ফন্ট সাইজ:
থিম:
নাম রেখেছি বনলতা

পর্ব 12

লেখক: নাজমুন নাহার

গল্প #নাম_রেখেছি_বনলতা
#পর্বঃ১২
#নাজমুন_নাহার

এমন করে কেটে গেলো আরও একটা মাস। ইরা আর আমার মধ্যে স্বাভাবিক দাম্পত্যের সংসার চলছে না এখনও। আমরা অনেকটা সামাজিক দায়বদ্ধতার সম্পর্কে আবদ্ধ হয়ে আছি। আগ বাড়িয়ে আমিও অধিকার খাটাতে যাচ্ছি না তার উপর। স্বামী হিসেবে সবটুকু দায়িত্ব পালন করা প্রয়োজন, সবটুকু করছি। ঘটছে না কাম্য কিছু । তবে ধীরে ধীরে ইরার আচরণ নরম হয়ে আসছে। এতদিন আগ বাড়িয়ে কথা বললেও গত এক সপ্তাহ ধরে অল্পবিস্তর সে নিজে থেকে সহজ হতে চাইছে। পুরোপুরি স্বাভাবিক না হলে-ও তার এই সুক্ষ পরিবর্তনটুকু ধরতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না।

আম্মা আর প্রিয়ু বাসায় নেই তিনদিন ধরে। কুমিল্লায় গিয়েছে। গ্রামে থাকবে আরও কিছুদিন। গতকাল থেকে আমার শরীরটাও ভালো যাচ্ছে না। জ্বর জ্বর লাগছে। আম্মাকে বলিনি। টেনশন করবে খামোখা। ইরা আর আমি একই বিছানায় ঘুমাই দু'দিন হয়। আমার শরীরের ঘটনা পরশু সন্ধা থেকে সে হয়তো আন্দাজ করতে পেরেছে কিছুটা। সেই ছুতোয় বিছানা এক হয়েছে। গতকাল মাঝরাতে জ্বরের তাড়নায় ঘুম ভাঙতেই হুট করে ইরাকে শিউরে বসে থাকতে দেখে অবাক হয়েছি। ইরা নির্বিকার। ছোট্ট একটা কাপড় ভিজিয়ে কিছুক্ষণ পরপর আমার কপালে ছোঁয়াচ্ছে সেটা। আমি শান্ত হয়ে চোখ বুজলাম। আগুন শরীরে কিছুটা স্বস্তি মিললো। ইরা ডাকল আমায়,

"শুনুন!"

মেয়েটা ঠিকই বুঝতে পেরেছে, আমি জেগে আছি।

"হু?"

"উঠে মাথাটা এদিকে ফিরাবেন? পানি ঢালব। আপনার গা জ্বরে পুড়ে যাচ্ছে। পানি না ঢাললে মাথায় রক্ত উঠে যাবে।"

আমি নিশ্চুপে মাথাটা সেখানে এলিয়ে দিলাম। ইরা দশ মিনিট ধরে নিরলস মাথায় পানি ঢালল। কী আরাম যে লাগছিল আমার! কিছুক্ষণ পর তোয়ালে ভিজিয়ে তার ছোট্ট ছোট্ট হাতগুলো আমার গা মুছিয়ে দিলো। ঔষধ খেয়ে পড়ে রইলাম আবার। ইরা কেমন আদর ঢেলে মাথায় হাত বুলিয়ে দিয়েছে! বাসায় আম্মা আর প্রিয়তা যে নেই, সেই শূন্যতা মেয়েটা আমাকে একরত্তিও উপলব্ধি করতে দিলো না! তার নীরব যত্নে বিভোর হয়ে পড়ে রইলাম। ধ্যানজ্ঞান নেই তুচ্ছ রোগশোকে। এতটুকু জ্বরে ইরার নৈকট্য আর গোপন আদর পাওয়ার সুযোগ মিললে, হোক না একটু জ্বর। খারাপ কী?

