গল্প #নাম_রেখেছি_বনলতা
#সমাপ্ত
#নাজমুন_নাহার
কলেজে থাকাকালীন একবার এক ক্লাস শিক্ষক আমার কাছে জানতে চেয়েছিলেন, "এই পৃথিবীতে সবচেয়ে অনিয়ন্ত্রিত বিষয়টা কি, জানিস প্রিয়ম?"
কিশোর আমি সেদিন বিভ্রান্ত হয়ে চেয়েছিলাম তার পানে। ভীষণ স্নেহ করতেন উনি আমায়। চাইতেন, জীবনে আমি খুব সফল হই। উত্তর না দিতে পারায় স্যার সেদিন আমার কাঁধে হাত চেপে হেসে বলেছিলেন, "সময়। বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে অনিয়ন্ত্রিত ব্যাপার হচ্ছে 'সময়'। সময়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো নেই। মানুষ সময়কে না পুরোপুরি ধরে রাখতে পারে, না আছে মানুষের তাকে ছেড়ে দেওয়া কিংবা উপেক্ষা করার ক্ষমতা। অথচ সবচেয়ে অমূল্য জিনিস এটাই। তোকে একটা কথা বলি–সময়কে ঠুনকো কাজে ক্ষয় করিস না। যখনই সুযোগ আসবে, পরিশ্রম দিয়ে সময়কে কাজে লাগাবি। বুদ্ধিমানরা সময়কে টেনে ধরতে চায় না, সময়ের স্রোতের সঙ্গে গা ভাসায়। তুইও সেটাই করবি। দেখবি, ভাসতে ভাসতে একদিন ঠিকই পৌঁছে যাবি কালগর্বে।"
কালগর্বে পৌঁছে যাওয়ার সামর্থ্য আমার নেই। সৃষ্টিজগতের অতি নগন্য এক মানুষ আমি। তবে নিজের সামর্থ্যের অপব্যবহার কখনোই করিনি। জীবনে যখনই সুযোগ হয়েছে, পরিপূর্ণ নিজস্বতা বিলিয়ে ঝাপিয়ে পড়েছি। সময় আমাকে তাৎক্ষণিক কর্মফল না দিয়ে বসলেও আমি নিজেকে তার সঙ্গে ভাসিয়ে চলেছি। আকাশ ছোঁয়ার স্বপ্ন আমার নেই। তবে যতটুকু পরিশ্রম করি, তার পারিশ্রমিকই আমার জন্য বিশদ কিছু। সেটাই আমার কাছে আকাশ ছুঁয়ে ফেলা। নিজের এই প্রাপ্তি নিয়ে আমার কোনোকালেই অসন্তুষ্টি নেই। সদা নির্বিবাদী মানুষ হিসেবে নেহাতই কম প্রাপ্তি নেই আমার জীবনে। একজন মানুষের সুখী হতে যা যা লাগে, আমার সমস্তটাই আছে। মাস্টার্স শেষ হওয়ার পর চাকরিতেও প্রমোশন জুটেছে। এত অল্প সময়ের মধ্যে খুব কম যুবকের জীবনেই প্রমোশনের মতো সুফল ফলে। সেখানে এত এত প্রাপ্তির পর নিজেকে আর দূর্ভাগা বলে মনে করা, সৃষ্টিকর্তার প্রতি অকৃতজ্ঞতা ছাড়া কিছুই না। আজ বলতে সংকোচ নেই, আমি আমার অবস্থান নিয়ে পরিপূর্ণ সন্তুষ্ট। সময় দেরি করে হলেও আমাকে আমার প্রাপ্যটা ঠিকই বুঝিয়ে দিয়েছে। আমার বালক-কিশোর বয়সের সমস্ত ধৈর্য, তপস্যা একেবারেই ঠুনকো হয়ে উঠেনি।
