গল্প #নাম_রেখেছি_বনলতা
#পর্বঃ২
#নাজমুন_নাহার
ওহহ! ইরার আমলনামা জপতে জপতে আমার নামটাই তো আপনাদের বলা হলো না। যার গল্প পড়ছেন, সেই ক্ষুদ্র মানবের উপেক্ষিত পরিচয়টুকু জানবেন না? বাবা-মা আকিকা দিয়ে কত আহ্লাদ করে নাম রেখেছে। এই নাম কেবল নিজের মধ্যে চেপে রাখলে পাঠকসমাজ আবার আমায় বেনামি আত্নকথকার মনে করে বসবে।
আমি প্রিয়ম। মেহেদী হাসান প্রিয়ম। স্নাতক শেষ করে চাকরির বাজারে দৌড়ঝাঁপ করছি আপাতত। পড়াশোনার ইস্তাফা টানিনি। মাস্টার্সে ভর্তি হয়েছি। ঠেলাগাড়ীর চাকার গতিতে ক্যারিয়ার আর পড়াশোনা, দু'টোই চলছে। গ্রামে আম্মা আর একটা ছোট বোন আছে। আমার বাবা নেই। আব্বা আমার সাত বছর বয়স চলাকালীন সময়ে রোড এক্সিডেন্টে মারা যান। তারপর থেকে পুরো পরিবারের দায়িত্ব আমার ছোট্ট কাঁধের উপর। আব্বা মারা যাওয়ার পর থেকে অভিভাবক বলতে আমি শুধু আমার আম্মাকেই বুঝি। আম্মা আমার জীবনের একমাত্র সংগ্রামী নারী! তার সংগ্রামের গল্প না-হয় আপনাদের আরেকদিন শোনাবো। আপাতত চিত্রার প্রসঙ্গে আসি।
চিত্রা আমার প্রেমিকা। প্রেমিকা হলেও আমাদের মধ্যে গত দু'বছর ধরে ঠিক কোন ধাঁচের প্রেম চলছে, আমার জানা নেই। গোটা প্রেম ব্যাপারটাই এই মুহূর্তে আমার কাছে এক গোলকধাঁধার বেড়াজাল। তবে আমরা দু'জন দু'জনকে প্রেমিক-প্রেমিকা হিসেবেই পরিচয় দেই। চিত্রা আর আমার সম্পর্কটা অনেকটা শীতের শেষের রিক্ত আবহাওয়ার মতো। একেবারে রসকষহীন, মলিন। গত সাতশো তিরিশ দিনে শেষ কবে চিত্রাকে মিস করে আমি ঘুমাতে গিয়েছি, আমার মনে পড়ে না। প্রেমিকাকে মিস করার সেন্সুয়াশনে আমি প্রিয়ম বরাবরই অপারগ। এই শহরে সকলেই প্রেমে পড়লে মজনু হয়, আর আমি হই হিমু। চিত্রাকে মাঝেমধ্যে রুপা ভাবতে মন্দ লাগে না। চিত্রা হুমায়ুন আহমেদের সেই কাল্পনিক চরিত্র, যার কি-না প্রেমিকের উদাসীনতা নিয়ে আহামরি অভিযোগ নেই। আমি বেলায় বেলায় না তাকে ফোন করি, না অন্যান্য প্রেমিকদের মতো তাকে শাসন-বারণের শেকলে আঁটকে রেখেছি। সে এক মুক্ত প্রেমিকা। নিজের মনের খাঁচা খুলে যাকে আমি মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছি সেই শুরু থেকেই। চিত্রা নামের কেউ যে আমার জীবনে আছে, সেটাও বোধহয় বেমালুম ভুলে বসি মাঝেমধ্যে।
চিত্রা আর আমার মাঝে বিচ্ছেদ না হয়ে গেলেও বিবেধটা তৈরি হয়েছে আমার বেকারত্বকে ঘিরেই। সম্ভবত তার জন্য বাসা থেকে সরকারি চাকুরি করা কয়েকটা পাত্রের প্রস্তাব এসেছে। এরই সূত্র ধরে চিত্রা পাড়ার কাকিমাদের মতো করে আমার বেকারত্ব নিয়ে ক'দিন খোঁটা শোনাচ্ছে। খুব শীগ্রই যেনো তার বাবা-র সামনে গিয়ে বিয়ের প্রস্তাব রাখি, সেটাও কড়াকড়িভাবে বলেছে। সেই একই বাঙালী ট্রাজেডি সিনেমার দৃশ্য। প্রেমিকার বাবাকে ভোলাভালা মুখ করে বলতে হবে, "বাবা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মেয়ে দিন, নয়তো এক্ষুণি আমার জান নিন। আপনার মেয়েকে ছাড়া আমি বাঁচতে চাই না!"