ইরা সারাটা রাত ঘুমায়নি। শেষ রাতে ওকে টেবিলে বসে খাতা-কলম ঘাটতে দেখেছি একটু। তারপর আর সজাগ থাকতে পারিনি। ক্লান্ত দেহের ভারে চোখ বুঁজে এলো আমার।

রাত জাগার দরুন ইরা অনেকটা সকাল পর্যন্ত ঘুমাল। আমি ডাকলাম না ওকে। জ্বরটা সকালে কিছুটা কম। উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম ছাঁদে। ফিরে এসে দু'জনের জন্য হাল্কা নাশতা বানালাম। অফিসের সময় হয়ে এসেছে বলে ভারী কিছু করলাম না। চারটা পরোটা ভেজে দু'টো ডিম বয়েল করে নিলাম। দু'জনের মাপ মতো চা করে নিলাম কিছুটা। খাবারগুলো নিয়ে ইরার মুখোমুখি হয়ে চেয়ার টেনে বসলাম। যে কাজটা আমি প্রায়শই করে থাকি। যতক্ষণ খাচ্ছি, ওকে দেখে যাই। জেগে থাকলে এমন মুগ্ধ হয়ে চেয়ে থাকার পরিস্থিতি নেই। ইরা বিব্রত হয়। সংকোচবোধ করে। আজকাল আবার সেসব সংকোচ ডিঙিয়ে কিঞ্চিৎ লাজুকলতার দিকে ঝুঁকেছে মেয়েটা। চোখাচোখি হলেই পালাই পালাই ছুটে আরক্ত হয়ে উঠে। লজ্জায় রাঙা হয় তার নরম গাল দু'টো। তা আড়াল করার ব্যর্থ প্রচেষ্টাও চালায় সে। হয় না। আমি ধরে ফেলি তো!

জানালার কাচ ভেদ করে একটুখানি নির্মল আলো ছুঁয়ে দিয়েছে ইরার কপাল-নাক-চোখের পাপড়ি। তার প্রশান্তির ঘুমে রোদ্দুর মশাইয়ের কিছুটা বাগড়া পড়তেই ইরা চোখ বন্ধ রাখা অবস্থাতেই অবুঝ শিশুর মত মৃদু ঠোঁট ভেঙে নড়েচড়ে উঠল। আমি ওই বেহেলাজ রোদটুকুকে আড়াল করে তাকে ছায়া দিয়ে বসলাম। নড়াচড়া বন্ধ হলো মেয়েটার। আবার পাড়ি জমাল গভীর ঘুমের রাজ্যে। শান্ত চোখে চেয়ে আরও কিছুক্ষণ দেখলাম ওকে। ইরার নাকটা একেবারে বার্বিডলদের মতো সরু,চিকন। হাত দিয়েই মেপে ফেলা যাবে এমন ছোট্ট একটা মুখ। শোয়ার ধরন জন্মলগ্ন শিশুর ন্যায়। গোলাপি ঠোঁটগুলো ঘুমের সময় বাচ্চাদের মতো উল্টে রাখে মেয়েটা। ঘুমন্ত অবস্থায় কী যে মায়াবী লাগে আমার ইরাকে! জ্বরটা এখন আরও কিছুটা কম। তবে অফিস মিস করা যাবে না। ঝটপট নাশতা সেরে অফিসের শার্টটা আয়রন করলাম। ইরার বালিশের নিচে কিছু টাকা রেখে দিলাম। দুপুরে কিছু একটা অর্ডার করে খেয়ে নিতে পারবে। কালো প্যান্টের সাথে সাদা শার্ট ইন করে পরেছি। গলায় টাই'টা বাঁধতে বাঁধতে টেবিলে আনমনে চোখ ঠেকল আমার। ইরার খয়েরী রঙের মোটা ডায়েরিটা পরম অবহেলায় পড়ে আছে সেখানে। হাতে নিলাম ওটা। প্রথম পৃষ্ঠায় গুটিগুটি অক্ষরে ডায়েরিটার নামও দিয়েছে সে। তার ডায়েরির নাম 'মন'। মনকে ইরা নিজের বন্ধু দাবী করছে সমস্ত লেখায়। প্রথম পৃষ্ঠায় ছোট্ট একটা বাক্যে লিখেছে:

"মনকে সঞ্চয় করলাম মনের কাছে।"