মেঘালয়ের মেঘের মতো জীবন বয়ে চলেছে দিগন্তের দিকে। এমনই করে কেটে গেলো আরও একটা বছর। আমার শান্ত ইরা এই এক বছরে হয়েছে আরও অশান্ত, আরও উড়নচণ্ডী। দস্যি এই মেয়েকে নিয়ে প্রায় কপাল চাপড়ানো ধরনের সময় কাটছে আজকাল।
আজ থেকে ইরার দ্বিতীয় বর্ষের ফাইনাল শুরু। সেই নিয়ে তার ব্যাপক ব্যস্ততা। ঠিক ব্যস্ততা না। ব্যস্ততা থাকার বাহানা। আম্মা সকাল সকাল উঠে ওর জন্য রান্না বসিয়ে দিয়েছেন। ইরার প্রিয় পুডিং করেছে প্রিয়তা৷ ইরার পরিক্ষা ফরিক্ষাগুলো দারপ্রান্তে এলে আমার চেয়ে বেশি দুঃশ্চিতা থাকে এই দুই রমণীর। ইরা ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আজ তার 'ইন্ট্রোডাকশন টু ড্রামা' বিষয় থেকে পরিক্ষা। ড্রয়িংরুমে বসে সেসব নিয়েই ওকে লাস্ট টাচ দেওয়াচ্ছি। ইরা মহা বিরক্ত।
"সব মনে থাকে, কিন্তু ক্যারেক্টারগুলোর নামই গুলিয়ে ফেলছি।"
মেজাজ খারাপ হলো আমার। একটা মাস ধরে ওর পেছনে পড়ে আছি। সব বাদ দিয়ে রাতভর তাকে পড়াচ্ছি। আর এখন বলে কি-না এই কথা!
"একাডেমিক পড়া মনে থাকবে কেন? মাথায় সারাদিন বাঁদরামি ঘুরে কি-না! ঠিক কী কী কাজ করলে স্বামী বিরক্ত হয়, সেসব চ্যাপ্টার তো একশোতে একশো মুখস্থ? "
ইরা মুখ বাঁকিয়ে ফোনে মনোনিবেশ করল। দশ মিনিট সাজেশনগুলোতে চোখ বুলিয়ে হতাশ গলায় ফের বলল, "ধুর! আমি আর পড়াশোনা করব নায়ায়ায়ায়া! সংসার করব। আম্মার সাথে রান্নাবান্না করব। আপনার পায়ে ধরি, আমাকে ছেড়ে দিন।"
ওর অকাজের বিলাপে মনোযোগ দিলাম না৷ ফোন থেকে আরও কিছু সাজেশন বের করে মৃদুস্বরে বললাম, "পড়াশোনা করবে না? করবে কী? বাচ্চা সামলানোর প্রস্তুতি আছে? দু-চারটা বাচ্চা নিয়ে নাও তবে।"
ইরা দৃষ্টি গোলগোল করে আশেপাশে সতর্ক হয়ে চোখ বুলালো। ভাবলাম, লজ্জা পেয়েছে। কিন্তু কীসের কী! আম্মা আর প্রিয়তাকে না দেখতে পেয়ে সে কানের কাছে এসে ফিসফিস করে বলতে আরম্ভ করল, "জমজ বাচ্চা কীভাবে হয়, জানেন? আমার জমজ বাচ্চার খুব শখ।"
হতাশ শ্বাস ফেললাম। তপ্ত চোখে চাইলাম। এই মেয়েকে ভয় দেখানো আর মরা গাঙে নৌকা ভাসানো যে একই ব্যাপার, তা আর বুঝতে বাকি নেই। গরম চোখে চেয়ে বললাম,"মূল থিমগুলো মনে আছে? ব্রিফ বা শর্ট কুয়েশ্চনে আটকানোর স্কোপ আছে?"
মেয়ের ভালো লাগল না ফের পড়াশোনার বিষয় নিয়ে আলাপ জুড়তে। অনেকটা বিরক্তি নিয়ে বলল, "নাহ।"
"তাহলেই হবে। থিম ধরতে পারলে কলম থেমে যাওয়ার সুযোগ নেই। ক্যারেক্টার সবগুলো মনে রাখার দরকার নেই, প্রধান চরিত্রগুলো একবার রিচেক করো। হাতে দু'ঘন্টা সময়। এই সাজেশনগুলো সমাধান করো বসে৷"
ইরা ধৈর্যহারা দৃষ্টিতে চাইলো। শেষ একমাস ধরে তাকে পরিক্ষা নিয়ে প্যারা দিয়েও আমার শান্তি কেন হচ্ছে না, দৃষ্টির ভাষা এমন বিরক্তি বিরক্তি তার। চোখ রাঙালাম। ইরা দীর্ঘশ্বাস ফেলে বলল,
"এখন পড়লেই কী! এতটুকু সময়ে মনে থাকবে না তো।"
"থাকবে। চুপচাপ এগুলো দেখো।"
আম্মা কোথা থেকে উড়ে এসে ছেলের বউকে আহ্লাদ করে আমাকে শাসিয়ে উঠলেন, "মেয়েটাকে একটু নিস্তার দে। সারাদিন পড়াশোনা নিয়ে অত্যাচার৷ অফিসে গিয়েও ছাড় দিচ্ছিস না। এত ভালো রেজাল্ট দিয়ে হবে কী? ছাড় তো! আয় মা, তুই খেয়ে নে আগে।"
ইরা আস্কারা পেয়ে চোখে শর্ষেফুল দেখার ন্যায় খুশি নিয়ে হাসল। আমি শীতল চোখে তাকে দেখে আম্মাকে বললাম, "এত লায় দেবেন না ওকে, আম্মা। ওর মতো পড়া চোর মেয়ে এই বাংলায় আর দু'টো নেই। গতবারের চেয়ে ভালো সিজিপিএ না আনতে পারলে ওর সাথে সাথে আপনারও খবর আছে, বলে রাখলাাম।"
ইরা আঁড়চোখে চাইল চোখ ছোট ছোট করে। ভাবখানা এমন, যেনো একা পেলেই চিনেবাদামের মতো আস্ত গিলে খাবে আমাকে। আম্মা আমার কথায় পাত্তা না দিয়ে এই পর্যায়ে দুধের গ্লাস নিয়ে ছুটছে ইরার পেছন পেছন। এই ধরনের দুধ-ডিম জাতীয় খাবার দেখলেই এই মেয়ের নাক কুঁচকে আসে, চেহারায় অমাবস্যা নামে। আম্মাও ছাড়াছাড়ির পাত্রী না। বাবু, সোনা ডেকে পেছন পেছন দৌড়ে ঠিকই খায়িয়ে ছাড়বেন। এদের এই মেলোড্রামা আজ আর শেষ হওয়ার নয়। হতাশ শ্বাস ফেলে ঘরের দিকে গেলাম। শর্টকাট গোসল দিয়ে ফর্মাল পোশাক পরে নিলাম। আয়নার সম্মুখে দাঁড়াতেই ইরা কোথা থেকে দৌড়ে এসে একপ্রকার ঘেঁষে দাঁড়াল পাশে। চোখ দিয়ে ইজ্জত লুটে নেওয়ার মতো তাকানোর ধরন তার। আমি তীক্ষ্ণ চোখে চাইলাম।
"কী?"
ইরা জবাব না দিয়ে একই ভঙ্গিতে চেয়ে আছে। অন্যসময় হলে এক ধমকে তাকে আম্মার কাছে পাঠিয়ে দিতাম। তবে আজ তেমনটা করলাম না। চুলটা ভালোভাবে সেট করে ওর দিকে চেয়ে মৃদু হাসলাম। মাথায় হাত রাখলাম ওর। ইরা দুষ্টু হেসে চোখ মেরে বলল,"কী হট যে লাগে আপনাকেএএএ!"
হাসলাম তীক্ষ্ণ চোখে চেয়ে। পাগল একটা!
"খেয়েছো?"
মাথা দোলালো ইরা। গলার টাই টেনে ধরল প্রতিদিনকার মতো করে। এই কাজটা আমাকে জ্বালাতন করার জন্যই করে মেয়েটা। আজ আর বিরক্ত হলাম না। বিপরীতে করে বসলাম এক অকল্পনীয় কাজ।
"এই এই, ছাড়ুন। দরজা খোলা, আম্মা এসে পড়বে।"
নিঃশব্দে কোলে নেওয়া তার ঘাড়ে মুখ ডুবিয়ে বললাম, "আমি ধরলেই আম্মার আতঙ্ক হয়, তাই না? নিজে যখন খুঁচিয়ে গর্ত থেকে কেঁচো বের করলে, সেই বেলায়? আম্মার ছেলের বউ যে এসব কাজে পিএইচডি প্রাপ্ত, সে কি কারো আমলে আছে? আসুক। দেখুক সবাই।"
ইরা মোচড়ামুচড়ি শুরু করল। চোখে-মুখে চরম বিরক্তির আভা তার।
"কী আশ্চর্য! ছাড়ুন অসভ্য লোক! আমি কিন্তু চিৎকার করব।"
"করো"
আমার ঠোঁটে শয়তানি হাসি। ইরার গালের কাছে মুখ নিতেই চোখ-মুখ খিঁচে ফাজিল মেয়ে সত্যি সত্যি চেঁচিয়ে উঠল। আমি ভূত দেখার মতো চমকে সঙ্গে সঙ্গে তাকে বিছানায় ছুঁড়ে ফেললাম। ব্যথায় মৃদু গুঙিয়ে উঠল সে। আম্মা ঘরে ঢুকে ওকে বিছানায় এভাবে পড়ে থাকতে দেখে বিভ্রান্ত হয়ে পড়লেন। আমার দিকে একপলক চাইলেন তো আবার ইরার দিকে একবার। গলা খাঁকারি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে বললাম, "কান্ড দেখেছেন আপনার পুত্রবধূর? চেয়ার থেকে লাফ দিয়ে খাটে পড়ার কোনো মানে আছে? ও কি ব্যাঙ, আম্মা? এসব কী ধরনের ফাজলামো? এর জন্যই বলি, ওকে এত লায় দেবেন না। এর রগে রগে বাঁদরামি। সারাটাদিন লাফালাফি, নাচানাচি। ও কি এখনও বাচ্চা? আপনার মলমটা এনে দিন তো, লাফালাফি খেলতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে বোধহয়। আধপাগল মেয়ে!"
ইরা অষ্টম আশ্চর্য দেখার মতো বিস্ময়কর দৃষ্টি দিয়ে চেয়ে রইলো। ভাবসাব এমন, যেনো চোখের সামনে ডায়নোসরের বাচ্চা কোলে নিয়ে বসে আছি আমি। আম্মাও তখন ঠিক কী বুঝে দু'জনের দিকে চেয়ে মিটিমিটি হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন, বোধগম্য হলো না।
বাইক নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছি। অফিসের সময় হয়ে এসেছে। কিন্তু আমার মা-বোনের কাহিনী শেষ হওয়ার নামই নিচ্ছে না। প্রিয়তা যেমন-তেমন, আম্মা একেবারে প্রকৃত বাংলা নাটকের শাশুড়ী। এই মহিলার মতো ছেলের বউ নিয়ে এত ঢং আমি আর কাউকে করতে দেখিনি। প্রায় আধাঘন্টা ধরে দোয়া-দরুদ পড়ে তবেই বউকে ছেড়েছেন তিনি। ইরা প্রতিদিনকার মতো এক দৌড়ে সিঁড়ি থেকে নেমে ধপ করে চড়ে বসল বাইকের পেছনে। গাল ফুলিয়ে শ্বাস ফেলে বিরক্তি নিয়ে তাকালাম। একে ভদ্র বানানোর প্রচেষ্টা নেহাতই কম করছি না। কিন্তু ইরা তো ইরা-ই! সে আমার শাসন-বারণ, ঝুড়িঝুড়ির ধার ধারলে তো!
"নামো।"
ইরা চুইংগাম চিবাতে চিবাতে ভাবলেশহীন ভঙ্গিতে চাইল। যেনো আমার কথা সে শুনেইনি।
"নামতে বলেছি।"
ইরা নাক-মুখ কুঁচকে বলল, "এমন কেন করেন আমার সাথে? সবসময় রাক্ষসের মতো ব্যবহার! আমি আপনার বউ। শিক্ষকদের মতো আদবকায়দা গেলাতে থাকেন কেন সবসময়? এমন করলে আমি আপনার সাথে যাবোই না। আম্মাকে বিচার দিবো।"
প্রতুত্তর না করে কেবল শীতল চোখে চাইলাম। ইরা লক্ষী মেয়ের মতো বাইক থেকে নেমে পড়ল। কন্ঠে কৃত্রিম গাম্ভীর্যতা টেনে বললাম, "ভদ্র মানুষের মতো ধীরেসুস্থে উঠে বসো এবার।"
ইরা মিনমিন করে মুখ ভেঙালো, "ভদ্দর মানুষের মতো ধীরেসুস্থে উঠে বসো। কচু!"
আমি শুনেও না শোনার মতো করে বসে থাকলাম। ইরা উঠল। গাল ফুলিয়ে রেখেছে তখনও। হলের সামনে এসে নামার সময় আমার দিকে তাকালো না অব্দি। পেছন থেকে ডাকলাম, "ইরা!"
ইরা ক্ষীপ্ত চোখে চাইলো। হাসলাম। রাগলে মেয়েটাকে ভারী মিষ্টি দেখায়। ঠিক যেনো মোমের পুতুল। তার এই ছোট্ট মুখটার অভিমানগুলোও তার মতোই আদুরে। নিষ্পলক চেয়ে আমার হৃদয় গলে আসল বরাবরের মতোই। বাইক থেকে নেমে ওর সম্মুখে এসে স্থিরপায়ে দাঁড়ালাম। শান্ত নয়নে চেয়ে সামনে উড়তে থাকা চুলগুলো কানের পেছনে গুঁজে দিতে দিতে বললাম, "কিছু খাবে, লক্ষীসোনা আমার?"
সজোরে দু'দিকে মাথা দোলালে সে। তখনও একরাশ অভিমান তার ছেলেমানুষী চেহারায়। বেশ কিছুক্ষণ চেয়ে থেকে ইরার মাথাটা নিজের বুকে চাপিয়ে কপালে আলতো করে একটা চুমু খেয়ে বললাম, "প্যারা নিও না। যতটুকু পারবে, অতটুকুই লিখবে। মাথা ঠান্ডা রাখো।"
ইরা দূরে দাঁড়িয়ে থাকা তার বান্ধবীর দিকে তাকিয়ে খানিকটা লজ্জা পেলো। সর্বদা সমাজ-সংসার মেনে চলা এই আমি জনসম্মুখে এমন আচরণ কোনোদিনও করে বসিনি ওর সাথে। এহেম ঘটনায় সে কিছুটা অপ্রস্তুত।বান্ধবীর ডাক পড়তেই নিজেকে আমার থেকে ছাড়িয়ে দৌড় লাগালো এক। হাসলাম। হাঁক ছাড়লাম, "আস্তে হাঁটো। বের হয়ে ফোন করতে ভুলবে না।"
ইরা হল থেকে বের হলো দুপুরে। তবে আমাকে সে ফোন করলো প্রায় বিকেলের দিকে। পরিক্ষার পর বান্ধবীদের সাথে ক্যাফেটেরিয়ায় আড্ডা জমিয়েছে নিশ্চিত।
"কোথায় আপনি?"
কীবোর্ডে আঙুল বোলাতে বোলাতে জবাব দিলাম, "কোথায় থাকার কথা?"
"থাকার কথা তো আমার মনেও। কই, সেখানে থাকছেন না তো। ব্যস্ত মানুষ! এতসব বাদ,নিচু নামুন।"
কাজ থামিয়ে জিজ্ঞেস করলাম, "এই মেয়ে, বাসায় যাওনি? তুমি অফিসের নিচে এসেছো?"
"হু। পাচ মিনিটের মধ্যে আপনিও নিচে আসুন। ইট’স আর্জেন্ট।"
ভদ্রসমাজ যেসব কাজকে ফিকে বলে জানে, ইরার কাছে সেসব কাজ আর্জেন্ট। এই গুপ্ত সত্যিটা জানার পরেও একমাত্র স্ত্রী'র ডাকে সাড়া দিয়ে নিচে নামলাম। রাস্তায় আসতেই ইরা রিকশা থেকে হাত নাড়ল। কাছে যেতেই পাশে জায়গা খালি করে দিয়ে বলল, "উঠে আসুন।"
"উঠে আসব মানে? আরও দু'ঘন্টা বাকি। ছুটি দিবে না।"
ইরা বিরক্তি নিয়ে বলল, "উফ! আসুন তো! মিজান ভাইয়াকে ফোন করে বলে দিয়েছি আমি। উনি সামলে নিবে। আপনি তাড়াতাড়ি উঠুন। মাগরিবের আগে বাসায় না পৌঁছালে আম্মা খবর করাবে।"
মিজান ভাইকে ফোন করে নিশ্চিত হলাম, ম্যাডাম ঠিকই বলেছেন। মেয়েটা কত কতভাবে যে জ্বালাতন করে ইদানীং। এর যন্ত্রণায় বেঁচে থাকাও হয়েছে মুশকিল।
বহদ্দারহাট থেকে আমাদের রিকশা থামল চট্টেশ্বরী রোডে। ভাড়া মিটিয়ে দু'জনে হাঁটা ধরলাম চিরপরিচিত ওয়ার সিমেট্রির দিকে। এইখানটায় ইরার প্রায়শই আসা হয়। উঁচু উঁচু গাছগাছালি আর পাহাড়ি রাস্তার পথ ধরে আমারও তাকে সঙ্গ দিতে হয় মাঝেমধ্যেই। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় সবুজ ঘাসের বুকে। তার ধারণা, আমার সাথে তার প্রেম হয়নি। প্রেম নিয়ে অগাধ শৌখিনতা এই পাগলের। সপ্তাহে একদিন তার এই পাগলামির রেশ ধরে আমাকেও তাই স্বামী থেকে হয়ে উঠতে হয় একজন আদর্শ প্রেমিক। যোগ দিতে হয় তার ছেলেমানুষী প্রেম প্রেম খেলায়।
ইরা ব্যাগে করে বাদাম কিনে এনেছে। এই কাজটা অবশ্য সে বেশিরভাগ সময়ই করে। নব্বই দশকের প্রেমে তার ভারী ঝোঁক। তার মতে, দশ টাকার বাদামে প্রেম যতটা মোহনীয় হয়ে উঠে, দামী পিৎজা সেই মোহতা চুকাতে পারবে না। যেই প্রেমে খরচ আর আধুনিকতা যত কম, সেই প্রেম ততই খাঁটি। বিচক্ষণ, সুবিবেকবান আমি তার এসব আজগুবি যুক্তি ভাতের মতো বিনাবাক্যে গিলে যাই। সে শৌখিন মানুষ। আর আমি তার শখের অনুসারী। ইরার ছোট্ট জীবনের সমস্ত শখ আমাকে ঘিরেই। তার শখ পূরণ করতেও আমাকে কখনও পেরেশানি হতে হয়নি। সে একটা জাদু। আকাশে জ্বলজ্বল করতে থাকা নক্ষত্র সে। যার দ্যুতি আমার পানসেটে জীবনকে ফকফকা আলো দিয়ে ভরিয়ে রেখেছে। তার আলোর দৌরাত্ম্যে আমার কখনও আর পথ হারানোর সুযোগ নেই। ইরা আমাকে প্রায়শই বোঝায়, আমি তাকে সুখ দেই। আমি আছি বলেই পৃথিবীতে তার প্রজাপতি হয়ে বেঁচে থাকা। অথচ এই মেয়েকে বোঝানোর সাধ্য কার আছে, সে না থাকলে এই রঙচটা ধরণী এত চমৎকার হয়ে উঠত না আমি প্রিয়মের জন্য। তার অস্তিত্ব বনলতার মতো। বনলতা যেমন অরণ্যকে আঁকড়ে ধরে রাখে? বাঁচায় রোদ থেকে, দুর্যোগ থেকে? ইরাও আমাকে বাঁচায় ধ্বংস থেকে, দুঃখ থেকে। চঞ্চল বনলতা যেমন করে গহীন বনের নিশ্বাস হয়ে উঠে? ইরাও আমার জীবনের তেমনই এক নিঃশ্বাস। সে আমাকে টিকিয়ে রাখে কথার তরে, হাসির সুরে। বেঁধে রাখে ভালোবাসার সুখ সুখ বাঁধনে!
ইরা আপনমনে বকবক করতে করতে একপর্যায়ে শান্তভাবল নিজের মাথাটা এলিয়ে দিলো আমার প্রসস্থ কাঁধে। তার সুবিধার জন্য খানিকটা ঝুঁকে বসলাম। ফের নানান গল্প জুড়ে দিয়ে সে করে বসল আরেক আক্ষেপ। মন খারাপের সুরে ঠোঁট ভেঙে বলল ,"আপনার সাথে আমার বিয়ে হলো, সংসার হলো... কেবল প্রেমটাই হলো না, স্যার।"
আমি হাসলাম। ইরার কপালে লেপ্টে থাকা খুচরো চুলগুলো ফের কানের পেছনে গুঁজে দিতে দিতে বললাম, "হচ্ছে না কোথায়? সংসারের চেয়ে প্রেমটাই তো বেশি হচ্ছে। আশেপাশে চোখ বুলাও। তূলনা করে দেখো, কেউ বলবে আমরা স্বামী-স্ত্রী? যা সবুজ পাতার বয়স আমার বউয়ের, চাইলে এমনিতেই আরও দশ বছর চিটিং করে প্রেম চালানো সম্ভব।"
হাসল ইরা। বেশ কিছুক্ষণ চুপ থেকে মুখে বাদাম পুরে আমার দিকে তাকাল। কৌতূহলী হয়ে শুধাল,
"আচ্ছা,আপনি কবে থেকে আমায় ভালোবাসেন? মানে কবে থেকে মনে হয়েছে, শি ইজ দ্য ওয়ান!"
গভীর শ্বাস ফেলে তাকালাম দূরের পাহাড়ের চূড়ায়। ভারী কঠিন প্রশ্ন। এই প্রশ্নটা মেয়েটা প্রায় প্রতিদিনই আমাকে করে। অফিসে যাওয়ার আগে একবার, রাতে ঘুমানোর আগে একবার। আমার জবাবটাও সবসময়ের মতো একই থাকে।
"যেদিন থেকে তুমি বাসছ।"
"বাজে কথা।"
"সত্যি বলছি।"
ইরা গাল ফুলিয়ে বলল, "বলুন না!"
"কী?"
"কবে থেকে মনে হলো, আপনি আমাকে ভালোবাসেন।"
নিঃশব্দে হাসলাম আবারও। আমার মন জানার কত কত যে কৌতূহল তার! ইরা সত্যিই জানে না,আমি ওকে ঠিক কবে থেকে ভালোবাসি। মেয়েটা জানেই না, তাকে তার চেয়েও আগে থেকে মন দিয়ে বসে থাকার আমার সেই একপাক্ষিক গল্পটুকু। রিকশা থামিয়ে মাঝ রাস্তায় ভিজতে থাকা সেই দস্যি ইরা সেসব গোপন সত্যের খরব রাখল না। আমি চুপ রইলাম। সময় নিয়ে চেয়ে রইলাম ইরার পেলব মুখের পানে। তারপর আরও কিছুক্ষণ।
বিকেল ফুরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। সূর্য নিজেকে আড়াল করেছে আঁধারের লাজুকলতা ঘোমটায়। ম্লান হয়ে এসেছে প্রকৃতির সমস্ত কোলাহল। সব নিস্তব্ধ এখন। ইরার হাতটা টেনে বুকের কাছে এনে আগলে ধরলাম আমি। অবাক চোখে চাইলো মেয়েটা। খানিক ঝুঁকে এলাম তার মুখের কাছে। দৃষ্টিতে তার অশেষ কৌতুহল। কানের কাছে ঠোঁট ছুঁয়িয়ে গভীর শ্বাস ফেলে মধুর স্বরে তাকে নিজের ভালোবাসার কথা জানালাম আবারও। মুগ্ধতা নিয়ে গাইলাম,
"নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো-বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি.."
[প্রিয়ম-ইরা বিদায় নিচ্ছে!]
আমার গল্পের আড্ডার গ্রুপে জয়েন হতে চাইলে লিংক👇
https://www.facebook.com/share/g/162HGWHqn7/ ]