প্রেমিকার বাবা-র আমার জানের প্রতি কোনো আগ্রহ থাকবে না। ওই দুই টাকার জান নিয়ে বেচারা কী-ই বা করবে? সে আমার ওভার-রেটেড স্ক্রিপ্টের নাটকীয় সংলাপ উপেক্ষা করে খলনায়কদের মতো জিজ্ঞেস করবে, "আমার মেয়েকে বিয়ে করার মুরদ আছে? কত কামাই করো, শুনি?"
আমার কি তখন বেদনাদায়ক দৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্য করে হাসা উচিৎ? ওমর সানীর মতো করে প্রেমিকার বাবা-র ডুপ্লেক্স বাড়ির সিঁড়িতে হাত রেখে কাঁদো কাঁদো ঢঙ্গে বলা উচিৎ, "ভালোবাসা মুরদ ফুরদ দিয়ে হয় না, বাবা। ভালোবাসার জন্য প্রয়োজন একটা খাঁটি মনের। যেটা আমার সলিড আছে। আমি আপনার মেয়েকে মন দিয়ে ভালোবাসি। যার কাছে পৃথিবীর সমস্ত মূল্যবান সম্পদও ফিকে।"
হাসবেন না। কারো দূর্দশার কথা শুনে ফট করে হেসে ফেলাটা নির্দয়তার লক্ষণ। চিত্রাকে নিয়ে এত আবেগ আমার কোনোকালেই ছিলো না। শুধুমাত্র প্রেমিক পদের দায়িত্ব থেকেই এসব নিয়ে দুঃশ্চিন্তা। আপাতত আমার এহেম দৈন্যতার কারণেই আমি তার বাবা-র সম্মুখে দাঁড়ানোর সাহস পাচ্ছি না। কোন বাবা চাইবে তার কন্যাকে একটা পকেট ফাঁকা, খয়রাত ছেলের হাতে তুলে দিতে? তার পরেও আদর্শ প্রেমিকের মতো চিত্রার কাছ থেকে আমি আর দু'টো মাস ঋন চাইলাম। আমাকে সে দু'টো মাস বৈকি দু'টো দিনও দিতে চায় না কথাটা বলেই ফোন কেটে দিলো!
চিত্রা ভীষণ শান্তিপ্রিয় একটা মেয়ে। বিলাসিতায় জীবন কাটানো তার বিরাট স্বপ্ন। অভাব-অনটন চিত্রার চোখের বিষ। আমার কাছ থেকে শুরুতে অনেক কিছুই আশা করতো। আমি সেসব বুঝতাম। আমার এই অর্থশূন্য জীবন সম্পর্কে শুরুতে মেয়েটা একেবারেই অবগত ছিলো না। প্রেমের প্রস্তাবটা যদিও তার পক্ষ থেকেই প্রথম ছিলো। বেচারি তখন আমার ভেতরকার খয়রাতী প্রিয়মটাকে বুঝতে পারলে ভুল করেও সেদিন প্রেমপত্র লিখে বসত না। আমার পক্ষ থেকে কোনোপ্রকার প্রচেষ্টা ছাড়া সে কীভাবে আমার প্রেমে পড়ে গেলো, এটাও রহস্য। যদিও ছোটবেলা থেকে আম্মার কাছ থেকে আমি শুনে এসেছি, মানুষকে আকৃষ্ট করার এক অসাধারণ ক্ষমতা আছে আমার চেহারায়। গায়ের রঙ শ্যামবর্ণ হলেও আমার মুখে নাকি আশ্চর্য এক মায়া খুঁজে পান তিনি। আমি খুব সহজে হাসি না। তবে মাঝেমধ্যে যে নীরব হাসি আমার ঠোঁটে ফুটে উঠে, তার মধ্যে নাকি অদ্ভুত বশীকরণ ক্ষমতা আছে। সেই হাসি আর চেহারার মায়াতেই হয়তো কোনো একদিন ফেঁসে গেছে চিত্রাও। তবে ইরার মুখে ওসব আজগুবি মিথ্যে শুনেও এখন পর্যন্ত চিত্রা কেন কোনো কঠিন প্রতিক্রিয়া দেখাচ্ছে না, সেটাও আশ্চর্যের বিষয়। প্রেমিককে অন্য কেউ লুফে নিচ্ছে শোনার পর অন্যান্য প্রেমিকারাও কি এমনই স্বাভাবিক নীরবতা দেখায়? কী জানি!
ইরা'রা ঢাকায় ফিরল এক সপ্তাহ পর। এই এক সপ্তাহে দূরে থেকেও মেয়েটা আমাকে কম জ্বালান জ্বালায়নি। হুটহাট ফোন করে তার আজব আজব প্রশ্ন। গতকাল সকালের নাশতার জন্য চুলায় গরম তেলে ডিম ছাড়তেই সে ফোন করে জানতে চাইছে, "স্যার, মাছের তো পাখা আছে। তাহলে ওরা উড়তে পারে না কেন?"
এমন আরও শ'খানেক বু্দ্ধিদীপ্ত প্রশ্ন সে আমাকে নিয়মিতই করে থাকে। তার বুদ্ধির দৌরাত্ম খুব শীগ্রই যে আমায় পাবনায় পাঠানো অব্ধি ক্ষান্ত হবে না, সে-ও আমি নিশ্চিত। তার অতি যৌক্তিক প্রশ্নের উত্তর না করে চুপচাপ শুনে গেলাম। এই মেয়ের আচরণে ধীরে ধীরে বোধহয় আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি। তার এত এত উদ্ভট কর্মকান্ডের পরেও আমার মতো ধৈর্য্যহীন মানুষ কী করে তাকে সহ্য করে ফেলছে, সেটাও বিরাট গোলকধাঁধা।
আজ দুপুরবেলার আরেক ঘটনা। লাঞ্চ করে কেবল বাসা থেকে বের হলাম। রিকশায় উঠতেই ম্যাডামের ফোন! কল রিসিভ করতেই ইরা বরাবরের মতো সালাম, আপনি-আজ্ঞের ভদ্রতা ভুলে গড়গড় করে বলতে শুরু করলো, "স্যার, একটা বড়সড় বিপদে পড়েছি। আপনি ছাড়া এই বিপদ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। সমস্যাটা জটিল। কারণ বিপদটা আমার না, আমার বান্ধবীর।"
এই মেয়ের বিপদ, আর দুধে মাছি পড়া একই কথা। সেদিনকার ব্যাপারটা যে আমি জানি, সেটা ইরাকে তখনও বুঝতে দেইনি। মনে মনে একে শায়েস্তা করার ইচ্ছেটুকুও দমাতে পারছিলাম না। তবে আপাতত থাক সেসব।
আমি হতাশ শ্বাস ফেলে বললাম, "তোমাকে কতবার বলেছি–ফোন করে আগে সালাম দিবে, তারপর বাকি কথা। ইরা তুমি কোন চালের ভাত খাও, বলো তো?"
"কেন স্যার? আপনার বাসার চাল শেষ? চাল কিনবেন?"
"একটা থাপ্পড় লাগাব!"
আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, এত বড় ধমকের পরেও ইরা মিটিমিটি হাসছে। ভয়ের নামগন্ধ নেই তার মনে। না থাকারই কথা! শিরায় শিরায় বাঁদরামি কি-না!
"স্যরি, স্যার। এক্সাইটমেন্টে ভুলে গিয়েছি।"
"এক্সাইটমেন্টে প্রতিদিনই ভুলে যাচ্ছো। এক্সাইটমেন্ট কমাও। অকারণে এক্সাইটেড হওয়াটা মানসিক সমস্যার লক্ষ্মণ। ইট’স হার্মফুল ফর ইউর ব্রেইন।"
আমার এই সুক্ষ অপমানের বিপরীতে ইরা সরাসরি জবাব না দিলেও বেশ কিছুক্ষণ নীরবে বিড়বিড় করলো। ও যে ইতোমধ্যেই শ'খানেক অশুদ্ধ গালি দিয়ে বসেছে, তা-ও না বুঝার নয়। তার একপাক্ষিক তর্ক শেষ হলে সে তার অতি জটিল এবং গুরুতর সমস্যার দিকে মনোনিবেশ করলো।
"আমার বেস্ট ফ্রেন্ড লাড্ডুকে তো দেখেছেন?"
বিরক্তিতে ভ্রু কুঁচকে এলো আমার। কী বলছে মেয়েটা!
"হুয়াট! কাকে দেখেছি?"
"লাড্ডু। আমার বেস্ট বাডি। সেদিন বৃষ্টিতে ভিজেছিলো যে আমার সাথে, ওই মেয়েটা। দেখতে একটু মোটুগোটু তো, তাই লাড্ডু নাম দিয়েছি। গতকাল ওর সাথে কি হয়েছে জানেন?"
আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, "তোমার বান্ধবীর সাথে কী ঘটেছিলো, সেটা তো আমার জানার কথা না।"
ইরা ফিসফিসে স্বরে বলা শুরু করলো, "গতকাল রাতে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য লাড্ডু ছাঁদে উঠেছিলো, বুঝেছেন? কথা বলার মাঝে হঠাৎ ও একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়।"
"তাতে অবাক হওয়ার কী আছে? বাচ্চা কি এলিয়েন কিসিমের বিস্ময়কর কিছু? বাচ্চা একটা জীবন্ত প্রাণ, কান্নার আওয়াজ শুনতেই পারে। ডায়নোসরের কান্নার আওয়াজ তো আর শোনেনি।"
ইরা বিরক্ত হয়ে বললো, "মাঝখানে কথা বলবেন না, স্যার। দ্যিস ইজ ব্যাড ম্যানার্স।"
বাহ! এর মতো পাবনা সার্টিফাইড রমণীর কাছ থেকে এখন আমাকে ম্যানার্স শিখতে হবে!
ইরা আগের মতোই বলতে শুরু করলো,
"প্রথমে তো পাত্তা দেয়নি। কথা বলছে, কথা বলছে এমন সময় আনমনে কী ভেবে পেছন ফিরে তাকাতেই দেখলো, একটা চার পা ওয়ালা মহিলা গাজর খেতে খেতে নৃত্য করছে। কী সাংঘাতিক কথা! গাজর খেতে খেতে কেউ আবার নৃত্য করে? দেখেছেন কখনও? বাপরে! শুনেই তো আমার আত্না কাঁপা-কাঁপি দশা। বলুন তো স্যার, ব্যাপারটা চিন্তার না?"
একজন মানুষের চার পা আছে, সেটা নিয়ে ইরার ভাবাবেগ নেই। সে চিন্তিত কেন সেই আগন্তুক গাজর খেতে খেতে নৃত্য করবে? গাজর কি নৃত্য করার সময় খাওয়ার জিনিস? ইয়া মাবুদ! এ আমি কার পাল্লায় পড়লাম!
ট্রাফিকে আঁটকে হর্নের শব্দে মাথা ঝালাপালা হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে ইরার আজগুবি বকবকানি আরও বিরক্তিকর ঠেকলো। আমি ত্যক্ত হয়ে বললাম, "ইরা ফোন রাখো। তোমার সমস্যার কথা আমি সন্ধায় এসে শুনবো।"
"সন্ধায় আমার মুড থাকবে না। আপনাকে এক্ষুনি শুনতে হবে।"
"কী থাকবে না?"
"মুড।"
"তুমি যা সমস্ত কথা বলো, এসব আদতেও কেউ বুঝতে পারে? মুড না থাকাথাকির কী হলো? আশ্চর্য!"
"স্যার আপনি বুঝতে পারছেন না। যখন যা করতে, বলতে ইচ্ছে হয় সেটা তাৎক্ষণিক না করলে আমার মুড নষ্ট হয়ে যায়। পরে আর সেটা করার অনুপ্রেরণা থাকে না। ধরুন, আপনার এখন খুব খিদে পেয়েছে? আপনার আম্মু এখনের খাবার আপনাকে রাতে গিয়ে যদি খেতে দেয়, আপনার আর খেতে ইচ্ছে করবে? খিদে মরে যাবে না? ট্রাই টু গেট দ্য পয়েন্ট, স্যার। ব্যাপারটা মনস্তাত্ত্বিক।"
আমি আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিলাম। নিজে থেকে না কাটলে এই রেডিও মেশিন তার মুখ থামাবে না।
বিকেলে যাত্রাবাড়ীর দু'টো টিউশন শেষ করে মিরপুরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা। এটা প্রতিদিনই হচ্ছে। যার কারণে আজকাল ইরাকে একটু সন্ধার দিকেই পড়াতে হয়। ওদের বাড়ির গেইটে ঢুকেই নজরে পড়ল ইরার বারান্দার পোষা টিয়াপাখিটাকে। ইরার পাখিটা কথা বলতে জানে। সে-ও ইরার চেয়ে কম যায় না। এই বদমায়েশ পাখি আমাকে ডাকে কিনা 'বিটকেল স্যার' বলে। এসব যে আমার গুণবতী ছাত্রীই শিখিয়েছে, সে বিষয়েও কোনো সন্দেহ নেই।
বাসার বেল চাপতেই আজ বুয়ার বদলে দরজা খুললো ইরা। আমি ভেতরে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলাম, "বাসায় কেউ নেই?"
ইরা চোখ বড় বড় করে বললো, "আমাকে কি আপনার চোখে লাগছে না?"
"সেটা বলিনি। আঙ্কেল-আন্টি আছে কি-না জানতে চেয়েছি।।"
ইরা মুখে চুইঙ্গামের বাবল ফুলাতে ফুলাতে বলল, "ওহহ, বাবা আর আম্মু নেই।"
"কোথায় গেছে?"
"ওদের আজকে বিশতম বিবাহ বার্ষিকী। এই দিনেই বাবা আম্মুকে জোর করে বিয়ে করেছিলো।"
"কী আশ্চর্য কথা! জোর করে বিয়ে করেছিলো মানে?"
"জোর করে বিয়ে করেছিলো মানে জোর করে বিয়ে করেছিলো। সিনেমাটিক ঘটনা। আম্মু তো বাবাকে বিয়ের আগে সহ্যই করতে পারতো না। কিন্তু বাবা তো আমার খাঁটি প্রেমিক পুরুষ। দু বছর পেছন পেছন ঘুরেছে। আম্মু পাত্তাই দেয়নি! বাবাও নাছোড়বান্দা। পছন্দ করেছে যাকে, তাকে কি আর অন্য কারো হতে দেওয়া যায়? শুনেছে আম্মুর জন্য অন্য কোথাও বিয়ের কথা হচ্ছে, ব্যাস! বাপ-চাচাদের নিয়ে হামলে পড়লো আম্মুদের বাড়িতে।"
"কী ভয়ানক কান্ড! তোমার বাবা-র বংশের লোকেরা গুন্ডা নাকি?"
ইরা খিলখিলিয়ে হেসে ফেললো, "কেন স্যার, ভয় পাচ্ছেন?"