নিজের ডায়েরির এমন অদ্ভুত কিসিমের নাম দেওয়া কেবল তার পক্ষেই সম্ভব। প্রথম কয়েকটা পৃষ্ঠা উল্টে হকচকিয়ে গেলাম। ডায়েরির শব্দগুলো বলে দিচ্ছে, এই ডায়েরি কেবল একজনকে ঘিরেই সাজানো। সাদা কাগজের প্রতিটা পৃষ্ঠায় এক বিক্রমশীল পুরুষের স্মৃতিচারণ! পাতা উল্টাতে উল্টাতে আমি মিলিয়ে যাচ্ছি আরও বিস্মিত জগতে। পড়তে পড়তে কৌতুহলবসত প্রায় অর্ধেক ডায়েরি শেষ করে ফেলেছি। আমার ভাবনারা খেই হারালো। তার সমস্ত কথাদের তরে কেবল আমারই বিচরণ। কী আশ্চর্য! আঁড়চোখে ইরার পানে চাইলাম একপলক। ওর স্নিগ্ধ মুখে চেয়ে দীর্ঘশ্বাস ফেললাম। ইরা অঘোরে ঘুমাচ্ছে তখনও। এই মেয়েকে নিয়ে যত জানছি, ততই অবাক হচ্ছি। পুরোটা ডায়েরিতে ইরা কেবল আমাকে নিয়েই লিখেছে। এমন পাগলামি আদতেও কেউ করে? কীসের টানে এত ভালোবাসা আমার জন্য? মাঝেমধ্যে মনে হয়, এই মেয়েকে আমি জাদু করেছি। নয়তো এত প্রেম আসে কোথা থেকে তার? একটা পৃষ্ঠার উদাহরণ দেই। যেখানে গুটিগুটি অক্ষরে সে লিখেছে,

মন,

আমি আজ প্রেমে পড়েছি। প্রিয়ম স্যারকে তো চিনিস? তোকে এর আগেও উনার ব্যাপারে বলেছি। আমাকে দু’মাস যাবত পড়াচ্ছে। ভীষণ ভাব, বুঝলি? ওই ভাবওয়ালা স্যারের প্রেমে পড়েছি। যেনতেন প্রেম না,ভয়ংকর প্রেম। প্রেম ব্যাপারটা যে এত চমৎকার, আমি তা আগে উপলব্ধি করিনি। মানুষটার প্রতি আমার প্রেমের মাত্রা এতটাই প্রখর যে উনাকে একদিন না দেখতে পেলে মরে যেতে ইচ্ছে করছে। উনি যখন গভীর পুরুষালী স্বসে আমার সাথে কথা বলেন, ধমক দেন? আমার হৃদয়ে তোলপাড় শুরু হয়। কী মাতাল করা কন্ঠ, কী অপ্রতিরোধ্য শান্ত দৃষ্টি! আমি গেছি রে! হিটলার লোকটার প্রেমে পড়ে একেবারে যাচ্ছেতাই হাল। আমি বোধহয় খুব শীগ্রই এই লোকের কারণে বড়সড় একটা হার্টএ্যাটাক করে বসব। নয়তো খুব শীগ্রই উনাকে আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলব, দেখিস। একটা মানুষের জন্য অকারণেই এত টান লাগতে হবে কেন? কেন এই লোককে দেখলেই মোমের মতো গলে যেতে ইচ্ছে করবে? মৌমাছির মতো আমার কল্পনার সারাক্ষণ বিচরণ করে লোকটা। উনি আজ পড়াতে আসেনি। সেই হেতু ধরে আমার অসম্ভব মন খারাপ। কী যে পাগল পাগল লাগছে সন্ধা থেকে! এই লোক চব্বিশ ঘন্টা কেন আমার সামনে বসে থাকছে না,মন? রাগে, দুঃখে ছাঁদ থেকে লাফিয়ে পড়তে ইচ্ছে করছে। উফ! কী যন্ত্রণা!"

তার পরের পৃষ্ঠা থেকে ইরার এক তরফা প্রেমের সমস্ত অনুভূতি প্রকাশিত। প্রতিটা পৃষ্ঠা আমায় চমকে তুলছে। এমন কোনো পাতা নেই, যেখানে আমার নামটি সে ভুল করেও লিখেনি। মাঝখানের অনেক লেখা বাদ দিয়ে শেষের পৃষ্ঠাটায় চোখ বুলালাম। গতকাল রাতে লিখেছে। তারিখ তো সেটাই বলছে।

"বাবা,

আজকাল তোমার কথা আরও বেশি মনে পড়ছে,বাবা। এখন গভীর রাত। চোখে ঘুম নেই। উনার শরীরটাও ভালো নেই। জ্বরে গা পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। এই মানুষটাকে আমি আর অবহেলা করতে পারছি না, বাবা। এই পাষাণ মনের লোকটাকে তোমার মেয়ে কেন এত ভালোবাসে, বলতে পারো? উনার অসহায় মুখটার দিকে তাকালে আমার তাবত পৃথিবী হুড়মুড় করে ভেঙে আসে। আমার হৃদয়ের এই রক্তক্ষরণ হয়। সে কি আদতেও এসব টের পায়, বলো?

তোমার মৃত্যুর পর যে নগ্ন সত্যটা আমি জেনেছিলাম, সেটা কেন তুমি নিজ মুখে আমায় বলে গেলে না, বাবা? সেদিন মাহবুব ভাই স্বেচ্ছায় বিয়েটা ভাঙেনি, তাই না? তুমি অনুরোধ করেছো তাকে। স্যারকে তুমি নিজেও অনেক খুঁজেছো গোপনে। তুমিও তো চাইতে তোমার মেয়ে এই খারাপ লোকটাকে বিয়ে করুক। তাহলে আমার প্রতি কীসের এত নীরবতা ছিলো তোমার? বোনকে দুঃখ দিয়ে মেয়েকে মুক্ত করার দায়ে? আমিও তো কম দুঃখ পাইনি, বাবা। তোমার মৃত্যুর দায় আমাকেও কুড়েকুড়ে খাচ্ছে।

তুমি তোমার ডায়েরিতে লিখে গিয়েছিল, আমি যেনো সর্বদা নিজের মনের কথা শুনি। এমন আরও অনেক কথা বলে গিয়েছিলে, যা মানুষ তাদের শেষ সময়ে এসে বলতে চায়। নিজের মৃত্যুটা তুমি এত তাড়াতাড়ি কী করে আন্দাজ করতে পেরেছিলে, বলো তো? তুমি আরও বলেছিলে, মায়ের কথায় কখনও যেনো নিজের হৃদয়কে আমি আবারও না ভেঙে বসি৷ আমি তা-ই করেছি। উনাকে ফিরিয়ে দিতে স্বায় দেয়নি তোমার মেয়ের আবেগী মন। আমি আজ উনার স্ত্রী! তুমি খুশি তো, বাবা?"

লেখাটা পড়ে দশ মিনিট ইরার মুখের পানে চেয়ে নিঃশব্দে বাসা থেকে বের হয়ে এসেছিলাম। অফিসে পুরোটা সময় আমার মাথায় কেবল ওই লেখাগুলো নিয়েই চিন্তা চলছে৷ কিছুতেই হটাতে পারছি না এসব। মেয়েটা আমাকে নির্দোষ প্রমাণ করার কোনো সুযোগ হাতছাড়া করছে না। কী আছে আমার মাঝে?

লাঞ্চের সময় বাসা থেকে ফোন এলো। স্ক্রিনে ইরার নাম দেখে চমকালাম অনেকটা। বিয়ের পর ইরার সাথে ফোনে কথা হয় না আমার। ওর যা লাগে, প্রিয়তা বা আম্মার মাধ্যমেই বলে। এই প্রথম অফিসে থাকাকালীন ইরা ফোন করল।

"হ্যালো।"

কিছুক্ষণ চুপ থেকে সে বিরস মুখে উত্তর দিলো, "জ্বর নিয়ে অফিসে যাওয়ার মানে কি?"

অবাক হলাম কিছুটা। আমাকে আরও অবাক করে দিতে ইরা আরও গম্ভীর হয়ে প্রশ্ন ছুড়ল, "জ্বরের শরীর নিয়ে কিচেনেও ঢুকেছেন! আপনার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। আমাকে ডেকে দিলেন না কেন?"

ইরার স্বল্প যত্নে আমার ঠোঁটে ফুটে উঠল আনন্দের হাসি।

"জ্বর এখন কিছুটা কম। সমস্যা হয়নি। নিজের কাজ নিজে করতে আমার অসুবিধা হয় না। অভ্যেস আছে। তাছাড়া, রান্নাবান্নার কাজে এখনই ঢুকে কাজ নেই তোমার। আম্মার কাছ থেকে ধীরেসুস্থে সব দায়িত্ব পরে বুঝে নিবে। এখন বলো, সকালে খেয়েছিলে?"

