড়ির আচল গড়াগড়ি খাচ্ছে মাটির উপর। কোমল হাত দুটো বাড়িয়ে জড়িয়ে ধরলো মাহমুদের হাত। কপালের সাথে উল্টোপিঠ চেপে ধরলো। তার চোখের গরম জল মাহমুদের হাত ভিঁজিয়ে দিয়েছে। বললো —
“আমাকে এতো বড় দায় দিবেন না মাহমুদ ভাই। সহ্য করতে পারবো না। আমি কখনো আপনার খারাপ চাই নি। আপনার সামান্য বিপদেও জায়নামাজে লুটিয়ে কেদেছি আমি। সেই আমি কি করে আপনার এতো বড় ক্ষতি চাইবো। হ্যাঁ, আমি চেয়েছি আপনি আমার মতো কষ্ট পান। জিন্নাত ঠকাক আপনাকে। আপনিও বুঝুন প্রিয় মানুষের বিচ্ছেদে কতটা কষ্ট হয়। কিন্তু এটা কি হলো!
মাহমুদ নিরব চিত্তে পুকুরের দিকে তাকিয়ে রইলো। হুট করেই বলে উঠলো —
“তোকে খুব বেশিই কষ্ট দিয়ে ফেলেছি। তুই বরং আমাকে আরেকবার অভিশাপ দে। যেনো দ্রুত চোখ দুটো বুজে যায়। তখন আর কেউ তোদের কষ্ট দেবে না, বোঝা বাড়াবে না। ”
দোলন কেঁদে ওঠে। এক পর্যায়ে মুখ চেপে ধরে কান্না আটকায়। দশটা বেজে গেছে প্রায়। তার স্বামী এসেছে বিয়েতে। হয়তো একটু পরেই খুঁজবে। এভাবে একান্তে দেখে ফেললে সন্দেহ বাড়বে। দোলন উঠে দাঁড়ায়। কিছু না বলেই এগিয়ে যায় বাড়ির দিকে। মাহমুদ বসে থাকে আগের মতো। বাড়ির ভেতর থেকে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। হয়তো বাসর ঘরে বর ঢুকে পড়েছে। এই তো আর কিছু সময়ের অপেক্ষা। ধীরে ধীরে খালি হবে ঘর। তার চাঁদ টা বসে থাকবে অন্য আরেক পুরুষকে জ্যোৎস্না দেওয়ার জন্য। সেই পুরুষ অধিকার খাটাবে চাঁদের উপর। এভাবেই এক সময় জিন্নাত ও মুছে ফেলবে তার নাম। সেখানে নতুন ভাবে দখল করবে আরেকটা নাম — আরফান। যাকে হারানোর ভয় থাকবে না। জিন্নাত কিচ্ছু হারায় নি। সে পরিবার পেয়েছে, স্বামী পেয়েছে, সুন্দর একটা সংসার ও পেয়েছে। কিন্তু মাহমুদ কি পেলো? কিচ্ছু নেই তার। শুধু সারাজীবন অন্যের তাচ্ছিল্য, বিরক্তি এবং দয়ার সম্মুখীন হবে। এতো এতো টাকা খরচ করে কদিন ই বা পরিবারের লোক তাকে দেখবে। একসময় তারাও মুখ ফিরিয়ে নিবে। না পারবে ফেলতে, আর না তো গ্রহণ করতে। গলায় বিঁধে থাকা কাঁটার ন্যায় জীবন পার করবে।
মাহমুদের হুট করেই সেই রাত টা মনে পড়লো। জান্নাতের বিয়েতে মোল্লা বাড়ির আমবাগানের ঘটনা। যখন কোনো এক নারী তাকে জ্যোৎস্না দিতে চেয়েছিলো। কিন্তু সেদিন চরম রুপে অহংকার করেছিলো মাহমুদ। দাম্ভিকতা দেখিয়ে বলেছিলো — তার আস্ত একটা চাঁদ আছে। আলাদা করে জ্যোৎস্নার প্রয়োজন পড়বে না।
অথচ আজ মাহমুদ ঘোরতর অমাবস্যায় ফেঁসে গেছে। কেউ নেই তার পাশে। কোনো আলো নেই। শুধু আছে বিভীষিকাময় অন্ধকার। মাহমুদ আকাশের দিকে তাকালো। কিছুক্ষণ পূর্বের সেই বড় চাঁদ টা আর নেই। তাকে ঢেকে দিয়েছে মেঘেরা। ঠিক তার জীবনের মতো। মাহমুদ চোখ বন্ধ করে নেয়। আবারো মানসপটে ফুটে ওঠে জিন্নাতের মুখ খানা। এলোমেলো সজ্জাহীন, লাজুক জিন্নাত শুয়ে আছে ওই বাসরঘরে। আর তাকে ঢেকে দিয়েছে এক উন্মুক্ত পুরুষালি ফর্সা পিঠ। যার সম্পুর্ন অধিকার রয়েছে ওই চাঁদের উপরে। মাহমুদ দপ করে চোখ খুলে নেয়। বিষাদের মধ্যেও হেসে ওঠে। বিরবির করে বলে ওঠে —
“তোর চিন্তা নেই। তোর বাচ্চা আমার মতো আর কালো হবে না। ”
হুট করেই তার পিঠে হাত রাখলো মাশরুর। চমকে যায় মাহমুদ। ঘাড় ঘুরিয়ে ভাইকে দেখে পুণরায় হেসে ওঠে। তাচ্ছিল্য করে বলে —
“তুই ও পারলি না রাখতে? কোত্থেকে এক ইঞ্জিনিয়ার এসে নিয়ে গেলো জিন্নাত কে। এভাবে হেরে গেলে চলবে? তুই না ডাক্তার!”
মাশরুর মাহমুদের পাশের ফ্লোরে বসলো। পুকুরের অপরপ্রান্তে ঘোরতর অন্ধকার। আমগাছের পাতার ফাঁক দিয়ে তেমন আলো পেরোতে পারছে না। সেদিকে তাকিয়ে আনমনে বলে উঠলো —
“ আমি না করে দিয়েছি। ”
মাহমুদ চমকে ভাইয়ের দিকে তাকায়। মাশরুর সেদিকে তাকিয়ে বললো —
“জিন্নাত আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো। আমিই না করে দিয়েছি। ও ভেবেছিলো, আমায় বিয়ে করলে তোর কাছাকাছি থাকতে পারবে, সেবাযত্ন করতে পারবে। ”
মাহমুদ এ বিষয়ে কিছুই জানতো না। কেউ বলেও নি তাকে। গমগমে কন্ঠে প্রশ্ন ছুড়ে বললো —
“ভালোই তো। না করলে কেনো?”
মাশরুর হাসলো। মাহমুদের চোখের দিকে তাকিয়ে বললো —
“তুই সহ্য করতে পারতিস তো? এখন না হয় দূরে থাকবে, কিন্তু তখন তো তোর পাশের ঘরেই থাকতো। মানতে পারতি তো? ”
এ পর্যায়ে দুজনেই চুপ করে থাকে। দুজনের মনের মধ্যেই ব্যাপক ঝড়। এক পর্যায়ে মাশরুর একটা স্টাম্প পেপার বের করে মাহমুদের হাতে দেয়। মাহমুদ ভ্রুযুগল কিঞ্চিৎ কুচকে জিজ্ঞেস করলো —
“এটা কি?”
“রকিবুল কাকার স্বীকারোক্তি। জিন্নাতের বিয়ের দু মাসের মধ্যে জায়গা- জমি ভাগ করে জিন্নাতের অংশ টুকু তোর নামে লিখে দেবে। আর সেই জমি বিক্রির টাকা দিয়ে যেনো তোকে একটা ব্যবসা ধরিয়ে দেবে। বিয়ের পূর্বে এটাই শর্ত দিয়েছিলো। কাকা মানলেও ও বিশ্বাস করেনি। এজন্য লিখিত প্রমাণ রেখেছে। ”
মাহমুদ দীর্ঘশ্বাস ফেললো। হাতের পেপার টা মুঠোয় নিয়ে বলে উঠলো —
“আবারো দয়া! এবার কবে যেনো আল্লাহ আমার উপর দয়া দেখিয়ে প্রাণ টা তুলে নেয়। সে দিনের অপেক্ষায় আছি। ”
সমাপ্ত
নোটবার্তা : আপনারা নারাজ হবেন না। গল্প শুরুর সময় আমি বলেই দিয়েছিলাম এটা ছোট গল্প হবে। সেক্ষেত্রে কম বড় করি নি। প্রায় পঞ্চাশ পর্বের কাছাকাছি এসে পড়েছে। এবার সমাপ্তি টানা প্রয়োজন। আশা করছি বাস্তবতা,পরিস্থিতি, চরিত্র বিশ্লেষণ — সব কিছুর সাথে মিল রেখে সমাপ্তি টা টানতে পেরেছি।
এবারে শুধু আপনাদের রিভিউ এর পালা। বছর খানেক ধরে দেখছি কাজিন রিলেটেড গল্প মানেই পাঠকদের এলার্জি। সেই ধারণা থেকেই ইচ্ছে জাগলো। ভাবলাম আমিও একটা কাজিন রিলেটেড গল্প লিখে ফেলি। গতানুগতিক ধারা থেকে গল্পে কতটা ভিন্নতা আনতে পেরেছি এটা আপনারাই বুঝতে পারবেন। আশা করছি গল্পের আলোচনা এবং সমালোচনা করে অন্যদের পড়ার জন্য আগ্রহী করে তুলবেন। তাছাড়া সমালোচনা গুলো আমাকে শুধরে দিতে সাহায্য করবে। ভালোবাসা রইলো, পরবর্তী গল্প গুলোতে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ!