গল্প #নাম_রেখেছি_বনলতা
#পর্বঃ১
#নাজমুন_নাহার
ইরাকে যেদিন প্রথম দেখলাম? মনের সঙ্গে পাল্লা দিয়ে প্রকৃতিটাও খুব বিষন্ন হয়ে উঠেছিলো সেদিন। এমন বিষন্ন বিষন্ন এক বিকেলেই ইরা নামক চঞ্চলা কিশোরীর আকস্মিক আগমন ঘটল আমার নিষ্প্রাণ জীবনে। বেকার, বেচালার আমি চাকরির সন্ধানে অস্থিরপ্রায় হয়ে শহরের উঁচু উঁচু দালানের অফিসগুলোতে ইন্টারভিউয়ের জন্য ছুটছি তখনও। অনিশ্চিত ভবিষ্যৎ আর স্বাদহীন জীবন নিয়ে বিরক্ত হয়ে উঠেছি প্রায়। হতাশা আর দুঃশ্চিন্তারা মস্তিষ্কে জেঁকে বসেছিলো মৌমাছির মতো করে। একরত্তি স্বস্তিতে বসার অবকাশ নেই। সেরকম দুশ্চিন্তাগ্রস্ত একটা দিনেই দেখা পাই তার! আমার রুপকথার ইরা! শরতের মমতাময় হাওয়ার মতো উষ্ণতায় মিশে মেয়েটা কী বশীকরণ তাবিজ নিয়ে সেদিন জীবনে এসেছিলো, কে জানে!
বৃহস্পতিবারের শেষ বিকেল। উত্তরায় এক বিশিষ্ট কোম্পানিতে ইন্টারভিউ শেষ করে মিরপুরের একটা টঙের দোকানে বসলাম। উদ্দেশ্য, চা খেতে খেতে মন-মেজাজ সহজ করা। কিন্তু চায়ের কাপে কয়েক চুমুক দিতে না দিতেই বাঁধল বিপত্তি। হুট করে ঝড়ো হাওয়া বইতে বইতে শুরু হলো তুমুল বৃষ্টি। চায়ের বিল মিটিয়ে তখনও বসে আছি পাখির বাসার মতো ছোট্ট টঙের দোকানেই। ভারী মুসিবতমূলক আবহাওয়া। এই বৃষ্টিতে বের হওয়া মানে, নির্ঘাত জ্বর বাঁধিয়ে টাকাপয়সার খোয়ানোর কুপোঘাত। মাসের শেষ সময়, পকেটের অবস্থাও ফাঁকা। এই সময়ে বৃষ্টিতে ভিজাটাও আমাদের মতো বেকারদের জন্য এক প্রকার বিলাসিতা। মামাকে আরও এক কাপ চা বানাতে বলে হুট করেই চোখ গেলো ফাঁকা রাস্তার পানে। এইটুকু সময়ের বৃষ্টিতে রাস্তার অবস্থা প্রায় ডুবো ডুবো। ঢাকা শহরের এই এক চির একঘেয়ে বিড়ম্বনা। সবকিছু নিয়ে এই শহরের বাড়াবাড়ি ধরনের ঢং। একটু বৃষ্টি হলেই পুরো শহরকে নদী হয়ে যেতে হবে? এই নদীমাতৃক রাস্তায় এখন কোন রিকশাওয়ালা চড়তে চাইবে? ধ্যাত!
চা খেতে খেতে হঠাৎ শুনতে পেলাম দোকানদার মামা বেশ আক্ষেপ করে বলে উঠলেন, "ইশশিরেএ! মাইয়াগুলার কোনো আক্কেল জ্ঞান নাই।"
আমি তার দৃষ্টি অনুসরণ করে সেই আক্কেল-জ্ঞান না থাকা মেয়েগুলোর দিকে তাকালাম। বুঝলাম, মামার আক্ষেপের যথাযথ কারণ রয়েছে। রাস্তার মাঝ বরাবর কলেজ ড্রেস পরিহিত দু'টো মেয়ে পাগলের মতো লাফিয়ে, দাপিয়ে ভিজছে। শৈশবের কোটা ছাড়ানো বয়সে এসে এদের এরূপ বাচ্চা বাচ্চা আচরণ বড়োই চোখে লাগার মতো। তাদের মধ্যে একজন বোধহয় একটু বেশিই পাগল। সে শুধু লাফিয়ে, দাপিয়েই ক্ষান্ত হয়নি। এই বাজ পড়া বৃষ্টিতেই ফুটপাতে হাত-পা ছড়িয়ে বসে পড়েছে। আকাশের পানে মুখ মেলে খিলখিল করে হাসছে। তার কার্যকলাপ দেখে মনে হচ্ছে, এর চেয়ে মজার ঘটনা সে তার জীবনে আর একটিও উপলব্ধি করেনি। শহরের মেয়েদের এসবও উটকো ঢং। বৃষ্টি নিয়ে এত কাহিনী করার মানে হয়! একপলক চেয়ে ফের উদাসীন ভঙ্গিতে চোখ ফিরিয়ে নিলাম।
সন্ধায় একটা টিউশনি ধরতে হবে মিরপুরের দিকেই। আজ-ই সেই বাসায় আমার প্রথম পদযাত্রা হতে যাচ্ছে। প্রথম দিনেই সময়জ্ঞান না থাকার কোনো অপবাদ নিতে চাচ্ছি না। মিরাজের কাছ থেকে যতদূর শুনলাম, যাকে পড়াতে হবে সেই মেয়েটা তার বাবা-মায়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তান হওয়াটা সমস্যা না। ব্যাপারটা হচ্ছে, সে ভয়ংকর অবাধ্য একটা মেয়ে। চরম দস্যি, ভারী সরস। তার যখন যা করতে ইচ্ছে হবে, সে সেটাই করবে। মনের মতো কিছু না হলে চেঁচামেচি, ভাঙচুর ইত্যাদি তার নিত্যদিনের মেলোড্রামা। এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি যদি কাউকে মানে, সেটাও নিজেকেই। তার মনের উপর কোনো তৃতীয় পক্ষের হুকুম চলে না। এমন জংলী কিসিমের মেয়েকে এর বাবা-মা কীভাবে সহ্য করে, কে জানে! এই মেয়ের যন্ত্রণায় ত্যক্তবিরক্ত হয়ে বহু গৃহশিক্ষকই হাল ছেড়েছে। একে কাবু করা খুব একটা সহজ কাজ না। এবার আমার পালা। হাল ধরার আগেই হতাশ হয়ে তার বাসায় কলিং বেলে চাপ দিলাম। এক মিনিটের মধ্যে চাকর শ্রেনীর একজন এসে দরজা খুলে দিলো। পরিচয় শুনে দোতলার দক্ষিণ দিকের একটা কক্ষে বসিয়ে প্রায় কয়েক পদের নাশতা সামনে এনে রাখল। খাবারের ধরন ভালো। বিদেশি আইটেম। পিৎজা আর স্যান্ডউইচের সাথে এক কাপ কফি। পেটে ইদুর দৌঁড়ানো খিদেরা জমাট বাঁধলেও ভদ্রতার খাতিরে তাৎক্ষণিক সেসব খাবার মুখে না তুলে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর একজন ভদ্রমহিলা এলেন। উনার পেছন পেছন এলো আমার সেই কুখ্যাত ছাত্রী। ভদ্রমহিলা সম্ভবত তার মা। ছাত্রী দাঁড়িয়ে আছে তার মা'য়ের আঁচল ধরে। এতবড় মেয়ে মা'য়ের আঁচলে নিজেকে আড়াল করে রেখেছে, ভাবতেই খুব হাসি পেলো। তার চোখ-মুখে চরম বিরক্তি। মেয়েটার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে, সে আমার কাছে পড়তে একেবারেই অনিচ্ছুক। তাকে সম্ভবত খুব বকাবকি করে পড়ার জন্য নিয়ে আসা হয়েছে। তা হোক, আমার কী!
আমি চেয়ার ছেড়ে উঠে সালাম দিলাম আন্টিকে। সালামের জবাব দিয়ে ভদ্রমহিলা বেশ সরল মুখেই বললেন, "মিরাজ তোমার খুব সুনাম করেছে। ইরার বাবা যে অফিসে চাকরি করে, তুমি নাকি সেখানে ইন্টারভিউয়ের জন্য গিয়েছিলো? ওর বাবাও খুব প্রশংসা করেছে তোমার। তোমার আম্মা নাকি অসুস্থ? উনি তোমার মা'কে নিয়েও খুব আক্ষেপ করলেন গতকাল। তোমার চাকরিটা তো বাবা অলমোস্ট হয়ে যেতো। উনার অফিসের কোন এক আত্মীয়ের সুপারিশের কারণে নাকি হয়নি। পরিচিত লোকদের বসিয়েছে।"
আমি অপ্রস্তুত হেসে বললাম, "চেষ্টা তো কম করছি না, আন্টি। যেখানে পা রাখি, সেখানেই ভেজাল আর দূর্নীতি। এসব অনিয়মের বেড়াজাল থেকে কবে বের হতে পারব, কে জানে।"
উনি বেশ কিছুক্ষণ আহাজারি করলেন আমার চাকরি জনিত সমস্যা নিয়ে। সাথে চাকরির সন্ধান করা যায় এমন কয়েকটা কম্পানির মালিকের ভিজিটিং কার্ডও দিলেন। প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিলেন। আমি জানি, এসব করে আদতেও কোনো ফায়দা হবে না। বরং আমার জীবন থেকে ঘন্টার পর ঘন্টা সময় প্রতিদিনকার মতো অকাজে ব্যয় হবে। তারা আমার ইন্টারভিউ নিবেন, প্রশংসা করবেন, তারপর চাকরিটা পাবে পকেটে মোটা অঙ্কের কাগজের নোট ফেলা লোকেরা, নয়তো সুপারিশ করা কোনো মামা-চাচাদের ভাগ্নেরা। ফলাফল শূন্য। শিক্ষিত বেকারত্বের খাতায় আমাদের অবদান এভাবেই তো বেড়ে চলেছে।
ইরা অসম্ভব বিরক্তি নিয়ে না চাইতেও শুনছে আমাদের রঙচটা বেকারত্বজনিত আলাপ। আন্টি একপলক তার মেয়ের পানে চেয়ে বললেন, "মেয়েটার সামনে ফাইনাল। সিলেবাস শেষ হয়নি। ইরার বাবা-র বিশ্বাস, তোমার কাছে পড়লে ইরার ইন্টারমিডিয়েটের রেজাল্টটা ভালো হবে। আমার মেয়েটা জেদি হলেও খুব তাড়াতাড়ি পড়া মনে রাখতে পারে। একটু ধৈর্য্য নিয়ে চেষ্টা করলেই কথা শুনবে।"
বিনয়ী হাসলাম। ভনিতা না করে সরাসরি বলে ফেললাম, "কিছু মনে না করলে একটা কথা বলতে চাই, আন্টি।"
"ওমা, কিছু মনে করবো কেন? বলো তুমি।"
ইরার অগ্নিমুখে একটুখানি চেয়ে বললাম, "আসলে চাকরি ছেড়ে টিউশনি করানোর ইচ্ছে আমার কোনোদিনই ছিলো না। বলা যায়, বাধ্য হয়েই কয়েকটা টিউশনি ধরতে হয়েছে। আপনার মেয়ের ব্যাপারে যা শুনলাম, সে সম্ভবত অনেকটা অন্যরকম। তার বেপরোয়া চালচলন সম্পর্কে আমি কিছুটা অবগত। আমি যেটা বলতে চাচ্ছি– আমাকে শেখানোর পরিবেশটা তৈরি করে না দিতে পারলে, খামোখা আমি তার পেছনে সময় ব্যয় করতে চাচ্ছি না। আমি আশা রাখব, আমার সাথে সাথে আপনারাও ব্যাপারটা নিয়ে সচেতন হবেন। বোধহয় বোঝাতে পেরেছি?"
আন্টি কিছুটা বিব্রত হয়ে হাসলেন। এবং ইরাকে নিয়ে আমাকে মিছিমিছি করেই আশ্বস্ত করলেন। ইরা নামক তপ্ত রমনী আমার এহেম হুশিয়ারীতে ভালোই অসন্তোষ হয়েছে। তার মা যেতেই বইপত্রের ব্যাগটা শব্দ করে টেবিলের উপর রেখে ধপাস করে চেয়ারে বসে পড়ল। আমি কিছুক্ষণ শীতল দৃষ্টিতে চেয়ে থেকে গম্ভীর মুখে শুধালাম, "বসলে কেন? আমি বসতে বলেছি?"
সে যেমন মেজাজ দেখিয়ে বসেছিলো সেভাবেই ধুপধাপ ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তার আগুনঝরা মেজাজ সম্পূর্ণ উপেক্ষা করে বললাম, "এইবার সভ্য মেয়ের মতো সালাম দাও।"
সে সভ্যতাকে বুড়ু আঙুল দেখিয়ে অসভ্য মেয়ের মতো রসিয়ে রসিয়ে সালাম দিলো। সালামের উত্তর করে আদেশ করলাম, "শিক্ষকদের সামনে বসতে হলে তাদের অনুমতি চাইতে হয়। সবসময় সন্মান করবে তাদের। অনুমতি নিয়ে যে-কোনো কাজ শুরু করবে। নাউ টেইক মাই পারমিশন ডিসেন্টলি।"
বেজায় খেপেছেন ম্যাডাম। চোখ দিয়েই গিলে ফেলার দৃষ্টিতে চেয়ে রইল ইরা। নোখ দিয়ে টেবিলে রাখা ব্যাগটা খুঁটতে খুঁটতে প্রায় সেটার ছাল তুলে ফেলার পথে। আমার ভাবভঙ্গি তখনও শীতল। ব্যাগ থেকে তার স্কেলটা বের করে জোরে দু'টো শব্দ করলাম টেবিলে। আধপাগল ইরা দাঁতে দাঁত পিষে কিছুটা বাধ্য হয়েই আমার অনুমতি চাইল এবার। চিবিয়ে চিবিয়ে বলল, "আমি কি বসতে পারি, স্যার?"
ইরার কন্ঠস্বরের এই প্রথম শ্রবণ আমার। মেয়েটা এত মিষ্টি করে কথা বলে! ওর ওই একটা বাক্যতে কী ছিলো, কে জানে! চট করে সমস্ত নিয়মনীতি ভুলে আড়চোখে তাকালাম। ছেলে হিসেবে আমি সভ্যতার খাতায় যথেষ্ট আদর্শ ও জেন্টাল। কেবল ওর ওই বাবুইপাখির মতো কন্ঠের প্রতি ইশৎ কৌতুহল থেকেই তার দিকে তাকানো। ইরা বিরক্তি নিয়ে তখনও ব্যাগ খোঁচাচ্ছে। এমন মিঠা স্বরের একটা মেয়ে এতটা বদমেজাজি আর উগ্র কীভাবে হতে পারে, আমার বিস্তর মগজে আঁটে না। আমি আগের মতোই গম্ভীর গলায় বললাম, "বসো।"
সে আবারও ধপাস করেই বসল। বিস্ময়ে চোখ দু'টো আমার চড়কগাছ। এমন অদ্ভুত কিসিমের ভদ্রতা আমি আমার চৌদ্দ পুরুষের জন্মে দেখিনি। মেজাজ কিছুটা খারাপ হলো। কর্কশ কন্ঠে শুধালাম,"নাম কী?"
সে সেকেন্ড দু-একের মধ্যে কাটকাট গলায় জবাব দিলো, "জুবায়দা প্রধান ইরা ।"
"পড়া শেষ হলে ট্রেন ধরতে হবে? এত ব্যস্ত হয়ে নাম জপছো কেন? মেয়েমানুষ না তুমি? সবসময় ধীরেসুস্থে কথা বলবে।"
রোবটের মতো মাথা দোলালো মেয়েটা। সেটাও পরিপূর্ণ জেদ থেকেই।
"লাস্ট সবগুলো সেমিস্টারের মার্কশীট দেখাতে পারবে?"
সে মাথা দু'দিকে নাড়িয়ে অসম্মতি প্রকাশ করলো। অর্থাৎ, ওসব সে দেখাবে না। তার মুখে আধার, চোখে আগুন। আমাকে আর কিছু বলাকওয়ার সুযোগ না দিয়ে এবার ইরা বিজ্ঞের ন্যায় এবার আমার ইন্টারভিউ নেওয়া শুরু করল। শয়তানি সুরে জিজ্ঞেস করল,"স্যার, আপনার এডুকেশনাল কুয়ালিফিকেশন কী? কোন কোন ডিগ্রি অর্জন করেছেন?"
আমি বেশ কিছুক্ষণ নিরুত্তর থেকে শান্ত গলায় জবাব দিলাম, "আমার জানা মতে,তোমার সিলেবাসে আমার এডুকেশনাল কুয়ালিফিকেশনের চ্যাপ্টার নেই, ইরা। আমাকে তোমার ইংরেজি পড়ানোর শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি সেই বিষয়ে যথেষ্ট পারদর্শী। তাই আপাতত আমরা ইংরেজি গ্রামারের বেইসিক রুলস শিখবো। আমার এডুকেশনাল কুয়ালিফিকেশন তোমার পরিক্ষায় কমন পড়ার চান্স নেই। নাউ কিপ কুয়াইট এন্ড ওপেন ইউর ইংলিশ সেকেন্ড পেপার বুক।"
ইরাবতী আমার নির্দেশনা সম্পূর্ণ অগ্রাহ্য করে তার ইন্টারভিউ অব্যাহত রাখল। গুরুতর ভঙ্গিতে বলতে আরম্ভ করল, "পড়ার জন্য পুরো ভবিষ্যৎ পড়ে আছে, স্যার। বাবা এত বিশ্বাস করে আপনাকে আমার পড়াশোনার দায়িত্ব দিয়েছে, একজন সচেতন কন্যা হিসেবে আপনি আদতেও কোনো পড়াশোনা করেছেন কি-না জানতে হবে না? আমার বাবা-র কষ্টের টাকা তো আর যাকে তাকে দিয়ে দেওয়া যায় না। টাকা ইনকাম করা অত সহজ না। আমার সব প্রশ্নের যথাযথ উত্তর করতে পারলেই আপনি আমার শিক্ষক হিসেবে পাশ।"
আমি তার ওসব পাশ-ফেইলের হিসেব উপেক্ষা করে ব্যাগ থেকে ইংরেজি বই বের করে কাঙ্ক্ষিত চ্যাপ্টার তার চোখের সামনে মেলে ধরতে ধরতে বললাম, "মাঝ রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গ করে রিকশা থামিয়ে বৃষ্টিতে ভিজাটা খুব সচেতনতার কাজ? পড়া থেকে বাঁচতে নিজের গৃহশিক্ষকদের ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করে তাদের নামে বাবা- মা'র কাছে বদনাম রটানোটা সচেতনতার কাজ? সামান্য প্রেমের প্রস্তাব দেওয়ার বিপরীতে ভরা ক্লাসে নিজেরই ক্লাসমেইটের মাথা ফাটিয়ে দেওয়াটা খুব সচেতনতার কাজ? যদি এসবের নামই হয় সচেতনতা, তবে তুমি এতদিন সচেতনতার ভুল ব্যাখ্যা জেনে এসেছো। সঠিকটা শেখানোর জন্যই তোমার বাবা আমাকে নির্বাচন করেছে। পড়াশোনায় ফাঁকিবাজি আর মুখেমুখে তর্ক করা, দু'টোই আমার অপছন্দ। আমি যখন পড়াতে আসব, তোমার শতভাগ মনোযোগ হওয়া চাই বইয়ের পাতায়। অতিরঞ্জিত নাটকীয়তা আর ভুলভাল আচরণ দেখলে তোমার কপালে শনি আছে। আমি কিন্তু মোটেও মেয়ে ভেবে কম্প্রোমাইজ করবো না।"
ইরা হতচকিত হয়ে চেয়ে রইল। তার চতুরতার কীর্তিকাহিনী সম্পর্কে আমি যে এতটা অবগত, সেটা বোধহয় মেয়েটা ঘুনাক্ষরেও টের পায়নি। ভেবেছিলাম ইরা ভয় পাবে। কিন্তু না! এই মেয়ের চোখে ভয়ের লেশমাত্র নেই। সে আগের মতো আত্নবিশ্বাসী রইল। খানিক দম্ভের সাথে বলল, "আপনি কি নিজেকে খুব স্মার্ট মনে করছেন, হু? প্রথম অবস্থায় সবাই-ই এমনটা মনে করে। ব্যাপার না, আমার শিক্ষক তাড়ানোর রেকর্ড ভালো। আপনার সঠিক ধারণাকে ভুল প্রমাণ করতে আমার খুব বেশিদিন লাগবে না।"
ওর বলার ধরনে রাগের বদলে হাসি পেলো। কোনোমতে নিজের হাসি দমিয়ে রেখে দৃষ্টি বইয়ের পাতায় নিবদ্ধ রেখেই জবাব দিলাম, "উঁহু, নিজেকে স্মার্ট মনে করছি না। তবে তুমি বোধহয় তোমাকে একটু বেশিই বুদ্ধিমতী মনে করছো। বুদ্ধিমতী হওয়া কিংবা মনে করা কোনোটাই দোষের না। তবে বুদ্ধি অকাজে ব্যবহার করাটা দোষের। তোমার মতো সুতার্কিক একটা সম্পদকে বাংলাদেশ কিছুতেই হারাতে চায় না,ইরা। বুদ্ধি অপচয় করো না। তাকিয়ে আছো কেন? নজর বইয়ে। ডিসকাউন্ট হিসেবে আধাঘন্টা বেশি পড়াবো। হ্যাপি?"
ইরা হ্যাপি হলো না৷ তাকে আনহ্যাপি করেই সেদিন টানা দু'ঘন্টা পড়ালাম। ঠিক পড়ালাম বললে ভুল হবে। রীতিমতো চিরতার পানির মতো করে পড়াগুলো গিলালাম। প্রথম দিনেই ঠাসা ঠাসা হোমওয়ার্ক দিয়ে তাকে নাস্তানাবুদ করে দিয়েছি। পুরোটা সময় চেহারাটা অমাবস্যা করে রেখেছিলো সে। হতাশ ইরা প্রায় কেঁদেই ফেলত। মেয়েটা পড়াশোনায় একেবারেই অমনোযোগী।
এভাবেই এই তারকাঁটা ছাত্রীকে নিয়ে তিন সপ্তাহ কেটে যায়। শেষ গত বৃহস্পতিবার ওকে পড়ানোর পর থেকে প্রায় দু'দিন তার সাথে আমার দেখাসাক্ষাৎ হয়নি। ইরা ওর কাজিনের বিয়ের সুবাদে এক সপ্তাহের জন্য চট্টগ্রাম গিয়েছিলো। তিনদিনের দিন রাত করে হঠাৎ ফোন করে বসল ইরা। মাঝরাতে ফোনের আওয়াজ পেয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। আম্মার কিছু হলো কি-না, সেই বিপদ আশঙ্কা করে ধড়ফড়িয়ে উঠে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ইরা ফিসফিস করে বলে উঠল, "স্যার, খুব ইম্পরট্যান্ট একটা কথা বলবো। মন দিয়ে শুনবেন।"
ঘুমের ঘোরে কয়েক সেকেন্ড লাগল ব্যাপারটা বুঝতে। জোরে দু'টো শ্বাস নিয়ে শুধালাম, "কী কথা ইরা? কোনো সমস্যা? আঙ্কেল-আন্টির শরীর ভালো?"
"ভালো ভালো। আমি ভালো, আঙ্কেল-আন্টি ভালো, জোজোও ভালো। ইনফ্যাক্ট আমার চৌদ্দ গোষ্ঠী ভালো।"
জোজো ইরার পোষা বেড়াল। ইরার চৌদ্দ গোষ্ঠীর ভালোমন্দের কথা আমি তাকে জিজ্ঞেস করিনি, মেয়েটা তবুও বলল। বাড়িয়ে বাড়িয়ে বকবক করাটা তার পুরোনো স্বভাব। বেড়ালসহ ইরার চৌদ্দ গোষ্ঠীর ভালো থাকার কথা শুনে কিছুটা শান্ত হয়ে আগ্রহ নিয়ে শুধালাম, "তাহলে? এত রাতে কেন ফোন করলে?"
সে ছলচাতুরী না করে সরাসরি বলে বসল, "স্যার, আপনার গার্লফ্রেন্ডের নাম চিত্রা না?"
আমি কিছুটা চমকে উঠলাম। সাথে হারালাম কথা বলার চেতনা। এই রাত করে এটা জানতে ফোন করেছে সে? ইরা আবারও জানতে চাইল, "কী হলো, স্যার? আপনি কি লাইনে আছেন? কথা বলছেন না কেন?"
দীর্ঘশ্বাস ফেললাম অতিষ্ট ভঙ্গিতে।
"ও আমার গার্লফ্রেন্ড না, ইরা। তার সাথে দু'বছর ধরে আমার কোনো সম্পর্ক নেই।"
ইরাকে আমি মিথ্যে বলেছি। চিত্রার সঙ্গে আমার সম্পর্ক নেই, কথাটা সত্যি না। কয়েক সপ্তাহ ধরে আমাদের মধ্যে মান-অভিমান চলছে। তবে সে কথা ইরাকে জানানোর প্রয়োজনবোধ করলাম না। তিলের তথ্য নিয়ে এই মেয়ে নিমিষেই তাল বানিয়ে পুরো শহর রটিয়ে ফেলতে পারবে। এই সক্ষমতা তার আছে।
ইরা বেশ অসন্তোষ স্বরে বলল, "অ্যাহহহ! ব্রেকাপ হয়ে গেলো? এখন কী হবে!"
"এখন কী হবে মানে? কী হবে এখন?"
"আমি তো প্রেমিকা ভেবে ফাঁকা মাঠে খাটলাম। এই বেকার গোল দিয়ে এখন আমি কি করবো, স্যার?"
শেষের কথাটা ইরা কেমন হতাশার স্বরেই বলল। আমি বিভ্রান্ত হলাম।
"মানে?"
"মানে কিছুই না,স্যার। গুড নাইট।"
বলেই ফট করে ফোনটা কেটে দিলো মেয়েটা। আমি নির্বোধের মতো শুয়ে সিলিংফ্যানের দিকে চেয়ে রইলাম। কয়েক মিনিটের মধ্যেই মিরাজ ফোন করল। কোনোপ্রকার যদি-কিন্তু ছাড়াই বলে উঠল, "ইরা কাজটা একেবারেই ঠিক করেনি। ও কোনোদিনও শুধরাবে না। খালাকে আমি নালিশ করবো এই ব্যাপারে।"
বিরক্ত গলায় বললাম, "রাত করে ভং না ধরে আসল ঘটনা বল। ইরা আবার কী করেছে?"
"চিত্রার সঙ্গে কথা হয়নি তোর?"
"না।"
"স্যরি দোস্ত। ইরা যে তোর সাথেও এমন কিছু করে বসবে, আমি বুঝতে পারিনি। তুই চাইলে ওকে পড়ানো বন্ধ করে দিতে পারিস। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না!"
আমি কিছুটা বিরক্ত হলাম। এই মাঝ রাত্তিরে দুই খালাতো ভাই-বোন মিলে কী যন্ত্রণা শুরু করলো! এদের সমস্যা কী?
ওকে মৃদু ধমকে বললাম, "ইনিয়েবিনিয়ে সারাংশের রচনা তৈরি করা আমার একেবারেই অপছন্দ, মিরাজ। কী হয়েছে সোজাসাপটা বল।"
হতাশ শ্বাস ফেলল মিরাজ।
"ইরা চিত্রাকে ফোন করে বলেছে, তুই ইরাকে পছন্দ করিস। ইরাও তোকে পছন্দ করে৷ চিত্রার জন্য তোরা এক হতে পারছিস না। চিত্রা নিজের ইচ্ছেতে যেনো তোর সাথে ব্রেকাপ করে নেয়, এটাও হুমকি দিয়েছে। বাসায় নাকি তোদের বিয়ের কথা হচ্ছে। ঘটনা একেবারে পাকাপাকি পর্যায়ের অবস্থায়। ভেজালটা শুধু চিত্রা। ব্রেকাপটা হয়ে গেলেই নাকি তুই ইরাকে বিয়ে করে ফেলতে পারবি।"
মাথার উপর তিন পাখার সিলিংফ্যান ঘুরছে। সাথে বিচ্ছিরি ভেঙ্গরভেঙ্গর শব্দ। শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ ফ্যানের দিকে চেয়ে থেকে ফোনটা কেটে দিলাম। চোখে কয়েকশো বছরের ঘুম। মাথায় একসঙ্গে জটলা পাকিয়েছে হরেক রকমের ভাবনা'রা। সেসব বস্তায় ভরে গঙ্গায় ফেলে আপাতত ঘুমের আশায় আয়েশ করে চোখ বুজা দরকার। ইরাকে ঠিক কোন কোন মশলার সঙ্গে বারবিকিউ করা যায়, একমনে তারও একটা লিস্ট করে ফেললাম। আমার ছাব্বিশ বছর বয়সের জীবনটাকে সে ছাব্বিশ দিনেই একেবারে জাহান্নাম বানিয়ে ফেলেছে। হায়রে গোবর লেপ্টানো কপাল! হায়রে আমার মাথাপাগল ছাত্রী!
[আমার গল্পের আড্ডার গ্রুপে জয়েন হতে চাইলে লিংক👇
https://www.facebook.com/share/g/162HGWHqn7/ ]