ইরা জবাব না দিয়ে অভিমান করে বলল, "অসুবিধা না থাকলেও আপনি এসব করবেন না।"

এত আদর নিয়ে কথাটা বলল সে! হাসলাম। ছোট্ট করে বললাম, "ঠিক আছে। করবো না।"

"বাসায় ফিরছেন কখন?"

"কেন?"

ইরা সময় নিয়ে জবাব দিলো,"এমনি।"

"কিছু লাগবে? নাকি মন খারাপ?"

"উঁহু,কিছু লাগবে না। মনও ভালো। আপনি তাড়াতাড়ি আসবেন।"

বলেই ফট করে ফোন কেটে দিলো মেয়েটা। ঠোঁটে মুগ্ধ করা হাসি নিয়ে চেয়ে রইলাম ফোনের স্ক্রিনে। ইরা সত্যি একটা জাদুকরী মেয়ে। নিমিষেই কেমন মন ভালো করে দিলো মেয়েটা। এক মুহুর্তে আমার হৃদয়ে ছড়াল বসন্তের হাওয়ার মতো কোমল শীতলতা। এই প্রথম অনুভব করছি, আমি বিবাহিত। দায়বদ্ধতার বিয়ে নয়, সত্যিকার অর্থের বিয়ে। আমার একটা বউ আছে। বাসায় সে আমার জন্য অপেক্ষা করে। এই পর্যায়ে আমার মনটাও ছটফট করছে বাসার জন্য। পৃথিবীর সমস্ত ব্যস্ততা কাটিয়ে তুমুল ব্যাকুলতা নিয়ে সন্ধায় কড়া নাড়লাম ঘরের দরজায়। দরজা খুলেই ইরা স্বাভাবিক ভঙ্গিতে কপালে হাত রাখল। যেনো এটা সে প্রতিদিনই করে। আমি শান্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। একবার আমার মুখের দিকে চেয়ে ইরা হাতের প্যাকেটগুলো নিতে নিতে শুধাল, "লাঞ্চে কী খেয়েছেন?"

"ব্রেড,ডিম আর কফি।"

কপালে বিরক্তির ভাজ ফেলে তাকাল সে। ইরা শাড়ী পরেছে আজ। গিন্নিদের মতো পেছন থেকে আঁচল টেনে সামনে গুঁজেছে সেটা। সেভাবেই রান্নাঘরে ঢুকেছে। সংসারি রমণীর ন্যায় খাবার গরম দিতে দিতে স্বামীকে শাসালো, "নির্বোধ লোক! দুপুরে কেউ এসব খায়?"

আমি মাথা চুলকে হাসলাম। ফর্মাল পোশাক পরিবর্তন করে পরলাম সাদা গেঞ্জি আর কালো ট্রাউজার প্যান্ট। ইরা বিরিয়ানি রান্না করেছে। আমাকে দেখামাত্রই ব্যস্ত হয়ে খাবার বেড়ে দিতে লাগল। নিজেও বেড়ে নিলো কিছুটা। খেয়াল করলাম, ইরা ঠিকঠাক হাতে উঠাতে পারছে না খাবার। তার অস্বস্তি হচ্ছে। আমার বিচক্ষণ দৃষ্টি গিয়ে ঠেকল তার অনামিকায়। ওর আঙুলের অবস্থা দেখে আমার বুকটা ধক করে উঠল। ব্যস্ত হয়ে তার হাত টেনে উদ্বিগ্ন হয়ে বললাম, "দেখি? এ কী অবস্থা হাতের! এতখানি কেটে গেলো আর তুমি এখনও বাসায় বসে? আমাকে জানালে না কেন?"

ইরা সহজ গলায় বলল, "পেয়াজ কাটতে গিয়ে হয়েছে। বাদ দিন তো! অতটুকু কাঁটায় কিছু হবে না।"

আমি শীতল দৃষ্টিতে চাইলাম তার দিকে। ধমকের স্বরে বললাম, "চুপ! এত পাকামো করতে কে বলেছে?"

হাত ধুয়িয়ে নিজ হাতে ওকে খায়িয়ে দিলাম। আপাতত ডেটল লাগিয়ে আঙুলে ব্যান্ডেজ করে দিয়েছি। পুরোটা সময় ইরা শান্ত হয়ে আমার দিকে চেয়ে ছিলো। ব্যান্ডেজ করার সময় তার চোখ গড়িয়ে এক ফোঁটা অশ্রুকণাও কি পড়ল আমার হাতে? হয়তো!

ইরা ঘুমাচ্ছে না। বসে একদৃষ্টে চেয়ে আছে আমার দিকে। দৃষ্টি বিনিময় হতেই শুধালাম,"কী?"

ইরা ফট করে বলে বসল, "আপনি অনেক সুন্দর।"

বেশ কিছুক্ষণ ভ্রু বাঁকিয়ে চেয়ে থেকে নিঃশব্দে হেসে ফেললাম। ইরার মুখ থেকে এহেম প্রশংসা শুনে খানিক লজ্জাও পেলাম বোধহয়। গলা খাঁকারি দিয়ে বললাম, "ঘুমিয়ে পড়ো।"

ঘুমাইনি। দু'জনেই শুয়ে আছি উল্টো পিঠ হয়ে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের মনের সঙ্গে তাল মিলিয়ে প্রকৃতিও আজ ঝড় তুলেছে। অল্পবিস্তর ঠান্ডা পড়েছে। আমি আলমারি থেকে একটা কাঁথা নামিয়ে আনলাম। অর্ধেকটা নিজের গায়ে দিয়ে বাকিটা ওর গায়ে দিয়ে দিলাম। ইরা আমার দিকে মুখ ফিরিয়ে রেখেছে এবার। মুখের দিকে চেয়ে আছে নিষ্পলক। কিছুটা অস্বস্তিতে পড়লাম। জিজ্ঞেস করলাম,

"ঘুম আসছে না?"

ইরা নিঃশব্দে মাথা দোলালো। আমি কিছুটা কাছে গিয়ে ওর মাথায় হাত বুলাতে লাগলাম। মেয়েটা বোধহয় এমন কিছুর অপেক্ষাতেই ছিলো। আমি স্পষ্ট টের পাচ্ছি, প্রশ্রয় পেয়ে ইরা আমার বুকের মধ্যে মুখ গুঁজে দিচ্ছে ধীরে ধীরে। নাক টানার শব্দ হচ্ছে। কাঁদছে মেয়েটা। আমার বুক ভার হয়ে এলো। গভীর শ্বাস টেনে ওকে বুকে জড়িয়ে দীর্ঘক্ষণ। পিঠে হাত বুলিয়ে বললাম,

"স্যরি!"

ইরা ফুঁপিয়ে শব্দ করে কেঁদে উঠল। খামচে ধরল আমার সাদা রঙের গেঞ্জি। তার ধারালো নোখের খোঁচায় বুকে ব্যথা শুরু হলেও আমি শব্দ করলাম না। কাঁদতে দিলাম।

"আপনি খুব খারাপ!"

আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরলাম মেয়েটাকে। হাসলাম ইশৎ।

"এই খারাপ মানুষটাকে কি ক্ষমা করা যায় না? একটা সুযোগ....

কথাটা শেষ করার আগেই ইরা করে বসল এক অনাকাঙ্ক্ষিত কাজ। হুট করেই আমার ঠোঁটে চুমু খেয়ে বসল মেয়েটা৷ বিস্ময়ে আমি হতভম্ব। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ইরা তখনও কাঁদছে। কাঁদতে কাঁদতেই পরপর আরও তিনটা চুমু খেলো গালে, গলায়, কপালে। গালে হাত দিয়ে ড্যাবড্যাব করে চেয়ে রইলাম। তার চোখে-মুখে ক্ষোভ। রীতিমতো রাগ ঝাড়তে ঝাড়তে চুমু খাচ্ছে ইরা। এসব কী ধরনের রোমান্স? আমি ভ্যাবলার মতো চেয়ে থাকলাম। আমার পক্ষ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া না পেয়ে এবার কিশোরীদের মতো ঠোঁট ভেঙে আওয়াজ করে কেঁদে উঠল সে। বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে আহাজারি করতে লাগল,