আমি ধমকের স্বরে বললাম, "আশ্চর্য! আমি খামোখা ভয় পেতে যাবো কেন?"
ইরা হাসি থামিয়ে বললো, "গুন্ডা না, তবে আমার দাদুর বংশের সবাই খুব সাহসী।"
"ওহহ! তো এসব আমাকে কেন শোনাচ্ছ?"
"ওইযে, বাসায় কেউ নেই কেন জিজ্ঞেস করলেন যে? তাই। তাদেরকে বিবাহবার্ষিকী উপলক্ষেই তো ডেটে পাঠিয়েছি। বয়স হয়েছে বলে কি একটু ডেটে-ফেটে গিয়ে রোমান্স করবে না বলুন, স্যার?"
আমি হুট করে কেশে উঠলাম। কাশতে কাশতে চোখে পানি জমে লাল হয়ে উঠার উপক্রম। আকাশকুসুম অস্বস্তি মাটিতে লুকাবো নাকি আসমানে, বুঝতে পারলাম না। অথচ এই মেয়ের চেহারায় লজ্জাশরমের নামগন্ধ নেই। বাবা-মা রোমান্স করবে, এ ভারী আনন্দের কথা তার কাছে। কী এলিয়েন কিসিমের মেয়ে! আমি আমতাআমতা করে বললাম, "তাহলে আমি আজ চললাম? আঙ্কেলকে রাতে ফোন করে জানিয়ে দেবো।"
ইরা পথ আঁটকে বললো, "ওমা! চলে যাবেন কেন? পড়াবেন না?"
"আজ থাক। কালকে পড়িয়ে যাবো।"
ইরা নাছোড়বান্দার মতো চিন্তিত চিন্তিত মুখ করে বললো, "আমার সামনে টেস্ট পরিক্ষা, স্যার। আপনি এমন ফাঁকিবাজি করলে আমি পাশ করবো কীভাবে? টেস্টে পাশ না করলে ফাইনাল দিতে পারবো না। রেজাল্টে উল্টাপাল্টা হলে এর সম্পূর্ণ দায়ভার আমি আপনার উপর চাপাবো।"
ভারী মুসিবতে পড়লাম দেখছি। এর মতো পড়া চোর মেয়ে আবার পরিক্ষা নিয়ে কবে থেকে চিন্তা করা শুরু করলো? আমি ধাতস্থ হয়ে বললাম,
"ইরা, তুমি বড়ো হয়েছো, সবকিছু বুঝিয়ে বলতে হবে কেন? খালি বাসায় তোমাকে পড়ানোটা ঠিক হবে না। মানুষ ব্যাপারটা ভালো চোখে দেখবে না৷ তাছাড়া, তোমার নিজেরও এতটা অসচেতন হওয়া উচিত না। বাচ্চা নও তুমি। আঙ্কেল-আন্টি আসুক, আমি কাল একঘন্টা বেশি পড়িয়ে যাবো।"
ইরা মন দিয়ে কথাগুলো শুনে আমার দিকে বেশ কিছুক্ষণ বিনাবাক্যে চেয়ে থেকে একপর্যায়ে ফিক করে হেসে দিলো।
"হাসছো কেন?"
ইরা হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো করে বললো, "আপনি এত ভীতু কেন, স্যার? এইটুকু ব্যাপারে কারো ঘাম ছুটোছুটির মতো অবস্থা হয়?"
কপালে হাত রেখে বুঝলাম, আমি আসলেই ঘেমে একাকার হয়ে বসে আছি। ঘাড়ে ফু দিতে দিতে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললাম,"গরম পড়েছে খুব।"
ইরা ঠোঁট টিপে হেসে হেসে বলল " আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া একেবারে বরফের মতো ঠান্ডা। গরমটা বোধহয় একা আপনার জন্যই পড়ল, না স্যার?"
আমি তার কথার কোনো জবাব না দিয়ে বললাম, "এক গ্লাস পানি দিবে?"
ইরা পানির বদলে সময় নিয়ে এক গ্লাস সরবত বানিয়ে দিলো। ঢকঢক করে এক নিশ্বাসে সরবতটা শেষ করলাম। পুরোটা সময় ইরা আগের মতোই হাসছিলো। মেয়েটা এত বাঁদর!
"আপনার খালি বাসায় আমাকে পড়াতে আপত্তি থাকলে আমি দাদীকে এক্ষুণি ফোন করছি আসার জন্য। আমার ছোট চাচ্চুর বাসা এই পাড়াতেই।"
ইরা তার দাদীর কথা বলে আমাকে বাসায় বসিয়ে রাখলেও আধাঘন্টা পরেও তার দাদীর সন্ধান পেলাম না। এর মধ্যে ইরা আকাশী রঙের একটা থ্রি-পিস পরে কোথা থেকে এসে তাড়া দিয়ে বললো, "চলুন।"
আমি বেকুবের মতো চেয়ে থেকে বললাম, "চলুন মানে! কোথায় যাবো?"
"মার্কেটে।"
ঘড়িতে সময় দেখতে দেখতে জিজ্ঞেস করলাম, "মার্কেটে কেন যাবো? দাদী কোথায়?"
"দাদী আসবে না। আমরা যাবো।"
"কিছুক্ষণ আগেই তো পড়া নিয়ে এত চিন্তা দেখালে। শুনো ইরা, তুমি না পড়তে চাইলে আমি চলে যাচ্ছি। একটু ক্লিয়ার করে বলো, পড়তে চাও কি-না?"
"উফ! এত প্রশ্ন কেন করেন, স্যার? টিচার'রা এত প্রশ্ন করে? আপনি একটা ঘোরার ডিমের শিক্ষক। উঠুন তো!"
আমার মগজধোলাই করে মেয়েটা টেনেহিঁচড়ে শেষমেশ আমাকে মিরপুরের একটা জেন্স শপে নিয়ে গেলো। তারপর আকাশী রঙের একটা পাঞ্জাবী পছন্দ করে জোর করে সেটা হাতে ধরিয়ে দিলো। প্রথমে ভেবেছিলাম, বাবা-র জন্য উপহার নিচ্ছে, তাই কোনো ভাবাবেগ দেখালাম না। ইরা বিল মিটিয়ে প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে "এটা পরে আসুন।" বলার পর আমি আহাম্মকের মতো চেয়ে রইলাম তার দিকে। প্রায় আধাঘন্টা এই পাঞ্জাবী নিয়ে তার সঙ্গে আমার ঝগড়া হলো। তার এহেম কার্যকলাপে আমি যে ভালোই ক্ষিপ্ত হয়েছি, সেটাও ইরা বুঝতে পেরেছে। আমার পাবনা ফেরত ছাত্রীর সঙ্গে পেড়ে না উঠে শেষমেশ আমাকে পাঞ্জাবীটা বাধ্য হয়েই পরতে হলো।
শপ থেকে বেড়িয়ে গুলশানের নামীদামী একটা রেস্টুরেন্টে ঢুকলাম। যেখানে আগে থেকেই ইরার বাবা-মা সহ আরও অনেক আত্মীয়স্বজনরাই ছিলো। আঙ্কেল-আন্টি আমাকে দেখামাত্রই এমনভাবে হেসে ওয়েলকাম করলেন, যেনো আমি আসবো সেটা তারা আগেই থেকেই জানতেন। কিংবা আমার জন্যই অপেক্ষা করে বসেছিলেন। প্রায় অনেকক্ষণ লেগেছে আমার বুঝতে, এটা তার বাবা-মায়ের এনিভার্সিরির প্রোগ্রাম। এবং ইরা আমাকে তার বাবা-মায়ের এই প্রোগ্রামে আনার জন্যই বাসায় এতক্ষণ অপেক্ষা করছিলো আমার জন্য। আমি অনেকটা সংকোচ আর বিরক্তি নিয়ে ইরাকে বললাম,
"কাজটা মোটেও ঠিক করোনি, ইরা। তুমি আগে জানালে আমি অন্তত একটা গিফ্ট কেনার সুযোগ পেতাম।"
রিসিভশনে তখনও গান বাজছে।
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালোবাসেছি...
তুমি, না আমি?
গানের জন্য ইরার কথা আমি শুনতে পাচ্ছি না। সে আরেকটু পাশ ঘেঁষে দাঁড়িয়ে মাথা নোয়াতে ইশারা করলো আমাকে। আমি মাথা নিচু করতেই চুপিচুপি ধরনের ভঙ্গিতে বাচ্চাদের বোঝানোর মতো করে আমাকে বোঝাচ্ছে, "স্যার, বাবা আপনাকে আমার সাথে সাথেই থাকতে বলেছে। আমি না থাকলেও আপনি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবেন, বুঝলেন?"
ইরা আমাকে দাঁড় করিয়ে রেখেছে রেস্টুরেন্টের একেবারে এককোণে। ক্ষণে ক্ষণে এদিক-ওদিক চেয়ে কিছু একটা পাহাড়াও দিচ্ছে। মনে হচ্ছে, সে দেখে না রাখলে কেউ হয়তো আমাকে চুরি করে নিয়ে যাবে। মেয়েটা মাঝেমধ্যে কী করে, কী বলে, আমি কিছুই বুঝি না। আমিও তার মতো করেই জিজ্ঞেস করলাম, "এখানেই কেন দাঁড়িয়ে থাকতে হবে? আর-ও তো জায়গা খালি। পুরো রেস্টুরেন্ট তো তোমরাই বুক করেছো। আমরা বরং ওইদিকটায় গিয়ে বসি?"
আমাদের কথা বলার মাঝখানেই ইরাকে কেউ ডেকে উঠল। একটা যুবতী ধরনের মেয়ে। বয়স ইরার বয়সের কাছাকাছিই হবে। সে এসেই ক্ষণে ক্ষণে আড়চোখে আমার দিকে তাকাচ্ছে। মেয়েটাকে দেখামাত্রই ইরার মুখটা একেবারে অমাবস্যার মতো অন্ধকার হয়ে গিয়েছে।
"উনিই তোর নতুন শিক্ষক? আসআলামু আলাইকুম প্রিয়ম ভাইয়া, আমি ইরার ফুফাতো কাজিন। ভালো আছেন?"
আমি কিছুটা অপ্রস্তুতবোধ করলাম। ইরা মহা বিরক্ত হয়ে বললো, "তুই এখানে কী করছিস, তুলি? সজীব ভাই তোকে পুরো রেস্টুরেন্টে তন্নতন্ন করে খুঁজলো। আরেকটু দেরি করলে ভাইয়া কিন্তু খুব রেগে যাবে। যা এখান থেকে।"
মেয়েটা খানিক অবাক হয়ে বলল, "আমাকে! আমাকে কেন খুঁজতে যাবে? আমি তো ভাইয়ার সাথেই ছিলাম এতক্ষণ।"
ইরা একপলক আমার দিকে চেয়ে ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, "তাহলে কি আমি মিথ্যে বলছি?
একটু আগেও এসে জিজ্ঞেস করে গিয়েছে। বিশ্বাস না হলে নিজেই গিয়ে জেনে আয়।"
মেয়েটা কিছুতেই যেতে চাইছিলো না। ইরার তিক্ত তর্কের জোরে যাওয়ার জন্য বাধ্য হয় শেষমেশ। তবে যাওয়ার আগে সে আমাকে বলে গেলো, "শুনলাম, আপনি ইংরেজি বিষয়ে গ্রাজুয়েশন করেছেন? আমার ছোট ভাইটা ইংরেজিতে খুব কাঁচা। জেএসসিতে কোনোরকমে টেনেটুনে পাশ করেছে। ওর জন্যও আমরা একটা ইংরেজি শিক্ষক খুঁজছি। আপনার নাম্বারটা দিন তো? আব্বুকে দিবো। রিফাতকে আগামী মাস থেকে আপনার কাছেই পড়াবো। বাসায় এসে পড়াতে আপনার কোনো অসুবিধা হবে, ভাইয়া?"
আমি কিছু বলার আগেই ইরা ফট করো জবাব দিলো, "স্যার অনেক ব্যস্ত থাকে। উনি আর কাউকে পড়াতে পারবে না। তোর ভাইয়ের জন্য অন্য টিচার খুঁজে নে।"
মেয়েটা আমার দিকে একপলক চেয়ে বললো, "উনি তো কোনো চাকরি-বাকরি করে না শুনলাম, ব্যস্ত কেন থাকবে? প্রতিদিন এসে পড়াতে হবে না। সপ্তাহে তিনদিন সময় দিতে পারলেই হলো।"
ইরা চিবিয়ে চিবিয়ে জবাব দিলো, "উনাকেই কেন লাগবে? ঢাকা শহরে কি গৃহশিক্ষকের আকাল পড়েছে?"
ইরা ওর সাথে এভাবে কেন কথা বলছে, আমি বুঝতে পারছি না। তবে মেয়েটারও ধৈর্য্য আছে। ইরার এত অপদস্ত আচরণের পরেও সে নাছোড়বান্দা হয়ে বললো, "তুই এমন কেন করছিস? রিফাতের ব্যাপারটা তো তুই অলরেডি জানিস,ইরা। ঢাকা শহরে আজকাল ভালো আর বিশ্বস্ত গৃহশিক্ষক কোথায় পাবো?"
ইরার চোখে অগ্নি ঝরছে। ও কিছু বলার আগে এবার আমি-ই মুখ খুললাম।
"স্যরি টু ইন্টারেফ্ট ইউ। আসলে, ইরাকে ছাড়াও আমি আরও তিনটা বাসায় টিউশনি করাই। চাকরি না করলেও চাকরির জন্য সপ্তাহের বেশিরভাগ সময়ই আমাকে দৌড়ের উপর থাকতে হয়। দুঃখিত, আমি সম্ভবত টাইম ম্যানেজ করতে পারবো না।"
কথাটা শোনামাত্রই তুলি নামক মেয়েটার উজ্জ্বল মুখটা মুহূর্তে ফেঁকাসে রুপ ধারণ করেছে। দৃঢ় হলো কেবল আমার ছাত্রীর মুখের পৈশাচিক হাসি। মেয়েটা যেতেই ইরা হাতে চাঁদ পাওয়ার মতো করে উত্তেজিত হয়ে বললো, "একদম উচিৎ হয়েছে! শুধু আত্নীয় বলে আজ ছাড়া পেলো, নয়তো আস্ত বিল্ডিং ভাঙতাম আজ ওর মাথায়।"
আমি ভরাট গলায় বললাম, " তুমি এত রাগ দেখাচ্ছ কেন? সামান্য ভাইকে তো পড়াতে চেয়েছে। এতে এত হাইপার হওয়ার মতো তো কিছুই ঘটেনি।"
ইরা তপ্ত দৃষ্টিতে চেয়ে বললো, "অনেক কিছুই ঘটেছে। আপনি কিছুই জানেন না, স্যার। আসার পর থেকেই ও ছেছড়ার মতো আপনার দিকে তাকাচ্ছিলো।"
"তাকাতেই পারে। আল্লাহ চোখ দিয়েছে তাকানোর জন্যই।"
"তাকাতেই পারে? আপনার ওর তাকানো ভালো লাগছিলো?"
"সেটা কখন বললাম? ও যে আমার দিকে তাকিয়েছিলো, সেটাই তো মাত্র জেনেছি।"
"শুনুন, ও এমনি এমনি তাকায়নি। অসভ্যটার উদ্দেশ্য ভিন্ন। জানেন? ও আপনার নাম্বার চেয়েছে আমার কাছ থেকে। এটাও বলেছে, আমি যেনো তার সাথে আপনাকে প্রেম করিয়ে দেই। কত বড় স্পর্ধা! আপনার দিকে কুনজর দিয়েছে!"
ওর বলার ধরন শুনে ফিক করে হেসে ফেললাম। ইরা প্রচন্ড মেজাজ দেখিয়ে বললো, "হাসছেন কেন? আমি কি চার্লি চ্যাপলিন? কমেডি করছি?"
আমি কোনোরকমে হাসি চাপিয়ে বললাম, "প্রেম করতে চাওয়াটা তো খারাপ না। মানুষরাই তো প্রেম করে। গরু-ছাগলের তো প্রেম বোঝার কথা না। তোমার আসলে উচিৎ ছিলো আমাদের প্রেমটা করিয়ে দেওয়া। বেকার খাটনিময় জীবনে চাকরি না হলেও প্রেমটা অন্তত হয়ে যেতো।"
আমার হাসি থামাথামির নাম নেই তখনও। ইরা বেশ কিছুক্ষণ চোখে কয়েকশো বছরের অভিযোগ, ক্ষোভ, অভিমান মিশিয়ে চেয়ে থেকে হুট করে রাগ দেখিয়ে চলে গেলো। তারপর আর তার দেখা নেই। প্রায় একঘন্টা পর আঙ্কেল-আন্টির এনিভার্সিরির কেক কাটার মুহূর্তে তাকে দেখা গেলো। হাজারখানেক ফোন কলের পর কোথা থেকে যেনো এলো মেয়েটা। মুখটা কেমন ম্লান দেখাচ্ছে। চোখদুটো ফোলা ফোলা। টানা কয়েক ঘন্টা ফুপিয়ে কাঁদার পর যেমন হয়, তেমন। কেক কাঁটার পর ছবি তোলার জন্য ইরাকে আঙ্কেল-আন্টি তাদের মাঝখানে দাঁড় করালো। ছবি তোলার সময় ইরার বাবা-মা'র দৃষ্টি ক্যামেরার দিকে থাকলেও ইরা তখনও চেয়ে আছে আমার দিকেই। ওর ওই ছলছল দুই চোখে আমি শতসহস্র বছরের অভিমান দেখতে পেলাম। দেখতে পেলাম, এক পৃথিবী সমান অভিযোগ। আমার প্রতি তার কীসের এত অভিযোগ, কোন অপরাধের অভিমান, আমি জানি না।
ভাইব্রেট হয়ে পকেটে ফোন বেজে উঠলো ঠিক তখনই। ইরার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই ফোনটা রিসিভ করলাম। অপর পাশ থেকে একটা মেয়েলী কন্ঠ বলে উঠলো, "ভাইয়া, চিত্রা আপুকে আজ দেখতে এসেছে। সম্ভবত আপুকে ওদের খুব পছন্দ হয়েছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে ওরা আপুকে আজই আংটি পরিয়ে যাবে। আপু খবরটা আপনাকে জানিয়ে দিতে বললো।"
সম্পূর্ণ চেতনাহীন আমি তখনও চেয়ে আছি ইরা নামের রহস্যময়ী মেয়েটির পানে। উগ্র মেজাজের জেদি মেয়েটার ফর্সা গাল বেয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে ততক্ষণে। হুট করেই ঘটল সব। সকলে উদ্বিগ্ন হয়ে ওকে ঘিরে ধরেছে, কেউ কেউ অস্থির চিত্তে মাথায় হাত বুলাচ্ছে। ফোন না কেটেই আমি কেবল স্থির চেয়ে রইলাম তার দিকে, যার গোল গোল চোখ দু'টোয় কী যেনো, আবার কত কী আছে! প্রেমিকার হারিয়ে যাওয়ার আভাস পাওয়ার পরে-ও সেই ভয়ানক দুঃখ এরিয়ে আমার কেবল ওই মুহূর্তে জানতে ইচ্ছে করলো, ইরা কেন এভাবে চেয়ে আছে আমার দিকে? এ কি তার নিছক ছেলেমানুষী, না-কি আমার ধ্বংস ডেকে আনার নিঃশব্দ ভায়োলিন?
[তাড়াহুড়ো করে লিখেছি। ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।]