"থাকব না আপনার বাসায়। আমি মরে যাব। আমাকে বিষ কিনে দিন। এক্ষুণি কিনে দিবেন। এক্ষুণি মানে, এক্ষুণি। নয়তো আপনাকে চিবিয়ে খেয়ে ফেলব আমি।"

আবদারের ধরন দেখো মেয়ের! ফোলা ফোলা চোখের দিকে চেয়ে শব্দ করে হেসে দিলাম। বিচক্ষণ, বিবেকবান আমি এই প্রথম নিজের বোধবুদ্ধি হারালাম। পরের ধাপ কি হওয়া উচিত? তীক্ষ্ণ চোখে তাকালাম ইরার আদুরে মুখের পানে। জনম জনমের তৃষ্ণা তার কাতর নয়ন জোড়ায়। অদ্ভুত কিছু লক্ষনীয়। মেয়েটার শরীর থেকে মাতাল করা নারীত্বের সুভাস ভেসে আসছে। গলার দিকটায় পড়েছে টানটান ভাজ। তার পক্ষ থেকে ইঙ্গিত পাচ্ছি অন্যরকম কিছুর। আমি কি ইরার নারীসুলভ আচরণের ভাষা পড়ে ফেললাম? ধরে ফেললাম তার নারী মনের কামনাটুকু? পিঠে থাকা আমার হাতটা এবার তার শাড়ীর ভাজে ভাজে নিজের অস্তিত্বের জানান দিতে আরম্ভ করলো। আর কোনো কালবিলম্ব নয়। না কোনো অযুহাত।

বৃষ্টির রিমঝিম শব্দের সাথে বাতাসের দাপট শোঁশোঁ করে ঘরে ঢুকছে। জানালা খোলা থাকার দরুন শীতের প্রকোপ বেড়েছে। সাথে উষ্ণ মিলনের উৎসবে মেতে উঠেছে দু'টো প্রাণ। দু'টো কপোত-কপোতীর হৃদয়ে চলছে তুমুল প্রেমানন্দলন। বিবেক, মস্তিষ্ক আজ কথা শুনছে না। ওরা হয়েছে অবাধ্য, বেহেলাজ।

অনেকটা সময় ধরে ইরার ওষ্ঠদ্বয়ের উপর সম্পূর্ণ রাজত্ব চালিয়ে আলগোছে মুখ ডুবিয়ে দিলাম ওর ঘাড়ে। প্রেয়সীর মুখের দিকে তাকানোর সময়ই যেনো নেই। সমস্ত ব্যস্ততা তার লালিত্য অঙ্গে। আমার এক হাত তার লতানো কোমরে। অন্য হাত পিঠে। অবাধ্য হাতগুলোও কোথায় কোথায় যেনো ছুট লাগাতে চাইছে। হিংস্র সিংহের মতো অশান্ত হয়ে উঠছে তাবত পুরুষমন। ঘনঘন শ্বাস পড়ছে ইরার। আমার শক্তপোক্ত বাহু তার ছোট্ট নারীদেহকে গ্রাস করতে ব্যস্ত তখনও। ছাড়াছাড়ির সুযোগ নেই একরত্তিও। আমার শান্ত মন হয়ে উঠল এক পাগলা বন্য ঘোড়া। আরক্ত, লাজুক ইরা ধ্বংসযজ্ঞের এক পর্যায়ে মৃদু গুঙিয়ে উঠল। পরোয়া করার নমনীয়তা খুয়িয়ে বসলাম! অনেকটা সময় পর সে ছাড়া পেলো। ঝড়ের পর শান্ত হয় যেমন প্রকৃতি, তেমন নীরবতা। শেষ নিঃশ্বাসটুকু ইরার উষ্ণ ঘাড়ে ছড়িয়ে হিসহিসে আওয়াজে তার কানের কাছে মুখ ডুবিয়ে বললাম,

"একটা ভদ্র ছেলেকে এক রাতেই নষ্ট করে ফেললে তুমি। আমার যে আর সভ্য হওয়ার সুযোগ নেই, মেয়ে!"

[রিচেক দেওয়াটা সবচেয়ে যন্ত্রণার কাজ। আজকেও রিচেক দেইনি।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন